সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬
19 Jul 2026, 08:30 PM
লাইভ ব্লগের সমাপ্তি
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
19 Jul 2026, 08:15 PM
মেহেদির চারে স্বস্তির জয়
পরপর দুই বলে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ফিরিয়ে নাটকীয়তার আভাস দিলেন ব্র্যাড ইভান্স। কিন্তু তেমন কিছু হতে দিলেন না শেখ মেহেদি হাসান। চার মেরে শেষ করে দিলেন ম্যাচ।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতল বাংলাদেশ। জিম্বাবুয়ের ১৪৩ রান ছাড়িয়ে গেল দুই বল বাকি থাকতে।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। হাতে ছিল ৬ উইকেট। সেখানেই তালগোল পাকান মোসাদ্দেক ও সাইফ।
ইভান্সের নিচু ফুলটসে বোল্ড হন মোসাদ্দেক (৩ বলে ১)। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সাইফ। ছক্কার চেষ্টায় সীমানায় রায়ান বার্লের হাতে ধরা পড়েন তিনি।
হ্যাটট্রিক বল ব্যাটে খেলতে পারেননি মেহেদি। তবে একজন ফিল্ডার আগেই জায়গা থেকে নড়ে যাওয়ায় ডেড বলের ইশারা দেন আম্পায়ার।
পরে আরেকটু নিচু ফুল টসে উইকেটের চেষ্টা করেন ইভান্স। ঠাণ্ডা মাথার শটে সীমানা খুঁজে নেন মেহেদি। পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা ওপেনার তানজিদের। ৫৮ বলে এক চার ও চার জয়ে ৬৬ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭ (বেনেট ৪৭, মারুমানি ৪, মেয়ার্স ৭৩, রাজা ৩, বার্ল ৭, ইভান্স ১, মাডান্ডে ০, শুম্বা ৪*, মাপোসা ০*; তাসকিন ৪-০-১৬-০, মেহেদি ৪-০-৩১-১, সাইফ উদ্দিন ৪-০-৩৫-২, রিশাদ ৪-০-২৮-১, সাকলাইন ৪-০-৩১-১)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬ (সাইফ হাসান ৪, তানজিদ ৬৬*, পারভেজ ২৪, হৃদয় ২৪, ইয়াসির ১০, মোসাদ্দেক ১, সাইফ উদ্দিন ০, মেহেদি ৪*; এনগারাভা ৪-০-২০-২, মুজারাবানি ৪-০-১৭-০, ইভান্স ৩.৪-০-২৬-২, রাজা ৪-০-৩৮-২, মাপোসা ২-০-২১-০, বার্ল ১-০-৮-০, বেনেট ১-০-১১-০
19 Jul 2026, 08:01 PM
জয়ের কাছে গিয়ে ফিরলেন ইয়াসির
ম্যাচ শেষ করে আসতে পারলেন না আগের দুই ম্যাচে চমৎকার ব্যাটিং করা ইয়াসির আলি চৌধুরি। রিচার্ড এনগারাভার বলে কিপারের গ্লাভসে ধরা পড়লেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করেন ইয়াসির। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় উইকেটের পেছনে। ডাইভ দিয়ে গ্লাভসে নেন কিপার।
৯ বলে এক চারে ১০ রান করেন ইয়াসির।
১৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৯। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী মোসাদ্দেক হোসেন।
19 Jul 2026, 07:47 PM
হৃদয়ের বিদায়ে ভাঙল জুটি
তাওহিদ হৃদয়ের সঙ্গে আরেকটি ভালো জুটিতে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন তানজিদ হাসান। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৩৮ বলে।
সিকান্দার রাজার ওভারে ছয় ও চারে ১৫ রান এলেও সেই ওভারেই বিদায় নিয়েছেন হৃদয়। বোলারকে ফিরতি ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
হৃদয়ের বিদায়ে ভেঙেছে ৪৪ বল স্থায়ী ৬৩ রানের জুটি। বাংলাদেশ অধিনায়ক ১৯ বলে একটি করে চার ও ছয়ে করেছেন ২৪ রান।
১৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২২। ক্রিজে তানজিদের সঙ্গী ইয়াসির আলি। শেষ ৪ ওভারে ২২ রান চাই সফরকারীদের।
19 Jul 2026, 07:41 PM
৪৫ বলে তানজিদের পঞ্চাশ
দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তানজিদ হাসান। ৪৫ বলে বাঁহাতি এই ওপেনার ছুঁয়েছেন পঞ্চাশ।
খুব বেশি ঝুঁকি নিচ্ছেন না তানজিদ। বাজে বল পেলেই কেবল চড়াও হচ্ছেন। খুব বেশি রান প্রয়োজন নেই। অহেতুক ঝুঁকিরও কোনো দরকার নেই। স্বাভাবিক খেলা খেললেই আসবে অনায়াস জয়।
১৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৭। ৪৬ বলে তিন ছয় ও এক চারে তানজিদের রান ৫০। ১৭ বলে তাওহিদ হৃদয়েরন রান ২০।
19 Jul 2026, 07:19 PM
১০ ওভার শেষে বাংলাদেশ ৬৮/২
পাওয়ার প্লের পর রানের গতি বাড়ানোর চেষ্টায় করছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৭ থেকে ১০, এই চার ওভারে এসেছে ৩৮ রান।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৮ রান। জিম্বাবুয়ে ১ উইকেটে করেছিল ৬৯ রান।
পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৩০।
২৮ বলে দুই ছয়ে ৩০ রানে ব্যাট করছেন তানজিদ। ৫ বলে ৫ রানে খেলছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজ জিততে শেষ ১০ ওভারে ৭৬ রান চাই সফরকারীদের।
19 Jul 2026, 07:12 PM
পঞ্চাশ ছোঁয়া জুটি ভাঙলেন রাজা
রানের গতি বাড়ানোর মুহূর্তে বিদায় নিলেন পারভেজ হোসেন। সিকান্দার রাজার বলে বড় শটের আশায় ক্যাচ দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
রাজার মন্থর ডেলিভারিতে টাইমিং করতে পারেননি পারভেজ। সীমানা থেকে দৌড়ে এসে চমৎকার ক্যাচ নেন ব্রাড ইভান্স। ভাঙে ৪৭ বল স্থায়ী ৫৫ রানের জুটি।
তাতে ২২ বলে এক চার ও দুই ছয়ে ২৪ রান করেন তিনে নামা পারভেজ।
৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬২। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
19 Jul 2026, 06:57 PM
পাওয়ার প্লেতে সাবধানী তানজিদ-পারভেজ
সাইফ হাসানের দ্রুত বিদায়ের পর নিজেদের একরকম গুটিয়ে রেখেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে পারেননি তারা।
তাতে পাওয়ার প্লে অর্থাৎ, ৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০ রান।
প্রথম ৩ ওভারে এসেছিল ১৮ রান। পরের ৩ ওভারে এসেছে ১২।
রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির বলে খুব একটা ঝুঁকি নেননি তারা। রান রেট খুব বেশি না হলেও পরে সেটা পুষিয়ে দেওয়ার সামর্থ্য দুই বাঁহাতি ব্যাটসম্যানেরই আছে।
১৯ বলে এক ছয়ে ১৬ রানে ব্যাট করছেন তানজিদ। ১২ বলে এক ছয়ে ১০ রানে খেলছেন পারভেজ।
19 Jul 2026, 06:30 PM
প্রথম ওভারেই ফিরলেন সাইফ
রিচার্ড এনগারাভাকে একটা চার মেরেই থেমে গেলেন সাইফ হাসান। প্রথম ওভারে ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় বলে ফাইন লেগ ফিল্ডারের উপর দিয়ে বাউন্ডারি পান সাইফ। এক বল পর বল লাগে তার হেলমেটে।
পরের বল ছিল শর্ট, সেটায় ঠিকঠাক পুল করতে পারেননি তিনি। ধরা পড়েন ব্লেসিং মুজারাবানির হাতে।
৫ বলে ৪ রান করেন সাইফ।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী পারভেজ হোসেন। আগের দুই ম্যাচে চারে নামলেও এদিন তিনি খেলছেন তিনে।
19 Jul 2026, 06:17 PM
জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ
বড় সংগ্রহের ভিত পেয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ পর্যন্ত তাদের খুব বেশি রান করতে দেয়নি বাংলাদেশ।
২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করতে পেরেছে সিকান্দার রাজার দল।
একাদশ ওভারে ব্রায়ান বেনেট ফিরলে ভাঙে ৭৭ রানের জুটি। পরে আর বড় জুটি পায়নি জিম্বাবুয়ে। এরপর প্রায় একাই দলকে টানেন ডিওন মেয়ার্স।
শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৫৩ বলে দুই ছয় ও সাত চারে তিনি করেন ৭৩ রান।
শেষ দিকে একের পর এক স্লোয়ারে ব্যাটসম্যানদের দারুণ ভোগান বাংলাদেশের পেসাররা। তাতেই মূলত প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭ (বেনেট ৪৭, মারুমানি ৪, মেয়ার্স ৭৩, রাজা ৩, বার্ল ৭, ইভান্স ১, মাডান্ডে ০, শুম্বা ৪*, মাপোসা ০*; তাসকিন ৪-০-১৬-০, মেহেদি ৪-০-৩১-১, সাইফ উদ্দিন ৪-০-৩৫-২, রিশাদ ৪-০-২৮-১, সাকলাইন ৪-০-৩১-১)
19 Jul 2026, 06:08 PM
আরেকটি ভালো ওভার
১৯তম ওভারে এসে ভালো বোলিং করলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। একটি ছক্কা হজমের পরও দিলেন কেবল ৮ রান। জিম্বাবুয়ে হারাল দুই উইকেট।
দ্বিতীয় বলে একটুর জন্য ব্র্যড ইভান্সের ক্যাচ নিতে পারেননি রিশাদ হোসেন। তবে দুই রান নিতে দেননি তিনি। দৌড়ে যখন বল ছুঁড়েন, তখন বেশ দূরে ছিলেন ব্যাটসম্যান। বাকিটা অনায়াসে সারেন কিপার পারভেজ হোসেন।
প্রমোশন পেয়ে তেমন কিছু করতে পারেননি ইভান্স। ৩ বলে ১ রান করেন তিনি।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান নতুন ব্যাটসম্যান ক্লাইভ মাডান্ডে। কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি।
ওভারের শেষ বলে ছক্কা মারেন ডিওন মেয়ার্স।
১৯ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ১৩৮। ক্রিজে মেয়ার্সের সঙ্গী মিল্টন শুম্বা।
19 Jul 2026, 05:58 PM
অবশেষে সাকলাইনের উইকেট
প্রথম তিন ওভারে সাদামাটা বোলিং করা আব্দুল গাফ্ফার সাইকলাইন শেষ ওভারে মেলে ধরলেন নিজেকে। একের পর এক স্লোয়ারে দিলেন কেবল ২ রান। সঙ্গে নিলেন রায়ান বার্লের উইকেট।
স্লোয়ার বলে টাইমিং করতে পারেননি বার্ল। অনেক উপরে উঠে যাওয়া বল ঠাণ্ডা মাথায় মুঠোয় নেন তাওহিদ হৃদয়।
৭ বলে সাত রান করেন বার্ল।
১৮ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১২৯। ক্রিজে ডিওন মেয়ার্সের সঙ্গী প্রমোশন পাওয়া ব্র্যাড ইভান্স।
19 Jul 2026, 05:44 PM
খরুচে ওভারে রাজার উইকেট
নিজের শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা ও চার হজম করলেন রিশাদ হোসেন। এতে ৩৮ বলে পঞ্চাশ স্পর্শ করলেন ডিওন মেয়ার্স।
টি-টোয়েন্টিতে এই টপ অর্ডার ব্যাটসম্যানের যা তৃতীয় পঞ্চাশ।
স্ট্রাইক পেয়ে পঞ্চম বলে বড় শট খেলার চেষ্টায় সফল হননি সিকান্দার রাজা। অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপ করে ধরা পড়েন ইয়াসির আলি চৌধুরির হাতে। ভাঙে ২৩ বল স্থায়ী ৩০ রানের জুটি।
জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণে মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়ার দিনে নিজের ইনিংস বড় করতে পারলেন না রাজা। ৬ বলে ৩ রান করে ফিরলেন এই অলরাউন্ডার।
১৫ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ১০৯। ক্রিজে মেয়ার্সের সঙ্গী রায়ান বার্ল।
19 Jul 2026, 05:32 PM
বেনেটকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাইফ
জিম্বাবুয়ের জমে যাওয়া জুটি ভাঙলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তার চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ওপেনার ব্রায়ান বেনেট।
সাইফের চতুর্থ স্টাম্পের লাইনে করা বল মাঝ ব্যাটে নিতে পারেননি বেনেট। ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। হতাশা নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিক ওপেনার। ভাঙে ৫৫ বল স্থায়ী ৭১ রানের জুটি।
৩৮ বলে আট চারে ৪৭ রান করেন বেনেট। প্রথম ওভারে শূন্য রানে তানজিদ হাসানকে ক্যাচ দিয়েও বাঁচেন তিনি।
১১ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৭৭। ক্রিজে ডিওন মেয়ার্সের সঙ্গী সিকান্দার রাজা।
19 Jul 2026, 05:22 PM
মাঝপথে জিম্বাবুয়ে ৬৯/১
পাওয়ার প্লের পর বোলিংয়ে এসে দুই ওভারে আব্দুল গাফফার সাকলাইন করতে পারেননি নিজের সেরা বোলিং। তিন চার হজমের পাশাপাশি খরচ করেন ২২ রান। অন্য প্রান্ত দিয়ে দুই ওভারে রিশাদ দিয়েছেন মাত্র ৭ রান।
তাতে ১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৬৯ রান।
সাকলাইনের সামনে সুযোগ ছিল উইকেট শিকারের। মাথার ওপর দিয়ে বেরিয়ে যাওয়া বল মুঠোয় নিতে পারেননি তিনি, উল্টো হয় চার। এছাড়া পাওয়ার প্লের পর ওই অর্থে কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। তাতে উইকেটে থিতু হয়ে গেছেন জিম্বাবুয়ের দুই টপ অর্ডার ব্যাটসম্যান ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ৬৩ রান।
19 Jul 2026, 05:14 PM
বেনেট-মেয়ার্সের জুটিতে পঞ্চাশ
শুরুর ধাক্কা সামাল দিয়ে জিম্বাবুয়েকে টানছেন ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স। দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৩৮ বলে।
৯ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৫৯।
১৮ বলে তিন চারে ১৮ রানে খেলছেন মেয়ার্স। ৩১ বলে ছয় চারে ৩৬ রানে ব্যাট করছেন বেনেট।
19 Jul 2026, 05:07 PM
পাওয়ার প্লেতে জিম্বাবুয়ে ৪০/১
প্রথম দুই ওভারের পর পাওয়ার প্লের শেষ ওভারে এসে যা রান আটকানোর, তা আটকালো বাংলাদেশ। এই তিন ওভারে ৮ রান দিলে তাসকিন আহমেদ ও শেখ মেহেদি হাসান।
পাওয়ার প্লেতে অর্থাৎ ৬ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৪০।
প্রথম দুই ওভারে ৬ রান করতে ১ উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ওভারে জীবন পাওয়া ব্রায়ান বেনেট এরপর শুরু করেন পাল্টা আক্রমণ। চতুর্থ ওভারে মেহেদির শেষ তিন বলে আসে তিনটি চার। ডিওন মেয়ার্সও এখনও নিজের শট খেলতে শুরু করেননি।
বেনেট ২৩ বলে ছয় চারে ২৯ রানে ব্যাট করছেন। ৮ বলে ৭ রানে খেলছেন মেয়ার্স।
19 Jul 2026, 04:48 PM
প্রথম আঘাত মেহেদির
প্রথম ওভারে সুযোগ হাতছাড়া হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দ্বিতীয় ওভারে টাডিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের শুরুর জুটি ভাঙলেন শেথ মেহেদি হাসান।
অফ স্পিনারের বলে স্কয়ার কাট করার চেষ্টায় এক্সট্রা কাভারে ইয়াসির আলি চৌধুরির হাতে ধরা পড়েন মারুমানি।
৫ বলে চার রান করেন মারুমানি।
২ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৬।
19 Jul 2026, 04:42 PM
শুরুতেই জীবন পেলেন বেনেট
ফিরতে পারতেন শূন্য রানে। কিন্তু শর্ট কাভারে সহজ ক্যাচ নিতে পারলেন না তানজিদ হাসান। উল্টো ২ রান পেয়ে গেলেন ব্রায়ান বেনেট।
তাসকিন আহমেদের অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে কাভার ড্রাইভ করেন জিম্বাবুয়ের ওপেনার। ঠিকঠাক শট খেলতে পারেননি তিনি। ক্যাচ যায় তানজিদের হাতে। সেখানে তালগোল পাকান তানজিদ।
১ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ২।
19 Jul 2026, 04:19 PM
জিম্বাবুয়ে একাদশে ১ পরিবর্তন
সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে একটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। তাশিঙ্গা মুসেকিয়ার জায়গায় একাদশে এসেছেন টিনোটেন্ডা মাপোসা।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানাশে মারুমানি, টিনোটেন্ডা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
19 Jul 2026, 04:15 PM
বাংলাদেশ একাদশ ২ পরিবর্তন
দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে চোট পেয়ে ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়া পেসার নাহিদ রানা খেলছেন না। সঙ্গে নেই কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
কিপিং করবেন পারভেজ হোসেন। একাদশে ফিরেছেন দুই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও আব্দুল গাফ্ফার সাকলাইন।
বাংলাদেশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, আব্দুল গাফ্ফার সাকলাইন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
19 Jul 2026, 04:09 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অধিনায়ক এবার নিলেন ব্যাটিং।
আগের ম্যাচে ফিল্ডিং নিয়ে ৩৪ রানে হেরেছিলেন রাজা। প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়ে জিতেছিলেন ৩২ রানে।
19 Jul 2026, 03:56 PM
শেষটা ভালো করার লক্ষ্য বাংলাদেশের
একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতে টি-টোয়েন্টি সিরিজে ফিরিয়েছে সমতা। এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছেন ওহিদ হৃদয়রা।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
দ্বিতীয় ম্যাচে তিন বিভাগেই বেশ উন্নতি করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ভোগায় বাজে ফিল্ডিং। সাইফ হাসান একাই জীবন পান পাঁচবার! মিল্টন শুম্বা একাই ছাড়েন পাঁচটি ক্যাচ। তারপরও জয়ের ব্যবধান খুব বড় ছিল না। সিরিজ নির্ধারণী ম্যাচে বেশ চ্যালেঞ্জ থাকবে সফরকারীদের সামনে।
লাইভ ব্লগে স্বাগত
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
