২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

23 Dec 2023, 03:20 AM

সংক্ষিপ্ত স্কোর:

এক নজরে

নিউ জিল‍্যান্ড: ৩১.৪ ওভারে ৯৮

বাংলাদেশ: ১৫ ওভারে ৯৬/১

23 Dec 2023, 03:20 AM

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ‍্যে বাংলাদেশ

আরেকটি সফর, আরেকটি হোয়াইটওয়াশের শঙ্কা। নিউ জিল‍্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে হারের বৃত্ত ভাঙার লক্ষ‍্য নিয়ে আসা বাংলাদেশের সামনে আরেকটি কঠিন লড়াই।

নেপিয়ারে বাংলাদেশ সময় রাত চারটায় শুরু হবে তৃতীয় ওয়ানডের মাঠের লড়াই। বাংলাদেশ দল নামবে নিউ জিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে টানা ১৯তম হার এড়ানোর লক্ষ্যে।

কাজটা মোটেও সহজ নয়। প্রথম দুই ম‍্যাচে লড়াই জমাতেই পারেনি বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম‍্যাচে রান তাড়ায় জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। পরের ম‍্যাচে সৌম‍্য সরকারের দারুণ সেঞ্চুরির পরও বড় হার এড়াতে পারেনি। নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে জয়ের অনিবর্চনীয় স্বাদ পাওয়ার শেষ সুযোগ তাদের সামনে।

শরিফুল ইসলাম ছাড়া আর কোনো বোলার সেভাবে নিজের ছাপ রাখতে পারছেন না। স্বাগতিকদের পাল্টা আক্রমণের সামনে টিকতে পারছেন না কেউই। প্রায় একই অবস্থা ব‍্যাটিংয়েও। এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্তর ব‍্যাট হাসছে না। শুরুতেই দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ আর লড়াইয়ে ফিরতে পারছে না।

বিশ্বকাপে ভরাডুবির পর নিজেদের প্রথম ওয়ানডে সিরিজে সেই ব‍্যর্থতার বৃত্তেই বাংলাদেশ। সাফল‍্যের পথে ফিরতে এক সঙ্গে তিন বিভাগে ভালো করার খুব একটা বিকল্প নেই তাদের সামনে।

23 Dec 2023, 03:35 AM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এক ম‍্যাচ পর ফের টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক নিলেন ফিল্ডিং।

23 Dec 2023, 03:40 AM

হাসানের জায়গায় ফিরলেন মুস্তাফিজ

এক ম‍্যাচ পর একাদশে ফিরলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়লেন আগের ম‍্যাচে খরুচে বোলিংয়ে দুই উইকেট নেওয়া হাসান মাহমুদ।

বাংলাদেশ দলে পরিবর্তন এই একটিই। নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ পেলেন ওপেনার এনামুল হক ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

23 Dec 2023, 04:00 AM

একই একাদশ নিয়ে নিউ জিল‍্যান্ড

কোনো পরিবর্তন আনেনি নিউ জিল‍্যান্ড। সিরিজের শেষ ম‍্যাচ তারা খেলছে একই একাদশ নিয়ে। নিজের সামর্থ‍্য দেখানোর আরেকটি সুযোগ পেলেন লেগ স্পিনার আদি অশোক।

নিউ জিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিল্ন, হেনরি নিকোলস, উইল ও’রোক, রাচিন রবীন্দ্র, আদি অশোক, উইল ইয়াং।

23 Dec 2023, 04:28 AM

শুরুতেই রাচিনকে ফেরালেন তানজিম

নতুন বলে সাফল‍্য এলো দ্রুতই। চতুর্থ ওভারে ভাঙল নিউ জিল‍্যান্ডের শুরুর জুটি।

প্রথম ওভারে শরিফুল ইসলামের বল ঠিক মতো খেলতে পারেননি রাচিন রবীন্দ্র। তবে ব‍্যাটের কানা লাগার পরও তিনি পেয়ে যান বাউন্ডারি। পরে তানজিম হাসানের বলে আর টিকতে পারলেন না, ফিরে গেলেন কট বিহাইন্ড হয়ে।

মিডল স্টাম্পের বল একটু পা বাড়িয়ে দ্বিধা নিয়ে খেলার মাশুল দেন রাচিন। তার ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। ১২ বলে দুই চারে ৮ রান করেন রাচিন।

৪ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ১৬। ক্রিজে উইল ইয়াংয়ের সঙ্গী হেনরি নিকোলস।

23 Dec 2023, 04:39 AM

নিকোলসকেও ফেরালেন তানজিম

শুরু থেকে দারুণ বোলিংয়ের আরেকটি পুরস্কার পেলেন তানজিম হাসান। রাচিন রবীন্দ্রর পর তরুণ এই পেসার ফেরালেন হেনরি নিকোলসকে।

দশম বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলেছিলেন নিকোলস। দুই পেসারের আঁটসাঁট বোলিংয়ে একটু হয়তো অধৈর্য হয়ে পড়েছিলেন তিনি। অফ স্টাম্প তাক করে করা ব‍্যাক অব দা লেংথ ডেলিভারিতে শাফল করে বেরিয়ে এসে পুল করতে চেয়েছিলেন। কিন্তু বাড়তি বাউন্সের জন‍্য টাইমিং করতে পারেননি, মিড অনে ক‍্যাচ দেন নাজমুল হোসেন শান্ত।

১২ বলে ১ রান করে ফেলেন নিকোলস।

৮ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ২৩। ক্রিজে উইল ইয়াংয়ের সঙ্গী টম ল‍্যাথাম।

23 Dec 2023, 04:54 AM

পাওয়ার প্লেতে দুর্দান্ত তানজিম

শুরু থেকেই আকাশ মেঘলা। একটু সহায়ক কন্ডিশনে দারুণ বোলিং করছেন তানজিম হাসান। প্রথম পাওয়ার প্লেতে তিনিই দলের সফলতম বোলার।

১০ ওভারে ২ উইকেটে ২৭ রান করেছে নিউ জিল‍্যন্ড। ১৩ বলে ৪ রানে খেলছেন টম ল‍্যাথাম, ২৩ বলে দুই চারে উইল ইয়াংয়ের রান ১৩।

দুই উইকেটই নিয়েছেন তানজিম। রাচিন রবীন্দ্রকে কট বিহাইন্ড করার পর ফিরিয়েছেন হেনরি নিকোলসকে।

৫ ওভারে কেবল ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তানজিম।

23 Dec 2023, 05:29 AM

ল‍্যাথামকে ফেরালেন শরিফুল

দ্রুত ২ উইকেট হারানোর পর টম ল‍্যাথাম ও উইল ইয়াংয়ের ব‍্যাটে প্রতিরোধ গড়েছিল নিউ জিল‍্যান্ড। দারুণ এক ডেলিভারিতে ল‍্যাথামকে বোল্ড করে জুটি গড়ার চেষ্টা ব‍্যর্থ করে দিলেন শরিফুল ইসলাম।

অফ স্টাম্পের বল ডিফেন্স করতে চেয়েছিলেন ল‍্যাথাম। কিন্তু বলের লাইনে যেতে পারেননি নিউ জিল‍্যান্ড অধিনায়ক। ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৫৫ বল স্থায়ী ৩৬ রানের জুটি।

৩৪ বলে এক ছক্কায় ২১ রান করেন ল‍্যাথাম।

১৭ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৩ উইকেটে ৫৮। ক্রিজে উইল ইয়াংয়ে সঙ্গী টম ব্লান্ডেল।

23 Dec 2023, 05:32 AM

ইয়াংয়ের প্রতিরোধ ভাঙলেন শরিফুল

পরপর দুই ওভারে দুটি বড় শিকার ধরলেন শরিফুল ইসলাম। টম ল‍্যাথামের পর নিলেন উইল ইয়াংয়ের উইকেট।

আগের দুই ম‍্যাচে বাংলাদেশকে বেশ ভোগানো ইয়াং দাঁড়িয়ে গিয়েছিলেন এবারও। তবে তাকে বেশি দূর যেতে দিলেন না শরিফুল।

বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে বলে ব‍্যাট চালিয়ে দিয়ে গালিতে ধরা পড়লেন ইয়াং। ৪৩ বলে তিন চারে তিনি ফিরলেন ২৬ রান করে।

১৯ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৪ উইকেটে ৬২। ক্রিজে টম ব্লান্ডেলের সঙ্গী মার্ক চ‍্যাপম‍্যান।

23 Dec 2023, 05:40 AM

চ‍্যাপম‍্যানকে টিকতে দিলেন না শরিফুল

পরপর তিন ওভারে তিনটি উইকেট নিলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন মার্ক চ‍্যাপম‍্যান।

লেং বলে ড্রাইভ করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি। ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে আঘাত হানে লেগ-মিডল স্টাম্পে।

৮ বলে ২ রান করেন চ‍্যাপম‍্যান।

২১ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৫ উইকেটে ৬৫। ক্রিজে টম ব্ল‍ান্ডেলের সঙ্গী জশ ক্লার্কসন।

23 Dec 2023, 05:56 AM

ফিরেই তানজিমের আঘাত

অনেকটা যেন উইল ইয়াংয়ের মতো আউট হলেন টম ব্লান্ডেল। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে সজোরে ড্রাইভের চেষ্টায় ধরা পড়লেন গালিতে, মেহেদী হাসান মিরাজের হাতে।

আক্রমণে ফিরেই সাফল‍্য পেলেন তানজিম হাসান। শরিফুল ইসলামের মতো তিনিও নিলেন ৩ উইকেট। দুই তরুণ পেসারের দাপুটে বোলিংয়ে চালকের আসনে বাংলাদেশ।

১৭ বল খেলে ৪ রান করেন কিপার-ব‍্যাটসম‍্যান ব্লান্ডেল।

২৩ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৬ উইকেটে ৭০। ক্রিজে জশ ক্লার্কসনের সঙ্গী অ‍্যাডাম মিল্ন।

23 Dec 2023, 06:07 AM

ক্লার্কসনকে ফেরালেন সৌম‍্য

জশ ক্লার্কসনকে বেশিক্ষণ টিকতে দিলেন না সৌম‍্য সরকার। চমৎকার এক ডেলিভারিতে স্বাগতিক অলরাউন্ডারকে বোল্ড করে দিলেন তিনি।

চ‍্যানেল ধরে করা ডেলিভারিতে অফে ড্রাইভ করতে চেয়েছিলেন ক্লার্কসন। তাকে চমকে দিয়ে বল ঢুকে যায় ভেতরে, ব‍্যাটের কানা ছুঁয়ে এলোমেলো করে দেয় স্টাম্প!

২৩ বলে দুই চারে ১৬ রান করেন ক্লার্কসন।

২৭ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৭ উইকেটে ৮৫।

23 Dec 2023, 06:18 AM

মিল্নকে ফেরালেন সৌম‍্য

আরেকটি দারুণ ডেলিভারি, আরেকটি বোল্ড! দুর্দান্ত বোলিংয়ে নিজের দ্বিতীয় উইকেট পেলেন সৌম‍্য সরকার।

তার স্টাম্প তাক করে করা ডেলিভারির লাইনে যেতে পারেননি মিল্ন। একটু এগিয়ে খেলতে গিয়ে বিপদ বাড়ান আরও, বল পড়ে যায় ব্লকহোলে। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ২০ বলে ৪ রান করেন মিল্ন।

২৯ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৮ উইকেটে ৮৬। ক্রিজে আদি অশোকের সঙ্গী জ‍্যাকব ডাফি।

23 Dec 2023, 06:25 AM

অশোককে ফিরিয়ে সৌম‍্যর ৩

সৌম‍্য সরকারের মিডিয়াম পেসে ভুগছে নিউ জিল‍্যান্ড। জশ ক্লার্কসন ও অ‍্যাডম মিল্নের পর ফিরে গেছেন আদি অশোক।

অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দিয়েছিলেন অশোক। আগের ওভারে মুস্তাফিজুর রহমানের বলে পেয়েছিলেন ১০ রান। কিন্তু সৌম‍্যর ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে।

১২ বলে দুই চারে ১০ রান করেন সৌম‍্য।

৩১ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৯ উইকেটে ৯৮। ক্রিজে জ‍্যাকব ডাফির সঙ্গী উইলিয়াম ও’রোক।

23 Dec 2023, 06:41 AM

৯৮ রানেই শেষ নিউ জিল‍্যান্ড

দারুণ এক ডেলিভারিতে উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। উইলিয়াম ও’রোককে বোল্ড করে স্বাগতিকদের ৯৮ রানে থামিয়ে দিলেন বাঁহাতি এই পেসার।

স্টাম্পে রাখা ডেলিভারির লাইনে যেতে পারেননি ও’রোক। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৫ বলে ১ রান করেন ও’রোক।

স্বাগতিকদের ১০ উইকেট ভাগ করে নিলেন বাংলাদেশের চার পেসার। তানজিম হাসান, সৌম‍্য সরকার ও শরিফুল ইসলাম নেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড: ৩১.৪ ওভারে ৯৮ (ইয়াং ২৬, রাচিন ৮, নিকোলস ১, ল‍্যাথাম ২১, ব্লান্ডেল ৪, চ‍্যাপম‍্যান ২, ক্লার্কসন ১৬ , মিল্ন ৪, অশোক ১০, ডাফি ১*, ও’রোক ১; শরিফুল ৭-০-২২-৩, তানজিম ৭-০-১৪-৩, মুস্তাফিজ ৭.৪-০-৩৬-১, সৌম‍্য ৬-১-১৮-৩, মিরাজ ১-০-৩-০, রিশাদ ৩-০-৪-০)

23 Dec 2023, 06:41 AM

বাংলাদেশের বিপক্ষে নিউ জিল‍্যান্ডের সর্বনিম্ন

তানজিম হাসান, সৌম‍্য সরকার ও শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে ৯৮ রানে নিউ জিল‍্যান্ডকে গুটিয়ে দিল বাংলাদেশ। পেসারদের দাপুটে বোলিং গড়ল রেকর্ড।

ওয়ানডেতে এই প্রথম একশ রানের নিচে নিউ জিল‍্যান্ডকে থামাল বাংলাদেশ। তাদের বিপক্ষে কিউইদের আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরের ১৬২।

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আগের সর্বনিম্ন ছিল ২০১৬ সালে নেলসনে করা ২৫১। সেই ম‍্যাচের পর কেবল দ্বিতীয়বার ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে অলআউট হলো তারা।

23 Dec 2023, 07:26 AM

চোখের সমস‍্যায় মাঠ ছাড়লেন সৌম‍্য

চোখে কিছু একটা পড়েছিল। শুরুতে পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলেন সৌম‍্য সরকার। কাজ হলো না। ফিজিও আসার পর ড্রপ দিয়ে ফের চেষ্টা করলেন। সমস‍্যা মিটল না তবুও। বাধ‍্য হয়ে মাঠ ছাড়লেন সৌম‍্য।

১৬ বলে ৪ রানে ব‍্যাট করছিলেন তিনি।

৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৭। ক্রিজে এনামুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

23 Dec 2023, 07:48 AM

উইকেটশূন‍্য পাওয়ার প্লে

পিচে বেশ সহায়তা আছে পেসারদের জন‍্য। তবে সেটা কাজে লাগাতে পারছে না স্বাগতিকরা। উল্টো আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ।

পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। চোখের সমস‍্যায় চতুর্থ ওভারে মাঠ ছেড়েছেন সৌম‍্য সরকার। এরপর থেকে দলকে এগিয়ে নিচ্ছেন এনামুল হক ও নাজমুল হোসেন শান্ত।

১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৭। ১৭ বলে দুই চারে ১৪ রানে ব‍্যাট করছেন শান্ত। ২৮ বলে ৭ চারে ৩৪ রানে খেলছেন এনামুল।

দশম ওভারে রান আউট হতে হতে বেঁচে গেছেন শান্ত। উইল ইয়াং থ্রো করার সময় ধারে কাছেও ছিলেন না বাংলাদেশ অধিনায়ক।

23 Dec 2023, 08:04 AM

জয়ের কাছে গিয়ে ফিরলেন এনামুল

১০ উইকেটের জয় পাওয়া হলো না বাংলাদেশের। বেশ কাছে গিয়ে ফিরলেন এনামুল হক।

উইলিয়াম ও’রোকের বলে কিপার টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন এনামুল। ভাঙে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার ৫০ বল স্থায়ী ৬৯ রানের জুটি।

৩৩ বলে সাত চারে ৩৭ রান করেন এনামুল।

১৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৮৪। ক্রিজে শান্তর সঙ্গী লিটন দাস।

23 Dec 2023, 08:16 AM

রেকর্ড গড়া জয়

জয়সূচক রানের পর উচ্ছ্বাসে ভেসে যাওয়া নেই। ছুটে এসে মাঠে ঢুকে গেলেন না কেউ। যেন এই জয় খুব স্বাভাবিক ব‍্যাপার! আসলে তো না নয়। ১৯ বারের চেষ্টায় নিউ জিল‍্যান্ডে স্বাগতিকদের হারাতে পারল বাংলাদেশ। তবুও উচ্ছ্বাসে ভেসে গেলেন না কেউ।

হয়তো ম‍্যাচের প্রথম ভাগেই ফল নিয়ে অনিশ্চিয়তা প্রায় কেটে গিয়েছিল বলে। কিংবা আগেই সিরিজ হেরে যাওয়ার হতাশায়। কারণ যাই হোক, বাংলাদেশ দল সেভাবে উদযাপন করুক আর না করুক, নেপিয়ারে অনেক বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। নিউ জিল‍্যান্ডের বিপক্ষে পেয়েছে নিজেদের সবচেয়ে বড় জয়। এর আগে দুইবার মিরপুরে জিতেছিল ৭ উইকেটে।

জয় সূচক রান এনে দেওয়ার পথে পঞ্চাশ স্পর্শ করেন অধিনায়ক শান্ত, ৫১ বলে। তার ৪২ বলের ইনিংস গড়া ৮ চারে।

জয়ে সবচেয়ে বড় ভূমিকা অবশ‍্য বোলারদের। তিনটি করে উইকেট নিয়ে তানজিম হাসান, সৌম‍্য সরকার ও শরিফুল ইসলাম ৯৮ রানে থামিয়ে দেন স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে যা নিউ জিল‍্যান্ডের সর্বনিম্ন।

ছোট রান নিয়ে একদমই লড়াই করতে পারেনি নিউ জিল‍্যান্ড। শান্ত ও এনামুল হকের আগ্রাসী ব‍্যাটিংয়ে ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে প‍ৌঁছে যায় সফরকারীরা। ওয়ানডেতে এ নিয়ে কেবল তৃতীয়বার দুইশর বেশি বল অব‍্যবহৃত রেখে জিতল বাংলাদেশ। বলের দিক থেকে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে আগের সবচেয়ে বড় জয় ছিল ৬০ বল বাকি থাকতে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড: ৩১.৪ ওভারে ৯৮ (ইয়াং ২৬, রাচিন ৮, নিকোলস ১, ল‍্যাথাম ২১, ব্লান্ডেল ৪, চ‍্যাপম‍্যান ২, ক্লার্কসন ১৬ , মিল্ন ৪, অশোক ১০, ডাফি ১*, ও’রোক ১; শরিফুল ৭-০-২২-৩, তানজিম ৭-০-১৪-৩, মুস্তাফিজ ৭.৪-০-৩৬-১, মিরাজ ১-০-৩-০, রিশাদ ৩-০-৪-০)

বাংলাদেশ: ১৫.১ ওভারে ৯৯/১ (সৌম‍্য ৪ আহত অবসর, এনামুল ৩৭, শান্ত ৫১*, লিটন ১*; মিল্ন ৪-০-১৮-০, ডাফি ৫-০-২৭-০, ক্লার্কসন ২-০-১৯-০, ও’রোক ৪-০-৩৩-১, অশোক ০.১-০-২-০)

23 Dec 2023, 08:23 AM

ম‍্যাচ সেরা তানজিম

দ্রুত প্রথম ২ উইকেটের সুর বেঁধে দিয়েছিলেন তানজিম হাসান। পরে দারুণ সঙ্গত করেছেন সৌম‍্য সরকার ও শরিফুল ইসলাম। তিন পেসার তিনটি করে উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন নিউ জিল‍্যান্ডের ব‍্যাটিং লাইনআপ।

ক‍্যারিয়ার সেরা বোলিংয়ে ১৪ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার তানজিম। তিনিই জিতেছেন ম‍্যাচ সেরার পুরস্কার। প্রথম দুই ম‍্যাচের দারুণ ব‍্যাটিংয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নিউ জিল‍্যান্ডের উইল ইয়াং।