১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাঠ ছাড়লেন লিটন

14 Jun 2026, 01:00 PM

লিটন-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের বিদায়ের পর বাংলাদেশকে টানছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৬০ বলে।

মাঝপথে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। ২৫ ওভারে স্বাগতিকদের রান ৩ উইকেটে ১১৪।

৩১ বলে দুই চারে ২৩ রানে খেলছেন হৃদয়। ৪৫ বলে দুই চারে ২৭ রানে ব‍্যাট করছেন লিটন।

14 Jun 2026, 12:20 PM

থিতু হয়ে ফিরলেন শান্ত

ম‍্যাট রেনশর আপাতত সাদামাটা ডেলিভারি স্টাম্পে টেনে আনলেন নাজমুল হোসেন শান্ত। চাপে পড়ে গেল বাংলাদেশ।

অফ স্পিনার রেনশর বল ছিল অফ স্টাম্পের অনেক বাইরে। হাঁটু গেড়ে সুইপ করেন শান্ত। কিন্তু ঠিকঠাক শট খেলতে পারেননি তিনি। ব‍্যাটের নিচের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। একরাশ হতাশা নিয়ে ফেরেন শান্ত।

৫০ বলে তিন চারে ২৪ রান করেন শান্ত।

আগের ওভারে অ‍্যাডাম জ‍্যাম্পার বলে এলবিডব্লিউর জোরাল আবেদন থেকে বাঁচেন শান্ত। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন জশ ইংলিস। তাতে অবশ‍্য কাজ হয়নি, বল বেরিয়ে যেত স্টাম্পের বাইরে দিয়ে। অস্ট্রেলিয়া হারায় প্রথম রিভিউ।

১৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬২। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।

14 Jun 2026, 11:55 AM

উইকেট ছুঁড়ে এলেন তানজিদ

ইনিংস বড় করতে পারলেন না তানজিদ হাসান। ম‍্যাট রেনশর বলে বড় শটের চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি ওপেনার।

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন রেনশ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি।

২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তানজিদ।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।

14 Jun 2026, 11:31 AM

সৌম‍্যর বিদায়ের পর তানজিদ-শান্তর দৃঢ়তা

প্রথম ওভারে সৌম‍্য সরকারের বিদায়ের পর নিজেদের গুটিয়ে নেননি নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান। কন্ডিশনের সুবিধা পাওয়া অস্ট্রেলিয়ার ব‍্যাটসম‍্যানদের বিপক্ষে আগ্রাসী ব‍্যাটিং করছেন দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

বোলাররা আর্লি মুভমেন্ট পেলেও তাতে খুব একটা ভাবছেন না তানজিদ ও শান্ত। নিজেদের সহজাত ক্রিকেটই খেলছেন তারা।

স্ট্রাইক একটু কম পাওয়া তানজিদ বেরিয়ে এসে ছক্কা মেরেছেন জেভিয়ার বার্টলেটকে। শান্তর ব‍্যাট থেকে এসেছে একটি চার।

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৫। ৬ বলে তানজিদের রান ৮। ২০ বলে শান্তর রান ৯।

14 Jun 2026, 11:09 AM

শুরুতেই ফিরলেন সৌম‍্য

টস জিতে ব‍্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারেই ভাঙল স্বাগতিকদের উদ্বোধনী জুটি।

জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে।

৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

14 Jun 2026, 10:54 AM

অস্ট্রেলিয়া দলেও ২ পরিবর্তন

সিরিজের প্রথম দুই ম‍্যাচসহ টানা তিন ওয়ানডেতে শূন‍্য রানে ফেরা ম‍্যাথু শর্ট জায়গা হারিয়েছেন একাদশে। বাদ পড়েছেন ন‍্যাথান এলিস। তাদের জায়গায় এনেছেন অলিভার পিক ও বেশ ডোয়ার্শাস।

অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা, অলিভার পিক, বেন ডোয়ার্শাস।

14 Jun 2026, 10:48 AM

বাংলাদেশ দলে ২ পরিবর্তন

দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম‍্যাচে হেলমেটে বলের আঘাত লাগা মেহেদী হাসান মিরাজ খেলছেন না এই ম‍্যাচ। তার কনকাশনের শঙ্কায় দলে আসা অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান জায়গা পেয়েছেন একাদশে।

সাড়ে তিন বছর পর এই সংস্করণে দেশের জার্সিতে দেখা যাবে তাকে। সবশেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

গতিময় পেসার নাহিদ রানার জায়গায় খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।  

বাংলাদেশ: শেখ মেহেদি হাসান, সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

14 Jun 2026, 10:41 AM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

আগের ম‍্যাচে হেলমেটে বলের আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজ খেলছেন না তৃতীয় ও শেষ ওয়ানডেতে। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে তিনি নিয়েছেন ব‍্যাটিং।

14 Jun 2026, 10:41 AM

হোয়াইটওয়াশ করার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ। একই সঙ্গে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল‍্যান্ডকে পেছনেও ফেলতে চায় স্বাগতিকরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার খেলা শুরু হবে সকাল ১১টায়।

তিন বা এর বেশি ম‍্যাচে ১০৪টি সিরিজ খেলে এখন পর্যন্ত মাত্র ছয়বার হোয়াইটওয়াশড হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে তিনবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একবার ও নিউ জিল্যান্ডের বিপক্ষে একবার। 

নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই তালিকায় যোগ হতে পারে অস্ট্রেলিয়ার নামও।

14 Jun 2026, 10:38 AM

লাইভ ব্লগে স্বাগত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত