১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩৪ রানে জিতে সমতা ফেরাল বাংলাদেশ

তিন বিভাগেই উন্নতি করে জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারাল তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।

17 Jul 2026, 08:12 PM

লাইভ ব্লগের সমাপ্তি

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

17 Jul 2026, 08:10 PM

৩৪ রানের জয়

একাদশে ফেরা রিশাদ হোসেন ইতি টানালেন ম‍্যাচের। লেগ স্পিনারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হলেন ব্লেসিং মুজারাবানি।

প্রথম ম‍্যাচে ৩২ রানে হারা বাংলাদেশ ৩৪ রানে জিতে সমতা ফেরাল সিরিজে।

বেরিয়ে এসে খেলার চেষ্টায় সফল হননি মুজারাবানি। বল আঘাত হানে স্টাম্প। কোনো রান করতে পারেননি তিনি। ১৫ রানে অপরাজিত থাকেন রিচার্ড এনগারাভা।

বাংলাদেশের ১৮৬ রান তাড়ায় দুই বল বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

২৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার রিশাদ। খরুচে বোলিংয়ে শুরুর পরও ৩ ওভারে কেবল ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন শেখ মেহেদি হাসান।

এক দিন পর একই মাঠে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (সাইফ হাসান ৫৫, তানজিদ ৫৮, হৃদয় ৬, পারভেজ ১, ইয়াসির ২২*, সোহান ৪, সাইফ উদ্দিন ৩১*; বেনেট ১-০-৯-০, এনগারাভা ৪-০-২৩-২, রাজা ৪-০-২০-১, মুজারাবানি ৪-০-৩৫-০, ইভান্স ৪-০-৬৫-২, বার্ল ২-০-২১-০, শুম্বা ১-০-১০-০)

জিম্বাবুয়ে: ১৯.৪ ওভারে ১৫২ (বেনেট ১১, মারুমানি ৪, মেয়ার্স ৪, শুম্বা ১৯, রাজা ২৮, বার্ল ২৯, মাডান্ডে ১, মুসেকিয়া ১১, ইভান্স ২৫, এনগারাভা ১৫, মুজারাবানি ০; মেহেদি ৪-০-২৩-৪, নাহিদ ২.৩-০-১৫-১, তাসকিন ৪-০-৪৬-০, সাইফ উদ্দিন ৪-০-৩৬-০, রিশাদ ৩.৪-০-২৬-৪, সাইফ হাসান ১.৩-০-৪-১)

17 Jul 2026, 08:03 PM

ইভান্সকে থামালেন সাইফ উদ্দিন

চমৎকার সব স্লোয়ারে কেবল ২ রান দিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। সঙ্গে নিলেন বড় শট খেলার চেষ্টা করা ব্র‍্যড ইভান্সের উইকেট।

স্লোয়ার বুঝতে পারেননি ইভান্স। ছক্কার চেষ্টায় লেগে শট খেলেন তিনি। ডিপ মিডউইকেট থেকে অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে চমৎকার ক‍্যাচ নেন পারভেজ হোসেন। ভাঙে ২৭ বল স্থায়ী ৪০ রানের জুটি।

১৪ বলে দুটি করে ছক্কা ও চারে ২৫ রান করেন ইভান্স।

১৯ ওভারে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ১৪৯। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।

17 Jul 2026, 07:42 PM

মুসেকিয়াকে থামালেন সাইফ হাসান

নাহিদের অসমাপ্ত ওভারের শেষ তিন বলে কেবল ২ রান দেওয়া সাইফ হাসানকেই বোলিংয়ে রাখলেন তাওহিদ হৃদয়। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন সাইফ। এনে দিলেন উইকেট।

অফ স্পিনারের কলে গায়ের জোরে মারতে গিয়ে মাঝ ব‍্যটে নিতে পারলেন না মুসেকিয়া। ব‍্যাটের কানায় লেগে আসা সহজ ক‍্যচ নিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

১৪ বলে ১১ রান করেন মুসেকিয়া।

১৫ ওভারে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ১১১। ক্রিজে ব্র‍্যাড ইভান্সের সঙ্গী রিচার্ড এনগারাভা।

17 Jul 2026, 07:30 PM

মাঠ ছাড়লেন নাহিদ

ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়লেন নাহিদ রানা। একটি গতিময় থ্রো এড়াতে হুট করে বসে পড়তে গিয়ে কোনোভাবে চোট পান গতিময় এই পেসার। বোলিং করা সম্ভব নয় বুঝতে পেরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি।

প্রথম ৩ ওভার থেকে আসে নয় রান। ব‍্যাটের কানায় লেগে আসে একটি চার, ওভার থ্রো থেকে বাড়তি দুই।

ওভার শেষ করেন সাইফ হাসান। বাকি তিন বলে তিনি দেন ২ রান।

17 Jul 2026, 07:06 PM

জিম্বাবুয়ের বিপদ বাড়ালেন মেহেদি

লম্বা সময় পর আক্রমণে ফিরে আরেকটি উইকেট পেলেন শেখ মেহেদি হাসান। অফ স্পিনিং অলরাউন্ডারের বলে ছক্কার চেষ্টায় ক‍্যাচ দিলেন ক্লাইড মাডান্ডে।

গায়ের জোরে লেগে শট খেলেন মাডান্ডে। টাইমিং করতে পারেননি তিনি। ডিপ স্কয়ার লেগে ক‍্যাচ নেন রিশাদ হোসেন।

৪ বলে ১ রান করেন মাডান্ডে।

১০ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ৮১। ক্রিজে রায়ান বার্লের সঙ্গী তাশিঙ্গা মুসেকিয়া।

17 Jul 2026, 07:01 PM

রিশাদের আরেকটি

নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পেলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন মিল্টন শুম্বা।

স্টাম্পে থাকা ডেলিভারিতে স্লগ সুইপ করে ছক্কার চেষ্টায় ছিলেন শুম্বা। বলের লাইনে যেতে পারেননি। ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে।

২০ বলে তিন চারে ১৯ রান করেন শুম্বা।

৯ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ৭৭। ক্রিজে রায়ান বার্লের সঙ্গী ক্লাইভ মাডান্ডে।

17 Jul 2026, 06:56 PM

রাজা-ঝড় থামালেন রিশাদ

একাদশে ফেরা রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে পেলেন উইকেট। পাল্টা আক্রমণ শুরু করা সিকান্দার রাজাকে ফেরালেন এই লেগ স্পিনার।

অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন রাজা। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে নুরুল হাসান সোহানের হাতে। ভাঙে ২৫ বল স্থায়ী ৪৪ রানের জুটি।

১২ বলে এক ছয় ও তিন চারে ২৮ রান করেন রাজা।

৭ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ৬৫। ক্রিজে মিল্টন শুম্বার সঙ্গী রায়ান বার্ল।

17 Jul 2026, 06:37 PM

মেহেদির আরেকটি উইকেট

চমৎকার বোলিংয়ে আরেকটি উইকেট পেলেন শেখ মেহেদি হাসান। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ডিওন মেয়ার্স।

স্টাম্পে থাকা ডেলিভারিতে স্লগ সুইপ করেন টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে।

৭ বলে ৪ রান করেন মেয়ার্স।

৩ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ২২। ক্রিজে মিল্টন শুম্বার সঙ্গী সিকান্দার রাজা।

17 Jul 2026, 06:37 PM

নাহিদের গতিতে পরাস্ত বেনেট

শেখ মেহেদি হাসান বলে চার ও ছয়ে শুরু করা ব্রায়ান বেনেট চড়াও হতে চাইলেন নাহিদ রানার উপর। স্টাম্প ছেড়ে দিয়ে খেলতে চাইলেন শট।

কিন্তু কোনো কাজই হলো না। নাহিদের গতিময় ডেলিভারি উপড়ে ফেলল লেগ স্টাম্প।

৫ বলে ১১ রান করে ফিরলেন বেনেট। জিম্বাবুয়ে হারায় দ্বিতীয় উইকেট।

২ ওভারে স্বাগতিকদের রান ২ উইকেটে ১৯। ক্রিজে ডিওন মেয়ার্সের সঙ্গী মিল্টন শুম্বা।

17 Jul 2026, 06:27 PM

প্রথম ওভারেই মেহেদির আঘাত

ইনিংসের শুরুটা হলো ভীষণ বাজে। প্রথম বলে চার হজম করলেন শেখ মেহেদি হাসান, পরের বলে ছয়।

ব্র‍্যাড ইভান্স স্ট্রাইক থেকে সরলেও নিস্তার পেলেন না অফ স্পিনার। মুখোমুখি প্রথম বলে চার দিয়ে শুরু করলেন টাডিওয়ানাশে মারুমানি।

তবে শেষ হাসি হাসলেন মেহেদিই। ওভারের শেষ বলে মিডউইকেটে তাওহিদ হৃদয়কে সহজ ক‍্যাচ দিলেন মারুমানি। জিম্বাবুয়ে হারাল প্রথম উইকেট।

১ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ১৫। ক্রিজে ইভান্সের সঙ্গী ডিওন মেয়ার্স।

17 Jul 2026, 06:16 PM

সাইফ উদ্দিনের ব‍্যাটে ঝড়

শেষ ওভারে ব্র‍্যাড ইভান্সের উপর চড়াও হলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ব্র‍্যাড ইভান্সের বলে টানা চারটি ছক্কায় ২৮ রান নিলেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের প্রথম ব‍্যাটসম‍্যান হিসেবে টানা চারটি ছক্কা হাঁকালেন সাইফ। ওভারের শেষ বলে ইনিংসে ক‍্যাচ ছাড়লেন মিল্টন শুম্বা! তিনি একাই হাতছাড়া করলেন পাঁচটি সুযোগ।

২০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৮৬ রান।১০ বলে চার ছয়ে ৩১ রান করেন সাইফ। ১২ বলে এক ছয় ও তিন চারে ২২ রান করেন ইয়াসির আলি। তাদের জুটিতে ১৯ বলে আসে ৪৫ রান।

শেষ ৫ ওভারে ৬৫ রান তোলে বাংলাদেশ।

ঝড় বয়ে গেছে ইভান্সের উপর দিয়ে। ৪ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (সাইফ হাসান ৫৫, তানজিদ ৫৮, হৃদয় ৬, পারভেজ ১, ইয়াসির ২২*, সোহান ৪, সাইফ উদ্দিন ৩১*; বেনেট ১-০-৯-০, এনগারাভা ৪-০-২৩-২, রাজা ৪-০-২০-১, মুজারাবানি ৪-০-৩৫-০, ইভান্স ৪-০-৬৫-২, বার্ল ২-০-২১-০, শুম্বা ১-০-১০-০

17 Jul 2026, 05:59 PM

ইভান্সের জোড়া আঘাত

পরপর দুই ওভারে দুটি করে উইকেট হারাল বাংলাদেশ। তবে ব্র‍্যাড ইভান্সের ওভারে ১৩ রান নিতে পারল তারা।

ছক্কার চেষ্টায় সীমানায় সিকান্দার রাজার হাতে ধরা পড়েন পারভেজ হোসেন। ২ বলে তিনি করেন ১ রান।

চার মেরে পরের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন নুরুল হাসান সোহান। শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি তিনি।

২ বলে ৪ চার করেন সোহান।

১৭ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ১৪২। ক্রিজে ইয়াসির আলির সঙ্গী মোহাম্মদ সাইফ হাসান।

17 Jul 2026, 05:54 PM

এনগারাভার জোড়া আঘাত

ষোড়শ ওভারে ফিরে তানজিদ হাসানের পর তাওহিদ হৃদয়কে ফেরালেন রিচার্ড এনগারাভা। কিছুটা চাপে পড়ে গেল বাংলাদেশ।

শরীরের খুব কাছের বল ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ওপেনার তানজিদ। ব‍্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে।

৪৪ বলে দুই ছয় ও ছয় চারে ৫৮ রান করেন তানজিদ।

পঞ্চম বলে বড় শটের চেষ্টায় ক‍্যাচ দেন হৃদয়। ম‍্যাচে প্রথম ফিল্ডার হিসেবে ক‍্যাচ নেন ক্লাইভ মাডান্ডে।

৫ বলে এক চারে ৬ রান করেন হৃদয়।

১৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৯। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী ইয়াসির আলি।

17 Jul 2026, 05:47 PM

অবশেষে থামলেন সাইফ

ক‍্যাচ দিয়েও পাঁচবার বেঁচে যাওয়া সাইফ হাসানকে বোল্ড করে থামালেন সিকান্দার রাজা।

স্টাম্পে থাকা ডেলিভারিতে স্লগ সুইপ করেন সাইফ। বলের লাইনে যেতে পারেননি তিনি। আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৮৮ বল স্থায়ী ১২০ রানের জুটি।

৪৫ বলে এক ছয় ও আট চারে ৫৫ রান করেন সাইফ।

১৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১২১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।

17 Jul 2026, 05:42 PM

পাঁচবার জীবন পেয়ে সাইফের পঞ্চাশ

একের পর এক দিচ্ছেন সাইফ হাসান। একের পর এক ছাড়ছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা।

৮, ১৭, ১৯, ৩৭ রানের পর ৪৬ রানেও বেঁচে গেলেন সাইফ। এবার রায়ান বার্লের বলে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ক‍্যাচ নিতে পারলেন না ডিওন মেয়ার্স।

পরে পরপর দুই বলে দুটি চার মারেন সাইফ। প্রথম চারে ৪২ বলে তিনি স্পর্শ করেন পঞ্চাশ।

১৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১১৯।

17 Jul 2026, 05:37 PM

৭৩ বলে জুটির একশ

চারবার জীবন পাওয়া সাইফ হাসানের সঙ্গে একশ রানের জুটি গড়েছেন তানজিদ হাসান, ৭৩ বলে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের একটি কেবল পঞ্চম শতরানের উদ্বোধনী জুটি। এর চারটিতেই ছিলেন তানজিদ।

অন‍্য জুটিতে আয়ারল‍্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন লিটন দাস ও রনি তালুকাদার, ২০২৩ সালে। এই সংস্করণে এখনও সেটাই উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।

১৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০৯।

17 Jul 2026, 05:32 PM

তানজিদের পঞ্চাশ, সাইফের চতুর্থ জীবন

চমৎকার ব‍্যাটিংয়ে ৩৩ বলে পঞ্চাশ স্পর্শ করলেন তানজিদ হাসান। এই ওভারে বিস্ময়ে ভাসিয়ে চতুর্থবার জীবন পেলেন সাইফ হাসান। তৃতীয়বারের মতো তার ক‍্যাচ ছাড়লেন মিল্টন শুম্বা!

ব্র‍্যাড ইভান্সের বলে বাউন্ডারে ক‍্যারিয়ারের দ্বাদশ পঞ্চাশ স্পর্শ করেন তানজিদ।

স্ট্রাইক পেয়ে ওভারের শেষ বলে ডিপ স্কয়ার লেগে ক‍্যাচ দেন সাইফ। ডাইভ দিয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি শুম্বা। উল্টো হয়ে যায় বাউন্ডারি।

১২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯৯। ৩৭ বরে ৪১ রানে ব‍্যাট করছেন সাইফভ ৩৫ বলে ৫১ রানে খেলছেন তানজিদ।

17 Jul 2026, 05:06 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৪/০

তিনবার জীবন পেয়ে দ্রুত রান তোলার চেষ্টা করছেন সাইফ হাসান। অন‍্য প্রান্তে নিজের মতো করে খেলে যাচ্ছেন তানজিদ হাসান। তাদের ব‍্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।

৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৪।

১৪ বলে চার চারে ২০ রানে খেলছেন তানজিদ। ২২ বলে চার চার ও এক ছক্কায় ২৯ রানে ব‍্যাট করছেন সাইফ। তিনি জীবন পেয়েছেন ৮, ১৭ ও ১৯ রানে।

তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৩৫ বলে।

17 Jul 2026, 05:03 PM

এবার ক‍্যাচ ছাড়লেন ইভান্স

পাঁচ ওভারে তৃতীয়বার বাঁচলেন সাইফ হাসান। ব্লেসিং মুজারাবানির বলে তার ক‍্যাচ ছাড়লেন ব্রাড ইভান্স।

শর্ট বলে ‘নো লুক’ ফ্লিকে সীমানয় ক‍্যাচ দেন সাইফ। ডিপ স্কয়ার লেগে একটু সরে গিয়ে বসে দুই হাতে বল মুঠোয় নেওয়ার চেষ্টা করেন ফিল্ডার। কিন্তু বিস্ময়ে ভাসিয়ে বল মুঠোয় রাখতে পারেননি তিনি। সতীর্থদের যেন বিশ্বাস হচ্ছিল না, তিনি এই ক‍্যাচ নিতে পারেননি।

সে সময় ১৯ রানে ছিলেন সাইফ। এর আগে ১৭ ও ৮ রানে দুবার জীবন পান তিনি।

৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৪১।

17 Jul 2026, 04:57 PM

আবার বাঁচলেন সাইফ

পরপর দুই ওভারে সাইফ হাসানের দুটি ক‍্যাচ ছাড়লেন মিল্টন শুম্বা। রিচার্ড এনগারাভার বলে কাভারে ক‍্যাচ নিতে পারলেন না তিনি।

অফ স্টাম্পের বাইরের বলে কাভার ক‍্যাচ দেন সাইফ। কিন্তু রিভার্স কাপে ক‍্যাচ নিতে পারেননি শুম্বা। সে সময় ১৭ রানে ছিলেন সাইফ।

আগের ওভারে ৮ রানে জীবন পান তিনি।

৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৮।

17 Jul 2026, 04:50 PM

৩ ওভারে এলো কেবল ২০ রান।

১২ বলে তিন চারে ১৩ রান করলেন সাইফ। একটি বাউন্ডারিতে সৌভাগ‍্যের স্পষ্ট ছোঁয়া ছিল। সিকান্দার রাজার বলে মিড অনে ক‍্যাচ নিতে পারেননি ফিল্ডার মিল্টন শুম্বা। দেরিতে প্রতিক্রিয়া দেখানোয় কেবল বলে হাত ছোঁয়াতে পারেন তিনি।

রাজার ওই ওভারে আসে ১০ রান।

স্পিন দিয়ে শুরু করে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ওভারে দুই চারে ৯ রান নেন সাইফ।

রিচার্ড এনগারাভার পরের ওভারে আসে কেবল এক রান। এই পেসারের ওভারে ভীষণ সাবধানী ছিলেন তানজিদ হাসান ও সাইফ।  

৫ বলে ২ রানে ব‍্যাট করছেন তানজিদ।

17 Jul 2026, 04:20 PM

একই একাদশ নিয়ে জিম্বাবুয়ে

প্রথম ম‍্যাচে ৩২ রানের জয় এনে দেওয়া একাদশের উপরই আস্থা রেখেছে জিম্বাবুয়ে। কোনো পরিবর্তন আনেনি তারা।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানাশে মারুমানি, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।

17 Jul 2026, 04:20 PM

ব‍্যাটিং ব‍্যর্থতায় হারা বাংলাদেশ পরিবর্তন আনল বোলিংয়ে

প্রথম ম‍্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সেই পরিবর্তন ব‍্যাটিংয়ে নয়, বোলিংয়ে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।

17 Jul 2026, 04:13 PM

টস জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

এবার টস জিতলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অধিনায়ক নিলেন ফিল্ডিং।

প্রথম ম‍্যাচে টস হারার পর অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছিলেন, টস জিতলে ব‍্যাটিং নিতেন তিনি। সেই ম‍্যাচে তাওহিদ হৃদয় নিয়েছিলেন ফিল্ডিং।

এবার হৃদয়ের মতোই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজা।

17 Jul 2026, 03:38 PM

সিরিজে হার এড়াতে নামছেন হৃদয়রা

একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়েতে ব‍্যর্থতা চক্র থেকে বের হতে পারছে না সফরকারীরা। টি-টোয়েন্টিতে সিরিজ হার এড়াতে এবার জিততেই হবে তাওহিদ হৃদয়দের। 

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম‍্যাচ ৩২ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে সফরকারীরা। 

প্রথম ম‍্যাচে স্রেফ দুই জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলে জিম্বাবুয়ে। সেই দুই জন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার কাছেই মূলত হেরে যায় বাংলাদেশ! দুই পেসার নেন চারটি করে উইকেট। তাদের সামলানোর কোনো উপায়ই যেন জানা ছিল না সফরকারীদের। 

ইয়াসির আলি চৌধুরি ছাড়া বাংলাদেশের আর কোনো ব‍্যাটসম‍্যান সেদিন ২০ রানও করতে পারেননি। ব‍্যাটিংয়ে উন্নতির চ‍্যালেঞ্জ নিয়ে মাঠে নামছেন তারা।

লাইভ ব্লগে স্বাগত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।