30 Apr 2025, 06:03 PM
রান আউটে শেষ জিম্বাবুয়ের ইনিংস
জিম্বাবুয়ের উইকেট পতনে বাড়ানো হয় দিনের খেলা শেষ হওয়ার সময়। তাতে তিন দিনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের হতাশার দ্বিতীয় ইনিংস শেষ হলো রান আউট দিয়ে। মুমিনুল হকের সরাসরি থ্রোয়ে ফিরে গেলেন ভিনসেন্ট মাসেকেসা।
২১৭ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে জিম্বাবুয়ে করতে পারল কেবল ১১১ রান।
দেশের মাটিতে টানা ৬ টেস্ট হারার পর জয়ের মুখ দেখল বাংলাদেশ। ইনিংস ও ১০৬ রানে চট্টগ্রাম টেস্ট জিতে সমতায় শেষ করল সিরিজ।
সেঞ্চুরির পর ৫ উইকেট নিয়ে এতে সবচেয়ে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। ৯ উইকেট নেওয়া তাইজুল ইসলাম ও সেঞ্চুরি করা ওপেনার সাদমান ইসলামের অবদানও কম নয়।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪৪
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৪৬.২ ওভারে ১১১
30 Apr 2025, 05:50 PM
এনগারাভাকে ফেরালেন তাইজুল
ছক্কার চেষ্টায় ফিরলেন রিচার্ড এনগারাভা। তাইজুল ইসলামের বলে গায়ের জোরে মেরে সীমানা পার করতে পারলেন না তিনি। ধরা পড়লেন ডিপ মিড উইকেটে, হাসান মাহমুদের হাতে।
২০ বলে এক চারে ৫ রান করলেন এনগারাভা। তাকে বিদায় করে ম্যাচে ১০ উইকেটের আশা জাগালেন তাইজুল।
পরের বলে নতুন ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানির বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ব্যাটসম্যান।
৪৩ ওভারে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ১০০। ক্রিজে জিম্বাবুয়ের শেষ জুটি।
30 Apr 2025, 05:45 PM
জীবন পেলেন এনগারাভা
বেন কারানের প্রতিরোধ ভাঙার পর আরেকটি উইকেট পেতে পারতেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তার বলে দ্বিতীয় স্লিপে রিচার্ড এনগারাভার ক্যাচ নিতে পারলেন না সাদমান ইসলাম।
গায়ের জোরে সুইপ করার চেষ্টায় বলের লাইনে ঠিক মতো যেতে পারেননি এনগারাভা। ক্যাচ যায় উইকেটের পেছনে। দেরিতে প্রতিক্রিয়া দেখানো সাদমান কাজে লাগাতে পারলেন না সুযোগ।
৪২ ওভারে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ১০০।
30 Apr 2025, 05:33 PM
স্বপ্নময় দিনে মিরাজের ৫ উইকেট
দুইশ উইকেট ও দুই হাজার রানের ডাবল ছোঁয়ার দিনটি মেহেদী হাসান মিরাজের জন্য হয়ে উঠল স্বপ্নময়। সেঞ্চুরি করে দলকে এনে দিলেন বড় লিড, বল হাতে নিলেন উইকেট। জাগালেন ইনিংস ব্যবধানে জয়ের আশা।
মিরাজের আগে একই টেস্টে কোনো ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরি বাংলাদেশে আর আছে সোহাগ গাজী ও সাকিব আল হাসানের।
মিরাজের পঞ্চম শিকার এক প্রান্ত আগলে রাখে বেন কারান। অফ স্পিনারের স্টাম্পের একই বাইরের বলে খোঁচা মেরে বসেন কারান। শেষ হয় জিম্বাবুয়ে ওপেনারের লড়াই।
১০৩ বলে পাঁচ চারে ৪৬ রান করেন কারান।
৪০ ওভারে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ৯৮। ক্রিজে রিচার্ড এনগারাভার সঙ্গী ভিনসেন্ট মাসেকেসা।
30 Apr 2025, 05:33 PM
মাসাকাদজাকেও ফেরালেন মিরাজ
আগের ওভারে নাঈম হাসানকে ছক্কা মেরে আত্মবিশ্বাস হয়তো বেড়ে গিয়েছিল ওয়েলিংটন মাসাকাদজার। মেহেদী হাসান মিরাজের বলে একই চেষ্টা করতে গেলেন তিনি। এবার ধরা পড়লেন মিড অফে, তাইজুল ইসলামের হাতে।
অফ স্পিনারের মাথার উপর দিয়ে বল পাঠাতে চেয়েছিলেন মাসাকাদজা। স্পিন করা ডেলিভারি সেদিক পাঠাতে পারেননিন। বরং চলে যায় মিড অফে। ভাঙে ৩৭ বল স্থায়ী ২০ রানের জুটি।
২৬ বলে এক ছয়ে ১০ রান করেন মাসাকাদজা।
৩৮ ওভারে ৭ উইকেটে জিম্বাবুয়ের রান ৯৩। ক্রিজে বেন কারানের সঙ্গী রিচার্ড এনগারাভা।
30 Apr 2025, 05:14 PM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
ওয়েলিংটন মাসাকাদজার বিরুদ্ধে রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
মেহেদী হাসান মিরাজের বলে আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্প ছুঁয়ে যেত বল।
আম্পায়ার আউট না দেওয়ায় টিকে যান মাসাকাদজা।
৩৪ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ৭৯। ১ রানে খেলছেন মাসাকাদজা। ৪০ রানে ব্যাট করছেন বেন কারান।
এখনও ১৩৮ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।
30 Apr 2025, 05:07 PM
সফল রিভিউয়ের পরই আউট সিগা
মেহেদী হাসান মিরাজের আগের বলে আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন টাফাডজোয়া সিগা। পরের বলেই ফিরে গেলেন তিনি।
অফ স্পিনারের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলাম সিগা। প্যাডে লেগে যায় শর্ট লেগ ফিল্ডারের হাতে। আম্পায়ার আউট দিলে বেঁচে যান জিম্বাবুয়ের কিপার-ব্যাটসম্যান।
পরের বলে একইভাবে খেলেন সিগা। এবারে ব্যাটের কানা ছুঁয়ে যায় এনামুল হকের হাতে।
জিম্বাবুয়ের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে ফিরলেন সিগা। মিরাজ পেলেন ইনিংসে নিজের তৃতীয় উইকেট।
৩২ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ৭৩। ক্রিজে বেন কারানের সঙ্গী ওয়েলিংটন মাসাকাদজা।
30 Apr 2025, 04:56 PM
মাধেভেরেকে টিকতে দিলেন না মিরাজ
ক্রেইগ আভাইনের পর ওয়েসলি মাধেভেরেকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মাধেভেরে। বল পায়ে লাগতেই আবেদনের চেয়ে বেশি উদযাপন শুরু করেন বোলার। পরে আবেদন করলে সাড়া দেন আম্পায়ার।
বেন কারানের সঙ্গে কথা বলে রিভিউ নেন মাধেভেরে। কোনো কাজ হয়নি। বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে। উইকেটের সঙ্গে একটি রিভিউ হারায় জিম্বাবুয়ে।
৫ বল খেলে কোনো রান করতে পারেননি মাধেভেরে।
৩০ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ৬৯। ক্রিজে বেন কারানের সঙ্গী টাফাডজোয়া সিগা।
30 Apr 2025, 04:54 PM
আরভাইনকে ফেরালেন মিরাজ
জীবন পেয়ে টিকতে পারলেন না ক্রেইগ আরভাইন। মেহেদী হাসান মিরাজের বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন জিম্বাবুয়ে অধিনায়ক। ১৬ রানে বেঁচে যাওয়ার পর আর মাত্র ৯ রান করেন তিনি।
২৯.১ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৬৯ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে। ৮৪ বলে ৩১ রানে অপরাজিত বেন কারান।
30 Apr 2025, 04:16 PM
আরভাইনের ক্যাচ ছাড়লেন শান্ত
জমে যাওয়া জুটি ভাঙার সুযোগ হাতছাড়া করলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ছেড়ে দিলেন ক্রেইগ আরভাইনের ক্যাচ।
মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আরভাইন। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় প্রথম স্লিপে। সেখানে সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত।
সে সময় ১৬ রানে ছিলেন আরভাইন।
২০ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ৫১।
30 Apr 2025, 03:45 PM
এসেই নাঈমের উইকেট
দুই বাঁহাতি ব্যাটসম্যানকে ক্রিজে দেখেই তাইজুল ইসলামের জায়গায় নাঈম হাসানকে আক্রমণে আনলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই উইকেট নিয়ে আস্থার প্রতিদান দিলেন তরুণ অফ স্পিনার।
অফ স্টাম্পের একটু বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করেন শন উইলিয়ামস। ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে যাওয়া ক্যাচ মুঠোয় নেন সাদমান ইসলাম।
১৭ বলে ৭ রান করে ফেরেন উইলিয়ামস।
১১ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ২২। ক্রিজে বেন কারানের সঙ্গী ক্রেইগ আরভাইন।
30 Apr 2025, 03:06 PM
ওয়েলচকেও ফেরালেন তাইজুল
প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিংয়ে ফিফটি করা নিক ওয়েলচকে এবার টিকতে দিলেন না তাইজুল ইসলাম। দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে ফিরলেন ওয়েলচ।
তাইজুলের অফ স্টাম্প লাইনে সোজা যাওয়া ডেলিভারি না খেলে ছেড়ে দেন ওয়েলচ। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত।
রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে লাগত বল। ফলে বদলে যায় কুমার ধার্মাসেনার সিদ্ধান্ত। খালি হাতে ফেরেন ওয়েলচ।
৭ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান শন উইলিয়ামস। ২৩ বলে ২ রানে অপরাজিত বেন কারান।
30 Apr 2025, 03:05 PM
শুরুতেই তাইজুলের আঘাত
আগের ওভারে মেহেদী হাসান মিরাজ ভীষণ ভোগালেন ব্যাটসম্যানদের। পরের ওভারে উইকেট পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়লেন ব্রায়ান বেনেট।
পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বেনেট। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় সাদমান ইসলামের হাতে। ৮ রানে ভাঙে জিম্বাবুয়ের শুরুর জুটি।
১৬ বলে এক চারে ৬ রান করেন বেনেট।
৬.১ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৮। ক্রিজে বেন কারানের সঙ্গী নিক ওয়েলচ।
30 Apr 2025, 02:28 PM
অভিষেকে মাসেকেসার ৫ উইকেট
অনেকটা বেরিয়ে এসে ছক্কার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ার সেরা ১০৪ রানের ইনিংস খেলে স্টাম্পড হয়ে গেলেন এই অলরাউন্ডার। গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।
১২৯.২ ওভারের ৪৪৪ রানে থামল বাংলাদেশ। সাদমান ইসলাম ও মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে পেল ২১৭ রানের লিড।
১৬২ বলে এক ছক্কা ও ১১ চারে ১০৪ রান করেন মিরাজ। ১৬ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।
অভিষেকে ৫ উইকেট পেলেন ভিনসেন্ট মাসেকেসা। ৩১.২ ওভারে ২৮ বছর বয়সী লেগ স্পিনার দিলেন ১১৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭
বাংলাদেশ ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ২৯১/৭) ১২৯.২ ওভারে ৪৪৪ (মিরাজ ১১০৪, নাঈম ৩, তাইজুল ২০, তানজিম ৪১, হাসান ০*; এনগারাভা ১৪-২-৫৭-০, মুজারাবানি ২৬-৫-৮৩-১, মাসাকাদজা ৩৪-৫-৯০-১, মাসেকেসা ৩১.২-০-১১৫-৫, মাধেভেরে ১৫-০-৩৫-১, বেনেট ৯-১-৪৯-১)
30 Apr 2025, 02:08 PM
চার বছর পর মিরাজের সেঞ্চুরি
তানজিম হাসান বিদায় নেওয়ার সময় সেঞ্চুরি থেকে ২ রান দূরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। একাদশ ব্যাটসম্যান হাসান মাহমুদ আস্থার সঙ্গে ডিফেন্স করে টিকে থাকলেন এক প্রান্তে। আরেক প্রান্ত দুটি সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করলেন মিরাজ, ১৪৩ বলে।
টেস্টে ক্রিকেটে এটি অফ স্পিনিং অলরাউন্ডারের দ্বিতীয় সেঞ্চুরি, ২০২১ সালের পর প্রথম। সেবার চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেছিলেন ১০৩ রানের ইনিংস।
গত বছর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে থেমেছিলেন মিরাজ। এবার তিনি পেলেন সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া।
১২৬ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪৪১। স্বাগতিকদের লিড ২১৪ রান।
১৪৫ বলে ১১ চার ও এক ছক্কায় ১০১ রানে খেলছেন মিরাজ। ১৩ বলে শূন্য রানে ব্যাট করছেন হাসান।
30 Apr 2025, 02:01 PM
রিভার্স সুইপের চেষ্টায় ফিরলেন তানজিম
বোলিংয়ে পরিবর্তন এনে সাফল্য পেল জিম্বাবুয়ে। রিভার্স সুইপের চেষ্টায় শর্ট লেগ ফিল্ডারকে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিম হাসান।
ওয়েসলি মাধেভেরে অফ স্টাম্পের বাইরে ডেলিভারিতে রিভার্স সুইপ করেন তানজিম। গ্লাভস ছুঁয়ে সহজতম ক্যাচ যায় নিক ওয়েলচের কাছে। ভাঙে ১৫৬ বল স্থায়ী ৯৬ রানের জুটি।
৮০ বলে দুই চার ও এক ছক্কায় ৪১ রান করেন অভিষিক্ত তানজিম।
১২৩ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪৩৮। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হাসান মাহমুদ।
30 Apr 2025, 01:57 PM
দুইশ ছাড়াল লিড
মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসানের জুটিতে দুইশ ছাড়াল বাংলাদেশের লিড।
১২২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪৩৭। ৯৭ রানে ব্যাট করছেন মিরাজ। তানজিম ব্যাট করছেন ৪১ রানে।
বাংলাদেশ এখন ২১০. রানে এগিয়ে।
30 Apr 2025, 01:37 PM
রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়া মাত্র রিভিউয়ের ইশারা দিলেন মেহেদী হাসান মিরাজ। পরে রিপ্লেতে দেখা গেলে তার ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল। তাই সিদ্ধান্ত পাল্টাতে হলো আম্পায়ারের।
সে সময় ৮০ রানে ছিলেন মিরাজ।
পাঁচ উইকেটের জন্য অপেক্ষা বাড়ল লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসার। ওভারের শেষ বলে তানজিম হাসানের ব্যাটে বাউন্ডারি হজম করলেন তিনি। এতে চলে এলেন রান দেওয়ার সেঞ্চুরির দুয়ারে।
২৯ ওভারে ৪ উইকেট পেতে ৯৯ রান খরচ করেছেন মাসেকেসা।
১১৮ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪১৫।
30 Apr 2025, 01:30 PM
তানজিদের হেলমেটে মুজারাবানির বাউন্সার
প্রত্যাশার চেয়ে অনেক উঠল বল। আগেভাগে চোখ সরিয়ে না নিলে অনায়াসে এড়িয়ে যেতে পারতেন তানজিম হাসান। কিন্তু সেটা না করায় বল লাগল হেলমেটে।
নিয়ম অনুযায়ী ফিজিও এসে পরীক্ষা করলেন। হেলমেট বদল করলেন ব্যাটসম্যান। ফের ব্যাটিং শুরু করলেন তানজিদ।
১১৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪১০। তানজিদ ৩১ রানে ব্যাট করছেন। মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ৮০ রানে।
30 Apr 2025, 01:12 PM
১৫ মিনিট দেরিতে শুরু খেলা
বৃষ্টির কারণে দ্বিতীয় সেশন থেকেও হারিয়ে গেল ১৫ মিনিট। মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১২টা ৫৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু গুঁড়িগুঁড়ি বৃষ্টি চলতে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
নতুন করে ১টা ১০ মিনিটে শুরু দ্বিতীয় সেশনের খেলা। এরই মধ্যে সরে গেছে মেঘ। সকালের মতো ঝলমলে রোদের দেখা মিলেছে সাগরিকায়।
30 Apr 2025, 12:26 PM
বাংলাদেশের দারুণ সেশন
২৭ ওভার, ১১৩ রান, ১ উইকেট। পরিসংখ্যান যা বলছে সেটাই ঠিক, তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের।
আর এই সেশনে চট্টগ্রাম টেস্টে পুরোপুরি চালকের আসনে বসে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ১১৪ ওভারে ৮ উইকেটে ৪০৪। ১০৯ বলে ১০ চারে ৭৬ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গী তানজিম হাসান খেলছেন ৫৭ বলে এক ছক্কায় ২৯ রানে।
১০৩ বলে নবম উইকেট জুটির রান ৬২। বাংলাদেশের লিড এখন ১৭৭ রান।
এদিন আউট হয়েছেন কেবল তাইজুল ইসলাম। এর আগে মিরাজের সঙ্গে তিনি গড়েছেন ৬৩ রানের জুটি।
প্রথম ঘণ্টায় বৃষ্টির জন্য ১৭ মিনিট বন্ধ ছিল খেলা। তাই লাঞ্চ পিছিয়ে দেওয়া হয় ১৫ মিনিট। বৃষ্টি ফিরে আসায় এর মিনিট তিনেক আগেই সেশনের সমাপ্তি টানেন আম্পায়াররা।
জিম্বাবুয়ের বোলাররা এদিন খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেননি ব্যাটসম্যানদের। মোটামুটি সহজেই খেলছেন মিরাজ ও তানজিম।
দিনের শুরুতে দ্বিতীয় নতুন বল বেশ নতুন ছিল। সে সময়ে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি ব্লেসিং মুজারাবানি। আগের দিন ৩ উইকেট নেওয়া ভিনসেন্ট মাসেকেসা পেয়েছেন তাইজুলের উইকেট। লেগ স্পিনারের বলে সহজেই রান করছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
30 Apr 2025, 12:13 PM
বাংলাদেশের চারশ
একটা সময় যা মনে হচ্ছিল অনেক দূরের, তা ধরা দিল মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসানের ব্যাটে। বাংলাদেশের স্পর্শ করল চারশ রানের সীমানা।
দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ব্যাটিংয়ের সময় অবশ্য চারশ রানকে খুব দূরের পথ মনে হচ্ছিল না। কিন্তু শেষ বেলায় ২০ রানে ৪ উইকেট হারানোর পর সেই রান ভীষণ কঠিনই মনে হচ্ছিল।
তাইজুল ইসলাম ও তানজিম হাসানের সঙ্গে দুটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে চারশ রানে নিয়ে গেলেন মিরাজ। সেঞ্চুরিতে চোখ রাখা অলরাউন্ডারের হাত ধরে দুইশ রানের লিডের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ।
ঘরের মাঠে প্রায় দুই বছর ও ১৫ ইনিংস পর চারশ করতে পারল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ সালের মিরপুর টেস্টে ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল তারা। পরে ম্যাচটি জেতে ৫৪৬ রানে।
১১৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪০০। ১০৫ বলে ৭৩ রানে ব্যাট করছেন মিরাজ। তানজিম ৫৫ বলে খেলছেন ২৮ রানে।
বাংলাদেশের লিড এখন ১৭৩ রান।
30 Apr 2025, 12:05 PM
মিরাজ-তানজিমের জুটিতে পঞ্চাশ
অভিষিক্তি তানজিম হাসানের সঙ্গে দলকে এগিয়ে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নবম উইকেটে দুই জনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৭৯ বলে।
তাইজুল ইসলামের বিদায়ের পর ক্রিজে আসা তানজিম খেলছেন আস্থার সঙ্গে। এক-দুই নিয়ে খেলছেন তিনি। সঙ্গে মেরেছেন একটি ছক্কা।
নিজের মতো করে খেলে যাচ্ছেন মিরাজ। বাজে বল পেলেই মারছেন বাউন্ডারি।
১১০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৯২। ৯৬ বলে নয় চারে ৬৬ রানে খেলছেন মিরাজ। ৪৬ বলে এক ছক্কায় তানজিমের রান ২৭।
30 Apr 2025, 11:27 AM
প্রথম ঘণ্টায় ১ উইকেটে ৬২
তৃতীয় দিনের প্রথম সেশনে নিজেদের লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে সাদমান ইসলাম বলেছিলেন, একশর বেশি লিড নিতে চান তারা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের জুটিতে একশ ছাড়িয়েছে লিড।
তাইজুল অবশ্য ফিরে গেছেন। ভিনসেন্ট মাসেকেসার চতুর্থ শিকার হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ৪৫ বলে করেছেন ২০ রান। মিরাজের সঙ্গে তার জুটিতে এসেছে ৬৩ রান।
প্রথম ঘণ্টার পানি বিরতি পর্যন্ত ১০০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৩ রান। লিড এখন ১২৬ রানের। মিরাজ ৭০ বলে ৫০ ও তানজিম হাসান ১২ বলে ৪ রানে অপরাজিত।
30 Apr 2025, 11:22 AM
৭০ বলে মিরাজের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন মেহেদী হাসান মিরাজ। তবে সব সময় যে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের তিনি আড়াল দিচ্ছেন এমন নয়। পঞ্চাশ ছোঁয়ার সময় যেমন করলেন। ভিনসেন্ট মাসেকেসার প্রথম বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের দশম পঞ্চাশ পূরণ করলেন মিরাজ।
প্রথম বলে সিঙ্গেল তিনি ইনিংস জুড়েই নিচ্ছেন। লোয়ার অর্ডার ব্যাটসস্যানদের দিচ্ছেন ওভারের বাকি বলগুলো খেলার চ্যালেঞ্জ।
৭০ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন মিরাজ, ৭ চারে।
১০০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৫৩। মিরাজ ৫০ ও অভিষিক্ত তানজিম হাসান ৪ রানে ব্যাট করছেন।
30 Apr 2025, 11:08 AM
মাসেকেসার চতুর্থ শিকার তাইজুল
বেঁচে গিয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না তাইজুল ইসলাম। ভিনসেন্ট মাসেকেসার পরের ওভারেই ড্রেসিং রুমে ফিরে গেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
ঝুলিয়ে করা ডেলিভারিতে ড্রাইভ খেলার চেষ্টায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তাইজুল। বল ধরে দ্রুত বেলস ফেলে দেন টাফাডজোয়া সিগা। ৪৫ বলে ২০ রান করে আউট হন তাইজুল। তার বিদায়ে ভাঙে ৬৩ রানের জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত তানজিম হাসান। ৬৩ বলে ৪৩ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।
৯৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৪২ রান। লিড এখন ১১৫ রানের।
30 Apr 2025, 11:08 AM
মিরাজের দুই হাজার রান
সিলেটে প্রথম টেস্টে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই অলরাউন্ডার।
১ হাজার ৯৬৪ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মিরাজ। ধস ঠেকিয়ে এক প্রান্ত আগলে রেখে দলকে শতরানের লিড এনে দিতে তিনি স্পর্শ করেন দুই হাজার রানের সীমানা।
৯৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৩৭। মিরাজ ৩৮ রানে ব্যাট করছেন। তাইজুল ইসলাম খেলছেন ২০ রানে।
30 Apr 2025, 10:55 AM
জুটির পঞ্চাশ, লিড ছাড়াল একশ
মেঘাচ্ছন্ন কন্ডিশনে সকালের সেশনের চ্যালেঞ্জ ভালোভাবেই পার করছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দারুণ ব্যাটিংয়ে এরই মধ্যে পঞ্চাশ রানের জুটি গড়েছেন দুই ব্যাটসম্যান, মাত্র ৬৮ বলে।
ভিনসেন্ট মাসেকেসার ঝুলিয়ে দেওয়া ডেলিভারি বেশ দূর থেকে ড্রাইভের চেষ্টা করেন তাইজুল। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। উইকেটরক্ষকও বল ধরতে পারেননি। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে ছুঁয়ে গিয়েছিল বল। ১৪ রানে বেঁচে যান তাইজুল।
টেস্টে ২২ বার জুটি বেধে এবারই প্রথম পঞ্চাশ রান যোগ করলেন মিরাজ ও তাইজুল। দুজনের জুটিতে এরই মধ্যে একশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।
৯৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৩১ রান। লিড এখন ১০২ রানের।
মিরাজ ৫৮ বলে ৩৭ ও তাইজুল ৩৯ বলে ১৫ রানে অপরাজিত।
30 Apr 2025, 10:41 AM
নষ্ট হলো ১৭ মিনিট
বৃষ্টির বাগড়ায় ১৭ মিনিট বন্ধ থাকার পর শুরু হলো খেলা। অসমাপ্ত ওভার শেষ করলেন ব্লেসিং মুজারাবানি।
30 Apr 2025, 10:19 AM
বৃষ্টিতে খেলা বন্ধ
ব্লেসিং মুজারাবানির ওভারে তাইজুল ইসলামের বাউন্ডারিতে তিনশ রানে পৌঁছে গেল বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির বাগড়ায়।
৮৯.৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৩। স্বাগতিকদের লিড এখন ৭৬।
৪৪ বলে দুই চারে ২১ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে দুই চারে তাইজুলের রান ১১।
৪১ বলে জুটির রান ২৪।
30 Apr 2025, 10:15 AM
বেঁচে গেলেন মিরাজ
দিনের দ্বিতীয় ওভারেই ফিরে যেতে পারতেন মেহেদী হাসান মিরাজ। বেঁচে গেলেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগার ব্যর্থতায়।
ভিনস্টেন মাসেকেসার বল কাভারে খেলতে চেয়েছিলেন মিরাজ। গ্লাভসে লেগে ক্যাচ যায় সিগার কাছে। কিন্তু গ্লাভসে নিতেই পারেননি তিনি, বল লাগে তার কনুইয়ে।
সে সময় ১৭ রানে ছিলেন মিরাজ।
৮৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৯৮।
30 Apr 2025, 09:48 AM
ম্যাচে নিয়ন্ত্রণ পাওয়ার আশায় জিম্বাবুয়ে
দ্বিতীয় দিনের শেষ বেলার উইকেট আশা দেখাচ্ছে জিম্বাবুয়েকে। বাংলাদেশ ম্যাচে এগিয়ে থাকলেও জিম্বাবুয়ে প্রবলভাবে লড়াইয়ে ফিরবে বলেই আশা লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসার।
"বাংলাদেশ খুব ভালো খেলছে, কোনো সংশয় নেই। তবে আমরা ভালোভাবেই এখনও ম্যাচে আছি। ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল আমরা প্রবল লড়াই করব।”
30 Apr 2025, 09:46 AM
মেঘে ঢাকা আকাশ
সকালে ছিল ঝলমলে রোদ। সকাল ৯টার পর হুট করেই কালো মেঘে ছেয়ে গেছে সাগরিকার আকাশ। যথাসময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা অবশ্য নেই। তবে যে কোনো সময় নামতে পারে বৃষ্টি।
30 Apr 2025, 09:41 AM
শতরানের লিডের আশা
মেহেদী হাসান মিরাজ উইকেটে আছেন বলেই এখনও আশায় আছে বাংলাদেশ। লিড শতরান পর্যন্ত বাড়িয়ে নিতে তার দিকেই স্বাগতিকরা।
৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ।৩৭ বলে দুই চারে ১৬ রানে ব্যাট করছেন মিরাজ। ১১ বলে এক চারে ৫ রানে খেলছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ এখন এগিয়ে ৬৪ রানে। ব্যাটিং বাকি অভিষিক্ত তানজিম হাসান ও হাসান মাহমুদের।
সাদমান ইসলামের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটচ ২৫৯। এরপর মাত্র ২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে স্বাগতিকরা।
লম্বা সময় ব্যাট করে বড় লিড নিয়ে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল সিরিজে পিছিয়ে থাকা দলটি। কিন্তু শেষ বেলার ধসে সেই পথ অনেকটাই বন্ধ। তবুও মিরাজ-তাইজুলের ব্যাটে অন্তত একশ রানের লিডের দিকে তাকিয়ে তারা।
দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুন। তৃতীয় সকালে তাই বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে স্বাগতিকদের সামনে।
30 Apr 2025, 09:41 AM
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৯১/৭ (সাদমান ১২০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, শান্ত ২৩, মুশফিক ৪০, জাকের ৫, মিরাজ ১৬*, নাঈম ৩, তাইজুল ৫*; এনগারাভা ১১-২-৪১-০, মুজারাবানি ১৬-৪-৪৪-১, মাসাকাদজা ২৯-৫-৭৭-১, মাসেকেসা ১৪-১-৩৯-৩, মাধেভেরে ৮-০-২৯-০, বেনেট ৯-১-৪৯-১)