২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

চতুর্থ দিন লাঞ্চের পর প্রথম ঘণ্টায় সিলেট টেস্ট জিতে নিল নাজমুল হোসেন শান্তর দল।

14 Nov 2025, 01:12 PM

ক‍্যারিয়ার সেরা ইনিংসে ম‍্যাচ সেরা জয়

ক‍্যারিয়ার সেরা ১৭১ রানের ইনিংসে ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন মাহমুদুল হাসান জয়। দেশের মাটিতে এটাই এই ওপেনারের প্রথম সেঞ্চুরি।

ছন্দে হারিয়ে একাদশে এক সময় জায়গা হারিয়েছিলেন জয়। ফেরার ম‍্যাচে দারুণ এই সেঞ্চুরিতে আপাতত চাপ মুক্ত হয়ে খেলার সুযোগ পেলেন তিনি।

14 Nov 2025, 01:04 PM

ইনিংস ও ৪৭ রানের জয়

লাঞ্চের পর খুব বেশি সময় নিল না বাংলাদেশ। ২৫৪ রানে আয়ারল‍্যান্ডকে থামিয়ে সিলেট টেস্ট জিতল ইনিংস ও ৪৭ রানে।

টেস্টে বাংলাদেশের এটা ২৪তম জয়। ইনিংস ব‍্যবধানে চতুর্থ।

ব‍্যারি ম‍্যাককার্থিকে কট বিহাইন্ড করে ম‍্যাচের ইতি টানেন তাইজুল ইসলাম।

আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। আল্ট্রা এজে ধরা পড়ে, ব‍্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।

২৭ বলে এক ছক্কা ও দুই চারে ২৫ রান করেন ম‍্যাককার্থি।

৬০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মুরাদ। তাইজুল ৩ উইকেট নেন ৮৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮৭/৮ ডিক্লে.

আয়ারল‍্যান্ড ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে) ৭০.২ ওভারে ২৫৪ (ম‍্যাকব্রাইন ৫২, হামফ্রিজ ১৬, বালবার্নি ৩৮, নিল ৩৬, ম‍্যাককার্থি ২৫, ইয়াং ০*; হাসান ৬-২-১৫-০, নাহিদ ৮-১-৪০-২, তাইজুল ২৩.২-৩-৮৪-৩, মিরাজ ১৯-৪-৪৮-০, মুরাদ ১৪-১-৬০-৪)

14 Nov 2025, 01:01 PM

নিলের বিদায়ে ভাঙল জুটি

হাসান মুরাদের বলে ছক্কার চেষ্টায় লং অফে ধরা পড়লেন অভিষিক্ত জর্ডান নিল। এই অলরাউন্ডারের বিদায়ে জয়ের দুয়ারে পৌঁছে গেল বাংলাদেশ।

বড় শটের চেষ্টায় সফল হননি নিল। লং অফে ক‍্যাচ ধরতে গিয়ে তালগোল পাকালেও শেষ পর্যন্ত মুঠোয় রাখতে পারেন সাদমান ইসলাম। ভাঙে ৫৬ বল স্থায়ী ৫৪ রানের জুটি।

৫৩ বলে সাত চারে ৩৬ রান করেন নিল।

৭০ ওভারে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৫২। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।

14 Nov 2025, 12:53 PM

নিল-ম‍্যাককার্থির জুটিতে পঞ্চাশ

পাল্টা আক্রমণে দ্রুত রান বাড়াচ্ছেন জর্ডান নিল ও ব‍্যারি ম‍্যাককার্থি। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৫২ বলে।

৬৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৮ উইকেটে ২৫১।

14 Nov 2025, 12:20 PM

ম‍্যাকব্রাইনের প্রতিরোধ ভাঙলেন নাহিদ

লাঞ্চের পর প্রথম ওভারেই অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনের প্রতিরোধ ভাঙলেন নাহিদ রানা। আয়ারল‍্যান্ড হারাল অষ্টম উইকেট। জয়ের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ।

নাহিদের শর্ট বলে পুল করেন ম‍্যাকব্রাইন। টাইমিং করতে পারেননি একেবারেই। শর্ট মিডউইকেটে সহজ ক‍্যাচ নেন হাসান মুরাদ।

১০৬ বলে পাঁচ চারে ৫২ রান করেন বালবার্নি। 

৬১ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৮ উইকেটে ২০৪। ক্রিজে জর্ডান নিলের সঙ্গী ব‍্যারি ম‍্যাককার্থি।

14 Nov 2025, 11:38 AM

বাংলাদেশের হতাশার সেশন

দুটি ক‍্যাচ মিস ও অসংখ‍্যা রিভিউয়ে হতাশার এক সেশন কাটাল বাংলাদেশ। দুই উইকেট হারিয়ে ১১২ রান যোগ করল আয়ারল‍্যান্ড।

চতুর্থ দিন লাঞ্চে যাওয়ার সময় সফরকারীদের রান ৭ উইকেটে ১৯৮। ১০৪ বলে ৫২ রানে খেলছেন অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন। ২২ বলে ৬ রানে খেলছেন অভিষিক্ত অলরাউন্ডার জর্ডান নিল।

উইকেটে স্পিনারেদর জন‍্য যথেষ্ট সহায়তা আছে। কিন্তু বোলিংয়ে যথেষ্ট ধারাবাহিক হতে পারেননি তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও মেহেদী হাসান মিরাজ।

তবে এখনও ইনিংস ব‍্যবধানে জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। স্বাগিতদের আবার ব‍্যাটিংয়ে পাঠাতে এখনও আইরিশদের প্রয়োজন ১০৩ রান।

14 Nov 2025, 11:33 AM

রিভিউয়ে ব‍্যর্থ বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো বাংলাদেশ। জর্ডান নিলের ব‍্যাটে বলের কোনো স্পর্শই ছিল না।

বাংলাদেশ হারাল দ্বিতীয় রিভিউ।

৫৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ১৯৩।

14 Nov 2025, 11:30 AM

১০২ বলে ম‍্যাকব্রাইনের পঞ্চাশ

এক প্রান্তে আগলে রেখে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ফিফটি করেছেন অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন, ১০২ বলে।

শুরুতে একবার ক‍্যাচ দিয়ে বেঁচে যান তিনি। পরে পরপর দুই বলে টিকে যান রিভিউ নিয়ে। অ‍্যান্ডি বালবার্নির সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন তিনি। এখন লড়াই করে যাচ্ছেন অভিষিক্ত জর্ডান নিলকে সঙ্গে নিয়ে।

৫৮ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ১৯২। ১০২ বলে পাঁচ চারে ৫০ রানে খেলছেন ম‍্যাকব্রাইন। ১২ বলে নিলের রান ২।

14 Nov 2025, 11:16 AM

বালবার্নিকে ফিরিয়ে জুটি ভাঙরেন মুরাদ

বিরক্ত করা জুটি ভাঙলেন হাসান মুরাদ। বাঁহাতি স্পিনারের চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন অ‍্যান্ডি বালবার্নি।

স্লগ সুইপের চেষ্টায় ব‍্যাটে খেলতে পারেননি আয়ারল‍্যান্ড অধিনায়ক। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন তিনি। তাতে কাজ হয়নি, লেগ স্টাম্পের বাইরের দিকে লাগত বল। তার বিদায়ে ভাঙল ১১৯ বল স্থায়ী ৬৬ রানের জুটি।

৫৫ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ১৮৩। ক্রিজে অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনের সঙ্গী জর্ডান নিল।

14 Nov 2025, 10:59 AM

আম্পায়ার্স কলে বাঁচলেন বালবার্নি

মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে সফল হলেন না নাজমুল হোসেন শান্ত। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন অ‍্যান্ডি বালবার্নি।

অফ স্পিনারের বলে পুল করতে গিয়ে ব‍্যাটে খেলতে পারেননি আয়ারল‍্যান্ড অধিনায়ক। বল বেশ টার্ন করায় হয়তো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বল ট্র‍্যাকিং অনুযায়ী, বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প।

৫১ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৬ উইকেটে ১৭৪। এখনও ১২৭ রানে পিছিয়ে সফরকারীরা।

14 Nov 2025, 10:55 AM

দুই অ‍্যান্ডির জুটিতে আয়ারল‍্যান্ডের প্রতিরোধ

চতুর্থ দিন সকালে দুই অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন ও বালবার্নির ব‍্যাটে প্রতিরোধ গড়েছে আয়ারল‍্যান্ড। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৯২ বলে।

প্রথম ইনিংসে ওপেনিংয়ে নামলেও অধিনায়ক বালবার্নি এবার নেমেছেন আটে। সাবলীল ব‍্যাটিং করছেন তিনি। একবার ক‍্যাচ দিয়েও বেঁচে যাওয়া ম‍্যাকব্রাইন দুইবার টিকে গেছেন সফল রিভিয়ে।

তাদের জুটিতে বাড়ছে বাংলাদেশের অপেক্ষার প্রহর।

৫০ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৬ উইকেটে ১৭২। ৮১ বলে ৩৬ রানে খেলছেন ম‍্যাকব্রাইন। ৪৮ বলে বালবার্নির রান ৩৪।

14 Nov 2025, 10:41 AM

পরপর দুই বলে রিভিউ নিয়ে বাঁচলেন ম‍্যাকব্রাইন

এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নিলেন অ‍্যান্ড ম‍্যাকব্রাইন। বেঁচেও গেলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

মেহেদী হাসান মিরাজের বলে সুইপ করার চেষ্টায় ব‍্যাটে খেলতে পারেননি ম‍্যাব্রাইন। বল চলে যেত স্টাম্পের উপর দিয়ে!

পরের বলে আবার রিভিউ নিয়ে বাঁচেন ম‍্যাকব্রাইন। প‍্যাডে লাগার আগে ব‍্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।  

৪৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৫১। ৭৪ বলে ৩০ রানে খেলছেন ম‍্যাকব্রাইন। ৩৭ বলে অ‍্যান্ডি বালবার্নির রান ১৯।

14 Nov 2025, 10:01 AM

হামফ্রিজকে ফেরালেন তাইজুল

যার বলে জীবন পেয়েছিলেন সেই তাইজুল ইসলামের বলেই ক‍্যাচ দিয়ে ফিরলেন ম‍্যাথু হামফ্রিজ। আয়ারল‍্যান্ড হারাল ষষ্ঠ উইকেট।

বাঁহাতি স্পিনারের বলে স্লগ সুইপ গড়বড় করে ফেলেন হামফ্রিজ। ব‍্যাটের কানায় লেগে সহজ ক‍্যাচ যায় ব‍্যাকওয়ার্ড স্কয়ার লেগে। অনায়াসে মুঠোয় নেন সাদমান ইসলাম।

৩৪ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৬ উইকেটে ১১৬। ক্রিজে অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনের সঙ্গী অধিনায়ক অ‍্যান্ডি বালবার্নি। প্রথম ইনিংসে ওপেনিংয়ে নামা অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান এবার নেমেছে আটে।

14 Nov 2025, 10:01 AM

জীবন পেলেন ম‍্যাকব্রাইন

মেহেদী হাসান মিরাজের বলে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন। বাঁহাতি ব‍্যাটসম‍্যানের ব‍্যাটের বাইরের কানা লেগে, লিটন দাসের পা ছুঁয়ে নাজমুল হোসেন শান্তর গলার কাছাকাছি জায়গায় লাগে। কিছুক্ষণ শুয়ে থাকেন বাংলাদেশ অধিনায়ক, ফিজিও এসে চিকিৎসা দেন।

সে সময় ৮ রানে ছিলেন ম‍্যাকব্রাইন।

৩৩ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ১১১।

14 Nov 2025, 09:54 AM

সফল রিভিউয়ের পর সুযোগ হাতছাড়া

চতুর্থ দিনের প্রথম ওভারেই উইকেট পেতে পারত বাংলাদেশ। তাইজুল ইসলামের দ্বিতীয় বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন ম‍্যাথু হামফ্রিজ। বল তার ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগেছিল।

পরের বলে সিলি পয়েন্টে ক‍্যাচ নিতে পারেননি মুমিনুল হক।

ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা মারেন হামফ্রিজ।

মেহেদী হাসান মিরাজের পরের ওভারে অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনের বাউন্ডারিতে সফরকারীদের রান যায় তিন অঙ্ক।

৩১ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ১০০।

14 Nov 2025, 09:32 AM

দ্রুত ম‍্যাচ শেষ করার লক্ষ‍্য বাংলাদেশের

মাহমুদুল হাসান জয়ের ক‍্যারিয়ার সেরা ইনিংসের পর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, সঙ্গে সাদমান ইসলাম, মুমিনুল হক ও লিটন দাসের ফিফটিতে বড় সংগ্রহ গড়া বাংলাদেশ ইনিংস ব‍্যবধানে জয়ের সুবাস পাচ্ছে। 

প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যাওয়া আয়ারল‍্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে হারিয়েছে ৫ উইকেট। বাংলাদেশকে ফের ব‍্যাটিংয়ে নামাতে তাদের করতে হবে আরও ২১৫ রান। 

উইকেটে স্পিনারদের জন‍্য সহায়তা বাড়ছে। চতুর্থ দিন তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও মেহেদী হাসান মিরাজদের সামলানো আরও চ‍্যালেঞ্জিং হতে পারে সফরকারীদের জন‍্য। অভিষেকে নিজের সামর্থ‍্যের ঝলক দেখিয়েছেন মুরাদ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৪ উইকেট। 

১৪ বলে ৪ রানে ব‍্যাট করছেন অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন। ৭ বলে ম‍্যাথু হামফ্রিজের রান শূন‍্য। চোটের জন‍্য তৃতীয় দিন শেষ বেলায় ব‍্যাটিংয়ে নামেননি আয়ারল‍্যান্ডের অধিনায়ক ও ওপেনার অ‍্যান্ডি বালবার্নি। 

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৮৬ 

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮৭/৮ ডিক্লে. 

আয়ারল‍্যান্ড ২য় ইনিংস: ২৯ ওভারে ৮৬/৫ (স্টার্লিং ৪৩, কারমাইকেল ৫, টেক্টর ১৮, ক‍্যাম্ফার ৫, টাকার ৯, ম‍্যাকব্রাইন ৪*, হামফ্রিজ ০*; হাসান ৬-২-১৫-০, নাহিদ ৫-০-২৬-১, তাইজুল ১১-১-২৯-১, মিরাজ ৪-২-৬-০, মুরাদ ৩-০-৮-২)