সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২
নিউ জিল্যান্ড: (লক্ষ্য ১৫ ওভারে ১০৩) ১১.৪ ওভারে ১০৪/৪
02 May 2026, 06:32 PM
৬ উইকেটে হার
ব্যাটিং ভালো হলো না একদমই। বোলিংয়ে শুরুটা ভালো হল, প্রথম পাঁচ ওভারে মিলল চার উইকেট। তবে ষষ্ঠ ওভারে বেভন জ্যাকবস পাল্টা আক্রমণ শুরুর পর যেন উড়ে গেল সব প্রতিরোধ। সহজেই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেল নিউ জিল্যান্ড।
ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধিতিতে ৬ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে সফরকারীরা।
বাংলাদেশের ১০২ রান ২০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে নিউ জিল্যান্ড।
৩১ বরে তিন ছক্কা ও পাঁচ চারে ৬২ রানে অপরাজিত ছিলেন জ্যাকবস। তার সঙ্গে ৪০ বরে ৭১ রানের জুটিতে ডিন ফক্সক্রফটের অবদান ১৫ বলে এক চারে ১৫।
সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ, পরেরটি ভেসে যায় বৃষ্টিতে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (সাইফ ১৬, তানজিদ ৬, লিটন ২৬, পারভেজ ০, হৃদয় ৩৩, শামীম ৩, মেহেদি ৭*, সাইফ উদ্দিন ০, রিশাদ ৫, শরিফুল ৫, রিপন ০; ফক্সক্রফট ২-০-১৭-০, স্মিথ ২-০-১৪-২, সিয়ার্স ২.২-০-১২-২, লেনক্স ৩-০-২৮-১, সোধি ৩-০-২২-১, ক্লার্কসন ২-০-৯-৩)
নিউ জিল্যান্ড: (লক্ষ্য ১৫ ওভারে ১০৩) ১১.৪ ওভারে ১০৪/৪ (রবিনসন ২৩, ক্লার্ক ১, ক্লেভার ১, কেলি ১, জ্যাকবস ৬২*, ফক্সক্রফট ১৫*; মেহেদি ৩-০-২০-১, শরিফুল ৩-০-১৯-৩, রিপন ২-০-২৭-০, রিশাদ ২.৪-০-৩১-০, সাইফ উদ্দিন ১-০-৭-০)
02 May 2026, 06:28 PM
ছক্কায় জ্যাকবসের পঞ্চাশ
আগের ওভারে ক্যাচ ছাড়লেন শেখ মেহেদি হাসান। নিজের বলে বেভন জ্যাকবসের ক্যাচ নিতে পারলেন না এই অফ স্পিনার।
৪৫ রানে বেঁচে যাওয়া জ্যাকবস ফিরতে পারতেন পরের ওভারে।
রিশাদ হোসেনের বলে সীমানায় সহজ ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান। উল্টো তার হাতে লেগে হয়ে যায় ছয়। টি-টোয়েন্টিতে নিজের প্রথম পঞ্চাশের দেখা যান জ্যাকবস ২৯ বলে।
পরের দুই বলে চার ও ছক্কায় ম্যাচ শেষ করে দেন তিনি।
02 May 2026, 06:23 PM
জ্যাকবস-ফক্সক্রফটের জুটিতে পঞ্চাশ
পাল্টা আক্রমণে জুটি গড়েছেন বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট। পঞ্চম উইকেটে ৩০ বলে তাড়া গড়েছেন পঞ্চাশ রানের জুটি।
দ্রুত ৪ উইকেট হারানো নিউ জিল্যান্ড জয়ের পথে এগিয়ে গেছে এই জুটিতে।
১০ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ৮৩ রান। ১১ বলে এক চারে ১২ রানে খেলছেন ফক্সক্রফট। রানের গতি বাড়ানোর কাজটা করেছেন মূলত জ্যাকবস। ২৫ বলে এক ছক্কা ও চারটি চারে তিনি করেছেন ৪৪ রান।
02 May 2026, 06:11 PM
ডিআরএস নেই!
মোহাম্মদ সাইফ উদ্দিনের লেগ স্টাম্প ঘেঁষে করা বল ডিন ফক্সক্রফট ঠিকঠাক খেলতে পারলেন না। বোলারের সঙ্গে কথা বলে কট বিহাইন্ডের রিভিউ নিলেন লিটন দাস।
কিছুক্ষণ অপেক্ষার পর বাংলাদেশ অধিনায়ককে আম্পায়ার জানালেন, আপাতত ডিআরএস ‘অ্যাভেলেইবল’ নয়। তাই রিভিউয়ে লিটন সফল না ব্যর্থ হতেন সেটা জানা গেল না।
৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ৬১। জয়ের জন্য শেষ ৭ ওভারে ৪২ রান চাই সফরকারীদের।
02 May 2026, 05:58 PM
কেলিকে দ্রুত ফেরালেন মেহেদি
পঞ্চম ওভারে আক্রমণে ফিরে সাফল্য পেলেন শেখ মেহেদি হাসান। অফ স্পিনারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন নিক কেলি।
ক্রিজের গভীরে গিয়ে খেলছিলেন নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক। স্কিড করা ডেলিভারি শেষ মুহূর্তে কাট করতে গিয়ে ঠিকভাবে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে বেলসে!
৫ বলে ১ রান করেন কেলি।
৫ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ৩৩। ক্রিজে বেভন জ্যাকবসের সঙ্গী ডিন ফক্সক্রফট।
02 May 2026, 05:51 PM
রোমাঞ্চকর ম্যাচে নিগার-শারমিনদের হার
দেশের আরেক প্রান্তে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। শ্রীলঙ্কার বিপক্ষে হারের বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি তারা।
সিলেটে শনিবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের ৮৭ রান তাড়ায় বাংলাদেশ ৬ উইকেটে করে ৮৪ রান। শেষ ওভারে ১৪ রানের প্রয়োজনে ১০ রান তুলতে পারে স্বাগতিকরা, হেরে যায় ৩ রানে।
তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হল বাংলাদেশের মেয়েরা।
02 May 2026, 05:51 PM
শরিফুলের দারুণ ডেলিভারিতে বোল্ড রবিনসন
রিপন মন্ডলের আগের ওভারে চার-ছক্কা মারা টিম রবিনসন চড়াও হতে চাইলেন শরিফুল ইসলামের উপর। বেরিয়ে এসে বাঁহাতি পেসারের উপর চড়াও হওয়ার চেষ্টায় বোল্ড হয়ে গেলেন কিউই পেসার।
স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি রবিনসন। লেট মুভমেন্টের কোনো জবাবও জানা ছিল না তার। বল আঘাত হানে মিডল স্টাম্পে।
১৪ বলে দুই চার ও এক ছক্কায় ২৩ রান করেন রবিনসন।
শরিফুলের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন বেভন জ্যাকবস।
৪ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ২৬।
02 May 2026, 05:38 PM
শরিফুলের জোড়া আঘাত
দ্বিতীয় ওভারে নিউ জিল্যান্ডের শুরুর জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের দারুণ ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন কাটেনে ক্লার্ক।
অফ স্টাম্পের একটু বাইরের বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি ক্লার্ক। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
২ বলে ক্লার্ক করেন ১ রান।
নতুন ব্যাটসম্যান ডেন ক্লেভার ফিরতে পারতেন শূন্য রানে। কিন্তু থ্রো স্টাম্পে রাখতে পারেননি রিশাদ হোসেন।
তবে সেই ওভারেই ফেরেন ক্লেভার। বেরিয়ে এসে পুল করার চেষ্টায় সফল হননি তিনি। কট বিহাইন্ডের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন লিটন দাস।
তাতে পাল্টায় সিদ্ধান্ত। ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।
৩ বলে ১ রান করেন ক্লেভার।
২ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ১২। ক্রিজে টিম রবিনসনের সঙ্গী নিক কেলি।
02 May 2026, 05:21 PM
১০২ রানেই শেষ বাংলাদেশ
নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় পুরো ১৫ ওভারও টিকল না বাংলাদেশ। চার বল বাকি থাকতে অলআউট হয়ে গেল লিটন দাসের দল।
১৫তম ওভারের প্রথম দুই বলে শরিফুল ইসলাম ও রিপন মন্ডলকে বোল্ড করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন বেন সিয়ার্স।
নিচু ফুলটস বল ঠিকঠাক খেলতে পারেননি শরিফুল। ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে।
স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি রিপন। তেড়েফুড়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। ম্যাচে স্বাগতিকদের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি পেলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য ১৫ ওভারে ১০৩ রানের লক্ষ্য পেল নিউ জিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (সাইফ ১৬, তানজিদ ৬, লিটন ২৬, পারভেজ ০, হৃদয় ৩৩, শামীম ৩, মেহেদি ৭*, সাইফ উদ্দিন ০, রিশাদ ৫, শরিফুল ৫, রিপন ০; ফক্সক্রফট ২-০-১৭-০, স্মিথ ২-০-১৪-২, সিয়ার্স ২.২-০-১২-২, লেনক্স ৩-০-২৮-১, সোধি ৩-০-২২-১, ক্লার্কসন ২-০-৯-৩)
02 May 2026, 05:12 PM
রান আউট রিশাদ
অসম্ভব একটি দুই রানের চেষ্টায় রান আউট হলেন রিশাদ হোসেন। বাংলাদেশ হারাল অষ্টম উইকেট।
ফিল্ডারের থ্রো ধরে ডেন ক্লেভার বেলস ফেলে দেওয়ার সময় অনেক দূরে ছিলেন রিশাদ। ৪ বলে তিনি করেন ৫ রান।
১৪ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১০২। ক্রিজে শেখ মেহেদি হাসানের সঙ্গী শরিফুল ইসলাম।
02 May 2026, 05:10 PM
হৃদয়-সাইফের বিদায়ে বিপদে বাংলাদেশ
ফের খেলা শুরু হওয়ার পর নিয়মিত উইকেট হারাচ্ছে বাংলাদেশ। কিপারের ব্যর্থতায় একবার বেঁচে যাওয়া তাওহিদ হৃদয়ও যোগ দিলেন যাওয়া-আসার মিছিলে।
জশ ক্লার্কসনের বলে ডিপ মিডউইকেট দিয়ে তুলে মারেন হৃদয়। ডিপ মিডউইকেটে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন টিম রবিনসন।
পরের বলটি ক্লার্কসন করেন ওয়াইড।
এরপর মেলে আরেকটি সাফল্য। ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে বল মুঠোয় নেন রবিনসন।
ক্যাচ হয়েছে কিনা নিশ্চিত ছিলেন না তিনি। নিজেই তৃতীয় আম্পায়ারের জন্য সিগনাল দেন। কয়েকবার দেখেও নিশ্চিত হওয়ার উপায় ছিল না, ফিল্ডারের আঙুল বলের নিচে ছিল কিনা। তবুও তৃতীয় আম্পায়ার সাইফ উদ্দিনকে আউট দেন!
১৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৯৪। ক্রিজে শেখ মেহেদি হাসানের সঙ্গী রিশাদ হোসেন।
02 May 2026, 04:59 PM
টিকলেন না শামীম
এবার তেমন কিছু করতে পারলেন না শামীস হোসেন। ইশ সোধির ফুলটস বলে রিভার্স সুইপ করে ধরা পড়লেন সীমানায়।
ডিপ পয়েন্টে সহজ ক্যাচ নিলেন বেভন জ্যাকবস।
৮ বলে ৩ রান করেন শামীম।
পরের বলে আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নিয়ে বাঁচলেন শেখ মেহেদি হাসান। তার ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।
১২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৮৮।
02 May 2026, 04:50 PM
কিপারের ভুলে বাঁচলেন হৃদয়
অসম্ভব একটি রানের চেষ্টা করতে গিয়ে বিপদ প্রায় ডেকেই এনেছিলেন তাওহিদ হৃদয়। কিপারের ভুলে বেঁচে গেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
পয়েন্টের ফিল্ডার থ্রো করার সময় অনেক দূরে ছিলেন হৃদয়। ডাইভ দিয়েও সময় মতো ‘পৌঁছাতে পারেননি’ তিনি। কিন্তু বল গ্লাভসে নেওয়ার আগেই বেলস ফেলে দেন কিপান ডেন ক্লেভার! তাতে বেঁচে যান হৃদয়।
সে সময় ১৫ রানে ছিলেন হৃদয়।
১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭২।
02 May 2026, 04:45 PM
লিটনকেও হারাল বাংলাদেশ
বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে ৫ ওভার। ১৫ ওভারে নেমে আসা ম্যাচের মাঝামাঝি সময়ে রানের গতি বাড়ানোর চেষ্টায় ফিরলেন লিটন দাস।
জশ ক্লার্কসনের বলে বেরিয়ে এসে বড় শটের খেলায় সফল হলেন না বাংলাদেশ অধিনায়ক। সুইপার কাভারে সহজ ক্যাচ নিলেন বেভন জ্যাকবস। ভাঙল ২২ বল স্থায়ী ২৮ রানের জুটি।
১৭ বলে তিন চার ও এক ছক্কায় ২৬ রান করেন লিটন।
৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।
02 May 2026, 04:26 PM
বৃষ্টিতে কমল ৫ ওভার
খেলা শুরু হবে বেলা সাড়ে চারটায়। ম্যাচের দৈর্ঘ্য নেমে এলো ১৫ ওভারে।
পাওয়ার প্লে জবে ৪.৩ ওভার। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন।
02 May 2026, 04:04 PM
সরানো হল কাভার, সোয়া ৪টায় পর্যবেক্ষণ
মাঠের সব কাভার সরানো হয়েছে। সুপার সপার মাঠ জুড়ে কাজ করছে। মাঠ শুকানোর শেষ সময়ের কাজ চলছে জোরেশোরে।
সোয়া চারটায় মাঠ পর্যবেক্ষন করবেন আম্পায়াররা।
নতুন করে বৃষ্টি না নামলে খেলা শুরু হতে বেশি দেরি নেই।
02 May 2026, 03:25 PM
বৃষ্টি থেমেছে
কিছুক্ষণের ভারী বর্ষণের পর থামল বৃষ্টি। কিছুটা রোদের দেখাও মিলল। তবে খেলা শুরু করার মতো পরিস্থিতি এখনও হয়নি।
শুরু হয়েছে কাভার সরানোর কাজ। মাঠ শুকাতে কাজ করছে সুপার সপার।
02 May 2026, 03:25 PM
তুমুল বৃষ্টি
অনেক বেড়েছে বৃষ্টির বেড়। তুমুল বৃষ্টিতে দুপুর বেলায় সন্ধ্যা নেমে এসেছে মিরপুরে।
সেন্টার উইকেট, বোলারদের রান আপসহ অনেকটা জায়গা কাভার দিয়ে ঢাকা। কাভারের আশেপাশে এরই মধ্যে জমে গেছে পানি।
02 May 2026, 02:36 PM
পরপর ২ বলে ফিরলেন তানজিদ-পারভেজ
পঞ্চম ওভারে পরপর দুই বলে ফিরলেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। ন্যাথান স্মিথের বল ভুল লাইনে খেলে বোল্ড হলেন তানজিদ। আপারকাট করে শর্ট থার্ড ম্যানে ধরা পড়লেন পারভেজ।
ঠিক স্বস্তিতে ছিলেন না তানজিদ। টাইমিং করতে পারছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। স্টাম্পে থাকা ডেলিভারি গায়ের জোরে লেগে খেলতে চেয়েছিলেন তিনি। ব্যাটে-বলে করতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্প।
১০ বলে ৬ রান করেন তানজিদ।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান পারভেজ। শর্ট বলে কাঁধের উপর দিয়ে বেরিয়ে যাবে ভেবেছিলেন হয়তো ব্যাটসম্যান। কিন্তু ততটে বাউন্স করেনি বল, গতিও বেশি ছিল না। আপার কাট তাই যায়নি বেশি দূর। শর্ট থার্ড ম্যানে একটু পিছিয়ে ক্যাচ নেন ইশ সোধি।
৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৫। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।
02 May 2026, 02:28 PM
অভিষেকে লেনক্সের উইকেট
টি-টোয়েন্টি অভিষেক প্রথম বলে উইকেট নিয়ে রাঙালেন জেডেন লেনক্স। তেড়েফুড়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন সাইফ হাসান।
চতুর্থ ওভারে আক্রমণে আসেন লেনক্স। বাঁহাতি স্পিনারের বলে প্রথম বেল বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টায় সফল হননি সাইফ। মিড অফ থেকে কিছুটা পিছন দিকে দৌড়ে ক্যাচ নেন টিম রবিনসন।
১১ বলে দুটি চারে ১৬ রান করেন সাইফ।
বাংলাদেশের বিপক্ষে পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম বলে উইকেট পেলেন লেনক্স।
ক্রিজে গিয়ে প্রথম বল ডট খেলেন লিটন দাস। পরের তিন বলে চার ও ছক্কায় তিনি নেন ১২ রান।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৩।
02 May 2026, 01:49 PM
নিউ জিল্যান্ড দলে ২ পরিবর্তন
ড্রয়ে সিরিজ শেষ করার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। বাদ পড়েছেন ম্যাথু ফিশার ও বেন লিস্টার। দলে ফিরেছেন বেন সিয়ার্স। অভিষেক হচ্ছে জেডেন লেনক্সের।
প্রথম ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ফিশারের। নিজের শেষ ওভারের শেষ বল করতে গিয়ে তালগোল পাকিয়ে ভীষণ খরুচে হয়ে যান তিনি। এরই মাশুল দিলেন বাদ পড়ে।
নিউ জিল্যান্ড: কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স, বেন সিয়ার্স।
02 May 2026, 01:39 PM
তানজিমের জায়গায় সাইফ উদ্দিন
একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিঠে চোট পাওয়া তানজিম হাসানের জায়গায় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে একাদশে ফিরিয়েছে স্বাগতিকরা।
নিজের ছাপ ফেলার আরেকটা সুযোগ পাচ্ছেন রিপন মণ্ডল। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আব্দুল গাফ্ফার সাকলাইনের অভিষেকের জন্য অপেক্ষা দীর্ঘ হল।
বাংলাদেশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।
02 May 2026, 01:33 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের শেষ ম্যাচে টস জিতলেন নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি। তিনি নিলেন ফিল্ডিং।
আকাশ ঘন মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার শঙ্কা রয়েছে।
02 May 2026, 01:18 PM
সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে যাওয়ায় একটা ব্যাপার নিশ্চিত, সিরিজ হারছে না বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ তাদের সামনে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে বেলা দুইটায়।
এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ঢাকাতেও কয়েক দিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে।
লাইভ ব্লগে স্বাগত
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
