২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরিফুলের ৬ উইকেটে অবিশ্বাস‍্য জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট নিয়ে ম‍্যাচে রোমাঞ্চ ফেরালেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারল না স্বাগতিকরা।

14 Jun 2026, 07:55 PM

লাইভ ব্লগের সমাপ্তি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

14 Jun 2026, 07:50 PM

রুদ্ধশ্বাস লড়াইয়ে ১ উইকেটের হার

অবিশ্বাস‍্য এক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ তাসকিন আহমেদের করা শেষ ওভারে অ‍্যাডাম জ‍্যাম্পার বাউন্ডারি হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া।

১৪৯ রানের চমৎকার ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক কুপার কনোলি। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে দারুণ চেষ্টা করলেও দলকে জেতাতে পারলেন না শরিফুল ইসলাম।

শেষ দিকে দুটি ক‍্যাচ হাতছাড়া করারও চড়া মাশুল দিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে হারল ১ উইকেটে।

বাংলাদেশের ২৭৪ রান ৩ বল বাকি থাকতে পেরিয়ে গেল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৪/৪ (সৌম‍্য ২, তানজিদ ১৯, শান্ত ২৪, লিটন ৫৮*, হৃদয় ৮৩, মোসাদ্দেক ৫৬*, মেহেদি ৩; বার্টলেট ৮-০-৪৭-২, মেরেডিথ ৭-০-৪১-০, ডোয়ার্শাস ৮-০-৫৫-১, গ্রিন ৬-২-১৮-০, রেনশ ৯-০-৪৪-২, জ‍্যাম্পা ১০-০-৪৮-০, লাবুশেন ২-০-১০-০)

অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৭৭/৯ (কনোলি ১৪৯, ইংলিস ২১, রেনশ ০, কেয়ারি ৮, লাবুশেন ২৯, গ্রিন ২৭, পিক ২৭, বার্টলেট ০, ডোয়ার্শাস ৪, জ‍্যাম্পা ৪*, মেরেডিথ ২*; তাসকিন ৭.৩-১-৫৯-১, মুস্তাফিজ ৯-০-৫৬-১, শরিফুল ১০-১-৪৮-৬, মেহেদি ১০-১-৩৭-১, তানভির ৭-০-৩৮-০, তানভির ৭-০-৩৮-০, মোসাদ্দেক ৬-০-৩৬-০)

14 Jun 2026, 07:40 PM

কনোলিকে থামালেন মুস্তাফিজ

সিঙ্গেল না নিয়ে দায়িত্ব নিজের কাঁধে নিতে চেয়েছিলেন কুপার কনোলি। কিন্তু পারলেন না তিনি। মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে গেলেন তিনি।

বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি কনোলি। ব‍্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। একরাশ হতাশা নিয়ে ফেরেন কনোলি।

১৩৪ বলে ছয় ছক্কা ও ১৩ চারে ১৪৯ রান করেন কনোলি।

৪৮.৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২৭১।

14 Jun 2026, 07:34 PM

শরিফুলের ৬ উইকেট ও ক‍্যাচ হাতছাড়া

নিজের শেষ ওভারে আরেকটি উইকেট নিলেন শরিফুল ইসলাম। পেতে আরেকটি, কিন্তু স্লিপে ক‍্যাচ নিতে পারলেন না তানজিদ হাসান।

বাঁহাতি পেসারের বলে পয়েন্টে শেখ মেহেদি হাসানের হাতে ধরা পড়েন বেন ডোয়ার্শাস।

এক বল পর দ্বিতীয় স্লিপে ক‍্যাচ দেন অ‍্যাডাম জ‍্যাম্পা। কিন্তু ক‍্যাচ নিতে পারেননি তানজিদ।

৪৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ২৭০।

শরিফুলের উইকেট হতে পারত সাতটি, শেষ পর্যন্ত ৪৮ রানে তিনি নিলেন ৬ উইকেট।

14 Jun 2026, 07:30 PM

ক‍্যাচ ছাড়লেন মুস্তাফিজ

অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়ানোর সুযোগ হাতছাড়া করলেন মুস্তাফিজুর রহমান। বেন ডোয়ার্শাসের ফিরতি ক‍্যাচ নিতে পারলেন না তিনি।

স্লোয়ার বল ঠিকঠাক খেলতে পারেননি ডোয়ার্শাস। ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ান মুস্তাফিজ। কিন্তু মাটিতে পড়ার সময় হাত থেকে ফস্কে যায় বল।

সে সময় ১ রানে ছিলেন ডোয়ার্শাস। 

৪৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ২৭০।

14 Jun 2026, 07:26 PM

শরিফুলের জোড়া উইকেট

নাহিদ রানার জায়গায় খেলতে নেমে দারুণ বোলিংয়ে ক‍্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন শরিফুল ইসলাম।

পরপর দুই বলে অলিভার পিক ও জেভিয়ার বার্টলেটকে ফিরিয়ে দিলেন বাঁহাতি পেসার।

অফ স্টাম্পের বাইরের বলে কাভারে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন পিক। ভাঙে ৫৭ বল স্থায়ী ৬৪ রানের জুটি। ৩২ বলে দুই চার ও এক ছয়ে ২৭ রান করেন পিক।

পরের বলে কটবিহাইন্ড হয়ে যান বার্টলেট। আগের ম‍্যাচে দারুণ ব‍্যাটিং করা ব‍্যাটসম‍্যান এবার পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ।

৪৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ২৬৭। ক্রিজে কুপার কনোলির সঙ্গী বেন ডোয়ার্শাস।

14 Jun 2026, 07:21 PM

কনোলি-পিকের জুটিতে পঞ্চাশ

তাসকিন আহমেদের ওভারে টানা তিন ছক্কা মারলেন কুপার কনোলি। অলিভার পিকের সঙ্গে তার জুটি স্পর্শ করল পঞ্চাশ, ৫৩ বলে।

জয়ের দুয়ারে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

৪৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২৬৬।

14 Jun 2026, 06:43 PM

গ্রিনকে ফেরালেন মেহেদি

সহজ ফিরতি ক‍্যাচ নিয়ে জুটি ভাঙলেন শেখ মেহেদি হাসান। ক‍্যামেরন গ্রিনকে ফিরিয়ে দ্রুত এগোনো জুটি ভাঙলেন এই অলরাউন্ডার।

লেগ স্টাম্পের বল ব‍্যাকফুটে খেলতে চেয়েছিলেন গ্রিন। ব‍্যাটের কানায় লেগে বল যায় সরাসরি মেহেদির হাতে। ভাঙে ৭১ বল স্থায়ী ৬৮ রানের জুটি।

৩৫ বলে একটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন গ্রিন।

৩৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২০২। ক্রিজে কুপার কনোলির সঙ্গী অলিভার পিক।

14 Jun 2026, 06:22 PM

কনোলির ক‍্যাচ ছাড়লেন তানভির

প্রতিক্রিয়া দেখাতে অনেক দেরি করলেন, খুব বেশি চেষ্টাও দেখা গেল না তানভির ইসলামার মাঝে। ফিরতি ক‍্যাচ নিতে পারলেন না বাঁহাতি এই স্পিনার। ফিরতি ক‍্যাচ দিয়ে জীবন পেলেন কুপার কনোলি। সে সময় ১০৩ রানে ছিলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

সঙ্গে আঙুলে চোটও পেলেন তানভির। তাতে কিছুক্ষণ বন্ধ থাকল খেলা।

৩২.২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৮৭। জয়ের জন‍্য আর ৮৮ রান চাই সফরকাীদের।

14 Jun 2026, 06:11 PM

৮৭ বলে কনোলির সেঞ্চুরি

শুরু থেকে দারুণ ব‍্যাটিংয়ে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি করলেন কুপার কনোলি, ৮৭ বলে।

স্পিন বা পেস কোনো কিছুই ভাবাতে পারছে না বাঁহাতি এই ব‍্যাটসম‍্যানকে। এক-দুই নিচ্ছেন, বাজে বল পেয়ে বাউন্ডারি মারছেন। জুটি গড়ে তুলছেন।

কনোলির ব‍্যাটে ম‍্যাচ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বাংলাদেশ।

৩০.৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৮০। ৮৮ বলে ১০০ রানে খেলছেন কনোলি। ২১ বলে ১৭ রানে ব‍্যাট করছেন ক‍্যামেরন গ্রিন।

14 Jun 2026, 05:41 PM

জমে যাওয়া জুটি ভাঙলেন শরিফুল

আক্রমণে ফিরেই সাফল‍্য পেলেন শরিফুল ইসলাম। ভাঙলেন জমে যাওয়া জুটি। তবে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন নুরুল হাসান সোহান। লিটন দাস ফিল্ডিংয়ে না নামায় কিপিং করছেন তিনি।

শরিফুলের অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব‍্যাট পেতে দেন মার্নাস লাবুশেন। থার্ড ম‍্যানে বল পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে চমকে দিয়ে ঝাঁপ দিয়ে বল গ্লাভসে জমান সোহান। ভাঙে ৭৭ বল স্থায়ী ৬৪ রানের জুটি।

৪৫ বলে এক চারে ২৯ রান করেন লাবুশেন।

২৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৩৪। ক্রিজে কুপার কনোলির সঙ্গী ক‍্যামেরন গ্রিন।

14 Jun 2026, 05:25 PM

কনোলি-লাবুশেনের জুটিতে পঞ্চাশ

মুস্তফিজুর রহমানের বলে লং অন দিয়ে ছক্কা মারলেন কুপার কনোলি। তার সঙ্গে মার্নাস লাবুশেনের জুটি স্পর্শ করল পঞ্চাশ, ৬২ বলে।

এক প্রান্তে দ্রুত রান করছেন কনোলি। আরেক প্রান্তে সাবধানী তাকে সঙ্গ দিচ্ছেন লাবুশেন।

২২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১২৩। ৬৬ বলে কনোলির রান ৬৯। ৩৭ বলে লাবুশেনের রান ২০।

14 Jun 2026, 05:06 PM

৫১ বলে কনোলির পঞ্চাশ

সাবলীল ব‍্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছেন কুপার কনোলি। সিরিজে দ্বিতীয় পঞ্চাশ ছুঁয়েছেন তিনি ৫১ বলে।

তানভির ইসলামের বলে চার মেরে পঞ্চাশ স্পর্শ করেন কনোলি। ধীরে ধীরে মার্নাস লাবুশেনের সঙ্গে জমে উঠছে তার জুটি।

১৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৯৪। ৫৪ বলে ৫২ রানে ব‍্যাট করছেন কনোলি। ১৯ বলে ৮ রানে ব‍্যাট করছেন লাবুশেন।

14 Jun 2026, 04:39 PM

সৌম‍্যর অবিশ্বাস‍্য ক‍্যাচ

কাছেই থাকা নাজমুল হোসেন শান্তর প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল সব। কী অবিশ্বাস‍্য এক ক‍্যাচই না নিয়েছেন সৌম‍্য সরকার।

তাসকিন আহমেদের বলে শর্ট কাভার দিয়ে শট খেলেন অ‍্যালেক্স কেয়ারি। শটে গতি ছিল বেশ। দ্রুত প্রতিক্রিয়া দেখান সৌম‍্য, মাথার উপর বাড়িয়ে দেন দুই হাত, জমা পড়ে বাম হাতে। চোখে অবিশ্বাস নিয়ে মাঠ ছাড়েন কেয়ারি। ভাঙে ৩৯ বল স্থায়ী ৩০ রানের জুটি।

১৬ বলে এক চারে ৮ রান করেন কেয়ারি।

১২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৭১। ক্রিজে কুপার কনোলির সঙ্গী মার্নাস লাবুশেন।

14 Jun 2026, 04:09 PM

শরিফুলের জোড়া আঘাত

আগ্রাসী ব‍্যাটিংয়ে প্রথম ৪ ওভারে ৩৮ রান করে ফেলল অস্ট্রেলিয়া। রানের স্রোত থামাতে বোলিংয়ে পরিবর্তন করলেন নাজমুল হোসেন শান্ত। নাহিদ রানার জায়গায় সিরিজে প্রথমবার খেলতে নামা শরিফুল ইসলাম আক্রমণে এসেই ভাঙলেন দ্রুত এগোনো জুটি, এক বল পর নিলেন আরেকটি উইকেট।

স্টাম্পে থাকা ডেলিভারি লেগে ঠিকঠাক খেলতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। স্কয়ার লেগে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়েন তিনি। ভাঙে ২৭ বল স্থায়ী ৪০ রানের জুটি।

১২ বলে চারটি চারে ২১ রান করেন ইংলিস।

এক বল পর বোল্ড হয়ে যান ম‍্যাট রেনশ। শাফল করে খেলতে গিয়ে বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে লেগ স্টাম্পে।

২ বল খেলে রান করতে পারেননি রেনশ।

৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৪১। ক্রিজে কুপার কনোলির সঙ্গী অ‍্যালেক্স কেয়ারি।

14 Jun 2026, 03:38 PM

মাঠে নামেননি লিটন, কিপিংয়ে সোহান

খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার পর বাংলাদেশ ইনিংসের শেষ দিকে মাঠে ফেরেন লিটন দাস। মিরপুরে ক‍্যারিয়ারের প্রথম পঞ্চাশ দেখা পান তিনি। 

ফিল্ডিংয়ে নামেননি তিনি। তার জায়গায় কিপিংয়ে নেমেছেন নুরুল হাসান সোহান। 

14 Jun 2026, 03:18 PM

শেষটায় উঠল না প্রত‍্যাশিত ঝড়

হাতে যথেষ্ট উইকেট থাকলেও শেষটায় প্রত‍্যাশিত ঝড় তুলতে পারেনি বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে কেবল ৩২ রান করতে পেরেছে স্বাগতিকরা। তাতে সংগ্রহ আরও বড় হয়নি তাদের। 

14 Jun 2026, 03:14 PM

২৭৪ রানের পুঁজি বাংলাদেশের

তাওহিদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৩-০ ব‍্যবধানে সিরিজ হার এড়াতে ২৭৫ রানের চ‍্যালেঞ্জিং লক্ষ‍্য পেয়েছে অস্ট্রেলিয়া।

৫০ ওভারে ৪ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ। ৫১ বলে ১ ছয় ও পাঁচ চারে ৫৬ রানে অপরাজিত মোসাদ্দেক। ৭৮ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৮ রানে অপরাজিত লিটন।

৮৮ বলে আট চারে ৮৩ রানের ইনিংস খেলেন হৃদয়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৪/৪ (সৌম‍্য ২, তানজিদ ১৯, শান্ত ২৪, লিটন ৫৮*, হৃদয় ৮৩, মোসাদ্দেক ৫৬*, মেহেদি ৩; বার্টলেট ৮-০-৪৭-২, মেরেডিথ ৭-০-৪১-০, ডোয়ার্শাস ৮-০-৫৫-১, গ্রিন ৬-২-১৮-০, রেনশ ৯-০-৪৪-২, জ‍্যাম্পা ১০-০-৪৮-০, লাবুশেন ২-০-১০-০)

14 Jun 2026, 03:07 PM

মেহেদির বিদায় ও লিটনের পঞ্চাশ

ফেরার সিরিজে ব‍্যাট হাতে রাঙিয়ে রাখছেন মোসাদ্দেক হোসেন। সিরিজে দ্বিতীয়বার পঞ্চাশ স্পর্শ করেছেন তিনি, ৪৩ বলে।

অ‍্যাডাম জ‍্যাম্পার বলে স্লগ সুইপ করে চার মারেন মোসাদ্দেক। পরের বলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন পঞ্চাশ। সিরিজের প্রথম ম‍্যাচ দিয়ে প্রায় চার বছর পর ওয়ানডে ক্রিকেটে ফেরেন তিনি। দ্বিতীয় ম‍্যাচে তেমন কিছু করতে পারেননি, এবার দলকে টানছেন তিনি।

৪৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৫৯। ৪৫ বলে ৫৩ রানে ব‍্যাট করছেন মোসাদ্দেক। ৮ বলে ৩ রানে খেলছেন শেখ মেহেদি হাসান।

14 Jun 2026, 03:02 PM

৪৩ বলে মোসাদ্দেকের পঞ্চাশ

ফ্লিক করে ছক্কার চেষ্টায় সফল হলেন না তাওহিদ হৃদয়। সীমানায় ধরা পড়লেন তিনি।

বেন ডোয়ার্শাস একের পর এক স্লোয়ার করে যাচ্ছেন। তাতে গায়ের জোরে শট খেলার চেষ্টা করছিলেন হৃদয়। তেমনই এক চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়লেন তিনি। ভাঙল ৮৩ বল স্থায়ী ৯৩ রানের জুটি।

৮৮ বলে আট চারে ৮৩ রান করেন হৃদয়।

৪৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৪৭। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী শেখ মেহেদি হাসান।

14 Jun 2026, 02:48 PM

৮৩ রানে থামলেন হৃদয়

লিটন দাস মাঠ ছাড়ার পর বাংলাদেশকে টানছেন মোসাদ্দেক হোসেন ও তাওহিদ হৃদয়। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৫১ বলে।

ম‍্যাট রেনশকে তিন বলের মধ‍্যে দুটি চার মারেন হৃদয়। প্রথম চারে দলের রান দুইশ স্পর্শ করে। এক বল পরের চারে জুটির রান যায় পঞ্চাশে।

৪১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২০৮।

14 Jun 2026, 02:22 PM

মোসাদ্দেক-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাংলাদেশকে টানছেন তাওহিদ হৃদয়। ৬২ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন তিনি। ক‍্যারিয়ারে এটি তার ত্রয়োদশ পঞ্চাশ, মিরপুরে তৃতীয়।

স্লগ সুইপ করে ম‍্যাট রেনশকে চার মারেন হৃদয়। পরের বলে দুই রান নিয়ে পঞ্চাশে যান তিনি।

মোসাদ্দেক হোসেনের সঙ্গে জমে গেছে হৃদয়ের জুটি। নড়বড়ে শুরুর পর নিজের শট খেলতে শুরু করেছেন মোসাদ্দেক। তাদের জুটিতে আড়াইশ রানের পথে ছুটছে বাংলাদেশ।

৪০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৮। ৬৬ বলে ৫৪ রানে খেলছেন হৃদয়। ২৭ বলে ২৬ রানে খেলছেন হৃদয়।

14 Jun 2026, 02:16 PM

৬২ বলে হৃদয়ের পঞ্চাশ

কিছুক্ষণ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছিলেন লিটন দাস। একটু পরপর মাঠে আসছিলেন ফিজিও। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন অভিজ্ঞ কিপার-ব‍্যাটসম‍্যান। ফিজিওর সঙ্গে ম‍াঠ ছেড়ে গেলেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে নিজের প্রথম পঞ্চাশের জন‍্য লিটনের অপেক্ষা আরও বাড়ল। মাঠ ছাড়ার সময় তার রান ৭৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৮। এই মাঠে ১১ বছর ও ২৯ ইনিংসে এটাই তার সর্বোচ্চ।

৩২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫৩। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মোসাদ্দেক হোসেন।

14 Jun 2026, 01:43 PM

মাঠ ছেড়ে গেলেন লিটন

টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের বিদায়ের পর বাংলাদেশকে টানছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৬০ বলে।

মাঝপথে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। ২৫ ওভারে স্বাগতিকদের রান ৩ উইকেটে ১১৪।

৩১ বলে দুই চারে ২৩ রানে খেলছেন হৃদয়। ৪৫ বলে দুই চারে ২৭ রানে ব‍্যাট করছেন লিটন।

14 Jun 2026, 01:00 PM

লিটন-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

ম‍্যাট রেনশর আপাতত সাদামাটা ডেলিভারি স্টাম্পে টেনে আনলেন নাজমুল হোসেন শান্ত। চাপে পড়ে গেল বাংলাদেশ।

অফ স্পিনার রেনশর বল ছিল অফ স্টাম্পের অনেক বাইরে। হাঁটু গেড়ে সুইপ করেন শান্ত। কিন্তু ঠিকঠাক শট খেলতে পারেননি তিনি। ব‍্যাটের নিচের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। একরাশ হতাশা নিয়ে ফেরেন শান্ত।

৫০ বলে তিন চারে ২৪ রান করেন শান্ত।

আগের ওভারে অ‍্যাডাম জ‍্যাম্পার বলে এলবিডব্লিউর জোরাল আবেদন থেকে বাঁচেন শান্ত। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন জশ ইংলিস। তাতে অবশ‍্য কাজ হয়নি, বল বেরিয়ে যেত স্টাম্পের বাইরে দিয়ে। অস্ট্রেলিয়া হারায় প্রথম রিভিউ।

১৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬২। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।

14 Jun 2026, 12:20 PM

থিতু হয়ে ফিরলেন শান্ত

ইনিংস বড় করতে পারলেন না তানজিদ হাসান। ম‍্যাট রেনশর বলে বড় শটের চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি ওপেনার।

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন রেনশ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি।

২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তানজিদ।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।

14 Jun 2026, 11:55 AM

উইকেট ছুঁড়ে এলেন তানজিদ

প্রথম ওভারে সৌম‍্য সরকারের বিদায়ের পর নিজেদের গুটিয়ে নেননি নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান। কন্ডিশনের সুবিধা পাওয়া অস্ট্রেলিয়ার ব‍্যাটসম‍্যানদের বিপক্ষে আগ্রাসী ব‍্যাটিং করছেন দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

বোলাররা আর্লি মুভমেন্ট পেলেও তাতে খুব একটা ভাবছেন না তানজিদ ও শান্ত। নিজেদের সহজাত ক্রিকেটই খেলছেন তারা।

স্ট্রাইক একটু কম পাওয়া তানজিদ বেরিয়ে এসে ছক্কা মেরেছেন জেভিয়ার বার্টলেটকে। শান্তর ব‍্যাট থেকে এসেছে একটি চার।

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৫। ৬ বলে তানজিদের রান ৮। ২০ বলে শান্তর রান ৯।

14 Jun 2026, 11:31 AM

সৌম‍্যর বিদায়ের পর তানজিদ-শান্তর দৃঢ়তা

টস জিতে ব‍্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারেই ভাঙল স্বাগতিকদের উদ্বোধনী জুটি।

জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে।

৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

14 Jun 2026, 11:09 AM

শুরুতেই ফিরলেন সৌম‍্য

সিরিজের প্রথম দুই ম‍্যাচসহ টানা তিন ওয়ানডেতে শূন‍্য রানে ফেরা ম‍্যাথু শর্ট জায়গা হারিয়েছেন একাদশে। বাদ পড়েছেন ন‍্যাথান এলিস। তাদের জায়গায় এনেছেন অলিভার পিক ও বেশ ডোয়ার্শাস।

অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা, অলিভার পিক, বেন ডোয়ার্শাস।

14 Jun 2026, 10:54 AM

অস্ট্রেলিয়া দলেও ২ পরিবর্তন

দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম‍্যাচে হেলমেটে বলের আঘাত লাগা মেহেদী হাসান মিরাজ খেলছেন না এই ম‍্যাচ। তার কনকাশনের শঙ্কায় দলে আসা অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান জায়গা পেয়েছেন একাদশে।

সাড়ে তিন বছর পর এই সংস্করণে দেশের জার্সিতে দেখা যাবে তাকে। সবশেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

গতিময় পেসার নাহিদ রানার জায়গায় খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।  

বাংলাদেশ: শেখ মেহেদি হাসান, সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

14 Jun 2026, 10:48 AM

বাংলাদেশ দলে ২ পরিবর্তন

আগের ম‍্যাচে হেলমেটে বলের আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজ খেলছেন না তৃতীয় ও শেষ ওয়ানডেতে। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে তিনি নিয়েছেন ব‍্যাটিং।

14 Jun 2026, 10:41 AM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ। একই সঙ্গে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল‍্যান্ডকে পেছনেও ফেলতে চায় স্বাগতিকরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার খেলা শুরু হবে সকাল ১১টায়।

তিন বা এর বেশি ম‍্যাচে ১০৪টি সিরিজ খেলে এখন পর্যন্ত মাত্র ছয়বার হোয়াইটওয়াশড হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে তিনবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একবার ও নিউ জিল্যান্ডের বিপক্ষে একবার। 

নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই তালিকায় যোগ হতে পারে অস্ট্রেলিয়ার নামও।

14 Jun 2026, 10:41 AM

হোয়াইটওয়াশ করার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

14 Jun 2026, 10:38 AM

লাইভ ব্লগে স্বাগত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।