১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর জয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে জিতে ২-০ ব‍্যবধানে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।

04 Oct 2025, 12:23 AM

বাংলাদেশের রোমাঞ্চকর জয়

আজমাতউল্লাহ ওমারজাইয়ের জোড়া আঘাতেও টলে যায়নি বাংলাদেশ। শেষ ২ ওভারে ১৯ রানের সমীকরণ তারা মিলিয়ে নিয়েছে কেবল ৭ বলে।

বিস্ময়কর হলেও এতে বড় ভূমিকা শরিফুল ইসলামের। ৬ বলে দুই চারে ১১ রান করেন তিনি। তার বাউন্ডারিতেই দলের হাতে ধরা দেয় জয়।

এক প্রান্ত আগলে রাখা নুরুল হাসান সোহানের ভূমিকাও কম নয়। ১৯তম ওভারের প্রথম বলে নুর আহমাদকে তিনিই ওড়ান ছক্কায়। শেষ পর্যন্ত তিন ছক্কা ও এক চারে ৩১ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেল তারা। ১৫ ম‍্যাচে বাংলাদেশের জয় আটটিতে, আফগানদের সাতটিতে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫ (সেদিকউল্লাহ ২৩, ইব্রাহিম ৩৮, গুরবাজ ৩০, তারাখিল ১, রাসুলি ১৪, ওমারজাই ১৯*, নাবি ২০*; শরিফুল ৪-০-১৩-১, নাসুম ৪-০-২৫-২, সাইফ উদ্দিন ৪-০-২২-০, মুস্তাফিজ ৪-০-৪০-০, রিশাদ ৪-০-৪৫-২)

বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৫০/৮ (তানজিদ ২, পারভেজ ২, সাইফ হাসান ১৮, জাকের ৩২, শামীম ৩৩, সোহান ৩১*, নাসুম ১১, সাইফ উদ্দিন ৪, রিশাদ ২, শরিফুল ১১*; মুজিব ৪-০-১৮-১, ওমারজাই ৩.১-০-২৩-৪, রাশিদ ৪-০-২৯-২, নুর ৪-০-৪০-১, নাবি ৩-০-৩২-০, আহমেদজাই ১-০-৮-০)

ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী

03 Oct 2025, 11:58 PM

ওমারজাইয়ের জোড়া আঘাত

সমীকরণ আরও কঠিন করে দিলেন আজমাতউল্লাহ ওমারজাই। মোহাম্মদ সাইফ উদ্দিনের পর রিশাদ হোসেনকে ফিরিয়ে দিলেন তিনি।

প্রথম বলে সিঙ্গেল নেন নুরুল হাসান। পরের বলে চার মারেন সাইফ উদ্দিন।

ওভার তৃতীয় ছিল অফ স্টাম্পের বাইরে, অনায়াসে বাউন্ডারি হতে পারত। কিন্তু সাইফ ঠিকঠাক খেলতে পারলেন না। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ল কিপারের গ্লাভসে।

২ বলে ৪ রান করেন সাইফ উদ্দিন।

গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেতে পারতেন রিশাদ। কিন্তু ক‍্যাচ নিতে পারেননি রশিদ খান, ব‍্যাটসম‍্যান পান দুই রান।

পরের বলে আগেভাগেই ব‍্যাট চালিয়ে দিয়ে রিশাদ হন বোল্ড। ২ বলে তিনি করেন ২ রান।

১৮ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১২৯। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী শরিফুল ইসলাম।

03 Oct 2025, 11:58 PM

রাশিদের শেষ বলে বোল্ড নাসুম

চার ওভারে প্রয়োজন ২৮ রান। এমন সময়ে বোলিংয়ে এসে কেবল ২ রান দিয়ে একটি উইকেট পেলেন রাশিদ খান।

আফগান লেগ স্পিনারের শেষ বলে ছক্কার চেষ্টায় বোল্ড হলেন নাসুম আহমেদ। ১১ বলে এক ছক্কায় তিনি করলেন ১০ রান।

১৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২২। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী মোহাম্মদ সাইফ উদ্দিন।

শেষ ৩ ওভারে ২৬ রান চাই বাংলাদেশের।

03 Oct 2025, 11:36 PM

উইকেট বিলিয়ে এলেন শামীম

দারুণ ব‍্যাটিং করছিলেন শামীম হোসেন। তার ব‍্যাটে সচল ছিল রানের চাকা। কিন্তু অহেতুক ঝুঁকি নিয়ে নিজের উইকেট ছুঁড়ে এলেন তিনি।

নুর আহমাদের বলে রিভার্স সুইপ করে বাউন্ডারির চেষ্টায় আকাশে তুলে দিলেন শামীম। ছুটে গিয়ে কঠিন ক‍্যাচ নিলেন মুজিব উর রাহমান।

২২ বলে দুই ছক্কা ও তিন চারে ৩৩ রান করে ফিরলেন শামীম।

১৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৪ রান। জয়ের জন‍্য শেষ ৫ ওভারে ৪৪ রান চাই তাদের।

ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী নাসুম আহমেদ।

03 Oct 2025, 11:24 PM

জাকেরের বিদায়ে ভাঙল জুটি

রাশিদ খানের আগের বলে চার মারলেন জাকের আলি। ভারসাম‍্য হারিয়ে কিছুটা ব‍্যথাও হয়তো পেলেন তিনি। ফিজিও ঘুরে যাওয়ার পর শুরু হলো খেলা।

রাশিদের বলের লাইন মিস করে এলবিডব্লিউ হলেন জাকের। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন তিনি। পারভেজের পর বাংলাদেশ অধিনায়ক নষ্ট করলেন আরেকটি রিভিউ।

ইনিংসের বাকি সময়ের জন‍্য আর কোনো রিভিউ থাকল না বাংলাদেশের।  

জাকেরের বিদায়ে ভাঙল ৩৭ বল স্থায়ী ৫৬ রানের জুটি। বাংলাদেশ অধিনায়ক ২৫ বলে দুটি করে ছক্কা ও চারে করলেন ৩২ রান।

১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮০। ক্রিজে শামীম হোসেনের সঙ্গী জাকের আলি।

03 Oct 2025, 11:11 PM

জাকের-শামীমের জুটিতে পঞ্চাশ

টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন জাকের আলি ও শামীম হোসেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৩১ বলে।

প্রতি ওভারেই অন্তত একটি করে চার বা ছক্কা মারছেন দুই ব‍্যাটসম‍্যান। সঙ্গে নিচ্ছেন এক-দুই। তাতে বাড়ছে বাংলাদেশের রান রেট।

১০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৪। ২১ বলে ২৭ রানে খেলছেন জাকের। ১৩ বলে শামীমের রান ২৪। জুটির রান এখন ৫০, ৩২ বলে।

03 Oct 2025, 10:52 PM

ছক্কার চেষ্টায় অক্কা সাইফ

জায়গায় দাঁড়িয়ে থাকলে হয়তো অনায়াসেই ছক্কা মারতে পারতেন সাইফ হাসান। সেটা না করে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। মুজিব উর রাহমানের বলে সেদিকউল্লাহ আতালের হাতে ক‍্যাচ দিলেন টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

দুই ছক্কা ও এক চারে ১৪ বলে ১৮ রান করে ফিরলেন সাইফ।

৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৬। ক্রিজে জাকের আলির সঙ্গী শামীম হোসেন।

03 Oct 2025, 10:46 PM

টিকলেন না পারভেজও

আগের দিন পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা দুই ওপেনারকে পরপর দুই ওভারে বিদায় করলেন আজমাতউল্লাহ ওমারজাই।

তার স্টাম্প তাক করে দেওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি। লেগে খেলার চেষ্টায় হন এলবিডব্লিউ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিলেও কাজ হয়নি।

৫ বলে ২ রান করে ফেরার পথে একটি রিভিউ নষ্ট করে যান পারভেজ।

৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৭। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী জাকের আলি।

03 Oct 2025, 10:46 PM

শুরুতেই ফিরলেন তানজিদ

আগের দিন দারুণ ব‍্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা তানজিদ হাসান ফিরলেন শুরুতেই। আজমাতউল্লাহ ওমারজাইয়ের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অফ দিয়ে তুলে মারতে গিয়ে ক‍্যাচ দিলেন বাঁহাতি ওপেনার।

শটে টাইমিং করতে পারেননি তানজিদ। ছুটে এসে স্লাইড করে ক‍্যাচ নেন রাশিদ খান। ৩ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি।

২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৮। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী সাইফ হাসান।

03 Oct 2025, 10:11 PM

১৪৮ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬৯ রান করা আফগানিস্তান পরের ১০ ওভারে পেল না প্রত‍্যাশিত রান। তাদের দেড়শর নিচে থামাল বাংলাদেশ।

২০ ওভার ব‍্যাট করে ৫ উইকেটে ১৪৭ রান করেছে আফগানিস্তান। শেষ ১০ ওভারে তারা করতে পেরেছে ৭৬ রান।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ২২ বলে ২৯ রানের জুটি গড়েছেন আজমাতউল্লাহ ওমারজাই ও মোহাম্মদ নাবি। ১৭ বলে এক ছক্কায় ১৯ রান করেন ওমারজাই। ১২ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রান করেন নাবি।

খরুচে বোলিং করেছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংয়ে ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন শরিফুল। ২৫ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম। কোনো উইকেট না পেলেও সাইফ উদ্দিন দিয়েছেন কেবল ২২ রান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫ (সেদিকউল্লাহ ২৩, ইব্রাহিম ৩৮, গুরবাজ ৩০, তারাখিল ১, রাসুলি ১৪, ওমারজাই ১৯*, নাবি ২০*; শরিফুল ৪-০-১৩-১, নাসুম ৪-০-২৫-২, সাইফ উদ্দিন ৪-০-২২-০, মুস্তাফিজ ৪-০-৪০-০, রিশাদ ৪-০-৪৫-২)

03 Oct 2025, 09:57 PM

ওমারজাইয়ের ক‍্যাচ ছাড়লেন পারভেজ

১৮তম ওভারের শেষ বলে উইকেট পেতে পারতেন মুস্তাফিজুর রহমান। তার বলে সীমানায় আজমাতউল্লাহ ওমারজাইয়ের ক‍্যাচ নিতে পারেননি পারভেজ হোসেন। সে সময় ১৫ রানে ছিলেন আফগান অলরাউন্ডার।

১৮ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১২৮।

03 Oct 2025, 09:52 PM

শরিফুলের নিখুঁত ইয়র্কারে বোল্ড গুরবাজ

নিজের প্রথম ৩ ওভারে মাত্র ৮ রান দেওয়া শরিফুল ইসলাম শেষটায় পেলেন উইকেটের দেখা। সপ্তদশ ওভারে আক্রমণে ফিরে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করলেন রাহমানউল্লাহ গুরবাজকে।

একটু লেগের দিকে সরিয়ে গিয়েছিলেন গুরবাজ। তাকে অনুসরণ না করে শরিফুল বল রাখেন স্টাম্পে। নিখুঁত ইয়র্কারের লাইনে যেতে পারেননি ব‍্যাটসম‍্যান। এলোমেলো হয়ে যায় স্টাম্প।

২২ বলে দুই ছক্কা ও এক চারে ৩০ রান করেন গুরবাজ।

১৭ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১২১। ক্রিজে আজমাতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গী মোহাম্মদ নাবি।

03 Oct 2025, 09:35 PM

রাসুলিকে ফেরালেন নাসুম

মুখোমুখি চতুর্থ বলে রিশাদ হোসেনকে ছক্কায় ওড়ালেন দারভিশ রাসুলি। পরে নাসুম আহমেদকে মারলেন আরেকটি। প্রতিশোধ নিতে অবশ্য দেরি করলেন না নাসুম। পরের বলেই বিদায় করে দিলেন তিনি ঝড়ের আভাস দেওয়া ব্যাটসম্যানকে।

নাসুমের লেংথ ডেলিভারিটি ইনসাইড আউট করে এক্সটা কাভারের ওপর দিয়ে ওড়ানোর চেষ্টা করেন রাসুলি। কিন্তু শটে তেমন জোর না থাকায় বাউন্ডারি পার করতে পারেননি তিনি। বাউন্ডারি লাইন থেকে ক্যাচ মুঠোয় জমান পারভেজ হোসেন।

৯ বলে দুই ছক্কায় ১৪ রান করে ফেরেন রাসুলি। চতুর্দশ ওভারে ৯০ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান।

03 Oct 2025, 09:26 PM

রিশাদের দ্বিতীয় শিকার তারাখিল

নিজের তৃতীয় ওভারের প্রথম বলে আরেকটি উইকেট তুলে নিলেন রিশাদ হোসেন। অভিষিক্ত ওয়াফিউল্লাহ তারাখিলকে ফিরিয়ে আফগানিস্তানকে আরও চেপে ধরলেন এই লেগ স্পিনার।

ঝুলিয়ে দেওয়া ফুললেন্থ ডেলিভারিটি উড়িয়ে খেলেন তারাখিল। কিন্তু তার শটে তেমন জোর ছিল না। লং-অন থেকে কিছুটা সামনে এগিয়ে এসে বল মুঠোয় জমান মোহাম্মদ সাইফ উদ্দিন।

৪ বলে ১ রান করে বিদায় নেন তারাখিল। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

03 Oct 2025, 09:26 PM

ছক্কার চেষ্টায় অক্কা ইব্রাহিম

১০ ওভার শেষে রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু নাসুম আহমেদের বলে ঠিকঠাক টাইমিং করতে না পেরে সীমানায় ধরা পড়লেন আফগান ওপেনার।

স্লটেই বল পেয়েছিলেন ইব্রাহিম। কিন্তু সীমানা পার কবরতে পারেননি। ক‍্যাচ যায় সোজা রিশাদ হোসেনের হাতে। সীমানায় কোনো ভুল করেননি তিনি।

৩৭ বলে এক ছক্কা ও তিন চারে ৩৮ রান করেন ইব্রাহিম।

১১ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ৭২। ক্রিজে রাহমানউল্লাহ গুরবাজের সঙ্গী ওয়াফিউল্লাহ তারাখিল।

03 Oct 2025, 09:15 PM

মাঝপথে আফগানিস্তান ৬৯/১

আফগান ব‍্যাটসম‍্যানদের দ্রুত রান তুলতে দিচ্ছে না বাংলাদেশ। তবে তেমন কোনো সুযোগও তৈরি করতে পারছে না তারা।

১০ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৬৯। হাতে উইকেট থাকায় শেষ ১০ ওভারে রানের গতি বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তাদের।

৩৫ বলে ৩৭ রানে খেলছেন ইব্রাহিম জাদরান। ৬ বলে রাহমানউল্লাহ গুরবাজের রান ৮।

03 Oct 2025, 09:07 PM

জুটি ভাঙলেন রিশাদ

রিশাদ হোসেনের ওভারে টানা দুটি ছক্কা মারলেন সেদিকউল্লাহ আতাল। দ্বিতীয় ছক্কায় উদ্বোধনী জুটির রান স্পর্শ করল পঞ্চাশ, ৪৬ বলে।

লেগ স্পিনারের পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় পারভেজ হোসেনের হাতে ধরা পড়লেন আফগান ওপেনার। ভাঙল ৪৭ বল স্থায়ী ৫৫ রানের জুটি।

৮ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৫৫। ক্রিজে ইব্রাহিম জাদরানের সঙ্গী রাহমানউল্লাহ গুরবাজ।

03 Oct 2025, 08:56 PM

পাওয়ার প্লেতে আফগানিস্তান ৩৫/০

ষষ্ঠ ওভারে আক্রমণে এসে খরুচে বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। তাতে বাড়ল আফগানিস্তানের রানের গতি।

পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৩৫ রান করেছ আফগানিস্তান। মুস্তাফিজের করা শেষ ওভার থেকে এসেছে ১৩ রান।

২২ বলে এক ছক্কা ও তিন চারে ২৬ রানে খেলছেন ইব্রাহিম জাদরান। ১৪ বলে এক চারে সেদিকউল্লাহ আতালের রান ৯।

পাওয়ার প্লের শেষ বলে ফিরতে পারতেন ইব্রাহিম। পুল করার চেষ্টায় টাইমিং করতে পারেননি তিনি। অনেকটা এগিয়ে এসে ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি তিনি।

03 Oct 2025, 08:24 PM

তারাখিলের অভিষেক, ফিরলেন মুজিব

হেরে যাওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে আফগানিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ওয়াফিউল্লাহ তারাখিলের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলে ১৪৫.৯৫ স্ট্রাইক রেটে ৭৯৪ রান করেছেন এই ব্যাটসম্যান, ফিফটি পাঁচটি।

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিষেক হওয়া আবদুল্লাহ আহমাদজাইকে ফেরানো হয়েছে একাদশে। দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

আর অভিজ্ঞ স্পিনার মুজিব উর রাহমানকেও ফিরিয়েছে আফগানিস্তান।

তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মোহাম্মদ ইসহাক, শারাফউদ্দিন আশরাফ, ফারিদ আহমাদ।

আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, আবদুল্লাহ আহমাদজাই, নুর আহমাদ, রাশিদ খান (অধিনায়ক), মুজিব উর রাহমান।

03 Oct 2025, 08:14 PM

বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

তাদেরকে জায়গা দিতে এই ম্যাচে খেলছেন না অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

03 Oct 2025, 08:08 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আগের ম্যাচে টস হেরে রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে এবার টস জিতে ফের লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ নিল তারা।

03 Oct 2025, 07:46 PM

সিরিজ জয়ের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে একটা সময় জয়ের দিক থেকে অনেক এগিয়ে যাওয়া আফগানিস্তানকে ধরে ফেলেছে বাংলাদেশ। শারজাহতে প্রথম টি-টোয়েন্টিতে তালগোল পাকিয়েও শেষ পর্যন্ত জিতে মুখোমুখি লড়াইয়ে নিয়ে এসেছে সমতা। এবার এগিয়ে যাওয়ার সঙ্গে সিরিজ জেতার হাতছানি তাদের সামনে।

শারজাহতে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। 

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ ম‍্যাচ খেলেছে বাংলাদেশ। জয়-পরাজয় এখন সমান সাতটি করে। 

সবশেষ পাঁচ ম‍্যাচের চারটিতে জিতেছে বাংলাদেশ। এবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো সিরিজ জয়ের সুযোগ তাদের সামনে। 

প্রথম ম‍্যাচে তানজিদ হাসান ও পারভেজ হোসেনের শতরানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু ৯ রানে ৬ উইকেট হারিয়ে এক সময়ে হারের শঙ্কায় পড়েছিল তারা। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটিতে জয় নিয়ে ফেরে তারা। 

সেই ম‍্যাচে দারুণ বোলিং করা রাশিদ খান, নুর আহমাদরা সিরিজ জুড়েই হতে পারেন বড় চ‍্যালেঞ্জ।