16 May 2026, 05:36 PM
শেষের কঠিন সময়টুকু কাটিয়ে দিল পাকিস্তান
স্নায়ু চাপের আধ ঘণ্টা সময় কাটিয়ে দিল পাকিস্তান। প্রথম দিনের শেষ বেলায় ৬ ওভার বোলিং করে সফরকারীদের শুরুর জুটি ভাঙতে পারল না বাংলাদেশ।
বিনা উইকেটে ২১ রানে দিন শেষ করেছে পাকিস্তান। ১৬ বলে এক চারে ৮ রান করেছেন আব্দুল্লাহ ফাজাল। তিন চারে ২০ বলে ১৩ রান করেছেন আজান আওয়াইজ।
এখনও ২৫৭ রানে পিছিয়ে আছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ৬ ওভারে ২১/০ (আজান ১৩*, ফাজাল ৮* তাসকিন ২-০-৮-০, শরিফুল ২-১-৬-০, মিরাজ ১-১-০-০, নাহিদ ১-০-৭-০)
16 May 2026, 05:12 PM
২৭৮ রানে থামল বাংলাদেশ
পাঁচ বলের মধ্যে বাংলাদেশের শেষ দুটি উইকেট তুলে নিলেন হাসান আলি। লিটন দাসের পর তিনি নাহিদ রানাকে ফিরিয়ে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দিলেন অভিজ্ঞ এই পেসার।
হাসানের প্রথম বলে একটুর জন্য বাউন্ডারি পেলেন না শরিফুল ইসলাম। নিলেন তিন রান।
পরের বলে পুল করে সীমানায় ধরা পড়লেন লিটন। ডিপ স্কয়ার লেগে চমৎকার ক্যাচ নিলেন আব্দুল্লাহ ফাজাল। ভাঙল ৭৩ বল স্থায়ী ৬৪ রানের জুটি।
১৫৯ বলে দুই ছক্কা ও ১৪ চারে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরলেন লিটন।
ক্রিজে গিয়েই বড় শটের চেষ্টায় ছিলেন নাহিদ রানা। প্রথম তিন বল ব্যাটই ছোঁয়াতে পারেননি তিনি। পরেরটি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।
আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন নাহিদ। তবে তিনি ভালো করেই জানতেন যে, ব্যাটের কানা নিয়েছে বল।
৭৭ ওভারে ২৭৮ রানে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৮ (জয় ০, তানজিদ ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, লিটন ১২৬, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, শরিফুল ১২*, নাহিদ ০; আব্বাস ১৬-৩-৪৫-৩, শাহজাদ ১৭-১-৮১-৪, হাসান ১১.৫-১-৪৯-২, সালমান ১.১-০-১-০, সাজিদ ৩১-১-৯৬-১)
16 May 2026, 04:45 PM
লিটন-শরিফুলের জুটিতে পঞ্চাশ
দলে ফেরার ম্যাচে ব্যাট হাতেও ভূমিকা রাখছেন শরিফুল ইসলাম। নবম উইকেটে লিটন দাসের সঙ্গে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৬০ বলে।
আগের ওভারে সাজিদ খানের বলে চার মারেন শরিফুল। পরের ওভারে হাসান আলির বলে আরেকটি চার মারেন লিটন। এই চারেই জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।
১১৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ পরের তিন উইকেটে পেয়েছে অন্তত ৩০ রানের জুটি।
৭৫ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৭১। ১৫২ বলে ১২০ রানে খেলছেন লিটন। ২৯ বলে শরিফুল ব্যাট করছেন ১১ রানে।
নবম উইকেটে তাদের জুটিতে ৫৭ রান এসেছে ৬৫ বলে।
মূলত বাউন্ডারিতে এগোচ্ছেন লিটন। ওভারের শুরুর দিকে সিঙ্গেল নিচ্ছেন না। শেষ দিকে স্ট্রাইক দিচ্ছেন শরিফুলকে। বাঁহাতি ব্যাটসম্যান দায়িত্বশীল ব্যাটিংয়ে সঙ্গ দিচ্ছেন তাকে।
16 May 2026, 04:29 PM
দুর্দান্ত ব্যাটিংয়ে লিটনের সেঞ্চুরি
পাকিস্তানকে পেলেই যেন জ্বলে উঠে লিটন দাসের ব্যাট। দলটির বিপক্ষে দারুণ সফল এই কিপার-ব্যাটসম্যান।
এবার প্রবল চাপের মুখে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে স্পর্শ করলেন সেঞ্চুরি, ১৩৫ বলে।
খুররাম শাহজাদের বলে কাভার দিয়ে চারে তিন অঙ্ক স্পর্শ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে তার ষষ্ঠ। এর তিনটিই তিনি করলেন পাকিস্তানের বিপক্ষে।
তিন অঙ্ক ছুঁয়ে পরের বল ছক্কায় ওড়ান লিটন। তার ব্যাটে আড়াইশ ছাড়াল বাংলাদেশ।
৭১ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৫৪। ১৩৭ বলে দুই ছক্কা ও ১৩ চারে ১১০ রানে খেলছেন লিটন। ২০ বলে ৫ রানে ব্যাট করছেন শরিফুল ইসলাম।
16 May 2026, 04:21 PM
রিভিউ নিয়ে বাঁচলেন শরিফুল
সাজিদ খানের প্রথম বলে সিঙ্গেল নিলেন লিটন দাস। পৌঁছে গেলেন ৯৯ রানে। পরের বলে বাউন্ডারি পেলেন শরিফুল ইসলাম।
তৃতীয় বলে বলের লাইনে যেতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান। জোরাল আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে গেলেন শরিফুল। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
ওভারের বাকি তিনটি বল সহজেই কাটিয়ে দেন শরিফুল।
৭০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৪৩।
16 May 2026, 03:55 PM
তাসকিনকে ফেরালেন শাহজাদ
আগের ওভারের শেষ বলে সুইপ করে চার মারলেন লিটন দাস। তাতে পরের ওভারের শুরুতে স্ট্রাইক পেলেন তাসকিন আহমেদ।
খুররাম শাহজাদ সুযোগ কাজে লাগালেন দারুণভাবে। অফ স্টাম্পের বাইরের হার্ড লেংথ ডেলিভারিতে ফাঁদ পাতলেন তাসকিনের জন্য। ড্রাইভ করার চেষ্টায় বাঁহাতি ব্যাটসম্যান ধরা পড়লেন দ্বিতীয় স্লিপে, সালমান আলি আগার হাতে। ভাঙল ৪২ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
নিজের প্রতি হতাশায়ই হয়তো তখন নিজের ব্যাট ছুঁড়ে মারেন লিটন।
শাহজাদের ওভারের বাকি বলগুলো কাটিয়ে দেন শরিফুল ইসলাম। পঞ্চম বলে সিঙ্গেলও নিতে পারতেন তিনি। কিন্তু রান নেননি লিটন।
৬৫ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৪।
16 May 2026, 03:46 PM
লিটনের চারে বাংলাদেশের দুইশ
রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন লিটন দাস। ঝুঁকি নিয়ে শট খেলছেন এই কিপার ব্যাটসম্যান।
৬২তম ওভারে খুররাম শাহজাদকে পরপর দুই বলে মেরেছেন দুটি চার। প্রথম চারে দলের রান দুইশ স্পর্শ করে। পরের চারটি ক্যাচ হতেও পারত। তবে সীমানায় ডাইভ দিয়ে একটুর জন্য নাগালে পাননি আব্দুল্লাহ ফাজাল।
৬৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২০৬। ১১০ বলে ৬৭ রানে খেলছেন লিটন। ১২ বলে ৭ রানে ব্যাট করছেন তাসকিন আহমেদ।
16 May 2026, 03:39 PM
আউট ছিলেন লিটন!
আরও একটি সুযোগ হাতছাড়া করল পাকিস্তান। রিভিউ না নেওয়ায় তারা পেল না লিটন দাসের উইকেট!
খুররাম শাহজাদের বলে হুক করার চেষ্টা করেন লিটন। ঠিকঠাক পারেননি তিনি। বল গ্লাভসে জমিয়ে প্রায় উদযাপন শুরু করেন মোহাম্মদ রিজওয়ান।
তবে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউও নেননি শান মাসুদ।
একটু পরে রিপ্লেতে দেখানো হয়, লিটনের গ্লাভসে মৃদু স্পর্শ ছিল বলের! সে সময় ৫২ রানে ছিলেন লিটন। এর আগে একইভাবে মুশফিকুর রহিমের বিপক্ষেও ঘটেছিল একই ঘটনা।
৬১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯১।
16 May 2026, 03:32 PM
দারুণ ব্যাটিংয়ে লিটনের পঞ্চাশ
প্রবল চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চাশের দেখা পেলেন লিটন দাস, ৯৩ বলে।
মোহাম্মদ আব্বাসের বলে ব্যাটের কান্য় লেগে স্লিপ ফিল্ডারের মাথার উপর দিয়ে চার পান লিটন। ওই রানেই আসে টেস্ট ক্যারিয়ারে তার ২০তম পঞ্চাশ।
তাইজুল ইসলামের বিদায়ের পর এখন তাসকিন আহমদকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন লিটন। প্রথম লক্ষ্য অবশ্যই দলকে দুইশ রানে নিয়ে যাওয়া।
৫৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৮৮। ৫১ রানে খেলছেন লিটন। ৬ রানে ব্যাট করছেন তাসকিন।
16 May 2026, 03:25 PM
জুটি ভাঙলেন সাজিদ
এক প্রান্তে টানা বোলিং করে যাওয়া সাজিদ খানের হাত ধরে সাফল্য পেল পাকিস্তান। অফ স্পিনারের বলে বোল্ড হয়ে গেলেন তাইজুল ইসলাম।
লম্বা সময় পর কোনো ওভারের শুরু থেকে বাঁহাতি এই ব্যাটসম্যানকে বোলিংয়ের সুযোগ পান সাজিদ। আর সাফল্য আসে প্রথম বলেই।
ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন তাইজুল। বলের লাইনে যেতে পারেননি তিনি, আঘাত হানে স্টাম্পে। ভাঙে ১১৪ বল স্থায়ী ৬০ রানের জুটি।
৪০ বলে দুই চারে ১৬ রান করেন তাইজুল।
প্রথম বলেই ফিরতে পারতেন তাসকিন আহমেদ। তার ভাগ্য ভালো। ব্যাটের কানায় লেগে উল্টো বাউন্ডারি পেয়ে যান তিনি।
পরের বলে তার বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় পাকিস্তান। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তাতে দ্বিতীয় রিভিউ হারাল সফরকারীরা।
৫৮ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৮২।
16 May 2026, 02:53 PM
কঠিন সেশনে লিটন-তাইজুলের লড়াই
দুই থিতু ব্যাটনম্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের পর মেহেদী হাসান মিরাজকে হারিয়ে দ্বিতীয় সেশনের শুরুটা বাংলাদেশের হয় দুঃস্বপ্নের মতো। দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। সেখানে দারুণ ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন লিটন দাস ও তাইজুল ইসলাম।
চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৮। ৩১ বলে এক চারে ১১ রানে খেলছেন তাইজুল। ৭৭ বলে তিন চারে ৪২ রানে ব্যাট করছেন লিটন। তাদের জুটিতে ৫২ রান এসেছে ৯৫ বলে।
লাঞ্চের পর প্রথম ঘণ্টায় রান প্রায় পায়ইনি বাংলাদেশ। ১৪ ওভার ব্যাট করে তুলতে পারে ১৬ রান। এই সময়ে তারা তিন উইকেট।
সব মিলিয়ে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যাওয়া দলকে টানছেন তাইজুল ও লিটন। শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান লিটনের ব্যাটেই মূলত এগোচ্ছে বাংলাদেশ।
বাজে বল পেলে বাউন্ডারি মারছেন লিটন। ওভারের শুরুর দিকে দুই রান নেওয়ার চেষ্টা করছেন। শেষ দিকে সিঙ্গেল। কয়েকবার ইচ্ছে করে সিঙ্গেল নেননি তিনি। অফ স্পিনার সাজিদ খানের বিপক্ষে তাইজুলকে যত সম্ভব কম স্ট্রাইক দিতে চান তিনি।
16 May 2026, 02:43 PM
লিটন-তাইজুলের জুটিতে পঞ্চাশ
লাঞ্চের পর প্রথম ঘণ্টায় ১৫ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশবে কক্ষপথে ফেরাতে লড়াই করছেন লিটন দাস ও তাইজুল ইসলাম। সপ্তম উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৮৬ বলে।
সালমান আলি আগার বলে লিটনের সিঙ্গেল জুটির রান স্পর্শ করে পঞ্চাশ। এই কিপার-ব্যাটসম্যানই জুটিতে অগ্রণী। বেশিরভাগ বল নিজে খেলছেন, কখনও কখনও ইচ্ছে করে সিঙ্গল নিচ্ছেন না। রানের জন্য নিজে কখনও কখনও ঝুঁকিও নিচ্ছেন।
৫৩ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৬।
16 May 2026, 02:31 PM
লিটনের ক্যাচ ছাড়লেন সাজিদ
সাজিদ খানের বলে বেরিয়ে এসে বোলারের মাথার উপর দিয়ে শট খেললেন লিটন দাস। দ্রুত গতিতে আসা বলে হাত ছোঁয়ালেন সাজিদ, মুঠোয় রাখতে পারলেন না।
বল চলে গেল সীমানার কাছে। তবুও সিঙ্গেল নিলেন না লিটন।
বেশিরভাগ সময় ইনিংসের প্রথম বলে সিঙ্গেল নিচ্ছেন না লিটন। তাইজুল ইসলামকে মোটামুটি আড়ালই করে রেখেছেন তিনি। বাঁহাতি ব্যাটসম্যানকে কখনও এক বা দুই বল খেলতে দিচ্ছেন লিটন।
সাজিদ ক্যাচ ছাড়ার সময় লিটন ৩৩ রানে ব্যাট করছিলেন।
লিটন ও তাইজুলের জুটিতে বেড়েছে রানের গতি। প্রথম ঘণ্টায় রান রেট ছিল এক এর একটু উপরে। তাদের জুটিতে রান আসছে সাড়ে তিনের বেশি করে।
৫০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৫৯।
16 May 2026, 01:42 PM
সীমানায় ধরা পড়লেন মিরাজ
খুররাম শাহজাদের শর্ট বলে হুক করে ডিপ ফাইন লেগে ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সেশনে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে রানের চাকা প্রায় চলছেই না। ছক্কায় চাপ সরিয়ে দিতে চেয়েছিলেন মিরাজ। উল্টো দলের বিপদ বাড়ালেন তিনি।
টাইমিং করতে পারেননি মিরাজ। ক্যাচ যায় ডিপ ফাইন লেগে। এখানে এগিয়ে এসে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন হাসান আলি।
৬ বলে ৪ রান করেন মিরাজ।
৩৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১৬। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাইজুল ইসলাম।
লাঞ্চের পর ১৩ ওভারে ১৫ রান যোগ করতে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
16 May 2026, 01:36 PM
আম্পায়ার্স কলে ফিরলেন মুশফিক
লাঞ্চের পর দ্রুতই দুই থিতু ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর পর বিদায় নিলেন মুশফিকুর রহিম।
মোহাম্মদ আব্বাসের জায়গায় আক্রমণে এসেই সাফল্য পান খুররাম শাহজাদ।
জায়গায় দাঁড়িয়ে তার বল খেলার চেষ্টায় সফল হননি মুশফিক। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।
লেগ স্টাম্পের বাইরের অংশ ছুঁয়ে যেত বল। আম্পায়ার আউট দেওয়ায় ফিরে যেতে হয় মুশফিককে, তবে টিকে থাকে রিভিউ।
৬৪ বলে দুই চারে ২৩ রান করেন মুশফিক।
মাহমুদুল হাসান জয় ফেরেন শূন্য রানে। পরের চার ব্যাটসম্যানের সবাই দুই অঙ্ক স্পর্শ করেন। তবে তাদের কেউই ত্রিশের ঘরে যেতে পারেননি। প্রত্যেকেই থামেন বিশের ঘরে।
৩৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১২। ক্রিজে লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
16 May 2026, 01:14 PM
পাকিস্তানের বাইরে আব্বাসের 'সেঞ্চুরি'
নাজমুল হোসেন শান্ত টেস্টে মোহাম্মদ আব্বাসের ১০৯তম শিকার। দেশের বাইরে বাংলাদেশ অধিনায়ক অভিজ্ঞ এই পেসারের শততম শিকার।
দেশের মাটিতে কেবল নয়টি উইকেট পেয়েছেন আব্বাস।
সিলেট টেস্টের আগে দেশের বাইরে ৯৭ উইকেট নিয়েছিলেন ৩৬ বছর বয়সী পেসার। প্রথম সেশনে তিনি নেন মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসানের উইকেট।
সহায়ক কন্ডিশন পেয়ে ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছেন আব্বাস।এখন পর্যন্ত তিনিই সফরকারীদের সেরা বোলার।
16 May 2026, 01:07 PM
শান্তকে থামালেন আব্বাস
লাঞ্চের পর মোহাম্মদ আব্বাস ও সাজিদ খানের আঁটসাঁট বোলিংয়ে রান পাচ্ছে না বাংলাদেশ। রানের গতি কমে যাওয়ার মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে তারা।
আব্বাসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলবেন নাকি ছেড়ে দেবে দ্বিধায় ছিলেন শান্ত। দ্বিধা নিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১০১ বল স্থায়ী ৪৩ রানের জুটি।
৭৪ বলে তিন চারে ২৯ রান করেন শান্ত।
৩৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৬। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী লিটন দাস।
16 May 2026, 01:02 PM
সুযোগ হারাল পাকিস্তান
রিভিউ না নেওয়ায় মুশফিকুর রহিমের উইকেট পেল না পাকিস্তান! সাজিদ খানের বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েও বেঁচে গেলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।
অফ স্পিনারের লেগ স্টাম্পের বলে ফ্লিক করতে চেয়েছিলেন মুশফিক। ঠিকঠাক পারেননি তিনি, গ্লাভস ছুঁয়ে জমা পড়ে রিজওয়ানের গ্লাভসে। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
সতীর্থদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে শেষ পর্যন্ত রিভিউ নেননি শান মাসুদ। পরে রিপ্লেতে দেখা যায়, গ্লাভসের মৃদু স্পর্শ ছিল বলে। সে সময় ১৮ রানে ছিলেন মুশফিক।
২৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০২।
16 May 2026, 12:13 PM
শতরানের সেশনে তিন উইকেট হারাল বাংলাদেশ
টস হেরে ব্যাট করতে নেমে সিলেট টেস্টের প্রথম সেশনে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ।
লাঞ্চে যাওয়ার সময় ২৬ ওভারে স্বাগতিকদের রান ৩ উইকেটে ১০১। ৩১ বলে দুই চারে ১৮ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। ৫১ বলে তিন চারে ২৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।
সাবেক ও বর্তমান অধিনায়কের জুটিতে ৩৮ রান এসেছে ৬৩ বলে।
ক্যারিয়ারে অষ্টমবারের মতো শূন্য রানে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান ও অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।
তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে টানছেন শান্ত ও মুশফিক। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে তাদের দিকে তাকিয়ে বাংলাদেশ।
দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস, একটি খুররাম শাহজাদ।
16 May 2026, 11:38 AM
মাঠে ফিরে বোলিংয়ে হাসান
ক্যাচ ধরার চেষ্টায় মাথায় চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়া হাসান আলি প্রথম সেশনেই মাঠে ফিরলেন, বোলিংও করলেন অভিজ্ঞ এই পেসার। তার ওভারে একটি বাউন্ডারি পেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৭। ৩৩ বলে ২২ রানে খেলছেন শান্ত। ৫ বলে ১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
16 May 2026, 11:38 AM
রিভিউয়ে ব্যর্থ পাকিস্তান
খুররাম শাহজাদের আগের ওভারে একবার সুযোগ এসেছিল, তখন রিভিউ নেননি শান মাসুদ। এবার নিয়ে ব্যর্থ হলেন পাকিস্তান অধিনায়ক। সফরকারীরা হারাল প্রথম রিভিউ।
অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে খেলার চেষ্টায় সফল হননি নাজমুল হোসেন শান্ত। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে স্লিপ ফিল্ডারদের পরামর্শ রিভিউ নেন মাসুদ। রিপ্লেতে দেখা যায়, ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে।
সে সময় ১২ রানে ছিলেন শান্ত। ওই ওভারে একটি বাউন্ডারিও পান তিনি।
১৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭২।
16 May 2026, 11:26 AM
মুমিনুলের প্রতিরোধ ভাঙলেন শাহজাদ
আগের বলে এলবিডব্লিউর জোরাল আবেদন থেকে বেঁচে গেলেন নাজমুল হোসেন শান্ত। পরের বলে বোল্ড হয়ে গেলেন মুমিনুল হক।
দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটি এবার জমতে দিলেন না খুররাম শাহজাদ। দলে ফেরা পেসারের স্টাম্পে থাকা বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হলেন মুমিনুল। ভাঙল ৩৬ বল স্থায়ী ১৯ রানের জুটি।
৪১ বলে তিন চারে ২২ রান করেন মুমিনুল।
১৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম।
16 May 2026, 11:10 AM
প্রথম ঘণ্টায় আব্বাসের দুই উইকেট
মেঘে ঢাকা আকাশ, খেলা চলছে ফ্লাড লাইট জ্বালিয়ে। কন্ডিশন পেস বোলারদের জন্য বেশ সহায়ক। এর সুবিধা কাজে লাগিয়েছেন মোহাম্মদ আব্বাস। প্রথম ঘণ্টায় দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ, দুটিই নিয়েছেন পাকিস্তানের অভিজ্ঝ এই পেসার।
ম্যাচের দ্বিতীয় বলে মাহমুদুল হাসানকে বিদায় করেন আব্বাস। পরে নিজের দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে তিনি নেন অভিষিক্ত তানজিদ হাসানের উইকেট।
১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫। ৩১ বলে ২০ রানে ব্যাট করছেন মুমিনুল হক। ১১ বলে ৫ রান খেলছেন নাজমুল হোসেন শান্ত।
প্রথম টেস্টে দুই ইনিংসেই রান পেয়েছিলেন বাংলাদেশের এই দুই বাঁহাতি ব্যাটসম্যান। এবারও দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদের কাঁধে।
16 May 2026, 10:57 AM
উইকেট ছুঁড়ে এলেন তানজিদ
নিজের প্রথম টেস্ট ইনিংস বড় করতে পারলেন না তানজিদ হাসান। চমৎকার শুরু করা বাঁহাতি ওপেনার ছুঁড়ে এলেন নিজের উইকেট।
আক্রমণে ফেরা মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ। ঠিকঠাক শট খেলতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে উঠে যায় বেশ উপরে। সহজেই মুঠোয় নেন বোলার আব্বাস। প্রথম ঘণ্টায় বাংলাদেশের দুই ওপেনারকে বিদায় করলেন তিনি।
তানজিদের বিদায়ে ভাঙল ৫৮ বল স্থায়ী ৪৪ রানের জুটি।
তিন চারে ৩৪ বলে ২৬ রান করেন তানজিদ।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৪। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
16 May 2026, 10:52 AM
স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হাসান
অষ্টম ওভার বোলিংয়ে পরিবর্তন আনলেন শান মাসুদ। নিজের প্রথম ওভারে উইকেট পাওয়ার আশা জাগালেন হাসান আলি। তবে ক্যাচ ধরার মরিয়া চেষ্টায় মাথায় চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন অভিজ্ঞ এই পেসার।
বোলারের মাথার উপর দিয়ে শট খেলেন তানজিদ হাসান। হাত বাড়িয়ে কোনোমতে আঙুল ছোঁয়াতে পারেন হাসান। মাটিতে পড়ার সময় ভারসাম্য হারিয়ে মাথায় চোট পান তিনি।
ফিজিও মাছে আসেন একটু পরে আনা হয় স্ট্রেচার। পরে সেটিতে করেই মাঠের বাইরে নিয়ে যাওয় হয় তাকে। ওভারের শেষ বলটি করেন সালমান আলি আগা।
ডাগআউটে তখন ভীষণ চিন্তিত দেখাচ্ছিল পাকিস্তান কোচ সরফরাজ আহমেদ পেস বোলিং কোচ উমার গুলদের।
পাকিস্তান দল এখনও কনকাশন সাব নেওয়ার কথা বলেনি।
৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০।
16 May 2026, 10:42 AM
সাবলীল তানজিদ, সাবধানী মুমিনুল
টেস্টে নিজের প্রথম ইনিংসে সাবলীল ব্যাটিং করছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান। প্রথম ওভারে ক্রিজে যাওয়া মুমিনুল হক খেলছেন নিজের মতো করে।
সাদা বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং করা তানজিদ দ্বিতীয় ওভারে প্রথম স্ট্রাইক পান। প্রথম বলে একটুর জন্য বাউন্ডারি পাননি তিনি। ৩ রান নিয়ে লাল বলের ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি।
পরের ওভারে মোহাম্মদ আব্বাসের বলে পান বাউন্ডারির দেখা। প্রথম ৫ বলে ১০ রান করেন তানজিদ।
শুরুতে বেশ সময় নেন মুমিনুল। পরে বাউন্ডারি আসে তার ব্যাট থেকেও।
ষষ্ঠ ওভারে খুররাম শাহজাদের বলে দুটি বাউন্ডারি মারেন মুমিনুল। আব্বাসের করা পরের ওভারে দুটি বাউন্ডারি মারেন তানজিদ।
দিনের শুরুতে হালকা মেঘ ছিল, রোদও ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে গেছে আকাশ। এই মুহূর্তে খেলা হচ্ছে ফ্লাড লাইট জ্বালিয়ে।
৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৮।
16 May 2026, 10:13 AM
দ্বিতীয় বলেই ফিরলেন জয়
শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় বলে শূন্য রানে ফিরলেন মাহমুদুল হাসান জয়।
প্রথম বলে এলবিডব্লিউর জোরাল আবেদন করেন মোহাম্মদ আব্বাস। তবে রিভিউ নেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
পরের বলে আব্বাসের হাতে ধরা দেয় সাফল্য। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে সালমান আলি আগার হাতে ধরা পড়েন জয়।
২২ টেস্ট আর ৪০ ইনিংসের ক্যারিয়ারে এই নিয়ে ৮ বার শূন্য রানে আউট হলেন জয়।
উইকেট-মেডেন দিয়ে বোলিং শুরু করে পাকিস্তান।
ক্রিজে অভিষিক্ত তানজিদ হাসানের সঙ্গী অভিজ্ঞ মুমিনুল হক। আব্বাসের শেষ চারটি বল ডট খেলেন তিনি।
16 May 2026, 09:53 AM
পাকিস্তান দলে তিন পরিবর্তন
প্রথম টেস্টে হারের পর তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। চোট কাটিয়ে ফিরেছেন বাবর আজম। একাদশে ফিরেছেন পেসার খুররাম শাহজাদ ও অফ স্পিনার সাজিদ খান।
বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হাক, বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ও বাঁহাতি স্পিনার নোমান আলি।
পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, হাসান আলি, বাবর আজম, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, খুররাম শাহজাদ।
16 May 2026, 09:43 AM
বাংলাদেশ দলে দুই পরিবর্তন
একটি পরিবর্তন অনিবার্য ছিল, বাংলাদেশ দলে পরিবর্তন হলো দুটি। চোটের জন্য ছিটকে যাওয়া সাদমান ইসলামের জায়গায় টেস্ট দলে অভিষেক হচ্ছে আগ্রাসী ওপেনার তানজিদ হাসানের। টেস্টে তিনি বাংলাদেশের ১০৯তম ক্রিকেটার।
মিরপুর টেস্টে নিষ্প্রভ বোলিং করা ইবাদত হোসেনের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
16 May 2026, 09:36 AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আবারও টস জিতলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এবারও তিনি নিলেন ব্যাটিং।
সিলেটেও চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে সফরকারীদের। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন দুই সেশনের কিছুটা বেশি সময় কাটিয়ে দিতে হতো তাদের, সেটি পারেনি পাকিস্তান।
১০৪ রানে প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, টস জিতলে ব্যাটিং-ই নিতেন তিনি।
16 May 2026, 09:28 AM
সফরকারীদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশ
টানা দুটি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। ২০২৪ সালে পাকিস্তান সফরে তারা জিতেছিল ২-০ ব্যবধানে। মিরপুর টেস্টে জয় পাওয়ার পর আবারও সেই একই ব্যবধানে জয়ের আশায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার খেলা শুরু হবে সকাল ১০টায়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, টেস্ট ম্যাচে বারবার বাগড়া দিতে পারে বৃষ্টি। ম্যাচের আগে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আলোচনা হয় বৃষ্টির শঙ্কা আর দোলাচল নিয়েই। একটা আশার কথা যে, পূর্বাভাস বলছে, বৃষ্টি বেশি হতে পারে রাতে। আরেকটি আশার কথা শুনিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
কিছুদিন আগে এই মাঠে বিসিএলের একটি ম্যাচ খেলার অভিজ্ঞতার কথা শোনান মুশফিক। টেস্ট শুরুর আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞ ব্যাটসম্যান বললেন, মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দারুণ হওয়ায় ফলাফল বের করার আশা করছেন তারা।
16 May 2026, 09:23 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।