১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিদারুণ ব‍্যাটিং ব‍্যর্থতায় ১৯০ রান তাড়ায় ৮১ রানে হারল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ।

11 Oct 2025, 11:58 PM

৮১ রানের হার

১০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে বড় ব‍্যবধানেই দ্বিতীয় ওয়ানডেতে হারল বাংলাদেশ। এক ম‍্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জিতল আফগানিস্তান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮১ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। ২৮.৩ ওভার ব‍্যাট করে করতে পেরেছে কেবল ১০৯ রান।

রিশাদ হোসেনকে কট বিহাইন্ড করে নিজের পঞ্চম উইকেট নিয়েছেন রাশিদ খান, সঙ্গে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশের ইনিংস।

১৫ বলে কেবল ৫ রান করেন রিশাদ। ৬ বলে ৫ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজ।

১৭ রানে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের সফলতম বোলার রাশিদ। ২৭ রানে ৩ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাই।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (গুরবাজ ১১, ইব্রাহিম ৯৫, সেদিকউল্লাহ ৮, রেহমাত ৯ অবসর আউট, শাহিদি ৪, ওমারজাই ০, নাবি ২২, খারোটে ১৩, রাশিদ ১, গাজানফার ২২, বাশির ০*; তানজিম ৭-০-৩৫-২, মুস্তাফিজ ৮-০-৩৮-০, মিরাজ ১০-১-৪২-৩, তানভির ১০-০-৩৫-১, রিশাদ ৯.৫-০-৩৭-২) 

বাংলাদেশ: ২৮.৩ ওভারে ১০৯ (তানজিদ ০, সাইফ ২২, শান্ত ৭, হৃদয় ২৪, মিরাজ ৪, জাকের ১৮, সোহান ১৫, তানজিম ০, রিশাদ ৫, তানভির ০, মুস্তাফিজ ৬*;  ওমারজাই ৭-১-২৭-৩, বাশির ২-০-২২-০, গাজানফার ৪-০-২১-০, রাশিদ ৮.৩-২-১৭-৫, খারোটে ৭-২-২২-১)

ফল: আফগানিস্তান ৮১ রানে জয়ী

11 Oct 2025, 11:51 PM

তানভিরকে ফিরিয়ে রাশিদের আরেকটি

দারুণ বোলিংয়ে আরেকটি উইকেট নিলেন রাশিদ খান। তার বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন তানভির ইসলাম।

আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তানভির। তাতে কাজ হয়নি, ৮ বলে শূন‍্য রানে ফেরেন তিনি।

২৭ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১০০। ক্রিজে রিশাদ হোসেনের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

11 Oct 2025, 11:36 PM

টিকলেন না জাকেরও

কোনো রান যোগ করার আগেই আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। নানগেয়ালিয়া খারোটের বলে রাশিদ খানকে ক‍্যাচ দিয়ে ফিরলেন জাকের আলি।

৪৩ বলে এক চারে এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যাস ফিরলেন ১৮ রান করে।

২৪ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৯৯। ক্রিজে রিশাদ হোসেনের সঙ্গী তানভির ইসলাম।

11 Oct 2025, 11:34 PM

রাশিদের জোড়া আঘাত

কোনো প্রয়োজন নেই তবুও বড় শট খেললেন নুরুল হাসান সোহান। গুগুলি বুঝলেনই না ব‍্যাটসম‍্যান। তাই ধারে কাছেও যেতে পারলেন না, হলেন বোল্ড।

২০ বলে দুই চারে এই কিপার-ব‍্যাটসম‍্যান ফেরেন ১৫ রান করে।

স্টাম্পের সামনে দাঁড়িয়ে খেলে পরের বলে এলবিডব্লিউ হলেন তানজিম হাসান। পিচ করার পর সোজা বলের লাইনে যেতে পারেননি তিনি। গোল্ডের ডাকের তেতো স্বাদ পান তিনি।

হ‍্যাটট্রিক বল ব‍্যাটে খেলতে পারেননি রিশাদ হোসেন। জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ব‍্যাটসম‍্যান। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত।

২৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৯৯।

11 Oct 2025, 11:34 PM

জীবন পেলেন সোহান

নানগেয়ালিয়া খারোটের আগের বলে পুল করে বাউন্ডারি মারলেন নুরুল হাসান সোহান। পরের বলে তিনি ক‍্যাচ দিলেন উইকেটের পেছনে। কিপার রাহমানউল্লাহ গুরবাজ কাজে লাগাতে পারলেন না সুযোগ।

সে সময় ১৪ রানে ছিলেন সোহান।

২২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৯।

11 Oct 2025, 11:11 PM

উইকেট ছুঁড়ে এলেন হৃদয়

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে দলকে টানতে থাকা তাওহিদ হৃদয় হুট করে নিজের উইকেট ছুঁড়ে এলেন। ছন্দে থাকা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানকে হারিয়ে মহাবিপদে পড়ে গেল বাংলাদেশ।

স্টাম্পে থাকা রাশিদ খানের ফুল লেংথ বল ডেলিভারি লেগে খেলতে চেয়ে পারেননি হৃদয়। ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৬ বল স্থায়ী ২৯ রানের জুটি।

৩৪ বলে চারটি চারে ২৪ রান করেন হৃদয়।

১৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৮০। ক্রিজে জাকের আলির সঙ্গী নুরুল হাসান সোহান।

11 Oct 2025, 10:42 PM

টিকলেন না মিরাজ

আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। এলবিডব্লিউ হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ।

এতোটা সুইং করবে আশাই করেননি বাংলাদেশ অধিনায়ক। তাই লাইনেই যেতে পারেননি তিনি। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মিরাজ। তাতে কাজ হয়নি। বল আঘাত হানত লেগ স্টাম্পে।

৭ বলে ৪ রান করে ফেরার সঙ্গে একটি রিভিউ নষ্ট করে যান মিরাজ।

১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী জাকের আলি।

11 Oct 2025, 10:38 PM

পাওয়ার প্লেতে ৩ উইকেট

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে হারিয়েছে টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানকে।

প্রথম ওভারে শূন‍্য রানে ফেরেন তানজিদ হাসান। অহেতুক ঝুঁকি নিয়ে রান আউট হন নাজমুল হোসেন শান্ত। অতি আগ্রাসী হতে গিয়ে ক‍্যাচ দেন সাইফ হাসান।

১০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৮। ১৮ বলে ২ চারে ১০ রানে খেলছেন তাওহিদ হৃদয়। ৫ বলে মেহেদী হাসান মিরাজের রান ২।

11 Oct 2025, 10:25 PM

চার-ছক্কার পর অক্কা সাইফ

আজমাতউল্লাহ ওমারজাইয়ের প্রথম দুই ডট খেললেন সাইফ হাসান। পরের দুই বলে চমৎকার দুটি শটে মারলেন চার ও ছক্কা।

পরের বল ছিল অফ স্টাম্পের বাইরে শর্ট। দুই পা শূন‍্য ভাসিয়ে অপ্রয়োজনীয় আপার কাট শট খেললেন সাইফ। থার্ড ম‍্যানে এগিয়ে এসে ক‍্যাচ নিলেন বাশির আহমাদ।

২৩ বলে এক ছক্কা ও তিন চারে ২২ রান করে ফিরলেন সাইফ।

৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪০। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। আগের ম‍্যাচে তারা গড়েছিলেন শতরানের জুটি।

11 Oct 2025, 10:17 PM

অহেতুক রান আউট শান্ত

আফগানিস্তানকে একটি উইকেট উপহার দিল বাংলাদেশ। অসম্ভব একটি দুই রানের চেষ্টায় রান আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।

আজমাতউল্লাহ ওমারজাইয়ের বল ব‍্যাটের কানায় লেগে যায় স্কয়ার লেগে। দুই রানের কোনো সুযোগ ছিল না। তবুও সেই চেষ্টায় গেলেন দুই ব‍্যাটসম‍্যান। ইব্রাহিম জাদরানের থ্রো ধরে রাহমানউল্লাহ গুরবাজ বেলস ফেলে দেওয়ার সময় বেশ দূরে ছিলেন শান্ত।

৯ বলে এক চারে ৭ রান করেন শান্ত।

৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৫। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।

11 Oct 2025, 09:53 PM

শূন‍্যতেই শেষ তানজিদ

সিরিজে দ্বিতীয়বার ব‍্যর্থ হলেন তানজিদ হাসান। আরও একবার আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে ক‍্যাচ দিলেন বাঁহাতি এই ওপেনার।

প্রথম চারটি বল ডট খেলেন তানজিদ। শর্ট বল পেয়ে পুল করেন তিনি। কিন্তু বল নিচে রাখতে পারননি, টাইমিংও করতে পারেননি। ফাইন লেগ সীমানায় সহজ ক‍্যাচ নেন বাশির আহমেদ।

৫ বল খেলে শূন‍্য রানে ফেরেন তানজিদ।

১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে শূন‍্য। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

11 Oct 2025, 09:25 PM

১৯১ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

খুড়িয়ে খুড়িয়ে নামলেন মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান রেহমাত শাহ। কিন্তু এক বলের বেশি খেলতে পারলেন না তিনি। রিশাদ হোসেনের গুগলি পেটে লাগার পর আর ব‍্যাটিং চালিয়ে যেতে পারলেন না তিনি। মাঠ ছাড়লেন হুইল চেয়ারে বসে।

১২ বলে ৯ রান করেন রেহমাত।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (গুরবাজ ১১, ইব্রাহিম ৯৫, সেদিকউল্লাহ ৮, রেহমাত ৯ অবসর আউট, শাহিদি ৪, ওমারজাই ০, নাবি ২২, খারোটে ১৩, রাশিদ ১, গাজানফার ২২, বাশির ০*; তানজিম ৭-০-৩৫-২, মুস্তাফিজ ৮-০-৩৮-০, মিরাজ ১০-১-৪২-৩, তানভির ১০-০-৩৫-১, রিশাদ ৯.৫-০-৩৭-২)

11 Oct 2025, 09:21 PM

গাজানফার-ঝড় থামালেন রিশাদ

এক বল আগে মেহেদী হাসান মিরাজকে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন এএম গাজানফার। আবার সুযোগ দিলেন তিনি। এবার কোনো ভুল করলেন না সাইফ হাসান।  

লেগ স্পিনার রিশাদ হোসেন পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ১৮ বলে এক ছক্কা ও দুই চারে ২২ রান করে ফিরলেন গাজানফার।

৪৪.৪ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ১৯০।

11 Oct 2025, 09:17 PM

৯৫ রানে থামলেন ইব্রাহিম

ছক্কার চেষ্টায় সেঞ্চুরির চেষ্টায় থামলেন ইব্রাহিম জাদরান। ভাঙল আফগানদের দারুণ জুটি।

মেহেদী হাসান মিরাজে বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কার চেষ্টায় সফল হননি ইব্রাহিম। সীমানায় দারুণ ক‍্যাচ নেন রিশাদ হোসেন। ভাঙে ৩২ বল স্থায়ী ৩১ রানের জুটি।

১৪০ বলে তিন চার ও এক ছক্কায় ৯৫ রান করেন ইব্রাহিম।

৪৪ ওভারে আফগানিস্তানের রান ৮ উইকেটে ১৮৮। ক্রিজে এএম গাজানফারের সঙ্গী বাশির আহমাদ।

11 Oct 2025, 08:57 PM

রাশিদকে দ্রুত ফেরালেন মিরাজ

শেষ দিকে ঝড় তোলার সামর্থ‍্য থাকা রাশিদ খানকে দ্রুত ফেরালেন মেহেদী হাসান মিরাজ। তার বলে চমৎকার ক‍্যাচ নিলেন তানভির আহমেদ।

অফ স্টাম্পের বাইরের বল নিচে রাখতে পারেননি রাশিদ। অনায়াসে ক‍্যাচ নেন তানভির।

২ বলে ১ রান করেন রাশিদ।

৩৮ ওভারে আফগানিস্তানের রান ৭ উইকেটে ১৫৭। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী এএম গাজানফার।

11 Oct 2025, 08:50 PM

তানজিদের দারুণ থ্রোয়ে ভাঙল জুটি

জমে যাওয়া জুটি ভাঙল তানজিদ হাসানের দুর্দান্ত ফিল্ডিংয়ে। তার সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন নানগেয়ালিয়া খারোটে।

দুই ব‍্যাটসম‍্যানের ভুল বোঝাবুঝিতে সুযোগ এসে যায় তানজিদের সামনে। সেটাই কাজে লাগান তিনি। থ্রো করেন স্টাম্পে। বোলার মেহেদী হাসান মিরাজ ইচ্ছে করেই বল ধরেননি, বুঝতে পেরেছিলেন স্টাম্পেই যাচ্ছে। ভাঙে ৪৮ বল স্থায়ী ৩৬ রানের জুটি।

খারোটে ২৪ বলে করেন ১৩ রান। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

৩৭.১ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১৫৩। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী রাশিদ খান।

11 Oct 2025, 08:11 PM

জুটি ভাঙলেন তানজিম

আক্রমণে ফিরেই সাফল‍্য পেলেন পেসার তানজিম হাসান। তার বলে মোহাম্মদ নাবির দারুণ ক‍্যাচ নিলেন মেহেদী হাসান মিরাজ।

অফ স্টাম্পের বাইরের বলে আগেভাগেই শট খেলে ফেলেন নাবি। কাভারে বাম দিকে ডাইভ দিয়ে ক‍্যাচ নেন মিরাজ। ভাঙে ৬৩ বল স্থায়ী ৩৯ রানের জুটি।

৩০ বলে এক ছক্কায় ২২ রান করেন নাবি।

৩০ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১২৬। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী নানগেয়ালিয়া খারোটে।

11 Oct 2025, 07:59 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন ইব্রাহিম

একটুর জন‍্য বেঁচে গেলেন ইব্রাহিম জাদরান। রিশাদ হোসেনের দারুণ গুগলিতে এলবিডব্লিউ হলেন না তিনি আম্পায়ার্স কলে।

গুগলি বুঝতেই পারেননি ইব্রাহিম। বলের লাইনের ধারে কাছে যেতে পারেননি তিনি। জোরাল আবেদনে আস্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ।

বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। আম্পায়ার আউট না দেওয়ায় টিকে যান ইব্রাহিম।

২৭ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ১১১। ২২ বলে ১৭ রানে খেলছেন মোহাম্মদ নাবি। ৯০ বলে ইব্রাহিমের রান ৬১।

11 Oct 2025, 07:51 PM

২৬ ওভারে আফগানিস্তানের একশ

রান রেট নেমে গেছে চারের নিচে। এক প্রান্তে ওপেনার ইব্রাহিম জাদরান টিকে থাকলেও দ্রুত রান আসছে না। তেমন কোনো জুটিও গড়ে উঠছে না।

মুস্তাফিজুর রহমানের বলে ইব্রাহিম জাদরানের সিঙ্গেল একশ স্পর্শ করে আফগানিস্তানের রান।

২৬ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ১০১। ৮৭ বলে ৫৮ রানে খেলছেন ইব্রাহিম। ১৯ বলে মোহাম্মদ নাবির রান ১০।

11 Oct 2025, 07:45 PM

ইব্রাহিমের ফিফটি

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে খেলছেন ইব্রাহিম জাদরান। দায়িত্বশীল ব্যাটিংয়ে এই ওপেনার পঞ্চাশ স্পর্শ করেছেন ৭০ বলে।

২৩তম ওভারে প্রথম বলে রিশাদ হোসেনকে কাভারে খেলে সিঙ্গেল নিয়ে ফিফটিতে পা রাখেন ইব্রাহিম। তার ইনিংসে ২ চারের সঙ্গে ছক্কা একটি।

ওয়ানডেতে এনিয়ে অষ্টমবার ফিফটি করলেন ইব্রাহিম। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।

11 Oct 2025, 07:43 PM

ওমারজাইকে শূন‍্য রানে ফেরালেন রিশাদ

নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের চমৎকার ডেলিভারিতে ফিরে গেলেন আজমাতউল্লাহ ওমারজাই।

রিশাদকে পা বাড়িয়ে খেলেন আজমাতউল্লাহ। টার্ন করে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের বাইরের কানায় লেগে যায় স্লিপে। সহজ ক্যাচ নেন তানজিদ হাসান।

৩ বল খেলে শূন্য রানে ফেরেন আজমাতউল্লাহ।

১৯ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ৮১। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী মোহাম্মদ নাবি।

11 Oct 2025, 07:33 PM

শাহিদিকে দ্রুত ফেরালেন মিরাজ

খরুচে বোলিংয়ে শুরুর পর ঘুরে দাঁড়ালেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদিকে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক।

১৮তম ওভারের পঞ্চম বলটি ঝুলিয়ে দেন মিরাজ। ডিফেন্স করার চেষ্টা করেন শাহিদি। কিন্তু লাইনে খেলতে পারেননি তিনি। হালকা টার্ন করে ভেতরে ঢোকা বল তার ব্যাটের কানা নিয়ে ছোবল দেয় স্টাম্পে।

শাহিদি ১২ বলে করেন ৪ রান।

১৮ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৭৮। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী আজমাতউল্লাহ ওমারজাই।

11 Oct 2025, 07:09 PM

চোট পেয়ে মাঠ ছাড়লেন রেহমাত

শুরু থেকে আস্থার সঙ্গে খেলা রেহমাত শাহ চোট পেয়ে মাঠ ছাড়লেন। তানভির ইসলামের লেগ স্টাম্পের বাইরের বল বল ডিপ মিডউইকেটে পাঠিয়ে সিঙ্গেল নেন রেহমাত।

রান নেওয়ার সময় বোঝা যাচ্ছিল কোনো সমস‍্যা অনুভব করছেন তিনি। কিছুক্ষণ শুয়ে থেকে শুশ্রূষা নিয়ে উঠে দাঁড়ান কিন্তু হাঁটার চেষ্টা করতেই সমস‍্যা টের পেয়ে ফের বসে পড়েন তিনি। কিছুক্ষণ পর খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন তিনি।

আগের ম‍্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা রেহমাত এক চারে ১১ বলে করেন ৯ রান।

১৫ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ৬৮। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি।

11 Oct 2025, 06:48 PM

পাওয়ার প্লেতে ২ উইকেট

পাওয়ার প্লেতে আফগানিস্তানকে দ্রুত রান করতে দিল না বাংলাদেশ, নিল দুটি উইকেট।

১০ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ৪৩। ৪০ বল ডট বল খেলেছে আফগানরা। তিন চারের সঙ্গে মেরেছে দুটি ছয়।

৩১ বলে এক ছক্কায় ১৯ রানে ব‍্যাট করছেন ওপেনার ইব্রাহিম জাদরান। এসেই চার দিয়ে শুরু করা রেহমাত শাহ ৫ বলে করেছেন ৪।

11 Oct 2025, 06:43 PM

এসেই তানভিরের আঘাত

পাওয়ার প্লের ভেতরে বোলিংয়ে দুটি পরিবর্তন আনলেন মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমানের জায়গায় নিজেই এলেন আক্রমণে। ছক্কায় দিলেন নয় রান।

পরের ওভারে তানজিম হাসানের জায়গায় এলেন তানভির ইসলাম। বেরিয়ে এসে তাকে ছক্কা মারার চেষ্টায় লং অনে তানজিমের হাতে ধরা পড়লেন সেদিকউল্লাহ আতাল।

১৩ বলে এক চারে ৮ রান করলেন সেদিকউল্লাহ।

৯ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ৪২। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী রেহমাত শাহ।

11 Oct 2025, 06:25 PM

প্রথম আঘাত গুরবাজের

আগের ওভারে হজম করেছিলেন ছক্কা, এই ওভারে চার। তবে শেষ হাসি হাসলেন তানজিম হাসানই। রাহমানউল্লাহ গুরবারজকে ফিরিয়ে আফগানিস্তানের শুরুর জুটি ভাঙলেন এই পেসার।

শর্ট বলে এলো প্রথম উইকেট। লেগ স্টাম্পে থাকা শর্ট বলে পুল করে ছক্কা মারতে চেয়েছিলেন গুরবাজ। ঠিকঠাক টাইমিং করতে পারেননি তিনি। ডিপ স্কয়ার লেগে ক‍্যাচ নেন জাকের আলি।

একটি করে ছক্কা ও চারে ১১ বলে ১১ রান করেন গুরবাজ।

৫ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ১৮। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী সেদিকউল্লাহ আতাল।

11 Oct 2025, 05:44 PM

অপরিবর্তিত আফগানিস্তান

প্রথম ম‍্যাচে জয় পাওয়া দলটির উপরই আস্থা রেখেছে আফগানিস্তান। উইকেটে দেখে ভালো মনে হয়েছে দলটির অধিনায়ক হাশামতউল্লাহ শাহিদির। দ্বিতীয়ভাগে উইকেটে স্পিনারদের জন‍্য সহায়তা আশা করছেন তিনি।  

আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ।

11 Oct 2025, 05:39 PM

বাংলাদেশ দলে ২ পরিবর্তন

৫ উইকেটে হেরে যাওয়া ম‍্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

অনুমিতভাবেই স্পিনে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। সঙ্গে ফিরিয়েছে অভিজ্ঞ মুস্তাফিজকে। এই ধরনের উইকেটে যিনি গড়ে দিতে পারেন ব‍্যবধান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তানজিম হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।

11 Oct 2025, 05:33 PM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আগের ম‍্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন ব‍্যাটিং। এবার টস জিতে সেই একই সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক হাশামউল্লাহ শাহিদি।

টসের সময় মিরাজ বললেন, টস জিতলে এই ম‍্যাচেও আগে ব‍্যাটিং নিতেন তিনি। শিশির পড়ায় এই উইকেটে ২৫০ রান পর্যন্ত তাড়া করা সম্ভব বলে মনে হচ্ছে তার। 

11 Oct 2025, 05:18 PM

সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালের পর আবারও প্রথম ম‍্যাচে হেরে পিছিয়ে পড়েছে তারা। সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজদের সামনে। 

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ‍্যা ৬টায়।

২০২৩ সালে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজে হারে বাংলাদেশ। সেবার প্রথম দুই ম‍্যাচে হারার পর তৃতীয়টিতে জেতে তারা। পরের বছর শারজাহতে প্রথম ও তৃতীয় ম‍্যাচে হারে বাংলাদেশ, জেতে দ্বিতীয়টিতে। 

নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে অনেক দিন ধরেই ছন্দে নেই বাংলাদেশ। এবার প্রথম ম‍্যাচে হেরেছে ৫ উইকেটে। অসংখ‍্য ডট বল খেলে নিজেদের চাপে ফেলা দেওয়া দলটি শেষের ব‍্যাটিং ধসে পায়নি লড়াইয়ের পুঁজি। স্পিনারদের জন‍্য যথেষ্ট সহায়তা থাকলেও মাত্র দুই জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামে বাংলাদেশ। একাদশে রাখেনি পেসার মুস্তাফিজুর রহমানকে, যিনি এই উইকেটে হতে পারতেন বড় অস্ত্র। 

ওয়ানডেতে শেষ ১১ ম‍্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি! এই সময়ে পরিত‍্যক্ত হয়েছে একটি ম‍্যাচ, হার বাকি ৯টিতে। এই ধারা থেকে বের হয়ে আসতে অনেক উন্নতি করতে হবে মিরাজের দলকে। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে জয়ে ফিরতেই হবে, পয়েন্ট বাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে। সব মিলিয়ে অনেক চ‍্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।