২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ

18 Mar 2024, 09:36 AM

সংক্ষিপ্ত স্কোর

এক নজরে

শ্রীলঙ্কা: ২৩৫

বাংলাদেশ: ৪০.২ ওভারে ২৩৭/৬

18 Mar 2024, 09:36 AM

সিরিজ নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা

টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও সিরিজের ফয়সালা এসে ঠেকেছে শেষ ম্যাচে। প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই। সিরিজ নির্ধারণী ম্যাচে সোমবার সকাল ১০টায় মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে সবশেষ সিরিজে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ জিতেছিল তারা। এবার একটি করে জয়-পরাজয়ে সিরিজের মীমাংসা হবে শেষটিতে।

১-১ সমতায় থাকা তিন ম্যাচ সিরিজে এখন পর্যন্ত শেষ ম্যাচে বাংলাদেশের জয় ৬টি। আর তারা হেরেছে ৭টি। এর মধ্যে ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১-১ থেকে সিরিজ হেরেছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে ১-১ থেকে সিরিজ জিতেছে তারা।

এবার শেষ ম্যাচে মাঠে নামার আগে দুই দলেই আছে চোটের ধাক্কা। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় স্বাগতিক পেসার তানজিম হাসান খেলতে পারবেন না শেষ ম্যাচে। একই চোটে বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কার।

18 Mar 2024, 09:36 AM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচেও কয়েনভাগ্য পাশে পেলেন কুসাল মেন্ডিস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক।

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলারদের থেকে বিশেষ কিছু পাওয়ার আশা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

প্রায় ১১ বছর পর ঘরের মাঠে সকাল ১০টায় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে নিউ জিল্যান্ডের সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়েছিল সকাল ১০টায়। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হয়েছিল বেলা ১১টা ৩০ মিনিটে।

18 Mar 2024, 09:55 AM

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন

ছন্দহীনতায় বাদ পড়ে যাওয়া লিটন কুমার দাস ও হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় একাদশে দুইটি পরিবর্তন অনিবার্য ছিল। এই দুজনের সঙ্গে শেষ ম্যাচে নেই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

তাদের পরিবর্তে সিরিজে প্রথম সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক, লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

18 Mar 2024, 09:55 AM

পেসারের পরিবর্তে শ্রীলঙ্কা একাদশে স্পিনার

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়া বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কার বদলে অফ স্পিনার মাহিশ থিকশানাকে একাদশে ফেরাল শ্রীলঙ্কা। ফলে তাদের একাদশে এখন দুই পেসারের সঙ্গে তিন স্পিনার।

এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরানোর মতো আছেন পেস অলরাউন্ডার জানিথ লিয়ানাগে।

শ্রীলঙ্কা একাদশ: কুসাল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রামোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা।

18 Mar 2024, 10:20 AM

শুরুতেই তাসকিনের আঘাত

দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন পাথুম নিসাঙ্কা।

অফ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি ভুল লাইনে খেলেন নিসাঙ্কা। বল তার প্যাডে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ না নিয়ে ড্রেসিং রুমের পথে হাঁটা ধরেন নিসাঙ্কা।

রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যেত ওই বল। অর্থাৎ রিভিউ নিলে বেঁচে যেতেন লঙ্কান ওপেনার।

৮ বলে ১ রান করেছেন নিসাঙ্কা। তিন নম্বরে নেমেছেন অধিনায়ক কুসাল মেন্ডিস। ক্রিজে আরেক ওপেনার আভিশকা ফার্নান্দো।

18 Mar 2024, 10:27 AM

আভিশকাকেও ফেরালেন তাসকিন

পরপর দুই ওভারে দুই ওপেনারকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরে থেকে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া ফুল লেংথ ডেলিভারিতে কট বিহাইন্ড হলেন আভিশকা ফার্নান্দো।

৬ বলে ৪ রান করে ফিরেছেন আভিশকা। চার নম্বরে নেমেছেন সাদিরা সামারাউইক্রামা। ৯ বলে ৯ রানে খেলছেন কুসাল মেন্ডিস।

৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।

18 Mar 2024, 10:44 AM

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি ড্রাইভ করার চেষ্টায় ব্যর্থ সাদিরা সামারাউইক্রামা। উইকেটরক্ষকের গ্লাভসে বল জমা পড়তেই বাংলাদেশের জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার।

তবে আত্মবিশ্বাসী ছিলেন শরিফুল। বেশ কিছুক্ষণ সময় নিয়েই তিনি রিভিউ নিতে রাজি করান নাজমুল হোসেন শান্তকে। রিপ্লেতে দেখা যায়, ব্যাট অতিক্রম করার সময় কোনো সংযোগ হয়নি বলের। তাই বিফলে যায় বাংলাদেশের রিভিউ।

এই দফায় সাফল্য না পেলেও শ্রীলঙ্কাকে আটকে রেখেছে বাংলাদেশ। ৭ ওভারে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। কুসাল মেন্ডিস ২১ বলে ১৬ রানে খেলছেন। সামারাউইক্রামা ৭ বলে করেছেন ২ রান।

18 Mar 2024, 11:01 AM

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৯

প্রথম দশ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৩৯ রান করেছে শ্রীলঙ্কা। এর মধ্যে সবশেষ দুই ওভারে তারা পেয়েছে ১৪ রান।

দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন তাসকিন আহমেদ। নিজের পরের ওভারে আরেক ওপেনার আভিশকা ফার্নান্দোকেও ফেরান অভিজ্ঞ পেসার।

এরপর আর তেমন সুযোগ দেননি কুসাল মেন্ডিস ও সাদিরা সামারউইক্রামা। ৩৭ বলে ২৪ রান যোগ করেছেন দুজন। মেন্ডিস ৩৩ বলে ২০ ও সামারাউইক্রামা ১৩ বলে ১২ রানে খেলছেন।

18 Mar 2024, 11:01 AM

বোলিংয়ে এসেই মুস্তাফিজের আঘাত

প্রথম পাওয়ার প্লে শেষে আক্রমণে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। দারুণ ভেতরে ঢোকা ডেলিভারিতে তিনি কট বিহাইন্ড করলেন সাদিরা সামারাউইক্রামাকে।

২ চারে ১৫ বলে ১৪ রান করে ফিরলেন সামারাউইক্রামা। পঞ্চাশের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা।

পাঁচ নম্বরে নেমেছেন চারিথ আসালাঙ্কা। আরেক প্রান্তে খেলছেন অধিনায়ক কুসাল মেন্ডিস।

18 Mar 2024, 11:11 AM

ত্রয়োদশ ওভারে শ্রীলঙ্কার পঞ্চাশ

টস জিতে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারছে না শ্রীলঙ্কা। আঁটসাঁট বোলিংয়ে রানের চাকা আটকে রেখেছে বাংলাদেশ। পঞ্চাশ রান করতে সফরকারীদের খেলতে হয়েছে ১৩ ওভার পর্যন্ত।

১৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৫১ রান। কুসাল মেন্ডিস ৪০ বলে ২৩ ও চারিথ আসালাঙ্কা ৯ বলে ৬ রানে খেলছেন।

18 Mar 2024, 11:35 AM

প্রথম বলেই রিশাদের আঘাত

অষ্টাদশ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই কুসাল মেন্ডিসকে ফেরালেন রিশাদ হোসেন। অফ স্টাম্পের বাইরে পিচ করা লেগ স্পিনে ব্যাট এগিয়ে দিয়ে কট বিহাইন্ড লঙ্কান অধিনায়ক।

তৃতীয় ওয়ানডে খেলতে নেমে প্রথম উইকেট পেলেন রিশাদ। ৫১ বলে ২৯ রান করে মেন্ডিস। তার বিদায়ে ভাঙল ৩৩ রানের চতুর্থ উইকেট জুটি।

ছয় নম্বরে নেমেছেন জানিথ লিয়ানাগে। ২৪ বলে ২১ রানে খেলেছেন চারিথ আসালাঙ্কা।

১৭.৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান।

18 Mar 2024, 11:44 AM

সব রিভিউ শেষ বাংলাদেশের

১৯ ওভারের মধ্যেই নিজেদের দুটি রিভিউ হারিয়ে ফেলল বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে জানিথ লিয়ানাগের বিরুদ্ধে এলবিডব্লিউ জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত।

রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে ব্যাটের ভেতরের কানায় লেগেছে বল। তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ব্যর্থ হয় বাংলাদেশের দ্বিতীয় রিভিউ। এর আগে সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে বৃথা যায় প্রথম রিভিউ।

১৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৮১ রান। লিয়ানাগে ১০ বলে ২ ও চারিথ আসালাঙ্কা ২৫ বলে ২১ রানে খেলছেন।

18 Mar 2024, 12:07 PM

২৩ ওভারে শ্রীলঙ্কার একশ

চারিথ আসালঙ্কা ও জানিথ লিয়ানাগের ব্যাটে প্রতিরোধের চেষ্টা করছে শ্রীলঙ্কা। এরই মধ্যে ২৩তম ওভারে পূর্ণ হয়েছে তাদের একশ রান। ৭৫ বলে ৫০ রান সফরকারীরা পরের পঞ্চাশ রান করেছে ৬২ বলে।

২৪ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান। লিয়ানাগে ২৫ বলে ১৯ ও আসালাঙ্কা ৪০ বলে ৩৩ রানে খেলছেন।

18 Mar 2024, 12:11 PM

জুটি ভাঙলেন মুস্তাফিজ

বিপজ্জনক হওয়ার আভাস দেওয়া জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ দিলেন চারিথ আসালাঙ্কা।

৫ চারে ৪৬ বলে ৩৭ রান করে ফিরলেন আসালাঙ্কা। তার বিদায়ে ভাঙল জানিথ লিয়ানাগের সঙ্গে গড়া ৪৩ রানের জুটি।

২৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৭ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান দুনিথ ওয়েলালাগে। লিয়ানাগে ২৯ বলে ২৩ রানে অপরাজিত।

18 Mar 2024, 12:39 PM

ওয়েলালাগেকে ফেরালেন মিরাজ

অনেকটা সময় ক্রিজে থাকলেও স্বচ্ছন্দ ছিলেন না দুনিথ ওয়েলালাগে। তার ভোগান্তির ইতি টানলেন মেহেদী হাসান মিরাজ।

অফ স্পিনারকে পেয়ে গা ঝাড়া দিতে চেয়েছিলেন ওয়েলালাগে। স্লগ সুইপ করে ওড়াতে চেয়েছিলেন ছক্কায়। কিন্তু টাইমিং করতে পারেননি। মিড উইকেটে ক‍্যাচ নেন সৌম‍্য সরকার।

১৮ বলে কেবল ১ রান করেন ওয়েলালাগে।

৩১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৩৬। ক্রিজে জানিথ লিয়ানাগের সঙ্গী ওয়ানিন্দু হাসারাঙ্গা।

18 Mar 2024, 12:52 PM

হাসারাঙ্গাকেও ফেরালেন মিরাজ

ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বেশিক্ষণ টিকতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের আগের ওভারে ছক্কা উড়িয়ে হাত খোলার আভাস দিয়েছিলেন হাসারাঙ্গা। পরের ওভারেই তাকে বোল্ড করলেন মিরাজ।

৮ বলে ১১ রান করেছেন হাসারাঙ্গা। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহিশ থিকশানা।

এক প্রান্ত আগলে রেখে ৫৪ বলে ৪৩ রানে অপরাজিত শেষ স্বীকৃত ব্যাটসম্যান জানিথ লিয়ানাগে।

৩৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ১৫৪ রান।

18 Mar 2024, 01:00 PM

লিয়ানাগের ফিফটি

অন্য ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে পঞ্চাশ রান করলেন জানিথ লিয়ানাগে। ৪ চার ও ২ ছক্কায় ৬৫ বলে মাইলফলকে পা রাখেন মিডল-অর্ডার ব্যাটসম্যান।

নয় ম্যাচের ক্যারিয়ারে তার চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে দ্বিতীয়।

৩৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ১৬৬ রান। ১৮ বলে ৫ রানে খেলছেন মাহিশ থিকশানা।

18 Mar 2024, 01:30 PM

জুটির পঞ্চাশ, শ্রীলঙ্কার দুইশ

মাহিশ থিকশানাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন জানিথ লিয়ানাগে। এরই মধ্যে দুজন গড়েছেন পঞ্চাশ রানের জুটি। দুইশ পেরিয়েছে শ্রীলঙ্কার স্কোর।

১৩৭ বলে একশ রান করা সফরকারীরা পরের একশ রান করতে খেলেছে ১৩৮ বল। ৭০ বলে এসেছে জুটির পঞ্চাশ রান।

৪৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। লিয়ানাগে ৮৭ বলে ৭৭ ও থিকশানা ৩৮ বলে ১৪ রানে অপরাজিত।

18 Mar 2024, 01:39 PM

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

কোটার শেষ ওভার করতে এসে পায়ের চোটে মাঠ ছাড়লেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলটি 'ওয়াইড' করেন বাঁহাতি পেসার। পরে পায়ে অস্বস্তি অনুভব করেন। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল তার।

তাই তাকে মাঠ থেকে বাইরে নেওয়ার জন্য স্ট্রেচার আনা হয়। এক ওভার বাকি থাকতেই মাঠ ছেড়ে যান মুস্তাফিজ।

18 Mar 2024, 01:44 PM

জুটি ভাঙলেন সৌম্য

মুস্তাফিজুর রহমানের শুরু করা ওভার শেষ করতে এসে প্রথম বলেই উইকেট পেলেন সৌম্য সরকার। মিডল স্টাম্পের ওপর করা শর্ট ডেলিভারি পুল করে সোজা ডিপ মিড উইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন মাহিশ থিকশানা।

৪০ বলে ১৪ রান করে ফিরেছেন থিকশানা। তার বিদায়ে ভাঙল জানিথ লিয়ানাগের সঙ্গে গড়া অষ্টম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৬০ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রামোদ মাদুশান।

৪৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২১৮ রান। লিয়ানাগে ৯৪ বলে ৮৭ রানে অপরাজিত।

18 Mar 2024, 01:56 PM

এবার স্ট্রেচারে মাঠ ছাড়লেন জাকের

তাসকিন আহমেদের শর্ট ডেলিভারি পুল করার চেষ্টায় হাওয়ায় ভাসালেন প্রামোদ মাদুশান। ছুটে এলেন এনামুল হক ও জাকের আলি। বলের ওপর নজর রেখে ক্যাচ নিলেন এনামুল।

ততক্ষণে কাছাকাছি চলে আসা জাকেরও তাকিয়ে ছিলেন বলের দিকে। শেষ মুহূর্তে তার ধাক্কা লাগল এনামুলের সঙ্গে। তীব্র ব্যথায় আর উঠে দাঁড়াতে পারলেন না জাকের। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হলো তাকে।

18 Mar 2024, 02:01 PM

২৩৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

চাপের মুখে চমৎকার ব্যাটিং করলেন জানিথ লিয়ানাগে। ওয়ানডে ক্যারিয়ারের নবম ম্যাচে প্রথমবারের মতো পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। তার সেঞ্চুরির সৌজন্যে লড়াই করার পুঁজি পেল শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৩৫ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

ক্যারিয়ার সেরা ইনিংসে ১০২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন লিয়ানাগে। ৬৫ বলে ফিফটি করা মিডল-অর্ডার ব্যাটসম্যান পরের পঞ্চাশ রান করতে খেলেন স্রেফ ৩৬ বল।

দলের আর কেউ ৪০ রানও করতে পারেননি।

টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানরা শুরুতেই পড়ে তাসকিন আহমেদের তোপে। নিজের প্রথম দুই ওভারে ২ ওপেনারকে ফেরান তাসকিন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় সফরকারীরা।

পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন লিয়ানাগে ও চারিথ আসালাঙ্কা। ৩৭ রান করা আসালাঙ্কা ফিরলে ভাঙে ৪৩ রানের জুটি।

এরপর মাহিশ থিকশানাকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৬০ রানের জুটি গড়েন লিয়ানাগে। এর সৌজন্যে দুইশ পেরিয়ে যায় শ্রীলঙ্কা। পরে সেঞ্চুরি পূর্ণ করে দলকে আড়াইশর কাছে নিয়ে যান ২৮ বছর বয়সী অলরাউন্ডার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন। মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ ধরেন ২টি করে শিকার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫ (নিসাঙ্কা ১, আভিশকা ৪, মেন্ডিস ২৯, সামারাউইক্রামা ১৪, আসালাঙ্কা ৩৭, লিয়ানাগে ১০১*, ওয়েলালাগে ১, হাসারাঙ্গা ১১, থিকশানা ১৫, মাদুশান ৩, কুমারা ১; শরিফুল ১০-০-৫৫-০, তাসকিন ১০-১-৪২-৩, মুস্তাফিজ ৯-১-৩৯-২, সৌম্য ২-০-১০-১, মিরাজ ১০-১-৩৮-২, রিশাদ ৯-০-৫১-১)

18 Mar 2024, 02:34 PM

সৌম্যর কনকাশন বদলি তানজিদ

ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে ছিটকে গেলেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার ইনিংসের শেষ দিকে একটি বাউন্ডারি ঠেকানোর চেষ্টায় প্রথমে পা মচকে পড়ে যান তিনি। পরে বিজ্ঞাপনী বোর্ডের সঙ্গে ধাক্কা লাগে তার।

তাই কনকাশন বদলি হিসেবে সৌম্যর জায়গায় তানজিদ হাসানকে নিয়ে ইনিংস শুরু করেছে বাংলাদেশ।

18 Mar 2024, 02:39 PM

এবার মাঠের বাইরে আম্পায়ার

চট্টগ্রামের মাত্রাতিরিক্ত গরমে পেরে উঠলেন না ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি তিনি। কেটেলবোরোর বদলে আম্পায়ারিং করছেন ম্যাচের চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ।

ফলে এখন মাঠের দুই আম্পায়ারই বাংলাদেশি। অন্যজন শরফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত। টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।

18 Mar 2024, 02:51 PM

সাবধানী এনামুল, আগ্রাসী তানজিদ

রান তাড়ায় শুরুতে দেখেশুনে ব্যাটিং করছেন এনামুল হক। আরেক প্রান্তে শট খেলছেন তানজিদ হাসান।

প্রথম ৫ ওভারে দুই ওপেনার তুলেছেন ২৪ রান। এর মধ্যে পেসার প্রামোদ মাদুশানের দুই ওভার থেকেই এসেছে ২১ রান।

শুরু থেকেই ভালো বোলিং করছেন অফ স্পিনার মাহিশ থিকশানা। তার কিছু ডেলিভারি নিচুও হয়ে যাচ্ছে। তাই কোনো ঝুঁকি নিচ্ছেন না দুই ওপেনার। থিকশানার ৩ ওভারে এক মেডেনসহ এসেছে স্রেফ ৩ রান।

তানজিদ ১৮ বলে ২০ ও এনামুল ১২ বলে ৪ রানে খেলছেন।

18 Mar 2024, 03:02 PM

অষ্টম ওভারে বাংলাদেশের পঞ্চাশ

তানজিদ হাসানের চমৎকার ব্যাটিংয়ে রান তাড়ায় দারুণ শুরু করল বাংলাদেশ। অষ্টম ওভারে তারা পূর্ণ করল পঞ্চাশ রান।

৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫০ রান।

৫ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৩৮ রানে অপরাজিত তানজিদ। এনামুল হক খেলছেন ২০ বলে ১২ রানে।

18 Mar 2024, 03:04 PM

এনামুলকে ফেরালেন কুমারা

নবম ওভারে লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি হাওয়ায় ভাসিয়ে ড্রাইভ করলেন এনামুল হক। কিন্তু ত্রিশ গজ পার করতে পারলেন না। কভারে লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নিলেন আভিশকা ফার্নান্দো।

২২ বলে ১২ রান করে ফিরলেন এনামুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

18 Mar 2024, 03:13 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশের ১ উইকেটে ৫৬

রান তাড়ায় বেশ ভালো শুরু করল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে ১০ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৬ রান।

নবম ওভারে ড্রেসিং রুমে ফিরেছেন এনামুল হক। সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে নেমে দারুণ ব্যাটিং করছেন তানজিদ হাসান। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৩৫ বলে ৪৩ রানে খেলছেন তিনি।

তিন নম্বরে নামা শান্ত অপরাজিত ৩ বলে ১ রানে।

18 Mar 2024, 03:15 PM

শান্তকেও ফেরালেন কুমারা

বেশিক্ষণ টিকতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে কট বিহাইন্ড হলেন বাংলাদেশ অধিনায়ক।

পরপর দুই ওভারে দুই উইকেট পেলেন কুমারা। ৫ বলে ১ রান করে ফিরেছেন শান্ত। চার নম্বরে নেমেছেন তাওহিদ হৃদয়।

18 Mar 2024, 03:39 PM

চমৎকার ব্যাটিংয়ে তানজিদের ফিফটি

কনকাশন বদলি হিসেবে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তানজিদ হাসান। চমৎকার ব্যাটিংয়ে ৫১ বলে পূর্ণ করলেন ৫০ রান।

১৫ ম্যাচের ক্যারিয়ারে তানজিদের দ্বিতীয় ফিফটি এটি। তার ব্যাটে রান তাড়ায় ভালো শুরু পেয়েছে বাংলাদেশ।

১৬ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। তানজিদ ৫২ বলে ৫০ ও তাওহিদ হৃদয় ১৭ বলে ১৩ রানে অপরাজিত।

18 Mar 2024, 03:53 PM

আগের সেরা ছাড়িয়ে তানজিদ

ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে আগের সর্বোচ্চ ৫১ রান ছাড়িয়ে গেলেন তানজিদ হাসান। এখন পর্যন্ত ৫৭ বলে ৫২ রানে অপরাজিত ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।

গত বছর বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪৩ বলে ৫১ রান করেছিলেন বাঁহাতি ওপেনার।

১৫ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম এক ইনিংসে পঞ্চাশ বা তার বেশি বল খেললেন তিনি।

১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। তাওহিদ হৃদয় ২৪ বলে ১৭ রানে অপরাজিত।

18 Mar 2024, 04:01 PM

জীবন পেলেন তানজিদ

প্রামোদ মাদুশানের পরপর দুই বলে বাউন্ডারি মারার পর আরেকটি চারের খোঁজে অফ ড্রাইভ করলেন তানজিদ হাসান। টাইমিং ঠিকঠাক না হওয়ায় ত্রিশ গজের বৃত্ত পার করতে পারলেন না। মিড-অফে ক্যাচের সুযোগ পেলেন বদলি ফিল্ডার শেহান আরাচিগে। কিন্তু বাম দিকে লাফিয়েও হাতে জমাতে পারলেন না তিনি।

ফলে ৬০ রানে বেঁচে গেলেন তানজিদ।

১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৪ রান। তানজিদ ৬২ বলে ৬১ ও তাওহিদ হৃদয়ে ২৫ বলে ১৮ রানে অপরাজিত।

18 Mar 2024, 04:07 PM

২১ ওভারে বাংলাদেশের একশ

দ্রুত সময়ের মধ্যে ২ উইকেট হারালেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ২১তম ওভারে তারা পূর্ণ করেছে একশ রান। তবে রানের গতি কমেছে কিছুটা। ৪৭ বলে প্রথম পঞ্চাশ করা দলের পরের পঞ্চাশ রান করতে লেগেছে ৭৭ বলে।

২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। তানজিদ হাসান ৬৬ বলে ৬৭ ও তাওহিদ হৃদয় ৩৩ বলে ২২ রানে খেলছেন।

18 Mar 2024, 04:10 PM

বোলিংয়ে ফিরে জুটি ভাঙলেন কুমারা

২২তম ওভারে আক্রমণে ফিরে ফের আঘাত করলেন লাহিরু কুমারা। শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগে ধরা পড়লেন তাওহিদ হৃদয়।

৩৬ বলে ২২ রান করে ফিরলেন তরুণ ব্যাটসম্যান। তার বিদায়ে ভাঙল ৪৯ রানের তৃতীয় উইকেট জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

18 Mar 2024, 04:20 PM

কুমারার চতুর্থ শিকার মাহমুদউল্লাহ

আরও একবার লাহিরু কুমারার পরপর দুই ওভারে দুই উইকেট হারাল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি অহেতুক খোঁচা মেরে কট বিহাইন্ড হলেন মাহমুদউল্লাহ। ৪ বলে ১ রান করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

৩১ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম ৪ উইকেট পেলেন কুমারা।

ছয় নম্বরে নেমেছেন মুশফিকুর রহিম। ৭২ বলে ৭৫ রানে খেলছেন তানজিদ হাসান।

18 Mar 2024, 04:32 PM

ছক্কার চেষ্টায় ফিরলেন তানজিদ

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে উড়িয়ে মারলেন তানজিদ হাসান। কিন্তু পার করতে পারলেন না সীমানা। ধরা পড়ে গেলেন লং অনে। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ।

ক্যারিয়ার সেরা ইনিংসে ৯ চার ও ৪ ছক্কায় ৮১ বলে ৮৪ রান করেছেন তানজিদ। সাত নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।

২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩১ রান। ৭ বলে ৮ রানে খেলছেন মুশফিকুর রহিম।

18 Mar 2024, 04:50 PM

শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ

প্রামোদ মাদুশানের বাউন্সারে পুল করার চেষ্টায় ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। বল জমা পড়ল উইকেটরক্ষকের গ্লাভসে। সঙ্গে সঙ্গে জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নিলেন কুসাল মেন্ডিস।

রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কোথাও লাগেনি ওই বল। বরং মাথার ওপর দিয়ে যাওয়ায় ওই ডেলিভারি ডাকা হয় 'ওয়াইড' বল। ব্যর্থ হয় শ্রীলঙ্কার রিভিউ।

৩১.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৬ রান। জয়ের জন্য প্রয়োজন ১১৩ বলে ৮০ রান।

মুশফিকুর রহিম ২০ বলে ২০ ও মিরাজ ১৯ বলে ১০ রানে খেলছেন।

18 Mar 2024, 05:19 PM

ছক্কা মারার চেষ্টায় মিরাজের অক্কা

ওয়ানিন্দু হাসারাঙ্গার হাফ ট্র্যাকার ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজ। দারুণ ক্যাচে ৪০ বলে ২৫ রান করা মিরাজের বিদায় নিশ্চিত করলেন প্রামোদ মাদুশান।

মিরাজের বিদায়ে ভাঙল মুশফিকুর রহিমের সঙ্গে গড়া ৪৮ রানের ষষ্ঠ উইকেট জুটি।

জয় থেকে ৫৮ রান দূরে বাংলাদেশ। ২৯ বলে ২৬ রানে খেলছেন মুশফিক। নতুন ব্যাটসম্যান রিশাদ হোসেন।

18 Mar 2024, 05:22 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন রিশাদ

ক্রিজে গিয়ে প্রথম বলে সুইপ করে ছক্কা মারলেন রিশাদ হোসেন। পরের বল প্যাডে লাগতেই এলবিডব্লিউর জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেয় শ্রীলঙ্কা।

রিপ্লেতে দেখা যায়, বলটি হালকা ছুঁয়ে যেতে লেগ স্টাম্প। যার ফলে স্ক্রিনে ভেসে ওঠে 'আম্পায়ার্স কল।' অর্থাৎ মাঠের আম্পায়ার 'নট আউট' দেওয়ায় সেটিই বহাল থাকে। অন্যথায় আম্পায়ার আউট দিলে ফিরতে হতো রিশাদকে।

বেঁচে যাওয়ার পরের বলেই বাউন্ডারি মারেন রিশাদ। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আবার সুইপ শটে মারেন ছক্কা। ওভার থেকে আসে ১৬ রান।

৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৪ রান। জয়ের জন্য ৭৮ বলে প্রয়োজন ৪২ রান।

18 Mar 2024, 05:27 PM

৩৮ ওভারে বাংলাদেশের ২০০

ধীরে ধীরে জয়ের সঙ্গে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও রিশাদ হোসেনের সপ্তম উইকেট জুটিতে ৩৮তম ওভারে তারা পূর্ণ করেছে ২০০ রান।

৩৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২০২ রান। জয়ের জন্য ৭২ বলে প্রয়োজন ৩৪ রান।

মুশফিক ৩২ বলে ৩২ ও রিশাদ ৮ বলে ১৮ রানে খেলছেন।

18 Mar 2024, 05:35 PM

২৪ রানের ওভার, ২১ বলে জুটির পঞ্চাশ

রিশাদ হোসেনের ঝড়ে সপ্তম উইকেটে স্রেফ ২১ বলে পঞ্চাশ রানের জুটি পেল বাংলাদেশ।

এর মধ্যে ৪০তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রিশাদ নিয়েছেন ২৪ রান। ২ ছক্কায় ওভার শুরুর পর টানা ৩টি চার মারেন রিশাদ। শেষ বল ডট খেলেন তিনি।

৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৩ রান।

১৮ বলে ৪৮ রানে অপরাজিত রিশাদ। ৩৪ বলে ৩৩ রানে খেলছেন মুশফিকুর রহিম।

18 Mar 2024, 05:43 PM

তানজিদের ফিফটির পর রিশাদ ঝড়ে সিরিজ বাংলাদেশের

ক্রিজে গিয়ে প্রথম বলেই ছক্কা ওড়ালেন রিশাদ হোসেন। পরে একই ছন্দ ধরে রেখে তুলাধুনা করলেন শ্রীলঙ্কার বোলারদের। তার টর্ণেডো ব্যাটিংয়ে ত্বরান্বিত হলো বাংলাদেশের জয়। একই সঙ্গে সিরিজ জিতল স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্যে ৫৮ বল আগেই ছুঁয়ে ফেলল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

রান তাড়ায় শুরুতে দলকে এগিয়ে দেন তানজিদ হাসান। সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়ে ক্যারিয়ার সেরা ইনিংসে ৮৪ রান করেছেন বাঁহাতি ওপেনার। ৮১ বলে ৯ চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা।

শেষ দিকে ১৮ বলে ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রিশাদ। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

তানজিদ-রিশাদের ব্যাটে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ।

তাওহিদ হৃদয় ছাড়া ওপরের দিকের আর কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। হৃদয় আউট হন ২২ রান করে। পরে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ এগিয়ে নেন দলকে। মিরাজ ফেরেন ৪০ বলে ২৫ রান করে।

তখনও জয় থেকে ৫৮ রান দূরে বাংলাদেশ। এরপর রিশাদ ঝড়! ৫ চারের সঙ্গে ৪টি ছক্কায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টি-টোয়েন্টি সিরিজে ছক্কার রেকর্ড গড়া তরুণ। অভিজ্ঞ মুশফিক ৩৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন লাহিরু কুমারা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫ (নিসাঙ্কা ১, আভিশকা ৪, মেন্ডিস ২৯, সামারাউইক্রামা ১৪, আসালাঙ্কা ৩৭, লিয়ানাগে ১০১*, ওয়েলালাগে ১, হাসারাঙ্গা ১১, থিকশানা ১৫, মাদুশান ৩, কুমারা ১; শরিফুল ১০-০-৫৫-০, তাসকিন ১০-১-৪২-৩, মুস্তাফিজ ৯-১-৩৯-২, সৌম্য ২-০-১০-১, মিরাজ ১০-১-৩৮-২, রিশাদ ৯-০-৫১-১)

বাংলাদেশ: ৪০.২ ওভারে ২৩৭/৬ (এনামুল ১২, তানজিদ ৮৪, শান্ত ১, হৃদয় ২২, মাহমুদউল্লাহ ১, মুশফিক ৩৭, মিরাজ ২৫, রিশাদ ৪৮*; থিকশানা ৯.২-১-৩৫-০, মাদুশান ৭-০-৫২-০, কুমারা ৮-০-৪৮-৪, হাসারাঙ্গা ৯-০-৬৪-২, ওয়েলালাগে ৬-০-৩০-০, আসালাঙ্কা ১-০-৮-০)