24 Sep 2025, 07:34 PM
শক্তিশালী ভারতকে হারানোর আশায় বাংলাদেশ
গ্রুপ পর্বের এক অপরাজিত দল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করা বাংলাদেশের সামনে এবার আরেক অজেয় ভারত। এশিয়া কাপের চলতি আসরে এখন পর্যন্ত সব ম্যাচ জয় পাওয়া দল তারা। সুরিয়াকুমার ইয়াদাভদের জয়রথ থামিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় লিটন দাসের দল।
দুবাইয়ে বুধবার মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
টি-টোয়েন্টিতে এখন ভীষণ শক্তিশালী দল ভারত। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩২ ম্যাচ জিতেছে দলটি, হেরেছে কেবল তিনটিতে।
এই দলকে হারানো মোটেও সহজ নয়। তবে ‘অজেয় একটি দলকে’ এই আসরে মাটিতে নামিয়ে আনার কাজটা এরই মধ্যে একবার করেছে লিটন দাসের দল। ভারতের বিপক্ষেও এর পুনরাবৃত্তির সামর্থ্য আছে তাদের।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর কেবল একটিতে জিতেছে তারা, তবে বেশ কয়েকটি ম্যাচে হেরেছে দারুণ লড়াই করে। একমাত্র জয়টি এসেছিল, ২০১৯ সালে দিল্লিতে। দুবাইয়ে আরেকটি জয়ের লক্ষ্যে নামছেন লিটনরা।
