সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: ২৪০/৯ ডিক্লে.
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৮) ৫২.৫ ওভারে ১৬৩
12 May 2026, 05:08 PM
নাহিদের দুর্দান্ত স্পেল
শেষ সেশনে জয়ের জন্য ৭ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। বাকি কাজটুকু সারতে কোনো একজন বোলারের দারুণ কিছু করা প্রয়োজন ছিল। সেটাই করলেন নাহিদ রানা। ৪.৫ ওভারে স্রেফ ১০ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। তাতেই হাতে ধরা দিল দারুণ জয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটাই বাংলাদেশের প্রথম জয়।
জয়ে ভূমিকা আছে স্বাগতিকদের অনেকেই। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৮৭ রানের ইনিংস।
দুই ইনিংসের পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন মুমিনুল হক। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন পাঁচ হাজার রানের মাইলফলক। রান পেয়েছেন মুশফিকুর রহিম।
প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচে চমৎকার বোলিং করেছেন তাসকিন আহমেদ।
প্রথম ইনিংসে খরুচে বোলিং করা নাহিদ নিজের সামর্থ্য দেখিয়েছেন এবার। ৪০ রানে পাঁচ উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
12 May 2026, 04:59 PM
নাহিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দারুণ জয়
পাকিস্তানের দশম উইকেট জুটির প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না নাহিদ রানা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশকে এনে দিলেন দারুণ জয়।
শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ইতি টানেন নাহিদ। ৫২.৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
মিরপুর টেস্টে ১০৪ রানে জিতল বাংলাদেশ। দেশের মাটিতে এটাই পাকিস্তানের বিপক্ষে তাদের জয়। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে তারা জিতল টানা তিনটি টেস্টে।
নাহিদের গতিময় বাউন্সার ঠিকঠাক খেলতে পারেননি আফ্রিদি। সহজ ক্যাচ নেন শর্ট লেগ ফিল্ডার মাহমুদুল হাসান জয়। ১৪ বল খেলেও কোনো রান করতে পারেননি আফ্রিদি।
৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস।
৪০ রানে পাঁচ উইকেট নেন নাহিদ। টেস্টে দ্বিতীয়বার তিনি নিলেন পাঁচ উইকেট। তার আগের সেরা ছিল ৬১ রানে পাঁচ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: ২৪০/৯ ডিক্লে.
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৮) ৫২.৫ ওভারে ১৬৩ (আজান ১৫, ইমাম ২, ফাজাল ৬৬, মাসুদ ২, সালমান ২৬, শাকিল ১৫, রিজওয়ান ১৫, নোমান ৪, হাসান ১, আফ্রিদি ০, আব্বাস *; তাসকিন ১০-১-৪০-২, মিরাজ ১৭-৩-৪৭-১, নাহিদ ৯.৫-২-৪০-৫, ইবাদত ২-০-৯-০, তাইজুল ১৪-৩-২২-২)
12 May 2026, 04:40 PM
নাহিদের ছোবলে জয়ের দুয়ারে বাংলাদেশ
চা-বিরতির পর দুর্দান্ত বোলিং করা নাহিদ রানা পেলেন আরেকটি উইকেট। সফল রিভিউয়ে নোমান আলিকে ফেরাল বাংলাদেশ।
জায়গায় দাঁড়িয়ে নাহিদকে সামলাতে চেয়েছিলেন নোমান। বলের লাইনে যেতে পারেননি তিনি। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত।
তাতে সাফল্য পায় বাংলাদেশ। বল আঘাত হানত লেগ স্টাম্পের উপরের দিকে। পাকিস্তান হারাল নবম উইকেট।
১৩ বলে এক চারে ৪ রান করেন নোমান।
৪৯ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ১৫৮। ক্রিজে শাহিন শাহ আফ্রিদির সঙ্গী মোহাম্মদ আব্বাস।
12 May 2026, 04:32 PM
হাসানকে দ্রুত ফেরালেন তাইজুল
তাইজুল ইসলামের চমৎকার ডেলিভারির জবাব জানা ছিল না হাসান আলির। এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।
ক্রিজে গভীরে গিয়ে খেলার চেষ্টা করছিলেন হাসান। ব্যাটের কানা এড়িয়ে প্যাডে বল ছোবল দিলে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নেন ব্যাটসম্যান, কাজ হয়নি। বল আঘাত হানত লেগ স্টাম্পে।
৭ বলে হাসান করেন ১ রান।
৪৮ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ১৫৪। ক্রিজে নোমান আলির সঙ্গী শাহিন শাহ আফ্রিদি।
12 May 2026, 04:26 PM
নাহিদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড রিজওয়ান
পাকিস্তানের শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে বিদায় করলেন নাহিদ রানা। গতিময় পেসারের বলে জয়ের সম্ভাবনা জাগাল বাংলাদেশ।
অফ স্টাম্পের একটু বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি বাড়তি বাউন্স করবে ভেবে ছেড়ে দেন রিজওয়ান। তাকে হতাশ করে বল আঘাত হানে মিডল স্টাম্পের উপরের অংশে।
পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে ৪৬ বলে এক চারে ১৫ রান করে ফেরেন রিজওয়ান।
৪৭ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ১৫৪। ক্রিজে নোমান আলির সঙ্গী হাসান আলি।
12 May 2026, 04:20 PM
জমে যাওয়া জুটি ভাঙলেন নাহিদ
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন নাহিদ রানা। সাউদ শাকিলকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙলেন গতিময় এই পেসার।
অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন শাকিল। ঠিকঠাক বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৭৩ বল স্থায়ী ৩১ রানের জুটি।
ওভারের শেষ বলে একটুর জন্য আরেকটি উইকেট পাননি নাহিদ। তার শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি নোমান আলি। গালিতে ডাইভ দিয়ে একটুর জন্য নাগাল পাননি মেহেদী হাসান মিরাজ।
৪৫ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ১৫২।
12 May 2026, 03:54 PM
রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ হারাল প্রথম রিভিউ।
তাইজুল ইসলামের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি রিজওয়ান। তাতে ক্যাচ হয়নি। আবার বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তাতে ব্যাটসম্যান এলবিডব্লিউ হননি।
৪০ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৪৫। ২৯ বলে ১১ রানে খেলছেন রিজওয়ান। ১৮ বলে ১১ রানে ব্যাট করছেন সাউদ শাকিল।
12 May 2026, 03:35 PM
আম্পায়ার্স কলে বাঁচলেন শাকিল
একটুর জন্য উইকেট পেলেন না তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ থেকে বেঁচে গেলেন সাউদ শাকিল।
অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করার চেষ্টায় পারেননি শাকিল। আঘাত হানে পিছনের পায়ে।
সতীর্থদের সঙ্গে কথা বলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল লাগত স্টাম্পে কিন্তু ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্স কল। তাতে বেঁচে যান শাকিল। সে সময় ১০ রানে ছিলেন তিনি।
৩৬ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৩১।
12 May 2026, 03:24 PM
সালমানকে ফেরালেন তাসকিন
চা-বিরতির পর টানা দুই ওভারে উইকেট পেল বাংলাদেশ। এবার সালমান আলি আগাকে ফিরিয়ে দিল বাংলাদেশ।
অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি সালমান। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে ক্যাচ নেন সাদমান ইসলাম। ক্যাচ ধরতে গিয়ে বুকে একটু ব্যথাও পান সাদমান।
৩৯ বলে এক চারে ২৬ রান করেন সালমান।
পরের বলে রিভিউ নিয়ে বাঁচেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিনের বল চলে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
৩৩ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১২১। ক্রিজে সাউদ শাকিলের সঙ্গী রিজওয়ান।
12 May 2026, 03:19 PM
ফাজালের প্রতিরোধ ভাঙলেন তাইজুল
তৃতীয় সেশনের প্রথম বলে দুই রান নিলেন আব্দুল্লাহ ফাজাল। সালমান আলি আগার সঙ্গে তার জুটি স্পর্শ করল পঞ্চাশ, ৯৫ বলে।
ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউর সফল রিভিউয়ে ফাজালকে ফেরায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বল ডিফেন্স করার চেষ্টায় পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত।
বল ট্র্যাকিং অনুযায়ী, বল আঘাত হানতো লেগ স্টাম্পে। তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। ভাঙ্গে ৯৯ বল স্থায়ী ৫১ রানের জুটি।
১১৩ বলে ১১ চারে ৬৬ রান করেন ফাজাল।
৩২ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১১৯। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী সাউদ শাকিল।
12 May 2026, 02:46 PM
শেষ সেশনে ৭ উইকেট চাই বাংলাদেশের
প্রথম সেশনে একটি এবং দ্বিতীয় সেশনে দুটি উইকেট নিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য তৃতীয় ও শেষ সেশনে ৭ উইকেট চাই স্বাগতিকদের।
চা-বিরতিতে যাওয়ার সময় ৩১ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১১৬। জয়ের জন্য শেষ সেশনে তাদের চাই ১৫২ রান।
ভাগ্যকে পাশে পাওয়া আব্দুল্লাহ ফাজাল ব্যাট করছেন ৬৬ রানে। ২১ রানে ব্যাট করছেন সালমান আলি আগা। চতুর্থ উইকেটে তারা গড়েছেন ৪৮ রানের জুটি।
12 May 2026, 02:12 PM
অভিষেকে ফাজালের আরেকটি পঞ্চাশ
নিজের প্রথম টেস্টে ইনিংসে দুই ইনিংসেই পঞ্চাশের দেখা পেলেন আব্দুল্লাহ ফাজাল। এবার পঞ্চাশ এলো ৭২ বলে।
ইবাদত হোসেনের শর্ট বল স্লিপ ফিল্ডারদের মাথার উপর দিয়ে পাঠিয়ে পঞ্চাশে যান ফাজাল। পরের বলে মারেন আরেকটি চার।
অভিষেক টেস্টে দুই ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে ষষ্ঠ পাকিস্তানী ক্রিকেটার ফাজাল। বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়া পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার তিনি।
২৩ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১০১।
12 May 2026, 01:41 PM
মাসুদকে দ্রুত ফেরালেন নাহিদ
পাকিস্তান অধিনায়ককে টিকতে দিলেন না নাহিদ রানা। গতিময় এই পেসারের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হলেন শান মাসুদ।
অফ স্টাম্পের বাইরের চমৎকার ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন মাসুদ। কিন্তু তাকে চমকে দিয়ে একটু বাড়তি বাউন্সে ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। সেখানে বাকিটা অনায়াসে সারেন লিটন দাস।
৫ বলে ২ রান করেন মাসুদ।
১৬ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ৭২। ক্রিজে আব্দুল্লাহ ফাজালের সঙ্গী সালমান আলি আগা। বাঁহাতি ব্যাটসম্যান সাউদ শাকিলের আগে ব্যাটিংয়ে এসেছেন তিনি।
12 May 2026, 01:31 PM
মিরাজের দারুণ ডেলিভারিতে বোল্ড আজান
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন আজান আওয়াইজ।
স্টাম্পে থাকা ডেলিভারিতে কাট করতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। শরীরের এতো কাছের বলে শট খেলতে পারেননি তিনি। আঘাত হাতে অফ স্টাম্পের উপরের দিকে। ভাঙে ৬৭ বল স্থায়ী ৫৪ রানের জুটি।
৩৩ বলে ১ চারে ১৫ রান করেন আজান।
ওই ওভারের পঞ্চম বলে আরেকটি উইকেট পেতে পারতেন মিরাজ। আব্দুল্লাহ ফাজাল ব্যাটে খেলতে পারেননি বল। বেল ছুঁয়ে বল যায় সীমানায়। বলের স্পর্শ পাওয়ার পরও বেল না পড়া যেন মানতেই পারছিলেন না কিপার লিটন দাস।
১৩ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৬২। ক্রিজে ফাজালের সঙ্গী শান মাসুদ।
12 May 2026, 01:23 PM
আজান-ফাজালের জুটিতে পঞ্চাশ
দ্বিতীয় উইকেটে পাকিস্তানকে টানছেন দুই অভিষিক্ত ব্যাটসম্যান আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফাজাল। প্রথম ইনিংসে শতরানের জুটি উপহার দিয়েছিলেন তারা, এবার পঞ্চাশ রানের জুটি গড়লেন ৬৫ বলে।
বেশ দ্রুত রান করছেন ফাজাল। নাহিদ রানার ওভারে তার ব্যাট থেকে এসেছে তিনটি চার।
১২ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৫৭।
12 May 2026, 12:57 PM
শর্ট লেগে কঠিন সুযোগ হাতছাড়া
মেহেদী হাসান মিরাজের কঠিন একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। আব্দুল্লাহ ফাজালের ব্যাটের কানা ছুঁয়ে আসা বল ধরতে যথেষ্ট দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারলেন না ফিল্ডার।
অফ স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন ফাজাল। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট লেগে। দ্রুত আসা বল ধরতে হাত বাড়িয়ে দেন মাহমুদুল হাসান জয়। আঙুল ছোঁয়াতে পারলেও মুঠোয় নিতে পারেননি তিনি।
১০ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১৮।
12 May 2026, 12:05 PM
৭২ ওভারে বাংলাদেশের চাই ৯ উইকেট
লাঞ্চের আগের ১৫ মিনিটের ছোট্ট সময়টা কাজে লাগিয়েছে বাংলাদেশ। ৪ ওভার বোলিং করে নিয়েছে একটি উইকেট।
লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের রান ১ উইকেটে ৬। আজান আওয়াইজ ১১ বলে ৩ ও আব্দুল্লাহ ফাজাল ৮ বলে ১ রানে খেলছেন।
জয়ের জন্য শেষ দুই সেশনে ২৬২ রান চাই পাকিস্তানের। বাংলাদেশের প্রয়োজন শেষ ৯ উইকেট।
12 May 2026, 11:56 AM
শুরুতেই তাসকিনের আঘাত
ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানলেন তাসকিন আহমেদ। তার চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন ইমাম-উল-হাক।
অফ স্টাম্পের একটু বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
৫ বলে ইমাম করেন ২ রান।
১ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৩। ক্রিজে আজান আওয়াইজের সঙ্গী আব্দুল্লাহ ফাজাল।
12 May 2026, 11:48 AM
শুরুতে আক্রমণে তাসকিন
লাঞ্চের আগে বোলিংয়ের জন্য ১৫ মিনিট সময় পেয়েছে বাংলাদেশ। শুরুতে অভিজ্ঞ তাসকিন আহমেদকে আক্রমণে এনেছেন অধিনায়ক নাজমুলো হোসেন শান্ত।
তৃতীয় দিন সকালে দারুণ বোলিংয়ে তাসকিনই বেঁধে দিয়েছিলেন সুর।
12 May 2026, 11:41 AM
ইনিংস ঘোষণা করলেন শান্ত
অনেকের প্রত্যাশার চেয়েও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদের বিদায়ের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশ অধিনায়ক।
৭০.৩ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করেছে বাংলাদেশর।
জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য পেয়েছে পাকিস্তান। তাদের অলআউট করতে বোলারদের ৭৬ ওভার দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
লাঞ্চের কিছুক্ষণ আগে ইনিংস ঘোষণার ভাবনা থেকেই হয়তো টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। তাতে কিছু রান এলেও দ্রুত উইকেটও হারাতে হয়েছে।
হাসান আলির শর্ট বলে ছক্কার চেষ্টায় স্কয়ার লেগে ধরা পড়েন তাসকিন আহমেদ। ৫ বলে একটি করে ছক্কা ও চারে তিনি করেন ১১ রান। ২ বলে ৪ রানে অপরাজিত থাকেন ইবাদত হোসেন।
এদিন ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১৫২/৩) ৭০.৩ ওভারে ২৪০/৯ ডিক্লে. (শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন ১১, মিরাজ ২৪, তাইজুল ৩, তাসকিন ১১, ইবাদত ৪*; আফ্রিদি ১৬-২-৫৪-২, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১৭.৩-২-৫২-৩, সালমান ৫-০-১৮-০, হাসান ১৮-১-৭৬-৩)
12 May 2026, 11:34 AM
নোমানের জোড়া আঘাত
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মেহেদী হাসান মিরাজকে ফেরালেন নোমান আলি। নিজের ২২তম টেস্টে তিনি পেলেন শততম উইকেট।
বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মিরাজ। ২৭ বলে এক ছক্কা ও তিন চারে তিনি করেন ২৪ রান।
ক্রিজে গিয়েই ছক্কা মারেন তাসকিন আহমেদ। পরের বলে নেন সিঙ্গেল।
স্ট্রাইক পেয়ে স্টাম্পে থাকা বলে পুল করার চেষ্টায় বোল্ড হয়ে যান তাইজুল ইসলাম। বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান।
৭ বলে ৩ রান করেন তাইজুল।
নতুন ব্যাটসম্যান ইবাদত হোসেন প্রথম বলে একটুর জন্য বাউন্ডারি পাননি। স্লগ সুইপে ব্যাটের কানায় লেগে বল যায় সীমানার দিকে। দৌড়ে তিনি নেন তিন রান।
৭০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৩৫। লিড এখন ২৬২।
12 May 2026, 11:22 AM
৮৭ রানে ফিরলেন শান্ত
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো কোনো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির হাতছানি ছিল নাজমুল হোসেন শান্তর সামনে। কিন্তু পারলেন না বাংলাদেশ অধিনায়ক। ৮৭ রানে থামলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
নোমান আলির বলে রিভার্স সুইপ করছিলেন শান্ত। আউট হলেন সেই রিভার্স সুইপেই। মিডল স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন, তাতে কোনো কাজ হয়নি। ভাঙে ৪১ বল স্থায়ী ২৬ রানের জুটি।
১৫০ বরে সাত চারে ৮৭ রান করেন শান্ত।
৬৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২১৯। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম। স্বাগতিকরা এখন ২৪৬ রানে এগিয়ে।
12 May 2026, 11:13 AM
জীবন পেলেন মিরাজ
শাহিন শাহ আফ্রিদির বলে চার মারার পর নোমান আলিকে ছক্কা ওড়ালেন মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি স্পিনারের ওই ওভারের শেষ বলে জীবন পেলেন তিনি।
বেরিয়ে এসে খেলার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি মিরাজ। বল ধরতেই পারেননি পাকিস্তানের কিপার মোহাম্মদ রিজওয়ান। নষ্ট হয় স্টাম্পিংয়ের সুযোগ।
সে সময় ১৮ রানে ছিলেন মিরাজ।
৬৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেট ২১৫।
12 May 2026, 10:44 AM
ছক্কার চেষ্টায় ফিরলেন লিটন
রানের গতি বাড়ানোর চেষ্টায় আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দিলেন লিটন দাস।
বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে পুল করেন লিটন। মাঝ ব্যাটে খেলতে পারেননি তিনি। ব্যাটের উপরের কানায় লেগে ক্যাচ যায় ফাইন লেগে। সেখানে চমৎকার ক্যাচ নেন হাসান আলি। ভাঙে ৪৮ বল স্থায়ী ২৬ রানের জুটি।ঃ
২৮ বলে এক চারে ১১ রান করেন লিটন।
৬১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৯১। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
12 May 2026, 10:29 AM
রিভিউ নিয়ে বাঁচলেন লিটন
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন লিটন দাস। তিনি জানতেন, ব্যাটের কানা ছুঁয়ে গেছে বল।
আল্ট্রা এজে মেলে এর প্রমাণ, রিপ্লেতে ব্যাটের কানা ছুঁয়ে বলের দিক পরিবর্তনও স্পষ্ট দেখা যায়। তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।
৫৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৮১।
12 May 2026, 10:24 AM
২০০ ছাড়াল লিড
পঞ্চম দিন সকালে দ্রুত রান তোলার চেষ্টা করছে বাংলাদেশ। ৫৭তম ওভারে তাদের লিড ছাড়িয়েছে দুইশ।
৫৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭৭। ১১২ বলে ৭১ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ১৭ বলে ৬ রানে খেলছেন লিটন দাস।
বাংলাদেশের লিড এখন ২০৪ রান।
12 May 2026, 10:00 AM
দ্রুত রানের চেষ্টায় ফিরলেন মুশফিক
পঞ্চম দিন সকালে দ্রুত রান তোলার চেষ্টায় উইকেট হারাল বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরে গেলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মুশফিক। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক্যাচ নেন শান মাসুদ। ভাঙে ৫৭ বল স্থায়ী ৩৬ রানের জুটি।
৩৭ বলে চারটি চারে ২২ রান করেন মুশফিক।
৫২.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৪। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।
12 May 2026, 09:53 AM
শেষ দিনে রোমাঞ্চের হাতছানি
চতুর্থ দিনের অনেকটা সময় বৃষ্টিতে নষ্ট হওয়ায় মিরপুর টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে উইকেটে বোলারদের জন্য সহায়তা বাড়তে থাকায় অন্য দুটি ফল এখনও সম্ভব। এই পরিস্থিতিতে অনেক কিছু মাথায় রেখে পঞ্চম ও শেষ দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার খেলা শুরু হবে সকাল পৌনে ১০টায়।
বাংলাদেশ যদি পরাজয়কে সমীকরণের বাইরে ঠেলে দিতে নিরাপদ অবস্থানে যেতে চায়, তাহলে হয়তো গোটা প্রায় প্রথম সেশনই ব্যাট করতে হবে তাদেরকে। সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাও মিইয়ে আসবে অনেকটা।
বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, পাকিস্তানের ১০ উইকেট নিতে বোলারদের অন্তত ৭৫ ওভার দিতে হবে এবং স্কোর বোর্ডে অন্তত ২৬০ রান লাগবে। সেক্ষেত্রে দ্রুত রান করার ঝুঁকি নিতে হবে স্বাগতিকদের।
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান আলি আগা মনে করেন, এই লক্ষ্য দিতে হলে সাহসী হতে হবে বাংলাদেশ দলের এবং তার বিশ্বাস সাহসী হবে না বাংলাদেশ।
৩ উইকেটে ১৫২ রান দিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ১৭৯ রানে।
বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় সোমবার খেলা হয় কেবল ৪৮.৪ ওভার। এই সময়ে ১৪৫ রান যোগ করে বাংলাদেশ।
১০৫ বলে ছয় চারে ৫৮ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম ৩১ বলে তিন চারে ব্যাট করছেন ১৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৭/০) ৫০.৩ ওভারে ১৫২/৩ (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; আফ্রিদি ১২-২-৩৯-১, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১১.৩-২-২৩-১, সালমান ৫-০-১৮-০, হাসান ৮-০-৩২-০)
12 May 2026, 09:32 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
