- ২০০ রানে হারে হোয়াইটওয়াশড বাংলাদেশ
- রিশাদকে ফিরিয়ে সামির ৪
- টিকলেন না তানভির
- আরেকটি ওভার, রাশিদের আরেকটি উইকেট
- দুই বলে ফিরলেন মিরাজ-শামীম
- রাশিদের গুগলিতে পরাস্ত সাইফ
- জীবন পেলেন সাইফ
- রাশিদের গুগলিতে বোল্ড হৃদয়
- টিকলেন না শান্ত
- নাঈমের বিদায়ে ভাঙল শুরুর জুটি
- বাংলাদেশের সাবধানী শুরু
- ছক্কায় নাবির পঞ্চাশ
- ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়লেন নাহিদ
- হাসানের জোড়া আঘাত
- খারোটের সহজ ক্যাচ ছাড়লেন রিশাদ
- রাশিদকে দ্রুত থামালেন মিরাজ
- তানভিরের দারুণ ডেলিভারিতে বোল্ড ওমারজাই
- আম্পায়ার্স কলে বাঁচলেন নাবি
- ইকরামকে ফিরিয়ে সাইফের তিন
- ফের ৯৫ রানে থামলেন ইব্রাহিম
- শাহিদিকেও ফেরালেন সাইফ
- সেদিকউল্লাহকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাইফ
- ইব্রাহিম-সেদিকউল্লাহর জুটিতে পঞ্চাশ
- জীবন পেয়ে ইব্রাহিমের পঞ্চাশ
- শুরুর জুটি ভাঙলেন তানভির
- পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ
- ইব্রাহিম-গুরবাজের জুটিতে পঞ্চাশ
- ইব্রাহিমের ক্যাচ ছাড়লেন নাঈম
- আফগানিস্তান একাদশে ২ বদল
- বাংলাদেশের একাদশে ৪ পরিবর্তন
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- শেষটা ভালো করার আশায় বাংলাদেশ
15 Oct 2025, 12:30 AM
২০০ রানে হারে হোয়াইটওয়াশড বাংলাদেশ
হাসান মাহমুদকে ফিরিয়ে বাংলাদেশকে ৯৩ রানে গুটিয়ে দিলেন বিলাল সামি। ক্যারিয়ারে প্রথমবার এই পেসার পেলেন ৫ উইকেট।
২৭.১ ওভারে ৯৩ রানে গুটিয়ে গিয়ে ২০০ রানে হারল বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে এই প্রথম ২০০ রানে হারল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে দলটির বিপক্ষে প্রথমবার হলো হোয়াইটওয়াশড।
২৩ বলে এক চারে ৯ রান করে ফেরেন হাসান। সাইফ হাসান ছাড়া বাংলাদেশের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৯৩/৯ (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকউল্লাহ ২৯, শাহিদি ২, ইকরাম ২, ওমারজাই ২০, নাবি ৬২*, রাশিদ ৮, খারোটে ১০, গাজানফার ০, সামি ০*; নাহিদ ৮.২-০-৫৬-০, হাসান ৬-০-৫৭-২, তানভির ১০-০-৪৬-২, মিরাজ ৯.৪-০-৬৭-১, রিশাদ ১০-০-৪৩-০, শামীম ২-০-১২-০, সাইফ ৪-১-৬-৩)
বাংলাদেশ: ২৭.১ ওভারে ৯৩ (সাইফ ৪৩, নাঈম ৭, শান্ত ৩, হৃদয় ৭, মিরাজ ৬, শামীম ০, সোহান ২, রিশাদ ৫, তানভির ৫, হাসান ৯, নাহিদ ২*; ওমারজাই ৬-০-২০-১, গাজানফার ৭-০-২৫-০, সামি ৭.১-০-৩৩-৫, খারোটে ১-০-৩-০, রাশিদ ৬-১-১২-৩)
15 Oct 2025, 12:16 AM
রিশাদকে ফিরিয়ে সামির ৪
আরও একটি উইকেট পেলেন বিলাল সামি। রিশাদ হোসেনকে ফিরিয়ে দুইশ রানে জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন তিনি।
স্লোয়ার বুঝতে পারেননি রিশাদ। পুলে টাইমিং করতে না পেরে ধরা পড়েন রাহমানউল্লাহ গুরবাজের হাতে।
৭ বলে ৪ রান করেন রিশাদ।
২৪ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৮৮। ত্রিজে বাংলাদেশের শেষ জুটি।
15 Oct 2025, 12:07 AM
টিকলেন না তানভির
আরও একটি উইকেট পেলেন বিলাল সামি। তানভির ইসলামের চমৎকার ফিরতি ক্যাচ নিলেন তিনি।
আগের বলে বাউন্ডারি মারেন তানভির। পরের বলে খেলেন স্ট্রেট ড্রাইভ। সেটা যায় সোজা পেসার সামির হাতে।
৩ বলে এক চারে তানভির করেন ৫ রান।
২২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৮২। ক্রিজে রিশাদ হোসেনের সঙ্গী হাসান মাহমুদ।
15 Oct 2025, 12:03 AM
আরেকটি ওভার, রাশিদের আরেকটি উইকেট
প্রতি ওভারে উইকেট নেওয়ার ধারা ধরে রাখলেন রাশিদ খান। তার আরেকটি গুগলিতে পরাস্ত হলেন বাংলাদেশের আরেকজন ব্যাটসম্যান।
পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় ব্যাট ছোঁয়াতে পারেননি নুরুল হাসান সোহান। আম্পায়ারর জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ নেন ব্যাটসম্যান।
উইকেট লেগ স্টাম্প ছুঁয়ে যেত। তাই পাল্টায়নি আম্পায়ারের সিদ্ধান্ত।
৬ বলে ২ রান করেন সোহান।
২১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৭৭। ক্রিজে রিশাদ হোসেনের সঙ্গী তানভির ইসলাম।
14 Oct 2025, 11:55 PM
দুই বলে ফিরলেন মিরাজ-শামীম
দুই ওভার মিলিয়ে চার বলের মধ্যে তিন উইকেট হারাল বাংলাদেশ। বিলাল সামির ওভারে দুই বলের মধ্যে বিদায় নিলেন দুই ব্যাটসম্যান।
অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দিয়ে কট বিহাইন্ড হলেন মেহেদী হাসান মিরাজ। ৯ বলে বাংলাদেশ অধিনায়ক করলেন ৬ রান।
পরের বলে আয়েসীভাবে ফিরতে গিয়ে নানগেয়ালিয়া খারোটের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন শামীম হোসেন। ১ বলে বাঁহাতি এই ব্যাটসম্যান ফিরলেন শূন্য রানে।
২০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৪। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী রিশাদ হোসেন।
14 Oct 2025, 11:52 PM
রাশিদের গুগলিতে পরাস্ত সাইফ
আগের ওভারে জীবন পেয়েও তেমন কিছু করতে পারলেন না সাইফ হাসান। রাশিদ খানের গুগলিতে বোল্ড হয়ে গেলেন এই ওপেনার।
পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন সাইফ। কিন্তু গুগলি বুঝতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে।
৫৪ বলে তিন ছক্কা ও দুই চারে ৪৩ রান করেন সাইফ।
১৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭০।
14 Oct 2025, 11:47 PM
জীবন পেলেন সাইফ
আরেকটি উইকেট পেতে পারতেন বিলাল সামি। কিন্তু তার বলে সাইফ হাসানের ক্যাচ নিতে পারলেন না বদলি ফিল্ডার দারভিশ রাসুলি।
সামির বলে থার্ড ম্যানে ক্যাচ দেন সাইফ। ছুটে এসে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি রাসুলি।
১৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৮।
14 Oct 2025, 11:38 PM
রাশিদের গুগলিতে বোল্ড হৃদয়
বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট নিলেন রাশিদ খান। তার গুগলিতে বোল্ড হয়ে গেলেন তাওহিদ হৃদয়।
ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন হৃদয়। কিন্তু বলের লাইনেই যেতে পারেননি তিনি। আঘাত হানে স্টাম্পে। ১২ বলে ৭ রান করেন হৃদয়।
আউট হওয়া প্রথম তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে যেতে পারলেন না।
১৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৩। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
14 Oct 2025, 11:22 PM
টিকলেন না শান্ত
মোহাম্মদ নাঈম শেখের মতো নাজমুল হোসেন শান্তও দুই অঙ্ক ছুঁতে পারলেন না।
অনেকটা সময় ক্রিজে থাকলেও ঠিক সাবলীল ছিলেন না শান্ত। বিলাল সামির অফ স্টাম্পের বাইরের বলে কাট করার চেষ্টায় বোল্ড হলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
১৬ বল খেলে ৩ রান করেন শান্ত।
১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৮। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
14 Oct 2025, 11:00 PM
নাঈমের বিদায়ে ভাঙল শুরুর জুটি
অনেকটা সময় ক্রিজে থাকলেও তেমন কিছু করতে পারছিলেন না মোহাম্মদ নাঈম শেখ। বড় শটে চাপ সরিয়ে দেওয়ার চেষ্টায় বাঁহাতি এই ওপেনার ফিরলেন ক্যাচ দিয়ে।
আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন নাঈম। মাঝ ব্যটে নিতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় মোহাম্মদ নাবির হাতে।
২৪ বলে ৭ রান করে ফেরেন নাঈম।
৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৫। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
14 Oct 2025, 10:41 PM
বাংলাদেশের সাবধানী শুরু
বড় রান তাড়ায় শুরুতে সাবধানী বাংলাদেশ। প্রথম ৫ ওভারে কোনো উইকেট হারায়নি তারা।
৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২১। ১৩ বলে ৪ রানে খেলছেন মোহাম্মদ নাঈম শেখ। ১৭ বলে একটি করে ছক্কা ও চারে ১৪ রানে ব্যাট করছেন সাইফ হাসান। তার দুটি বাউন্ডারিই এসেছে আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে।
14 Oct 2025, 09:47 PM
ছক্কায় নাবির পঞ্চাশ
শেষ দুই ওভারে ঝড় তুললেন মোহাম্মদ নাবি। মেহেদী হাসান মিরাজকে তিন ছক্কা মারার পর হাসান মাহমুদের বলে তিন চারের সঙ্গে মারলেন একটি ছক্কা। সেই ছক্কায় ৩৫ বলে পৌঁছালেন ওয়ানডেতে ১৮তম ফিফটিতে।
৩৭ বলে পাঁচ ছক্কা ও চারটি চারে ৬২ রানে অপরাজিত থাকলেন নাবি। তার শেষের ঝড়ে আফগানিস্তান ৯ উইকেটে গড়ল ২৯৩ রানের বড় সংগ্রহ।
শেষ ১২ বলে এসেছে ৪৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৯৩/৯ (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকউল্লাহ ২৯, শাহিদি ২, ইকরাম ২, ওমারজাই ২০, নাবি ৬২*, রাশিদ ৮, খারোটে ১০, গাজানফার ০, সামি ০*; নাহিদ ৮.২-০-৫৬-০, হাসান ৬-০-৫৭-২, তানভির ১০-০-৪৬-২, মিরাজ ৯.৪-০-৬৭-১, রিশাদ ১০-০-৪৩-০, শামীম ২-০-১২-০, সাইফ ৪-১-৬-৩)
14 Oct 2025, 09:40 PM
ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়লেন নাহিদ
৪৯তম ওভারে আক্রমণে এসে মাঠ ছাড়লেন নাহিদ রানা। দুই বল করার পর তৃতীয়টি হয় ওয়াইড। এরপর আর বোলিং না করে সরাসরি মাঠ ছাড় ছেড়ে বেরিয়ে যান তিনি।
সেই ওভার শেষ করেন মেহেদী হাসান মিরাজ। শেষ চার বলে তিন ছক্কায় তিনি দেন ২২ রান!
14 Oct 2025, 09:34 PM
হাসানের জোড়া আঘাত
লম্বা সময় পর আক্রমণে ফিরে উইকেট পেলেন হাসান মাহমুদ। পরপর দুই বলে তিনি বোল্ড করে দিলেন নানগেয়ালিয়া খারোটে ও এএম গাজানফারকে।
হাসানের স্লোয়ারে গায়ের জোরে স্লগ করতে চেয়েছিলেন খারোটে। আগেভাগেই শট খেলে ফেলায় বলের লাইনেই যেতে পারেননি তিনি। হয়ে যান বোল্ড।
১২ বলে ১০ রান করেন খারটো।
পরের বলে বোল্ড হয়ে যান গাজানফার। অফ স্টাম্পের বাইরের বল সুইং করে ছোবল মারে স্টাম্পে। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।
৪৮ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ২৪৯। ক্রিজে মোহাম্মদ নাবির সঙ্গী বিলাল সামি।
14 Oct 2025, 09:26 PM
খারোটের সহজ ক্যাচ ছাড়লেন রিশাদ
নিজের শেষ ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন তানভির ইসলাম। কিন্তু রিশাদ হোসেন সহজ ক্যাচ ছাড়ায় সেটা সম্ভব হল না।
বাঁহাতি স্পিনারের লং অফে ক্যাচ দেন দেন নানগেয়ালিয়া খারোটে। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি রিশাদ। সে সময় ৫ রানে ছিলেন খারোটে।
৪৭ ওভারে আফগানিস্তানের রান ৭ উইকেটে ২৩৯।
14 Oct 2025, 09:15 PM
রাশিদকে দ্রুত থামালেন মিরাজ
ছক্কায় শুরু করা রাশিদ খান ছুঁতে পারলেন না দুই অঙ্ক। মেহেদী হাসান মিরাজকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিলেন তিনি।
অফ স্টাম্পের বাইরের বলে বেরিয়ে এসে ইনসাইড আউট খেলেন রাশিদ। কিন্তু টাইমিং করতে পারেননি। ডিপ এক্সট্রা কাভারে আরেকটি দুর্দান্ত ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
৬ বলে এক ছক্কায় ৮ রান করেন রাশিদ।
৪৪ ওভারে আফগানিস্তানের রান ৭ উইকেটে ২২১। ক্রিজে মোহাম্মদন নাবির সঙ্গী নানগেয়ালিয়া খারোটে।
14 Oct 2025, 09:07 PM
তানভিরের দারুণ ডেলিভারিতে বোল্ড ওমারজাই
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা আজমাতউল্লাহ ওমারজাইকে বেশিক্ষণ টিকতে দিলেন তানভির ইসলাম। বাঁহাতি স্পিনারদের জন্য স্বপ্নের এক ডেলিভারিতে আফগান অলরাউন্ডারকে বোল্ড করে দিলেন তিনি।
ডাইভ করতে গিয়ে বলের নাগাল পাননি ওমারজাই। তার ব্যাটের কানা এড়িয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। ২১ বলে তিন চারে ২০ রান করেন ওমারজাই।
ক্রিজে গিয়েই ছক্কায় শুরু করেন রাশিদ খান।
৪২ ওভারে আফগানিস্তানের রান ৬ উইকেটে ২১৮।
14 Oct 2025, 08:53 PM
আম্পায়ার্স কলে বাঁচলেন নাবি
নাহিদ রানার দারুণ ডেলিভারিতে একটুর জন্য এলবিডব্লিউ হলেন না মোহাম্মদ নাবি। অভিজ্ঞ অলরাউন্ডার বেঁচে গেলেন আম্পায়ার্স কলে।
গতিময় পেসারের বলের লাইনে যেতে পারেননি নাবি। বল লাগত লেগ স্টাম্পের বাইরের দিকে।
৩৯ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১৯৬।
14 Oct 2025, 08:51 PM
ইকরামকে ফিরিয়ে সাইফের তিন
দুর্দান্ত বোলিং করা সাইফ হাসান নিলেন আরেকটি উইকেট। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ইকরাম আলিখিল।
লেগে সরে গিয়ে জায়গা বানিয়ে কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন ব্যাটসম্যান। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। এলোবেলো হয়ে যায় স্টাম্প।
১৩ বলে ২ রান করেন ইকরাম।
৩৮ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১৯০। ক্রিজে আজমাতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গী মোহাম্মদ নাবি।
14 Oct 2025, 08:47 PM
ফের ৯৫ রানে থামলেন ইব্রাহিম
টানা দুই ম্যাচে ৯৫ রানে আউট হলেন ইব্রাহিম জাদরান। আগের ম্যাচে ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়েছিলেন তিনি। এবার নাহিদ রানার সরাসরি থ্রোয়ে হলেন রান আউট!
তানভির ইসলামের বল ফাইন লেগে পাঠিয়ে এক রান নিতে চেয়েছিলেন ইব্রাহিম। দৌড় শুরু করেও রান সম্ভব নয় বুঝতে পেরে থেমে যান ইকরাম আলিখিল। ফেরার চেষ্টায় ডাইভ দিয়েও সফল হননি আফগান ওপেনার। নাহিদের থ্রো এলোমেলো করে দেয় স্টাম্প।
ভীষণ ক্ষিপ্ত ইব্রাহিম ডাগ আউট ছুঁড়ে মারেন ব্যাট। লাথি দেন একটা চেয়ারে।
১১১ বলে সাত চার ও দুই ছক্কায় ৯৫ রান করেন ইব্রাহিম।
৩৭ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ১৮৭। ক্রিজে ইকরামের সঙ্গী আজমাতউল্লাহ ওমারজাই।
14 Oct 2025, 08:29 PM
শাহিদিকেও ফেরালেন সাইফ
নিজের প্রথম দুই ওভারে দুটি উইকেট পেলেন সাইফ হাসান। তার অফ স্পিনে সেদিকউল্লাহ আতালের পর ক্যাচ দিলেন হাশমাতউল্লাহ শাহিদি।
অফ স্টাম্পের একটুর বাইরের বলে স্লগ সুইপ করে টাইমিং করতে পারেননি আফগান অধিনায়ক। সীমানা থেকে ছুটে এসে সামনে ডাইভ দিয়ে চমৎকার ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
১০ বলে ২ রান করেন শাহিদি।
৩৪ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ১৭৮। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী ইকরাম আলিখিল।
সেই ওভারেই ইকরামের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
14 Oct 2025, 08:20 PM
সেদিকউল্লাহকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাইফ
জুটি ভাঙতে একের পর এক বোলার পরিবর্তন করলেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত সাফল্য এলো সাইফ হাসানের হাত ধরে। ফিরতি ক্যাচ নিয়ে সেদিকউল্লাহকে ফিরিয়ে জুটি ভাঙলেন এই অনিয়মিত অফ স্পিনার।
আগেভাগে ব্যাট চালিয়ে দিয়ে বোলারকে ক্যাচ দেন সেদিকউল্লাহ। ঝাঁপিয়ে মুঠোয় নেন সাইফ। ভাঙে ৯৩ বল স্থায়ী ৭৪ রানের জুটি।
বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সেদিকউল্লাহ ৪৭ বলে তিন চারে করেন ২৯ রান।
৩২ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ১৭৩। ইব্রাহিম জাদরানের সঙ্গী হাশমাতউল্লাহ শাহিদি।
14 Oct 2025, 07:53 PM
ইব্রাহিম-সেদিকউল্লাহর জুটিতে পঞ্চাশ
রাহমানউল্লাহ গুরবাজের বিদায়ের পর আক্রমণাত্মক ব্যাটিং করছেন ইব্রাহিম জাদরান। দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ আতালের সঙ্গে তিনি গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৫৪ বলে।
এই জুটিতে সেদিকউল্লাহর অবদান কেবল ২৩ বলে ১৪ রান।
২৫ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ১৫০। ৮৫ বলে ৮০ রানে খেলছেন ইব্রাহিম।
14 Oct 2025, 07:28 PM
জীবন পেয়ে ইব্রাহিমের পঞ্চাশ
টানা দুই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন ইব্রাহিম জাদরান। ৮ রানে বেঁচে গিয়ে ৬১ বলে ছুঁয়েছেন পঞ্চাশ। আগের ম্যাচে খেলেছিলেন ৯৫ রানের ইনিংস।
১৮ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ১০৭। ৬১ বলে এক ছক্কা ও চারটি চারে ৫০ রানে খেলছেন ইব্রাহিম। ৫ বলে সেদিকউল্লাহ আতালের রান ১।
14 Oct 2025, 07:20 PM
শুরুর জুটি ভাঙলেন তানভির
বিপজ্জনক রাহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেন তানভির ইসলাম।
বাঁহাতি স্পিনারের আর্ম ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি গুরবাজ। আম্পায়ার এলিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ নেন তিনি। তাতে কাজ হয়নি। ভাঙে ৯৮ বল স্থায়ী ৯৯ রানের জুটি।
৪৪ বলে এক ছক্কা ও পাঁচ চারে ৪২ রান করেন গুরবাজ। আউট হওয়ার সঙ্গে একটি রিভিউ নষ্ট করে যান এই কিপার ব্যাটসম্যান।
১৬ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৯৯। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী সেদিকউল্লাহ আতাল।
14 Oct 2025, 06:49 PM
পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ
তৃতীয় ওভারে এসেছিল একটি সুযোগ, সেটি নিতে পারেননি মোহাম্মদ নাঈম শেখ। বাঁহাতি স্পিনার তানভির ইসলাম কিছুটা ভুগিয়েছেন। তবে পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ।
১০ ওভারে আফগানিস্তানের রান বিনা উইকেটে ৬৬। ২৫ বলে ২৯ রানে খেলছেন রাহমানউল্লাহ গুরবাজ। ৩৬ বলে ইব্রাহিম জাদরান ব্যাট করছেন ২৫ রানে।
14 Oct 2025, 06:41 PM
ইব্রাহিম-গুরবাজের জুটিতে পঞ্চাশ
টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও রাহমানউল্লাহ গুরবাজের জুটিতে পঞ্চাশ এসেছে মাত্র ৪৩ বলে।
শুরুতে একবার জীবন পাওয়া ইব্রাহিম খেলছেন সাবধানে। আরেক প্রান্তে বোলারদের উপর চড়াও হয়েছেন গুরবাজ। নাহিদ রানার বলে তার ছক্কা ও চারে ৭ ওভারেই পঞ্চাশ ছুঁয়েছে আফগানিস্তানের রান।
৭ ওভারে আফগানিস্তানের রান বিনা উইকেটে ৫১। ২১ বলে ইব্রাহিমের রান ১৭। গুরবাজের রান ২২ বলে ২৭।
14 Oct 2025, 06:19 PM
ইব্রাহিমের ক্যাচ ছাড়লেন নাঈম
শুরুতেই জীবন পেলেন ইব্রাহিম জাদরান। স্লিপে তার ক্যাচ ছেড়ে হাতে ব্যথাও পেলেন মোহাম্মদ নাঈম শেখ।
তৃতীয় ওভারে সুযোগ তৈরি করেন নাহিদ রানা। গতিময় এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দেন ইব্রাহিম। ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপের পাশ দিয়ে দ্রুত গতিতে যায় বল। ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি নাঈম। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি।
সে সময় ৮ রানে ছিলেন ইব্রাহিম।
৩ ওভারে আফগানিস্তানের রান বিনা উইকেটে ১৪।
14 Oct 2025, 05:54 PM
আফগানিস্তান একাদশে ২ বদল
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন রেহমাত শাহ। তাই আফগানিস্তানের একাদশে একটি পরিবর্তন অবধারিত ছিল। সঙ্গে আরেকটি বদল এনে বাংলাদেশের বিপক্ষে নামছে তারা।
রেহমাত শাহর জায়গায় ইকরাম আলিখিলকে একাদশে ফিরিয়েছে আফগানরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর ওয়ানডে খেলার সুযোগ এসেছে তার সামনে। এখন পর্যন্ত এই সংস্করণে ৩১ ম্যাচ খেলে ৩ ফিফটিতে ৩৮৪ রান করেছেন এই কিপার-ব্যাটসম্যান।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাশির আহমাদ। তার জায়গায় ফেরানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিয়ার একমাত্র ওয়ানডে খেলা বিলাল সামিকে। ওই ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে তার প্রাপ্তি ৪৪ উইকেট।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি।
14 Oct 2025, 05:54 PM
বাংলাদেশের একাদশে ৪ পরিবর্তন
হোয়াইটওয়াশ এড়াতে গত ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফেরানো হয়েছে মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে।
তাদের জায়গা দিতে বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলি এবং দুই পেসার তানজিম হাসান ও অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান।
দুই বছর পর ওয়ানডে খেলতে নামছেন নাইম শেখ। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। ৮ ওয়ানডেতে তার রান স্রেফ ৯৫।
আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেললেও শুরুতে ওয়ানডে দলে ছিলেন না শামীম হোসেন। পরে তাকে যোগ করা হয়। প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান এবার ডাক পেলেন একাদশে। ৬ ওয়ানডের সবশেষটি খেলেছিলেন তিনি গত জুলাইয়ে।
এক ম্যাচ পর পেসার হাসান মাহমুদকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ। আরেক গতিময় পেসার নাহিদ রানা ওয়ানডে খেলতে নামছেন গত ফেব্রুয়ারির পর। এই সংস্করণে ৪ ম্যাচ খেলে তার শিকার ৫ উইকেট।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, , রিশাদ হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
14 Oct 2025, 05:35 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আগের ম্যাচের মতো এবারও টস জিতলেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। তার সিদ্ধান্তেও এলো না বদল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আগে ব্যাটিং করবে আফগানরা।
14 Oct 2025, 05:06 PM
শেষটা ভালো করার আশায় বাংলাদেশ
ওয়ানডেতে বাংলাদেশ যেন এখন অতীতের কঙ্কাল। নিজেদের প্রিয় সংস্করণে ভুগছে তারা। জয় হয়ে উঠেছে সোনার হরিণ। র্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে নেমে এসেছে ১০ নম্বরে। এবার প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কায় বাংলাদেশ।
আবু ধাবিতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হেরেছে বাংলাদেশ। আগের দুইবার অন্তত একটি করে ম্যাচ জিততে পেরেছিল তারা। এবার তেমন কিছু করতে হলে ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে তাদের।
প্রথম ওয়ানডেতে শেষের ব্যাটিং ধসে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়ায় বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের দল। ব্যাটিংয়ে উন্নতির আরেকটা সুযোগ তাদের সামনে।