21 Jun 2025, 05:59 PM
রোমাঞ্চের আভাস দিয়ে গল টেস্ট ড্র
শেষ পর্যন্ত ড্র-ই হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী ম্যাচের শেষ দিনে কিছুটা রোমাঞ্চের আভাস জাগালেও ফল বের করে আনতে পারল না বাংলাদেশ। ফলে ২১ টেস্ট পর ড্র-তে শেষ হলো বাংলাদেশের কোনো ম্যাচ।
সবশেষ ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রাম টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। এরপর খেলা ২১ টেস্টের ৭টি জেতে তারা আর হারে অন্য ১৪টি।
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ড্রয়ের দেখা মিলল প্রায় ১২ বছর পর। সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচই অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। এরপর ২৬ টেস্টের প্রতিটিতেই ফল আসে।
ম্যাচের শেষ দিনে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত দিনে ৩ উইকেট হারিয়ে আরও ১০৮ রান যোগ করে ইনিংস ঘোষণা দেয় তারা। শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় ৩৭ ওভারে ২৯৬ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য।
সেটি তাড়ার চেষ্টাও করেনি স্বাগতিকরা। ৩২ ওভারে ৪ উইকেটে ৭২ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।
প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয়বারে করেন অপরাজিত ১২৫ রান। ম্যাচে জোড়া সেঞ্চুরি করে নানান কীর্তির জন্ম দেন বাংলাদেশ অধিনায়ক। ৪৯ রান করে আউট হন মুশফিকুর রহিম।
পরে শ্রীলঙ্কার ইনিংসে চমৎকার বোলিং করেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। প্রথম ইনিংসে হতাশ করা তাইজুল নেন ৩ উইকেট। অন্যটি যায় নাঈমের ঝুলিতে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বুধবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৮৫/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা ২য় ইনিংস: লক্ষ্যে (২৯৬) ৩২ ওভারে ৭২/৪ (নিসাঙ্কা ২৪, উদারা ৯, চান্দিমাল ৬, ম্যাথিউস ৮, কামিন্দু মেন্ডিস ১২*, ধানাঞ্জায়া ১২*; হাসান ৩-০-১৯-০, তাইজুল ১৬-৬-২৩-৩, নাঈম ১৩-৪-২৯-১)
21 Jun 2025, 05:49 PM
ক্যাচ ছাড়লেন মুশফিক
তাইজুল ইসলামের চতুর্থ শিকার হতে পারতেন কামিন্দু মেন্ডিস। কিন্তু মিড অফে বাম দিকে ঝাঁপিয়ে নাগাল পেলেও ক্যাচ নিতে পারেননি মুশফিকুর রহিম। ৭ রানে বেঁচে গেলেন কামিন্দু।
৩০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৬৮ রান। আর বাকি মাত্র ৭ ওভার।
21 Jun 2025, 05:29 PM
চান্দিমালকেও ফেরালেন তাইজুল
পরপর দুই ওভারে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে বিদায় করলেন তাইজুল ইসলাম। অ্যাঞ্জেলো ম্যাথিউসের পর তার শিকার দিনেশ চান্দিমাল।
মিডল স্টাম্প লাইনে পিচ করে টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি ভুল লাইনে ডিফেন্ড করেন চান্দিমাল। তার ব্যাট ঘেঁষে বল আঘাত করে অফ স্টাম্পে।
৪৪ বলে ৬ রান করে ফেরেন চান্দিমাল। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে শ্রীলঙ্কা।
ক্রিজে নতুন ব্যাটসম্যান ধানাঞ্জায়া ডি সিলভা। আরেক ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস।
21 Jun 2025, 05:14 PM
বিদায়ী ইনিংসে তাইজুলের শিকার ম্যাথিউস
ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসটা ভালো গেল না অ্যাঞ্জেলো ম্যাথিউসের। তাইজুল ইসলামের বলে ক্যাচ আউট হয়ে ৮ রানে ফিরলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান।
আগের বলেও ম্যাথিউসের বিরুদ্ধে জোরাল আবেদন করে বাংলাদেশ। তবে গ্লাভসে ছোঁয়ার আগে প্যাডে লাগে বল। আর বলের 'পিচিং' লেগ স্টাম্পের বাইরে হওয়ায় এলবিডব্লিউর হাত থেকেও বেঁচে যান ম্যাথিউস।
তবে ঠিক পরের বলেই ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে সিলি পয়েন্টে সহজ ক্যাচ নেন মুমিনুল হক।
ড্রেসিং রুমে ফেরার আগে বাংলাদেশের ফিল্ডারদের অভিনন্দন ও শুভকামনায় সিক্ত হন ম্যাথিউস।
নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। ৫ রানে খেলছেন দিনেশ চান্দিমাল।
২০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট ৪৭ রান। দিনের বাকি আর ১৭ ওভার।
21 Jun 2025, 04:10 PM
দ্বিতীয় বলেই নাঈমের আঘাত
সপ্তম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন নাঈম হাসান। গতি কমিয়ে করা ডেলিভারি পিচ করার পর কিছুটা থেমে গেলে ধোঁকা খান পাথুম নিসাঙ্কা। আগেই ব্যাট চালিয়ে শর্ট মিড উইকেটে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন শ্রীলঙ্কার ওপেনার।
আগের ইনিংসে সেঞ্চুরি করা নিসাঙ্কা এবার ২৫ বলে করেন ২৪ রান।
নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। টেস্ট ক্রিকেটে এটিই তার শেষ ইনিংস। ক্রিজে আরেক নতুন ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।
21 Jun 2025, 04:10 PM
ফের তাইজুলের শিকার উদারা
অভিষেকে দুই ইনিংসেই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হলেন লাহিরু উদারা।
ষষ্ঠ ওভারে শেষ বলে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন উদারা। বলের নাগাল পাননি তিনি। গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন উইকেটরক্ষক লিটন দাস। ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি।
১৩ বলে দুই চারে ৯ রান করেন উদারা।
৬ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৩২। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী দিনেশ চান্দিমাল।
21 Jun 2025, 03:35 PM
২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সেঞ্চুরি ছুঁয়ে আরও দুই ওভার খেলার পর ইনিংস ঘোষণা করলেন নাজমুল হোসেন শান্ত। এই দুই ওভারে তিনি মারলেন তিনটি ছক্কা। তাতে বাংলাদেশের লিড পৌছে গেল তিনশ রানের কাছে।
পঞ্চম দিন ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কা পেয়েছে ২৯৬ রানের লক্ষ্য। এই রান করার জন্য অন্তত ৩৭ ওভার পাচ্ছে স্বাগতিকরা।
ইনিংস ঘোষণার সময় ১৯৯ বলে তিন ছক্কা ও নয় চারে ১২৫ রানে অপরাজিত ছিলেন শান্ত। নাঈম হাসান ব্যাট করছিলেন ২৩ বলে ৭ রানে।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান ও প্রথম অধিনায়ক হিসেবে কোনো টেস্টে জোড়া সেঞ্চুরি করলেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১৭৭/৩) ৮৭ ওভারে ২৮৫/৬ ডিক্লে. (শান্ত ১২৫, মুশফিক ৪৯, লিটন ৩, জাকের ২, নাঈম ৭*; আসিথা ৮-০-৩১-০, জয়াসুরিয়া ২৯-৩-৯২-১, থারিন্ডু রাত্নায়াকে ২৯-১-১০২-১, মিলান রাত্নায়াকে ১২-৪-২৬-১, ধানাঞ্জায়া ৮-০-২৭-০, কামিন্দু মেন্ডিস ১-০-২-০)
21 Jun 2025, 03:18 PM
জোড়া সেঞ্চুরিতে শান্তর যত রেকর্ড
প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয়বারেও পেলেও তিন অঙ্কের জাদুকরী স্পর্শ। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুবার একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত।
২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার জোড়া সেঞ্চুরি করেন বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ম্যাচে দুই সেঞ্চুরি আছে আর কেবল মুমিনুল হকের, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
দুই বা তার বেশি টেস্টে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৪তম ব্যাটসম্যান শান্ত। সুনিল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের আছে তিন ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি।
অধিনায়ক হিসেবে এটিই শান্তর প্রথম জোড়া সেঞ্চুরি। সব মিলিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটসম্যান শান্ত।
বিদেশের মাঠে অধিনায়ক হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরির তালিকায় অষ্টম শান্ত। শ্রীলঙ্কার মাঠে কোনো বিদেশি অধিনায়কের জোড়া সেঞ্চুরির ঘটনা এটিই প্রথম।
21 Jun 2025, 03:18 PM
শান্তর আরেকটি সেঞ্চুরি
থারিন্ডু রাত্নায়েকের বল রিভার্স সুইপ করেই রানের জন্য ছুটলেন নাজমুল হোসেন শান্ত। ক্রিজের মাঝপথে থাকতেই হেলমেট খুলে শুরু করলেন পরপর দুই ইনিংসে সেঞ্চুরির উদযাপন।
৯ চারে ১৯০ বলে মাইলফলক স্পর্শ করেন শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন তিনি।
৩৬ ম্যাচের ক্যারিয়ারে শান্তর এটি সপ্তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হক (১৩), মুশফিকুর রহিম (১২) ও তামিম ইকবালের (১০)।
চলতি ম্যাচে শান্তর সংগ্রহ এখন পর্যন্ত ২৪৮ রান। এটিও বাংলাদেশের অধিনায়কদের মধ্যে রেকর্ড। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরির ম্যাচে ২০০ রান করে এত দিন রেকর্ডটি ছিল মুশফিকের।
21 Jun 2025, 02:58 PM
টিকলেন না জাকের
পরপর দুই ওভারে দুই উইকেট পেলেন থারিন্ডু রাত্নায়েকে। স্টাম্পড হয়ে ফিরলেন জাকের আলি। ৭ বলে তিনি করলেন ২ রান।
নতুন ব্যাটসম্যান নাঈম হাসান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ৯৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।
21 Jun 2025, 02:53 PM
ফের জীবন পেলেন শান্ত
প্রাবাথ জায়াসুরিয়ার বলে সুইপ করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু স্কয়ার লেগ ফিল্ডারকে পার করতে পারলেন না। তবে ডান দিকে ঝাঁপিয়ে নাগাল পেলেও ক্যাচটি নিতে পারেননি লাহিরু উদারা।
প্রথম দফায় ৬৬ রানে বেঁচে যাওয়ার পর এবার ৯০ রানে জীবন পেলেন শান্ত।
৭৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান।
21 Jun 2025, 02:52 PM
অল্পেই লিটনের বিদায়
লম্বা বিরতির পর খেলা শুরু হওয়ার পয় বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন কুমার দাস। থারিন্ডু রাত্নায়েকের বলে বোল্ড হয়ে ফিরলেন ৩ রান করা কিপার-ব্যাটসম্যান।
নতুন ব্যাটসম্যান জাকের আলি। ৯০ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।
৭৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪১ রান।
21 Jun 2025, 02:31 PM
২টা ৪০ মিনিটে শুরু খেলা
প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে আবার শুরু হবে খেলা। শেষ দিনের বাকি সময়ে আর ৫০ ওভার খেলা হতে পারে।
চা বিরতি নেওয়া হবে বাংলাদেশ সময় ৪টা ১০ মিনিটে।
21 Jun 2025, 01:02 PM
গলে বৃষ্টির রাজত্ব
মাঝে একটু সময়ের জন্য থেমেছিল বৃষ্টি, সরানোর হচ্ছিল কাভার। মনে হচ্ছিল খেলা শুরু সময়ের ব্যাপার। কিন্তু এরপর শুরু হল তুমুল বৃষ্টি।
খেলা শুরু হতে নিশ্চিতভাবেই লম্বা সময় অপেক্ষা করতে হবে। বৃষ্টি থামার পর অন্তত এক ঘণ্টা সময় প্রয়োজন হবে খেলা শুরু করার জন্য।
21 Jun 2025, 11:43 AM
মুশফিকের রান আউটের পর বৃষ্টির বাগড়া
প্রবাথ জয়াসুরিয়ার বলে দ্রুত সিঙ্গেল নিয়ে পঞ্চাশ ছুঁতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু একটুর জন্য পারলেন না তিনি। থারিন্ডু রাত্নায়াকের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন মুশফিক। ভাঙল ১৯১ বল স্থায়ী ১০৯ রানের জুটি।
১০২ বলে চারটি চারে ৪৯ রান করেন মুশফিক।
তার বিদায়ের পরপরই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে গেছে খেলা।
৭৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৭ রান। ৮৯ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।
21 Jun 2025, 11:38 AM
শান্ত-মুশফিকের রেকর্ড
প্রথম ইনিংসে ২ রানের জন্য জুটির রেকর্ড গড়তে পারেননি মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। সেবার ২৬৪ রানের বন্ধনের পর এবার দ্বিতীয় ইনিংসে তারা গড়েছেন ১০৯ জুটি।
এই প্রথম বাংলাদেশের দুই ব্যাটসম্যান একই ম্যাচে গড়েছেন দুটি শতকছোঁয়া জুটি। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে এটি ৫১তম ঘটনা।
বাংলাদেশের বিপক্ষে এমন হয়েছে তিনবার।
21 Jun 2025, 11:16 AM
শান্ত-মুশফিকের জুটিতে একশ
প্রথম ইনিংসে ২৬৪ রানের জুটি উপহার দেওয়া নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম গড়েছেন আরেকটি বড় জুটি।
বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কের জুটি তিন অঙ্ক স্পর্শ করেছে ১৬৭ বলে। পঞ্চাশে পথে এগিয়ে যাচ্ছেন মুশফিক, ম্যাচে আরেকটি সেঞ্চুরির পথে শান্ত।
৭২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২২৮। ৯১ বলে চারটি চারে ৪৬ রানে খেলছেন মুশফিক। ১৫৫ বলে নয় চারে ৮৩ রানে ব্যাট করছেন শান্ত।
21 Jun 2025, 10:42 AM
দিনের শুরুতে বাঁচলেন শান্ত
থারিন্ডু রাত্নায়েকের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় অল্পের জন্য ক্যাচ আউট হওয়া থেকে বেঁচে গেলেন নাজমুল হোসেন শান্ত।
রিভার্স সুইপ করতে দেখে সিলি মিড অফ থেকে ডান দিকে সরে যান লাহিরু উদারা। পরে দুই হাতে বলের নাগাল পেলেও, বেশ গতি থাকায় জমাতে পারেননি উদারা। বিপদ ঘটেনি ৬৬ রানে থাকা শান্তর।
৬৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৬ রান। লিড এখন ২০৬ রানের।
শান্ত ৬৬ ও মুশফিকুর রহিম ৩১ রানে খেলছেন।
21 Jun 2025, 10:33 AM
দুইশ ছাড়াল লিড
দিনের প্রথম চার ওভারে তৃতীয় বাউন্ডারিতে দুইশ ছাড়াল বাংলাদেশের লিড।
পরপর দুই ওভারে মিলান রাত্নায়াকের প্রথম বলে বাউন্ডারি মারলেন নাজমুল হোসেন শান্ত। থারিন্ডু রাত্নায়াকের বলে অন্য বাউন্ডারটি মেরেছেন মুশফিকুর রহিম।
৬১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯১। ৬৬ রানে খেলছেন শান্ত, ২৬ রানে ব্যাট করছেন মুশফিক।
21 Jun 2025, 10:25 AM
শান্ত-মুশফিকের জুটিতে পঞ্চাশ
ইতিবাচক শুরু করেছে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে মুশফিকুর রহিমের বাউন্ডারিতে জুটির রান ছুঁয়েছে পঞ্চাশ, ৮২ বলে।
পরের ওভারে মিলান রাত্নায়াকের প্রথম বলে বাউন্ডারি মেরেছেন নাজমুল হোসেন শান্ত।
৫৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৮৬।
21 Jun 2025, 10:04 AM
শেষ দিনে ম্যাচ যেখানে দাঁড়িয়ে
সম্ভাব্য তিনটি ফলের হাতছানি নিয়ে শুরু হচ্ছে পঞ্চম ও শেষ দিনের খেলা।
চতুর্থ দিন প্রথম সেশন শেষে খুব ভালো অবস্থানে ছিল শ্রীলঙ্কা। সেখান থেকে নাঈম হাসানের স্পিনে ঘুরে দাঁড়িয়ে লিড নেয় বাংলাদেশ। সাদমান ইসলাম ও নাজমুল হোসেনের ফিফটিতে এখন প্রায় দুইশ রানে এগিয়ে সফরকারীরা।
চতুর্থ দিনের খেলা শেষে ৫৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৭। শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ানের জুটিতে এসেছে ৪৯ রান।
বাংলাদেশের লিড এখন ১৮৭।
গলের উইকেট এখনও খুব একটা ভাঙেনি। ব্যাটিং এখনও খুব কঠিন নয়। তাই ইনিংস ছেড়ে দেওয়ার আগে নিজেদের নিরাপদ জায়গাতেই নিয়ে যেতে চাইবে বাংলাদেশ। সেক্ষেত্রে রান তাড়ার জন্য শ্রীলঙ্কা ও তাদের অলআউটের জন্য সফরকারীরা যথেষ্ট ওভার নাও পেতে পারে।
এই পরিস্থিতিতে সম্ভাব্য ফলের বিবেচনায় এগিয়ে ড্র। তবে প্রথম চার দিনে কয়েকবার রং পাল্টেছে গল টেস্ট। শেষ দিনে এমন আরেকটি বাঁক বদলে রোমাঞ্চকর সমাপ্তির দিকে এগিয়ে যেতে পারে ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭৭/৩ (সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪, শান্ত ৫৬*, মুশফিক ২২*; আসিথা ৮-০-৩১-০, জয়াসুরিয়া ১৭-১-৪৮-১, থারিন্ডু রাত্নায়াকে ১৪-০-৫১-১, মিলান রাত্নায়াকে ৯-৪-১৩-১, ধানাঞ্জায়া ৮-০-২৭-০, কামিন্দু মেন্ডিস ১-০-২-০)