15 Dec 2022, 09:57 AM
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের চ্যালেঞ্জে ভারতের মুখোমুখি বাংলাদেশ।
15 Dec 2022, 09:39 AM
ভারতকে দ্রুত থামিয়ে দেওয়ার লক্ষ্য
সব সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম দিনই হয়তো ভারতকে অলআউট করা সম্ভব ছিল। সেটা পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিন সফরকারীদের যত দ্রুত সম্ভব থামিয়ে দিতে চায় সাকিব আল হাসানের দল।
টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৮ রান করে ভারত। বৃহস্পতিবার তারা কতদূর যেতে পারবে সেটা অনেকটাই নির্ভর করছে শ্রেয়াস আইয়ারের উপর। তিনবার বেঁচে যাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান খেলছেন ৮২ রানে।
প্রথম দিন বেশ টার্ন মিলেছে। অসমান বাউন্স দেখা গেছে। কিছু বল অনেক নিচু হয়েছিল। স্বাভাবিকভাবেই ভারতীয় তিন স্পিনারই যথেষ্ট সুবিধা পাবেন। তারাও কঠিন পরীক্ষায় ফেলতে পারেন স্বাগতিক ব্যাটসম্যানদের।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৮/৬ (রাহুল ২২, গিল ২০, পুজারা ৯০, কোহলি ১, পান্ত ৪৬, শ্রেয়াস ৮২*, আকসার ১৪; ইবাদত ১৭-১-৬৩-০, খালেদ ১২-২-২৬-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৩০-৬-৮৪-৩, মিরাজ ১৮-৪-৭১-২, ইয়াসির ১-০-৭-০)
15 Dec 2022, 10:01 AM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
ইবাদত হোসেনের বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটে খেলতে পারেননি, প্যাড ছুঁয়ে জড়া পড়ে নুরুল হাসান সোহানের গ্লাভসে।
রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রিপ্লেতে দেখা যায় ব্যাটে কোনো স্পর্শ ছিল না। ইম্প্যাক্টও ছিল অফ স্টাম্পের বাইরে। নষ্ট হয় একটি রিভিউ।
15 Dec 2022, 10:06 AM
আবার বাঁচলেন শ্রেয়াস
দিনের শুরু থেকে বাউন্সার দিয়ে শ্রেয়াস আইয়ারের পরীক্ষা নিচ্ছেলেন ইবাদত হোসেন চৌধুরি। সাফল্য এসেও যাচ্ছিল। বাউন্সারে হুক করার চেষ্টায় ফাইন লেগে ক্যাচ তুলে দেন ভারতীয় ব্যাটসম্যান। কিছুটা বাঁদিকে সরে দিয়ে মুঠোয় জমানোর চেষ্টায় সফল হননি লিটন দাস।
সে সময় ৮৫ রানে ছিলেন শ্রেয়াস। তৃতীয়বারের মতো ক্যাচ দিয়েও বেঁচে যান শ্রেয়াস। এর আগে ৩০ ও ৬৭ রানেও দুবার বাঁচেন তিনি।
এর বাইরে ৭৭ রানেও একবার বেঁচে যান শ্রেয়াস। ইবাদতের বল অফ স্টাম্প স্পর্শ করলেও সেবার পড়েনি বেলস।
৯৬ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৮৭। ১৮৬ বলে ৮৬ রানে ব্যাট করছেন শ্রেয়াস। রবিচন্দ্রন অশ্বিন ১৯ বলে খেলছেন ৫ রানে।
15 Dec 2022, 10:15 AM
শ্রেয়াসকে ফেরালেন ইবাদত
তৃতীয়বার জীবন পেয়ে বেশি বেশিদূর এগোতে পারেননি শ্রেয়াস আইয়ার। তাকে বোল্ড করে দিলেন পেসার ইবাদত হোসেন।
স্টাম্পের একটু বাইরে করা শর্ট লংথের বল কিছুটা ভেতরে ঢোকে ছোবল দেয় অফ স্টাম্পে। জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় সফল হননি শ্রেয়াস। ১৯২ বলে ১০ চারে ৮৬ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৯৮ ওভারে ভারতের রান ৭ উইকেটে ২৯৩। ক্রিজে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গী কুলদিপ যাদব।
15 Dec 2022, 10:19 AM
আরেকটি ব্যর্থ রিভিউ
উইকেট নেওয়া ইবাদত হোসেনের জায়গায় শততম ওভারে বোলিংয়ে এলেন সৈয়দ খালেদ আহমেদ। তার বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ।
লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারার চেষ্টা করেন কুলদিপ যাদব। ব্যাটে খেলতে পারেননি, প্যাডে লেগে যায় কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন সাকিব আল হাসান।
আল্ট্র-এজে মেলেনি ব্যাটে বল স্পর্শ করার প্রমাণ। তাই নষ্ট হয় আরেকটি রিভিউ।
১০০ ওভারে ভারতের রান ৭ উইকেটে ২৯৩।
15 Dec 2022, 10:46 AM
প্রথম ঘণ্টায় ২৭ রান, ১ উইকেট
একটি সুযোগ হাতছাড়া করলেও দিনের প্রথম ঘণ্টায় সবচেয়ে বড় বাধা শ্রেয়াস আইয়ারকে বিদায় করতে পেরেছে বাংলাদেশ। তবে তিনশ পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভারত।
প্রথম ঘণ্টায় ১৫ ওভারে ২৭ রান তুলতে শ্রেয়াসের উইকেট হারিয়েছে সফরকারীরা।
দ্বিতীয় দিনের প্রথম পানি পানের বিরতির সময় ভারতের রান ১০৫ ওভারে ৭ উইকেটে ৩০৫। রবিচন্দ্রন অশ্বিন ৪৬ বলে ২১ রানে খেলছেন। তার সঙ্গী কুলদিপ যাদবের রান ২১ বলে ২।
15 Dec 2022, 11:22 AM
আম্পায়ার্স কলে বাঁচলেন অশ্বিন
ভারতের অষ্টম উইকেট জুটি বেশ ভোগাচ্ছে। তাদের বিচ্ছিন্ন করতে মরিয়া বাংলাদেশ। সেই চেষ্টায় সাফল্য প্রায় একেই যাচ্ছিল। তবে আম্পায়ার্স কলে বেঁচে গেলেন রবিন্দ্রন অশ্বিন।
তাইজুল ইসলামের স্পিন করে ভেতরে ঢোকা বল ব্যাট খেলতে পারেননি তিনি। জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন সাকিব আল হাসান। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্প ছুঁয়ে যেত বল।
ব্যাটসম্যান আউট না হলেও টিকে যায় বাংলাদেশের শেষ রিভিউ।
১১৬ ওভারে ভারতের রান ৭ উইকেটে ৩৩৫। ৭৬ বলে অশ্বিনের রান ৩৭। ৫৭ বলে ১১ রানে খেলছেন কুলদিপ। জুটির রান ৩৭।
15 Dec 2022, 11:47 AM
প্রথম সেশনে কেবল ১ উইকেট
৩০ ওভার বোলিং করে কেবল একটি উইকেট নিতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। আরও একবার জীবন পেয়ে ৮৬ রানে ফিরেছেন শ্রেয়াস আইয়ার।
ভারতকে টানছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদব। তারা এরই মধ্যে গড়েছেন ৫৫ রানের জুটি।
দ্বিতীয় দিনের লাঞ্চে যাওয়ার সময় ভারতের রান ১২০ ওভারে ৭ উইকেটে ৩৪৮। ৮১ বলে এক ছক্কা ও দুই চারে অশ্বিনের রান ৪০। তিন চারে ৭৬ বলে কুলদিপ খেলছেন ২১ রানে।
প্রথম সেশনে বল হাতে নেননি অধিনায়ক সাকিব আল হাসান। কোনো সাফল্য পাননি অন্য দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। একমাত্র সাফল্য এসেছে ইবাদত হোসেন চৌধুরির হাত ধরে। তার বলেই শ্রেয়াসের ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন লাঞ্চের সময়):
ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭৮/৬) ১২০ ওভারে ৩৪৮/৭ (শ্রেয়াস ৮৬, অশ্বিন ৪০*, কুলদিপ ২১*; ইবাদত ২১-২-৭০-১, খালেদ ১৬-৩-৩৬-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৩৯-১০-১০০-৩, মিরাজ ২৯-৬-৯৬-২, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)
15 Dec 2022, 12:44 PM
অশ্বিনের চমৎকার ফিফটি
ভারতকে চারশ রানের দিকে এগিয়ে নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি করেছেন ফিফটি, ৯১ বলে।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ছক্কায় ওড়ানোর পর সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন অশ্বিন।
সেই ওভারেই কুলদিপ যাদবের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। ইম্প্যাক্ট ও স্ট্যাম্পে বলের স্পর্শ ছিল আম্পায়ার্স কল। তাই টিকে যায় স্বাগতিকদের শেষ রিভিউ।
১২৩ ওভারে ভারতের রান ৭ উইকেটে ৩৬১। দুটি করে ছক্কা ও চারে ৯১ বলে ৫০ রানে খেলছেন অশ্বিন। তিন চারে ৮৪ বলে কুলদিপের রান ২৪।
জুটির রান ৬৮। অষ্টম উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সেরা জুটি এটিই। সেই ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে অজিত আগারকার ও সুনিল জোশির ৫৬ ছিল আগের সেরা।
15 Dec 2022, 01:06 PM
অশ্বিনের প্রতিরোধ ভাঙলেন মিরাজ
শতরানের দিকে এগোনো জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনিং অলরাউন্ডারকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হলেন রবিচন্দ্রন অশ্বিন।
স্পিন করে বেরিয়ে যাওয়া বলের নাগাল পাননি তিনি। এতটাই এগিয়ে গিয়েছিলেন যে, ফেরার কোনো সুযোই চিল না। বল গ্লাভসে নিয়ে নুরুল হাসান সোহান অপেক্ষা করেন অশ্বিনের ফেরার। তিনি সেটা করা মাত্রই বেলস ফেলে দেন স্বাগতিক কিপার। ভাঙে ২০০ বল স্থায়ী ৯২ রানের জুটি।
১১৩ বলে দুটি করে ছক্কা ও চারে ৫৮ রান করেন অশ্বিন।
ক্রিজে গিয়ে দ্বিতীয় বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন উমেশ যাদব।
১৩২ ওভারে ভারতের রান ৮ উইকেটে ৩৯১। ১১২ বলে পাঁচ চারে ৪০ রানে খেলছেন কুলদিপ যাদব।
15 Dec 2022, 01:13 PM
কুলদিপকে ফেরালেন তাইজুল
বড় জুটি ভেঙে রবিচন্দ্রন অশ্বিনের বিদায়ের পর কুলদিপ যাদবকেও হারাল ভারত। সফরকারীদের চারশর আগেই থামানোর আশা জাগাল বাংলাদেশ।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে শাফল করে খেলতে চেয়েছিলেন কুলদিপ। বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন তিনি কিন্তু কাজ হয়নি।
১১৫ বলে পাঁচ চারে ক্যারিয়ার সেরা ৪০ রান করেন কুলদিপ।
১৩৩ ওভারে ভারতের রান ৯ উইকেটে ৩৯৭ ক্রিজে উমেশ যাদবের সঙ্গী মোহাম্মদ সিরাজ। মুখোমুখি প্রথম বলে চার মেরে রানের খাতা খুলেছেন তিনি।
15 Dec 2022, 01:23 PM
৪০৪ রানে থামল ভারত
দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন মোহাম্মদ সিরাজ। তাকে ফিরিয়ে ৪০৪ রানে ভারতের ইনিংসের ইতি টেনে দিলেন মেহেদী হাসান মিরাজ।
অফ স্পিনারকে বেরিয়ে এসে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন সিরাজ। টাইমিং করতে পারেননি, বেশ উচুঁতে উঠে যাওয়া ক্যাচ লং অনে জমান মুশফিকুর রহিম।
৩ বলে এক চারে ৪ রান করেন সিরাজ। দুই ছক্কায় ১০বলে ১৫ রানে অপরাজিত থাকেন উমেশ যাদব।
চারটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। এদিন বোলিং করেননি অধিনায়ক সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন লাঞ্চের সময়
ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭৮/৬) ১৩৩.৫ ওভারে ৪০৪ (শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদিপ ৪০, উমেশ ১৫*, সিরাজ ৪; ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৪৬-১০-১৩৩-৩, মিরাজ ৩১.৫-৬-১১২-৪, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)
15 Dec 2022, 01:41 PM
প্রথম বলেই আউট শান্ত
ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। প্রথম বলেই কট বিহাইন্ড হয়ে গেলেন তিনি।
বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ইনিংসের প্রথম বলে আউট হলেন শান্ত। সর্বোচ্চ তিনবার আউট হন হান্নান সরকার। জাভেদ ওমর বেলিম দুইবার। একবার করে নাফিস ইকবাল ও তামিম ইকবাল।
মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের একটু বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্স করার চেষ্টা করেছিলেন শান্ত। ঠিক মতো পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় উইকেটের পেছনে। সেখানে কোনো ভুল করেননি রিশাভ পান্ত।
তিনে নেমেছেন ইয়াসির আলি। অভিষেকে প্রথম ওভারে কোনো বল খেলার সুযোগ হয়নি ওপেনার জাকির হাসানের।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২।
15 Dec 2022, 01:47 PM
টিকলেন না ইয়াসিরও
তিনে নেমে ভালো করতে পারলেন না ইয়াসির আলি চৌধুরি। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে গেলেন তিনি।
শরীরের বেশ দূরে শট খেলার মাশুল দিলেন ইয়াসির। একটু নিচু হওয়া বল তার ব্যাটের কানায় লেগে উড়িয়ে দিল লেগ স্টাম্প।
১৭ বলে ৪ রান করেন ইয়াসির।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫। ৩ বলে ১ রানে খেলছেন ওপেনার জাকির হাসান। ক্রিজে তার সঙ্গী লিটন দাসেরও রান ৩ বলে ১।
15 Dec 2022, 02:20 PM
লিটন-জাকিরের দৃঢ়তা
প্রথম বলেই নাজমুল হোসেন শান্তর বিদায়, একটু পরেই বোল্ড ইয়াসির আলি চৌধুরি, ভারতের ৪০৪ রানের জবাব দিতে নেমে শুরুতেই চাপে বাংলাদেশ। সেখান থেকে দলকে কক্ষপথে ফেরাতে লড়াই করছেন লিটন দাস ও জাকির হাসান।
চা-বিরতিতে যাওয়ার সময় ১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৭। লিটন-জাকিরের শেষ সাত স্কোর শটই ছিল বাউন্ডারি।
২৬ বলে পাঁচ চারে ২৪ রানে খেলছেন লিটন। তার সব কটি বাউন্ডারি উমেশ যাদবের বলে। অভিষিক্ত জাকির ১৬ বলে দুই চারে খেলছেন ৯ রানে। তার দুটি বাউন্ডারি রবিচন্দ্রন অশ্বিনের বলে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন চা-বিরতি পর্যন্ত):
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ১০ ওভারে ৩৭/২ (শান্ত ০, জাকির ৯*, ইয়াসির ৪, লিটন ২৪*; সিরাজ ৪-০-৬-১, উমেশ ৫-১-২৩-১, অশ্বিন ১-০-৮-০)
15 Dec 2022, 02:58 PM
সিরাজ উস্কে দেওয়ার পরের বলেই আউট লিটন
আগের বলে তৈরি হয় উত্তপ্ত পরিবেশ। মোহাম্মদ সিরাজের সঙ্গে 'ঝামেলায়' জড়ান লিটন কুমার দাস। পরের বলেই তিনি বোল্ড। লিটনের মনোযোগ নাড়িয়ে দিতেই বোধহয় ছিল সিরাজের ওই কৌশল।
আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন লিটন। লাঞ্চ বিরতির পর চতুর্থ ওভারের প্রথম বলটিতে তাকে পরাস্ত করেন সিরাজ। এরপর কী যেন বলে ওঠেন। লিটনও এগিয়ে যান সিরাজের দিকে। অভিব্যক্তিকে মনে হচ্ছিল, ‘কী বলছো?’ এটা জিজ্ঞাস করছিলেন লিটন। পরে আম্পায়ার এসে থামান ব্যাটসম্যানকে।
পরের বলটি স্টাম্প সোজা করেন সিরাজ। লিটন ব্যাট চালিয়েছিলেন বলের লাইনেই। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বল ওঠেনি। লিটনের ব্যাটের নিচের দিকে লেগে বল ছোবল দেয় স্টাম্পে। ঠোটের ওপর আঙুল দিয়ে ‘চুপ থাকার’ ভঙ্গিতে উদযাপন করেন সিরাজ। ভাঙে ৩৪ রানের জুটি।
৫ চারে ৩০ বলে ২৪ রান করে ফেরেন লিটন। বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই সিরাজ কটবিহাইন্ড করে ফেরান নাজমুল হোসেন শান্তকে।
১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৯। উইকেটে জাকির হাসানের সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম।
15 Dec 2022, 03:12 PM
সিরাজের শিকার অভিষিক্ত জাকির
একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এবার অভিষিক্ত জাকির হাসানকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ।
৫ রানে দুই হারানো দলের হাল ধরার চেষ্টায় ছিলেন জাকির। বল বুঝে খেলছিলেন তিনি। কিন্তু লিটন দাসের বিদায়ের পর হুট করে যেন মনোযোগ হারিয়ে ফেললেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করেন জাকির। বল ব্যাটের বাইরের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার রিশাভ পান্তের গ্লাভসে।
৩ চারে ৪৫ বলে ২০ রান করে ফেরেন জাকির। এনিয়ে তৃতীয় শিকার ধরলেন সিরাজ।
১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫৭। উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান।
15 Dec 2022, 03:42 PM
এসেই কুলদিপের আঘাত
ক্রিজে সাকিব আল হাসানের অস্বস্তিময় উপস্থিতি শেষ হলো স্লিপে ক্যাচ দিয়ে। বোলিংয়ে এসেই বাংলাদেশ অধিনায়ককে বিদায় করলেন কুলদিপ যাদব।
বাঁহাতি রিস্ট স্পিনারের লেগ স্টাম্পে পিচ করা বল বেরিয়ে এসে খেলার চেষ্টায় ছিলেন সাকিব। ঠিকমতো পারেননি তিনি, ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় প্রথম স্লিপে। সেখানে কোনো ভুল করেননি লোকেশ রাহুল।
সাকিব ২৫ বলে করেন ৩ রান।
ক্রিজে গিয়েই চার মেরে রানের খাতা খোলেন নুরুল হাসান সোহান। পরের বলে বেঁচে যান জোরাল আবেদন থেকে।
এক বল পর এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় ভারত। আম্পায়ার্স কলে বেঁচে যান সোহান। অফ স্টাম্পের অনেক বাইরে পড়া বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প!
২৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭৯। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ১২৬ রান।
15 Dec 2022, 04:16 PM
সোহানের বিদায়ে বাড়ল ফলোঅনের শঙ্কা
শর্ট লেগে শুবমান গিলের চমৎকার রিফ্লেক্স ক্যাচে বিদায় নিলেন নুরুল হাসান সোহান। ৯৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বাড়ল বাংলাদেশের ফলোঅনের শঙ্কা।
বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদবের বলে ফ্লিক করেছিলেন সোহান। পার করতে পারেননি গিলকে। শর্ট লেগে দারুণ তৎপরতা দেখিয়ে বল মুঠোয় জমান ফিল্ডার। ভাঙে ৪৬ বলে গড়া ২২ রানের জুটি।
২২ বলে তিন চারে ১৬ রান করেন সোহান।
৩৩ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৭। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। ফলোঅন এড়াতে এখনও ১০৮ রান চাই স্বাগতিকদের।
15 Dec 2022, 04:25 PM
কুলদিপের জোড়া আঘাতে শেষের কাছে বাংলাদেশ
বিপদে পড়া দলকে টানতে পারলেন না মুশফিকুর রহিম। তাকে এলবিডব্লিউ করার পর তাইজুল ইসলামকে বোল্ড করে দিলেন কুলদিপ যাদব।
অফ স্টাম্পের ঠিক বাইরে পিচ করে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি মুশফিক। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে অবশ্য সিদ্ধান্ত পাল্টায়নি। বল আঘাত হানত লেগ স্টাম্পে।
৫৮ বলে তিন চারে ২৮ রান করেন মুশফিক।
চার বল খেলে কোনো রান করতে পারেননি তাইজুল। কুলদিপের গুগলিতে কাট করার চেষ্টায় বোল্ড হয়ে যান তিনি।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১০২। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী ইবাদত হোসেন।
15 Dec 2022, 04:59 PM
ইবাদত-মিরাজের দৃঢ়তা
তাইজুল ইসলাম ফিরে যাওয়ার সময় দিনের বাকি ৯ ওভার। ফলো অনে পড়ার ও শেষ বেলায় ভীষণ স্নায়ু চাপের কয়েক ওভার খেলার শঙ্কায় তখন বাংলাদেশ। দলকে সেখান থেকে উদ্ধার করে প্রথম ইনিংস তৃতীয় দিনে নিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন।
৪৪ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। ফলো অন এড়াতে এখনও স্বাগতিকদের প্রয়োজন ৭২ রান।
৩৫ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রানে ব্যাট করছেন মিরাজ। তার সঙ্গী ৩১ রানের জুটিতে অবদান ১৩ রান। তার ২৭ বলের ইনিংস গড়া একটি করে ছক্কা ও চারে।
নতুন বলে বাংলাদেশকে ভোগান পেসার মোহাম্মদ সিরাজ। ১৪ রানে তিনি নেন ৩ উইকেট। পরে মিডল অর্ডারকে নাড়িয়ে দেন কুলদিপ যাদব। বাঁহাতি এই রিস্ট স্পিনার ৪ উইকেট নেন ৩৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৩৩/৮ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, লিটন ২৪, মুশফিক ২৮, সাকিব ৩, সোহান ১৬, মিরাজ ১৬*, তাইজুল ০, ইবাদত ১৩*; সিরাজ ৯-১-১৪-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১০-৩-৩৩-৪, আকসার ৭-৩-১০-০)