15 Jul 2026, 08:10 PM
লাইভ ব্লগের সমাপ্তি
বুলাওয়ায়োতে প্রথম টি-টোয়েন্টি নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
15 Jul 2026, 08:09 PM
৩২ রানের হার
স্রেফ দুই জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। এই দুইজনই গুঁড়িয়ে দিলেন বাংলাদেশ।
রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির চমৎকার বোলিংয়ে এক ওভার বাকি থাকতেই ১৩৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ।
দুই পেসার নিয়েছেন চারটি করে উইকেট। এনগারাভা দিয়েছেন ২৬ রান, মুজারাবানি কেবল ১৭!
১৯তম ওভারে বড় শট খেলার চেষ্টায় ক্যাচ দেন নাসুম আহেমদ। (৩ বলে ২)। ওই ওভারের শেষ বলে নাহিদ রানাকে বোল্ড করে দেন মুজারাবানি। জিম্বাবুয়ে পায় ৩২ রানের জয়।
ইয়াসির আলি চৌধুরি ছাড়া বাংলাদেশের আর কেউ ২০ রানও করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৭০/৬ (বেনেট ৪৪, মারুমানি ১৪, মেয়ার্স ২০, রাজা ২০, বার্ল ৩০*, শুম্বা ১১, মুসেকিয়া ০, ইভান্স ১৯* ; তাসকিন ৪-০-২২-০, নাসুম ৩-০-৩২-০, মেহেদি ৪-০-৪১-০, নাহিদ ৪-০-২৬-৪, সাইফ উদ্দিন ৪-০-৩৫-২, সাইফ হাসান ১-০-১০-০)
বাংলাদেশ: ১৯ ওভারে ১৩৮ (সাইফ হাসান ১২, তানজিদ ১৬, পারভেজ ৫, হৃদয় ১৪, ইয়াসির ৫৪, সোহান ৩, মেহেদি ১৯, সাইফ উদ্দিন ১, নাসুম ২, তাসকিন ৪*, নাহিদ ০; রাজা ৪-০-৩৩-০, এনগারাভা ৪-০-২৬-৪, মুজারাবানি ৪-০-১৭-৪, বার্ল ২-০-২০-০, ইভান্স ৩-০-২২-০, মেয়ার্স ১-০-১৪-০, শুম্বা ১-০-৪-১)
15 Jul 2026, 07:58 PM
এনগারাভার জোড়া আঘাত
পরিস্থিতির দাবি বড় শট। সেই দাবি মেটাতে গিয়ে রিচার্ড এনগারাভার ওভারে ক্যাচ দিয়ে ফিরলেন ইয়াসির আলি চৌধুরি ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
অফ স্টাম্পের বাইরের বলে ব্র্যাড ইভান্সের হাতে ধরা পড়েন ইয়াসির। ৩৮ বলে দুই চার ও তিন ছক্কায় ৫৪ রান করেন তিনি।
ওভারের পঞ্চম বলে সীমানায় মিল্টন শুম্বার হাতে ধরা পড়েন সাইফ উদ্দিন। ৪ বলে তিনি করেন ১ রান।
১৮ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৩৮। ক্রিজে নাসুম আহমেদের সঙ্গী তাসকিন আহমেদ।
15 Jul 2026, 07:52 PM
ছক্কার চেষ্টায় থামলেন মেহেদি
আগের বলে আউট হতে পারতেন শেখ মেহেদি হাসান। কিন্তু সীমানায় ক্যাচ নিতে পারেননি রিচার্ড এনগারাভা। উল্টো বাউন্ডারি পেয়ে যান ব্যাটসম্যান।
তাতে ৩৬ বলে পঞ্চাশ স্পর্শ করে জুটির রান। পরের বলে আরেকটি বড় শটের চেষ্টায় মিড অফে সিকান্দার রাজার হাতে ধরা পড়েন মেহেদি। ভাঙে ৩৭ বল স্থায়ী ৫২ রানের জুটি।
১৮ বলে তিন চারে ১৯ রান করেন মেহেদি।
১৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩০। ক্রিজে ইয়াসির আলির সঙ্গী মোহাম্মদ সাইফ উদ্দিন।
15 Jul 2026, 07:47 PM
৩৩ বলে ইয়াসিরের পঞ্চাশ
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম কেবল ইয়াসির আলি চৌধুরি। একার চেষ্টায় দলকে লড়াইয়ে রেখেছেন তিনি।
৩৩ বলে পঞ্চাশ ছুঁয়েছেন দলে ফেরা এই মিডল অর্ডার ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম পঞ্চাশ।
১৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১৩। ৫২ রানে খেলছেন ইয়াসির। ১১ বলে ৫ রানে খেলছেন শেখ মেহেদি হাসান।
15 Jul 2026, 07:30 PM
অহেতুক রান আউট সোহান
রান নেওয়ার কোনো সুযোগই ছিল না। তবুও ঝুঁকি নিলেন নুরুল হাসান সোহান। এর মাশুল দিলেন তিনি নিজের উইকেট বিলিয়ে।
বোলার সিকান্দার রাজার কাছাকাছি বল পাঠিয়ে রানের জন্য ছুটেন সোহান। একটু সরে গিয়ে আন্ডার আর্ম থ্রোয়ে বেলস ফেলে দেন রাজা। বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট।
৪ বলে ৩ রান করেন সোহান।
১১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭৯। ক্রিজে ইয়াসির আলি চৌধুরির সঙ্গী শেখ মেহেদি হাসান।
15 Jul 2026, 07:30 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন হৃদয়
সবে জমে উঠছিল জুটি, বাড়ছিল রান। এই সময়ে ঝুঁকি নিলেন তাওহিদ হৃদয়। কাজে এলো না তার শট। উল্টো বিদায় নিলেন সীমানায় ক্যাচ দিয়ে।
বাঁহাতি স্পিনার মিল্টন শুম্বার বলে স্লগ সুইপ করে ডিপ মিডউইকেটে ধরা পড়েন হৃদয়। ভাঙে ২৯ বল স্থায়ী ৩৯ রানের জুটি।
১৩ বলে এক চারে ১৪ রান করেন হৃদয়।
১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭৬। ক্রিজে ইয়াসির আলি চৌধুরির সঙ্গী নুরুল হাসান সোহান।
15 Jul 2026, 07:21 PM
টিকলেন না পারভেজ
দুই ওপেনারের দ্রু বিদায়ের পর ফিরে গেলেন পারভেজ হোসেন। ব্লেসিং মুজারাবানির বলে বড় শটের চেষ্টায় সিকান্দার রাজার হাতে ধরা পড়লেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
৫ বলে এক চারে ৫ রান করেন পারভেজ।
৪.৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী ইয়াসির আলি চৌধুরি।
15 Jul 2026, 06:51 PM
এনগারাভার জোড়া আঘাত
চতুর্থ ওভারে ফিরে গেলেন সাইফ হাসান ও তানজিদ হাসান। বড় রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ।
দুই ওপেনারের কেউ এনগারাভার বাড়তি বাউন্স ঠিকঠাক সামলাতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বলে পুল করেন সাইফ। ব্যাটের নিচের কানায় লেগে যায় উইকেটের পেছনে। ঝাঁপিয়ে ক্যাচ নেন কিপার টাডিওনাশে মারুমানি।
১৫ বলে দুই চারে ১২ রান করেন সাইফ।
দুই বল পর পুল করতে গিয়ে ধরা পড়েন তানজিদ। ঠিকঠাক শর্ট খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। গ্লাভসে লেগে সহজ ক্যাচ যায় কিপারের কাছে।
৮ বলে তিন চারে ১৬ রান করেন তানজিদ।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩০। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী তাওহিদ হৃদয়।
15 Jul 2026, 06:23 PM
জয়ের জন্য ১৭১ রান চাই বাংলাদেশের
প্রথম তিন ওভারে কেবল চার রান নেওয়া নাহিদ রানা শেষ ওভারে হলেন খরুচে। চারটি চারে ১৮ রান দিলেন তিনি। তাতে মোটামুটি বড় লক্ষ্য দিতে পারল জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৭০ রান করেছে জিম্বাবুয়ে।
শুরুতে ঝড়ো ব্যাটিং করেন ব্রায়ান বেনেট। শেষে পাল্টা আক্রমণ করেন ইভান্স। মাঝে টুকটাক অবদান রাখেন রায়ান বার্ল, সিকান্দার রাজা।
২৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন বার্ল। ১০ বলে চার চারে ১৯ রানে অপরাজিত থাকেন ইভান্স।
২৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার নাহিদ রানা।
15 Jul 2026, 06:06 PM
নাহিদের জোড়া আঘাত
আক্রমণে ফিরে এবার পরপর দুই বলে দুটি উইকেট নিলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের বলে ক্যাচ দিলেন মিল্টন শুম্বা ও তাশিঙ্গা মুসেকিয়া।
স্কুপ করে বাউন্ডারির আশায় ছিলেন শুম্বা। কিন্তু তাসকিন আহমেদকে পার করতে পারেননি তিনি। শর্ট ফাইন লেগে চমৎকার ক্যাচ নেন তাসকিন।
১৩ বলে এক চারে ১১ রান করেন শুম্বা।
পরের বলে ছক্কার চেষ্টায় লং অনে সাইফ হাসানের হাতে ধরা পড়েন মুসেকিয়া। গোল্ডের ডাকের তেতো স্বাদ পান তিনি।
নাহিদের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন ব্র্যাড ইভান্স। ওভারের শেষ বলে বাউন্ডারি পান রায়ান বার্ল।
15 Jul 2026, 05:45 PM
রাজাকে বিদায় করলেন সাইফ
ওভারের প্রথম বলে হজম করলেন ছক্কা, একটু পর চার। শেষ পর্যন্ত হাসিমুখেই ওভার শেষ করতে পারলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডার পেলেন সিকান্দার রাজার উইকেট।
অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলার চেষ্টায় সফল হননি রাজা। স্লোয়ার বলে টাইমিং করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক। লং অফে ক্যাচ নেন তাওহিদ হৃদয়। ভাঙে ১৮ বল স্থায়ী ২৬ রানের জুটি।
১৩ বলে এক ছয় ও দুই চারে ২০ রান করেন রাজা।
১৪ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১১৮। ক্রিজে রায়ান বার্লের সঙ্গী মিল্টন শুম্বা।
15 Jul 2026, 05:33 PM
বেনেটকে থামালেন নাহিদ
আক্রমণে ফিরে আরেকটি উইকেট পেলেন নাহিদ রানা। তাকে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়লেন ব্রায়ান বেনেট।
জিম্বাবুয়ের রানের চাকা সচল রেখেছিলেন এই ওপেনার। ছক্কায় পঞ্চাশ ছুঁতে চেয়েছিলেন তিনি। কিন্তু অফ স্টাম্পের বাইরের শর্ট বলে টাইমিং করতে পারেননি তিনি। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ নেন তানজিদ হাসান।
৩০ বলে এক ছয় ও ছয় চারে ৪৪ রান করেন বেনেট।
১১ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ৯১। ক্রিজে সিকান্দার রাজার সঙ্গী রায়ান বার্ল।
15 Jul 2026, 05:20 PM
উইকেট পেলেন সাইফ
নাহিদ রানার মতোই, শর্ট বলে সাফল্য পেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তাকে ছক্কায় ওড়ানোরে চেষ্টায় সীমানয় ধরা পড়লেন ডিওন মেয়ার্স।
পুল করলেও টাইমিং করতে পারেননি মেয়ার্স। ডিপ মিডউইকেটে জায়গা থেকে একটুও সরতে হয়নি বদলি ফিল্ডার রিশাদ হোসেনের। আস্থার সঙ্গে ক্যাচ নেন তিনি। ভাঙে ৩২ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
২০ বলে এক চারে ২০ রান করেন মেয়ার্স।
৯ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৭৬। ক্রিজে ব্রায়ান বেনেটের সঙ্গী সিকান্দার রাজা।
15 Jul 2026, 05:02 PM
পাওয়ার প্লেতে জিম্বাবুয়ের ঝড়
নাহিদ রানার ওভারে কেবল রান আসেনি। এর বাইরে প্রতি ওভারে অন্তত আট রান এসেছে। সব মিলিয়ে পাওয়ার প্লেতে ভালো করেছে জিম্বাবুয়ে।
৬ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৫৪।
১৯ বলে এক ছয় ও পাঁচ চারে ৩৫ রানে খেলছেন ব্রায়ান বেনেট। ৮ বলে ৪ রানে খেলছেন ডিওন মেয়ার্স।
15 Jul 2026, 04:58 PM
দ্রুত এগোনো জুটি ভাঙলেন নাহিদ
চতুর্থ ওভারে আক্রমণে এসে দারুণ বোলিং করলেন নাহিদ রানা। ওয়াইড থেকে কেবল একটি রান দিলেন গতিময় এই পেসার। সঙ্গে ভাঙলেন জিম্বাবুয়ের দ্রুত এগোনো উদ্বোধনী জুটি।
শর্ট বলে টাইমিং করতে পারেননি টাডিওয়ানাশে মারুমানি। ডিপ স্কয়ার লেগে সামনের দিকে দৌড়ে ক্যাচ নেন সাইফ হাসান। ভাঙে ২১ বল স্থায়ী ৩৭ রানের জুটি।
৯ বলে দুই ছয়ে ১৪ রান করেন মারুমানি।
৪ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৩৭। ক্রিজে ব্রায়ান বেনেটর সঙ্গী ডিওন মেয়ার্স।
15 Jul 2026, 04:48 PM
জিম্বাবুয়ের উড়ন্ত শুরু
টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে জিম্বাবুয়ে। প্রথম তিন ওভারে তারা করেছে ৩৬ রান।
একটি করে ওভার করেছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। রান দিয়েছেন তিনজনই।
তাসিকন প্রথম ওভারে দিয়েছেন ৯ রান। পরের ওভারে একটি করে ছক্কা ও চারে নাসুম দিয়েছেন ১২ রান।
সবচেয়ে খরুচে ছিলেন শেখ মেহেদি হাসান। দুই ছক্কায় তিনি দিয়েছেন ১৫ রান।
15 Jul 2026, 04:26 PM
জিম্বাবুয়ে একাদশ দুই বিশেষজ্ঞ বোলার
স্রেফ দুই জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজাসহ দলে আছেন বেশ কয়েকজন অলরাউন্ডার।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানাশে মারুমানি, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
15 Jul 2026, 04:20 PM
বাংলাদেশ একাদশে দুই স্পিনার
দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানকে নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
কিপিং করবেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
15 Jul 2026, 04:09 PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। তিনি নিলেন ফিল্ডিং।
হেরেও চাওয়া পূরণ হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিতেন ব্যাটিং।
15 Jul 2026, 04:06 PM
খর্ব শক্তির বাংলাদেশের কঠিন পরীক্ষা
জিম্বাবুয়ে সফর ভালো কাটছে না বাংলাদেশের। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এবার টি-টোয়েন্টির পরীক্ষায় স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে প্রথম ম্যাচ।
এই সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলবেন না চোটের জন্য। নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।
সিরিজ জয়ের কথা অবশ্য এখনই সরাসরি বলছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান সামনে।
“অবশ্যই, এটার (সিরিজ জয়) একটা প্রসেস আছে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই সবচেয়ে ভালো অপশন হবে। আগামীকাল (বুধবার) যে ম্যাচটা আছে, এখানে ফোকাস করতে চাই। সেই নির্দিষ্ট দিনে যদি ভালো করতে পারি…।”
15 Jul 2026, 03:55 PM
লাইভ ব্লগে স্বাগত
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।