31 Dec 2023, 05:22 AM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১১০
নিউ জিল্যান্ড: ১৪.৪ ওভারে ৯৫/৫
31 Dec 2023, 05:22 AM
সিরিজ জয়ের হাতছানি
চক্র পূরণ হয়েছে বাংলাদেশের। নিউ জিল্যান্ডে তিন সংস্করণে স্বাগতিকদের বিপক্ষে অন্তত একটি করে জয় আছে তাদের প্রাপ্তির ঝুলিতে। এবার হাতছানি আরও বড়- প্রথমবারের মতো তাসমান সাগর পাড়ের দেশটিতে সিরিজ জয়।
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। খেলা যেটুকু হয়েছিল তাতে একটু এগিয়ে ছিল সফরকারীরাই।
সেই মাঠেই রোববার আরেকটি সুযোগ পাচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
31 Dec 2023, 05:39 AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউ জিল্যান্ড সফরে শেষ ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। রৌদ্রোজ্জ্বল দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
টসের সময় শান্ত জানিয়েছেন, আগে ব্যাটিং পেয়ে খুশি তারা। তবে দায়িত্ব নিতে হবে টপ-অর্ডার ব্যাটসম্যানদের।
31 Dec 2023, 05:47 AM
তানজিমের জায়গায় তানভির, ফের বাইরে লিটন
শেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তানজিম হাসানকে বাদ দিয়ে তানভির ইসলামকে দলে নিয়েছে তারা। যার ফলে শক্তি বেড়েছে স্পিনে, কমেছে পেস বিভাগে।
একাদশে এখন পেসার দুই জন- শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। স্পিনে বাঁহাতি তানভির ছাড়া আছেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
দ্বিতীয় টি-টোয়েন্টির মতো শেষটিতেও নেই লিটন কুমার দাস। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা কিপার-ব্যাটসম্যানের অনুপস্থিতিতে এই ম্যাচেও উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন রনি তালুকদার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
31 Dec 2023, 05:47 AM
অপরিবর্তিত একাদশ নিউ জিল্যান্ডের
টানা তিন ম্যাচ একই একাদশ নিয়ে খেলতে নামছে নিউ জিল্যান্ড। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারা ফিন অ্যালেন পেয়েছেন আরেকটি সুযোগ।
নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিল্ন, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
31 Dec 2023, 05:52 AM
বছরের শেষ দিন নেই সুখস্মৃতি
নিজেদের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত বছরের শেষ দিন কোনো জয় পায়নি বাংলাদেশ। এর আগে ৩১ ডিসেম্বর তিন ওয়ানডে খেলতে সবকটিই হেরেছে তারা। এর মধ্যে দুটি নিউ জিল্যান্ডের বিপক্ষে, ২০০৭ ও ২০১৬ সালে। অন্যটি শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯০ সালে।
এছাড়া ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের সমাপ্তি ঘটে বছরের শেষ দিন। ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪১৩ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারে ১০৭ রানের ব্যবধানে।
বছরের শেষ দিনে টি-টোয়েন্টি খেলছে এই প্রথম।
31 Dec 2023, 06:10 AM
শুরুতেই সৌম্যর বিদায়
লিটন কুমার দাসের অনুপস্থিতিতে ইনিংস সূচনা করতে নেমে শুরুতেই ফিরলেন সৌম্য সরকার। টিম সাউদির তৃতীয় বলে বাউন্ডারি মেরে দারুণ কিছুর আভাস দেন বাঁহাতি ওপেনার। পরের বলেই তাকে থামিয়ে দিলেন সাউদি।
মিডল স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ফুল লেংথ ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি সৌম্য। বল প্যাডে লাগতেই আবেদনের চেয়ে বেশি উদযাপন করতে থাকেন সাউদি। আম্পায়ারও আঙুল তুলে দিতে সময় নেননি।
কিছুক্ষণ ভেবে রিভিউ নেন সৌম্য। টিভি রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরের অংশ ছুঁয়ে যেত বল। তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। তবে মাঠের আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে বেঁচে যেতেন সৌম্য।
৪ বলে ৪ রান করেছেন সৌম্য। তিন নম্বরে নেমে প্রথম বলেই চার মেরেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে বাংলাদেশ করেছে ১০ রান।
31 Dec 2023, 06:28 AM
টিকলেন না শান্ত
ব্যাটিংয়ে নেমে প্রথম বলে চার মারেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে অ্যাডাম মিল্নের বলে মারেন আরও দুটি বাউন্ডারি। তৃতীয় ওভারে বেন সিয়ার্সকেও চার মারেন বাংলাদেশ অধিনায়ক।
কিন্তু বেশি লম্বা হলো না তার ইনিংস। পঞ্চম ওভারে মিল্নের স্টাম্পের ওপর করা ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মারার চেষ্টায় পয়েন্টে ফিন অ্যালেনের হাতে সহজ ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন বাঁহাতি ব্যাটসম্যান।
৪ চারে ১৫ বলে ১৭ রান করেছেন শান্ত। চার নম্বরে নেমেছেন তাওহিদ হৃদয়।
পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। রনি তালুকদার অপরাজিত ৯ বলে ১০ রানে।
31 Dec 2023, 06:33 AM
অল্পেই ফিরলেন রনি
পাওয়ার প্লের শেষ ওভারে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। এবার ড্রেসিং রুমের পথ ধরলেন রনি তালুকদার। ১০ বলে ২ চারে ১০ রান করলেন তিনি।
বেন সিয়ার্সের স্টাম্পের ওপর করা ফুল লেংথ ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি রনি। জোরাল আবেদনে সময় নিয়ে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার।
তাওহিদ হৃদয়ের সঙ্গে আলোচনা করে রিভিউ না নেওয়ার পথে হাঁটেন রনি। রিভিউ নিলে বেঁচে যেতেন এই ওপেনার। বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
পাঁচ নম্বরে নেমেছেন আফিফ হোসেন।
31 Dec 2023, 06:43 AM
অষ্টম ওভারে বাংলাদেশের পঞ্চাশ
টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৪৫ রান করার পর অষ্টম ওভারে তারা পূর্ণ করেছে ৫০ রান।
আট ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট ৫৩ রান। চাপ সামাল দেওয়ার অভিযানে লড়ছেন তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন। হৃদয় ১০ বলে ও আফিফ ৯ বলে ৮ রানে খেলছেন।
31 Dec 2023, 06:50 AM
আফিফের বিদায়ে বাড়ল চাপ
চাপ সরানোর অভিযানে উল্টো চাপ বাড়িয়ে এলেন আফিফ হোসেন।
মিচেল স্যান্টনারের কিছুটা টেনে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন বাঁহাতি ব্যাটসম্যান। বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে ওপরে উঠে গেলে সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক টিম সাইফার্ট।
২ চারে ১৩ বলে ১৪ রান করে ফিরলেন আফিফ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শামীম হোসেন।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৯ রান। তাওহিদ হৃদয় অপরাজিত ১০ বলে ৯ রানে।
31 Dec 2023, 06:55 AM
মাঝপথে ৪ উইকেটে ৬৫
ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। দশ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৬৫ রান।
আউট হওয়া চার ব্যাটসম্যানের কেউই ভালো কিছু করতে পারেননি। এখন চাপ সামাল দেওয়ার অভিযানে ক্রিজে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন।
১৫ বলে ১৪ রানে খেলছেন হৃদয়। শামীম করেছেন ৩ বলে ১ রান।
31 Dec 2023, 07:00 AM
রিভিউ নিয়ে হৃদয়কে ফেরাল নিউ জিল্যান্ড
মিচেল স্যান্টনারের অফ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় ব্যর্থ তাওহিদ হৃদয়। বল জমা পড়ল উইকেটরক্ষকের গ্লাভসে। কিছু একটা শব্দ পেয়ে জোরাল আবেদন নিউ জিল্যান্ডের ফিল্ডারদের। ধারাভাষ্যকারও বলতে থাকেন, নিশ্চিতভাবেই বল লেগেছে ব্যাটে।
কিন্তু সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিতে একদমই সময় নেননি স্যান্টনার। রিপ্লেতে দেখা যায়, ব্যাট অতিক্রম করার সময় খুবই হালকা ছুঁয়েছে হৃদয়ের ব্যাট। আর তাতেই বদলে গেল মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত, বিদায়ঘণ্টা বাজল হৃদয়ের।
২ চারে ১৮ বলে ১৬ রান করে ফিরেছেন হৃদয়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শেখ মেহেদি হাসান।
১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৮ রান। শামীম হোসেন খেলছেন ৬ বলে ২ রানে।
31 Dec 2023, 07:14 AM
মেহেদিকে ফিরিয়ে স্যান্টনারের ৩
একটু বিরতিতে দিয়ে আক্রমণে ফিরেই উইকেট পেলেন মিচেল স্যান্টনার। বাঁহাতি স্পিনারের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন শেখ মেহেদি হাসান।
একটু মন্থর বল পেয়ে গায়ের জোরে ওড়াতে চেয়েছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ঠিক মতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে টিম সাইফার্টের গ্লাভসে।
১৩ বলে ৪ রান করে ফেরেন মেহেদি।
আগের ওভারে নিজের শেষ বলে তাওহিদ হৃদয়কে ফিরিয়েছিলেন স্যান্টনার। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন রিশাদ হোসেন।
31 Dec 2023, 07:18 AM
স্যান্টনারের চতুর্থ শিকার শামীম
একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গেল বাংলাদেশ। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফিরলেন শামীম হোসেন।
মিচেল স্যান্টনারের অফ স্টাম্পে জোরের ওপর করা ডেলিভারি হাঁটু গেড়ে নিজের ট্রেডমার্ক শটে ফাইন লেগের ওপর দিয়ে খেলার চেষ্টা করেন শামীম। কিন্তু দূরত্ব পাননি। ধরা পড়ে যান শর্ট ফাইন লেগে থাকা টিম সাউদির হাতে।
১৪ বলে ৯ রান করে ফিরেছেন শামীম। ক্রিজে এখন দুই ব্যাটসম্যান রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। যাদের মূল পরিচয় বোলার।
৪ ওভারে স্রেফ ১৬ রান খরচায় ৪ উইকেট পেলেন স্যান্টনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়বার ৪ উইকেট নিলেন বাঁহাতি স্পিনার।
১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৮১ রান।
31 Dec 2023, 07:22 AM
সিয়ার্সের শিকার শরিফুল
ধীরে ধীরে অল আউটের দিকে এগোচ্ছে বাংলাদেশ। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরিফুল ইসলাম। বেন সিয়ার্সের বলে কভারে ক্যাচ দিয়েছেন ৪ রান করা বাঁহাতি ব্যাটসম্যান।
১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৮৭ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান রিশাদ হোসেন ও তানভির ইসলাম।
31 Dec 2023, 07:41 AM
তানভিরকে ফেরালেন সাউদি
নিজের শেষ ওভারে তানভির ইসলামকে আউট করলেন টিম সাউদি। বড় শটের খোঁজে ব্যাট ঘুরিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিলেন ৮ রান করা তানভির।
১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১০৯ রান৷
31 Dec 2023, 07:42 AM
রিশাদকে ফিরিয়ে মিল্ন এর ৫০
নিখুঁত ইয়র্কারে রিশাদ হোসেনকে বোল্ড করে বাংলাদেশকে গুটিয়ে দিলেন অ্যাডাম মিল্ন। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ৫০ উইকেট পূর্ণ করলেন গতিময় পেসার৷
31 Dec 2023, 07:49 AM
১১০ রানে অল আউট বাংলাদেশ
সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে অনেকটা পিছিয়ে গেল বাংলাদেশ। ৪ বল বাকি থাকতেই তারা গুটিয়ে গেল ১১০ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ড্রেসিং রুমের পথ ধরেন টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত।
মিডল অর্ডারে হাল ধরতে পারেননি তওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেনরা৷ দলের কেউ ২০ রানও করতে পারেননি৷ সর্বোচ্চ ১৭ রান আসে শান্তর ব্যাট থেকে।
নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্যান্টনার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১১০ (সৌম্য ৪, রনি ১০, শান্ত ১৭, হৃদয় ১৬, আফিফ ১৪, শামীম ৯, মেহেদি ৪, রিশাদ ১০, শরিফুল ৪, তানভির ৮, মুস্তাফিজ ৩*; সাউদি ৪-০-২৫-২ , মিল্ন ৩.২-০-২৩-২, সিয়ার্স ৪-০-২৮-২, স্যান্টনার ৪-০-১৬-৪, সোধি ৪-০-১৬-০)
31 Dec 2023, 08:05 AM
দুই প্রান্তেই স্পিন
স্পিন আক্রমণ দিয়ে বোলিং ইনিংস শুরু করল বাংলাদেশ। প্রথম ওভারে তানভির ইসলামের পর দ্বিতীয়টিতে বোলিংয়ে আনা হলো শেখ মেহেদি হাসানকে।
তানভিরের প্রথম ওভারে চার-ছক্কা মেরে ১২ রান নিয়েছেন ফিন অ্যালেন।
31 Dec 2023, 08:05 AM
শুরুতেই মেহেদির আঘাত
নিজের প্রথম ওভারে টিম সাইফার্টকে ফেরালেন শেখ মেহেদি হাসান। রিভার্স সুইপের চেষ্টায় স্টাম্পড হলেন কিউই কিপার-ব্যাটসম্যান।
রিভার্স সুইপ ব্যাটে লাগাতে ব্যর্থ হলে ভারসাম্য হারিয়ে পপিং ক্রিজ থেকে বেরিয়ে যায় সাইফার্টের পা। বল ধরেই স্টাম্প ভেঙে দেন রনি তালুকদার। তখন বাতাসে ছিল সাইফার্টের ব্যাট।
আগের ম্যাচে ঝড় তোলা সাইফার্ট এবার থামলেন ৩ বলে ১ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান ড্যারিল মিচেল।
দুই ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান৷
31 Dec 2023, 08:11 AM
মিচেলকেও ফেরালেন মেহেদি
পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন শেখ মেহেদি হাসান৷ এবার তার শিকার তিন নম্বরে নামা ড্যারিল মিচেল।
অফ স্টাম্পের বাইরে হালকা ঝুলিয়ে দেওয়া বল ইনসাইড আউট শটের চেষ্টা করেন মিচেল। কিন্তু দূরত্ব পাননি। মিড অফে সহজ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।
১ রান করে ফিরেছেন মিচেল। ৪ নম্বরে নেমেছেন গ্লেন ফিলিপস। ১৪ বলে ২২ রানে খেলছেন ফিন অ্যালেন।
চার ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান।
31 Dec 2023, 08:17 AM
ফিলিপসকে বোল্ড করলেন শরিফুল
পাওয়ার প্লেতে নিউ জিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের হাত ধরে তারা নিয়েছে তৃতীয় উইকেট।
পঞ্চম ওভারে শরিফুলের মিডল স্টাম্পে পিচ করে হালকা ভেতরে ঢোকা ডেলিভারির জবাব দিতে পারেননি গ্লেন ফিলিপস। তিনি খোয়ান অফ স্টাম্প।
আগের দুই ব্যাটসম্যানের মতো ফিলিপসও আউট হয়েছেন ১ রানে।
পাঁচ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩০ রান। ফিন অ্যালেন অপরাজিত ১৮ বলে ২৪ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।
31 Dec 2023, 08:25 AM
পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৫ রান
প্রথম ৬ ওভারে নিউ জিল্যান্ডকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে তারা করেছে ৩৫ রান। একই সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৫ রান।
এরই মধ্যে ড্রেসিং রুমে ফিরেছেন টিম সাইফার্ট, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ক্রিজে দুই ব্যাটসম্যান ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যান।
31 Dec 2023, 08:26 AM
রান আউট চ্যাপম্যান
স্বগাতিকদের মরার ওপর যেন খাঁড়ার ঘা! তিন উইকেট হারিয়ে চাপে থাকা নিউ জিল্যান্ড এবার রান আউটে হারাল মার্ক চ্যাপম্যানকে।
সপ্তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ডিপ কভারের দিকে খেলে রানের জন্য ছোটেন ফিন অ্যালেন। দ্বিতীয় রান নেওয়ার সময় পিচের মধ্যেই তার সংঘর্ষ হয় চ্যাপম্যানের সঙ্গে।
অ্যালেন লুটিয়ে পড়েন মাটিতে। চ্যাপম্যান চেষ্টা করলেও পৌছাতে পারেননি নন স্ট্রাইক প্রান্তে। আফিফ হোসেনের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ।
৫ বলে ১ রান করেছেন চ্যাপম্যান। নিউ জিল্যান্ডের আউট হওয়া চার ব্যাটসম্যানই ফিরেছেন ১ রানে।
৭ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান। ২৫ বলে ৩১ রানে অপরাজিত অ্যালেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান জিমি নিশাম।
31 Dec 2023, 08:35 AM
অ্যালেনকে ফেরালেন শরিফুল
দারুণ ডেলিভারিতে বিপজ্জনক হয়ে ওঠা ফিন অ্যালেনকে বোল্ড করলেন শরিফুল ইসলাম। পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে গেল নিউ জিল্যান্ড।
মিডল স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারিতে কোনো জবাব দিতে পারেননি অ্যালেন। ৪ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৩৮ রান করে ফিরলেন তিনি।
এ নিয়ে টানা ছয় ম্যাচে অ্যালেনকে আউট করলেন শরিফুল। আর কোনো বোলারের বোলিংয়ে দুইবারের বেশি আউট হননি অ্যালেন।
৮.৩ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪৯ রান। জয় থেকে এখনও ৬২ রান দূরে তারা। ক্রিজে দুই ব্যাটসম্যান জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।
31 Dec 2023, 08:41 AM
মাঝপথে ৫ উইকেটে ৬৩
দশম ওভারে নাজমুল হোসেন শান্তর ওপরে ঝড় বইয়ে দিলেন জিমি নিশাম। একটি করে চার-ছক্কায় ওভার থেকে নিউ জিল্যান্ড পেল ১৪ রান। যার সৌজন্যে পঞ্চাশ পেরিয়ে অনেকটা পথ এগিয়ে গেল তারা।
১০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৬৩ রান। শেষ দশ ওভারে তাদের করতে হবে ৪৮ রান।
নিশাম ৭ বলে ১৫, মিচেল স্যান্টনার ৫ বলে রানে খেলছেন।
31 Dec 2023, 09:03 AM
বৃষ্টিতে খেলা বন্ধ, এগিয়ে নিউ জিল্যান্ড
আবহাওয়ার পূর্বাভাসে আরও আগেই ছিল বৃষ্টির শঙ্কা। ম্যাচের প্রায় শেষ দিকে নামল তা। বন্ধ হয়ে গেল খেলা।
১৪.৪ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৫ রান। জয়ের জন্য আর ১৬ রান প্রয়োজন তাদের।
ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এখন ১৭ রানে এগিয়ে নিউ জিল্যান্ড। অর্থাৎ বৃষ্টির কারণে আর খেলা শুরু না হলে ১৭ রানে জিতবে তারা।
স্রেফ ৪৯ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে হাল ধরেছেন মিচেল স্যান্টনার ও জিমি নিশাম। দুজনের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দুয়ারে স্বাগতিকরা।
নিশান ২০ বলে ২৮, স্যান্টনার ২০ বলে ১৮ রানে অপরাজিত।
31 Dec 2023, 09:13 AM
শরিফুলের রেকর্ড
ফিন অ্যালেনকে বোল্ড করে টানা ছয় ম্যাচে আউট করেছেন শরিফুল ইসলাম। একইসঙ্গে ছুঁয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নির্দিষ্ট ব্যাটসম্যানকে সবচেয়ে বেশিবার আউট করার রেকর্ড।
তার আগে ভারতের রোহিত শার্মাকে ১২ ম্যাচে ছয়বার আউট করেছেন শ্রীলঙ্কা দুশমন্থ চামিরা। এছাড়া তানজানিয়ার ইভান সেলেমানিকে ১৫ ম্যাচে সমান ছয়বার আউট করেছেন রুয়ান্ডার মার্ক আকায়েজু।
স্রেফ ৯ ম্যাচে চামিরা-আকায়েজুর রেকর্ডে ভাগ বসিয়েছেন শরিফুল।
31 Dec 2023, 09:27 AM
ডিএলএসে জিতল নিউ জিল্যান্ড
বৃষ্টিতে আর শুরু করা গেল না খেলা। ফলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করল নিউ জিল্যান্ড। আরও একবার বছরের শেষ দিন হারল বাংলাদেশ।
১১১ রানের লক্ষ্যে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে নিউ জিল্যান্ড। ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে এগিয়ে থাকায়, এই ব্যবধানেই ম্যাচ জিতল তারা।
স্রেফ ৪৯ রানে ৫ উইকেট নিয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু জিমি নিশাম ও মিচেল স্যান্টনারের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দুয়ারে পৌঁছে যায় স্বাগতিকরা।
নিশাম ২০ বলে ২৮, স্যান্টনার ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
দশম ওভারে নাজমুল হোসেন শান্তর বোলিংয়ে চার ও ছক্কা ১৪ রান নেন নিশাম। ওই ওভার থেকেই ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড। পরে ধীরে সুস্থে দলকে এগিয়ে নেন নিশাম ও স্যান্টনার।
বাংলাদেশের পরাজয়ের মূল দায় নিতে হবে ব্যাটসম্যানদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও কেউই ২০ রান করতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১১০ (সৌম্য ৪, রনি ১০, শান্ত ১৭, হৃদয় ১৬, আফিফ ১৪, শামীম ৯, মেহেদি ৪, রিশাদ ১০, শরিফুল ৪, তানভির ৮, মুস্তাফিজ ৩*; সাউদি ৪-০-২৫-২ , মিল্ন ৩.২-০-২৩-২, সিয়ার্স ৪-০-২৮-২, স্যান্টনার ৪-০-১৬-৪, সোধি ৪-০-১৬-০)
নিউ জিল্যান্ড: ১৪.৪ ওভারে ৯৫/৫ (অ্যালেন ৩৮, সাইফার্ট ১, মিচেল ১, ফিলিপস ১, চ্যাপম্যান ১, নিশাম ২৮*, স্যান্টনার ২০*; তানভির ১-০-১২-০, মেহেদি ৪-০-১৮-২, শরিফুল ৩.৪-০-১৭-২, মুস্তাফিজ ৩-০-১৩-০, রিশাদ ২-০-১৯-০, শান্ত ১-০-১৪-০)
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে জয়ী নিউ জিল্যান্ড
সিরিজ: তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় সমাপ্ত
31 Dec 2023, 09:35 AM
সিরিজ সেরা শরিফুল
বছর জুড়ে দারুণ বোলিং করা শরিফুল ইসলাম বছরের শেষ সিরিজে পেলেন দারুণ স্বীকৃতি। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে তার হাতেই উঠল সিরিজ সেরার পুরস্কার।
প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ম্যান অব দা সিরিজ হলেন তিনি।
প্রথম ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন বাঁহাতি পেসার। বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে তিনি নেন ফিন অ্যালেনের উইকেট। শেষটিতেও ২ শিকার ধরে জয়ের আশা জাগান তিনি।
তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর ৩২ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন শরিফুল। আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে পঞ্চাশ বা তার বেশি উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম বোলার তিনি।