- পরিপূর্ণ পারফরম্যান্স
- ৩২ বলে সাইফের পঞ্চাশ
- মুজিবের জোড়া আঘাত
- রিভিউয়ে ব্যর্থ রাশিদ, সফল জাকের
- তানজিদের বিদায়ে ভাঙল জুটি
- মাঝপথে চালকের আসনে বাংলাদেশ
- তানজিদ-সাইফের জুটিতে পঞ্চাশ
- শুরুতেই ফিরলেন পারভেজ
- একটুর জন্য বাঁচলেন তানজিদ
- মেডেন দিয়ে শুরু
- ১৪৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
- জুটি ভাঙলেন সাইফ উদ্দিন
- তানজিমের জোড়া আঘাত
- নাসুমের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড নাবি
- ওমারজাইকে দ্রুত ফেরালেন রিশাদ
- ফিরেই সেদিকউল্লাহর উইকেট নিলেন সাইফ উদ্দিন
- মাঝপথে আফগানিস্তান ৭৩/৩
- আক্রমণে এসেই সাইফ উদ্দিনের উইকেট
- ঝড় তোলার আগেই গুরাবাজকে ফেরালেন নাসুম
- প্রথম আঘাত শরিফুলের
- উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের বদল
- বাশিরের অভিষেক
- তানজিমকে ফেরাল বাংলাদেশ
- টস জিতে ফের ফিল্ডিংয়ে বাংলাদেশ
- অষ্টমের সন্ধানে বাংলাদেশ
- তিনে তিন করার লক্ষ্য বাংলাদেশের
06 Oct 2025, 12:08 AM
পরিপূর্ণ পারফরম্যান্স
সিরিজ জিতলেও আগের দুই ম্যাচে একটা পর্যায়ে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। এবার তেমন কিছু হলো না। তিন বিভাগে পরিপূর্ণ পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়ল জাকের আলির নেতৃত্বাধীন দল।
আফগানদের দেড়শর নিচে থামানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বোলারদের, ভূমিকা কম নয় দারুণ কিছু ক্যাচ নেওয়া ফিল্ডারদের।
রান তাড়ায় দলকে পথ দেখালেন সাইফ হাসান। শুরুর দিকে তাকে সঙ্গ দিলেন তানজিদ হাসান, শেষে নুরুল হাসান সোহান।
৩৮ বলে সাত ছক্কা ও দুই চারে ৬৪ রানে অপরাজিত থাকেন সাইফ। তার সঙ্গে ২৪ বলে ৩৫ রানের জুটিতে সোহানের অবদান ৯ বলে ১০। ছক্কায় তিনিই শেষ করেন ম্যাচ।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের ১৪৩ রান ছাড়িয়ে গেছে ১২ বল বাকি থাকতে।
শারজাহ, যেটাকে মনে করা হতো আফগানিস্তানের দুর্গ, সেখানে পরপর তিন ম্যাচে বাংলাদেশ জিতল রান তাড়া করে। অথচ এই সিরিজের আগে এখানে আগে ব্যাট করা সবশেষ ৬ ম্যাচেই জিতেছিল আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (গুরবাজ ১২, ইব্রাহিম ৭, সেদিকউল্লাহ ২৮, তারাখিল ১১, রাসুলি ৩২, ওমারজাই ৩, নাবি ১, রাশিদ ১২, আহমাদজাই ০, মুজিব ২৩*, বাশির ২*; শরিফুল ৪-০-৩৩-১, নাসুম ৪-০-২৪-২, সাকিব ৪-০-২৪-২, সাইফ উদ্দিন ৩-০-১৫-৩, সাইফ ১-০-৬-০, রিশাদ ৪-০-৩৯-১)
বাংলাদেশ: ১৮ ওভারে ১৪৪/৪ (পারভেজ ১৪, তানজিদ ৩৩, সাইফ ৬৪*, জাকের ১০, শামীম ০, সোহান ১০*; মুজিব ৪-১-২৬-২, ওমারজাই ৩-০-১২-১, বাশির ৩-০-৩৮-০, রশিদ ৪-১-১৩-০, আহমাদজাই ৪-০-৫০-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
05 Oct 2025, 11:57 PM
৩২ বলে সাইফের পঞ্চাশ
রাশিদ খানের আগের ওভারে কোনো ঝুঁকি নিলেন সাইফ হাসান। শট খেলার বা রান বের করার দিকে গেলেনই না। এর কোনো প্রভাব দলের উপ নিজেই পড়তে দিলেন না তিনি।
বাশির আহমেদকে পরপর দুই বলে মারলেন দুটি ছক্কা। প্রথমটি ব্যাটের কানায় লেগে গেল কিপারের মাথার উপর দিয়ে। পরেরটি ছিল স্লোয়ার, মারলেন মিড উইকেটের উপর দিয়ে।
এই ছক্কায় ৩২ বলে তিনি স্পর্শ করলেন পঞ্চাশ। দলকে নিয়ে গেলেন জয়ের আরও কাছে।
১৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৬। ৩৩ বলে ছয় ছক্কা ও দুটি চারে ৫৫ রানে খেলছেন সাইফ। ২ বলে নুরুল হাসান সোহানের রান ২।
05 Oct 2025, 11:53 PM
মুজিবের জোড়া আঘাত
নিজের শেষ দুই বলে দুটি উইকেট নিলেন মুজিব উর রাহমান। প্রথম উইকেটে ভাগ্যের ছোঁয়া থাকল প্রবলভাবে।
রহস্য স্পিনারের পঞ্চম বলে আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন জাকের আলি। ইম্প্যাক্ট ও আম্পায়ার্স ছিল আম্পায়ার্স কল। তাই ফিরে যেতে হয় বাংলাদেশ অধিনায়কের। ভাঙে ১৯ বল স্থায়ী ৩০ রানের জুটি।
১১ বলে এক চারে জাকের করেন ১০ রান।
রাশিদ খানের পরের ওভার মেডেন খেলেন সাইফ হাসান। আফগান লেগ স্পিনারের বিপক্ষে কোনো ঝুঁকি নেননি তিনি।
১৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৯ রান। ক্রিজে সাইফের সঙ্গী নুরুল হাসান সোহান।
05 Oct 2025, 11:35 PM
রিভিউয়ে ব্যর্থ রাশিদ, সফল জাকের
তিন বলের মধ্যে রিভিউ নিয়ে দুই অধিনায়কের দুই রকমের অভিজ্ঞতা হল।
আম্পায়ার ওয়াইড দেওয়ার পর রিভিউ নিলেন রাশিদ খান। বলে জাকের আলির ব্যাটের স্পর্শ ছিল না। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করায় এলবিডব্লিউয়েরও সুযোগ ছিল না।
দ্বিতীয় ও শেষ রিভিউ হারায় আফগানিস্তান। তবে প্যাডে বল লাগায় ওয়াইডের সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার।
এক বল পর আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নিয়ে সফল হন জাকের। রাশিদের বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।
১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৪।
05 Oct 2025, 11:29 PM
তানজিদের বিদায়ে ভাঙল জুটি
আব্দুল্লাহ আহমাদজাইয়ের বলে সহজ ক্যাচ দিলেন তানজিদ হাসান। বিস্ময় জাগিয়ে ভীষণ সহজ ক্যাচ ছেড়ে দিলেন দারভিশ রাসুলি।
পরের বলে আবারও তুলে মারতে চাইলেন তানজিদ। এবারও টাইমিং হলো না, মিড অফে সহজ ক্যাচ নিলেন ইব্রাহিম জাদরান। ভাঙল ৩৯ বল স্থায়ী ৫৫ রানের জুটি।
৩৩ বলে এক ছক্কা ও চারটি চারে তানজিদ ফিরলেন ৩৩ রানে।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮২। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী জাকের আলি।
05 Oct 2025, 11:23 PM
মাঝপথে চালকের আসনে বাংলাদেশ
রান তাড়ায় দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। মাঝপথে দলটি আছে চালকের আসনে।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৯। শেষ ১০ ওভারে তাদের চাই ৬৫ রান।
১৫ বলে সাইফ খেলছেন ২৩ রানে। ২৯ বলে তানজিদ হাসানের রান ৩৩।
05 Oct 2025, 11:18 PM
তানজিদ-সাইফের জুটিতে পঞ্চাশ
পারভেজ হোসেনের বিদায়ের পর বাংলাদেশকে টানছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাল্টা আক্রমণে দুই জনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ২৮ বলে।
ক্রিজে গিয়েই ঝড় তুলেছেন সাইফ হাসান। তিন ছক্কায় ১৩ বলে করেছেন ২২ রান।
শুরুতে একটু সময় নিয়েছেন তানজিদ হাসান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে শুরু করেছেন নিজের শট। ২৫ বলে এক ছক্কা ও চারটি চারে তিনি খেলছেন ৩২ রানে।
৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৭।
05 Oct 2025, 11:04 PM
শুরুতেই ফিরলেন পারভেজ
একটি করে ছক্কা-চারে দারুণ শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারলেন না পারভেজ হোসেন। আজমাতউল্লাহ ওমারজাইকে ছক্কা মারার চেষ্টায় ক্যাচ দিলেন বাঁহাতি এই ওপেনার।
ওমারজাইয়ের স্লোয়ার বুঝতে না পেরে আকাশে তুলে দেন পারভেজ। ভাঙে ২৪ রানের জুটি।
১৬ বলে একটি করে ছক্কা ও চারে ১৪ রান নেন পারভেজ।
এক বল পর নতুন ব্যাটসম্যান সাইফ হাসানের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় আফগানিস্তান। ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে।
লেগ বাইয়ে বাউন্ডারি থেকে চার রান পায় বাংলাদেশ। পরের বলে লং অন দিয়ে বিশাল ছক্কা মারেন সাইফ।
৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৪। ক্রিজে সাইফের সঙ্গী তানজিদ হাসান।
05 Oct 2025, 11:04 PM
একটুর জন্য বাঁচলেন তানজিদ
অভিষেকে নিজের তৃতীয় বলে উইকেট পেতে পারতেন বাশির আহমেদ। বাঁহাতি এই পেসারের বলে কঠিন সুযোগ কাজে লাগাতে পারলেন না রাশিদ খান।
স্টাম্পে থাকা বল বোলারের মাথার উপর দিয়ে তুলে মেরেছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি তিনি। মিড অন থেকে ছুটে গিয়ে হাত ছোঁয়াতে পারলেও মুঠোয় নিতে পারেননি রাশিদ খান।
সে সময় ৭ রানে ছিলেন তানজিদ।
৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৪।
05 Oct 2025, 10:36 PM
মেডেন দিয়ে শুরু
রান তাড়ায় প্রথম ওভারে কোনো রান করতে পারল না বাংলাদেশ মুজিব উর রাহমানের করা ইনিংসের প্রথম ওভারের ছয় বলই ডট খেললেন পারভেজ হোসেন।
ঠিকঠাক ব্যাটে খেলতে পারলেন কমই। দুয়েকবার একটুর জন্য ব্যাটের কানা নিল না বল।
05 Oct 2025, 10:20 PM
১৪৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
৯৮ রানে ৮ উইকেট তুলে নেওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট করতে পারল না আফগানিস্তানকে। শেষ দুই উইকেটে ৪৫ রান যোগ করল রাশিদ খানের দল।
দারভিশ রাসুলির সঙ্গে ৩৪ ও বাশির আহমেদের সঙ্গে অবচ্ছিন্ন ১১ রানের জুটি গড়েন মুজিব উর রাহমান। ১৮ বলে চারটি চারে ক্যারিয়ার সেরা ২৩ রানে অপরাজিত থাকেন তিনি।
১৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মোহাম্মদ সাইফ উদ্দিন। নাসুম আহমেদ ও তানজিম হাসান দুটি করে উইকেট নেন, দুই জনই দেন ২৪ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (গুরবাজ ১২, ইব্রাহিম ৭, সেদিকউল্লাহ ২৮, তারাখিল ১১, রাসুলি ৩২, ওমারজাই ৩, নাবি ১, রাশিদ ১২, আহমেদজাই ০, মুজিব ২৩*, বাশির ২*; শরিফুল ৪-০-৩৩-১, নাসুম ৪-০-২৪-২, তানজিম ৪-০-২৪-২, সাইফ উদ্দিন ৩-০-১৫-৩, সাইফ হাসান ১-০-৬-০, রিশাদ ৪-০-৩৯-১)
05 Oct 2025, 10:11 PM
জুটি ভাঙলেন সাইফ উদ্দিন
নিজের প্রথম দুই ওভারে একটি করে উইকেট পেয়েছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন, ১৯তম ওভারে ফিরে পেলেন আরেকটি। তার স্লোয়ারে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিলেন দারভিশ রাসুলি।
স্লোয়ার বল বুঝতে পারেননি রাসুলি। তাই ব্যাট চালিয়ে দেন আগেভাগেই। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় শরিফুল ইসলামের হাতে। ভাঙে ২২ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
২৯ বলে এক ছক্কা ও দুই চারে ৩২ রান করেন রাসুলি।
১৯ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ১৩৫। ক্রিজে তাদের শেষ জুটি।
05 Oct 2025, 09:49 PM
তানজিমের জোড়া আঘাত
আক্রমণে ফিরে ১ রানে ২ উইকেট নিয়ে আফগানিস্তানকে মহাবিপদে ফেলে দিলেন তানজিম হাসান।
তরুণ পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে হুক করে ডিপ ফাইন লেগে নাসুম আহমেদের হাতে ধরা পড়েন রাশিদ খান। একটি করে ছক্কা ও চারে ৭ বলে তিনি করেন ১২ রান।
পরের বলে জায়গা করে নিয়ে লেগে খেলতে চেয়েছিলেন আব্দুল্লাহ আহমাদজাই। টাইমিং করতে পারেননি তিনি। মিড অনে ডাইভ দিয়ে চমৎকার ক্যাচ নেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আহমাদজাই।
১৫ ওভারে আফগানিস্তানের রান ৮ উইকেটে ৯৮। ক্রিজে দারভিশ রাসুলির সঙ্গী মুজির উর রাহমান।
05 Oct 2025, 09:43 PM
নাসুমের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড নাবি
বাংলাদেশকে অনেকবার ভোগানো মোহাম্মদ নাবিকে এবার টিকতে দিলেন না নাসুম আহমেদ। দুর্দান্ত ডেলিভারিতে আফগান অলরাউন্ডারকে বোল্ড করে দেন বাঁহাতি এই স্পিনার।
স্টাম্পে পিচ করে একটু ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি নাবি। পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় পাননি বলের নাগাল। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৪ বলে ১ রান করেন নাবি।
১৩ ওভারে ৬ উইকেটে আফগানিস্তানের রান ৯০। ক্রিজে দারভিশ রাসুলির সঙ্গী রাশিদ খান। এরই মধ্যে একটি ছক্কা মেরেছেন আফগান অধিনায়ক।
05 Oct 2025, 09:35 PM
ওমারজাইকে দ্রুত ফেরালেন রিশাদ
খরুচে ওভার করা রিশাদ হোসেনকে আক্রমণে ফেরালেন অধিনায়ক জাকের আলি। এবার আঁটসাঁট বোলিংয়ে লেগ স্পিনার নিলেন আজমাতউল্লাহ ওমারজাইয়ের উইকেট।
অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক স্লগ সুইপ করতে পারেননি ওমারজাই। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ নেন নুরুল হাসান সোহান।
৬ বলে ওমারজাই করেন ৩ রান।
১২ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ৮২। ক্রিজে দারভিশ রাসুলির সঙ্গী মোহাম্মদ নাবি।
05 Oct 2025, 09:30 PM
ফিরেই সেদিকউল্লাহর উইকেট নিলেন সাইফ উদ্দিন
পাওয়ার প্লের শেষ বলে উইকেট নেওয়া মোহাম্মদ সাইফ উদ্দিন, দশম ওভারের পর আক্রমণে ফিরে প্রথম বলে নিলেন আরেক উইকেট।
অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন সেদিকউল্লাহ আতাল। দ্বিতীয় প্রচেষ্টায় মুঠোয় নেন তানজিদ হাসান। ভাঙে ২৫ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
সাইফের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন নতুন ব্যাটসম্যান আজমাতউল্লাহ ওমারজাই।
১১ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ৭৯। ক্রিজে ওমারজাইয়ের সঙ্গী দারভিশ রাসুলি।
05 Oct 2025, 09:19 PM
মাঝপথে আফগানিস্তান ৭৩/৩
পাওয়ার প্লের পর রিশাদ হোসেনের একটি খরুচে ওভারে বেড়েছে আফগানিস্তানের রানের গতি। শেষ ৪ ওভারে ৩৪ রান যোগ করেছে তারা।
১০ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৭৩। ২২ বলে একটি করে ছক্কা ও চারে সেদিকউল্লাহ আতালের রান ২৮। ১০ বলে দারভিশ রাসুলি খেলছেন ৭ রানে।
05 Oct 2025, 09:05 PM
আক্রমণে এসেই সাইফ উদ্দিনের উইকেট
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। নিজের শেষ বলে তিনি পেলেন ওয়াফিউল্লাহ তারাখিলের উইকেট।
আগের ওভারে তানজিম হাসানকে একটি ছক্কা মেরেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সে কারণে আত্মবিশ্বাস একটু বেশিই ছিল তার। স্টাম্পে ছেড়ে দিতে মারতে চেয়েছিলেন সাইফ উদ্দিনকে। কিন্তু সেই চেষ্টায় তালগোল পাকান ব্যাটসম্যান, মিস করেন ফুলটস বলের লাইন! এলেমেলো হয়ে যায় স্টাম্প।
১৩ বলে এক ছক্কায় ১১ রান করেন তারাখিল।
৬ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৩৯। ক্রিজে সেদিকউল্লাহ আতালের সঙ্গী দারভিশ রাসুলি।
05 Oct 2025, 08:56 PM
ঝড় তোলার আগেই গুরাবাজকে ফেরালেন নাসুম
ওপেনিংয়ে ফেরা রাহমানউল্লাহ গুরবাজ আভাস দিচ্ছিলেন ঝড়ের। তবে তাকে দ্রুতই ফেরাতে পারলেন নাসুম আহমেদ।
বাঁহাতি স্পিনারের বলে এক্সট্রা কাভার দিয়ে সজোরে মারেন গুরবাজ। তবে সুযোগের জন্য তৈরি ছিলেন শামীম হোসেন। ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন তিনি।
৯ বলে দুই চারে ১২ রান করেন গুরবাজ। দুটি বাউন্ডারিই তিনি মেরেছিলেন নাসুমের প্রথম ওভারে।
৪ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ২৭। ক্রিজে সেদিকউল্লাহ আতালের সঙ্গী ওয়াফিউল্লাহ তারাখিল।
05 Oct 2025, 08:52 PM
প্রথম আঘাত শরিফুলের
ভালো শুরুর আভাস দেওয়া আফগানিস্তানের নতুন উদ্বোধনী জুটিতে বেশি দূর যেতে দিলেন না শরিফুল ইসলাম। ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে তৃতীয় ওভারে আফগানদের শুরু জুটি ভাঙলেন বাঁহাতি এই পেসার।
ওপেনিংয়ে ফিরে তেমন কিছু করতে পারলেন না ইব্রাহিম। শরিফুলের আগের ওভারে একটা চার মেরেছিলেন তিনি। পরের ওভারে শরিফুলকে ছক্কা মারতে গিয়ে দিলেন ক্যাচ।
মিড অনে কিছুটা পিছিয়ে গিয়ে চমৎকার ক্যাচ নেন নুরুল হাসান সোহান। এক চারে ৬ বলে ৭ রান করেন ইব্রাহিম।
৩ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ২৪। ক্রিজে রাহমানউল্লাহ গুরবাজের সঙ্গী সেদিকউল্লাহ আতাল।
05 Oct 2025, 08:41 PM
উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের বদল
সিরিজের শেষ ম্যাচে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের সঙ্গে ইনিংসের সূচনা করতে নেমেছেন রাহমানউল্লাহ গুরবাজ। সিরিজের আগের দুই ম্যাচে তিনি নেমেছিলেন তিনে।
টানা দুই ম্যাচে তেমন কিছু করতে না পারা সেদিকউল্লাহ আতাল জায়গা হারিয়েছেন ওপেনিংয়ে।
নতুন উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো করেছে আফগানিস্তান। ২ ওভারে বিনা উইকেটে করেছে ২০ রান।
05 Oct 2025, 08:16 PM
বাশিরের অভিষেক
আগের ম্যাচে বল হাতে নিজেকে মেলে ধরতে না পারা নুর আহমাদ এবার বাদ পড়লেন। বাঁহাতি রিস্ট স্পিনারের জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বাশির আহমাদের।
২০ বছর বয়সী বাঁহাতি পেসার বাশির এখন পর্যন্ত ১৪টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ১২ উইকেট নিয়েছেন।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, আবদুল্লাহ আহমাদজাই, বাশির আহমাদ, রাশিদ খান (অধিনায়ক), মুজিব উর রাহমান।
05 Oct 2025, 08:11 PM
তানজিমকে ফেরাল বাংলাদেশ
সবশেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফেরানো হয়েছে ডানহাতি পেসার তানজিম হাসানকে। বাদ পড়েছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তানজিম। দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে রাখে দল। ডাক পান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
চলতি বছর মুস্তাফিজকে একাদশের বাইরে রেখে খেলা ৮ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিই হেরেছে বাংলাদেশ। পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচ।
বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
05 Oct 2025, 08:06 PM
টস জিতে ফের ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন জাকের আলি। আগের ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে রান তাড়ার চ্যালেঞ্জ নিয়েছে তারা। প্রথম দুই ম্যাচও লক্ষ্য তাড়া করে নিয়েছিল সাইফ-জাকেররা।
05 Oct 2025, 07:56 PM
অষ্টমের সন্ধানে বাংলাদেশ
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১ মিরিজের সাতটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজে চারবার ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা হয়েছে একবার, ২০২৩ সালে ঘরের মাঠে।
তিন ম্যাচের সিরিজে তিনবার ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সেদিক থেকে একটি প্রথমের অপেক্ষায় জাকের আলি, সাইফ হাসানরা।
05 Oct 2025, 07:37 PM
তিনে তিন করার লক্ষ্য বাংলাদেশের
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ আরও একটি জয়ের দিকে তাকিয়ে। সিরিজে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও সব মিলিয়ে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ।
শারজাহতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
সংযুক্ত আরব আমিরাতের এই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে রান তাড়া করা যে কোনো দলের জন্যই কঠিন। বাংলাদেশ সেটি করে দেখিয়েছে পরপর দুই ম্যাচে।
বোলাররা ভালো করেছেন দুই ম্যাচেই। রান তাড়ায় একটিতে দুই ওপেনার গড়ে দিয়েছেন ভিত, অন্যটিতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা নিয়েছেন দায়িত্ব। এবার একটি পূর্ণাঙ্গ পারফরম্যান্সের দিকে তাকিয়ে বাংলাদেশ।