২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব‍্যাটে-বলে ব‍্যর্থতায় বড় ব‍্যবধানে হারল বাংলাদেশ

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১২৮ রানে হারল মেহেদী হাসান মিরাজের দল।

13 Mar 2026, 11:02 PM

১২৮ রানে হারল বাংলাদেশ

বোলিং খুব একটা ভালো হয়নি। ব‍্যাটিং হলো বেশ বাজে। দুইয়ে মিলিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বড় ব‍্যবধানে হারল।

বৃষ্টির বাধায় ৩২ ওভারে ২৪৩ রানের লক্ষ‍্য পেয়েছিল বাংলাদেশ। ২৩.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেত আগে ব‍্যাট করে ১১৪ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১২৮ রানে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে পাকিস্তান। আগামী রোববার হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে।

এই হারে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নয়ে যাওয়া হলো না বাংলাদেশের। সিরিজে ফল যাই হোক, থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের পেছনেই।

তাসকিন আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন হারিস রউফ। তার শর্ট বলে মিড অনে শাহিন শাহ আফ্রিদির হাতে ধরা পড়েন তাসকিন। ১৪ বলে তিনি করেন ৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৭.৩ ওভারে ২৭৪ (সাহিবজাদা ৩১, সাদাকাত ৭৫, শামিল ৬, রিজওয়ান ৪৪, সালমান ৬৪, তালাত ৯, সামাদ ১১, ফাহিম ১৪, আফ্রিদি ৩, ওয়াসিম ১, রউফ ২*; তাসকিন ৮-০-৫৯-১, মুস্তাফিজ ৯-০-৫৩-১, নাহিদ ১০-০-৫৯-১, মিরাজ ১০-২-৩৪-২, রিশাদ ৯.৩-০-৫৬-৩, আফিফ ১-০-৮-০)

বাংলাদেশ: (৩২ ওভারে লক্ষ‍্য ২৪৩) ২৩.৩ ওভারে ১১৪ (সাইফ ১২, তানজিদ ১, শান্ত ০, লিটন ৪১, হৃদয় ২৮, আফিফ ১৪, মিরাজ ১, রিশাদ ২, তাসকিন ৪, মুস্তাফিজ ৩, নাহিদ ২*; আফ্রিদি ৫-০-২২-২, ওয়াসিম ৫-০-২৫-১, রউফ ৪.৩-২৬-৩, সাদাকাত ৫-০-২৩-৩, ফাহিম ৪-০-১৮-১)

13 Mar 2026, 10:48 PM

মুস্তাফিজের বিদায়ে হারের আরও কাছে বাংলাদেশ

পরপর দুই ওভারে দুটি উইকেট পেলেন হারিস রউফ। তার বলে বড় শটের চেষ্টায় কট বিহাইন্ড হলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের উইকেট বাকি থাকল কেবল একটি।

৭ বলে ৪ রান করেন মুস্তাফিজ।

২২ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১১১ রান। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী নাহিদ রানা।

13 Mar 2026, 10:40 PM

পারলেন না হৃদয়

সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন তাওহিদ হৃদয়। অবশেষে ফিরলেন তিনিও।

হারিস রউফের ডেলিভারির লাইনে যেতে পারেননি হৃদয়। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে অবশ‍্য কাজ হয়নি।

৩৮ বলে দুই চারে ২৮ রান করেন হৃদয়।

২০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১০৪। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

13 Mar 2026, 10:37 PM

সাদাকাতের স্পিনে ভোগান্তি

মাজ সাদাকাতের স্পিনের যেন জবাব খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। তরুণ বাঁহাতি স্পিনারের তৃতীয় শিকার রিশাদ হোসেন।

পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইনে যেতে পারেননি। ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে।

৫ বলে ২ রান করেন রিশাদ।

১৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১০১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী তাসকিন আহমেদ।

13 Mar 2026, 10:31 PM

ব‍্যাটিংয়ে ব‍্যর্থ মিরাজ

চমৎকার বোলিং করা মেহেদী হাসান মিরাজ তেমন কিছু করতে পারলেন না ব‍্যাটিং। ফাহিম আশরাফের বলে ছক্কার চেষ্টায় ধরা পড়লেন সীমানায়।

অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক পুল করতে পারেননি মিরাজ। যত দূরে নিতে চেয়েছিলেন, পারেননি। এগিয়ে এসে ক‍্যাচ নেন মোহাম্মদ ওয়াসিম।

৫ বল খেলে ১ রান করেন মিরাজ।

১৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৮। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী রিশাদ হোসেন।

13 Mar 2026, 10:25 PM

দ্রুত ফিরলেন আফিফ

তেমন কিছু করতে পারলেন না আফিফ হোসেন। ওভার প্রতি যেখানে প্রয়োজন নয় রানের বেশি, সেখানে দুই চারে ১৪ বলে তিনি করতে পারলেন কেবল ১৫ রান।

মাজ সাদাকাতের বলে স্লগ সুইপের চেষ্টায় শর্ট মিডউইকেটে ধরা পড়েন আফিফ। ডাইভ দিয়ে চমৎকার ক‍্যাচ নেন সালমান আলি আগা।

১৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৬। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

13 Mar 2026, 10:10 PM

লিটনের বিদায়ে ভাঙল জুটি

আগের বলে পুল করে ছক্কা মারলেন লিটন দাস। পরের বলে সুইপ করে মারতে চাইলেন বাউন্ডারি। তবে ব‍্যাটে খেলতে পারলেন না অভিজ্ঞ কিপার-ব‍্যাটসম‍্যান। সফল রিভিউয়ে তার উইকেট পেল পাকিস্তান।

মাজ সাদাকাতের বলের লাইনে যেতে পারেননি লিটন। বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে। ভাঙল ৪৮ বল স্খায়ী ৫৮ রানের জুটি।

৩৩ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪১ রান করেন লিটন।

১৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী আফিফ হোসেন।

13 Mar 2026, 10:05 PM

লিটন-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

দ্রুত ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তাদের জুটিতে পঞ্চাশ রান এসেছে ৪৭ বলে।

বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন লিটন। তাকে সঙ্গ দিচ্ছেন হৃদয়।

১২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৭।

13 Mar 2026, 09:54 PM

বেঁচে গেলেন লিটন

হারিস রউফের বলে পুল করে ছক্কার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন লিটন দাস। সীমানায় মাজ সাদাকাতের ব‍্যর্থতায় উল্টো ছয় পেয়ে গেলেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

ঠিকঠাক টাইমিং করতে পারেননি লিটন। সীমানার একটু ভেতরে ছিলেন সাদাকাত। সরে গিয়ে লাফ দিয়ে বল মুঠোয় নিতে গিয়ে পারেননি তিনি। উল্টো হাতে লেগে চলে যায় সীমানার বাইরে।

সে সময় ২১ রানে ছিলেন লিটন।

১০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬০।

13 Mar 2026, 09:24 PM

৩২ ওভারে ২৪৩ রান চাই বাংলাদেশের

রাত ৯টা ৩৫ মিনিট শুরু হবে খেলা। দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় কমেছে ম‍্যাচের দৈর্ঘ‍্য।

৩২ ওভারে নেমে আসা ম‍্যাচে ২৪৩ রান করতে হবে বাংলাদেশের।

বৃষ্টিতে খেলা বন্ধের সময় ৬.৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৭। লিটন দাসের সঙ্গে ক্রিজে ব‍্যাট করছেন তাওহিদ হৃদয়।

খেলা শুরু হলে ২৫.৩ ওভারে বাংলাদেশের করতে হবে ২১৬ রান। দুই জন বোলার সর্বোচ্চ ৭ ওভার করে বোলিং করতে পারবেন। তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বোলিং করতে পারবেন।

13 Mar 2026, 09:11 PM

পৌনে দশটায় শুরু খেলা

মাঠ শুকানোর কাজ চলছে। মাঠ কর্মীরা বলেছেন, ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগছে পারে। পুনরায় বৃষ্টি না নামলে রাত পৌনে দশটায় খেলা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

13 Mar 2026, 08:23 PM

ওভার কমতে শুরু করল

বৃষ্টির বাধায় বন্ধ হয়ে থাকা ম‍্যাচের দৈর্ঘ‍্য কমতে শুরু করেছে। রাত ৮টা ২১ মিনিটের পর থেকে কমছে ওভার।  

13 Mar 2026, 08:13 PM

ওভার কমবে রাত ৮টা ২১ মিনিটের পর

খেলা শেষ হওয়ার সময় রাত ৯টা ৫৫ মিনিট। আরও এক ঘণ্টা সময় বাড়ানোর সুযোগ আছে।

রাত ৮টা ২১ মিনিটে পর থেকে ওভার কমা শুরু হবে।

ম‍্যাচের ফল হতে হলে বাংলাদেশের অন্তত ২০ ওভার ব‍্যাট করতে হবে।

13 Mar 2026, 07:24 PM

বিরূপ আবহাওয়ায় খেলা বন্ধ

ঝড়ো বাতাস বইছে, আশেপাশে বজ্রপাত হচ্ছে, এই পরিস্থিত খেলা চালিয়ে যাওয়ার জন‍্য নিরাপদ মনে করলেন না দুই আম্পায়ার। স্থানীয় সময় ৭টা ২১ মিনিটে খেলা বন্ধ করে দিলেন তারা।

৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ।

13 Mar 2026, 07:15 PM

নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড শান্ত

পাঁচ ওভারের মধ‍্যে টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানকে হারাল বাংলাদেশ। দুই ওপেনারের পর বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত।

শাহিন শাহ আফ্রিদির লেংথ বল নরম হাতে ডিফেন্ড করতে চেয়েছিলেন শান্ত। নিচু হওয়া বলের লাইনে যেতে পারেননি তিনি। বল আঘাত হানে স্টাম্পে।

২ বল খেলে শূন‍্য রানে ফেরেন শান্ত।

৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।

13 Mar 2026, 07:12 PM

টিকলেন না সাইফ

বাজে শটে ফিরে গেলেন সাইফ হাসান। মোহাম্মদ ওয়াসিমের অফ স্টাম্পের বাইরের বলে মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে সহজ ক‍্যাচ দিলেন এই ওপেনার।

যতটা উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, পারেননি সাইফ। সহজ ক‍্যাচ নেন আব্দুল সামাদ।

১২ বলে দুই চারে ১২ রান করেন সাইফ।

৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৪। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।

13 Mar 2026, 07:07 PM

শুরুতেই ফিরলেন তানজিদ

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির বলে সীমানায় ক‍্যাচ দিয়ে ফিরলেন তানজিদ হাসান।

ফ্লিক করে ছক্কার চেষ্টায় ছিলেন তানজিদ। কিন্তু টাইমিং করতে পারেননি। ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিমের হাতে।

৭ বল খেলে কেবল ১ রান করেন তানজিদ।

৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৩।

13 Mar 2026, 06:17 PM

নাটকীয় ধসে ২৭৪ রানেই শেষ পাকিস্তান

৩৯তম ওভারে রান ৩ উইকেটে ২৩১। এখান থেকে তিনশ ছাড়ানো রান খুব কঠিন কিছু ছিল না। কিন্তু শেষের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিল বাংলাদেশ।

সফরকারীরা ৪৩ রানে হারাল শেষ ৭ উইকেট! পারল না পুরো ৫০ ওভার ব‍্যাট করতে।

৪৮তম ওভারে রিশাদের তৃতীয় বলে মোহাম্মদ ওয়াসিম ছক্কার চেষ্টায় সাইফ হাসানের হাতে ধরা পড়লে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

৪ বল খেলে ১ রান ওয়ানিম। ৩ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন হারিস রউফ।

৫৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার রিশাদ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নেন ৩৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৭.৩ ওভারে ২৭৪ (সাহিবজাদা ৩১, সাদাকাত ৭৫, শামিল ৬, রিজওয়ান ৪৪, সালমান ৬৪, তালাত ৯, সামাদ ১১, ফাহিম ১৪, আফ্রিদি ৩, ওয়াসিম ১, রউফ ২*; তাসকিন ৮-০-৫৯-১, মুস্তাফিজ ৯-০-৫৩-১, নাহিদ ১০-০-৫৯-১, মিরাজ ১০-২-৩৪-২, রিশাদ ৯.৩-০-৫৬-৩, আফিফ ১-০-৮-০)

13 Mar 2026, 06:05 PM

টিকলেন না আফ্রিদি

রিশাদ হোসেন পেলেন আরেকটি উইকেট। তাকে ছক্কা মারার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন শাহিন শাহ আফ্রিদি।

রিশাদের গুগলিতে টাইমিং করতে পারেননি আফ্রিদি। স্লগ সুইপে তিনি ধরা পড়েন আফিফ হোসেনের হাতে। পাকিস্তান অধিনায়ক ৯ বলে করেন ৩ রান।

৪৬ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ২৬৬। ক্রিজে ফাহিম আশরাফের সঙ্গী মোহাম্মদ ওয়াসিম।

13 Mar 2026, 05:53 PM

রান আউট সামাদ

আগের ওভারে নাহিদ রানাকে ছক্কায় ওড়ানো আব্দুল সামাদ ফিরে গেলেন রান আউট হয়ে।

রিশাদের বল মিডউইকেটে পাঠিয়ে দুই রান নেওয়ার চেষ্টা করেন সামাদ। তাতে একদমই সাড়া দেননি ফাহিম আশরাফ। অন‍্য প্রান্তে পৌঁছে দাঁড়িয়ে ছিলেন তিনি।

৭ বলে ১১ রান করেন সামাদ।

মাঝপথ থেকে ফেরার চেষ্টায় সফল হননি সামাদ। আফিফ হোসেনের থ্রো ধরেই বেলস ফেলে দেন মেহেদী হাসান মিরাজ।

৪৩ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ২৫৯। ক্রিজে ফাহিমের সঙ্গী শাহিন শাহ আফ্রিদি।

13 Mar 2026, 05:48 PM

রিশাদের চমৎকার ডেলিভারিতে বোল্ড তালাত

লেগ স্পিনারের উপর চড়াও হতে চাইলেন হুসাইন তালাত। তবে স্লগ সুইপের চেষ্টায় বলের লাইনে যেতে পারলেন না বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। বল ছোবল দিল স্টাম্পে।

১৩ বলে এক চারে ৯ রান করেন তালাত।

৪২.১ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ২৫২। ক্রিজে আব্দুল সামাদের সঙ্গী ফাহিম আশরাফ।

13 Mar 2026, 05:37 PM

ছক্কার চেষ্টায় অক্কা রিজওয়ান

সালমান আলি আগার পর মোহাম্মদ রিজওয়ানকেও হারাল পাকিস্তান। বেরিয়ে এসে মেহেদী হাসান মিরাজের বলে স্টেডিয়ামের বাইরে পাঠানোর চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েন রিজওয়ান।

৫৯ বলে পাঁচ চারে ৪৪ রান করেন রিজওয়ান।

৩৯ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ২৩১। ক্রিজে  হুসাইন তালাতের সঙ্গী আব্দুল সামাদ।

13 Mar 2026, 05:32 PM

অদ্ভূত রান আউটে ভাঙল জুটি

মেহেদী হাসান মিরাজের বল ফ্লিক করলেন মোহাম্মদ রিজওয়ান। বল গেল সোজা বোলারের দিকে। একটু ছিলেন নন স্ট্রাইকার ব‍্যাটসম‍্যান সালমান আলি আগা। দুই জনের মৃদু সংঘর্ষও হলো। জায়গায় ফেরার চেষ্টা না করে নিচু হয়ে বল তুলে দিতে চাইলেন ব‍্যাটসম‍্যান! কিন্তু তার আগেই ছোঁ মরে বল তুলে নিয়ে বেলস ফেলে দিলেন মিরাজ।

সে সময় ক্রিজ থেকে বাইরে ছিলেন ব‍্যাটসম‍্যান।

মিরাজ আবেদন করতেই ক্ষোভে হেলমেট, গ্লাভস ছুঁড়ে মারেন সালমান। আম্পায়ার আউট দেওয়ার পরে বেরিয়ে যাওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। ডাগআউটে গিয়েও হেলমেট ছুঁড়ে মারেন তিনি।

অদ্ভূত রান আউটে ভাঙে ১১৫ বল স্থায়ী ১০৯ রানের জুটি।

৬২ বলে দুই ছক্কা ও সাত চারে ৬৪ রান করেন সালমান।

৩৮.৪ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ২৩১। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী হুসাইন তালাত।

13 Mar 2026, 05:22 PM

১০৮ বলে রিজওয়ান-সালমান জুটির পঞ্চাশ

চমৎকার শটে তাসকিন আহমেদকে ছক্কায় ওড়ালেন সালমান আলি আগা। পরে মারলেন চার। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার জুটি স্পর্শ করল একাশ, কেবল ১০৮ বলে।

ওভারের শেষ বলে তাসকিনকে আরেকটি চার মারলেন রিজওয়ান।

৩৮ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ২৩০।

৫৫ বলে রিজওয়ানের রান ৪৪। ৬০ বলে সালমানের রান ৬৩।

13 Mar 2026, 05:12 PM

৫০ বলে সালমানের পঞ্চাশ

সাবলীল ব‍্যাটিংয়ে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন সালমান আলি আগা। ৫০ বলে তিনি স্পর্শ করেছেন ওয়ানডেতে নিজের নবম পঞ্চাশ।

৩৬ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ২১১।

৫২ বলে এক ছক্কা ও ছয় চারে ৫০ রানে খেলছেন সালমান। ৫১ বলে চারটি চারে ৩৮ রানে ব‍্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান।

13 Mar 2026, 05:02 PM

৩৪ ওভারে পাকিস্তানের দুইশ

প্রথম ওয়ানডেতে ১১৪ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান এবার বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে। ৩৪তম ওভারে দলটি স্পর্শ করেছে দুইশ। এখান থেকে তিনশ ছাড়ানো সংগ্রহ খুব কঠিন কিছু নয়।

৩৪ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ২০২।

13 Mar 2026, 04:50 PM

রিজওয়ান-সালমানের জুটিতে পঞ্চাশ

চতুর্থ উইকেটে পাকিস্তানকে টানছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। দুই অভিজ্ঞ ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৬৫ বলে।

৩১ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১৭৭।

৩৪ বলে তিন চারে ২৪ রানে ব‍্যাট করছেন রিজওয়ান। ৩৯ বলে তিন চার ও এক ছক্কায় ৩২ রানে খেলছেন সালমান।

13 Mar 2026, 04:02 PM

শামিলকে ফিরিয়ে নাহিদের প্রথম

পাওয়ার প্লেতে ভালো করতে পারেননি নাহিদ রানা। তবে এবার বোলিংয়ে ফিরেই উইকেট পেলেন গতিময় এই পেসার।

নাহিদের অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে চেয়েছিলেন শামিল হুসাইন। তবে ঠিকঠাক বলের লাইনে যেতে পারেননি তিনি। ডিপ থার্ড ম‍্যানে ক‍্যাচ নেন মুস্তাফিজুর রহমান। ২২ বলে ৬ রান করে ফেরেন শামিল।

২০ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১২৩। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী সালমান আলি আগা।

13 Mar 2026, 03:53 PM

সাহিবজাদাকে ফেরালেন তাসকিন

অনেকটা সময় ক্রিজে থাকলেও ঠিক স্বচ্ছন্দে ছিলেন না সাহিবজাদা ফারহান। মাজ সাদাকাতের বিদায়ের পর রানের গতি কমে যাওয়ায় চাপও বাড়ছিল। সেটা সরানোর চেষ্টায় তেড়েফুড়ে মারতে গিয়ে ক‍্যাচ দিলেন সাহিবজাদা।

তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ করেন পাকিস্তানের ওপেনার। ঠিকঠাক খেলতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় ডিপ থার্ড ম‍্যানে, তাওহিদ হৃদয়ের হাতে।

১৮ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১২১। ক্রিজে শামিল হুসাইনের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।

13 Mar 2026, 03:30 PM

শতরানের জুটি ভাঙলেন মিরাজ

নিজের দ্বিতীয় ওভারে সাফল‍্য পেলেন মেহেদী হাসান মিরাজ। মাজ সাদাকাতকে ফিরিয়ে শতরানের উদ্বোধনী জুটি ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক।

স্টাম্পে থাকা ডেলিভারি হাঁটু গেড়ে স্কুপ করতে চেয়েছিলেন সাদাকাত। ঠিকঠাক খেলতে পারেননি তিনি। সহজ ক‍্যাচ যায় কিপার লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৭৯ বল স্থায়ী ১০৩ রানের জুটি।

৪৬ বলে পাঁচ ছক্কা ও ছয় চারে ৭৫ রান করেন সাদাকাত।

১৩ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১০৩। ক্রিজে সাহিবজাদা ফারহানের সঙ্গী শামিল হুসাইন।

13 Mar 2026, 03:14 PM

পাওয়ার প্লেতে সাদাকাতের ঝড়

দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দুটি বাউন্ডারিতে শুরু মাজ সাদাকাতের। এরপর কেবলই এগিয়ে যাচ্ছেন বাঁহাতি এই ওপেনার। নিজের জোনে বল পাচ্ছেন প্রচুর। সেগুলো কাজে লাগিয়ে মারছেন একের পর এক বাউন্ডারি।

সাদাকাতের ঝড়ো ব‍্যাটিংয়ে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পেরেছে পাকিস্তান।

১০ ওভারে সফরকারীদের রান বিনা উইকেটে ৮৫। ৩৫ বলে পাঁচটি করে ছক্কা ও চারে ৬৩ রানে ব‍্যাট করছেন সাদাকাত। সাহিবজাদা ফারহান ২৬ বলে দুই চারে খেলছেন ১৫ রানে।

13 Mar 2026, 03:05 PM

আগ্রাসী ব‍্যাটিংয়ে সাদাকাতের পঞ্চাশ

বাংলাদেশের পেসারদের এলোমেলো বোলিংয়ের সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছেন মাজ সাদাকাত। আগ্রাসী ব‍্যাটিংয়ে তিনি পঞ্চাশ ছুঁয়েছেন ৩১ বলে।

নাহিদ রানার বলে বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করেন সাদাকাত। পরের বল মারেন ছক্কা।

৯ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৭৮।

13 Mar 2026, 03:01 PM

বাংলাদেশের ব‍্যর্থ রিভিউ

মাজ সাদাকাতের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হল বাংলাদেশ।

প্রান্ত বদল করা তাসকিন আহমেদের বেরিয়ে যাওয়া ডেলিভারি ব‍্যাটে খেলতে পারেননি সাদাকাত। বোলারের প্রবল আত্মবিশ্বাস দেখেই হয়তো শেষ সময়ে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ।

বাঁহাতি ব‍্যাটসম‍্যানে ব‍্যাটের কানা নেয়নি বল। তাই নষ্ট হলো বাংলাদেশের প্রথম রিভিউ।

৮ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৫৮। ২৯ বলে ৪৭ রানে খেলছেন সাদাকাত। ২০ বলে সাহিবজাদা ফারহানের রান ৯।

13 Mar 2026, 03:01 PM

রিভিউ নিয়ে বাঁচলেন সাহিবজাদা

নাহিদ রানার বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন সাহিবজাদা ফারহান।

স্টাম্পে থাকা ডেলিভারির লাইনের ধারে কাছে যেতে পারেননি পাকিস্তানের ওপেনার। বল যেত স্টাম্পের উপর দিয়ে। তাই নিজের সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার তানভির আহমেদ।

পরের বলে সিঙ্গেল নিয়ে জুটির রান পঞ্চাশে নিয়ে যান সাহিবজাদা। পাকিস্তানের পঞ্চাশ এলো ৪১ বলে।

৭ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৫১। ২০ বলে ৯ রানে খেলছেন সাহিবজাদা। ২৩ বলে ৪১ রানে ব‍্যাট করছেন মাজ সাদাকাত।

13 Mar 2026, 02:44 PM

পাকিস্তানের উড়ন্ত সূচনা

মাজ সাদাকাতের ব‍্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। প্রথম পাঁচ ওভারে রান এসেছে ৯ করে।

৫ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৪৫। ১৬ বলে তিনটি করে ছক্কা ও চারে ৩৬ রানে ব‍্যাট করছেন সাদাকাত। ১৫ বলে এক চারে ৮ রানে খেলছেন সাহিবজাদা ফারহান।

মুস্তাফিজের দুই ওভারে তিনটি চার মেরেছেন সাদকাত। তাসকি আহমেদের এক ওভারে মেরেছেন দুই ছক্কা। আগের ম‍্যাচে দারুণ বোলিং করা নাহিদ রানার প্রথম ওভারে মেরেছেন একটি ছক্কা।

13 Mar 2026, 02:00 PM

পেসার বাড়াল পাকিস্তান

প্রথম ম‍্যাচে একদমই লড়াই করতে না পারা পাকিস্তান শক্তি বাড়াল পেস বোলিংয়ে। লেগ স্পিনার আবরার আহমেদের জায়গায় একাদশে ফেরাল গতিময় পেসার হারিস রউফকে। 

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে প্রায় একাই ধসিয়ে দেন বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানা। সে কারণেই হয়তো রউফকে ফেরাল সফরকারীরা।

সেই ম‍্যাচে পাকিস্তান হারে মূলত ব‍্যাটিংয়ে নিদারুণ ব‍্যর্থতায়। তবে টিকে গেছেন ব‍্যাটসম‍্যানদের সবাই। খেলানোর মতো খুব বেশি বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যানদের তাদের নেই-ও।  আছেন কেবল কিপার-ব্যাটার মোহাম্মাদ গাজি ঘোরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭ ম্যাচ খেলে তার গড় ২০.৬০, স্ট্রাইক রেট ৭৯.৫৩। তার  দলে জায়গা পাওয়া নিয়েই পাকিস্তান ক্রিকেটে প্রশ্নের শেষ নেই। তিনি জায়গা পাননি একাদশে। 

পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।

13 Mar 2026, 01:54 PM

একই একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

৮ উইকেটে জয় পাওয়া প্রথম ওয়ানডের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তাই এই ম‍্যাচেও বাইরে থাকছেন তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

13 Mar 2026, 01:51 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা দুই ম‍্যাচে পস জিতলেন মেহেদী হাসান মিরাজ। এবারও ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।

13 Mar 2026, 01:43 PM

সিরিজ জয়ের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামছে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর সোয়া ২টায়।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর দল হয়েও ৪ নম্বরে থাকা পাকিস্তানকে প্রথম ম্যাচে ব্যাটে-বলে যেভাবে বিধ্বস্ত করেছে বাংলাদেশ, গোটা দলের আত্মবিশ্বাস অনেক উঁচুতে পৌঁছে যাওয়ার কথা। পরের দুই ম্যাচের যে কোনো একটি ম্যাচ জিততে পারলে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও এক ধাপ এগোতে পারবে বাংলাদেশ।

আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই বাংলাদেশের। সেই অভিযানের শুরুটা ভালো করতে পারার সন্তুষ্টি সামনে পথে তাকিয়ে প্রেরণা পাচ্ছেন অধিনায়ক মিরাজ। তাদের সামনে এবার ধারাবাহিকতা ধরে রাখার পালা।