০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রেমাদাসায় 'প্রথম' জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮

 

শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২

05 Jul 2025, 10:59 PM

সমতা ফেরাল বাংলাদেশ

ঘটনাবহুল ৪৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করলেন তানজিম হাসান। ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

ওভারের তৃতীয় বলে কট বিহাইন্ডের আবেদন করে সাড়া না পাওয়ায় রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। বৃথা যায় সেটি। পরের বলে ফিরতি ক্যাচের সুযোগ পেলেও নিতে পারেননি তানজিম।

পঞ্চম বলে আর কোনো সুযোগ নয়। আসিথার অফ স্টাম্প উপড়ে দিয়েই উল্লাসে ফেটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার।

আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ওয়ানডেতে এটিই বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে সাত ম্যাচ পর এই সংস্করণে জয়ের দেখা পেল তারা। 

পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।

আড়াইশ ছুঁইছুঁই লক্ষ্যে কুসাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২০ বলে ফিফটি করে ফেলেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা করে ফেলে ৭৫ রান।

পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানভির ইসলাম করেন চমৎকার বোলিং। প্রথম ২ ওভারে ২২ রান খরচ করা বাঁহাতি স্পিনার পরের ৮ ওভারে দেন মাত্র ১৭ রান। বিপরীতে নেন ৫টি উইকেট।

শেষ দিকে জানিথ লিয়ানাগে ৮৫ বলে ৭৮ রানের ইনিংসে লড়াই করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, তানজিদ ৭, শান্ত ১৪, হৃদয় ৫১, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, হাসান ০, তানভির ৪, মুস্তাফিজ ০; আসিথা ৯-০-৩৫-৪, থিকশানা ৭-০-৩২-০, চামিরা ৭-০-৩৭-১, আসালাঙ্কা ৩-০-২৪-১, ওয়েলালাগে ৮-০-৩২-০, হাসারাঙ্গা ৯.৫-১-৬০-৩, কামিন্দু ২-০-১৯-০)

শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২ (মাদুশকা ১৭, নিসাঙ্কা ৫, কুসাল ৫৬, কামিন্দু ৩৩, আসালাঙ্কা ৬, লিয়ানাগে ৭৮, ওয়েলালাগে ১, হাসারাঙ্গা ১৩, থিকশানা ২, চামিরা ১৩*, আসিথা ২; হাসান ৭-০-৪৩-০, তানজিম ৪.৫-০-৩৪-২, তানভির ১০-২-৩৯-৫, মুস্তাফিজ ৮-০-৫৬-১, মিরাজ ১০-০-৩৭-১, শামীম ৯-১-২২-১)

05 Jul 2025, 10:45 PM

লিয়ানাগেকে ফেরালেন মুস্তাফিজ

নতুন ওভারের প্রথম বলেই ছক্কা মারলেন জানিথ লিয়ানাগে। শঙ্কা চেপে বসল বাংলাদেশ দলে। পরের বলেই তাকে ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। লড়াকু ব্যাটিংয়ে ৭ চার ও ২ ছক্কায় ৮৫ বলে ৭৮ রান করে আউট হলেন লিয়ানাগে।

৪৭.২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ২২৮ রান। বাংলাদেশের প্রয়োজন ১ উইকেট। শ্রীলঙ্কার করতে হবে ১৬ বলে ২১ রান।

05 Jul 2025, 10:45 PM

লিয়ানাগে-চামিরা জুটির পঞ্চাশ

নবম উইকেটে শ্রীলঙ্কার জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন জানিথ লিয়ানাগে ও দুশমান্থ চামিরা। দুজন মিলে এরই মধ্যে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, মাত্র ৪৭ বলে। 

জুটিতে বড় অবদান স্বাভাবিকভাবেই লিয়ানাগের। ২১ বলে ৩৭ রান নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার। চামিরার সংগ্রহ ২৬ বলে ১২ রান। 

৪৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২২২ রান। জয়ের জন্য তাদের ১৮ বলে প্রয়োজন ২৭ রান।

05 Jul 2025, 10:21 PM

লিয়ানাগের ফিফটি

শ্রীলঙ্কার একমাত্র আশা হয়ে টিকে আছেন জানিথ লিয়ানাগে। একপ্রান্ত আগলে রেখে এরই মধ্যে ফিফটি করে ফেলেছেন পেস বোলিং অলরাউন্ডার। 

৭৫ বলে ৪ চারে ক্যারিয়ারের পঞ্চম পঞ্চাশ করেছেন লিয়ানাগে।

05 Jul 2025, 10:18 PM

লিয়ানাগের ক্যাচ ছাড়লেন রিশাদ

বাংলাদেশের জয়ের পথে শেষ কাটা হয়ে দাঁড়িয়ে আছেন জানিথ লিয়ানাগে। হাসান মাহমুদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে তার ক্যাচ ছেড়ে দিয়েছেন রিশাদ হোসেন। ৪২ রানে বেঁচে গেছেন লিয়ানাগে। 

৪২.৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ১৮৮ রান। বাংলাদেশের প্রয়োজন ২ উইকেট আর স্বাগতিকদের দরকার ৪৫ বলে ৬১ রান।

05 Jul 2025, 10:05 PM

থিকশানাকে ফিরিয়ে তানভিরের ৫

নিজের শেষ ওভারে আরেকটি উইকেট পেলেন তানভির ইসলাম। নিজের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের দেখা পেলেন বাঁহাতি এই স্পিনার।

তার বলে আলতো করে খেলে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন মাহিশ থিকশানা। ৫ উইকেট পাওয়ার উল্লাসে মাতেন তানভির

১২ বলে থিকশানা করেন ২ রান।

৩৯ ওভারে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ১৭০। ক্রিজে জানিথ লিয়ানাগের সঙ্গী দুশমান্থা চামিরা।

05 Jul 2025, 09:50 PM

হাসারাঙ্গাকে ফেরালেন মিরাজ

পাঁচ ম্যাচ পর উইকেটের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানিনন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।

অফ স্টাম্পের বাইরের বল টেনে ছক্কার চেষ্টায় সফল হননি হাসারাঙ্গা। ডিপ মিডউইকেটে ক্যাচ নেন তানজিম হাসান সাকিব।

১৬ বলে এক চারে হাসারাঙ্গা। করেন ১৩ রান।    

৩৬ ওভারে শ্রীলঙ্কার রান ৭ উইকেটে ১৫৬। ক্রিজে জানিথ লিয়ানাগের সঙ্গী মাহিশ থিকশানা।

05 Jul 2025, 09:31 PM

ওয়েলালাগেকে ফিরিয়ে তানভিরের চার

দুর্দান্ত বোলিংয়ে আরেকটি উইকেট পেলেন তানভির ইসলাম। তার বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেলেন দুনিথ ওয়েলালাগে।

রানের দেখাই পাচ্ছিলেন না ওয়েলালাগে। সে কারণেই হয়তো বেরিয়ে এসে চড়াও হতে চেয়েছিলেন তিনি। কিন্তু টার্নের জন্য ঠিক মতো খেলতেই পারেননি। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া সহজ ক্যাচ নেন জাকের আলি।

১০ বল খেলে ১ রান করেন দুনিথ ওয়েলালাগে। তানভির পেলেন নিজের চতুর্থ উইকেট।

৩০ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ১৩৩। ক্রিজে জানিথ লিয়ানাগের সঙ্গী ওয়ানিনন্দু হাসারাঙ্গা।    

05 Jul 2025, 09:16 PM

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

জানিথ লিয়ানাগেকে ফেরানোর চেষ্টায় রিভিউ নিয়ে ব্যর্থ হল বাংলাদেশ। শামীম হোসেনের বল ব্যাটে খেলতে পারেননি ব্যাটসম্যান। তার প্যাড ছুঁয়ে কিপারের গ্লাভসে গিয়েছিল বল।

২৭ ওভারে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ১২৯ রান।

05 Jul 2025, 09:12 PM

জীবন পাওয়া কামিন্দুকে ফেরালেন তানভির

আক্রমণে ফিরেই সাফল্য পেলেন তানভির ইসলাম। তার দারুণ ডেলিভারিতে ফিরে গেলেন কামিন্দু মেন্ডিস।

আগের ওভারেই বিদায় নিতে পারতেন কামিন্দু। শামীম হোসেনের বলে কঠিন ক্যাচ নিতে পারেননি জাকের আলি। তবে এরপর কোনো রান যোগ না করেই ফিরে যান বাঁহাতি ব্যাটসম্যান।

তানভির বলে শর্ট মিডউইকেটে মেহেদী হাসান মিরাজকে সহজ ক্যাচ দেন কামিন্দু। ৫১ বলে দুই চারে তিনি করেন ৩৩ রান।

২৬ ওভারে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ১২৮। ক্রিজে জানিথ লিয়ানাগের সঙ্গী দুনিথ ওয়েলালাগে।

05 Jul 2025, 08:47 PM

আসালাঙ্কাকে টিকতে দিলেন না শামীম

আগের ম্যাচে এক প্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি করা চারিথ আসালাঙ্কাকে টিকতে দিলেন না শামীম হোসেন। তাকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিলেন বাঁহাতি ব্যাটসম্যান।

স্কিড করা ডেলিভারি তুলে মারতে চেয়েছিলেন লঙ্কা অধিনায়ক। টাইমিং করতে পারেননি তিনি। মিড অনে সহজ ক্যাচ নেন তানভির ইসলাম।

১৯ ওভারে স্বাগতিকদের রান ৪ উইকেটে ১০১। ক্রিজে কামিন্দু মেন্ডিসের সঙ্গী জানিথ লিয়ানাগে।

05 Jul 2025, 08:20 PM

কুসাল-ঝড় থামালেন তানভির

পরপর দুই ওভারে দুটি উইকে পেলেন তানভির ইসলাম। নিশান মাদুশকা্র পার বাঁহাতি এই স্পিনার ফেরালেন কুসাল মেন্ডিসকে।

টার্নের বিপক্ষে খেলতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি ব্যাটসম্যান। আম্পায়ার খুব জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। তাতে পাল্টায় সিদ্ধান্ত।

৩১ বলে নয় চার ও এক ছক্কায় ৫৬ রান করে ফেরেন কুসাল।

১২ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৮২। ক্রিজে কামিন্দু মেন্ডিসের সঙ্গী চারিথ আসালাঙ্কা।

05 Jul 2025, 08:10 PM

মাদুশকাকে ফেরালেন তানভির

এক ওভারে ১৭ রান দিলেও তানভির ইসলামকে আক্রমণে রাখলেন মেহেদী হাসান মিরাজ। এর সুফল পেলেন বাংলাদেশ অধিনায়ক। বাঁহাতি স্পিনারই ভাঙলেন দ্রুত এগোনো জুটি।

তানভিরের ফ্লাইট দেওয়া ডেলিভারিতে ইনসাইড আউট খেলার চেষ্টায় তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন ইশান মাদুশকা। ভাঙে ৪৫ বল স্থায়ী ৬৯ রানের জুটি।

২৫ বলে তিন চারে ১৭ রান করেন মাদুশকা।

১০ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ৭৫। ক্রিজে কুসাল মেন্ডিসের সঙ্গী কামিন্দু মেন্ডিস।

05 Jul 2025, 08:03 PM

২০ বলে কুসালের পঞ্চাশ

টি-টোয়েন্টিরন ঘরানার ব্যাটিংয়ে দ্রুত এগোচ্ছেন কুসাল মেন্ডিস। মাত্র ২০ বলে ছুঁয়েছেন পঞ্চাশ।

তানভির ইসলামের ওভারে ১৭ রান নেওয়ার পর মুস্তাফিজুরে রহমানের ওভারেও চারটচি চারে কুসাল নেন ১৭।

৯ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৭৪।

05 Jul 2025, 07:56 PM

মাদুশকা-কুসালের জুটিতে পঞ্চাশ

তানভির ইসলামের উপর চড়াও হলেন কুসাল মেন্ডিস। দুই চার ও এক ছক্কায় নিলেন ১৭ রান। নিশান মাদুশকার সঙ্গে তার জুটির রান স্পর্শ পঞ্চাশ, স্রেফ ৩৫ বলে।

ক্রিজে গিয়েই ঝড় তুলেছেন কুসাল মেন্ডিস। আরেক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করছেন ওপেনার মাদুশকা। তাদের ব্যাটে দ্রুত এগোচ্ছে শ্রীলঙ্কা।

৮ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫৭।

05 Jul 2025, 07:37 PM

শুরুতেই তানজিমের আঘাত

দ্বিতীয় ওভারেই ভাঙল শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। তানজিম হাসানের দারুণ ডেলিভ।রিতে এলবিডব্লিউ হয়ে গেলেন পাথুম নিসাঙ্কা।

আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন লঙ্কান ওপেনার। হিটিং     ছিল আম্পায়ার্স কল। তাই ফিরে যেতে হয় তাকে। ৮ বলে নিসাঙ্কা করেন ৫ রান।

২ ওভারে শ্রীলঙ্কার রানর ১ উইকেটে ৬। ক্রিজে নিশান মাদুশকার সঙ্গ কুসাল মেন্ডিস।

05 Jul 2025, 06:54 PM

২৪৮ রানে অলআউট বাংলাদেশ

ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম তিন বলে দুটি ছক্কা মেরে দলকে আড়াইশর কাছে নিয়ে গেলেন তানজিম হাসান। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন মুস্তাফিজুর রহমানকে। সেটিই যেন ভুল হলো তার।

মুস্তাফিজকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিলেন হাসারাঙ্গা।  আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে মুস্তাফিজের বিদায় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

২৫ বল বাকি থাকতে ২৪৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ২টি করে চার-ছক্কায় ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তানজিম।

ক্যারিয়ারের প্রথম ফিফটিতে দলের সর্বোচ্চ ৬৭ রান করেন পারভেজ হোসেন। এছাড়া তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৫১ রান। 

শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো নেন ৪ উইকেট। হাসারাঙ্গার শিকার ৩টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, তানজিদ ৭, শান্ত ১৪, হৃদয় ৫১, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, হাসান ০, তানভির ৪, মুস্তাফিজ ০; আসিথা ৯-০-৩৫-৪, থিকশানা ৭-০-৩২-০, চামিরা ৭-০-৩৭-১, আসালাঙ্কা ৩-০-২৪-১, ওয়েলালাগে ৮-০-৩২-০, হাসারাঙ্গা ৯.৫-১-৬০-৩, কামিন্দু ২-০-১৯-০)

05 Jul 2025, 06:29 PM

টিকলেন না তানভির

হুট করে শেষের কাছে চলে এসেছে বাংলাদেশের ইনিংস। আড়াইশ এখন অনেক দূরের পথ, পুরো ৫০ ওভার খেলার পথও ভীষণ কঠিন।

তানভির ইসলামকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নেন ব্যাটসম্যান। কিন্তু কাজ হয়নি, তবে হিটিং আম্পায়ার্স কল হওয়ায় টিকে যায় রিভিউ।

৫ বলে ৪ রান করেন তানভির।

৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২১৮। ক্রিজে তানজিম হাসানের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

05 Jul 2025, 06:24 PM

পঞ্চাশ ছুঁয়ে রান আউট হৃদয়

এক প্রান্ত আগলে রেখে ৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করলেন তাওহিদ হৃদয়। পরের ওভারে রান আউট হয়ে গেলেন তিনি। তাতে বাংলাদেশের আড়াইশ রানের আশেপাশে যাওয়ার সম্ভাবনায় লাগল বড় চোট।

আসিথা ফার্নান্দোর বল মিডউইকেটে পাঠিয়ে দুই রান নিতে চেয়েছিলেন হৃদয়। বিস্ময়করভাবে তার ডাকে সাড়া দেননি তানজিম হাসান। অনেকটা এগিয়ে আসার পর ফেরার চেষ্টায় সফল হননি হৃদয়।

শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে বাঁচাতে নিজের উইকেট দিয়ে আসতে পারতেন তানজিম সেটা করেননি তিনি।

৬৯ বলে দুই চারে ৫১ রান করেন হৃদয়।

দুই বল পর আরেকটি উইকেট হারায় সফরকারীরা। আসিথার শর্ট বলে স্কয়ার লেগে ক্যাচ দেন হাসান মাহমুদ। ২ বল খেলে রানের দেখা পাননি তিনি।

৪১ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৩। ক্রিজে তানজিমের সঙ্গী তানভির ইসলাম।

পুরো ৫০ ওভার ব্যাট করাই এখন সফরকারীদের জন্য অনেক দূরের পথ।

05 Jul 2025, 06:06 PM

আসিথার স্লোয়ারে জাকেরের বিদায়

তৃতীয় স্পেলে ফিরে তৃতীয় সাফল্য পেলেন আসিথা ফার্নান্দো। দলের দুইশ পেরোতেই ড্রেসিং রুমের পথ ধরলেন জাকের আলি।

আসিথার স্লোয়ার ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি কিপার-ব্যাটসম্যান। বল প্যাডে লাগতেই এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নিয়েও কোনো ফায়দা হয়নি ৪০ বলে ২৪ রান করা জাকেরের। তার বিদায়ে ভাঙল ৪৫ রানের ষষ্ঠ উইকেট জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান তানজিম হাসান। ৬৩ বলে ৪৫ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৪ রান।

05 Jul 2025, 05:17 PM

শামীমকে ফেরালেন আসিথা

নতুন স্পেলে আক্রমণে ফিরে সাফল্য পেতে সময় লাগল না আসিথা ফার্নান্দোর। শর্ট বলে হুক করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দিলেন শামীম হোসেন।

প্রায় দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৩ রান করেন শামীম।

ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ৪২ বলে ২৫ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৯ রান।

05 Jul 2025, 04:48 PM

টিকলেন না মিরাজ

উইকেটে বেশিক্ষণ থাকতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। দুশমান্থ চামিরা আক্রমণে ফিরতেই ড্রেসিং রুমের পথ ধরলেন বাংলাদেশ অধিনায়ক।

বুক উচ্চতায় আসা বাউন্সার পুল করতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি মিরাজ। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ সীমানায় সহজ ক্যাচ নেন পাথুম নিসাঙ্কা। ১০ বলে ৯ রান করে ফেরেন মিরাজ।

ছয় নম্বরে নেমেছেন প্রায় দুই বছর পর ওয়ানডে খেলতে নামা শামীম হোসেন। ২৯ বলে ১৫ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৭ রান।

05 Jul 2025, 04:34 PM

পারভেজকে ফেরালেন হাসারাঙ্গা

আগের ম্যাচে বাংলাদেশের ইনিংসে ধস নামানো ওয়ানিন্দু হাসারাঙ্গা এবার নিজের তৃতীয় ওভারে পেলেন প্রথম সাফল্য। রাউন্ড দা উইকেট থেকে করা গুগলি পড়তে পারেননি পারভেজ হোসেন। বল তার ব্যাট ফাঁকি দিয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। 

৬ চার ও ৩ ছক্কায় ৬৯ বলে ৬৭ রান করে ফেরেন পারভেজ।

ওভারের বাকি তিন বলে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। অল্পের জন্য আউট হওয়া থেকে বেঁচে যান বাংলাদেশ। ২০ বলে ৯ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান।

05 Jul 2025, 04:21 PM

১৬ ওভারে বাংলাদেশের একশ

নাজমুল হোসেন শান্ত বিদায় নিলেও রান রেট কমতে দেননি দারুণ খেলতে থাকা পারভেজ হোসেন। তার ইতিবাচক ব্যাটিংয়ে ১৬ ওভারেই একশ করে ফেলল বাংলাদেশ।

পঞ্চাশ করতে সফরকারীদের লেগেছিল ৫২ বল। সেখান থেকে পরের পঞ্চাশ করতে লেগেছে মাত্র ৪৪ বল।

১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। পারভেজ ৫৬ বলে ৬০ ও তাওহিদ হৃদয় ১১ বলে ৭ রানে খেলছেন।

05 Jul 2025, 04:10 PM

ওয়ানডেতে পারভেজের প্রথম পঞ্চাশ

চারিথ আসালাঙ্কার অফ স্টাম্পের বাইরের বল অনেক নিচু হয়ে সুইপ করলেন পারভেজ হোসেন। বল চলে গেল ডিপ স্কয়ার লেগ দিয়ে সীমানার বাইরে। পূর্ণ হলো বাঁহাতি ওপেনারের ফিফটি।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে প্রথম পঞ্চাশের দেখা পেলেন তরুণ ওপেনার। ৪৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় মাইলফলক স্পর্শ করেন পারভেজ।

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। পারভেজ ৪৯ বলে ৫২ ও তাওহিদ হৃদয় ৬ বলে ৩ রানে অপরাজিত।

05 Jul 2025, 04:02 PM

বাজে শটে শান্তর বিদায়

অহেতুক এক শটে ড্রেসিং রুমের পথ ধরলেন নাজমুল হোসেন শান্ত। চারিথ আসালাঙ্কার শর্ট বলে ব্যাকফুটে গিয়ে বড় শটের খোঁজে ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। 

লং অফ থেকে অনেকটা ভেতরে এসে সহজ ক্যাচ নেন মাহিশ থিকশানা। ১৯ বলে ১৪ রান করে ফেরেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৬৩ রানের দ্বিতীয় উইকেট জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৪০ বলে ৩৯ রানে অপরাজিত পারভেজ হোসেন ইমন।

১১.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান।

05 Jul 2025, 03:55 PM

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬৫, জুটির পঞ্চাশ

প্রথম ম্যাচের মতো এবারও ব্যাটিংয়ে ভালো শুরু পেল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে শুধু তানজিদ হাসানের উইকেট হারিয়ে তারা করল ৬৫ রান। একইসঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতেও পঞ্চাশ পূর্ণ করলেন পারভেজ হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

শুরুতে অবশ্য তানজিদকে হারানোর পর কিছুটা খোলসবন্দী ছিলেন পারভেজ ও তিন নম্বরে নামা শান্ত। তবে পাওয়ার প্লের শেষ ১৩ বলে তারা দুজন মিলে নেন ২৭ রান। 

এতে বড় অবদান পারভেজের। শেষের ১৩ বলের মধ্যে তিন চারের সঙ্গে দুইটি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার।

পারভেজ ৩৬ বলে ৩৭ ও শান্ত ১৪ বলে ১২ রানে অপরাজিত।

05 Jul 2025, 03:51 PM

পারভেজের ছক্কায় বাংলাদেশের পঞ্চাশ

অষ্টম ওভারের শেষ বলে ইনিংসের প্রথম ছক্কা মেরেছিলেন পারভেজ হোসেন। পরের ওভারে দুশমান্থ চামিরার শর্ট বল পুল করে ওড়ালেন আরেকটি ছক্কায়। একই সঙ্গে পূর্ণ করলেন বাংলাদেশের পঞ্চাশ রান।

ওই ওভারের শেষ বলে লেগ স্টাম্পের বাইরে আরেকটি ডেলিভারি পেয়ে আলতো ব্যাট ছুঁয়ে চার মারেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের রান রেট উঠে যায় ছয়ের ওপরে।

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। পারভেজ ৩১ বলে ২৮ ও নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ১১ রানে অপরাজিত।

05 Jul 2025, 03:42 PM

শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ

দ্রুত আরেকটি উইকেটের আশায় প্রথম রিভিউ নষ্ট করল শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার ফুল লেংথ ডেলিভারি অনেকটা নিচু হয়ে সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি পারভেজ হোসেন।

বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার। শ্রীলঙ্কা রিভিউ নিলে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই বৃথা যায় ম্যাচের প্রথম রিভিউ।

৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৭ রান। পারভেজ ৯ বলে ৫ ও নাজমুল হোসেন শান্ত ৪ বলে ৪ রানে অপরাজিত।

05 Jul 2025, 03:42 PM

আলগা শটে তানজিদের বিদায়

আরও একবার অল্পেই ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারে ড্রেসিং রুমের পথ ধরলেন তানজিদ হাসান।

আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বেশ বাইরের স্লোয়ার ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় কট বিহাইন্ড হন আগের ম্যাচে ফিফটি করা ওপেনার। এবার তার সংগ্রহ ১১ বলে ৭ রান। 

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪ রান। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

05 Jul 2025, 02:51 PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে কয়েনভাগ্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।

আগের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। পরে ম্যাচও অনায়াসে জিতেছিল তারা।

05 Jul 2025, 02:45 PM

শ্রীলঙ্কা একাদশেও দুই পরিবর্তন

সফরকারীদের মতো শ্রীলঙ্কার একাদশেও পরিবর্তন দুটি। আগের ম্যাচে স্পিনে বাংলাদেশকে কুপোকাত করা স্বাগতিকরা, এবার স্পিনে আরও বাড়িয়েছে শক্তি।

পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়াকের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। এছাড়া ইশান মালিঙ্গার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা। 

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

05 Jul 2025, 02:45 PM

বাদ পড়লেন লিটন, ২ বছর পর ফিরলেন শামীম

টানা বাজে পারফরম্যান্সের পরও স্কোয়াডে ফিরলেও, প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি লিটন কুমার দাস। এবার দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হলো অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানকে।

এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে।

তাদের জায়গায় একাদশে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। ২০২৩ সালের এশিয়া কাপের পর এবারই প্রথম ওয়ানডে খেলতে নামছেন শামীম। লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনও করতে দেখা যেতে পারে তাকে।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

05 Jul 2025, 02:22 PM

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ

ব্যাখ্যাতীত ও অভাবনীয় ব্যাটিং ধসে সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর আশায় শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে তারা। খেলা শুরু বাংলদেশ সময় দুপুর ৩টায়।

শুধু শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচই নয়, সাম্প্রতিক সময়ে সার্বিকভাবেই ওয়ানডেতে তেমন ছন্দে নেই বাংলাদেশ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি দিয়ে শুরু। এরপর চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও ভালো কাটেনি বাংলাদেশের।

সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচের একটিতেও জয় নেই তাদের। ২০২৩ বিশ্বকাপ থেকে হিসেব করলে ২৪ ম্যাচে জয় মাত্র ৬টি। এই সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ছাড়া আর কোনো সিরিজও জিততে পারেনি বাংলাদেশ। 

গত বছর বাংলাদেশে এসে সেই সিরিজ হারের বদলা নেওয়ার সুযোগ এখন শ্রীলঙ্কার সামনে। আর বাংলাদেশের লড়াই সিরিজ বাঁচিয়ে রাখার। শনিবার হেরে গেলেই ব্যর্থতার খাতায় যুক্ত হবে আরেকটি অধ্যায়।

অতীত থেকেও অনুপ্রেরণা নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। এখন পর্যন্ত খেলা ৬৯টি তিন ম্যাচের সিরিজের মধ্যে মাত্র একটিতে প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জিতেছে তারা। প্রায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজের পুনরাবৃত্তি করতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে মেহেদী হাসান মিরাজের দলের।