17 Jun 2023, 10:13 AM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২
আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ৪২৫/৪ ইনিংস ঘোষণা
আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৬৬২) ৩৩ ওভারে ১১৫
17 Jun 2023, 10:13 AM
জয়ের জন্য ৮ উইকেটের অপেক্ষা
দাপুটে ব্যাটিং-বোলিংয়ে মিরপুর টেস্টে বড় জয় দেখছে বাংলাদেশ। আগের দিন শেষ দিকে দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে এবার বাকি ৮ উইকেট নেওয়ার লক্ষ্যে চতুর্থ দিন নামছে স্বাগতিকরা।
আফগানিস্তানের সামনে কাজটা ভীষণ কঠিন। ম্যাচ জিততে তাদের করতে হবে আরও ৬১৭ রান! পরাজয় এড়াতেও ব্যাট করতে হবে পুরো দুই দিন। সফরকারীদের জন্য যা একরকম অসম্ভবই বটে।
তবে তাদের জন্য আশীর্বাদ হতে পারে প্রকৃতি। চতুর্থ দিন দুপুরের পর রয়েছে তুমুল বৃষ্টির শঙ্কা। তার আগ পর্যন্ত সময় কাটিয়ে দিতে পারলে হয়তো কিছুটা সহজ হবে তাদের কাজ। আর বাংলাদেশ নিশ্চিতভাবেই চাইবে বৃষ্টি নামার আগেই বাকি কাজ সারতে।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২
আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ৮০ ওভারে ৪২৫/৪ (ডিক্লে.) (জয় ১৭, জাকির ৭১, শান্ত ১২৪, মুমিনুল ১২১*, মুশফিক ৮, লিটন ৬৬*; আহমাদজাই ১৩-১-৬১-০, মাসুদ ১২.৫-০-৮৩-০, হামজা ১৬.১-০-৯০-১, জানাত ৮-০-৪৮-০, জাহির ২৩-০-১১২-২, শাহিদি ৩-০-১৯-০, জামাল ২-০-৪-০, রহমত ২-০-৪-০)
আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৬৬২) ১১ ওভারে ৪৫/২ (ইব্রাহিম ০, মালিক ৫, রহমত ১০*, শাহিদি ১৩ আহত অবসর, জামাল ৫*; শরিফুল ৪-১-৬-১, তাসকিন ৪-০-২৮-১, তাইজুল ২-০-৬-০, মিরাজ ১-০-১-০)
17 Jun 2023, 10:18 AM
শুরুতেই ইবাদতের আঘাত
নাসির জামালকে কট বিহাইন্ড করে দলকে দিনের প্রথম সাফল্য এনে দিলেন ইবাদত হোসেন
মেঘলা আকাশের নিচে দিনের প্রথম সাফল্যের জন্য বেশি অপেক্ষা করালেন না ইবাদত হোসেন চৌধুরি। তৃতীয় ওভারেই তিনি ড্রেসিং রুমে ফেরত পাঠালেন আগের দিন শেষ দিকে ভালো ব্যাটিং করা নাসির জামালকে।
ইবাদতের ফোর্থ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি জামালের ব্যাটের শোল্ডারে লেগে চলে যায় উইকেটের পেছনে। সহজ ক্যাচে তাদের বিদায় নিশ্চিত করেন বাংলদেশ অধিনায়ক লিটন দাস।
৬ রান করে ফিরেছেন জামাল। ক্রিজে রহমত শাহর সঙ্গী হতে নেমেছেন আফসার জাজাই।
17 Jun 2023, 10:29 AM
রিভিউ নিয়ে বাঁচলেন রহমত
শরিফুল ইসলামের আচমকা বাউন্সারে একরকম অপ্রস্তুত হয়ে গেলেন রহমত শাহ। বল তার গ্লাভসের দিকে লেগে উঠে যায় আকাশে। গালিতে সহজ ক্যাচ নেন তাইজুল ইসলাম।
আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে উদযাপনে মাতেন বাংলাদেশের ফিল্ডাররা। পরে আম্পায়ারও আঙুল তোলেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন রহমত।
রিপ্লেতে দেখা যায়, গ্লাভসে নয় বরং আর্ম গার্ডে লেগেছে বল। তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। সফল রিভিউয়ে বেঁচে যান আফগানিস্তানের সহ-অধিনায়ক।
১৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। প্রায় অসম্ভব এক জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৬০২ রান, বাংলাদেশের চাই ৭ উইকেট।
17 Jun 2023, 10:37 AM
বাউন্সারের আঘাতে কনকাশনে হাশমতউল্লাহ, বাহির শাহর অভিষেক
আগের দিন শরিফুল ইসলামের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দিনের খেলা শেষে তাকে পুনরায় ব্যাটিংয়ে পাওয়ার আশার কথা জানান প্রধান কোচ জোনাথন ট্রট।
তবে তা হলো না। মাথার ওই আঘাতে ম্যাচ থেকে ছিটকে গেলেন আফগান অধিনায়ক। তার বদলে কনকাশন সাব হিসেবে নেওয়া হয়েছে বাহির শাহকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫.০৪ গড়ে প্রায় তিন হাজার রান করেছেন অভিষিক্ত এই ব্যাটসম্যান।
17 Jun 2023, 10:46 AM
জাজাইকে ফেরালেন শরিফুল
ক্রিজে আফসার জাজাইয়ের অস্বস্তিকর সময়ের সমাপ্তি ঘটালেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বেশ বাইরের বল খোঁচা মেরে গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিলেন আফগানিস্তানের কিপার-ব্যাটার।
১২ বল থেকে ৬ রান করে ফিরেছেন তিনি। ক্রিজে রহমত শাহর সঙ্গী হতে এসেছেন অভিষিক্ত বাহির শাহ।
17 Jun 2023, 11:03 AM
শরিফুলের দুর্দান্ত ডেলিভারিতে বাহিরের বিদায়
এক ওভার আগে রাউন্ড দা উইকেটে গিয়ে প্রথম বলেই আফসার জাজাইকে ফেরান শরিফুল ইসলাম। দশ বল ওই প্রান্ত থেকে করার পর ওভার দা উইকেটে ফেরত যান বাঁহাতি পেসার। এবারও প্রথম বলেই পেলেন সাফল্য।
শরিফুলের মিডল স্টাম্পে পিচ করা বাউন্সার লাইন ধরে রেখে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্প দিয়ে। ব্যাট এগিয়ে খোঁচা মারেন বাহির শাহ। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো তাইজুল ইসলামের হাতে।
১৩ বলে ৭ রান করে আউট অভিষিক্ত বাহির। ২৮ রান করে একপ্রান্ত আগলে রেখেছেন সহ-অধিনায়ক রহমত শাহ। ক্রিজে নতুন ব্যাটসম্যান পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত।
17 Jun 2023, 11:15 AM
প্রথম ঘণ্টায় ৩ উইকেট নিল বাংলাদেশ
চতুর্থ দিনের শুরুটা প্রত্যাশা মতোই করতে পেরেছে বাংলাদেশ। প্রথম সেশনের প্রথম ঘণ্টায় তারা ফিরিয়েছে আফগানিস্তানের তিন ব্যাটসম্যানকে।
দিনের তৃতীয় ওভারে নাসির জামালকে কট বিহাইন্ড করেন ইবাদত হোসেন চৌধুরি। পরে দুই ওভারের মধ্যে আফসার জাজাই ও অভিষিক্ত বাহির শাহকে ড্রেসিং রুমে ফেরত পাঠান শরিফুল ইসলাম।
প্রথম ঘণ্টায় ৯.৫ ওভারে আফগানিস্তান করেছে ৩৩ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর ৫ উইকেট।
17 Jun 2023, 11:25 AM
আক্রমণে এসেই তাসকিনের আঘাত
উইকেট শিকারের উৎসবে যোগ দিলেন তাসকিন আহমেদ। চতুর্থ দিন প্রথমবার বল হাতে নিয়ে প্রথম ওভারেই তিনি ভাঙলেন আফগানিস্তানের সহ-অধিনায়ক রহমত শাহর প্রতিরোধ।
তাসকিনের অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ ডেলিভারি খোঁচা মেরে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন রহমত। ২ চারে ৭৩ বলে করেছেন ৩০ রান।
একশর আগে ৬ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় আফগানিস্তান। ক্রিজে করিম জানাতের সঙ্গী আমির হামজা হোতাক।
17 Jun 2023, 11:30 AM
জানাতের স্টাম্প ওড়ালেন তাসকিন
তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি সাঁই করে ঢুকে গেল ভেতরে। সময়মতো ব্যাট নামাতে পারলেন না করিম জানাত। উপড়ে গেল তার অফ স্টাম্প।
চলতি ইনিংসে তাসকিনের তৃতীয় শিকার এটি। একশর আগে ৭ উইকেট নিয়ে রেকর্ড ব্যবধানে জয়ের দুয়ারে বাংলাদেশ। ক্রিজে দুই ব্যাটসম্যান আমির হামজা হোতাক ও ইয়ামিন আহমাদজাই।
17 Jun 2023, 12:10 PM
রিভিউ নিয়ে হামজাকে ফেরাল বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি ডেলিভারি বড় শট খেলার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি আমির হামজা হোতাক। বল তার গ্লাভস ছুঁয়ে হেলমেটে লেগে জমা পড়ে শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে।
বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লে দেখে গ্লাভসে বল লাগা নিশ্চিত হন টিভি আম্পায়ার। ফলে বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফিরলেন হামজা হোতাক। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ২ উইকেট।
17 Jun 2023, 12:10 PM
তাসকিনের চতুর্থ শিকার আহমাদজাই
লাঞ্চ বিরতির শেষ ওভারে ফের আঘাত হানলেন তাসকিন আহমেদ। তার ফুল লেংথ ডেলিভারি অফ ড্রাইভ করতে গিয়ে শর্ট মিড অফে ধরা পড়লেন ইয়ামিন আহমাদজাই। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন মুশফিকুর রহিম।
প্রথম ইনিংসে এলোমেলো বোলিং করা তাসকিনের চতুর্থ শিকার এটি। টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর ১ উইকেট। শেষ উইকেট বাকি থাকায় ৩০ মিনিট বাড়ানো হয়েছে প্রথম সেশনের দৈর্ঘ্য।
17 Jun 2023, 12:10 PM
তাসকিনের ৫ উইকেটের অপেক্ষায় নাটকীয়তা
আফগানিস্তানের শেষ উইকেট নিয়ে চলছে নাটকীয়তা। ওভারের তৃতীয় বলে লেংথ ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি জাহির খান। উইকেটরক্ষকের গ্লাভসে বল জমা পড়তেই উল্লাসে মাতে বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট হয়ে গেছে ভেবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তাসকিন আহমেদ। কিন্তু রিভিউ নেন জাহির। রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও বলের মাঝে ছিল দৃশ্যমান ফাঁক! ফলে বেঁচে যান আফগান ব্যাটার।
পরের ডেলিভারিতে ফুল টসে বোল্ড হন জাহির খান। আরও একবার উল্লাস করে বাংলাদেশ। কিন্তু বলটি কোমরের বেশি উচ্চতায় ছিল কি না দেখার জন্য টিভি আম্পায়ারের কাছে পাঠান মাঠের আম্পায়ার।
রিপ্লে দেখে তাসকিনের ওই ডেলিভারিকে 'নো' ডাকেন টিভি আম্পায়ার। ফলে দুইবারই হতাশায় পড়তে হয় বাংলাদেশকে।
17 Jun 2023, 12:19 PM
বাংলাদেশের রেকর্ড গড়া জয়
তাসকিন আহমেদের খাটো লেংথের ডেলিভারি আঘাত করল জাহির খানের বাহুতে। ব্যথায় কাতরাতে কাতরাতে উইকেট থেকে সরে গেলেন আফগান ব্যাটসম্যান। প্রাথমিক শুশ্রূষা নিয়েও আর খেলার অবস্থা ফিরে পেলেন না তিনি।
আহত হয়ে মাঠ ছাড়েন জাহির। আর কোনো উইকেট না থাকায় বাংলাদেশ পায় ৫৪৬ রানের জয়। বাংলাদেশের প্রায় ২৩ বছর ও ১৩৮ টেস্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রানের জয়।
সব মিলিয়ে প্রায় দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে স্রেফ ২টি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানে জেতে ইংল্যান্ড। ছয় বছর পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া।
অর্থাৎ টেস্ট ক্রিকেটে গত ৮৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২
আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ৪২৫/৪ ইনিংস ঘোষণা
আফগানিস্তান ২য় ইনিংস: ১১৫ (আগের দিন ৪৫/২) (রহমত ৩০, শাহিদি ১৩ আহত অবসর, জামাল ৬, জাজাই ৬, বাহির ৭, জানাত ১৮, হামজা ৫, আহমাদজাই ১, মাসুদ ৪*, জাহির ৪ আহত আউট; শরিফুল ১০-১-২৮-৩, তাসকিন ৯-২-৩৭-৪, তাইজুল ৫-১-১৯-০, মিরাজ ২-০-৫-০, ইবাদত ৭-২-২২-১)
ফল: বাংলাদেশ ৫৪৬ রানে জয়ী
17 Jun 2023, 12:27 PM
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং, পেসারদের রেকর্ড
জাহির খান আহত আউট হওয়ায় ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের সুযোগটি পেলেন না তাসকিন আহমেদ। তা না হলেও ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি।
তাসকিনের আগে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন ইবাদত হোসেন চৌধুরি। পুরো ম্যাচে বাংলাদেশের পেসারদের শিকার ১৪ উইকেট। যা এক ম্যাচে বাংলাদেশি পেসারদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে পেসাররা নিয়েছিল ১৩ উইকেট।