13 Nov 2025, 05:15 PM
ইনিংস ব্যবধানে জয়ের হাতছানিতে দিন শেষ
শুরুতে আগুন ঝরালেন নাহিদ রানা। দুর্দান্ত বোলিং করলেন তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ। মহাবিপাকে পড়ে গেল আয়ারল্যান্ড।
তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ৮৬। ১৪ বলে ৪ রানে ব্যাট করছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৭ বলে ম্যাথু হামফ্রিজের রান শূন্য।
চোটের জন্য তৃতীয় দিন শেষ বেলায় ব্যাটিংয়ে নামেননি আয়ারল্যান্ডের অধিনায়ক ও ওপেনার অ্যান্ডি বালবার্নি।
পল স্টার্লিং পাল্টা আক্রমণে দ্রুত রানের চেষ্টায় ছিলেন। বাকিদের কেউ ক্রিজে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না।
৮ রানে ২ উইকেট নিয়েছেন মুরাদ।
এখনও ২১৫ রানে পিছিয়ে আয়ারল্যান্ড। উইকেটে স্পিনারদের সহায়তা যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠানো সফরকারীদের জন্য ভীষণ কঠিন।
দিনের তিনটি সেশনই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে দ্রুত থিতু ব্যাটসম্যানকে হারালেও বাংলাদেশ করে ১০৯ রান। পরের সেশনে ফেরার আগে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ফিফটি। ৩০১ রানের লিড নিয়ে পরের সেশনে ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।
বাকি সময়ে ২৯ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। টেস্টের চতুর্থ দিন শুক্রবার তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮৭/৮ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯ ওভারে ৮৬/৫ (স্টার্লিং ৪৩, কারমাইকেল ৫, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯, ম্যাকব্রাইন ৪*, হামফ্রিজ ০*; হাসান ৬-২-১৫-০, নাহিদ ৫-০-২৬-১, তাইজুল ১১-১-২৯-১, মিরাজ ৪-২-৬-০, মুরাদ ৩-০-৮-২)
13 Nov 2025, 05:00 PM
রিভিউয়ে সফল বাংলাদেশ
একেবারে শেষ সময়ে এলবিডব্লিউর রিভিউ নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফলই হলেন তিনি। ফিরে গেলেন লর্কান টাকার।
পা বাড়িয়ে অফ স্টাম্পের লাইনের বাইরে থেকে খেলতে চেয়েছিলেন টাকার। পারেননি তিনি। বল স্পিন করে ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে।
বল ট্র্যাকিং অনুযায়ী লেগ স্টাম্পে আঘাত হানত বল। ২০ বলে দুই চারে ৯ রান করে ফিরে যান টাকার।
২৭ ওভারে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ৮৫। ক্রিজে অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গী ম্যাথু হামফ্রিজ।
13 Nov 2025, 04:51 PM
সাদমানের দারুণ ক্যাচে ফিরলেন ক্যাম্ফার
আয়ারল্যান্ডের বিপদ আরও বাড়ালেন হাসান মুরাদ। তার বলে সাদমান ইসলামের দারুণ ফিরলেন কার্টিস ক্যাম্ফার।
অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন ক্যাম্ফার। বল মাটিতে রাখতে পারেননি তিনি। শর্ট এক্সট্রা কাভারে চমৎকার ডাইভে বল মুঠোয় নেন সাদমান।
১৯ বলে ১ চারে ৫ রানে ফেরেন ক্যাম্ফার।
২৫ ওভারে আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ৮৩। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী অ্যান্ডি ম্যাকব্রাইন।
13 Nov 2025, 04:40 PM
তাইজুলের দারুণ ডেলিভারিতে থামলেন টেক্টর
টানা ভালো বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন হ্যারি টেক্টর।
পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন টেক্টর। মিডল স্টাম্পে পিচ করে সোজা যাওয়া ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি তিনি। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ নেন ব্যাটসম্যান।
তাতে কোনো কাজ হয়নি, বল লাগত মিডল স্টাম্পে। ৪৭ বলে এক চারে ১৮ রান করেন টেক্টর।
২২ ওভারে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ৬৮। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী কার্টিস ক্যাম্ফার।
13 Nov 2025, 03:51 PM
রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। প্যাড নয় পল স্টার্লিংয়ের ব্যাটে আগে লেগেছিল বল।
তৃতীয় আম্পায়ার নট আউট দিলে মাঠের আম্পায়ারকে আপত্তি জানান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা।
তবে পরে দেখা যায় বল বেরিয়ে যেত অফ স্টাম্পের বাইরে দিয়ে।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৯। ৪০ বলে ৩৭ রানে খেলছেন স্টার্লিং। ১২ বলে হ্যারি টেক্টরের রান ৫।
13 Nov 2025, 03:17 PM
শুরুর জুটি ভাঙলেন নাহিদ
নাহিদ রানার চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ক্যাড কারমাইকেল। চতুর্থ ওভারে ভাঙল আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি।
অফ স্টাম্পের বাইরে পড়া লেট সুইং সামলাতে পারেননি কারমাইকেল। গতিময় ডেলিভারির লাইনেই যেতে পারেননি তিনি। বল আঘাত হানে অফ-মিডল স্টাম্পে।
৮ বলে এক চারে ৫ রানে ফেরেন অভিষিক্ত কারমাইকেল।
৪ ওভারে আয়ারল্যান্ডের রান ১ উইকেটে ১৯। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী হ্যারি টেক্টর।
13 Nov 2025, 02:58 PM
আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটিতে পরিবর্তন
প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ব্যাটিংয়ে নামেননি। তার জায়গায় পল স্টার্লিংয়ের সঙ্গে ইনিংস শুরু করেছেন ক্যাড কারমাইকেল।
হাসান মাহমুদের প্রথম ওভার থেকে এসেছে ৮ রান। ৫ বলে ৭ রানে ব্যাট করছেন স্টার্লিং। ১ বলে অভিষিক্ত কারমাইকেলের রান ১।
13 Nov 2025, 02:53 PM
৩০১ রানের লিড
অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে চার মারলেন নাহিদ রানা। বাংলাদেশের লিড ছাড়াল তিনশ। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করে ২৮৬ রানে।
বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে নামাতে ৩০১ রান করতে হবে আয়াল্যান্ডের।
দুই চারে ১৩ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ, এক চারে ৪ রানে নাহিদ।
বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজনই করেন অন্তত ৬০ রান। সর্বোচ্চ ১৭১ রান আসে ওপেনার মাহমুদুল হাসানের ব্যাট থেকে। ১০০ রান করেন অধিনায়ক শান্ত।
আয়ারল্যান্ডের হয়ে ১৭০ রানে ৫ উইকেট নেন ম্যাথু হামফ্রিজ।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬
বাংলাদেশ ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৩৩৮/১) ১৪১ ওভারে ৫৮৭/৮ ডিক্লে. (জয় ১৭১, মুমিনুল ৮২, শান্ত ১০০, মুশফিক ২৩, লিটন ৬০, মিরাজ ১৭, মুরাদ ১৬, হাসান ১৩*, নাহিদ ৪*; ম্যাককার্থি ১৭-৩-৭২-২, ইয়াং ১২-০-৫৪-০, ম্যাকব্রাইন ৩৯-৬-১৪১-১, নিল ১১-০-৬০-০, হামফ্রিজ ৪৩-১-১৭০-৫, ক্যাম্ফার ১০-০-৪৫-০, টেক্টর ৯-১-৩১-০)
13 Nov 2025, 02:44 PM
মুরাদকে ফিরিয়ে হামফ্রিজের ৫
বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজের বলে স্লগ সুইপ করে ছক্কার চেষ্টায় সফল হলেন না হাসান মুরাদ। সীমানায় ক্যাজ নিলেন কার্টিস ক্যাম্ফার।
চারটি চারে ২৬ বলে ১৬ রান করলেন হাসান। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন হামফ্রিজ।
১৪০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৫৮২।
13 Nov 2025, 02:17 PM
আরেকটি শতরানের সেশন
তিন উইকেট হারালেও আরেকটি ভালো সেশনে লিড তিনশ রানের কাছাকাছি নিয়ে গেছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ২৭ ওভারে এসেছে ১২৮ রান। প্রথম সেশনে ২৬ ওভারে এসেছিল ১০৯ রান।
চা বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ১৩৮ ওভারে ৭ উইকেটে ৫৭৫। লিড এখন ২৮৯ রান।
টেস্টে এর বেশি রান কেবল দুবার করতে পেরেছে। ২০১৭ সালে ওয়েলিংটনের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের ৬৩৮ এখনও বাংলাদেশের সর্বোচ্চ।
অভিষিক্ত হাসান মুরাদ তিন চারে ২৩ বলে ১২ রানে খেলছেন। হাসান মাহমুদ দুই চারে ১৯ বলে করেছেন ১০ রান।
13 Nov 2025, 02:07 PM
রিভিউয়ে ব্যর্থ আয়ারল্যান্ড
হাসান মুরাদের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো আয়ারল্যান্ড। বাঁহাতি স্পিনারের ডেলিভারি লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত।
সুইপ করতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি মুরাদ। আবেদনের চেয়ে উদযাপনই বেশে করেন হামফ্রিজ। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। তাতে কাজ হয়নি বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল।
আয়ারল্যান্ড হারাল প্রথম রিভিউ।
১৩৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৫৬৬। তিন চারে ২১ বলে ১২ রানে খেলছেন অভিষিক্ত মুরাদ। ৯ বলে হাসান মাহমুদের রান ১।
বাংলাদেশ এখন ২৮০ রানে এগিয়ে।
13 Nov 2025, 01:58 PM
উইকেট ছুঁড়ে এলেন মিরাজ
ঠিক স্বস্তিতে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। বড় শটে চাপ সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। উল্টো ফিরলেন বোলার ম্যাথু হামফ্রিজকে ক্যাচ দিয়ে।
স্পিনাররা বেশ টার্ন পাচ্ছেন, তবুও টার্নের বিপক্ষে স্লগ করে চেয়েছিলেন মিরাজ। টাইমিং হয়নি একবারেই। ফিরতি ক্যাচ যায় হামফ্রিজের হাতে।
৩৩ বলে দুই চারে ১৭ রান করেন মিরাজ। তিনি বাঁহাতি স্পিনার হামফ্রিজের চতুর্থ শিকার।
১৩৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৫৬২। ক্রিজে অভিষিক্ত হাসান মুরাদের সঙ্গী হাসান মাহমুদ।
13 Nov 2025, 01:43 PM
সেঞ্চুরি ছুঁয়ে আউট শান্ত
অ্যান্ডি ম্যাকব্রিনের দ্বিতীয় বলে ডাবলস নিয়ে সেঞ্চুরি স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে তার অষ্টম।
এক বল পর এলবিডব্লিড হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়ে কোনো কাজ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে। ভাঙে ২২ রানের জুটি।
১১৪ বলে ১৪ চারে ১০০ রান করেন শান্ত।
এই উইকেট নিয়ে মার্ক অ্যাডায়ারকে ছাড়িয়ে গেলেন ম্যাকব্রাইন। এতোদিন ২৫ উইকেট নিয়ে যৌথভাবে টেস্টে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট ছিল তাদের। ২৬তম শিকোর এককভাবে চূড়ায় বসলেন ম্যাকব্রাইন।
১২৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৫৪৫। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী অভিষিক্ত হাসান মুরাদ।
13 Nov 2025, 01:26 PM
মিরাজের সফল রিভিউ
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। তাতে টিকে যান এই অলরাউন্ডার।
অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সুইপ করেন মিরাজ। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। প্রলম্বিত জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তাই বেঁচে যান মিরাজ।
১২৫ ওভারে বাংলাদেশের রান ৫২৮। ৯ বলে মিরাজের রান ৪। ১০২ বলে নাজমুল হোসেন শান্তর রান ৯২।
13 Nov 2025, 01:14 PM
টেক্টরের দুর্দান্ত ক্যাচে ফিরলেন লিটন
ছক্কার চেষ্টায় সফল হলেন না লিটন দাস। পেছন দিকে অনেকটা দৌড়ে গিয়ে লং অনের কাছাকাছি গিয়ে দুর্দান্ত ক্যাচ নিলেন হ্যারি টেক্টর।
ম্যাথু হামফ্রিজের বলে ছক্কার চেষ্টায় ছিলেন লিটন। জায়গায় দাঁড়িয়ে ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দেন তিনি। যতটা দূরে পাঠাতে চেয়েছিলেন ততটা পারেননি। বলে চোখ রেখে বাকিটা সারেন টেক্টর। ভাঙে ১০৭ বল স্থায়ী ৯৮ রানের জুটি।
৬৬ বলে আট চার ও এক ছক্কায় লিটন করেন ৬০ রান।
১২৩.১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫২৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
13 Nov 2025, 01:00 PM
৫৩ বলে লিটনের পঞ্চাশ
ক্রিজে যাওয়ার পর সাবলীল ব্যাট করছেন লিটন দাস। তিনি পঞ্চাশ ছুঁয়েছেন ৫৩ বলে।
ব্যারি ম্যাককার্থির আগের ওভারে চমৎকার পুলে ছক্কা হাঁকান লিটন। ম্যাথু হামফ্রিজের পরের ওভারে সিঙ্গেল নিয়ে পৌঁছান ক্যারিয়ারের ১৯তম পঞ্চাশে।
১২০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫১০। ৫৩ বলে সাত চার ও এক ছক্কায় ৫০ রানে খেলছেন লিটন। ৯৪ বলে ১৪ চারে নাজমুল হোসেন শান্তর রান ৮৮।
বাংলাদেশ এখন ২২৪ রানে এগিয়ে।
13 Nov 2025, 12:52 PM
পাঁচশ ছাড়িয়ে বাংলাদেশ
সিলেটে এর আগে কখনও ৩৩৮ রানের বেশি করতে পারেনি, এবার অনায়াসে ছাড়িয়ে গেল পাঁচশ।
ওভার প্রতি প্রায় ছয় করে রান আসছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের জুটি। তাতে দ্রুত বাড়ছে বাংলাদেশের লিড।
স্পিনারদের জন্য উইকেটে বেশ সহায়তা আছে, সেটা কাজে লাগাতে পারছেন না আইরিশ স্পিনাররা। সকালে নতুন বলে যে সুবিধা পেয়েছিলেন সেটাও সেটাও। তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়াই এগোচ্ছেন দুই ব্যাটসম্যান।
১১৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫০১। টেস্টে এ নিয়ে ত্রয়োদশবার কোনো ইনিংসে পাঁচশ বা এর বেশি রান করল বাংলাদেশ।
13 Nov 2025, 12:38 PM
দুইশ ছাড়াল লিড
অনায়াসে খেলছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে দ্রুত আসছে রান। দ্বিতীয় সেশনে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।
১১৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৮৯। লিটনের রান ৪০ বলে ৪১। শান্তর রান ৮২ বলে ৭৭।
বাংলাদেশের লিড এখন ২০৩ রান।
13 Nov 2025, 12:35 PM
৫৫ বলে জুটির পঞ্চাশ
মুশফিকুর রহিমের বিদায়ের পর দ্রুত রান তুলছে বাংলাদেশ। ক্রিজে গিয়ে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে এগোচ্ছেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৫৫ বলে।
ব্যারি ম্যাককার্থির বলে লিটনের বাউন্ডারি জুটির রান যায় পঞ্চাশে। এক বল পর বাউন্ডারির দেখা পান শান্ত।
১১৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৮৩। ৩৮ বলে সাত চারে ৩৯ রানে খেলছেন লিটন। ৭৯ বলে ১২ চারে শান্তর রান ৭৩।
তাদের জুটিতে ৫৮ বলে এসেছে ৫৮ রান।
বাংলাদেশের লিড এখন ১৯৭ রান।
13 Nov 2025, 11:45 AM
৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০৯ রান
দিনের শুরুতেই মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হককে হারালেও তৃতীয় দিনের প্রথম সেশনে লিড আরও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।
মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের রান ৪ উইকেটে ৪৪৭। সিলেটে এটাই তাদের প্রথম চারশ ছাড়ানো রান। আগের সর্বোচ্চ ছিল ৩৩৮, নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে।
১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই হারায় আগের দিন দারুণ দৃঢ়তা দেখানো জয় ও মুমিনুলকে। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জয় ফেরেন ১৭১ রানে।
সেঞ্চুরির আশা জাগিয়ে মুমিনুল থামেন ৮২ রানে।
উইকেট থেকে যথেষ্ট সুবিধা পাচ্ছেন স্পিনাররা। টার্ন ও বাউন্স মিলছে বেশ। তেমনই এক ডেলিভারিতে ২৩ রানে থামেন মুশফিকুর রহিম। ভাঙে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার ৭৯ রানে জুটি।
ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ১০ চারে ৬৯ বলে ৬১ রানে খেলছেন অধিনায়ক শান্ত। ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করেছেন লিটন দাস। ২৪ বলে চারটি চার তার রান ১৯। শান্তর সঙ্গে লিটনের জুটিতে এসেছে ২২ রান।
৩ উইকেট হারিয়ে ১০৯ রান যোগ করেছে বাংলাদেশ। স্বাগতিকরা এখন ১৬১ রানে এগিয়ে।
13 Nov 2025, 11:21 AM
মুশফিকের বিদায়ে ভাঙল জুটি
ক্রিজে অনেকটা সময় কাটালেও ঠিক সাবলীল ছিলেন না মুশফিকুর রহিম। ৯৯তম টেস্টের প্রথম ইনিংসে তিনি ফিরলেন ৫২ বলে তিন চারে ২৩ রান করে।
বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজের বলে লাইনে যেতে পারেননি মুশফিক। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে নিচু ক্যাচ নেন অ্যান্ডি বালবার্নি। ভাঙে ১০৩ বল স্থায়ী ৭৯ রানের জুটি।
১০৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪২৫। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।
13 Nov 2025, 11:09 AM
৫৩ বলে শান্তর পঞ্চাশ
ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দ্রুত রান তুলছেন নাজমুল হোসেন শান্ত। চাপে সময় ক্রিজে গিয়ে ৫৩ বলে পঞ্চাশ ছুঁয়েছেন বাংলাদেশ অধিনায়ক, টেস্ট ক্রিকেটে তার ষষ্ঠ।
কার্টিস ক্যাম্ফারের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন শান্ত। মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের দ্রুত বিদায়ের পর তার পাল্টা আক্রমণেই সরে যায় চাপ।
১০৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪১৩। ৫৫ বলে ৫০ রানে খেলছেন শান্ত। ৪২ বলে মুশফিকুর রহিমের রান ১৯।
13 Nov 2025, 10:57 AM
শান্ত-মুশফিকের জুটিতে পঞ্চাশ
নতুন বলে দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। বর্তমান ও সাবেক অধিনায়কের জুটিতে পঞ্চাশ এসেছে ৭১ বলে।
জুটিতে অগ্রণী শান্ত। জর্ডান নিলের বলে তার বাউন্ডারিতেই আসে জুটির পঞ্চাশ।
১০০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৯৮। শান্ত ৪৮ বলে আাট চারে ব্যাট করছেন ৪৪ রানে। ৩১ বলে মুশফিকের রান ১০। বাংলাদেশ এখন ১১২ রানে এগিয়ে।
13 Nov 2025, 10:44 AM
প্রথম ঘণ্টা জয়-মুমিনুলের বিদায়
তৃতীয় দিন সকালে শুরু হয়নি বাংলাদেশের। আগের দিন দারুণ দৃঢ়তা দেখানো দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক বিদায় নেন সাত সকালেই।
পানি বিরতির সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৮৪। ৩৫ বলে ছয় চারে ৩২ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ৩৮ রানের জুটিতে অভিজ্ঞ মুশফিকুর রহিমের অবদান ২৬ বলে ৯।
প্রথম ঘণ্টায় ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান যোগ করেছে বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন ব্যারি ম্যাককার্থি।
বাংলাদেশ এখন ৯৮ রানে এগিয়ে।
13 Nov 2025, 09:50 AM
মুমিনুলকেও ফেরালেন ম্যাককার্থি
দ্বিতীয় নতুন বলে তৃতীয় দিনের সকালটা দারুণভাবে শুরু হলো আয়ারল্যান্ডের। পরপর দুই ওভারে আগের রাতের দুই অপরাজিত ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন ব্যারি ম্যাককার্থি।
তার অফ স্টাম্পের বাইরে ডেলিভারি ছোবল দেয় মুমিনুল হকের ব্যাটের কানায়। এত ভেতরে ঢুকবে আশাই করেননি বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় স্লিপে ক্যাচ নেন অ্যান্ড বালবার্নি।
১৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮২ রান করেন মুমিনুল।
৮৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৪৮। ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম। নিজের ৯৯তম টেস্ট খেলছেন তিনি।
13 Nov 2025, 09:50 AM
জয়ের বিদায়ে ভাঙল জুটি
দ্বিতীয় নতুন বলে শুরুতেই সাফল্য পেল আয়ারল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে বড় জুটি ভাঙলেন ব্যারি ম্যাককার্থি।
ম্যাককার্থির প্রথম দুই বলে আসে দুটি সিঙ্গেল। তৃতীয় বল ছিল অফ স্টাম্পের বাইরে, পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন জয়। ঠিকঠাক পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লর্কান টাকারের গ্লাভসে। ভাঙে ২৭২ বল স্থায়ী ১৭৩ রানের জুটি।
২৮৬ বলে চার ছক্কা ও ১৪ চারে ১৭১ রান করেন জয়।
৮৭ ওভারে বাংলাদেশে রান ২ উইকেটে ৩৪১। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
13 Nov 2025, 09:39 AM
দ্বিতীয় নতুন বলে শুরু আয়ারল্যান্ডের
৮০ ওভার পার হতেই দ্বিতীয় নতুন বল নেওয়ার সুযোগ ছিল। দ্বিতীয় দিন শেষ বেলায় সেটা নেননি আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। তৃতীয় দিন সকালে নতুন বল নিলেন তিনি।
প্রথম ওভারে করেন ক্রেইগ ইয়াং। প্রথম বলে সিঙ্গেল নেন মাহমুদুল হাসান জয়। পরের পাঁচ বল ডট খেলেন মুমিনুল হক।
৮৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৩৯।
13 Nov 2025, 09:15 AM
বড় লিডের লক্ষ্য বাংলাদেশের
দ্বিতীয় দিন দারুণ কাটে বাংলাদেশের। সকালে ১৪ বলের মধ্যে তুলে নেয় আয়ারল্যান্ডের শেষ ২ উইকেট। সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে দেয় ২৮৬ রানে। এরপর টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় দিন শেষ করে ৫২ রানে এগিয়ে থেকে।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮।
২৮৩ বলে ক্যারিয়ার সেরা ১৬৯ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়। এই ওপেনারের চমৎকার ইনিংস গড়া চার ছক্কা ও ১৪ চারে।
জয়ের সঙ্গে ১৭০ রানের জুটি গড়া মুমিনুল হক খেলছেন ৮০ রানে। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের ১২৪ বলের ইনিংস সাজানো দুই ছক্কা ও পাঁচ চারে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (জয় ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; ম্যাককার্থি ৮-১-৩৪-০, ইয়াং ৭-০-২৭-০, ম্যাকব্রাইন ২৪-৫-৯৩-০, নিল ৮-০-৩৮-০, হামফ্রিজ ২৩-০-৭৮-১, ক্যাম্ফার ৬-০-৩৫-০, টেক্টর ৯-১-৩১-০)