02 Aug 2022, 07:31 PM
১৫ থেকে ১৮, এই চার ওভারে ৭০ রান দেন বাংলাদেশের বোলাররা। শেষের সেই বিস্ফোরক ব্যাটিংয়েই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় জিম্বাবুয়ে। অবশ্য এরপরও লক্ষ্যটা ছিল নাগালেই। কিন্তু জয়ের তাড়না সেভাবে দেখাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। হতাশার আরেকটি ব্যাটিং প্রদর্শনীতে শেষ পর্যন্ত হেরেই গেল বাংলাদেশ।
02 Aug 2022, 04:38 PM
সিরিজ জয়ের অভিযান বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে অনায়াস জয়ের পর বাংলাদেশের সামনে এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। একই সঙ্গে কয়েক জন খেলোয়াড়ের সামনে সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার বিকাল পাঁচটায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।
রান উৎসবের প্রথম ম্যাচেই হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানান, এই পিচে বাংলাদেশের বোলিং কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটা দেখতে তিনি উন্মুখ।
প্রথম ম্যাচে দুইশ ছাড়ানো রান তাড়ায় আশা জাগিয়েও পেরে উঠেনি বাংলাদেশ। পরের ম্যাচে মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৩৫ রানে থামিয়ে ৭ উইকেটে জেতে নুরুল হাসান সোহানের দল।
সেই ম্যাচেই আঙুলে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন অধিনায়ক ও কিপার-ব্যাটসম্যান সোহান। তার জায়গায় প্রথমবারের মতো কোনো সংস্করণে দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক।
02 Aug 2022, 04:43 PM
টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
সিরিজে টানা তৃতীয়বারের মতো টস জিতলেন ক্রেইগ আরভিন। আগের দুই ম্যাচের মতো এবারও ব্যাটিং নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। টস হেরে রান তাড়ায় আপত্তি নেই এই ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়া মোসাদ্দেক হোসেনের।
02 Aug 2022, 04:49 PM
পারভেজের অভিষেক, ফিরলেন মাহমুদউল্লাহ-নাসুম
একটি পরিবর্তন অনিবার্য ছিল। হলো তিনটি পরিবর্তন। চোট পেয়ে ছিটকে যাওয়া নুরুল হাসান সোহানের জায়গায় ডাক পাওয়া্ মাহমুদউল্লাহ জায়গা পেলেন একাদশেও। চলতি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানকে। যা টিকল কেবল দুই ম্যাচ।
স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
আগের দুই ম্যাচে তেমন কিছু করতে না পারা মুনিম শাহরিয়ার জায়গা হারিয়েছেন দলে। অভিষেক হচ্ছে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি ওপেনার পারভেজ হোসেনের।
বাংলাদেশ দল: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন, এনামুল হক, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান।
02 Aug 2022, 04:55 PM
৩ পরিবর্তন জিম্বাবুয়ে দলে
দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে যাওয়ার পর একাদশে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। অভিষেক হচ্ছে লেগ স্পিনার জন মাসারার। একাদশে ফিরছেন পেসার ভিক্টর নিয়াউচি ও পেস বোলিং অলরাউন্ডার. ব্র্যাড ইভান্স।
বাদ পড়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও টানাকা চিভাঙ্গা।
জিম্বাবুয়ে দল: রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, জন মাসারা, লুক জঙ্গুয়ে, ভিক্টর নিয়াউচি, ব্র্যাড ইভান্স।
02 Aug 2022, 05:18 PM
এসেই শুরুর জুটি ভাঙলেন নাসুম
প্রথম বলে বলে মুস্তাফিজুর রহমানকে চার মেরে শুরু করেন ওয়েসলি মাধেভেরে। পরের ওভারে মেহেদি হাসানকে ছক্কায় ওড়ান ক্রেইগ আরভিন। আগের ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেনের ওভার থেকে দুই ওপেনার নেন ১৫ রান। জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেওয়া এই জুটি ভাঙলেন নাসুম আহমেদ।
একাদশে ফেরা বাঁহাতি স্পিনার চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ধরেন শিকার। তাকে কাভারের উপর দিয়ে খেলার চেষ্টায় আফিফ হোসেনের হাতে ধরা পড়েন রেজিস চাকাভা। ভাঙেন ২৯ রানের জুটি।
১০ বলে দুই চার ও এক ছক্কায় চাকাভা করেন ১৭।
৪ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৩৫। ক্রিজে ক্রেইগ আরভিনের সঙ্গী ওয়েসলি মাধেভেরে।
02 Aug 2022, 05:27 PM
মাধেভেরেকে ফেরালেন মেহেদি
ক্রিজে গিয়েই রানের জন্য ছটফট করছিলেন ওয়েসলি মাধেভেরে। নিচ্ছিলেন ঝুঁকি। কয়েকবার বেঁচে যান একটুর জন্য। শেষ পর্যন্ত তাকে বোল্ড করে থামালেন শেখ মেহেদি হাসান।
মাধেভেরেকে এগিয়ে আসতে দেখে বল টেনে দেন এই অফ স্পিনার। ইয়র্কার বানিয়ে ফেলে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যান খেলতে পারেননি ব্যাটে। উপড়ে যায় স্টাম্প।
৮ বলে ১ চারে ৫ রান করেন মাধেভেরে।
02 Aug 2022, 05:36 PM
শূন্যতেই শেষ রাজা
আগের দুই ম্যাচে বাংলাদেশকে ভোগানো সিকান্দার রাজা এবার পেলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। শেখ মেহেদি হাসানকে স্লগ করার চেষ্টায় ফাইন লেগে ধরা পড়লেন প্রথম বলেই!
ওয়েসলি মাধেভেরের পর রাজাকেও ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মেহেদি। তবে তাকে হতাশ করনে শন উইলিয়ামস।
পাওয়ার প্লের প্রথম ভাগে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান তুলেছিল জিম্বাবুয়ে। পরের ৩ ওভারে ১৬ রান তুলতে হারাল ৩ উইকেট।
৬ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ৪৫। ক্রিজে দুই বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিন ও উইলিয়ামস।
02 Aug 2022, 05:39 PM
উইলিয়ামসকে ফিরিয়ে মোসাদ্দেকের প্রথম
পাওয়ার প্লের ভেতরে করা নিজের একমাত্র ওভারে মোসাদ্দেক হোসেন গুণেছিলেন ১৫ রান। পরে আক্রমণে ফিরে এক ওভারে দেন চার রান। ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার তৃতীয় ওভারে পেলেন উইকেটের দেখা। বিদায় করে দিলেন শন উইলিয়ামসকে।
অফ স্টাম্পের বল লেগে টেনে খেলার চেষ্টায় ডিপ মিডউইকেটে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন উইলিয়ামস। ৮ বলে তিনি করেন ২।
৯ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ৫৫। ক্রিজে ক্রেইগ আরভিনের সঙ্গী মিল্টন শুম্বা।
02 Aug 2022, 05:48 PM
এসেই মাহমুদউল্লাহর উইকেট
নুরুল হাসান সোহানের চোটে স্কোয়াডে আসার পর একাদশেও সুযোগ পাওয়া মাহমুদউল্লাহ বল হাতে নিয়েই পেলেন সাফল্য। নিয়মিত উইকেট হারানো জিম্বাবুয়ের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন ক্রেইগ আরভিন।
অফ স্পিনারকে খেলতে স্টাম্প ছেড়ে অনেকটা বেরিয়ে আসেন বাঁহাতি এই ওপেনার। প্রথম চেষ্টায় বল গ্লাভসে নিতে পারেননি এনামুল হক। এতোটাই এগিয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক যে, ফেরার চেষ্টাই করতে পারেননি। দ্বিতীয় চেষ্টায় স্টাম্প ভেঙে দেন এনামুল।
২৭ বলে এক ছক্কা ও দুই চারে ২৪ রান করেন আরভিন।
১০ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ৫৬। ক্রিজে মিল্টন শুম্বার সঙ্গী রায়ান বার্ল।
02 Aug 2022, 04:38 PM
শুরুতেই ফিরলেন লিটন
প্রথম ওভারে চার বল খেলে নিয়েছিলেন ৯ রান। পরের ওভারের প্রথম বলে গ্লান্স করে মেরেছিলেন আরেকটি বাউন্ডারি। তবে এরপরেই ভিক্টর নিয়াউচিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে গেলেন লিটন দাস।
স্টাম্পে থাকা লেংথ বল সামলাতে গিয়ে শট খেলে ফেলেই আগেভাগেই, ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় নিয়াউচির হাতে। ভাঙে ১৩ রানের জুটি।
দুই চারে ৬ বলে ১৩ রান করেন লিটন।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৭। এখনও রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন। চার মেরে রানের খাতা খুলেছেন এনামুল হক।
১৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ত্রয়োদশ ওভারে জিম্বাবুয়ের রান ছিল ৬ উইকেটে ৬৭। সেখান থেকে দেড়শ ছাড়িয়ে গেল স্বাগতিকদের সংগ্রহ। সিরিজ জিততে বাংলাদেশকে দিল ১৫৭ রানের লক্ষ্য।
রায়ান বার্লের খুনে ফিফটি, লুক জঙ্গুয়ের ঝড়ো ব্যাটিং এবং ৩১ বলে তাদের ৭৯ রানের জুটিতে বাজে শুরুর ধাক্কা সামলে ৮ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।
ঝড়ের সবচেয়ে বড় অংশটা গেছে নাসুম আহমেদের উপর দিয়ে। বাঁহাতি এই স্পিনারের এক ওভারেই বার্ল নেন ৩৪ রান!
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৮ (চাকাভা ১৭, আরভিন ২৪, মাধেভেরে ৫, রাজা ০, উইলিয়ামস ২, শুম্বা ৪, বার্ল ৫৪, জঙ্গুয়ে ৩৫, ইভান্স ৫*, নিয়াউচি ১*; মুস্তাফিজ ৪-০-২২-১, মেহেদি ৪-০-২৮-২, মোসাদ্দেক ৪-০-২২-১, নাসুম ২-০-৪০-১, হাসান ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-৮-১)
জঙ্গুয়ে-বার্লকে থামালেন হাসান
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া জুটি ভাঙলেন হাসান মাহমুদ। লুক জঙ্গুয়েকে ফেরানোর পর বিদায় করলেন রায়ার্ন বার্লকেও।
তরুণ পেসারের ওভারের প্রথম বল জায়গা করে নিয়ে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন জঙ্গুয়ে। কিন্তু ঠিক মতো শট খেলতে পারেননি। কাভারে ক্যাচ মুঠোয় জমান মোসাদ্দেক হোসেন।
এতে ভাঙে ৩১ বল স্থায়ী ৭৯ রানের জুটি।
২০ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৫ রান করেন জঙ্গুয়ে।
ওভারের শেষ বলে ছক্কার চেষ্টায় সীমানায় লিটন দাসের হাতে ধরা পড়েন বার্ল। ২৮ বলে দুই চার ও ছয় ছক্কায় তিনি করন ৫৪ রান।
১৯ ওভারে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ১৫০।
খুনে ব্যাটিংয়ে বার্লের ফিফটি
এক সময়ে একশ রানই মনে হচ্ছিল দুরের পথ। রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের খুনে ব্যাটিংয়ে মনে হচ্ছে দুইশ রানও সম্ভব!
মাত্র ১৮ বলে এসেছে তাদের জুটির পঞ্চাশ। ছয় ছক্কা ও দুই চারে ২৪ বলে এসেছে বার্লের ফিফটি।
বল ফেলার যেন জায়গা পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। রান আসছে হড়কা বানের চেয়েও দ্রুত গতিতে।
নাসুমের ওভারে বার্লের তাণ্ডব
নিজের প্রথম বলে উইকেট পাওয়া নাসুম আহমেদের জন্য যেন দুঃস্বপ্ন হয়ে এলো পরের ওভার। রায়ার্ন বার্লের তাণ্ডবে যে বিলিয়ে দিলেন ৩৪ রান।
প্রথম চার বল ছক্কায় ওড়ান বার্ল। পঞ্চম বল স্লগ করে মারেন চার। পরের বল আবার ছক্কায় ওড়ান জিম্বাবুয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশি খরুচে ওভার আছে কেবল একটি। পচেফস্ট্রুমে মোহাম্মদ সাইফ উদ্দিনের ওভারে পাঁচ ছক্কায় ৩১ রান নিয়েছিলেন ডেভিড মিলার।
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার রেকর্ড বার্লেরই। সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন তিনি।
নাসুমের ৩৪ রানের বেশি রান এসেছে কেবল দুটি ওভার। সেই দুই ওভারে এসেছিল ছয় ছক্কায় ৩৬ রান করে।
এনামুলের দুর্দান্ত ক্যাচে শুম্বার বিদায়
নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়ানো এনামুল হক গ্লাভসে নিলেন মিল্টন শুম্বার দুর্দান্ত এক ক্যাচ। উইকেটের দেখা পেলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
অফ স্টাম্পের বাইরের বল শুম্বার ব্যাটের কানা ছুঁয়ে চলে যাচ্ছিল কিপার কাছ ঘেঁষে। ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে জমান এনামুল। ১১ বলে ৪ রান করেন শুম্বা।
১৩ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ৬৭। ক্রিজে রায়ান বার্লের সঙ্গী লুক জঙ্গুয়ে।
02 Aug 2022, 07:16 PM
দ্রুত ফিরলেন লিটন-পারভেজ
রান তাড়ায় চার ওভারের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। লিটন দাসকে বিদায় ভিক্টর নিয়াউচিই ফেরালেন অভিষিক্ত পারভেজ হোসেনকে।
ফুল লেংথ বল মিড অন দিয়ে তুলে খেলতে চেয়েছিলেন পারভেজ। কিন্তু লিটনের মতো তিনিও ব্যাটের মুখ আগেভাগেই ক্লোজ করে ফেলায় ঠিক মতো খেলতে পারেননি। সহজ ক্যাচ যায় মিড অনে।
৬ বলে ২ রান করেন পারভেজ।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৯। ক্রিজে এনামুল হকের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
02 Aug 2022, 07:33 PM
ফের ব্যর্থ এনামুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়েতেও ব্যর্থ এনামুল হক। আরও একবার আউট হলেন দুই অঙ্ক ছুঁয়ে।
এবার ওয়েসলি মাধেভেরের স্টাম্পে থাকা শর্ট বল বল লেগে ঘুরানোর চেষ্টায় থামলেন বোল্ড হয়ে। খুবই সাদামাটা এক ডেলিভারি, পাঠানো যেতে পারতো মাঠের যেকোনো জায়গায়। তবে বিস্ময়করভাবে বলের লাইন মিস করেন এনামুল। ১৩ বলে দুই চারে ১৪ রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৬। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মাহমুদউল্লাহ।
02 Aug 2022, 07:37 PM
উইকেট উপহার দিলেন শান্ত
টাইমিং করতে ভুগছিলেন। ব্যাট থেকে আসছিল না বাউন্ডারি। তাই বাড়তি কিছু করার চেষ্টায় গেলেন নাজমুল হোসেন শান্ত। কাজে লাগলো না ঝুঁকি। শন উইলিয়ামসের বলে র্যাম্প শট খেলার চেষ্টায় ধরা পড়লেন শর্ট ফাইন লেগে।
২০ বলে ১৬ রান করেন শান্ত।
১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৬। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী আফিফ হোসেন।
02 Aug 2022, 08:08 PM
মাহমুদউল্লাহ-মোসাদ্দেকের বিদায়ে বাড়ল বিপদ
এক-দুই করে নিয়ে থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন প্রয়োজন বড় শট খেলার, তখনই আউট হয়ে গেলেন মাহমুদউল্লাহ।
ব্র্যাড ইভান্সের বলে জায়গা করে নিতে খেলতে চেয়েছিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ঠিক মতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার রেজিস চাকাভার গ্লাভসে। ভাঙে ৩০ বল স্থায়ী ৩৯ রানের জুটি।
২৭ বলে ১ চারে ২৭ রান করেন মাহমুদউল্লাহ।
নেতৃত্বের অভিষেকে গোল্ডেন ডাকের তোতো স্বাদ পান মোসাদ্দেক হোসেন। অফ থাকা শর্ট বল থেকে চোখ সরিয়ে নিয়ে পুলের মতো করার চেষ্টা করেন। ঠিক মতো পারেননি, ব্যাটের কানায় লেগে জমা পড়ে চাকাভার গ্লাভসে।
১৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৯। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী মেহেদি হাসান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৮ রান চাই সফরকারীদের।
02 Aug 2022, 08:19 PM
ছক্কার চেষ্টায় থামলেন মেহেদি
নিচু ফুলটস বল কাজে লাগাতে পারলেন না শেখ মেহেদি হাসান। ফিরলেন সীমানায় ক্যাচ দিয়ে। ভাঙল ২৪ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
১৭ বলে দুই চার ও এক ছক্কায় ২২ রান করেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি।
১৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৩৮। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১৯ রান।
02 Aug 2022, 08:34 PM
১০ রানের হার
বাংলাদেশের মুঠো থেকে যেন জয় ছিনিয়ে নিল জিম্বাবুয়ে। ১৩ ওভার শেষে তাদের রান ছিল ৬ উইকেটে ৬৭। সেখান থেকে রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের ৩১ বল স্থায়ী ৭৯ রানের জুটিতে স্বাগতিকদের গড়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ।
রান তাড়ায় বাংলাদেশ গড়তে পারেনি তেমন কোনো জুটি। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে নিতে পারেননি দলকে। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন আফিফ হোসেন। তবে তিন চারে তার ২৭ বলে অপরাজিত ৩৯ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না।
১৫৬ রান তাড়ায় বাংলাদেশ থামে ১৪৬ রানে।
প্রথম ম্যাচে ১৭ রানে জয়ের পর দ্বিতীয়টিতে ৭ উইকেটে হারে জিম্বাবুয়ে। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে জিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভাসল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৮ (চাকাভা ১৭, আরভিন ২৪, মাধেভেরে ৫, রাজা ০, উইলিয়ামস ২, শুম্বা ৪, বার্ল ৫৪, জঙ্গুয়ে ৩৫, ইভান্স ৫*, নিয়াউচি ১*; মুস্তাফিজ ৪-০-২২-১, মেহেদি ৪-০-২৮-২, মোসাদ্দেক ৪-০-২২-১, নাসুম ২-০-৪০-১, হাসান ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-৮-১)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লিটন ১৩, পারভেজ ২, এনামুল ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, আফিফ ৩৯*, মোসাদ্দেক ০, মেহেদি ২২, হানান ৩, নাসুম ২*; ইভান্স ৪-০-২৬-২, নিয়াউচি ৪-০-২৯-৩, মাধেভেরে ২-০-১৪-১, রাজা ৪-০-২১-০, মাসারা ১-০-৫-০, উইলিয়ামস ২-০-১৬-১, জঙ্গুয়ে ৩-০-২৮-১)