01 Sep 2025, 09:09 PM
৯ উইকেটের জয়
আগের ম্যাচের চেয়ে আরও দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। লিটন দাসের দল জিতল টানা তিনটি সিরিজে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১০৪ রানের লক্ষ্য ৪১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে স্বাগতিকরা।
৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
আসল কাজটা করে রেখেছিলেন বোলাররা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে ডাচদের তারা থামিয়েছিলেন কেবল ১০৩ রানে।
ছোট্ট পুঁজি নিয়ে লড়াইও করতে পারেনি নেদারল্যান্ডস। পাওয়ার প্লের শেষ ওভারে পারভেজ হোসেনের বিদায়ের পর বাকিটা সেরেছেন তানজিদ হাসান ও লিটন দাস। দুই জনে ৪৬ বলে গড়েছেন অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটি।
একবার জীবন পেয়ে ৪০ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন তানজিদ। ১৮ বলে দুই চারে ১৮ রান করেছেন লিটন।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ১৭ ওভারে ১০৩ (ও’ডাউড ৮, ভিক্রামজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, জুলফিকার ২, ক্লেইন ৪, প্রিঙ্গল ১৬, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩-০-১৮-২)
বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (পারভেজ ২৩, তানজিদ ৫৪*, লিটন ১৮*; আরিয়ান ৪-০-১৪-০, ক্লেইন ২.১-০-২০-১, ফন মিকেরেন ৩-০-২৮-০, ডোরাম ২-০-১৩-০, ও’ডাউড ২-০-২৬-০)
01 Sep 2025, 08:59 PM
৩৯ বলে তানজিদের পঞ্চাশ
টি-টোয়েন্টিতে টানা আট ম্যাচে পঞ্চাশের দেখা পেলেন বাংলাদেশের টপ অর্ডারের কেউ না কেউ। আগের ম্যাচে পঞ্চাশ ছুঁয়েছিলেন লিটন দাস। এবার ফিফটি করলেন তানজিদ হাসান, ৩৯ বলে।
১৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০০। সিরিজ জিততে আর মাত্র ৪ রান চাই স্বাগতিকদের।
01 Sep 2025, 08:56 PM
তানজিদ-লিটনের জুটিতে পঞ্চাশ
তানজিদ হাসান ও লিটন দাসের জুটিতে ছুটছে বাংলাদেশ। দুই জনে ৩৯ বলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।
১২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৯০। সাবধানী শুরুর পর শট খেলতে শুরু করেছেন তানজিদ। আরেক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক লিটন।
01 Sep 2025, 08:42 PM
জীবন পেলেন তানজিদ
সীমানায় ক্যাচ দিয়েও বেঁচে গেলেন তানজিদ হাসান। ড্যানিয়েল ডোরামের বলে ছক্কার চেষ্টায় লং অনে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু হাতে নিয়েও মুঠোয় রাখতে পারেনি মাক্স ও’ডাউড।
সে সময় ২৮ রানে ছিলেন তানজিদ।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭১। তানজিদ ২৬ বলে ৩০ রানে ব্যাট করছেন। লিটন দাস খেলছেন ১৩ বলে ১১ রানে।
জয়ের জন্য শেষ ১০ ওভারে আর কেবল ৩৩ রান চাই স্বাগতিকদের।
01 Sep 2025, 08:23 PM
টিকলেন না পারভেজ
রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না পারভেজ হোসেন। পাওয়ার প্লের শেষ ওভারে অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় কট বিহাইন্ড হলেন বাঁহাতি এই ওপেনার।
কাইল ক্লেইনের বল ছিল অফ স্টাম্পের অনেক বাইরে। টাইমিংয়ের চেয়ে যেন গায়ের জোরই বেশি কাজে লাগাতে চেয়েছিলেন পারভেজ। তাতে মাঝ ব্যাটে নিতে পারেননি তিনি। কানা ছুয়ে যায় কিপার স্কট এডওয়ার্ডসের গ্লাভসে। ভাঙে ৩৩ বল স্থায়ী ৪০ রানের জুটি।
২১ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করেন পারভেজ।
৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী অধিনায়ক লিটন দাস।
01 Sep 2025, 08:09 PM
রিভিউ নিয়ে বাঁচলেন পারভেজ
পল ফন মিকেরেনের বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন পারভেজ হোসেন। ডাচ পেসারের বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।
এক বল পর আউট হতে পারতেন পারভেজ। সীমানা থেকে অনেকটা এগিয়ে থাকায় বলের নাগাল পাননি ফিল্ডার। উল্টো বাউন্ডারি পেয়ে যান বাঁহাতি ওপেনার।
৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩২। ১৯ বলে ২২ রানে খেলছেন পারভেজ। ৫ বলে তানজিদ হাসানের রান ৫।
01 Sep 2025, 07:40 PM
১০৩ রানে থামল নেদারল্যান্ডস
দশম উইকেটে ২২ রানের জুটিতে নেদারল্যান্ডসের রান তিন অঙ্কে নিয়ে গেলেন আরিয়ান দত্ত। তাকে বোল্ড করে বাংলাদেশকে ১০৪ রানের ছোট লক্ষ্য এনে দিলেন শেখ মেহেদি হাসান।
অফ স্টাম্পের বল গায়ের জোরে মারতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি আরিয়ান, এলোমেলো হয়ে যায় স্টাম্প। ১৫ বল বাকি থাকতেই ১০৩ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
২৪ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রান করেন আরিয়ান।
২১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার নাসুম আহমেদ। দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ১৭ ওভারে ১০৩ (ও’ডাউড ৮, ভিক্রামজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, জুলফিকার ২, ক্লেইন ৪, প্রিঙ্গল ১৬, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩-০-১৮-২)
01 Sep 2025, 07:25 PM
নাসুমের তৃতীয় শিকার ফন মিকেরেন
শুরুতে নেদারল্যান্ডসকে না[ড়িয়ে দেওয়া নাসুম আহমেদ শেষ দিকে আক্রমণে ফিরে নিলেন আরেকটি উইকেট। তার বলে এলবিডব্লিউ হয়ে গেলেন পল ফন মিকেরেন।
বাঁহাতি স্পিনারের দ্রুত গতির ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি ফন মিকেরেন। আম্পায়ার এলিবডব্লিউ দেওয়ার পর তিনি রিভিউ নিয়ে সফল হননি। ইম্প্যাক্ট আম্পায়ার্স কল হওয়ার টিকে থাকে ডাচদের রিভিউ।
৭ বলে মিকেরেন করেন ৩ রান।
১৫ ওভারে নেদারল্যান্ডসের রান ৯ উইকেটে ৮২। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।
01 Sep 2025, 07:19 PM
তাসকিনের শিকার ক্লেইন
আক্রমণে ফিরে আরেকটি সাফল্য পেলেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসার নিলেন কাইল ক্লেইনের উইকেট।
তাসকিনের শর্ট বল লেগে ছক্কার চেষ্টায় সফল হননি ক্লেইন। সীমানা থেকে ১৫-২০ ভেতরে ক্যাচ নেন জাকের আলি। নেদারল্যান্ডস হারায় অষ্টম উইকেট।
১৪ ওভারে ডাচদের রান ৮ উইকেটে ৮১। ক্রিজে আরিয়ান দত্তর সঙ্গী পল ফন মিকেরেন।
01 Sep 2025, 07:04 PM
আক্রমণে ফিরে মুস্তাফিজের আরেকটি উইকেট
নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন সিকান্দার জুলফিকার।
টিম প্রিঙ্গলের জায়গায় একাদশে আসা জুলফিকার তেমন কিছুই করতে পারলেন না। মুস্তাফিজের ডেলিভারির লাইন মিস করে হলেন বোল্ড।
৩ বলে ২ রান করেন জুলফিকার।
১১ ওভারে নেদারল্যান্ডসের রান ৭ উইকেটে ৬৬। ক্রিজে কাইল ক্লেইনের সঙ্গী আরিয়ান দত্ত।
01 Sep 2025, 06:57 PM
ক্রোসের রান আউটে বিপদে নেদারল্যান্ডস
জুটি গড়ে তুলতে পারছে না নেদারল্যান্ডস, উইকেট হারাচ্ছে নিয়মিত। দশম ওভারে রান আউট হয়ে বিদায় নিয়েছেন নোয়াহ ক্রোস। পরের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন শারজি আহমাদ।
তানজিম হাসানের বল মিডউইকেটে পাঠান শারিজ। ডাইভ দিয়ে বল থামিয়ে নন স্ট্রাইকার প্রান্তে ছুঁড়ে দেন সাইফ হাসান। সে সময় একটু দূরে ছিলেন ব্যাটসম্যান ক্রোস।
৩ বলে ২ রান করেন ক্রোস।
পরের বলে পুল করার চেষ্টায় লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন শারিজ। ১৭ বলে তিনি করেন ১২ রান। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
১০ ওভারে নেদারল্যান্ডসের রান ৬ উইকেটে ৬২। ক্রিজে সিকান্দার জুলফিকারের সঙ্গী কাইল ক্লেইন।
01 Sep 2025, 06:47 PM
এডওয়ার্ডসকে টিকতে দিলেন না মুস্তাফিজ
নবম ওভারে আক্রমণে এলেন মুস্তাফিজুর রহমান। এসেই সাফল্য পেলেন ছন্দে থাকা বাঁহাতি এই পেসার।
মুস্তাফিজের অফ কাটার তুলে মেরেছিলেন ডাচ অধিনায়ক। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক্যাচ যায় মিড অনে, পারভেজ হোসেনের হাতে।
১১ বলে একটি চারে ৯ রান করেন এডওয়ার্ডস।
৯ ওভারে নেদারল্যান্ডসের রান ৪ উইকেটে ৬০। ক্রিজে শারিজ আহমাদের সঙ্গী নোয়াহ ক্রোস।
01 Sep 2025, 06:38 PM
ভিক্রামজিৎকে থামালেন তাসকিন
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা ভিক্রামজিৎ সিংকে বেশি দূর যেতে দিলেন না তাসকিন আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে ফিরে তিনি পেতে পারতেন আরও একটি উইকেট।
তাসকিনের স্লোয়ার বুঝতে পারেননি ভিক্রামজিৎ। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে তুলে মারার চেষ্টায় দেন সহজ ক্যাচ। কোনো ভুল করেননি তানজিম হাসান।
১৭ বলে চারটি চারে ২৪ রান করেন ভিক্রামজিৎ।
পরের বলে মিলতে পারও আরেকটি উইকেট। কিন্তু থার্ড ম্যানে পা হড়কে যাওয়ায় শারিজ আহমাদের ক্যাচ নিতে পারেননি তানজিম। এই পেসারের করা পরের ওভারে তাওহিদ হৃদয়ের ব্যর্থতায় রান আউট থেকে বেঁচে যান শারিজ।
৭ ওভারে নেদারল্যান্ডসের রান ৩ উইকেটে ৪৭। ক্রিজে শারিজের সঙ্গী অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
01 Sep 2025, 06:19 PM
নাসুমের জোড়া আঘাত
একাদশে ফেরা নাসুম আহমেদ তৃতীয় ওভারে বল হাতে পেলেন। দ্রুত আক্রমণে আসা অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সাফল্যও পেলেন দ্রুত। পরপর দুই বলে নিলেন মাক্স ও’ডাউড ও আনিল তেজা নিদামানুরুর উইকেট।
প্রথম বলে একটুর জন্য বোল্ড হননি ও’ডাউড। অফ স্টাম্প ঘেঁষে বেরিয়ে যায় বল।
পরের বলে তুলে মারেন ডাচ ওপেনার। টাইমিং করতে পারেননি মিড অনে সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়। ভাঙে ১৪ রানের উদ্বোধনী জুটি।
১০ বলে এক চারে ও’ডাউড করেন ৮ রান।
পরের বলে স্কয়ার কাট করার চেষ্টায় শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন নিদামানুরু। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান এই টপ অর্ডার ব্যাটসম্যান।
৩ ওভারে নেদারল্যান্ডসের রান ২ উইকেটে ১৭। ক্রিজে ভিক্রামজিৎ সিংয়ের সঙ্গী স্কট এডওয়ার্ডস।
01 Sep 2025, 05:42 PM
নেদারল্যান্ডস দলে জুলফিকার
হেরে যাওয়া দল থেকে একটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ড। টিম প্রিঙ্গলের জায়গায় এসেছেন ব্যাটসম্যান সিকান্দার জুলফিকার।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।
01 Sep 2025, 05:39 PM
বাংলাদেশ একাদশে নাসুম-তানজিম
প্রথম ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান। বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ ও পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।
01 Sep 2025, 05:35 PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আবারও টস জিতলেন লিটন দাস, এবারও ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচে বোলিংয়ে শিশিরের প্রভাবের কথা বলেছিলেন তিনি। আগে বোলিং নেওয়ায় এই ম্যাচেও খুব বেশি সমস্যায় হয়তো পরবেন না স্বাগতিক স্পিনাররা।
01 Sep 2025, 05:11 PM
সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ
প্রত্যাশিত বড় জয়ে শুরুর পর সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের জন্য প্রস্তুতির পাশাপাশি আরেকটি বড় জয়ের লক্ষ্য লিটন দাসদের।
সিলেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে বাংলাদেশ।
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের চমৎকার বোলিংয়ে খুব একটা বড় লক্ষ্য পায়নি স্বাগতিকরা। পরে লিটন দাস ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে অনায়াস জয়ই পায় তারা।
এই সিরিজ লিটনদের জন্য এশিয়া কাপের প্রস্তুতির সুযোগ। প্রথম ম্যাচে সেটা ভালোভাবেই করতে পেরেছেন তারা। পরের দুটি ম্যাচে সুযোগ পেতে পারেন দলে থাকা অন্যরাও।