সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭) ৯৭.২ ওভারে ৩৫৮
20 May 2026, 11:52 AM
সিরিজ সেরা মুশফিক
সিলেট টেস্টের মতো সিরিজ জুড়েই ভালো করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
মিরপুর টেস্টে ৭১ ও ২২ রানের দুটি ইনিংস খেলেন মুশফিক। সিলেটে ২৩ ও ১৩৭ রান করেন তিনি।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে চমৎকার সেঞ্চুরিতে তিনি দলকে নিয়ে যান চারশ রানের কাছে। এতেই ৪৩৭ রানের বড় লক্ষ্য দিতে পারে বাংলাদেশ।
20 May 2026, 11:49 AM
উইকেটের সামনে-পেছনে দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা লিটন
সিলেট টেস্টে বাংলাদেশের হয়ে ভালো করেছেন অনেকেই। উইকেটের সামনে পেছনে দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন লিটন দাস।
প্রথম ইনিংসে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে প্রথম ইনিংসে খেলেছেন ১২৬ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়েছেন। খেলেছেন ৬৯ রানের আরেকটি কার্যকর ইনিংস।
উইকেটের পেছনে নিয়েছেন দারুণ কিছু ক্যাচও। সব মিলিয়ে ম্যাচের সেরা পারফরমার তিনিই।
20 May 2026, 11:38 AM
৭৮ রানের দারুণ জয়
দারুণ লড়াই করে ম্যাচ জমিয়ে দিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটিতে বিশ্ব রেকর্ডের আশা বাঁচিয়ে রেখেছিল সফরকারীরা। তবে মেহেদী হাসান মিরাজের চোটে ছোট্ট একটা বিরতি মিলল। কিছুক্ষণ ফিজিওর শুশ্রূষা নিলেন মিরাজ। এরপরই পাল্টে গেল ম্যাচের চিত্র।
টানা তিন ওভারে পাকিস্তানের শেষ ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ। ৯৭.২ ওভারে ৩৫৮ রানে অলআউট হয়ে গেল শান মাসুদের দল। সফরকারীরা শেষ তিন উইকেট হারাল শূন্য রানে।
৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান অলআউট হলো ৩৫৮ রানে। ৭৮ রানে সিলেট টেস্টে জিতল নাজমুল হোসেন শান্তর দল।
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার কোনো দলের বিপক্ষে টানা চারটি টেস্ট জিতল বাংলাদেশ, অন্য দলটি জিম্বাবুয়ে।
পাকিস্তানের পর দেশের মাটিতেও বাবর-রিজওয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭, আগের দিন ৩১৬/৭) ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, সাজিদ ২৮, খুররাম ০, আব্বাস ০*; তাসকিন ১২-১-৬২-০, শরিফুল ১২-৪-২৯-১, নাহিদ ১৮-৩-৭১-২, মিরাজ ২০-১-৬২-১, তাইজুল ৩৪.২-৪-১২০-৬, মুমিনুল ১-০-৩-০)
20 May 2026, 11:26 AM
তাইজুলের ৬ উইকেট সিরিজ জিতল বাংলাদেশ
নিজের পরের ওভারেই ম্যাচের ইতি টেনে দিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের ৬ উইকেটে ৭৮ রানের দারুণ জয় পেল বাংলাদেশ।
তাইজুলকে ছক্কা মেরে ব্যবধান কমাতে চেয়েছিলেন খুররাম শাহজাদ। সফল হননি তিনি, ওয়াইড লং-অনে চমৎকার ক্যাচ নেন তানজিদ হাসান।
৯৭.২ ওভারে ৩৫৮ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজে জিতল বাংলাদেশ।
20 May 2026, 11:16 AM
রিজওয়ানের প্রতিরোধ ভাঙলেন শরিফুল
প্রথমবারের মতো আক্রমণে এসেই সাফল্য পেলেন শরিফুল ইসলাম। এক প্রান্ত আগলে রাখা মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করলেন বাঁহাতি এই পেসার। ম্যাচে এটাই তার প্রথম উইকেট!
শরিফুলের প্রথম বল ছিল অফ স্টাম্পের বাইরে। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে দেন রিজওয়ান। গালিতে চমৎকার ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। আউট হয়ে যেন বিশ্বাসই হচ্ছিল না পাকিস্তানের কিপার-ব্যাটসম্যানের।
১৬৬ বলে ১০ চারে ৯৪ রান করেন রিজওয়ান।
৯৭ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ৩৫৮। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।
20 May 2026, 11:14 AM
জুটি ভাঙলেন তাইজুল
সাজিদ খানের ক্যাচ ধরার চেষ্টা না করা তাইজুল ইসলামই ভাঙলেন জুটি। বাঁহাতি স্পিনারের চমৎকার ডেলিভারিতে স্লিপে ধরা পড়লেন সাজিদ।
অফ স্টাম্পের বাইরে পিচ করে বেরিয়ে যাওয়া বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন সাজিদ। পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে প্রখম স্লিপে, নাজমুল হোসেন শান্তর হাতে। ভাঙে ৭৪ বল স্থায়ী ৫৪ রানের জুটি।
টেস্টে এ নিয়ে ১৮বার পাঁচ উইকেট নিলেন তাইজুল, চলতি সিরিজে দ্বিতীয়বার।
৯৬ ওভা পাকিস্তানের রান ৮ উইকেটে ৩৫৮। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী খুররাম শাহজাদ।
20 May 2026, 11:01 AM
রিজওয়ান-সাজিদের জুটিতে পঞ্চাশ
অষ্টম উইকেটে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান ও সাজি খান। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৬২ বলে।
৯৪ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩৫৬। ৩৪ বলে ২৮ রানে খেলছেন সাজিদ। ১৫৯ বলে ৯২ রানে খেলছেন রিজওয়ান।
20 May 2026, 11:01 AM
আরেকটি সুযোগ হাতছাড়া
নাহিদ রানার বলে আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। পুল করার চেষ্টায় ক্যাচের মতো দিলেন সাজিদ খান। উইকেটের পেছন থেকে দৌড়ে এলে বলের নাগাল পেলেন না লিটন দাস। শর্ট লেগে থাকা তাইজুল ইসলাম ক্যাচের চেষ্টাই করলেন না!
সে সময় ২৬ রানে ছিলেন সাজিদ।
৯৩ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩৫৩।
20 May 2026, 10:43 AM
আক্রমণে তাইজুল
নাহিদ রানার ওভারে দুটি চার পেলেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিন আহমেদের ওভারে দুটি চার মারলেন সাজিদ খান।
এরপর বোলিংয়ে পরিবর্তন আনলেন নাজমুল হোসেন শান্ত। আক্রমণে ফেরালেন তাইজুল ইসলামকে। বাঁহাতি স্পিনারের বল একটুর জন্য ব্যাটের কানা নিল না। পরের বলে বেরিয়ে এসে খেলেন। ঠিকঠাক পারেননি, ভাগ্য ভালো ফিল্ডারের হাতে ক্যাচ যায়নি।
৯১ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩৪৫।
20 May 2026, 10:24 AM
শুরুতে আক্রমণে নাহিদ
মাঠ ভেজা থাকায় পঞ্চম ও শেষ দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর শুরু হলো খেলা। প্রথম ওভার করলেন নাহিদ রানা।
প্রথম ওভারে একটা সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাতে পারেননি শরিফুল ইসলাম। ব্যাটের কানায় লেগে বল সীমানায় গেলে দুই রান নেন মোহাম্মদ রিজওয়ান।
প্রথম চেষ্টায় বল ধরতে পারেননি শরিফুল। তাতে ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রান নিতে পারেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান।
ওভারের পঞ্চম বলে একটুর জন্য এলবিডব্লিউ হননি রিজওয়ান। শেষ বল একটুর জন্য ধরা পড়েননি গালি ফিল্ডারের হাত। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও কঠিন ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
৮৭ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ৩১৯।
20 May 2026, 10:04 AM
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় সিলেট টেস্ট
চতুর্থ দিন শেষ বেলায় তাইজুল ইসলামের দুই উইকেটে এখনও সিলেট টেস্টে চালকের আসনে আছে বাংলাদেশ। মোমেন্টাম ধরে রেখে পঞ্চম ও শেষ দিন প্রথম সেশনে জয় তুলে নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে খেলা শুরু করবে পাকিস্তান। বিশ্ব রেকর্ড গড়ে জয় পেতে সফরকারীদের চাই আরও ১২১ রান। টানা দুটি টেস্ট সিরিজে সিরিজে পাকিস্তানকে অলআউট করতে বাংলাদেশের চাই শেষ তিন উইকেট।
রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি ছিল সকালে। এই মুহূর্তে বৃষ্টি নেই। সরানো হচ্ছে কাভার। নতুন করে বৃষ্টি না হলে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের পনের মিনিট পর, সকাল সোয়া দশটায়।
১৩৪ বলে আট চারে ৭৫ রানে ব্যাট করছেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৯ বলে দুই চারে আট রানে খেলছেন সাজিদ খান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭) ৮৬ ওভারে ৩১৬/৭ (আজান ২১, ফাজাল ৬, মাসুদ ৭১, বাবর ৪৭, শাকিল ৬, সালমান ৭১, রিজওয়ান ৭৫*, হাসান ০, সাজিদ ৮*; তাসকিন ৯-১-৪১-০, শরিফুল ১১-৩-২৯-০, নাহিদ ১৪-২-৫৮-২, মিরাজ ২০-১-৬২-১, তাইজুল ৩১-৩-১১৩-৪, মুমিনুল ১-০-৩-০)
20 May 2026, 10:00 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিলেটে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
