24 Nov 2024, 03:29 AM
২ ওপেনারকে দ্রুত হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ
আত্মবিশ্বাসী শুরু করলেও টিকলেন না জাকির হাসান। জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না মাহমুদুল হাসান জয়। দুই ওপেনারের দ্রুত বিদায়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাব দিতে নেমে স্বস্তিতে নেই বাংলাদেশ।
আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে ২০ ওভারে ২ উইকেটে ৪০ রান করেছে বাংলাদেশ। এখনও ৪১০ রানে পিছিয়ে তারা। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ২১১ রান।
২৩ বলে ৭ রানে খেলছেন মুমিনুল হক। ১ চারে ৩১ বলে ১০ রান করে অপরাজিত শাহাদাত হোসেন।
উইকেটে বোলারদের জন্য কিছুটা সহায়তা আছে এখনও। তবে চাইলে টিকে থাকা খুব কঠিন কিছু নয়। শেষ বেলায় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় সেটা দেখিয়েছেন মুমিনুল ও শাহাদাত। ফলোঅন এড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি যেতে তাদের উপর অনেকটাই নির্ভর করবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২০ ওভারে ৪০/২ (জয় ৫, জাকির ১৫, মুমিনুল ৭*, শাহাদাত ১০*; রোচ ৪-০-৬-০, সিলস ৬-৪-১৫-১, আলজারি জোসেফ ৫-৩-২-১, শামার জোসেফ ৩-১-৮-০, হজ ১-০-৩-০, আথানেজ ১-০-৪-০)
24 Nov 2024, 02:44 AM
জাকিরের পর জয়কে হারাল বাংলাদেশ
শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। জাকির হাসানের পর বিদায় নেন নিলেন মাহমুদুল হাসান জয়।
জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না জয়। ৫ রানে জীবন পেয়ে ওই রানেই ফিরলেন ডানহাতি ওপেনার।
অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বিপদ ডেকে আনেন জয়। স্লিপে আস্থায় মুঠোয় নেন আলিক আথানেজ।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২১। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী শাহাদাত হোসেন।
24 Nov 2024, 02:37 AM
জাকিরের বিদায়ে ভাঙল শুরুর জুটি
অফ স্টাম্পে ঘেঁষে করা জেডন সিলসের ডেলিভারি ঠিকমতো সামলাতে না পেরে বোল্ড হলেন জাকির হাসান। ভাঙল বাংলাদেশের শুরুর জুটি।
একটু বাড়তি বাউন্স করা ডেলিভারি মাঝ ব্যাটে নিতে পারেননি জাকির। ব্যাটের নিচের কানায় লেগে মাটি ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে। দশম ওভারের শেষ বলে ভাঙে ২০ রানের উদ্বোধনী জুটি।
তিন চারে ৩৪ বলে ১৫ রান করেন জাকির। ক্রিজে তার সঙ্গী মুমিনুল হক।
24 Nov 2024, 02:28 AM
জীবন পেলেন জয়
আলজারি জোসেফের অফ স্টাম্পের বেশ বাইরের বল অনায়াসেই ছেড়ে দিতে পারতেন মাহমুদুল হাসান জয়। তা না করে আলতো করে ব্যাট পেতে দিয়ে গালিতে দেন ক্যাচ। তার ভাগ্য ভালো সেটি মুঠোয় নিতে পারেননি মিকাইল লুই!
সে সময় ৫ রানে ছিলেন জয়।
৯ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১২।
24 Nov 2024, 01:45 AM
৪৫০ রানে উইন্ডিজের ইনিংস ঘোষণা
দিনের প্রথম ৩ ওভারে দুটি উইকেট নেওয়া বাংলাদেশের দিনটা শেষ পর্যন্ত ভালো কাটল না। অলআউটও করতে পারল না ক্যারিবিয়ানদের। ৯ উইকেটে ৪৫০ রানের প্রথম ইনিংস ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।
১৪৪.১ ওভার বোলিং করেও প্রতিপক্ষের সবকটি উইকেট নিতে না পারা বাংলাদেশের জন্য হতাশারই।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন ৮৪ ওভারে ২৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ৬০.১ ওভারে যোগ করেছে আরও ২০০ রান। এতে বড় অবদান জাস্টিন গ্রিভস ও কিমার রোচের ১৪০ রানের রেকর্ড গড়া জুটির।
কিপার ক্যাচ বুঝতে না পারায় একবার বেঁচে যাওয়া গ্রিভস ২০৬ বলে চারটি চারে অপরাজিত থাকেন ১১৫ রানে। দুই চারে ৮ বলে ১১ রান করেন শামার জোসেফ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ২৫০/৫) ১৪৪.১ ওভারে ৪৫০/৯ ডিক্লে. (গ্রিভস ১১৫*, দা সিলভা ১৪, আলজারি জোসেফ ৪, রোচ ৪৭, সিলস ১৮, শামার জোসেফ ১১*; হাসান ২৭-৩-৮৭-৩, শরিফুল ১৮-৪-৫৩-০, তাসকিন ২৬-৩-৭৬-২, তাইজুল ৩৮-৭-১১১-১, মিরাজ ৩৫.১-৫-৯৯-২)
24 Nov 2024, 01:31 AM
ছক্কার পর অক্কা সিলস
ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়ালেন জেডেন সিলস। পরের বলে পুনরাবৃত্তির চেষ্টায় তিনি ধরা পড়লেন হাসান মাহমুদের হাতে।
স্লগ করে ছক্কার চেষ্টায় ছিলেন সিলস। ঠিক মতো টাইমিং করতে পারেননি। পিছিয়ে গিয়ে আস্থার সঙ্গে ক্যাচ নেন হাসান।
একটি করে ছক্কা ও চারে ২৫ বলে ১৮ রান করেন সিলস।
১৪৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৯ উইকেটে ৪৩৯। ক্রিজে জাস্টিন গ্রিভসের সঙ্গী শামার জোসেফ।
24 Nov 2024, 12:53 AM
আরেকটি হতাশার সেশন
আরও একটি হতাশার সেশন কাটল বাংলাদেশের। নিতে পারল কেবল কিমার রোচের উইকেট।
এদিন তিনটি উইকেট পেয়েছে বাংলাদেশ, তিনটিই নিয়েছেন পেসার হাসান।
রোচের সঙ্গে ১৪০ রানের জুটিতে দলকে চারশ রানে নিয়ে যাওয়া জাস্টিন গ্রিভস পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
চা বিরতিতে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৯ ওভারে ৮ উইকেটে ৪১৫। গ্রিভস ১০৯ ও জেডেন সিলস ১ রানে ব্যাট করছেন।
24 Nov 2024, 12:41 AM
দারুণ ব্যাটিংয়ে গ্রিভসের সেঞ্চুরি
লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দারুণ ব্যাটিং করা জাস্টিন গ্রিভস পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া।
আগের দিন মিকাইল লুই ও আলিক আথানেজ নব্বইয়ের ঘরে ফিরেছিলেন। তাদের ভুলের পুনরাবৃত্তি করেননি গ্রিভস। ৯৮ থেকে তাইজুল ইসলামকে চার মেরে তিন অঙ্কে পৌঁছান তিনি।
১৮১ বলে সেঞ্চুরি করতে কেবল চারটি বাউন্ডারি মেরেছেন গ্রিভস।
১৩৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৪০৮।
24 Nov 2024, 12:36 AM
রোচকে বোল্ড করে জুটি ভাঙলেন হাসান
টেস্টে হাজারের বেশি রান আছে এমন কেবল তিনজনের নেই পঞ্চাশ। ওয়াকার ইউনিস ও ন্যাথান লায়নের সঙ্গে ওই তালিকায় থাকা কিমার রোচ আশা জাগিয়েছিলেন প্রথম পঞ্চাশের। কিন্তু চমৎকার এক ডেলিভারিতে তাকে বোল্ড করে আগেই থামালেন হাসান মাহমুদ।
অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি রোচ। মিডল স্টাম্পের চূড়ায় আঘাত হানে বল। ভাঙে ২৮৯ বল স্থায়ী ১৪০ রানের জুটি।
১৪৪ বলে দুই চারে ৪৭ রান করেন রোচ।
১৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ৪০১। ক্রিজে জাস্টিন ক্রিভসের সঙ্গী জেডেন সিলস।
24 Nov 2024, 12:23 AM
গ্রিভস-রোচ জুটির রেকর্ড
বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস ও কিমার রোচ। এরই মধ্যে দুজন মিলে যোগ করেছেন ১৩৪ রান।
২০০১ সালের ঢাকা টেস্টে ২৫৯ রানে সপ্তম উইকেট পতনের পর ১০৮ রানের জুটি গড়েছিলেন জিম্বাবুয়ের হিথ স্ট্রিক ও ট্রাভিস ফ্রেন্ড।
এছাড়া বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেট পড়ার পর এটিই সর্বোচ্চ জুটি। ২০০৪ সালে দশম উইকেটে ১৩৩ রান যোগ করেছিলেন সাচিন টেন্ডুলকার ও জাহির খান।
১৩২.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৯৫ রান। গ্রিভস ১৭৬ বলে ৯৭ ও রোচ ১৩৫ বলে ৪২ রানে অপরাজিত। দুজনেরই এটি ব্যক্তিগত সর্বোচ্চ।
24 Nov 2024, 12:13 AM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
জুটি ভাঙার মরিয়া চেষ্টায় দ্বিতীয় রিভিউ হারাল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টায় টার্নে পরাস্ত হন জাস্টিন গ্রিভস। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন।
তবে সাড়া দেননি আম্পায়ার। খুব বেশি না ভেবেই রিভিউ নেন মিরাজ। রিপ্লেতে দেখা যায়, বলের 'ইমপ্যাক্ট' ছিল অফ স্টাম্প লাইনের বাইরে। তাই বৃথা যায় বাংলাদেশের রিভিউ।
১৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান।
23 Nov 2024, 11:55 PM
৭ মিনিটেই শুরু খেলা
প্রথম দফায় বৃষ্টির বাগড়া দীর্ঘায়িত হয়নি। মাত্র ৭ মিনিট পরই আবার শুরু হয়েছে খেলা। এরই মধ্যে রোদের দেখাও মিলছে মাঠে।
23 Nov 2024, 11:49 PM
বৃষ্টিতে বন্ধ খেলা
আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের পাঁচ দিনই বৃষ্টির শঙ্কা জানানো হয়েছিল। তবে প্রথম দিন বাগড়া বাধায়নি প্রকৃতি। দ্বিতীয় দিন অবশ্য রেহাই মিলল না। দ্বিতীয় সেশনের পানি বিরতি শেষে এক ওভার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে গেল খেলা।
তড়িঘড়ি করে উইকেট ও এর চারপাশ কভার দিয়ে ঢেকে দিয়েছেন মাঠকর্মীরা।
খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ১২৫ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৭১ রান। জাস্টিন গ্রিভস ১৪৬ বলে ৮৪ ও কিমার রোচ ১২১ বলে ৩১ রানে অপরাজিত। জুটির সংগ্রহ ১১০ রান।
23 Nov 2024, 11:33 PM
গ্রিভস-রোচ জুটির একশ
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে অষ্টম উইকেটে শতরানের জুটি গড়ে তুলেছেন জাস্টিন গ্রিভস ও কিমার রোচ, ১৯৭ বলে।
দিনের শুরুতে জশুয়া দা সিলভা ও আলজারি জোসেফের উইকেট নেওয়ার পর আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। বেশ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এগিয়ে নিচ্ছেন গ্রিভস ও রোচ।
সাত উইকেট পড়ার পর বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এটিই প্রথম শতরানের জুটি।
১২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৬১ রান।
23 Nov 2024, 11:23 PM
রিভিউ না নিয়ে সুযোগ হাতছাড়া
মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙার সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ। কট বিহাইন্ডের রিভিউ নেয়নি তারা।
১১৯তম ওভারে তাসকিনের দ্বিতীয় ডেলিভারি জাস্টিন গ্রিভসের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে জমা পড়ে জাকের আলির গ্লাভসে। কিন্তু বদলি উইকেটরক্ষক কিংবা মাঠের অন্য কোনো ফিল্ডাররা যেন সেটি টেরই পায়নি। তাই হয়নি কোনো আবেদন।
তিন বল পর রিপ্লেতে দেখা যায়, বেশ ভালোভাবে কানা ছুঁয়েছিল বল। কিন্তু আবেদন বা রিভিউ না নেওয়ায় কোনো বিপদ ঘটেনি ৭৭ রানে থাকা গ্রিভসের।
১১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৬০ রান। গ্রিভস ১৩০ বলে ৭৮ ও কিমার রোচ ১০১ বলে ২৬ রানে খেলছেন। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯৯ রান।
23 Nov 2024, 10:53 PM
উইকেটের পেছনে জাকের
দ্বিতীয় সেশনের শুরুতে কিপিংয়ে নেই লিটন দাস। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়িয়েছেন জাকের আলি।
প্রথম ওভারটি করেছেন তাসকিন আহমেদ। অন্য প্রান্তে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
23 Nov 2024, 10:06 PM
শুরুর ২ উইকেটের পর একরাশ হতাশা
হাসান মাহমুদের ২ উইকেটে শুরুটা দুর্দান্ত হলেও প্রথম সেশনের বাকি সময় বাংলাদেশের জন্য ছিল হতাশার। জাস্টিন গ্রিভস ও কিমার রোচের জুটিতে চারশ রানে চোখ রেখে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির সময় স্বাগতিকদের রান ১১০ ওভারে ৭ উইকেটে ৩৩৬। ১০৩ বলে দুই চারে ৬৩ রানে ব্যাট করছেন। রোচ ৭৪ বলে ব্যাট করছেন ১৯ রানে।
বাংলাদেশকে একরাশ হতাশায় ডুবিয়ে ৭৫ রানের জুটি গড়েছেন গ্রিভস ও রোচ, ১৪২ বলে।
23 Nov 2024, 09:42 PM
৮৮ বলে গ্রিভসের পঞ্চাশ
দ্রুত দুই সঙ্গী ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিচ্ছেন জাস্টিন গ্রিভস। কিমার রোচের সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দেওয়া অলরাউন্ডার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ, ৮৮ বলে।
বাউন্ডারি মেরেছেন কেবল দুটি। মূলত এক-দুই নিয়েই খেলছেন গ্রিভস। দারুণ সঙ্গ পাচ্ছেন অভিজ্ঞ রোচের কাছ থেকে। তাদের ব্যাটে তিনশ ছাড়িয়ে ছুটছে ওয়েস্ট ইন্ডিজ।
১০৫ ওভারে স্বাগতিকদের রান ৭ উইকেটে ৩১৯।
23 Nov 2024, 09:37 PM
গ্রিভস-রোচের জুটিতে পঞ্চাশ
দ্রুত ২ উইকেট হারানোর পর জাস্টিন গ্রিভস ও কিমার রোচের জুটিতে প্রতিরোধ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই জনের ব্যাটে অষ্টম উইকেটে পঞ্চাশ ছোঁয়া জুটি পেয়েছে স্বাগতিকরা, ১০২ বলে।
ব্যাটসম্যানদের খুব একটা ভাবাতে পারছেন না বোলাররা। লাইন ও লেংথে কেউই খুব একটা ধারাবাহিক নন। অলরাউন্ডার গ্রিভস তো বটেই, রোচও খেলছেন অনায়াসে।
১০৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৩১৬।
23 Nov 2024, 09:24 PM
দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের তিনশ
২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে সবশেষ তিনশ ছোঁয়া দলীয় ইনিংস পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে ফের তিনশ রানের দেখা পেল তারা।
শুরুতে দুটি উইকেট নেওয়া বাংলাদেশ এরপর আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছে না। অনায়াসেই খেলছেন জাস্টিন গ্রিভস। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন কিমার রোচ।
১০০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৩০২। জুটির রান ছুটছে পঞ্চাশের পথে।
23 Nov 2024, 09:07 PM
প্রথম ঘণ্টায় ২ উইকেট
হাসান মাহমুদের হাত ধরে শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় তুলে নিয়েছে দুটি উইকেট। তবে এরপর কিমার রোচকে নিয়ে প্রতিরোধ গড়েছেন জাস্টিন গ্রিভস। এরই মধ্যে তারা কাটিয়ে দিয়েছেন প্রায় ১০ ওভার।
প্রথম ঘণ্টার পানি বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৯৬ ওভারে ৭ উইকেটে ২৮৬। ৬১ বলে দুই চারে ২৮ রানে ব্যাট করছেন গ্রিভস। ৩২ বলে ১০ রানে খেলছেন শূন্য রানে আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া রোচ।
23 Nov 2024, 08:29 PM
আম্পয়ার্স কলে বাঁচলেন রোচ
এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। কিছুক্ষণ সময় নিয়ে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন কিমার রোচ।
লেগ স্টাম্পের বল ফ্লিক করতে চেয়েছিলেন রোচ। গতির জন্য পেরে ওঠেননি তিনি। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্পের বাইরে দিকে লাগত বল।
তখনও রানের খাতা খোলেননি রোচ।
৮৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ২৬৮।
23 Nov 2024, 08:22 PM
রেকর্ড গড়া হাসানের আরেকটি উইকেট
প্রথম বলে ফ্লিক করে চার মারলেন আলজারি জোসেফ। পরের বলেই মধুর প্রতিশোধ নিয়ে তাকে ফিরিয়ে দিলেন হাসান মাহমুদ। গালিতে দারুণ ক্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন জাকির হাসান।
অফ স্টাম্প ঘেঁষে হাসানের গুড লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে লেগে খেলার চেষ্টা করেন জোসেফ। একটু আগেভাগে শট খেলার মাশুল দেন ক্যাচ দিয়ে। ব্যাটের কানায় লেগে গালি দিয়ে তীব্র গতিতে বেরিয়ে যাওয়া বল লাফিয়ে মুঠোয় নেন জাকির।
৩ বলে এক চারে ৪ রান করেন জোসেফ।
অভিষেকের বছরে হাসানের উইকেট হলো ২৫টি।
৮৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ২৬১। ক্রিজে জাস্টিন গ্রিভসের সঙ্গী কিমার রোচ।
23 Nov 2024, 08:16 PM
অভিষেকের বছরে হাসানের রেকর্ড
টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন হাসান মাহমুদ। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে যাত্রা শুরু করে আলজারি জোসেফকে ফেরানো পর্যন্ত ১৩ ইনিংসে হাসানের শিকার এখন পর্যন্ত ২৫টি। ইনিংসে ২ বার পেয়েছেন ৫ বা এর বেশি উইকেট।
২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। এছাড়া পেসারদের মধ্যে অন্তত ২০ উইকেট নেওয়ার রেকর্ড আছে আর দুজনের - ইবাদত হোসেন (২০২২ সালে ২১ উইকেট) ও সৈয়দ খালেদ আহমেদ (২০২২ সালে ২০ উইকেট)।
23 Nov 2024, 08:14 PM
প্রথম ওভারেই উইকেট
যে শুরু চেয়েছিল বাংলাদেশ, সেটাই এনে দিলেন হাসান মাহমুদ। দিনের প্রথম ওভারেই ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি।
ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি জশুয়া দা সিলভা। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
বল ট্র্যাকিংয়ে দেখা গেছে বল লাগত অফ স্টাম্পের চূড়ায়! আম্পয়ার্স কলে কিপার ব্যাটসম্যান ফিরে গেলেও টিকে যায় স্বাগতিকদের রিভিউ।
দা সিলভা দুই চারে ২৩ বলে করেন ১৪ রান।
৮৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ২৫৩। ক্রিজে জাস্টিন গ্রিভসের সঙ্গী আলজারি জোসেফ।
23 Nov 2024, 07:39 PM
ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত থামানোর আশা
বোলিংয়ে শুরুটা ভালো করলেও পরে দিক হারায় বাংলাদেশ। তবে প্রথম দিনের শেষ দিকে দুই থিতু ব্যাটসম্যান মিকাইল লুই ও আলিক আথানেজকে ফিরিয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দ্বিতীয় দিন দ্রুত বাকি পাঁচ উইকেট নেওয়াই তাদের লক্ষ্য।
দ্বিতীয় নতুন বল এখনও নতুন। প্রথম দিন শেষ বেলায় আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হওয়ার আগে নতুন বলে মাত্র চার ওভার বোলিং করতে পেরেছিল বাংলাদেশ। অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও উইকেটরক্ষক জশুয়া দা সিলভার জুটি ভেঙে দ্রুত লেজটুকু মুড়িয়ে দেওয়ায় আশায় নামবে বাংলাদেশ।
প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২৫০। গ্রিভস ১১ ও দা সিলভা ১৪ রানে ব্যাট করছেন।
23 Nov 2024, 07:34 PM
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৫০/৫ (ব্র্যাথওয়েট ৪, লুই ৯৭, কার্টি ০, হজ ২৫, আথানেজ ৯০, গ্রিভস ১১*, দা সিলভা ১৪*; হাসান ১৮-৩-৫৪-০, শরিফুল ১৩-৪-২৭-০, তাসকিন ১৫-২-৪৬-২, তাইজুল ২২-৪-৬৭-১, মিরাজ ১৬-২-৪৭-১)