সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭
বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬
08 Jul 2025, 10:30 PM
৯৯ রানে হারল বাংলাদেশ
২৮৬ রানের বড় লক্ষ্যে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারল না বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮৬ রানে গুটিয়ে গেল সফরকারীরা। তানভির ইসলামকে আউট করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
৯৯ রানের অনায়াস জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। এ নিয়ে টানা ৮টি ওয়ানডে সিরিজ জিতল তারা।
রান তাড়ায় বাংলাদেশের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ত্রিশ ছুঁতে পেরেছেন শুধু তাওহিদ হৃদয়। ৫১ রান করতে তিনি খেলেছেন ৭৮ বল।
এছাড়া ভালো শুরু করেও পারভেজ হোসেন ২৮, মেহেদী হাসান মিরাজ ২৮ রান করে ফিরে গেলে দলের কোনো ফায়দা হয়নি। শেষ দিকে ২৭ রান করেন জাকের আলি।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দুই পেসার দুশমান্থ চামিরা ও আসিথা ফার্নান্দো। পুরো ইনিংসেই পায়ের চোট নিয়ে বোলিং করেও হাসারাঙ্গার শিকার ২ উইকেট। বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগের শিকারও ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫, মাদুশকা ১, কুসাল ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮, লিয়ানাগে ১২, ওয়েলালাগে ৬, হাসারাঙ্গা ১৮, চামিরা ১০; তাসকিন ১০-০-৫১-২, তানজিম ৬-০-৪১-২, তানভির ১০-০-৬১-১, মুস্তাফিজ ১০-০-৫২-০, মিরাজ ১০-০-৪৮-২, শামীম ৪-০-৩০-১)
বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬ (পারভেজ ২৮, তানজিদ ১৭, শান্ত ০, হৃদয় ৫১, মিরাজ ২৮, শামীম ১২, জাকের ২৭, তানজিম ৫, তাসকিন ১, তানভির ৮, মুস্তাফিজ ০*; আসিথা ৭-০-৩৩-৩, চামিরা ৮-১-৫১-৩, থিকশানা ৬-১-১৮-০, ওয়েলালাগে ৮-০-৩৩-২, হাসারাঙ্গা ৮.৪-১-৩৫-২, কামিন্দু ২-০-১৪-০)
08 Jul 2025, 10:26 PM
জাকেরকেও বোল্ড করলেন আসিথা
সঙ্গীদের হারিয়ে বেশিক্ষণ একা এগোতে পারলেন না জাকের আলি। আসিথা ফার্নান্দোর বলে বড় শট খেলতে গিয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটসম্যান।
আসিথার এক বল আগেই ছক্কা মারেন জাকের। আবারও একই শটের পুনরাবৃত্তি করতে গিয়ে স্টাম্প এলোমেলো হতে দেখেন কিপার-ব্যাটসম্যান। ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ২৭ রান করে ফেরেন তিনি।
ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৮২ রান।
08 Jul 2025, 10:11 PM
আসিথার স্লোয়ারে বোল্ড তাসকিন
বেশিক্ষণ টিকতে পারলেন না তাসকিন আহমেদ। আসিথা ফার্নান্দোর স্টাম্পের ওপর করা স্লোয়ার ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হলেন ৯ নম্বরে নামা ব্যাটসম্যান।
১ রান করা তাসকিনের বিদায়ে বড় পরাজয়ের আরেকটু কাছে পৌঁছে গেল বাংলাদেশ।
৩৬.৪ ওভারে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ১৭১ রান। প্রায় অসম্ভব এক জয়ের জন্য ৮০ বলে প্রয়োজন ১১৫ রান।
জাকের আলির সঙ্গী হতে ক্রিজে তানভির ইসলাম।
08 Jul 2025, 10:03 PM
চামিরার তৃতীয় শিকার তানজিম
আগের ম্যাচে ক্যামিও ইনিংস খেলে শেষ দিকে দলের রান বাড়িয়েছিলেন তানজিম হাসান। তবে এবার চরম প্রয়োজনের সময় পারলেন না পেস বোলিং অলরাউন্ডার।
দুশমান্থ চামিরার অফ স্টাম্পের বাইরের বল থার্ড ম্যানে খেলার চেষ্টায় খোঁচা মেরে কট বিহাইন্ড হলেন ৮ বলে ৫ রান করা তানজিম।
ক্রিজে নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। ২০ বলে ১৪ রানে খেলছেন জাকের আলি।
৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৬৫ রান।
08 Jul 2025, 09:49 PM
পঞ্চাশ করেই হৃদয়ের বিদায়
ফিফটির অপেক্ষাই যেন করছিলেন তাওহিদ হৃদয়। পঞ্চাশ ছুঁয়ে পরের ওভারেই তিনি ধরলেন ড্রেসিং রুমের পথ। দুশমান্থ চামিরার ভেতরে ঢোকা ডেলিভারির জবাব দিতে পারেননি মিডল-অর্ডার ব্যাটসম্যান।
আগের ম্যাচের মতো এবারও ৫১ রান করেছেন হৃদয়। ৭৮ বলে ৩ চারের সঙ্গে মেরেছেন একটি ছক্কা।
হৃদয়ের বিদায়ে এখন আর স্বীকৃত ব্যাটসম্যানদের জুটি বাকি রইল না বাংলাদেশের। তাই জয়ের পথ আরও কঠিন হয়ে গেল তাদের।
আট নম্বরে নামলেন তানজিম হাসান। জাকের আলির সঙ্গে জুটি বাধবেন তিনি।
৩২.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান।
08 Jul 2025, 09:45 PM
হৃদয়ের ফিফটি
অন্যদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে এগিয়ে চলেছেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচের মতো এবারও খেলেছেন পঞ্চাশছোঁয়া ইনিংস।
৭৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের নবম ফিফটি পূর্ণ করেছেন হৃদয়।
৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান। জয়ের জন্য বাকি ১৮ ওভারে করতে হবে আরও ১৩৩ রান।
হৃদয় ৭৬ বলে ৫১ ও জাকের আলি ১৩ বলে ১০ রানে অপরাজিত।
08 Jul 2025, 09:31 PM
টিকলেন না শামীম
ইতিবাচক শুরুর আভাস দিয়েও বেশিক্ষণ টিকতে পারলেন না শামীম হোসেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে স্টাম্পড হয়ে ড্রেসিং রুমে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান।
হাসারাঙ্গার চমৎকার স্লাইডার ডেলিভারিতে সামনের পায়ে খেলার চেষ্টায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যান শামীম। বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় উইকেটের পেছনে।
স্টাম্প এলোমেলো করতে সময় নেননি কুসাল মেন্ডিস। তবে বেলস পড়ার সময় বল তার গ্লাভসে ছিল কিনা, তা নিয়ে সংশয়। বেশ কয়েকবার রিপ্লে দেখে নিশ্চিত হয়ে আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।
১৮ বলে ১২ রান করে ফেরেন শামীম হোসেন। ওভারের বাকি পাঁচ বল ডট খেলেন নতুন ব্যাটসম্যান জাকের আলি।
২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান। জয়ের জন্য বাকি ২২ ওভারে করতে হবে আরও ১৬২ রান।
৬০ বলে ৩৩ রানে অপরাজিত তাওহিদ হৃদয়।
08 Jul 2025, 09:19 PM
দ্বিতীয় রিভিউও হারাল শ্রীলঙ্কা
২৫ ওভার হওয়ার আগেই নিজেদের সব রিভিউ হারিয়ে ফেলল শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে শামীম হোসেনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেয় শ্রীলঙ্কা।
রিপ্লেতে দেখা যায়, শামীমের ব্যাট ছুঁয়ে গেছে বল। তাই বৃথা যায় স্বাগতিকদের রিভিউ।
এই দফায় বেঁচে গেলেও বড় লক্ষ্যে ইনিংসের মাঝপথে ভালো অবস্থায় নেই বাংলাদেশ।
২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২১ রান। বাকি ২৫ ওভারে প্রয়োজন আরও ১৬৫ রান।
শামীম ১২ বলে ১১ ও তাওহিদ হৃদয় ৫৩ বলে ৩১ রানে অপরাজিত।
08 Jul 2025, 09:03 PM
ছক্কার খোঁজে মিরাজের অক্কা
দ্রুত রান তোলার চেষ্টায় উইকেট বিলিয়ে এলেন মেহেদী হাসান মিরাজ। দুনিথ ওয়েলালাগের বলে ক্রিজ ছেড়ে ছক্কার খোঁজে লং অফে ধরা পড়লেন বাংলাদেশ অধিনায়ক।
৪ চার ও ১ ছক্কায় ২৫ বলে ২৮ রান করে ফিরলেন মিরাজ।
ক্রিজে নতুন ব্যাটসম্যান শামীম হোসেন। ৪১ বলে ২৬ রানে অপরাজিত তাওহিদ হৃদয়।
২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। জয়ের জন্য প্রয়োজন ২৯ ওভারে ১৮১ রান।
08 Jul 2025, 08:57 PM
২০ ওভারে বাংলাদেশের একশ
দুশমান্থ চামিরার শর্ট বল চমৎকার পুল শটে ছক্কা মারলেন মেহেদী হাসান মিরাজ। ২০তম ওভারে একশ পূর্ণ করে ফেলল বাংলাদেশ।
২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০২ রান।
প্রথম পাওয়ার প্লের পর কিছুটা ঝিমিয়ে এসেছিল বাংলাদেশের রানের গতি। ১১ থেকে ১৫ ওভার পর্যন্ত ১ উইকেট হারিয়ে মাত্র ১১ রান করতে পেরেছিল।
সেখান থেকে পাল্টা আক্রমণের পথ ধরেছেন মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজন মিলে এরই মধ্যে চতুর্থ উইকেট জুটিতে ৩৯ বলে যোগ করেছেন ৪০ রান।
মিরাজ ২৩ বলে ২৭ ও হৃদয় ৩৭ বলে ২৪ রানে অপরাজিত।
08 Jul 2025, 08:38 PM
ছক্কার চেষ্টায় অক্কা পারভেজ
স্পিনাররা আক্রমণে আসার পর রানের পথ কঠিন হয়ে গেছে। একের পর এক ডট বল খেলায় চাপ অনুভব করছিলেন পারভেজ হোসেন। ছক্কায় সেটা সরিয়ে নিতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। তাতে সফল হননি, ফিরে গেলেন সীমানায় ক্যাচ দিয়ে।
বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগের স্লগ সুইপে ঠিকঠাক টাইমিং করতে পারেননি পারভেজ। কিছুটা দৌড়ে ক্যাচ নেন ভিশ্ব ফার্নান্দো।
১৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
08 Jul 2025, 08:22 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৫/২
উড়ান্ত শুরুর আভাস দিয়েও ২০ ছোঁয়ার আগেই ফেরেন তানজিদ হাসান। নাজমুল হোসেন শান্ত বিদায় নেন শূন্য রানেই। তাদের বিদায়ের পর দলকে টানছেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫। সিরিজে পাওয়ার প্লেতে এটাই সফরকারীদের সর্বনিম্ন।
৩৩ বলে চারটি চারে ২৬ রানে খেলছেন পারভেজ। ১১ বলে এক চারে ৭ রানে ব্যাট করছেন হৃদয়।
দ্রুত ২ উইকেট পতনের পর শুরুতে বেশ সাবধানী ছিলেন দুই ব্যাটসম্যান। তাদের জুটিতে প্রথম তিনটি বাউন্ডারি আসে ব্যাটের কানায় লেগে। এরপর অবশ্য সাবলীল ব্যাট করছেন দুই ব্যাটসম্যান।
08 Jul 2025, 07:56 PM
টিকলেন না শান্ত
শূন্য রানে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। দুশমান্থা চামিরার বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন তিনি।
অফ স্টাম্পের একটু বাইরে পরে ভেতরে ঢোকা বল পুশ করতে চেয়েছিলেন শান্ত। বলের লাইনে যেতে পারেননি, গতির কাছেও পরাস্ত হন তিনি।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২০। ক্রিজে পারভেজ হোসেনে সঙ্গী তাওহিদ হৃদয়।
08 Jul 2025, 07:50 PM
শুরুতেই ফিরলেন তানজিদ
তিন চারে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারলেন না তানজিদ হাসান। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি এই ওপেনার।
আগের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কা। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। পরের বলও স্টাম্পের বাইরেই ছিল। ফ্লিক করার চেষ্টায় সফল হননি তানজিদ, প্যাডের লেগে বল যায় স্টাম্পে।
১৩ বলে তিন চারে ১৭ রান করেন তানজিদ।
৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
08 Jul 2025, 07:05 PM
২৮৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
টস জিতে আগে ব্যাটিং নিয়ে চারিথ আসালাঙ্কা বলেছিলেন ২৮০ রানের বেশি করতে চান তারা। আরও বড় সংগ্রহের ভিত পেলেও, শেষ পর্যন্ত ২৮০ রানের চেয়ে বেশি দূর যেতে পারেনি লঙ্কানরা।
৭ উইকেট হারিয়ে ২৮৫ রানে থামল স্বাগতিকদের ইনিংস। সিরিজ জিততে মোটামুটি কঠিন লক্ষ্যই পেল বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮৫ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের নজির আছে মাত্র তিনটি।
কুসাল মেন্ডিসের সেঞ্চুরি ও আসালাঙ্কার ফিফটিতে এক পর্যায়ে ৪০ ওভারে ৩ উইকেটে ২২২ রান করে ফেলেছিল শ্রীলঙ্কা। তবে শেষ ১০ ওভারে তাদেরকে ৬৩ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা।
ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ১২৪ রানের ইনিংস খেলেন কুসাল। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ১২৪ রানের জুটি। এছাড়া পাথুম নিসাঙ্কা করেন ৩৫ রান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের মতো এদিনও উইকেটশূন্য থাকেন মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫, মাদুশকা ১, কুসাল ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮, লিয়ানাগে ১২, ওয়েলালাগে ৬, হাসারাঙ্গা ১৮*, চামিরা ১০*; তাসকিন ১০-০-৫১-২, তানজিম ৬-০-৪১-২, তানভির ১০-০-৬১-১, মুস্তাফিজ ১০-০-৫২-০, মিরাজ ১০-০-৪৮-২, শামীম ৪-০-৩০-১)
08 Jul 2025, 06:44 PM
তাসকিনের দ্বিতীয় শিকার ওয়েলালাগে
শেষ দিকে এসে খেই হারাচ্ছে শ্রীলঙ্কা। পরপর তিন ওভারে ড্রেসিং রুমে ফিরে গেছেন তিন স্বাগতিক ব্যাটসম্যান।
তাসকিন আহমেদের বলে অফ সাইডে উড়িয়ে মারার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন দুনিথ ওয়েলালাগে। কিন্তু বল উঠে যায় ওপরে। কাভার থেকে কিছুটা ডানে সরে দারুণ ক্যাচ নেন শামীম হোসেন।
৬ রানে ফেরেন ওয়েলালাগে। ক্রিজে দুই ব্যাটসম্যান দুশমান্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
৪৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৫৯ রান।
08 Jul 2025, 06:44 PM
কুসালকে ফেরালেন শামীম
পরপর দুই ওভারে দুই উইকেট পেল বাংলাদেশ। শেষ দিকে এসে সাফল্যের দেখা পেলেন শামীম হোসেন। জানিথ লিয়ানাগের পর ড্রেসিং রুমের পথ ধরলেন সেঞ্চুরি করা কুসাল মেন্ডিস।
খানিক ভিন্ন গ্রিপে অফ স্পিনের একশনেই লেগ স্পিনের মতো করেন শামীম। লং হপ বলটি পুল করতে গিয়ে উল্টো ব্যাটের ওপরের কানায় লাগে কুসালের। পেছন দিকে গিয়ে দারুণ ক্যাচ নেন শামীম।
১৮ চারে ১১৪ বলে ১২৪ রান করেন কুসাল।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান দুনিথ ওয়েলালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
৪৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৫৬ রান।
08 Jul 2025, 06:33 PM
হিট উইকেট লিয়ানাগে
ভাগ্যের সহায়তায় জানিথ লিয়ানাগের উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বাইরের লেংথ বল অন সাইডে খেলে রানের জন্য ছুটতে গিয়ে স্টাম্প এলোমেলো করলেন লিয়ানাগে।
হিট উইকেট হয়ে ফিরলেন আগের ম্যাচে চমৎকার ইনিংস খেলা অলরাউন্ডার। ১৭ বলে এবার করলেন ১২ রান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হিট উইকেট হওয়া সপ্তম ব্যাটসম্যান লিয়ানাগে। এছাড়া এই সংস্করণে হিট উইকেট হওয়া শ্রীলঙ্কারও সপ্তম ব্যাটসম্যান তিনি।
08 Jul 2025, 06:12 PM
জুটি ভাঙলেন তাসকিন
ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কার বিরুদ্ধে এলবিডব্লিউর জোরাল আবেদন করলেন তাসকিন আহমেদ। তবে সাড়া দিলেন না আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। কারণ রিপ্লেতে দেখা যায়, ব্যাটের ভেতরের কানায় লেগেছে বল।
তবে এক বল পর ফুল টসের মিড উইকেটের ওপর দিয়ে বড় শটের খোঁজে হাওয়ায় ভাসিয়ে দেন আসালাঙ্কা। সহজ ক্যাচ নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬৮ বলে ৯ চারে ৫৮ রান করে ফেরেন লঙ্কা অধিনায়ক।
তার বিদায়ে ভাঙে কুসাল মেন্ডিসের সঙ্গে তার ১২৪ রানের চতুর্থ উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান জানিথ লিয়ানাগে। সেঞ্চুরি ছুঁয়ে ১১১ রানে খেলছেন কুসাল।
৪১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২২৫ রান।
08 Jul 2025, 05:56 PM
কুসালের সেঞ্চুরি
মেহেদী হাসান মিরাজের বলে সুইপ করে মারা বাউন্ডারিতে ৯৯ রানে পৌঁছে গেলেন কুসাল মেন্ডিস। পরে সেঞ্চুরির জন্য একদমই অপেক্ষা করলেন না তিনি। পরের বলেই এক রান নিয়ে পৌঁছে গেলেন জাদুকরী তিন অঙ্কে।
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করতে ৯৫ বলে ১৬টি চার মারেন কুসাল। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
কুসালের সঙ্গে চারিথ আসালাঙ্কার শতকছোঁয়া জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে শ্রীলঙ্কা। ৩৮ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান।
08 Jul 2025, 05:55 PM
আসালাঙ্কার পঞ্চাশ, জুটির একশ
দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছেন চারিথ আসালাঙ্কা ও কুসাল মেন্ডিস। দুজনের চতুর্থ উইকেট জুটিতে এরই মধ্যে এসেছে শতরান। কুসালের পর ফিফটি করেছেন আসালাঙ্কাও।
৬০ বলে ৮ চারে মাইলফলক স্পর্শ করেছেন লঙ্কান অধিনায়ক। তার পঞ্চাশতম রানেই ৩৮তম ওভারে দুইশ পূর্ণ হয় শ্রীলঙ্কার।
08 Jul 2025, 05:32 PM
আসালাঙ্কা-কুসাল জুটির পঞ্চাশ
ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে আসা শামীম হোসেনের ওপর চড়াও হলেন চারিথ আসালাঙ্কা। ওভারের তৃতীয় বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড উইকেট দাঁড়িয়ে বাউন্ডারি মারলেন শ্রীলঙ্কা অধিনায়ক। একইসঙ্গে পূর্ণ করলেন কুসাল মেন্ডিসের সঙ্গে জুটির পঞ্চাশ রান।
পরের বলে আরেকটি চার মেরে শামীমের হতাশা বাড়ান আসালাঙ্কা।
৩১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। আসালাঙ্কা ৩৮ বলে ৩৫ ও কুসাল ৭৫ বলে ৬৬ রানে অপরাজিত।
08 Jul 2025, 05:05 PM
মাঝপথে ৩ উইকেটে ১২০
টস জিতে ২৮০ রানের লক্ষ্য নিয়ে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সেই অভিযানে প্রথম ২৫ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১২০ রান। ফিফটি ছুঁয়ে ৫৬ রানে অপরাজিত কুসাল মেন্ডিস। অধিনায়ক চারিথ আসালাঙ্কার সংগ্রহ ৯ রান।
মাঝপথ পর্যন্ত বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান, তানভির ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। সাফল্য না পেলেও ৪ ওভারে মুস্তাফিজুর রহমানের খরচ মাত্র ১১ রান।
08 Jul 2025, 04:51 PM
কুসালের ফিফটি
আগের ম্যাচে ঝড় তোলা কুসাল মেন্ডিস এবার খেলছেন দায়িত্বশীল ইনিংস। আগের দিনের মত এবারও পেয়েছেন ফিফটির দেখা।
৫৮ বলে ৭ চারে ক্যারিয়ারের ৩৫তম পঞ্চাশ পূর্ণ করেন শ্রীলঙ্কার কিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে এটি তার ষষ্ঠ ফিফটি।
08 Jul 2025, 04:40 PM
কামিন্দুকে ফেরালেন মিরাজ
মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরে শর্ট বলে পয়েন্ট দিয়ে চার মারলেন কামিন্দু মেন্ডিস। ২১তম ওভারে একশ পূর্ণ করে ফেলল শ্রীলঙ্কা।
ওভারের শেষ বলটি স্টাম্পের জোরের ওপর শর্ট ডেলিভারি করলেন মিরাজ। এবার পুল করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না কামিন্দু। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। সাড়া দিতে সময় নেননি আম্পায়ার।
কিছুক্ষণ ভেবে রিভিউ না নিয়েই ড্রেসিং রুমের পথ ধরেন ২০ বলে ১৬ রান করা কামিন্দু।
ক্রিজে নতুন ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। ফিফটির দুয়ারে দাঁড়িয়ে কুসাল মেন্ডিস।
২১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।
08 Jul 2025, 04:08 PM
জুটি ভাঙলেন তানভির
আগের ম্যাচে দারুণ বোলিং করা তানভির ইসলাম এবার পঞ্চম ওভারে পেয়ে গেলেন প্রথম সাফল্য। স্টাম্পের ওপর করা বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন পাথুম নিসাঙ্কা।
উইকেটে থিতু হয়েও ৩৫ রানে ফিরে গেলেন লঙ্কান ওপেনার। ৪৭ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। নিসাঙ্কার বিদায়ে ভাঙল ৫৬ রানের দ্বিতীয় উইকেট জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। ৩৫ বলে ৩২ রানে খেলছেন কুসাল মেন্ডিস।
১৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান।
08 Jul 2025, 04:03 PM
নিসাঙ্কা-কুসাল জুটির পঞ্চাশ
শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন কুসাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। দুজন মিলে এরই মধ্যে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি, ৫৮ বলে।
রান রেটে কিছুটা অবশ্য বাধ দিতে পেরেছে বাংলাদেশ। পাওয়ার প্লের পর ৪ ওভারে আর ১৫ রান করতে পেরেছে লঙ্কানরা।
১৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৬৬ রান। কুসাল ৩৪ বলে ৩১ ও নিসাঙ্কা ৪৪ বলে ৩৩ রানে অপরাজিত।
08 Jul 2025, 03:47 PM
পাওয়ার প্লেতে ১ উইকেট
শুরুর ধাক্কা সামলে ভালো শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ার প্লেতে নিশান মাদুশকার পর আর উইকেট হারায়নি স্বাগতিকরা।
১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। কুসাল মেন্ডিস ২৬ বলে ২৫ ও পাথুম নিসাঙ্কা ২৮ বলে ২৪ রানে অপরাজিত।
চতুর্থ ওভারে মাদুশকাকে স্লিপে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন তানজিম হাসান। তবে এরপর পাল্টা আক্রমণে চাপ সরান কুসাল। অন্য প্রান্তে নিসাঙ্কাও করছেন দায়িত্বশীল ব্যাটিং
08 Jul 2025, 03:25 PM
শুরুতেই তানজিমের আঘাত
শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে বড় হতে দিলেন না তানজিম হাসান। চতুর্থ ওভারে তিনি ফিরিয়ে দিলেন নিশান মাদুশকাকে।
তাসকিন আহমেদের আগের ওভারে পাঁচ বল খেলে এক রান নেন মাদুশকা। পরের ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন তিনি।
অফ স্টাম্পের বাইরে তানজিমের একটু বাড়তি বাউন্স করা ডেলিভারি মাঝ ব্যাটে খেলতে পারেননি মাদুশকা। ব্যাটের শোল্ডারে লেগে ক্যাচ যায় নাজমুল হোসেন শান্তর হাতে।
৩.১ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১৩। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী কুসাল মেন্ডিস।
08 Jul 2025, 02:42 PM
অপরিবর্তিত শ্রীলঙ্কার একাদশ
দ্বিতীয় ম্যাচ হারলেও নিজেদের কম্বিনেশন বদলায়নি শ্রীলঙ্কা। আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে স্বাগতিকরা। দুই পেসার দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দোর সঙ্গে স্পিনে থাকছেন দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা
এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন স্পিনিং অলরাউন্ডার চারিথ আসালাঙ্কা ও পেস বোলিং অলরাউন্ডার জানিথ লিয়ানাগে।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।
08 Jul 2025, 02:40 PM
হাসানের পরিবর্তে তাসকিন
সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ একাদশে পরিবর্তন একটি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আগের ম্যাচে বিশ্রাম পাওয়া তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন হাসান মাহমুদ।
চোট শঙ্কা কাটিয়ে খেলছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তাই ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিয়ে ওয়ানডে দলে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মোহাম্মদ নাঈম শেখের অপেক্ষা বাড়ল।
ফলে দ্বিতীয় ওয়ানডের মতোই তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। এছাড়া দলের প্রয়োজন শামীম হোসেনকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।
08 Jul 2025, 02:35 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডের মতো আবারও টস হারলেন মেহেদী হাসান মিরাজ। কয়েনভাগ্য নিজের পক্ষে পেয়ে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন চারিথ আসালাঙ্কা।
সিরিজের প্রথম দুই ম্যাচেও টস জেতা দল আগে ব্যাটিং করেছে, শেষ পর্যন্ত ম্যাচও জিতেছে।
তবে পাল্লেকেলেতে অবশ্য আগে ব্যাট করে জয়ের রেকর্ড কম। এই মাঠে এখন পর্যন্ত ফল আসা ৪২ ম্যাচের ২৫টিই জিতেছে পরে ব্যাট করা দল।
08 Jul 2025, 02:09 PM
সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ
প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের গ্লানি ভুলে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ কামব্যাকের পর এবার শ্রীলঙ্কার মাঠে প্রথম সিরিজ জয়ের সুযোগ মেহেদী হাসান মিরাজের দলের সামনে।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায়। তবে আবহাওয়ার পূর্বাভাসে আছে ভারী বৃষ্টির শঙ্কা।
এর আগে ২০১৩ ও ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে একটি করে ম্যাচ জেতে বাংলাদেশ। সেই দুই দফায়ই বৃষ্টিতে পণ্ড হয় একটি করে ম্যাচ। দুই দলের ১-১ সমতায় শেষ হয় সিরিজ।
প্রকৃতির চোখরাঙানি এড়িয়েই এবার সিরিজ জয়ের অভিযানে নামতে হবে দুই দলের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত স্রেফ একবার প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ জিতে ট্রফি নিজেদের করেছিল তারা।
সিরিজ জিততে হলে এবার প্রায় দশ বছর আগের সেই সুখস্মৃতি ফেরাতে হবে বাংলাদেশের।
