- সোহান-রিশাদের জুটিতে জয়
- টিকলেন না তানজিম
- আবারও রাশিদের জোড়া আঘাত
- রাশিদের জোড়া আঘাত
- পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
- পারভেজের পঞ্চাশ, জুটির একশ
- মাঝপথে চালকের আসনে বাংলাদেশ
- লিটন-নাঈমকে সরিয়ে চূড়ায় পারভেজ-তানজিদ
- শুরুর জুটিতে বাংলাদেশের পঞ্চাশ
- নাবির ওভারে দুইবার বাঁচলেন পারভেজ
- ১৫২ রানের লক্ষ্য
- রাশিদকে দ্রুত ফেরালেন মুস্তাফিজ
- তানজিমের স্লোয়ারে ফিরলেন গুরবাজ
- ওমারজাইকে ফিরিয়ে জুটি ভাঙলেন রিশাদ
- ইসহাককে দ্রুত ফেরালেন রিশাদ
- রান আউট রাসুলি
- সেদিকউল্লাহকে ফেরালেন তানজিম
- শুরুর জুটি ভাঙলেন নাসুম
- আফগানিস্তান একাদশে তিন বদল
- বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- জয় দিয়ে শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ
03 Oct 2025, 12:14 AM
সোহান-রিশাদের জুটিতে জয়
সহজ ম্যাচটা ভীষণ করে জিতল বাংলাদেশ। আফগানিস্তানের ১৫১ রান তারা পেরিয়ে গেল ৮ বল বাকি থাকতে।
প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
এক সময়ে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ১০৯। সেখান থেকে ৯ রানে ৬ উইকেট হারালে স্কোর হয় ৬ উইকেটে ১১৮।
এরপর নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ১৮ বল স্থায়ী ৩৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
১৮তম ওভারে ফারিদ আহমাদকে একটি করে চার মারেন দুই ব্যাটসম্যান। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৬ রান।
আজমাতউল্লাহ ওমারজাইয়ের প্রথম দুই বলে দুটি দারুণ ছক্কায় শঙ্কা কাটান সোহান। স্ট্রাইক পেয়ে বাউন্ডারিতে বাকিটা সারেন রিশাদ।
১৩ বলে দুই ছক্কা ও এক চারে ২৩ রানে অপরাজিত থাকেন সোহান। তিন চারে ৯ বলে ১৪ রান করেন রিশাদ।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (ইব্রাহিম ১৫, সেদিকউল্লাহ ১০, গুরবাজ ৪০, রাসুলি ০, ইশহাক ১, ওমারজাই ১৮, নাবি ৩৮, শরাফউদ্দিন ১৭*, রাশিদ ৪, নুর *; তাসকিন ৪-০-৪০-১, নাসুম ৪-০-১৮-১, তানজিম ৪-০-৩৩-২, মুস্তাফিজ ৪-০-২৪-১, রিশাদ ৪-০-৩৩-২)
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৫৩/৬ (তানজিদ ৫১, পারভেজ ৫৪, সাইফ ০, জাকের ৬, শামীম ০, সোহান ২৩*, তানজিম ০, রিশাদ ১৪*; ফারিদ ৩-০-২৬-১, ওমরজাই ২.৪-০-৩২-০, নাবি ৩-০-২৭-০, রাশিদ ৪-০-১৮-৪, নুর ৪-০-২১-১, শরাফউদ্দিন ২-০-২৫-০)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
03 Oct 2025, 12:01 AM
টিকলেন না তানজিম
শূন্য রানে ফিরলেন তানজিম হাসান। তার বিদায়ে বাড়ল বাংলাদেশের বিপদ।
নুর আহমাদের বলে সুইপ করতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি তানজিম। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোনো রিভিউ ছিল না বাংলাদেশের।
রিভিউ থাকলে বেঁচে যেতেন তানজিম। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।
১৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১৮। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী রিশাদ হোসেন।
02 Oct 2025, 11:56 PM
আবারও রাশিদের জোড়া আঘাত
নিজের শেষ ওভারেও জোড়া শিকার ধরলেন রাশিদ খান। তার বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নিলেন জাকের আলি ও শামীম হোসেন।
বল না বুঝে ব্যাট চালিয়ে দিয়ে এলবিডব্লিউ হলেন জাকের। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে কাজ হয়নি, ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্স কল।
৭ বলে এক চারে জাকের করেন ৬ রান।
এক বল পর পিছিয়ে গিয়ে রাশিদকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন শামীম। ৪ বলে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে বাংলাদেশের শেষ রিভিউ নষ্ট করে যান তিনি।
১৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১৭। ক্রিজে নুরুল হাসন সোহানের সঙ্গী তানজিম হাসান।
02 Oct 2025, 11:56 PM
রাশিদের জোড়া আঘাত
শতরানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত আরও দুটি উইকেট হারাল বাংলাদেশ। একই ওভারে সাইফ হাসান ও তানজিদ হাসানকে বিদায় করলেন রাশিদ খান।
লেগ স্পিনারের গুগলি বুঝতেই পারেননি সাইফ। আম্পায়ার জোরাল আবদেন সাড়া না দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন রাশিদ। তাতে পাল্টায় সিদ্ধান্ত।
৩ বল খেলে কোনো রান করতে পারেননি সাইফ।
ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তানজিদ। অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন তিনি। ঠিকঠাক পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।
৩৭ বলে তিনটি করে ছক্কা ও চারে ৫১ রান করেন তানজিদ।
১৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১১। ক্রিজে জাকের আলির সঙ্গী শামীম হোসেন।
02 Oct 2025, 11:40 PM
পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
পঞ্চাশ ছোঁয়ার পর বেশিদূর যেতে পারলেন না পারভেজ হোসেন। ফারিদ আহমাদের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন এই ওপেনার।
পেসারের বল ব্যাটে খেলতে পারেননি পারভেজ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। কিন্তু কোনো কাজ হয়নি। ভাঙে ৭১ বল স্থায়ী ১০৯ রানের জুটি।
৩৭ বলে তিন ছক্কা ও চারটি চারে ৫৪ রান করেন পারভেজ।
১২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০৯। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী সাইফ হাসান।
ফারিদের এই ওভারেই পঞ্চাশ স্পর্শ করেন তানজিদ, ৩৪ বলে।
02 Oct 2025, 11:28 PM
পারভেজের পঞ্চাশ, জুটির একশ
দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করলেন পারভেজ হোসেন, ৩৫ বলে। পরের বলে বাউন্ডারিতে দলকে শতরানে নিয়ে গেলেন পারভেজ হোসেন।
উদ্বোধনী জুটি তো বটেই যে কোনো জুটিতেই আফগানিস্তানের বিপক্ষে এটা বাংলাদেশের প্রথম একশ। আগের সেরা ছিল ২০১৮ সালে দেরাদুনে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ৮৪।
১১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০৪। তিনটি করে ছক্কা ও চারে পারভেজের রান ৫০। ৩২ বলে তিনটি করে ছক্কা ও চারে তানজিদের রান ৪৯।
02 Oct 2025, 11:17 PM
মাঝপথে চালকের আসনে বাংলাদেশ
পারভেজ হোসেন ও তানজিদ হাসানের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের পরেও তারা ধরে রেখেছে রানের গতি।
১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯৫। ৩৩ বলে তিনটি করে ছক্কা ও চারে ৪৮ রানে ব্যাট করছেন পারভেজ। ২৮ বলে তিন ছক্কা ও দুই চারে ৪২ রানে খেলছেন তানজিদ হাসান।
জয়ের জন্য শেষ ১০ ওভারে ৫৭ রান চাই বাংলাদেশের।
02 Oct 2025, 11:14 PM
লিটন-নাঈমকে সরিয়ে চূড়ায় পারভেজ-তানজিদ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম উদ্বোধনী জুটির কীর্তি গড়লেন পারভেজ হোসেন ও তানজিম।
বাংলাদেশের প্রথম উদ্বোধনী জুটি হিসেবে তারা স্পর্শ করেছেন চারশ রানের সীমানা। অষ্টম ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬৯। এই সময়ে পারভেজ ও তানজিদের উদ্বোধনী জুটির মোট রান ৪০৩, যা তারা গড়েছেন ১৫ ইনিংসে। তাদের জুটিতে শতরান ও পঞ্চাশ আছে একটি করে।
এই দুই বাঁহাতি ছাড়িয়ে গেলেন লিটন কুমার দাস ও মোহাম্মদ নাঈম শেখকে। তারা ১৭ ইনিংসে ৩ ফিফটিতে উদ্বোধনী জুটিতে করেছিলেন ৩৯৫ রান।
02 Oct 2025, 11:02 PM
শুরুর জুটিতে বাংলাদেশের পঞ্চাশ
দলকে ভালো শুরু এনে দিয়েছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান। পাওয়ার প্লেতে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটি স্পর্শ করেছে পঞ্চাশ।
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে আসেন রাশিদ খান। তার শেষ বলে বাউন্ডারিতে জুটি ও দলের পঞ্চাশ আসে।
৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫০। ১২ বলে ১৭ রানে খেলছেন তানজিদ। ২৩ বলে পারভেজের রান ৩৩।
02 Oct 2025, 10:59 PM
নাবির ওভারে দুইবার বাঁচলেন পারভেজ
আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবির অফ স্পিনে দুইবার ক্যাচ দিয়েও বেঁচে গেলেন পারভেজ হোসেন। একবার দৌড়ে এসে একটুর জন্য বলের নাগাল পাননি রহমানউল্লাহ গুরবাজ।
ওভারের শেষ বলে শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ছাড়েন ফারিদ আহমাদ।
৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৪৪।
02 Oct 2025, 10:37 PM
১৫২ রানের লক্ষ্য
শেষ দিকে দ্রুত রান তুলতে পারল আফগানিস্তান। ২০ ওভারে ৯ উইকেটে তারা থামল ১৫১ রানে। ইনিংসের শেষ বলে রান আউট হলেন নুর আহমাদ।
একটি করে ছক্কা ও চারে ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকলেন শরাফউদ্দিন আশরাফ।
৪ ওভারে মাত্র ১৮ রানে ১ উইকেট নিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৪ রানে পেলেন ১ উইকেট।
খরুচে বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৪০ রানে তিনি নিয়েছেন ১ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান ও রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (ইব্রাহিম ১৫, সেদিকউল্লাহ ১০, গুরবাজ ৪০, রাসুলি ০, ইশহাক ১, ওমারজাই ১৮, নাবি ৩৮, শরাফউদ্দিন ১৭*, রাশিদ ৪, নুর ৬; তাসকিন ৪-০-৪০-১, নাসুম ৪-০-১৮-১, তানজিম ৪-০-৩৩-২, মুস্তাফিজ ৪-০-২৪-১, রিশাদ ৪-০-৩৩-২)
02 Oct 2025, 10:37 PM
রাশিদকে দ্রুত ফেরালেন মুস্তাফিজ
ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পাওয়া রাশিদ খানকে ঝড় তুলতে দিলেন না মুস্তাফিজুর রহমান। চমৎকার স্লোয়ারে আফগান অধিনায়কের উইকেট নিলেন বাঁহাতি এই পেসার।
অফ স্টাম্পের বাইরের বল কিপারের পাশ দিয়ে খেলেন রাশিদ। কিন্তু এমন কিছুর জন্য তৈরি ছিলেন কিপার জাকের আলি। ঝাঁপিয়ে গ্লাভসে নেন বল।
২ বলে ৪ রান করে ফেরেন রাশিদ।
১৯ ওভারে আফগানিস্তানের রান ৮ উইকেটে ১৩৭। ক্রিজে শরাফউদ্দিন আশরাফের সঙ্গী নুর আহমাদ।
02 Oct 2025, 09:50 PM
তানজিমের স্লোয়ারে ফিরলেন গুরবাজ
এক বল আগে ছক্কা হজম করেছিলেন তানজিম হাসান। তাতে দমে যাননি এই পেসার। চমৎকার স্লোয়ারে রহমানউল্লাহ গুরবাজকে বিদায় করলেন এই পেসার।
স্লোয়ার একদমই বুঝতে পারেননি গুরবাজ। গতিময় ডেলিভারি ভেবে পেতে দিয়েছিলেন ব্যাট। কিন্তু গতি অনেক কম থাকায় সহজ ক্যাচ যায় কাভার-পয়েন্টে। অনায়াসে মুঠোয় নেন রিশাদ হোসেন।
৩২ বলে তিন ছক্কা ও দুই চারে ৪০ রান করেন গুরবাজ।
১৫ ওভারে আফগানিস্তানের রান ৬ উইকেটে ৯৫। ক্রিজে মোহাম্মদ নাবির সঙ্গী শরাফউদ্দিন আশরাফ।
02 Oct 2025, 09:32 PM
ওমারজাইকে ফিরিয়ে জুটি ভাঙলেন রিশাদ
দ্বাদশ ওভারে আক্রমণে ফিরেই সাফল্য পেলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের বলে সীমানায় ক্যাচ দিয়ে ফিরে গেলেন আজমাতউল্লাহ ওমারজাই।
অফ স্টাম্পের বল হাঁটু গেড়ে লং অনের উপর দিয়ে মারতে চেয়েছিলেন আফগান অলরাউন্ডার। টাইমিং করতে পারেননি। সীমানায় কিছুটা বাঁদিকে সরে ক্যাচ নেন তানজিম হাসান। ভাঙে ২৭ বল স্থায়ী ৩৩ রানের জুটি।
১৮ বলে একটি করে ছক্কা ও চারে ১৮ রান করেন ওমারজাই।
১২ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ৭৫। ক্রিজে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গী মোহাম্মদ নাবি।
02 Oct 2025, 09:12 PM
ইসহাককে দ্রুত ফেরালেন রিশাদ
সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম বলে ছক্কা হজম করলেন রিশাদ হোসেন। তবে সেই ওভারেই উইকেটের দেখা পেলেন এই লেগ স্পিনার।
ছক্কা মারার পর সিঙ্গেল নেন রহমানউল্লাহ গুরবাজ। প্রথম বল ডট খেলেন মোহাম্মদ ইসহাক। পরের বলে ছক্কার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে শামীম হোসেনের হাতে ধরা পড়েন তিনি।
৪ বল খেলে ১ রান করেন ইসহাক।
৭ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ৪১। ক্রিজে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গী আজমাতউল্লাহ ওমারজাই।
02 Oct 2025, 09:07 PM
রান আউট রাসুলি
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বলে অসম্ভব একটি রানের চেষ্টায় দুই ব্যাটসম্যানের মারাত্মক ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন দারভিশ রাসুল।
মিডঅফের দিকে খেলতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু বল পায় সরাসরি মুস্তাফিজের হাতে। তবুও রানের জন্য ছুটেন গুরবাজ, রান সম্ভব নয় দেখে ফেরার চেষ্টা করেন রাসুলি।
মুস্তাফিজের থ্রো খুব একটা ভালো ছিল না, তাই রানের জন্য ছুটেন রাসুলি। কিন্তু কোনোমতে গ্লাভসে জমিয়ে শুয়ে পড়ে বেলস ফেলে দেন জাকের আলি।
২ বল খেলে শূন্য রানে ফেরেন রাসুলি।
৬ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৩৩। ক্রিজে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গী মোহাম্মদ ইশাক।
02 Oct 2025, 09:01 PM
সেদিকউল্লাহকে ফেরালেন তানজিম
আক্রমণে এসেই সাফল্য পেলেন তানজিম হাসান। তার বলে আগেভাগেই ব্যাট চালিয়ে দিয়ে ধরা পড়লেন সেদিউল্লাহ আতাল।
লেগে খেলার চেষ্টায় টাইমিং করতে পারেননি আফগান ওপেনার। ব্যাটের কানায় লেগে অনেক উপরে উঠে যাওয় ক্যাচ অনায়সে নেন পারভেজ হোসেন।
১২ বলে এক চারে ১০ রান করেন সেদিকউল্লাহ।
৫ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ৩১। ক্রিজে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গী দারভিশ রাসুলি।
02 Oct 2025, 08:56 PM
শুরুর জুটি ভাঙলেন নাসুম
চতুর্থ ওভারে আঘাত হানলেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ইব্রাহিম জাদরান।
আগের বলে বাউন্ডারি পেতে পারতেন সেদিকউল্লাহ আতাল। কিন্তু দারুণ ফিল্ডিংয়ে ১ রান বাঁচান তানজিদ হাসান। পরে সেটা উইকেট পাওয়ায় রাখল বড় ভূমিকা।
স্ট্রাইক পাওয়া ইব্রাহিমকে স্লোয়ারে চমকে দেন নাসুম। স্টাম্পের বল লেগে ঘুরানোর চেষ্টায় সফল হননি আফগান ওপেনার। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ভাঙে ২১ বল স্থায়ী ২৫ রানের উদ্বোধনী জুটি।
১০ বলে তিন চারে ১৫ রান করেন ইব্রাহিম।
৪ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ২৬। ক্রিজে সেদিউল্লাহর সঙ্গী রহমানউল্লাহ গুরবাজ।
02 Oct 2025, 08:36 PM
আফগানিস্তান একাদশে তিন বদল
আফগানিস্তানের একাদশে দুটি পরিবর্তন নিশ্চিত ছিল। সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ খেলা ম্যাচের একাদশ থেকে আরেকটি বদল নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে তারা।
বাংলাদেশ সিরিজের দলে নেই সবশেষ ম্যাচে খেলা পেস বোলিং অলরাউন্ডার কারিম জানাত ও পেসার ফাজালহাক ফারুকি। সঙ্গে রহস্য স্পিনার মুজিব উর রাহমানকেও প্রথম টি-টোয়েন্টির একাদশে রাখেনি আফগানিস্তান।
তাদের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি পেসার ফারিদ আহমাদ, স্পিনিং অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফ ও কিপার ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ ইসহাক, মোহাম্মাদ নাবি, শারাফউদ্দিন আশরাফ, ফারিদ আহমাদ, নুর আহমাদ, রাশিদ খান (অধিনায়ক)।
02 Oct 2025, 08:28 PM
বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
এশিয়া কাপের সুপার ফোরে খেলা পাকিস্তান ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফেরানো হয়েছে ওপেনার তানজিদ হাসান ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান।
02 Oct 2025, 08:26 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন রাশিদ খান। আফগানিস্তানের অধিনায়ক নিলেন ব্যাটিং।
শারজাহতে এখন পর্যন্ত খেলা ৩০ ম্যাচের ২০টিতেই জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে ১৮ ম্যাচের মধ্যে তাদের জয় ১৪টি, যার সবশেষ ছয়টি টানা
অন্য দিকে শারজাহতে ছয় ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে বাংলাদেশ।
02 Oct 2025, 08:05 PM
জয় দিয়ে শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ
হতাশার এশিয়া কাপ শেষে ফের মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একই গ্রুপে খেলা দুই দল মুখোমুখি হবে দ্বি-পাক্ষিক সিরিজে।
শারজাহতে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এশিয় কাপে ‘বি’ গ্রুপের লড়াইয়ে কেবল একটি ম্যাচ জিততে পারে রাশিদ খানের দল, হংকংয়ের বিপক্ষে। এই দুই দলকে হারিয়ে সুপার ফোরে যায় বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে দারুণ শুরুর পর ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি খুব ভালো সুযোগ হাতছাড়া করে তারা।
ফাইনালে খেলতে না পারার হতাশা ভুলে নতুন শুরুর দিকে তাকিয়ে বাংলাদেশ। চোটের জন্য এই সিরিজে নেই লিটন দাস। তার জায়গায় এশিয়া কাপে দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলিই থাকছেন অধিনায়ক।
বাংলাদেশ কেবল একটি পরিবর্তন এনে খেলছে এই সিরিজে। লিটনের জায়গায় এসেছেন সৌম্য সরকার।
সুপার ফোরে যেতে ব্যর্থ হওয়া আফগানিস্তান বেশ কিছু পরিবর্তন এনেছে দল। বাদ দিয়েছে গুলবাদিন নাইব, করিম জানাত ও ফাজালহাক ফারুকিকে। দলে এসেছেন এখনও দেশের হয়ে কোনো টি-টোয়েন্টি না খেলা ওয়াফিউল্লাহ তারাখিল ও বাশির আহমাদ।