১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 'প্রথম'

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে কোনো সিরিজ জিতল বাংলাদেশ।

16 Jul 2025, 10:48 PM

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘প্রথম’

ফেরার ম‍্যাচ ক‍্যারিয়ার সেরা বোলিংয়ে রাঙালেন শেখ মেহেদি হাসান। তার নৈপুণ‍্যে ছোট লক্ষ‍্য পেল বাংলাদেশ। পরে বাকিটা সারলেন তানজিদ হাসান। ক‍্যারিয়ার সেরা ব‍্যাটিংয়ে ম‍্যাচ শেষ করে এলেন বাঁহাতি এই ওপেনার।

৪৭ বলে ছয় ছক্কা ও এক চারে ৭৩ রানের ইনিংস খেলার পথে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের সঙ্গে দুটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন তানজিদ।

সিঙ্গেল নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া হৃদয় ২৫ বলে একটি করে ছক্কা ও চারে করেন ২৭ রান।

এর আগে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে বোলিংয়ে সুর বেঁধে দেন মেহেদী। দারুণ বোলিংয়ে সঙ্গত করেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

তাদের মিলিত পারফরম‍্যান্সে জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিসাঙ্কা ৪৬, কুসাল মেন্ডিস ৬, কুসাল পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩,  কামিন্দু মেন্ডিস ২১, শানাকা ৩৫*, ভ‍্যান্ডারসে ৭, থিকশানা ৬*; শরিফুল ৪-০-৫০-১, মেহেদি ৪-১-১১-৪, মুস্তাফিজ ৪-০-১৭-১, তানজিম ২-০-২৩-০, শামীম ২-০-১০-১, রিশাদ ৪-০-২০-০)

বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১৩৩/২ (পারভেজ ০, তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*; থুসারা ৩-০-২৫-১, বিনুরা ২-০-১১-০, থিকশানা ৩.৩-০-৩০-০, আসালাঙ্কা ১-০-১৬-০, ভ্যান্ডারসে ৪-০-২৯-০, কামিন্দু ৩-০-২১-১)

16 Jul 2025, 10:38 PM

হৃদয়-তানজিদের জুটিতে পঞ্চাশ

লিটন দাসের বিদায়ের পর ক্রিজে গিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে রান বাড়ান তাওহিদ হৃদয়। আরেক প্রান্তে পঞ্চাশ ছোঁয়া তানজিদ হাসানও বড় করতে থাকেন নিজের ইনিংস। তাদের চমৎকার ব্যাটিংয়ে আরেকটি জুটির পঞ্চাশ পায় বাংলাদেশ।

ষোড়শ ওভারে জেফ্রি ভ্যান্ডারসেকে মিড উইকেটে খেলে দুই রান নেন হৃদয়। তাতে ৪১ বলে পঞ্চাশ স্পর্শ করে তানজিদের সঙ্গে তার জুটি।

যেখানে তানজিদের অবদান ৩২। আর তাওহিদের ১৯।

16 Jul 2025, 10:29 PM

জীবন পেলেন তানজিদ

তানজিদ হাসানকে বিদায় করার সুযোগ হাতছাড়া করলেন মাহিশা থিকশানা। কামিন্দু মেন্ডিসের বলে এক্সট্রা কাভারে বাঁহাতি ওপেনারের ক‍্যাচ ছাড়লেন তিনি।

সে সময় ৬০ রানে ছিলেন তানজিদ।

ওভারের শেষ বলে ছক্কা মেরে দলকে তিনি নিয়ে যান জয়ের আরও কাছে।

১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১১। ৪২ বলে ৭০ রানে খেলছেন তানজিদ। ৯ বলে তাওহিদ হৃদয়ের রান ৮।

16 Jul 2025, 10:14 PM

২৭ বলে তানজিদের পঞ্চাশ

লিটন দাসের বিদায়ের পরও একই গতিতে খেলে যাচ্ছেন তানজিদ হাসান। দশম ওভারের প্রথম বলে জেফ্রি ভ‍্যান্ডারসকে উড়িয়েছেন ছক্কায়। পরের বলে ব‍্যাটের কানায় লেগে পেয়েছেন চার।

বাউন্ডারিতে বাঁহাতি ওপেনার ছুঁয়েছেন পঞ্চাশ, ২৭ বলে।

তার আগ্রাসী ব‍্যাটিংয়ে মাঝপথে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। লঙ্কান বোলিংয়ে এলোমেলো করে ১০ ওভারে সফরকারীরা ২ উইকেটে করেছে ৮৯ রান।

শেষ ১০ ওভারে আর কেবল ৪৪ রান চাই তাদের।

৩০ বলে ৫৪ রানে খেলছেন তানজিদ। ৩ বলে ২ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

16 Jul 2025, 10:09 PM

লিটনের বিদায়ে ভাঙল জুটি

তানজিদ হাসানের সঙ্গে জমে উঠেছিল লিটন দাসের জুটি। তাদের ব্যাটে বেশ ভালোভাবেই লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু নিজের ইনিংসটি বেশি বড় করতে পারলেন না লিটন। কামিন্দু মেন্ডিসের বলে বিদায় নিলেন সফরকারী অধিনায়ক।

কামিন্দু মেন্ডিসকে হাঁটু গেড়ে সুইপ করেন লিটন। টাইমিং ভালো হলেও শটে জোর ছিল না। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারিতে কুসাল মেন্ডিসের হাতে ধরা পড়েন স্টাইলিশ ব্যাটসম্যান।

একটি ছক্কা ও ২ চারে ২৬ বলে ৩২ রান করে ফেরেন লিটন। তার বিদায়ে ভাঙে ৫০ বল স্থায়ী ৭৪ রানের জুটি।

16 Jul 2025, 10:01 PM

তানজিদ-লিটনের জুটিতে পঞ্চাশ

প্রথম বলে উইকেট হারালেও দমে যায়নি বাংলাদেশ। পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

শুরুতে পাল্টা আক্রমণে পথ দেখিয়েছেন লিটন দাস। পরে সহজাত আগ্রাসী ব‍্যাটিংয়ে তাকে ছাড়িয়ে গেছেন তানজিদ হাসান।

পাওয়ার প্লে শেষে আক্রমণে আসেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথম বলে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা মেরে তাকে স্বাগত জানান তানজিদ। জুটির রান স্পর্শ করে পঞ্চাশ, ৩৬ বলে।

এক বল লং অন দিয়ে আরেকটি ছক্কা মারেন তানজিদ।

৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬৩। ১৯ বলে তিন ছক্কায় ৩৩ রানে ব‍্যাট করছেন তানজিদ। ২২ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ রানে খেলছেন লিটন।

16 Jul 2025, 09:55 PM

পাওয়ার প্লেতে ৪৭/১

প্রথম বলেই পারভেজ হোসেনকে হারালেও দ্রুত রান তুলছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে রান এসেছে প্রায় আট করে।

৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৭।

২১ বলে এক ছক্কা ও দুই চারে ২৮ রানে খেলছেন অধিনায়ক লিটন দাস। ১৪ বলে এক ছক্কায় ১৮ রানে ব‍্যাট করছেন তানজিদ হাসান।  

16 Jul 2025, 09:35 PM

রিভিউ নিয়ে বাঁচলেন লিটন

বিনুরা ফার্নান্দোর ইয়র্কার ব‍্যাটে খেলতে পারলেন না লিটন দাস। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলিবডব্লিউ দিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

বিনুরার বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। সে সময় ৮ রানে ছিলেন লিটন।

২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০।

16 Jul 2025, 09:25 PM

আম্পায়ার্স কলে পারভেজের বিদায়

প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন পারভেজ হোসেন। নুয়ান থুসারার ভেতরে ঢোকানো ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

কিছুক্ষণ ভেবে রিভিউ নেন পারভেজ। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল অর্থাৎ আম্পায়ার্স কল। তাই বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। তবে রিভিউও হারায়নি বাংলাদেশ। 

১৫ ম্যাচের ক্যারিয়ারে পারভেজের এটি পঞ্চম শূন্য। এর মধ্যে তিনবারই আউট হয়েছেন প্রথম বলে।

তানজিদ হাসানের সঙ্গী হতে ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস।

16 Jul 2025, 09:12 PM

১৩৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

১৬তম ওভারের পর টানা ২১ বল  বাউন্ডারি মারতে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু শেষ ওভারে বোলিং করতে এসে টানা চার বলে দুটি চারের সঙ্গে দুটি ছক্কা হজম করলেন শরিফুল ইসলাম। মাঝে দিলেন একটি ওয়াইডও।

শেষ ওভারে ২২ রান পেল শ্রীলঙ্কা। তাদের স্কোর পৌঁছে গেল ১৩২ রানে।

প্রেমাদাসা স্টেডিয়ামে সবশেষ ১০ ম্যাচে ৯টি জিতেছে রান তাড়া করা দল। সিরিজ জয়ের তাই বড় বাংলাদেশের।

শেষ ওভারে ঝড় তুলে ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন শানাকা। এছাড়া পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৬ রান। শ্রীলঙ্কার আর কেউই তেমন কিছু করতে পারেননি।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রানে ৪ উইকেট নেন শেখ মেহেদি হাসান। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৭ রানে নেন ১ উইকেট। 

১ উইকেটের জন্য ৪ ওভারে শরিফুলের খরচ ৫০ রান। বাকিরা ১৬ ওভারে দেন মাত্র ৮২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিসাঙ্কা ৪৬, কুসাল মেন্ডিস ৬, কুসাল পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩,  কামিন্দু মেন্ডিস ২১, শানাকা ৩৫*, ভ‍্যান্ডারসে ৭, থিকশানা ৬*; শরিফুল ৪-০-৫০-১, মেহেদি ৪-১-১১-৪, মুস্তাফিজ ৪-০-১৭-১, তানজিম ২-০-২৩-০, শামীম ২-০-১০-১, রিশাদ ৪-০-২০-০)

16 Jul 2025, 08:54 PM

ভ্যান্ডারসেকে ফেরালেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের কাটার ডেলিভারি ৩০ গজের বৃত্তের ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলার চেষ্টায় সফল হলেন না জেফ্রি ভ্যান্ডারসে। মিড অফে সহজ ক্যাচ নিলেন তানজিম হাসান। 

৭ রান করতে ১৪ বল খেলে বিদায় নেন ভ্যান্ডারসে।

১৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ১০৩ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহিশ থিকশানা। ১৬ বলে ১৪ রানে অপরাজিত দাসুন শানাকা।

16 Jul 2025, 08:51 PM

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

১৭তম ওভারে প্রথম রিভিউ নিল বাংলাদেশ এবং বৃথাই গেল সেটি। মুস্তাফিজুর রহমানের শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি দাসুন শানাকা। হালকা আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

মুস্তাফিজ ও আশপাশের ফিল্ডারদের কথায় অনেকটা অনিচ্ছায়ই রিভিউ নেন লিটন কুমার দাস। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে লাগেনি বল। তাই বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত।

16 Jul 2025, 08:46 PM

১৬ ওভারে শ্রীলঙ্কার একশ

শরিফুল ইসলামের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন দাসুন শানাকা। একশ পূর্ণ হয়ে গেল শ্রীলঙ্কার। শতরান ছুঁতে ১৬তম ওভার পর্যন্ত খেলতে হলো তাদের।

১৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১০১ রান। শানাকা ১৩ বলে ১৩ ও জেফ্রি ভ্যান্ডারসে ১১ বলে ৬ রানে অপরাজিত।

16 Jul 2025, 08:35 PM

কামিন্দুকে ফেরালেন শামীম

শামীম হোসেনের স্টাম্পের ওপর করা ডেলিভারি রিভার্স সুইপের চেষ্টা করলেন কামিন্দু মেন্ডিস। মাঝ ব্যাটে বেশ জোরের ওপরই খেলতে পারলেন বাঁহাতি ব্যাটসম্যান। তবে ফিল্ডারকে পার করতে পারলেন না।

পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিয়ে কামিন্দুর বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন আগের ওভারেই তার কাছে ছক্কা-চার হজম করা তানজিম হাসান। ১৫ বলে ২১ রান করে ফেরেন কামিন্দু।

মাত্র ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে মহা বিপদে শ্রীলঙ্কা। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেফ্রি ভ্যান্ডারসে। ৭ বলে ৬ রানে খেলছেন দাসুন শানাকা।

১৩.১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৮৮ রান।

16 Jul 2025, 08:27 PM

মেহেদির ক্যারিয়ার সেরা বোলিং

একাদশে ফেরার ম্যাচটি দারুণভাবে রাঙালেন শেখ মেহেদি হাসান। চমৎকার বোলিংয়ে তিনি ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রানে নিলেন ৪ উইকেট। 

৫৮ ম্যাচের ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী অফ স্পিনার।

16 Jul 2025, 08:27 PM

নিসাঙ্কাকেও ফেরালেন মেহেদি

জাদুকরী বোলিং করে চলেছেন শেখ মেহেদি হাসান। নিজের স্পেলের ৪ ওভারেই একটি করে উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার। তার শেষ ওভারের শিকার লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। 

ফিরতি ক্যাচে নিসাঙ্কার বিদায়ঘণ্টা বাজান মেহেদি। ৪ চারে ৩৯ বলে ৪৬ রান করে ফেরেন তিন বার বেঁচে যাওয়া ওপেনার। এই ওভারে কোনো রানই দেননি মেহেদি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান দাসুন শানাকা তার সঙ্গী কামিন্দু মেন্ডিস।

১১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৬৬ রান।

16 Jul 2025, 08:21 PM

মাঝপথে ৪ উইকেটে ৬৬

আরও একবার অল্পের জন্য বেঁচে গেলেন পাথুম নিসাঙ্কা। দশম ওভারে রিশাদ হোসেনের বলে সামনে খেলার চেষ্টায় ক্রিজ থেকে বেরিয়ে যায় তার পেছনের পা। বল ধরেই বেলস ফেলে দেন লিটন কুমার দাস।

টিভি আম্পায়ারের কাছে স্টাম্পিংয়ের সিদ্ধান্ত গেলে রিপ্লেতে দেখা যায়, একদম অল্পের জন্য ক্রিজের ভেতরে পা ঢুকিয়ে ফেলেন নিসাঙ্কা। তাই ৪৫ রানে আবার বেঁচে যান লঙ্কান ওপেনার। এ নিয়ে তিনবার সুযোগ পেলেন তিনি।

নিসাঙ্কা টিকে থাকলেও অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাচ্ছেন না। তাই ইনিংসের মাঝপথে সুবিধায় নেই শ্রীলঙ্কা। ১০ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৬৬ রান।

নিসাঙ্কা ৩৬ বলে ৪৬ ও কামিন্দু মেন্ডিস ৬ বলে ৫ রানে অপরাজিত।

16 Jul 2025, 08:12 PM

মেহেদির তৃতীয় শিকার আসালাঙ্কা

একাদশে ফেরার ম্যাচে দুর্দান্ত বোলিং করছেন শেখ মেহেদি হাসান। তিন ওভারে তিন উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার। তার তৃতীয় শিকার চারিথ আসালাঙ্কা।

অফ স্টাম্প লাইনে পিচ করে সোজা যাওয়া ডেলিভারি আসালাঙ্কার রক্ষণ ফাঁকি দিয়ে স্টাম্প এলোমেলো করে দেয়। ৮ বলে ৩ রান করেন লঙ্কান অধিনায়ক।

৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৫১ রান। ২৮ বলে ৩৫ রানে অপরাজিত পাথুম নিসাঙ্কা। ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস।

16 Jul 2025, 08:04 PM

পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৪০

বাউন্ডারি হজম করে যাত্রা শুরু করলেও পাওয়ার প্লের বাকি সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে মাত্র ৪০ রান। 

প্রথম ওভারে কুসাল মেন্ডিসকে আউট করেন শরিফুল ইসলাম। পরের ওভারে শেখ মেহেদি হাসানের শিকার কুসাল পেরেরা। পঞ্চম ওভারে দ্বিতীয় ওভারে ফিরে দিনেশ চান্দিমালকে বিদায় করেন মেহেদি। 

ড্রেসিং রুমে ফিরতে পারতেন পাথুম নিসাঙ্কাও। প্রথমে অল্পের জন্য রান আউটের হাত থেকে বেঁচে যান তিনি। পরে ক্যাচ ছেড়ে দেন তানজিম হাসান।

নিসাঙ্কা ২২ বলে ২৮ ও চারিথ আসালাঙ্কা ৪ বলে ১ রানে অপরাজিত।

16 Jul 2025, 07:57 PM

চান্দিমালকে ফেরালেন মেহেদি

প্রান্ত বদলে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আবারও সাফল্য পেলেন শেখ মেহেদি হাসান। দীর্ঘ দিন পর ফেরার উপলক্ষ একদমই রাঙাতে পারলেন না দিনেশ চান্দিমাল।

মিড উইকেটে বড় শটের খোঁজে হাওয়ায় ভাসিয়ে দেন অভিজ্ঞ ব্যাটসম্যান। পয়েন্টে সহজ ক্যাচ নেন জাকের আলি। ৫ বলে ৪ রান করে ফেরেন চান্দিমাল।

ওভারে মাত্র ১ রান খরচ করেন মেহেদি।

৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। ১৭ বলে ২৩ রানে খেলছেন পাথুম নিসাঙ্কা।

16 Jul 2025, 07:48 PM

ক্যাচ ছাড়লেন তানজিম

পরপর তিন ওভারে তিন উইকেট পেতে পারত বাংলাদেশ। অল্পের জন্য কঠিন সুযোগটি নিতে পারলেন না তানজিম হাসান। 

শরিফুল ইসলামের ব্যাক অব লেংথ ডেলিভারি অন সাইডে বড় শট খেলার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন পাথুম নিসাঙ্কা। মিড অন থেকে ওয়াইড লং অনের দিকে দৌড়ে বলের নিচে গিয়ে নাগাল পেলেও হাতে রাখতে পারেননি তানজিম। ১৪ রানে বেঁচে যান নিসাঙ্কা।

এক বল পর অফ স্টাম্পের বাইরের বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ মতো দেন দিনেশ চান্দিমাল। বাম দিকে ঝাঁপিয়ে হাতে লাগালেও জমাতে পারেননি মুস্তাফিজুর রহমান। তানজিমের মতো এটিও ছিল বেশ কঠিন সুযোগ। 

৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৮ রান।

16 Jul 2025, 07:43 PM

কুসাল পেরেরা 'গোল্ডেন ডাক'

মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে ফিরে প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন শেখ মেহেদি হাসান। প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন কুসাল পেরেরা।

অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে স্লিপে থাকা তানজিদ হাসানের হাতে ক্যাচ দেন কুসাল পেরেরা।

ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রায় সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা দিনেশ চান্দিমাল। তার খেলা প্রথম বলে দুই রান নিতে গিয়ে নন স্ট্রাইক প্রান্তে রান আউট হতে পারতেন পাথুম নিসাঙ্কা। অল্পের জন্য বেঁচে যান লঙ্কান ওপেনার।

২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২১ রান।

16 Jul 2025, 07:12 PM

সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টিতে চান্দিমাল

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন দুইটি। ২০২২ সালের ফেব্রুয়ারির পর আবার টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন দিনেশ চান্দিমাল। এছাড়া একাদশে ফিরলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস।

তাদের সুযোগ করে দিতে বাদ পড়লেন আগের ম্যাচগুলোতে চার নম্বরে খেলা আভিশকা ফার্নান্দো ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা কারুনারাত্নে। অর্থাৎ স্পিন বিভাগে শক্তি বাড়াল শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

16 Jul 2025, 07:07 PM

শেষ ম্যাচে জোড়া পরিবর্তন বাংলাদেশের

দ্বিতীয় ম্যাচ জিতলেও নিজেদের একাদশে দুটি পরিবর্তন করল বাংলাদেশ। জায়গা হারালেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। 

তাদের জায়গায় 'লাইক ফর লাইক' বিকল্প হিসেবেই দলে এলেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

16 Jul 2025, 07:03 PM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেষ ম্যাচেও কয়েনভাগ্য পাশে পেলেন না লিটন কুমার দাস। পরপর তিন ম্যাচে টস জিতলেন চারিথ আসালাঙ্কা। তবে এবার সিদ্ধান্ত বদলালেন শ্রীলঙ্কা অধিনায়ক। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন তিনি।

সিরিজের আগের দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা।

16 Jul 2025, 06:41 PM

সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

হতাশার পরাজয়ে শুরু করা টি-টোয়েন্টি সিরিজে এখন বড় অর্জনের সম্ভাবনা বাংলাদেশের সামনে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়া জয়ের পর এবার সিরিজটি নিজেদের করে নেওয়ার সুযোগ লিটন কুমার দাসদের। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় ধরে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু সিরিজ নির্ধারণী ম্যাচ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বড় জয় পাওয়ায় প্রেরণার কমতি নেই বাংলাদেশের। শেষ ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই সিরিজের ট্রফি উঠবে তাদের হাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের সবশেষ দুই সিরিজও হেরেছে তারা। তাই ঘুরে দাঁড়াতে লঙ্কানদে বিপক্ষে সিরিজটি জেতার বিকল্প নেই তাদের।