০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি

03 Sep 2025, 09:47 PM

বৃষ্টিতে ভেসে গেল ম‍্যাচ

লম্বা সময় অপেক্ষার পরও খেলা শুরু করা সম্ভব হল না। বরং আরও জোরেশোরে নামল বৃষ্টি। এতে ভেসে গেল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ সিরিজ জিতল ২-০ ব‍্যবধানে। তিন ম‍্যাচের দুটিতে অর্ধশত করা লিটন দাস জিতলেন সিরিজ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৮.২ ওভারে ১৬৪/৪ (সাইফ ১২, লিটন ৭৩, হৃদয় ৯, শামীম ২১, জাকের ২০*, সোহান ২২*; আরিয়ান ৩.২-০-১৮-০, ক্লেইন ৪-০-৫৩-৩, ডোরাম ৪-০-৪৫-০, মিকেরেন ৩-০-২৭-০, প্রিঙ্গল ৪-০-১৮-১)

03 Sep 2025, 08:42 PM

বৃষ্টিতে ফের খেলা বন্ধ

বাংলাদেশের ইনিংসের শেষ পর্যায়ে ফিরে এলো বৃষ্টি। তাতে বন্ধ হয়ে গেল খেলা।

১৮.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৪। ১১ বলে দুই ছক্কায় ২২ রানে খেলছেন নুরুল হাসান সোহান। ১৩ বলে একটি করে ছক্কা ও চারে জাকের আলির রান ২০।

আরিয়ান দত্তের ওভারের প্রথম বলে রিভিউ নিয়ে বাঁচেন জাকের। এক বল পর বৃষ্টির বেগ বাড়লে খেলা বন্ধ হয়ে যায়।

03 Sep 2025, 08:35 PM

রিভিউ নিয়ে বাঁচলেন জাকের

আরিয়ান দত্তের বল লেগে খেলতে চেয়েও পারেননি জাকের আলি। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে গেলেন মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

অফ স্পিনার আরিয়ানের বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। তাই টিকে যান জাকের।  

03 Sep 2025, 08:30 PM

দ্বিতীয় রিভিউও হারাল নেদারল‍্যান্ডস

ইনিংসের শেষ পর্যায়ে এসে দ্বিতীয় ও শেষ রিভিউ হারিয়েছে নেদারল‍্যান্ডস।

কাইল ক্লেইনের প্রথম বলে সীমানায় ক‍্যাচ দিয়েও বেঁচে যান নুরুল হাসান সোহান। সোহান ক‍্যাচ নেওয়ার পর ছুঁয়ে ফেলেন সীমানা। পরের বলে বোলারের মাথার উপর দিয়ে সোহান মারেন আরেকটি ছক্কা।

তৃতীয় বলে র‍্যাম্প স্কুপের চেষ্টায় ব‍্যাটে খেলতে পারেননি সোহান। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন স্কট এডওয়ার্ডস। ইম্প‍্যাক্ট অফ স্টাম্পের বাইরে হওয়ায় রিভিউ হারায় সফরকারীরা। স্ট্রাইক পেয়ে ছক্কা মারেন জাকের আলি।

তিন ছক্কায় ওভার থেকে আসে ২২ রান।

১৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৩।

03 Sep 2025, 08:12 PM

৩ বলের মধ‍্যে ফিরলেন লিটন-শামীম

দুইবার জীবন পাওয়া লিটন দাস ফিরলেন ৭৩ রানে। বাংলাদেশ অধিনায়কের বিদায়ে ভাঙল ৩৫ বল স্থায়ী ৪৪ রানের জুটি।

কাইল ক্লেইনের বলে জায়গা করে নিয়ে তুরে মেরেছিলেন লিটন। কিন্তু টাইমিং করতে পারেননি। মিড অফে ক‍্যাচ নেন মাক্স ও’ডাউড।

৪৬ বলে চারটি ছয় ও ছয়টি চারে ৭৩ রান করেন লিটন।

এক বল পর বাউন্সার ঠিকমতো সামলাতে না পেরে কিপার স্কট এডওয়ার্ডসের গ্লাভসে ধরা পড়েন শামীম। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান ১৯ বলে এক চারে করেন ২১ রান।

১৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৭। ক্রিজে নতুন দুই ব‍্যাটসম‍্যান নুরুল হাসান সোহান ও জাকের আলি।

03 Sep 2025, 08:00 PM

ফের জীবন পেলেন লিটন

আরও একবার বেঁচে গেলেন লিটন দাস। আরিয়ান দত্তের বলে তার কঠিন ক‍্যাচ নিতে পারলেন না টিম প্রিঙ্গল।

কাভারে বাম দিকে সরে গিয়ে দুই হাতেই বল নিয়েছিলেন ফিল্ডার। কিন্তু শেষ পর্যন্ত মুঠোয় ধরে রাখতে পারেননি। সে সময় ৬৭ রানে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে ৩৭ রানে শারিজ আহমাদের হাতে জীবন পেয়েছিলেন তিনি।

১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৪। ৪২ বলে ৭১ রানে ব‍্যাট করছেন লিটন। ১৫ বলে ১৬ রানে খেলছেন শামীম হোসেন।

03 Sep 2025, 07:43 PM

মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ

বৃষ্টির আগে-পরে দুই রকম ক্রিকেট খেলছে বাংলাদেশ। খেলা বন্ধ হওয়ার আগে ৪.১ ওভারে স্বাগতিকদের রান ছিল ১ উইকেটে ৬০। সেখান থেকে ১০ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৯। মাঝের ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে তারা যোগ করেছে কেবল ২৯ রান।

৩২ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৫৪ রানে খেলছেন লিটন দাস। ৭ বলে এক চারে শামীম হোসেনের রান ১০।    

03 Sep 2025, 07:38 PM

টিকলেন না হৃদয়

ক্রিজে গিয়ে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না তাওহিদ হৃদয়। তার ভোগান্তি শেষ হল বড় শট খেলার চেষ্টায়।

টিম প্রিঙ্গলের ডেলিভারি বেরিয়ে এসে উড়ানোর চেষ্টায় সফল হননি হৃদয়। অনেক উপরে উঠে যাওয়া বল লং অনে মুঠোয় নেন ভিক্রামজিৎ সিং। ভাঙে ৩২ বল স্থায়ী ৩৮ রানের জুটি।

এক বল পর শামীম হোসেনের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হয় নেদারল‍্যান্ডস। সফরকারীরা হারায় প্রথম রিভিউ।

৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮২।

03 Sep 2025, 07:32 PM

ছক্কায় লিটনের পঞ্চাশ, ছাড়ালেন সাকিবকে

বৃষ্টির পর বাউন্ডারি পাচ্ছিলেন না স্বাগতিক ব‍্যাটসম‍্যানরা। ছক্কায় গা ঝাড়া দিলেন লিটন দাস, ২৭ বলে পৌঁছালেন পঞ্চাশে।

সিরিজে এটি লিটনের দ্বিতীয় পঞ্চাশ, টি-টোয়েন্টি ক‍্যারিয়ারে চতুর্দশ। এই ইনিংসে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ এখন তার। সাবেক অধিনায়ক সাকিবের পঞ্চাশ ১৩টি।

৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৭। ২৯ বলে লিটনের রান ৫২। ১২ বলে হৃদয়ের রান ৯।

03 Sep 2025, 07:22 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৬৭/১

বৃষ্টির বাগড়ায় খেলা শুরুর পর কমেছে বাংলাদেশের রানের গতি। পাওয়ার প্লের শেষ ১১ বলে তারা যোগ করতে পেরেছে কেবল ৭ রান।

তবে আগের ঝড়ো ব‍্যাটিংয়ে পাওয়ার প্লেতে বড় সংগ্রহই পেয়েছে বাংলাদেশ। ৬ ওভারে স্বাগতিকদের রান ১ উইকেটে ৬৭। ২২ বলে ৪৫ রানে খেলছেন লিটন দাস। ৭ বলে তাওহিদ হৃদয়ের রান ৬।

03 Sep 2025, 07:16 PM

৩৫ মিনিট পর শুরু খেলা

বৃষ্টির বাগড়ায় ৩৫ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হলো খেলা। ফ্লাড লাইট বিভ্রাট ও বৃষ্টি মিলিয়ে ৪০ মিনিটের বেশি সময় নষ্ট হলেও কমেনি ওভার।

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬১।

03 Sep 2025, 06:46 PM

বৃষ্টিতে খেলা বন্ধ

আরও একবার খেলা বন্ধ হয়ে গেল সিলেটে। আগেরবার ফ্লাইড লাইট বিভ্রাটে খেলা চালানো সম্ভব ছিল না। এবার বাগড়া দিল বৃষ্টি। 

৪.১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬০। সিরিজে দ্বিতীয় ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪২ রানে ব‍্যাট করছেন লিটন দাস। ৩ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

03 Sep 2025, 06:43 PM

জীবন পেলেন লিটন

ফ্লাড লাইট বিভ্রাটে ৭ মিনিট বিরতির পর ফের খেলা শুরু হলে ফ্রি হিটে চার মারেন লিটন দাস। কাইল ক্লেইনের পরের বলেই ফিরে যেতে পারতেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সীমানায় সামনের দিকে ডাইভ দিয়ে তার ক‍্যাচ নিতে পারেননি শারিজ আহমাদ।

এর আগে সাইফ হাসানকেও সীমাতেই জীবন দিয়েছিলেন শারিজ।

হার্ড লেংথ বলে ঠিকঠাক পুল করতে পারেননি লিটন। বল যায় ডিপ ব‍্যাকওয়ার্ড স্কয়ার লেগে। সেখানে ডাইভ দিয়ে হাতে নিয়েও রাখতে পারেননি ফিল্ডার শারিজ। সে সময় ৩৭ রানে ছিলেন লিটন।

৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৬। ১৫ বলে ৩৮ রানে খেলছেন লিটন। ২ বলে তাওহিদ হৃদয়ের রান ৩।

03 Sep 2025, 06:22 PM

বাজে শটে বোল্ড সাইফ

জীবন পেয়েও তেমন কিছু করতে পারলেন না সাইফ হাসান। টেলএন্ডারের মতো ব‍্যাট চালিয়ে বোল্ড হয়ে গেলেন তিনি।

কাইল ক্লেইনের গুড লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি সাইফ। জায়গায় দাড়িয়ে লেগে ঘুরানোর চেষ্টায় সফল হননি। বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ১৯ বল স্থায়ী ৩৯ রানের উদ্বোধনী জুটি।

৮ বলে দুই চারে সাইফ করেন ১২ রান।

৩.১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৯। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।

03 Sep 2025, 06:18 PM

লিটনের ব‍্যাটে ঝড়

প্রথম দুই ওভারে ৫ বলে লিটন দাস করলেন ৫ রান। তৃতীয় ওভারে তিনি ড‍্যানিয়েল ডোরামের উপর। তিন চার, এক ছক্কা ও দুটি ডাবলসে তিনি নিলেন ২২ রান। উড়ন্ত সূচনা পেল বাংলাদেশ।

৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩৯। ১১ বলে ২৭ রানে খেলছেন লিটন। ৭ বলে সাইফ হাসানের রান ১২।

03 Sep 2025, 06:09 PM

শুরুতেই জীবন পেলেন সাইফ

তানজিদ হাসান ও পারভেজ হোসেন না থাকায় নতুন উদ্বোধনী জুটি অনিবার্যই ছিল। লিটন দাসের সঙ্গে ইনিংস উদ্বোধন করার সুযোগ পেলেন সাইফ হাসান। প্রথম ওভারেই জীবন পেলেন তিনি।

আরিয়ান দত্তর বলে স্লগ সুইপ করে সীমানায় ক‍্যাচ দেন সাইফ। কিন্তু নিচু হয়ে ক‍্যাচ নিতে পারেননি শারিজ আহমাদ। সে সময় ৬ রানে ছিলেন সাইফ।

১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮।

03 Sep 2025, 05:47 PM

নেদারল‍্যান্ডস দলে এক পরিবর্তন

একটি পরিবর্তন এনেছে নেদারল‍্যান্ডস। আগের ম‍্যাচের ব‍্যর্থতায় দলে জায়গা হারিয়েছেন সিকান্দার জুলফিকার। তার জায়গায় একাদশে ফিরেছেন টিম প্রিঙ্গল।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল।

03 Sep 2025, 05:42 PM

বাংলাদেশ দলে পাঁচ পরিবর্তন

শেষ ম‍্যাচে স্কোয়াডের সবাইকে খেলার সুযোগ দিচ্ছে বাংলাদেশ। একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান, দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।

সিরিজে প্রথমবার খেলছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম‍্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

03 Sep 2025, 05:35 PM

টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ ম‍্যাচে এসে টস জিতলেন স্কট এডওয়ার্ডস। নেদারল‍্যান্ডস অধিনায়ক নিলেন ফিল্ডিং। এতে সিরিজে প্রথমবার আগে ব‍্যাট করবে বাংলাদেশ।

03 Sep 2025, 05:11 PM

আরেকটি জয়ের লক্ষ‍্যে বাংলাদেশ

প্রত‍্যাশিত দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়া কাপের জন‍্য প্রস্তুতির পাশাপাশি আরেকটি বড় জয়ে নেদারল‍্যান্ডসকে হোয়াইওয়াশ করার লক্ষ‍্য লিটন দাসদের।

সিলেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। 

প্রথম ম‍্যাচ ৮ উইকেটে জিতে সিরিজ শুরু করে বাংলাদেশ, পরেরটিতে জেতে ৯ উইকেটে। দুই ম‍্যাচের কোনোটিতেই লড়াই করতে পারেনি নেদারল‍্যান্ডস। 

মূল কাজটা করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। লক্ষ‍্য ছোট থাকায় ব‍্যাটসম‍্যানদের খুব একটা চ‍্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। প্রথম চার ব‍্যাটসম‍্যানের বাইরে কেউ এখনও ব‍্যাটিংয়ের সুযোগই পাননি।