সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: ৫০.৩ ওভারে ১৫২/৩
11 May 2026, 05:29 PM
শান্ত-মুমিনুলের পঞ্চাশে ভালো অবস্থানে বাংলাদেশ
দুই ওপেনারকে দ্রুত হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের পঞ্চাশ ছোঁয়া ইনিংস এবং তাদের শতরানের সৌজন্য চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।
বৃষ্টি বিঘ্নিত দিনে আলোকস্বল্পতায় আগেভাবেই খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫২। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ১৭৯ রানে।
১০৫ বলে ছয় চারে ৫৮ রানে ব্যাট করছেন অধিনায়ক শান্ত। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম ৩১ বলে তিন চারে ব্যাট করছেন ১৬ রানে।
বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় সোমবার খেলা হয়েছে কেবল ৪৮.৪ ওভার। এই সময়ে ১৪৫ রান যোগ করেছে বাংলাদেশ।
পঞ্চম ও শেষ দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে ১০টায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৭/০) ৫০.৩ ওভারে ১৫২/৩ (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; আফ্রিদি ১২-২-৩৯-১, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১১.৩-২-২৩-১, সালমান ৫-০-১৮-০, হাসান ৮-০-৩২-০)
11 May 2026, 05:07 PM
শান্তর পঞ্চাশ এবং মুমিনুলের বিদায়
শাহিন শাহ আফ্রিদির ওভারে দুটি ঘটনা ঘটল। প্রথমটি বাংলাদেশের জন্য আনন্দের, পরেরটি হতাশার।
বাঁহাতি পেসারের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত। ৯০ বলে এলো অধিনায়কের পঞ্চাশ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা শান্ত এগোচ্ছেন সাবলীল ব্যাটিংয়ে। কেউই খুব একটা ভাবাতে পারছেন না তাকে।
এক বল পর ফিরে গেলেন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে তিনি ধরা পড়লেন মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙল ১৯৩ বল স্থায়ী ১০৫ রানের জুটি।
১২০ বলে চারটি চারে ৫৬ রান করেন মুমিনুল।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৮। ক্রিজে শান্তর সঙ্গী মুশফিকুর রহিম।
11 May 2026, 04:45 PM
শান্ত-মুমিনুলের জুটিতে একশ
প্রথম ইনিংসে ১৭০ রানের রেকর্ড গড়া জুটি উপহার দেওয়া নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক পাকিস্তানকে ভোগাচ্ছেন এবারও। তৃতীয় উইকেটে তারা গড়েছেন আরেকটি শতরানের জুটি, ১৭৫ বলে। টেস্টে এটি তাদের তৃতীয় শতরানের জুটি।
টেস্টে এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশের কোনো জুটি দুই ইনিংসেই শতরানের বন্ধন উপহার দিল।
৯৫ বলে এসেছেন দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটির পঞ্চাশ।
৪০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২৩ রান। স্বাগতিকদের লিড এখন ১৫০ রান।
১১৩ বলে চারটি চারে ৫৩ রানে খেলছেন মুমিনুল। ৮০ বলে পাঁচ চারে ৪৮ রানে খেলছেন শান্ত।
11 May 2026, 04:26 PM
পঞ্চাশ ছুঁয়ে পাঁচ হাজারের ঠিকানায় মুমিনুল
সালমান আলি আগার মতো নিজের প্রথম ওভারে সুযোগ তৈরি করলেন নোমান আলি। এবারও বেঁচে গেলেন মুমিনুল হক।
৩৬তম ওভারে প্রথম হাত ঘোরানোর সুযোগ পান নোমান। বাঁহাতি স্পিনারের শেষ বল ঠিকঠাক খেলতে পারেননি মুমিনুল। শর্ট লেগে প্রতিক্রিয়া দেখাতে অনেক দেরি করনে ফেলেন আব্দুল্লাহ ফাজাল। পরে তড়িঘড়ি করে হাত বাড়ালেও কেবল আঙুল ছোঁয়াতে পারেন তিনি।
সে সময় ৪৩ রানে ছিলেন মুমিনুল।
এর আগে ২২তম ওভারে সালমানের বলে কিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়েও টিকতে যান বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। সে সময় ১৫ রানে ছিলেন তিনি।
৩৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৯।
11 May 2026, 04:14 PM
আবারও জীবন পেলেন মুমিনুল হক
মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৪তম ওভারে একশ স্পর্শ করল বাংলাদেশের রান।
ফের খেলা শুরু হওয়ার পর সাবধানী ব্যাটিং করছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। রানের গতি বাড়ানোর কোনো চেষ্টা এখনও পর্যন্ত দেখা যায়নি তাদের মধ্যে।
পৌনে তিন ঘণ্টার মতো খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় লড়াইয়ের পুঁজি গড়া এবং পাকিস্তানের ১০ উইকেট নেওয়ার মতো যথেষ্ট সময় রাখা- এই দুইয়ের জন্য জটিল হিসাব কষতে হবে এখন স্বাগতিকদের।
৩৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৪।
11 May 2026, 04:03 PM
বাংলাদেশের একশ
মাঝের একটি সেশন ভেসে গেল বৃষ্টিতে। কিছুক্ষণের তুমুল বৃষ্টি শেষে তৃতীয় সেশনে খেলা শুরু হলো ঝলমলে রোদে।
৩২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৮।
11 May 2026, 03:51 PM
তৃতীয় সেশনে খেলা শুরু
মাঠে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি জানিয়েছেন, মাঠ এখন খেলার জন্য প্রস্তুত। সাড়ে তিনটার পরিদর্শনের পর খেলা শুরুর সময় ঠিক করবেন আম্পায়াররা।
খেলা শুরু হবে বেলা পৌনে চারটায়।
11 May 2026, 03:17 PM
খেলা শুরুর জন্য মাঠ প্রস্তুত
বৃষ্টি থামার পর ধীরে ধীরে সরানো হচ্ছে সেন্টার কাভার। দুটি সুপার সপার মাঠ শুকানোর কাজ শুরু করেছে।
নতুন করে বৃষ্টি না নামলে ঘণ্টা খানেক পর শুরু হতে পারে খেলা।
বেলা সাড়ে তিনটায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।
11 May 2026, 02:48 PM
মাঠ প্রস্তুতের কাজ শুরু
বৃষ্টির বেগ বেড়েছে মিরপুরে। তুমুল বৃষ্টিতে দ্বিতীয় সেশনের খেলা ভেসে যাওয়ার শঙ্কা বাড়ছে।
সেন্টার উইকেটসহ রান আপের জায়গা কাভার দিয়ে ঢাকা। কাভারের উপরে এবং মাঠের বাকি অংশে বেশ পানি জমে গেছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো। বৃষ্টি থামার ঘণ্টায় খানেকের মধ্যে খেলা শুরু করা সম্ভব হতে পারে।
11 May 2026, 01:32 PM
মিরপুরে তুমুল বৃষ্টি
শঙ্কাই সত্যি হয়েছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে মিরপুরে।তাতে বাড়ছে খেলা শুরুর জন্য অপেক্ষা।
11 May 2026, 01:09 PM
মিরপুরে বৃষ্টি
আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বৃষ্টির শঙ্কায় ঢেকে দেওয়া হয়েছে সেন্টার উইকেট। যথেষ্ট আলোও নেই। তাই নির্ধারিত সময়ে শুরু হয়নি দ্বিতীয় সেশনের খেলা।
11 May 2026, 12:56 PM
খেলা বন্ধ
শুরুতে দুই ওপেনারকে হারানো বাংলাদেশ প্রথম সেশন শেষ করেছে ভালোভাবেই। বাকি সময়টা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দিয়েছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ৩১ ওভারে ২ উইকেটে ৯৩। ৮২ বলে তিন চারে ৩৭ রানে খেলছেন মুমিনুল। ৫৭ বলে চারটি চারে ৩৪ রানে ব্যাট করছেন শান্ত।
তৃতীয় উইকেটে তারা ১২২ বলে গড়েছেন ৭০ রানের জুটি। বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশ এগিয়ে ১২০ রানে। পরের দুই সেশনে আরও অন্তত ২০০ রান যোগ করতে চাইবে স্বাগতিকরা।
11 May 2026, 12:11 PM
১২০ রানে এগিয়ে বাংলাদেশ
মোহাম্মদ আব্বাসের ওভারে পরপর দুই বলে দুটি সুযোগ হাতছাড়া করল পাকিস্তান।
ওভারের পঞ্চম বল ছিল অফ স্টাম্পের বাইরে। এ ধরনের বল ইনিংস জুড়ে ছেড়ে আসছেন মুমিনুল হক। এবার তিনি ব্যাট পেতে দিলেন। ভাগ্যভালো একটুর জন্য মুঠোয় নিতে পারেননি গালির ফিল্ডার।
পরের বলে অহেতুক ঝুঁকিপূর্ণ রান নিতে ছুটেন নাজমুল হোসেন শান্ত। ভাগ্য ভালো বাংলাদেশ অধিনায়কের। মিড অন থেকে ছুটে বলে বল ঠিকঠাক ধরতে পারেননি ইমাম-উল-হাক। নয়তো বিপদ ঘটতেই পারত।
এতো ঝুঁকিপূর্ণ রানের কোনো প্রয়োজনই এখন নেই।
২৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৭।
11 May 2026, 11:59 AM
দুটি কঠিন সুযোগ হাতছাড়া
প্রথম ইনিংসে শতরানের জুটি উপহার দেওয়া মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত এবার গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৯৫ বলে।
টেস্টে ৩৬ ইনিংসে দুই বাঁহাতি ব্যাটসম্যানের এটি দশম পঞ্চাশ রানের জুটি, সঙ্গে আছে দুটি শতরানের জুটি।
টেস্টে বাংলাদেশের হয়ে কেবল চারটি জুটিতে এসেছে তাদের চেয়ে বেশি রান।
উইকেটে বোলারদের জন্য সহায়তা ক্রমেই বাড়ছে। অসমান বাউন্স কঠিন পরীক্ষা নিচ্ছে ব্যাটসম্যানদের। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় মাটি কামড়ে পড়ে আছেন দুই ব্যাটসম্যান।
খুব একটা ঝুঁকি নিচ্ছেন না। বল অনুযায়ী খেলার চেষ্টা করছেন। তাদের দৃঢ়তায় বাংলাদেশের লিড ছাড়িয়েছে ১০০।
২৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৫। ৬৮ বলে এক চারে ২৪ রানে ব্যাট করছেন মুমিনুল। ৫২ বলে চারটি চারে ৩০ রানে খেলছেন শান্ত।
বাংলাদেশের লিড এখন ১০২ রান।
11 May 2026, 11:51 AM
মুমিনুল-শান্তর জুটিতে পঞ্চাশ
২২তম ওভারে প্রথমবারের মতো কোনো স্পিনারকে আক্রমণে আনলেন শান মাসুদ। সফলও প্রায় হয়েই যাচ্ছিলেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু সালমান আলি আগার বলে মুমিনুল হকের ক্যাচ নিতে পারলেন না মোহাম্মদ রিজওয়ান।
অফ স্পিনারের বল জায়গায় দাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মুমিনুল। পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে যায় কিপারের কাছে। কিন্তু ক্যাচ নিতে পারেননি পাকিস্তানের উইকেটরক্ষক।
সে সময় ১৫ রানে ছিলেন মুমিনুল।
২২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬০।
11 May 2026, 11:32 AM
জীবন পেলেন মুমিনুল
উইকেটের আশায় রিভিউ নিয়ে ব্যর্থ হলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সফরকারীরা হারাল প্রথম রিভিউ।
মোহাম্মদ আব্বাসের বলের লাইনে যেতে পারেননি মুমিনুল হক। বল ছোবল দেয় প্যাডে।
জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে শেষ মুহূর্তে রিভিউ নেন মাসুদ। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৩।
11 May 2026, 10:40 AM
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
১১ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির জায়গায় বোলিংয়ে এসেই উইকেট পেলেন হাসান আলি।
অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সাদমান। প্রত্যাশার বেশি বাউন্সে চমকে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। বলের লাইন থেকে আর সরতে পারেননি তিনি। ব্যাটের শ্লোল্ডারে ছুঁয়ে জমা পড়ে গালিতে, সাউদ শাকিলের হাতে।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৩। স্বাগতিকদের লিড এখন ৫০ রান।
ক্রিজে মুমিনুল হকের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
11 May 2026, 10:35 AM
টিকলেন না সাদমান
চতুর্থ দিনের শুরুর দিকেই ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন মাহমুদুল হাসান জয়।
মোহাম্মদ আব্বাসের ডেলিভারির লাইনে যেতে পারেননি জয়। ব্যাটের কানা এড়িয়ে প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
সাদমান ইসলামের সঙ্গে কথা বলে কথা বলে রিভিউ নেন জয়। বল আঘাত হানতো লেগ স্টাম্পের উপরের দিকে। তাতে রিভিউ টিকে যায় বাংলাদেশের কিন্তু বিদায় নেন জয়।
২৬ বলে ৫ রান করেন জয়।
৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫। ক্রিজে সাদমানের সঙ্গী মুমিনুল হক।
11 May 2026, 10:10 AM
আম্পায়ার্স কলে ফিরলেন জয়
রান আউট হতে হতে বেঁচে গেলেন মাহমুদুল হাসান জয়। পাকিস্তান হারাল উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ।
মোহাম্মদ আব্বাসের বলে স্কয়ার লেগের দিকে শট খেলেন জয়। শুরু থেকেই দুই রানের চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু তাতে সাড়া দেননি সাদমান ইসলাম।
ততক্ষণে বহুদূর এগিয়ে গিয়েছিলেন জয়। হাসান আলি বল ছোঁড়ার সময় সতীর্থরা চিৎকার করে বোলার, বোলার বলছিলেন। কিন্তু তবুও হাসান থ্রো করেন কিপারের কাছে। মোহাম্মদ রিজওয়ান আন্ডার আর্ম থ্রো করেন। কিন্তু তাতে ছিল না জোর। ততক্ষণে কোনোমতে জায়গায় পৌঁছে যান জয়।
৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৪।
11 May 2026, 10:03 AM
একটুর জন্য বাঁচলেন জয়
পাকিস্তানের তিনটি শতরানের জুটির পরও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। পরে তৃতীয় দিনের শেষ বেলা নিরাপদে কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা। এখন তাদের সামনে চ্যালেঞ্জ লড়াইয়ের পুঁজি গড়া।
১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ব্যাট করছেন ২ রানে। এখনও রানের দেখা পাননি সাদমান ইসলাম।
৩৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পৌনে ১০টায়।
উইকেটে বোলারদের জন্য সহায়তা ধীরে ধীরে বাড়ছে। চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জ নিতে হবে সফরকারীদের। ২৯০ বা ৩০০ রানের লক্ষ্য দিয়ে তাদের কাজটা অনেক কঠিন করে তুলতে চান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১.৫ ওভারে ৭/০ (জয় ২*, সাদমান ০*; আফ্রিদি ১-০-২-০, আব্বাস ০.৫-০-০-০)
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
11 May 2026, 09:44 AM
লড়াইয়ের পুঁজি গড়তে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের তিনটি শতরানের জুটির পরও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। পরে তৃতীয় দিনের শেষ বেলা নিরাপদে কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা। এখন তাদের সামনে চ্যালেঞ্জ লড়াইয়ের পুঁজি গড়া।
১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ব্যাট করছেন ২ রানে। এখনও রানের দেখা পাননি সাদমান ইসলাম।
৩৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পৌনে ১০টায়।
উইকেটে বোলারদের জন্য সহায়তা ধীরে ধীরে বাড়ছে। চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জ নিতে হবে সফরকারীদের। ২৯০ বা ৩০০ রানের লক্ষ্য দিয়ে তাদের কাজটা অনেক কঠিন করে তুলতে চান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১.৫ ওভারে ৭/০ (জয় ২*, সাদমান ০*; আফ্রিদি ১-০-২-০, আব্বাস ০.৫-০-০-০)
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
