২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমের ৫ উইকেটের পর সাদমান-শান্তর ফিফটিতে বাংলাদেশের দিন

চতুর্থ দিনের খেলা শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

20 Jun 2025, 06:21 PM

ঘুরে দাঁড়িয়ে দৃঢ় অবস্থানে বাংলাদেশ

প্রথম সেশনের হতাশার পর নাঈম হাসানের হাত ধরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। অফ স্পিনারের ৫ উইকেটে সফরকারীরা নিল লিড। সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর পঞ্চাশ এবং মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে সফরকারীরা এগিয়ে গেল চ‍্যালেঞ্জিং লক্ষ‍্য দেওয়ার পথে।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৫৭ ওভারে ৩ উইকেটে ১৭৭। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে ব‍্যাট করছেন। তাদের জুটিতে এসেছে ৪৯ রান।

বাংলাদেশের লিড এখন ১৮৭।

ম‍্যাচের যা পরিস্থিতি তাতে এখনও তিন ফল এখনও সম্ভব। তবে বাংলাদেশ যেভাবে ব‍্যাট করছে এবং পঞ্চম এবং শেষ দিনে যে সময় আছে তাতে সফরকারীদের হারের পথ ক্রমেই কমে আসছে।

পঞ্চম দিন এক সেশন ব‍্যাট করলেই বাংলাদেশের হারের পথ রুদ্ধ হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে অলআউট করার জন‍্য যথেষ্ট সময় নাও পাওয়া যেতে পারে। দারুণ একটা দিন কাটানোর পর শুক্রবার রাতে হয়তো এ নিয়েই ভাবনায় থাকবে বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫

বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭৭/৩ (সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪, শান্ত ৫৬, মুশফিক ২২; আসিথা ৮-০-৩১-০, জয়াসুরিয়া ১৭-১-৪৮-১, থারিন্ডু রাত্নায়াকে ১৪-০-৫১-১, মিলান রাত্নায়াকে ৯-৪-১৩-১, ধানাঞ্জায়া ৮-০-২৭-০, কামিন্দু মেন্ডিস ১-০-২-০)

20 Jun 2025, 06:10 PM

সেঞ্চুরির পর শান্তর ফিফটি

দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবার করেছেন পঞ্চাশ, ১০৬ বলে।

থারিন্ডু রাত্নায়াকের বলে বাউন্ডারি মেরে পঞ্চাশ স্পর্শ করেন শান্ত। এক বল পর মারেন আরেকটি।

৫৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৫। ৪১ বলে ২১ রানে খেলছেন মুশফিকুর রহিম। ১০৯ বলে ৫৫ রানে খেলছেন শান্ত।

20 Jun 2025, 05:21 PM

সাদমানের বিদায়ে ভাঙল জুটি

মিলান রাত্নায়াকের ডেলিভারিতে চমকে গেলেন সাদমান ইসলাম। দ্রুত ভেতরে ঢোকা ডেলিভারি সামলাতে তড়িঘড়ি করে ব‍্যাট নামালেন বাঁহাতি এই ওপেনার। কাজ হলো না, অনেক দেরি করে ফেললেন তিনি, বল আঘাত হানল প‍্যাডে।

আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়ার পর রিভিউ না নিয়েই ফেরেন সাদমান। ভাঙে ১৪৫ বল স্থায়ী ৬৮ রানের জুটি।

১২৬ বলে ৭ চারে ৭৬ রান করেন সাদমান। 

পরের বলে দারুণ ইয়র্কারে মুশফিকুর রহিমের পরীক্ষা নেন মিলান। পরের বলে বাউন্ডারিতে রানা খাতা খুলেন ডানহাতি ব‍্যাটসম‍্যান।

৪৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩২। ক্রিজে এখন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান মুশফিক ও নাজমুল হোসেন শান্ত।

20 Jun 2025, 04:40 PM

সাদমান-শান্তর জুটিতে পঞ্চাশ

আসিথা ফার্নান্দোর বলে কয়েকবার ব‍্যাটের কানায় লাগল বল, তবে প্রতিবারই বেঁচে গেলেন নাজমুল হোসেন শান্ত। পরে লঙ্কান পেসারকেই চার মেরে সাদমান ইসলামের সঙ্গে তার জুটিকে নিয়ে গেলেন পঞ্চাশে।

তৃতীয় উইকেটে এসে ইনিংসে প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটির দেখা পেল বাংলাদেশ, ৯৫ বলে।

৩৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১২। ৫৬ বলে ২৫ রানে খেলছেন শান্ত। ১০০ বলে সাদমানের রান ৬৮।

20 Jun 2025, 04:07 PM

একশ ছাড়াল লিড

এক প্রান্তে পঞ্চাশ ছুঁয়ে ব‍্যাট করছেন সাদমান ইসলাম। আরেক প্রান্তে সাবলীল ব‍্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের দৃঢ়তায় একশ ছাড়াল বাংলাদেশের লিড।

২৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯১। লিড এখন ১০১ রান।

৫৪ রানে ব‍্যাট করছেন সাদমান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত ব‍্যাট করছেন ১৮ রানে।

20 Jun 2025, 03:57 PM

৭০ বলে সাদমানের পঞ্চাশ

এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সাদমান ইসলাম। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ৭০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার।

থারিন্ডু রাত্নায়াকের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করা সাদমান মেরেছেন ছয়টি চার। বাংলাদেশের লিড এগিয়ে যাচ্ছে একশর দিকে।

২৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৫। লিড এখন ১০০।

20 Jun 2025, 03:35 PM

বাংলাদেশের দারুণ সেশন

৬ উইকেটে ৪৬৫ রান নিয় দ্বিতীয় সেশন শুরু করেছিল শ্রীলঙ্কা। চোখ ছিল তাদের বড় লিডে। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে দেশের বাইরে নিজের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে উল্টো বাংলাদেশকে ১০ রানের ছোট্ট লিড এনে দেন নাঈম হাসান।

ব‍্যাটিংয়ে নেমে এনামুল হক ও মুমিনুল হকের উইকেট হারালেও সাদমান ইসলামের ব‍্যাট এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চা-বিরতিতে যাওয়ার সময় সফরকারীদের রান ২ উইকেটে ৬৫।

৬৭ বলে পাঁচ চারে ৪৪ রানে ব‍্যাট করছেন সাদমান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব‍্যাট করছেন ২ রানে।

বাংলাদেশ এখন এগিয়ে ৭৫ রানে।

ক‍্যারিয়ারে প্রথমবার গলে উইকেটশূন‍্য থাকা প্রবাথ জয়াসুরিয়া নিয়েছেন এনামুলের উইকেট। আরেক স্পিনার থারিন্ডু রাত্নায়াকের শিকার মুমিনুল।

20 Jun 2025, 03:27 PM

টিকলেন না মুমিনুল

চা-বিরতির একটু আগে মুমিনুল হকের উইকেট হারাল বাংলাদেশ। সুইপ করতে গিয়ে তালগোল পাকিয়ে সহজ ক‍্যাচ দিলেন বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

থারিন্ডু রাত্নায়াকের ডেলিভারিতে অনেক দূর থেকে সুইপ করেন মুমিনুল। ব‍্যাটের কানায় লেগে, হেলমেট ছুঁয়ে উঠে যায় উপরে। শর্ট পয়েন্টের ফিল্ডার লাহিরু উদারা নেন সহজতম ক‍্যাচ। ভাঙে ৭৩ বল স্থায়ী ৩৬ রানের জুটি।

৪০ বলে ১ ছক্কায় ১৪ রান করেন মুমিনুল।

২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬০। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

20 Jun 2025, 02:41 PM

এনামুলের অস্বস্তির সমাপ্তি

শুরু থেকেই আসিথা ফার্নান্দো ও প্রাবাথ জায়াসুরিয়ার বলে অস্বস্তিতে ভুগছিলেন এনামুল হক। তার এই যাত্রা বেশি দীর্ঘায়িত করতে দিলেন না জায়াসুরিয়া। বলা ভালো, এনামুল নিজেই সমাপ্তি টানলেন অস্বস্তিময় ইনিংসের।

জায়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরে পিচ করে টার্নের সঙ্গে বেরিয়ে যাওয়া ডেলিভারি লাফিয়ে উঠেছিল। জায়গায় দাঁড়িয়ে দূর থেকে ব্যাট এগিয়ে দিয়ে কট বিহাইন্ড হন এনামুল। ২০ বল খেলে তিনি করতে পারেন ৪ রান। প্রথম ইনিংসে তিনি ফিরেছিলেন শূন‍্য রানে।

প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি জয়াসুরিয়া। প্রিয় মাঠ গলে কোনো উইকেট না পাওয়ার ঘটনা ক‍্যারিয়ারে সেটাই প্রথম। দ্বিতীয় ইনিংসে উইকেটের জন‍্য তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। 

৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। নতুন ব্যাটসম্যান মুমিনুল হক। সাদমান ইসলাম ১৯ রানে অপরাজিত।

20 Jun 2025, 02:35 PM

শ্রীলঙ্কায় লিড প্রথমবার

দেশের বাইরে প্রথম ইনিংসে ব্যাটিং করে এ নিয়ে আটবার লিড নিল বাংলাদেশ, শ্রীলঙ্কায় প্রথমবার। আগের সাত ম্যাচে জয় ৩টা, পরাজয় ৩টা, ড্র ১টা।

20 Jun 2025, 02:01 PM

নাঈমের ৫ উইকেটে ১০ রানের লিড

দেশের বাইরে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়ে ৫ উইকেট নিলেন নাঈম হাসান, বাংলাদেশকে এনে দিলেন ১০ রানের লিড।

এক সময়ে যা মনে হচ্ছিল অভাবনীয়, সেটাই করে দেখালেন নাঈম। লাঞ্চে যাওয়ার সময় মাত্র ৩০ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন শ্রীলঙ্কার দুই থিতু ব‍্যাটসম‍্যান। হাতে ছিল ৪ উইকেট।

দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়ে ২০ রানে শেষ ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ। এতে সামনে থেকে নেতৃত্ব দিলেন নাঈম। ক‍্যারিয়ারে চতুর্থবার পেলেন ৫ উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার।

আসিথা ফার্নান্দোকে বোল্ড করে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৪৮৫ রানে গুটিয়ে নেন নাঈম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ৩৬৮/৪) ১৩১.২ ওভারে ৪৮৫ (কামিন্দু মেন্ডিস ৮৭, ধানাঞ্জায়া ১৯, কুসাল মেন্ডিস ৫, মিলান রাত্নায়াকে ৩৯, থারিন্ডু রাত্নায়াকে ০, জয়াসুরিয়া ১১*, আসিথা ৪; হাসান ২১-৪-৭৪-৩, নাহিদ ১৯-০-৯৭-০, তাইজুল ৪১-৩-১৫৬-১, নাঈম ৪৩.২-৪-১২১-৫, মুমিনুল ৭-০-২৮-১)

20 Jun 2025, 01:45 PM

শেষ রিভিউও হারাল বাংলাদেশ

উইকেটের আশা রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ হারাল তৃতীয় ও শেষ রিভিউ।ব‍্যাট নয় প্রবাথ জয়াসুরিয়ার থাই প‍্যাড ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে গিয়েছিল বল।

১২৯ ওভারে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৪৭৫।

20 Jun 2025, 01:41 PM

শূন‍্যতে থারিন্ডুকে ফেরালেন নাঈম

একরাশ দুর্ভাবনা নিয়ে লাঞ্চে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়াল নাজমুল হোসেন শান্তর দল।

মিলান রাত্নায়াকেকে ফিরিয়ে হাসান মাহমুদ জুটি ভাঙার পর এক ওভারে জোড়া শিকার ধরলেন নাঈম হাসান। কামিন্দু মেন্ডিসকে কট বিহাইন্ড করার পর বোল্ড করে দিলেন থারিন্ডু রাত্নায়াকেকে।

অভিষেকে নিজের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি থারিন্ডু। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন তিনি। যেতে পারেননি বলের লাইন, এলোমেলো হয়ে যায় স্টাম্প।

৭ বল খেলে শূন‍্য রানেই ফেরেন থারিন্ডু।

১২৮ ওভারে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৪৭১। ক্রিজে প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গী আসিথা ফার্নান্দো।

20 Jun 2025, 01:37 PM

নাঈমের দুর্দান্ত ডেলিভারি, লিটনের দারুণ ক‍্যাচ

পাঁচ ইনিংসের মধ‍্যে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগানো কামিন্দু মেন্ডিসকে ফেরালেন নাঈম হাসান।

অফ স্পিনারের স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন কামিন্দু। স্পিন ও বাউন্সের জন‍্য ঠিকঠাক পারেন। গ্লাভস ছুঁয়ে দ্রুত যায় উইকেটের পেছনে। সেখানে কোনো ভুল করেননি লিটন। আরেকটি দারুণ ক‍্যাচ নেন এই উইকেটরক্ষক।

১২৭.১ ওভারে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ৪৭০। ক্রিজে থারিন্ডু রাত্নায়াকের সঙ্গী প্রবাথ জয়াসুরিয়া।

20 Jun 2025, 01:32 PM

মিলানকে ফিরিয়ে জুটি ভাঙলেন হাসান

দ্বিতীয় সেশনের শুরুতে সাফল‍্য পেলেন হাসান মাহমুদ। মিলান রাত্নায়াকেকে বোল্ড করলেন এই পেসার।

অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে চড়াও হতে গিয়ে স্টাম্পে টেনে আনেন মিলান। ভাঙে ১৫৩ বল স্থায়ী ৩৯ রানের জুটি।

৮৩ বলে তিন চার ও এক ছক্কায় ৩৯ রান করেন মিলান।

১২৭ ওভারে শ্রীলঙ্কার রান ৭ উইকেটে ৪৭০। ক্রিজে কামিন্দু মেন্ডিসের সঙ্গী থারিন্ডু রাত্নায়াকে।

20 Jun 2025, 12:36 PM

শুরুর সাফল‍্য ম্লান পরের সাদামাটা বোলিংয়ে

দিনের শুরুতে ধানাঞ্জায়া ডি সিলভা ও কুসাল মেন্ডিসকে ফিরিয়ে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশ। ৭ রানে মিলান রাত্নায়াকের ক‍্যাচ তাইজুল নিতে পারলে শুরুটা হতে পারত আরও রঙিন।

কিন্তু জীবন পেয়ে দারুণ ব‍্যাটিং করছেন মিলান। আরেক প্রান্তে সাবলীল ব‍্যাটিং করছেন কামিন্দু মেন্ডিস। তাদের ৭৯ রানের জুটিতে লিডের পথে অনেকটাই এগিয়ে গেছে শ্রীলঙ্কা।

চতুর্থ দিনের মধ‍্যাহ্ন-বিরিতিতে যাওয়ার সময় শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪৬৫। ১৩৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮৩ রানে খেলছেন কামিন্দু। ৭৬ বলে তিন চার ও ১ ছক্কায় ৩৮ রানে ব‍্যাট করছেন মিলান।

৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে কেবল ৩০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

20 Jun 2025, 12:11 PM

বাংলাদেশের ব‍্যর্থ রিভিউ

লিটনের আত্মবিশ্বাস দেখে রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ হারাল দ্বিতীয় রিভিউ।

তাইজুল ইসলামের আগের বল তীক্ষ্ন বাঁক নিয়ে কামিন্দু মেন্ডিসের প‍ায়ে লাগে। বাড়তি বাউন্সের জন‍্য এলবিডব্লিউ থেকে বেঁচে যান তিনি।

পরের বলও ঠিকঠাক খেলতে পারেননি ব‍্যাটসম‍্যান। লিটন নিশ্চিত ছিলেন গ্লাভস ছুঁয়ে এসেছে। কিন্তু পরে রিপ্লেত দেখা গেছে বল ট্রাইজার ছুঁয়ে গিয়েছিল।

বাংলাদেশের কেবল একটি রিভিউ বাকি থাকল।

১১৮ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪৪০। ৭৬ রানে ব‍্যাট করছেন কামিন্দু, ২০ রানে খেলছেন মিলান।

20 Jun 2025, 12:05 PM

কামিন্দু-মিলানের জুটিতে পঞ্চাশ

জীবন পেয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে জুটি গড়েছেন মিলান রাত্নায়াকে। ৮৮ বলে পঞ্চাশ ছুঁয়েছে দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটি।

দুই মেন্ডিসের জুটি ছাড়া শ্রীলঙ্কার আর জুটিতেই অন্তত ৩৮ রান এসেছে।

মিলান ও কামিন্দুর জুটিতে লিডের আশা ক্রমেই ফিকে হচ্ছে বাংলাদেশের। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন কামিন্দু। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন মিলান।

১১৭ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪৩৬। ১২১ বলে ৭৫ রানে খেলছেন কামিন্দু। মিলানের রান ১৭। বাংলাদেশ এখন কেবল ৫৯ রানে এগিয়ে।

20 Jun 2025, 11:36 AM

মিলানের ক‍্যাচ ছাড়লেন তাইজুল

প্রথম ঘণ্টার পর আক্রমণে এলেন তাইজুল ইসলাম। এসেই সুযোগ তৈরি করলেন বাঁহাতি এই স্পিনার। কিন্তু ফিরতি ক‍্যাচ ধরতে পারলেন না তিনি নিচেই।

অফ স্টাম্পের বাইরের বলে পুশ করার চেষ্টায় মাটিতে রাখতে পারেননি মিলান রাত্নায়াকে। ক‍্যাচ যায় তাইজুলের কাছে। লাফিয়ে দুই হাত ছোঁয়ালেও বল মুঠোয় রাখতে পারেননি তিনি।

সে সময় ৭ রানে ছিলেন মিলান।

১১০ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪১৭।

20 Jun 2025, 11:09 AM

৮৬ বলে কামিন্দু মেন্ডিসের পঞ্চাশ

এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল এই বাঁহাতি ব‍্যাটসম‍্যান খেলছেন আরেকটি ভালো ইনিংস।

নাহিদ রানার বলে ৩ রান নিয়ে পঞ্চাশে যান কামিন্দু। ৮৬ বলে পঞ্চাশে যাওয়ার পথে তিনি মেরেছেন চারটি চার।

১০৫ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৩৯৫। ৫০ রানে খেলছেন কামিন্দু, মিলান রাত্নায়াকে ব‍্যাট করছেন ৫ রানে।

20 Jun 2025, 10:56 AM

কুসাল মেন্ডিসকে টিকতে দিলেন না হাসান

চতুর্থ দিন শুরু করা দুই বোলারই পেলেন উইকেট। নাঈম হাসানের পর হাসান মাহমুদের হাতেও ধরা দিল সাফল‍্য।

লেগ স্টাম্পের বাইরে ডেলিভারিতে কুসল মেন্ডিসের ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। বাম দিকে ঝাঁপিয়ে গ্লাভসে নেন লিটন দাস।

১৭ বলে এক চারে ৫ রান করেন কুসাল মেন্ডিস।

১০১ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৩৮৬। ক্রিজে কামিন্দু মেন্ডিসের সঙ্গী মিলান রাত্নায়াকে।

20 Jun 2025, 10:36 AM

ধানাঞ্জায়াকে ফেরালেন নাঈম

নাঈম হাসানের হাত ধরে দিনের শুরুতেই সাফল‍্য পেল বাংলাদেশ। কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন ধানাঞ্জায়া ডি সিলভা।

অফ স্পিনারের লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক। ভাঙে ৬৩ বল স্থায়ী ৪৬ রানের জুটি।

৩৬ বলে দুই চারে ১৯ রান করেন ধানাঞ্জায়া।

৯৬ ওভারে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৩৭৭। ক্রিজে কামিন্দু মেন্ডিসের সঙ্গী কুসাল মেন্ডিস।

20 Jun 2025, 09:56 AM

লিডের লক্ষ‍্যে বাংলাদেশ

তৃতীয় দিন ভালো কাটেনি বাংলাদেশের। শেষ উইকেট নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারেনি সফরকারীরা। ১৫ মিনিটের মধ‍্যে তাদের থামিয়ে দিয়ে পাথুম নিসাঙ্কার ক‍্যারিয়ার সেরা ইনিংসে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা।

তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের রান ৪ উইকেটে ৩৬৮। কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধানাঞ্জায়া ডি সিলভা ১৭ রানে ব‍্যাট করছেন। তাদের জুটির রান ৩৭। 

৬ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কা ১২৭ রানে এগিয়ে। 

দ্বিতীয় নতুন বলে একটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এর আগ পর্যন্ত ম‍্যাচে তেমন প্রভাব ছিল না তার। কখনও কখনও ব‍্যাটসম‍্যানের ভোগালেও কোনো উইকেট পাননি নাহিদ রানা। 

শুরুতে উইকেট পাওয়া তাইজুল ইসলাম পরে সাফল‍্য পাননি। অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের মতোই নাঈম হাসান পেয়েছেন এক উইকেট। 

অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউসের উইকেট নিয়েছেন অনিয়মিত বাঁহাতি স্পিনার মুমিনুল হক। 

লিড নেওয়ার পথ তাই অনেক কঠিন বাংলাদেশের জন‍্য। চতুর্থ দিন লাইন ও লেংথে অনেক উন্নতির কোনো বিকল্প নেই।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫ 

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিসাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্দিমাল ৫৪, ম‍্যাথিউস ৩৯, কামিন্দু মেন্ডিস ৩৭*, ধানাঞ্জায়া ১৭*; হাসান ১২-২-৪৯-১, নাহিদ ১৬-০-৮০-০, তাইজুল ৩৪-৩-১২৬-১, নাঈম ২৫-০-৮৬-১, মুমিনুল ৬-০-২৪-১)