২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি বিঘ্নিত দিনে ৩৪ রানে এগিয়ে বাংলাদেশ

আলোকস্বল্পতায় দিনের শেষ বেলায় বাংলাদেশ ব‍্যাট করতে পারল কেবল ১.৫ ওভার।

10 May 2026, 05:50 PM

বাংলাদেশের দারুণ দিন

১ উইকেটে ২১০ রানের দৃঢ় অবস্থানে ছিল পাকিস্তান। সেখান থেকে ২০ রানে ৪ উইকেট নিয়ে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ।

তাসকিন আহমেদের ‘নো’ বলের সৌজন‍্য সালমান আলি আগা বেঁচে যাওয়ায় বিপদ আরও বাড়েনি পাকিস্তানের। শূন‍্য রানে বেঁচে যাওয়া সালমানের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের ১১৯ রানের জুটিতে ৫ উইকেটে ৩৪৯ রানের ভালো অবস্থানে পৌঁছে যায় সফরকারীরা।

সেখান থেকে ৩৭ রানে পাকিস্তানের শেষ ৫ উইকেট নিয়ে ২৭ রানের ছোট্ট লিড নেয় বাংলাদেশ। এতে সবচেয়ে বড় ভূমিকা মেহেদী হাসান মিরাজের। ১০২ রানে তিনি নেন ৫ উইকেট।

লিড নেওয়ার পর বাংলাদেশের মূল চ‍্যালেঞ্জ ছিল নিরাপদে তৃতীয় দিনের শেষ বেলা কাটিয়ে দেওয়া। সেটা ঠিকঠাকই করতে পেরেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে বাংলাদেশ। জয় ব‍্যাট করছেন ২ রানে। এখনও রানের দেখা পাননি সাদমান।

৩৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পৌনে ১০টায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬

বাংলাদেশ ২য় ইনিংস: ১.৫ ওভারে ৭/০ (জয় ২*, সাদমান ০*; আফ্রিদি ১-০-২-০, আব্বাস ০.৫-০-০-০)

10 May 2026, 05:42 PM

আলোকস্বল্পতায় খেলা বন্ধ

পর্যাপ্ত আলো থাকলে সোয়া ৬টা পর্যন্ত খেলা হতে পারে। কিন্তু আলোকস্বল্পতায় সাড়ে ৫টায় বন্ধ হয়ে গেল।

মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে আসায় পাকিস্তানের খেলোয়াড়রা আলোকস্বল্পতার কথা মানতেই চাইছিলেন না। লম্বা সময় ধরে শান মাসুদ, শাহিন শাহ আফ্রিদিরা তাদের সঙ্গে কথা চালিয়ে দেন।

আম্পায়াররা লাইট মিটার বের করে পরীক্ষা করে নেন।

১.৫ ওভারে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের রান বিনা উইকেটে ৭। লিড এখন ৩৪ রান।

10 May 2026, 05:14 PM

বাংলাদেশের ২৭ রানের লিড

অভিষেকে সেঞ্চুরি করলেন আজান আওয়াইজ, পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন আব্দুল্লাহ ফাজাল, সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান। শতরানের জুটি হলো তিনটি। তবুও প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিল বাংলাদেশ।

হাসান আলিকে বোল্ড করে পাকিস্তানের প্রথম ইনিংসের ইতি টানলেন তাইজুল ইসলাম। ১০০.৩ ওভারে সফরকারীরা থামল ৩৮৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান।

স্বাগতিকদের লিড নেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা মেহেদী হাসান মিরাজের। এই অফ স্পিনার ক‍্যারিয়ারে চতুর্দশবার নিয়েছেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ও তাসকিন আহমেদ। অন‍্য উইকেটটি নিয়েছেন নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩

পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ১৭৯/১) ১০০.৩ ওভারে ৩৮৬ (আজান ১০৩, ফাজাল ৬০, মাসুদ ৯, শাকিল ০, সালমান ৫৮, রিজওয়ান ৫৯, নোমান ২, আফ্রিদি ১৩, হাসান ৬, আব্বাস ৬*; তাসকিন ১৮-১-৭০-২, ইবাদত ১২-২-৫৪-০, নাহিদ ২১-২-১০৪-১, মিরাজ ৩৮-৫-১০২-৫, তাইজুল ১১.৩-০-৪৬-২)

10 May 2026, 05:07 PM

আফ্রিদিকে ফিরিয়ে মিরাজের ৫

এক প্রান্তে দুর্দান্ত বোলিং করছেন নাহিদ রানা। তবে উইকেট পাচ্ছেন না গতিময় এই পেসার। আরেক প্রান্তে ভালো করছেন মেহেদী হাসান। ক‍্যারিয়ারে চতুর্দশবার তিনি নিয়েছেন পাঁচ উইকেট।

মিরাজের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে আগেভাগে শট খেলে ফেলেন শাহিন শাহ আফ্রিদি। সহজ ক‍্যাচ যায় শর্ট কাভারে, মুমিনুল হকের হাতে।

১৭ বলে দুই চারে ১৩ রান করেন আফ্রিদি।

১০০ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ৩৮০। ক্রিজে হাসান আলির সঙ্গী মোহাম্মদ আব্বাস।

10 May 2026, 04:58 PM

নোমানকে ফেরালেন মিরাজ

Image

উইকেটে ধীরে ধীরে বোলারদের জন‍্য সুবিধা বাড়ছে। টার্ন ও বাউন্স পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নোমান আলিকে ফিরিয়েছেন তিনিই।

অফ স্টাম্পের স্পিন করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব‍্যাট চালিয়ে দেন নোমান। ব‍্যাটের কানায় লেগে দ্রুত যায়  স্লিপে। কিপার লিটন দাসের জন‍্য পুরোপুরি দেখতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তবুও চমৎকার স্লিপে ক‍্যাচ মুঠোয় নেন বাংলাদেশ অধিনায়ক।

২৯ বলে ২ রান করেন  নোমান।

৯৮ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ৩৭২। ক্রিজে শাহিন শাহ আফ্রিদির সঙ্গী হাসান আলি।

10 May 2026, 04:36 PM

সালমানের প্রতিরোধ ভাঙলেন নাহিদ

খেলা শুরু হওয়ার পর বেশিক্ষণ টিকলেন না সালমান আলি আগা। চমৎকার ডেলিভারিতে তাকে ফিরিয়ে দিলেন নাহিদ রানা।

গতিময় পেসারের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন সালমান। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে স্লিপ, নাজমুল হোসেন শান্তর হাতে।

৯৪ বলে এক ছক্কা ও ছয় চারে ৫৮ রান করেন সালমান।

৯৩ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩৬৬। ক্রিজে নোমান আলির সঙ্গী শাহিন শাহ আফ্রিদি।

10 May 2026, 04:12 PM

সোয়া চারটায় খেলা শুরু

মাঠ প্রস্তুতের কাজ প্রায় শেষ দিকে। বেলা সোয়া চারটায় শুরু হবে তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা।

বৃষ্টির জন‍্য সোয়া ২টায় বন্ধ হয়েছিল খেলা। এর মাঝে ২০ মিনিট ছিল চা-বিরতি। 

আলো থাকলে তৃতীয় দিন সোয়া ৬টা পর্যন্ত চলতে পারে খেলা। চতুর্থ দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, পৌনে ১০টায়।

মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর লিড নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের। মূল বাধা হতে পারেন শূন‍্য রানে বেঁচে সালমান আলি আগা। তাসকিন আহমেদের 'নো' বলের জন‍্য টিকে যাওয়ার পর সাবলীল ব‍্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। ক্রিজে সালমানের সঙ্গী এখন নোমান আলি।

10 May 2026, 03:42 PM

বৃষ্টি থেমেছে মিরপুরে

দ্বিতীয় সেশনের শেষ দিকে শুরু হওয়া বৃষ্টিতে তৃতীয় সেশনের শুরুতে খেলা শুরু করা যায়নি। তবে মাঠে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি জানিয়েছেন, বৃষ্টি থামার পর রোদ উঠেছে মিরপুরে।

সরানো হচ্ছে কাভার। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব‍্যবস্থা দুর্দান্ত। দ্রুতই খেলা শুরু সম্ভব হতে পারে।

চারটায় মাঠ পর্যবেক্ষণ দুই আম্পায়ার। 

10 May 2026, 02:22 PM

রিজওয়ানের পাগলাটে শটের পর বৃষ্টির বাগড়া

Image

তাইজুল ইসলাম আক্রমণে আসতেই অতি আগ্রাসী হয়ে গেলেন মোহাম্মদ রিজওয়ান। অনেক উপরে বল তুলে দিলেও বেঁচে গেলেন ফিল্ডার ধারেকাছে না থাকায়। পরেরবার মিড অফে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে তাকে বিদায় করলেন মাহমুদুল হাসান জয়।

অনেকটা বেরিয়ে এসে মিড অফের উপর দিয়ে বল পাঠাতে চেয়েছিলেন রিজওয়ান। ঠিকঠাক শট খেলতে পারেননি তিনি। বল উঠে যায় উপরে। জয়ের ক‍্যাচে ভাঙে ১৫৭ বল স্থায়ী ১১৯ রানের জুটি।

এরপরই নামে বৃষ্টি, বন্ধ হয়ে যায় খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে, তবে আকাশ ঘন কালো মেঘে ঢাকা। দুপুরে যেন সন্ধ‍্যা নেমে এসেছে মিরপুরে। অন্ধকার হয়ে গেছে চারপাশ।

৮৯.৪ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ৩৪৯।

10 May 2026, 02:04 PM

রিজওয়ানেরও পঞ্চাশ

সালমান আলি আগার পর পঞ্চাশ স্পর্শ করলেন মোহাম্মদ রিওয়ান, ৬৮ বলে।

নাহিদ রানার ওভারে তিনটি চার আসে রিজওয়ানের ব‍্যাট থেকে। দ্বিতীয় চারে এই কিপার-ব‍্যাটসম‍্যানের রান যায় পঞ্চাশে। ম‍্যাচে পাকিস্তানের চতুর্থ ব‍্যাটসম‍্যান হিসেবে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন রিজওয়ান।

৮৭ ওভারে ৫ উইকেটে পাকিস্তানের রান ৩৪৪।

10 May 2026, 02:00 PM

সালমানের পঞ্চাশ, জুটির একশ

আউট হতে পারতেন শূন‍্য রানে। বেঁচে গেলেন তাসকিন আহমেদের ‘নো’ বলের সৌজন‍্যে। এরপর থেকে বাংলাদেশকে ভোগাচ্ছেন সালমান আলি আগা।

তাসকিনের ওভারে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেছেন সালমান, ৭৮ বলে।

মেহেদী হাসান মিরাজের পরের ওভারে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে সালমানের জুটি স্পর্শ করেছে একশ, ১৩৪ বলে। ইনিংসে এটি পাকিস্তানের তৃতীয় শতরানের জুটি।

৮৬ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩৩১। ৮৩ বলে ৫২ রানে খেলছেন সালমান। ৬৪ বলে ৪৪ রানে ব‍্যাট করছেন রিজওয়ান।

10 May 2026, 01:26 PM

দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ

৮১তম ওভারে দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার জমে যাওয়া জুটি ভাঙতে তাসকিন আহমেদকে আক্রমণে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৮১ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩০৮।

10 May 2026, 01:04 PM

সালমান-রিজওয়ানের জুটিতে পঞ্চাশ

যে জুটি ভাঙতে পারত শুরুতেই, সেটা স্পর্শ করল পঞ্চাশ, ৭২ বলে। প্রথম সেশনে চার উইকেট হারানো পাকিস্তানকে টানছেন দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা।

ষষ্ঠ উইকেটে রিজওয়ান ও সালমানের দৃঢ়তায় ব‍্যবধান কমিয়ে আনছে পাকিস্তান। রানের জন‍্য ঝুঁকি নিচ্ছেন দুই ব‍্যাটসম‍্যান। কিন্তু এখনও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

৭৬ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ২৮৭। ২৬ রানে ব‍্যাট করছেন শূন‍্য রানে বেঁচে যাওয়া সালমান। ৩০ রানে খেলছেন কিপার-ব‍্যাটসম‍্যান রিজওয়ান।

10 May 2026, 12:11 PM

৪ উইকেটের সেশনে

প্রথম সেশনে চার উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভালো সেশন হতে পারত আরও ভালো। তাসকিন আহমেদ ‘নো’ বল না করলে উইকেট হতে পারত পাঁচটি।

তৃতীয় দিনের লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের রান ৫ উইকেটে ২৫১। শূন‍্য রানে বেঁচে যাওয়া সালমান আলি আগা খেলছেন ১২ রানে। ৮ রানে ব‍্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান।

এদিনের দুটিসহ তিনটি উইকেট নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। সাউদ শাকিলের পর অভিষেকে পঞ্চাশ ছোঁয়া আব্দুল্লাহ ফারাজকে ফিরিয়েছেন তিনি।

প্রথম ঘণ্টায় দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। অভিষেকে সেঞ্চুরি করা আজান আওইয়াজের পর ফিরিয়েছেন অধিনায়ক শান মাসুদকে।

বাংলাদেশ এখনও ১৬২ রানে এগিয়ে।

10 May 2026, 11:39 AM

তাসকিনের ‘নো’ বলে বাঁচলেন সালমান

দারুণ বোলিং করা তাসকিন আহমেদ পেতে পারতেন আরেকটি উইকেট। কিন্তু তার ‘নো’ বলের জন‍্য বেঁচে গেলেন সালমান আলি আগা।

অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি সালমান। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

উইকেট উদযাপনে মেতে উঠে বাংলাদেশ। কিন্তু তৃতীয় আম্পায়ার জানান ‘নো’ বল করেছেন তাসকিন।

সে সময় শূন‍্য রানে ছিলেন সালমান।

৬৫ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ২৩৭।

10 May 2026, 11:34 AM

ফাজালের প্রতিরোধ ভাঙলেন মিরাজ

দারুণ বোলিং করে যাওয়া মেহেদী হাসান মিরাজ পেলেন আরেকটি উইকেট। বড় শট খেলার চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন অভিষিক্ত টপ অর্ডার ব‍্যাটসম‍্যান আব্দুল্লাহ ফাজাল।

রানের গতি বেশ কমে গেছে। আঁটসাঁট বোলিংয়ে চাপে পড়ে যাওয় ফাজাল একবার এগিয়ে গিয়ে ছক্কা মেরেছিলেন মিরাজের বলে।

আবারও সেই চেষ্টা করতে গিয়ে পার করতে পারলেন না মিড অনের ফিল্ডারকে। সহজ ক‍্যাচ নিলেন তাইজুল ইসলাম।

১২০ বলে সাত চারে ৬০ রান করে ফিরলেন ফাজাল।

ওভারের শেষ বলে সুইপ করতে গিয়ে বিপদ প্রায় ডেকেই এনেছিলেন নতুন ব‍্যাটসম‍্যান মোহাম্মদ রিজওয়ান।

৬৪ ওভারে পাকিস্তানের রানের ৫ উইকেটে ২৩০। ক্রিজে রিজওয়ানের সঙ্গী সালমান আলি আগা।

10 May 2026, 11:15 AM

শাকিলকে শূন‍্যতেই থামলেন মিরাজ

এক বল আগে একটুর জন‍্য বেঁচে গেলেন সাউদ শাকিল। চাপ অনুভব করছিলেন হয়তো বাঁহাতি এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। সুইপ করে চার দিয়ে সরিয়ে দিতে চেয়েছিলেন চাপ। সেটাই ডেকে আনল বিপদ।

মেহেদী হাসান মিরাজের আগের তিন বল বেশ পরীক্ষা নেয় শাকিলের। এবার সুইপ করতে গিয়ে মিস করলেন বলের লাইন। কিছুটা সময় নিয়ে জোরাল আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।

আব্দুল্লাহ ফাজালের সঙ্গে কথা বলে রিভিউ নিলেন শাকিল। কাজ হল না, বরং পাকিস্তান হারাল দ্বিতীয় রিভিউ। বাকি থাকল কেবল একটি।

৬০ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ২২৭। ক্রিজে ফাজালের সঙ্গী সালমান আলি আগা। এমনিতে ছয়ে নামেন মোহাম্মদ রিজওয়ান। এদিন কিপার-ব‍্যাটসম‍্যানের আগে ব‍্যাটিংয়ে এলেন সালমান।

10 May 2026, 11:06 AM

মাসুদকে দ্রুত ফেরালেন তাসকিন

Image

তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় তাসকিন আহমেদের হাত ধরে এলো দুটি উইকেট। আজন আওয়াইজের পর শান মাসুদকে হারাল পাকিস্তান।

তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে শট নিচে রাখতে পারেননি মাসুদ। শর্ট পয়েন্টে ডাইভ দিয়ে চমৎকার নিচু ক‍্যাচ নেন সাদমান ইসলাম।

১৭ বলে ৯ রান করেন মাসুদ।

৫৯ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ২২৬। ক্রিজে আব্দুল্লাহ ফাজালের সঙ্গী সাউদ শাকিল।

10 May 2026, 10:53 AM

অভিষেকে ফাজালের পঞ্চাশ

সাদমান ইসলামের হাতে আগের দিন জীবন পাওয়া আব্দুল্লাহ ফাজাল ভোগাচ্ছেন বাংলাদেশকে। টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যান ছুঁয়েছেন পঞ্চাশ, ১০২ বলে।

তাসকিন আহমেদের একটি বলে স্লিপে ক‍্যাচের মতো দিয়েছিলেন ফাজাল। কিন্তু না কিপার লিটন দাস, না স্লিপের ফিল্ডার বল ধরার চেষ্টা করেন।

এ ছাড়া সাবলীল ব‍্যাটিংই করছেন ফাজাল। তাসকিনের বলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেছেন পঞ্চাশ।

৫৭ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ২২০।

10 May 2026, 10:44 AM

আজানকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন তাসকিন

অভিষেকে দারুণ ব‍্যাটিংয়ে সেঞ্চুরি করা আজান আওয়াইজকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন তাসকিন আহমেদ।

অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন আজান। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। দ্রুত গতিতে আসা বল প্রথম স্লিপে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ১৯৮ বল স্থায়ী ১০৪ রানের জুটি।

টেস্টে নিজের প্রথম ইনিংসে ১৪ চারে ১৬৫ বলে ১০৩ রান করেন আজান।

টেস্টে তিনি তাসকিনের পঞ্চাশতম শিকার। বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে পঞ্চাশ উইকেট নিলেন তাসকিন। প্রথম দুই জন হলেন মাশরাফি বিন মুর্তজা (২০০৬ সালে) ও শাহাদাত হোসেন (২০০৯) সালে।

৫৫ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ২১১। ক্রিজে আব্দুল্লাহ ফাজালের সঙ্গী অধিনায়ক শান মাসুদ।

10 May 2026, 10:28 AM

অভিষেকে আজানের সেঞ্চুরি

Image

খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আজান আওয়াইজের। দিনের শুরুর দিকেই তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন বাঁহাতি এই ওপেনার।

নাহিদ রানার ওভারে সিঙ্গেল নিয়ে ১৫৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আজান। পাকিস্তানের চতুর্দশ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটার আজান।

নাহিদের এই ওভারে একটি চার রানও পান আজান। টাইমিং হয়নি, স্লিপ ও গালির মাঝ দিয়ে বল বেরিয়ে যায় সীমানায়। এছাড়া মোটামুটি সাবলীল ব‍্যাটই করছেন তিনি।

আরেক অভিষিক্ত ক্রিকেটার আব্দুল্লাহ ফাজালও সাবলীল ব‍্যাটিংয়েই এগোচ্ছেন।

৫১ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ২০০। ১৪ চারে ১৫৩ বলে ১০০ রানে ব‍্যাট করছেন আজান। ছয় চারে ৮৯ বলে ৪২ রানে খেলছেন ফাজাল।

10 May 2026, 09:48 AM

লিড নেওয়ার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

ব‍্যাটিংয়ে ৫০ রান কম হয়েছে, পরে বোলিংও ভালো হয়নি- তাতে মিরপুর টেস্টে লাগাম হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিন ঘুরে দাঁড়াতে লাইন ও লেংথে ধারাবাহিক হওয়ার কোনো বিকল্প নেই্ সেটি করতে পারলে প্রথম ইনিংসে লিড নেওয়াও সম্ভব হতে পারে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়। 

১ উইকেটে ১৭৯ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবে পাকিস্তান। এখনও ২৩৪ রানে পিছিয়ে তারা।

১৩৩ বলে ১২ চারে ৮৫ রানে ব‍্যাট করছেন আজান আওয়াইজ। আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফাজাল ৭৮ বলে ছয় চারে খেলছেন ৩৭ রানে।

দ্বিতীয় দিন এলোমেলো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে ব‍্যর্থতাও ভুগিয়েছে বাংলাদেশকে। সেদিন দুটি ক‍্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। স্লিপে ইমাম-উল-হাকের ক‍্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। পরে স্লিপেই ফাজালকে জীবন দেন সাদমান ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩

পাকিস্তান ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৯/১ (আজান ৮৫*, ইমাম ৪৫, ফাজাল ৩৭*; তাসকিন ৮-০-৪০-০, ইবাদত ৮-১-৩৮-০, নাহিদ ৯-১-৪৭-০, মিরাজ ১৬-২-৩৭-১, তাইজুল ৫-০-১২-০)

লাইভ ব্লগে স্বাগত

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।