২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের দারুণ ইনিংসের পরও ৪৮ রানের হার

12 Oct 2022, 07:40 AM

বোলারদের ব্যর্থতায় নিউ জিল্যান্ডের ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়ায় যা একটু লড়াই করলেন সাকিব আল হাসান। উপহার দিলেন দারুণ এক ফিফটি। কিন্তু বাকিরা ছিলেন যথারীতি ব্যর্থ। তাতে ত্রিদেশীয় সিরিজে আরেকটি হার সঙ্গী হলো বাংলাদেশের।

12 Oct 2022, 07:40 AM

ক্রিকেটারদের পরখ করার লক্ষ্যে বাংলাদেশ

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের জন্য নিজেদের তৈরি করতে ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। উন্নতির ছাপ খুব একটা না থাকলেও দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানালেন, নানা জায়গায় আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন তারা।

সেই লক্ষ্যে ক্রাইস্টচার্চে বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। খেলাটি শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২১ রানে পরাজয়ের পর কিউইদের বিপক্ষে তাদের হার ৮ উইকেটে।

12 Oct 2022, 07:44 AM

টস ভাগ্য সঙ্গী হলো বাংলাদেশের

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের দেখায় টস ভাগ্যকে পাশে পেয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

12 Oct 2022, 07:46 AM

বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন

নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে ৩ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন।

তাদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

প্রায় এক বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামছেন সৌম্য সরকার। এই সংস্করণে বাঁহাতি এই ব্যাটসম্যান সবশেষ খেলেছেন গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ব্যাট হাতে বাজে সময়ের মধ্যে থাকায় একাদশে সুযোগ হচ্ছিল না সৌম্যর। আরেকটি বিশ্বকাপের আগে তাকে আবারও পরখ করে নিতে চায় দল। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৬৬টি তিনি। যেখানে ৫ ফিফটিতে তার রান ১ হাজার ১৩৬।

ইবাদত ও সাইফ উদ্দিন দুইজনই সিরিজে প্রথমবার খেলতে নামছেন। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন দুইজনই।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার।

12 Oct 2022, 07:50 AM

নিউ জিল্যান্ড একাদশেও পরিবর্তন তিনটি

বাংলাদেশের মতো নিউ জিল্যান্ডও একাদশে তিনটি পরিবর্তন এনেছে। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে তারা। নেতৃত্বের দায়িত্ব পালন করছেন টিম সাউদি।

বাদ পড়া বাকি দুইজন হলেন মিচেল স্যান্টনার ও ব্লেয়ার টিকনার।

সিরিজে প্রথমবার খেলতে নামছেন মার্টিন গাপটিল। দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিল্ন।

নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিল্ন।

12 Oct 2022, 08:28 AM

ইবাদতের ওভারে দুই ছক্কায় ১৫

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছে নিউ জিল্যান্ড। প্রতি ওভারেই তারা তুলে নিচ্ছে বাউন্ডারি। ৩ ওভারে শেষে তাদের রান ৩২।

মোহাম্মদ সাইফ উদ্দিন ও শরিফুলের প্রথম দুই ওভার থেকে আসে ১৭ রান। তবে দুই ছক্কা হজম করে তৃতীয় ওভারে ১৫ রান দিয়ে বসেন দলে ফেরা ইবাদত হোসেন।

ওভারের প্রথম দুই বল ডট করেন ইবাদত। তৃতীয় বলটি ছিল শর্ট, পুল করেন ফিন অ্যালেন। ডিপ স্লয়ার লেগ দিয়ে হয় ছক্কা। আফিফ হোসেনের আঙুলে হালকা ছুঁয়ে বল পড়ে বাউন্ডারির বাইরে। এক বল আবার পুল করে ছক্কায় ওড়ান অ্যালেন। শেষ বল থেকে আসে ৩ রান।

অ্যালেন খেলছেন ২৬ রানে। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ডেভন কনওয়ের রান ৪।

12 Oct 2022, 08:30 AM

অ্যালেনের ঝড় থামালেন শরিফুল

শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকা ফিন অ্যালেনকে থামাতে পেরেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে বাউন্ডারিতে ধরা পড়েছেন তিনি ২ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ৩২ রান করে।

পঞ্চম ওভারের প্রথম বলে মিড-অন দিয়ে শরিফুলকে চার মারেন অ্যালেন। পরের বলে উইকেট থেকে বেরিয়ে এসে ছক্কার চেষ্টা করেন তিনি। লেংথ কিছুটা টেনে দেন বোলার, তাতে ব্যাটে বলে ঠিকঠাক করতে পারেননি অ্যালেন।

মিডউইকেটে দারুণ ক্যাচ নেন ইয়াসির আলি চৌধুরি।

৫ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৪৭। ডেভন কনওয়ের সঙ্গে নতুন ব্যাটসম্যান দলে ফেরা মার্টিন গাপটিল।

12 Oct 2022, 08:41 AM

রান বন্যার পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

ফিন অ্যালেনের আগ্রাসী ব্যাটিংয়ের পর ডেভন কনওয়ের ব্যাটে পাওয়ার প্লে দারুণ কেটেছে নিউ জিল্যান্ডের। প্রথম ছয় ওভারে স্বাগতিকরা তুলেছে পঞ্চাশের বেশি রান। এই সময়ে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট।

৬ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৫৪। ৩ চারে ১৮ রানে খেলছেন কনওয়ে। মার্টিন গাপটিলের রান ২।

শুরু থেকে বাংলাদেশ বোলারদের ওপর আক্রমণ করেন অ্যালেন। প্রতি ওভারেই বাউন্ডারি তুলে তিনি থাকেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন কনওয়ে।

বিস্ফোরক অ্যালেনের ঝড় পঞ্চম ওভারে এসে থামান শরিফুল ইসলাম। ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন কিউই ওপেনার।

পাওয়ার প্লেতে ৬ চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা। যেখানে ছক্কা দুটিই অ্যালেনের, ইবাদত হোসেনের এক ওভারে।

12 Oct 2022, 08:53 AM

কনওয়ে-গাপটিলের জুটির পঞ্চাশ

দারুণ এক জুটি গড়ে নিউ জিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে। সাবধানী ব্যাটিং করছেন দলে ফেরা গাপটিল। অন্য প্রান্তে দ্রুত রান তুলছেন কনওয়ে।

দ্বিতীয় উইকেটে দুইজনের জুটি স্পর্শ করেছে পঞ্চাশ, ৩৭ বলে। যেখানে কনওয়ের অবদান ৩৪, গাপটিলের ১২।

12 Oct 2022, 08:59 AM

বাংলাদেশের বিপক্ষে কনওয়ের আরেকটি ফিফটি

একাদশ ওভারে সৌম্য সরকারের বল লং অফে ঠেলে ডাবল নিলেন ডেভন কনওয়ে। এর সঙ্গে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ফিফটি করলেন নিউ জিল্যান্ডের এই ওপেনার, ৩০ বলে।

দুটি পঞ্চাশই করলেন তিনি বাংলাদেশের বিপক্ষে। দুই দলের প্রথম দেখায় ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি কনওয়ের ষষ্ঠ ফিফটি।

১১ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১০১। ২ ছক্কা ও ৫ চারে ৫১ রানে খেলছেন কনওয়ে। গাপটিলের রান ১২।

12 Oct 2022, 09:04 AM

বাউন্ডারিতে আফিফের দারুণ প্রচেষ্টা

শরিফুল ইসলামের লেংথ বল উড়িয়ে মারলেন মার্টিন গাপটিল। ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে অনেকটা লাফিয়ে বল হাতে প্রায় জমিয়েই ফেলেছিলেন আফিফ হোসেন। কিন্তু শেষ পর্যন্ত ভারসাম্য রাখতে পারলেন না তিনি। বল চলে গেল বাউন্ডারির বাইরে, হলো ছক্কা।

12 Oct 2022, 09:11 AM

গাপটিলকে ফেরালেন ইবাদত

আগের ওভারেই শরিফুল ইসলামের বলে বাউন্ডারিতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন মার্টিন গাপটিল। পেয়েছিলেন ছক্কা। তবে এবার তার ইনিংস থামালেন ইবাদত হোসেন।

ওভারের প্রথম বলে এই পেসারকে পুল করে কাউ কর্নার দিয়ে চার মারেন গাপটিল। পরের বলটি অফ স্টাম্পের বাইরে ফুল টস করেন। টেনে লং অন দিয়ে ছক্কা মারার চেষ্টা করেন ব্যাটসম্যান।

কিন্তু ব্যাটে বলে সেভাবে করতে পারেননি গাপটিল। ধরা পড়েন বাউন্ডারি লাইনে। শেষ হয় তার ১ ছক্কা ও ৩ চারে ২৭ বলে ৩৪ রানের ইনিংস। ভাঙে ডেভন কনওয়ের সঙ্গে তার ৮২ রানের জুটি।

১৪ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ১৩২। কনওয়ে খেলছেন ৫৭ রানে। উইকেটে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

12 Oct 2022, 09:32 AM

সাইফের জোড়া শিকার

নিজের তৃতীয় ওভারটি করতে এসে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। থিতু ব্যাটসম্যান ডেভন কনওয়েকে বিদায় করার দুই বল পর তার শিকার মার্ক চ্যাপম্যান।

সপ্তদশ ওভারের প্রথম বলটি ব্যাক অব দা লেংথে করেন সাইফ। পুল করেন কনওয়ে। ব্যাটে-বলে হয় দারুণ, কিন্তু স্কয়ার লেগে বাউন্ডারিতে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে যায় সরাসরি।

৩ ছক্কা ও ৫ চারে ৪০ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন নিউ জিল্যান্ডের বাঁহাতি ওপেনার।

নতুন ব্যাটসম্যান চ্যাপম্যানকে দুই বল পর ফিরিয়ে দেন সাইফ। তার হার্ড লেংথের বলটি স্লগ করে গিয়ে বলের লাইন মিস করেন ব্যাটসম্যান। বল ছোবল দেন অফ স্টাম্পে।

২ রানে করে বিদায় নেন চ্যাপম্যান।

১৭ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৬। গ্লেন ফিলিপস খেলছেন ২৬ রানে। নতুন ব্যাটসম্যান জেমস নিশাম।

12 Oct 2022, 09:37 AM

ফিলিপসের বিধ্বংসী ফিফটি

বাংলাদেশের বোলার ওপর ঝড় বইয়ে দারুণ এক ফিফটি করলেন গ্লেন ফিলিপস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ষষ্ঠ পঞ্চাশ এলো স্রেফ ১৯ বলে। নিউ জিল্যান্ডের হয়ে যা যৌথভাবে তৃতীয় দ্রুততম।

১৯তম ওভারে যখন আক্রমণে এলেন মোহাম্মদ সাইফ উদ্দিন ৩৫ রানে খেলছিলেন ফিলিপস। ওভারের প্রথম বল ডট দেওয়ার পর টানা দুই ছক্কা মারেন কিউই ব্যাটসম্যান। পরের বলে বোলারের মাথার ওপর দিয়ে চার মেরে পঞ্চাশে পা রাখেন তিনি।

12 Oct 2022, 09:51 AM

বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিল নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা শুরু থেকেই চালালেন আক্রমণ। বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে গড়লেন দুইশ ছাড়ানো পুঁজি।

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের ২০ ওভারে তুলেছে ৫ উইকেটে ২০৮। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ।

আগের ব্যাটিং কিংবা রান তাড়া, এর আগে কখনও নিউ জিল্যান্ডের দুইশ ছুঁতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ করতে পেরেছিল ১৮৯, মিরপুরে।

নিউ জিল্যান্ডকে বিশাল এই পুঁজি এনে দেওয়ার কারিগরদের একজন ডেভন কনওয়ে। ইনিংস শুরু করতে নেমে ৩ ছক্কা ও ৫ চারে ৪০ বলে ৬৪ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

চারে নেমে তাণ্ডব চালান গ্লেন ফিলিপস। ২৫ বলে ৫ ছক্কা ও ২ চারে করেন তিনি ৬০ রান। শেষ ওভারে তাকে বোল্ড করেন ইবাদত হোসেন।

দলকে ভালো শুরু এনে দিয়ে ২ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ৩২ রান করেন ফিন অ্যালেন। দলে ফেরা মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ১ ছক্কা ও ৩ চারে ৩৪।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও ইবাদত। একটি প্রাপ্তি শরিফুলের।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২০৮/৫ (অ্যালেন ৩২, কনওয়ে ৬৪, গাপটিল ৩৪, ফিলিপস ৬০, চ্যাপম্যান ২, নিশাম ৬*, ব্রেসওয়েল ০*; সাইফ ৪-০-৩৭-২, শরিফুল ৪-০-৪১-২, ইবাদত ৪-০-৪০-২, সাকিব ৪-০-৪০-০, সৌম্য ২-০-২১-০, মোসাদ্দেক ২-০-২৪-০)

12 Oct 2022, 09:58 AM

চার ফিল্ডারের দ্বিধায় জীবন পেলেন শান্ত

ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারাতে পারত বাংলাদেশ। কিন্তু চার ফিল্ডারের দ্বিধায় বেঁচে গেলেন নাজমুল হোসেন শান্ত।

ট্রেন্ট বোল্টের লেংথ বলটি বেরিয়ে এসে লেগ সাইডে খেলার চেষ্টা করেন শান্ত। ব্যাটের ফেইস আগেই বন্ধ করে দেওয়ার বল কানায় লেগে উঠে যায় আকাশে।

ক্যাচ ধরতে ক্রিজের কাছে জড়ো হন কিপার, বোলারসহ চার জন। কিন্তু পরস্পরের মধ্যে দ্বিধায় পড়ে কেউই যাননি বলের নিচে। বল পড়ে সবার মাঝে। হতাশ ফুটে ওঠে বোল্টের চোখে-মুখে।

শূন্য রানে জীবন পান বাঁহাতি ওপেনার শান্ত।

প্রথম ওভার শেষে বাংলাদেশের রান কোনো উইকেট না হারিয়ে ২। শান্ত ও লিটন দাস দুইজনেরই রান ১ করে।

12 Oct 2022, 10:17 AM

বোল্ড হয়ে ফিরলেন শান্ত

এক বল আগেই দ্বিতীয় দফায় বেঁচে গিয়েছিলেন শান্ত। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না বাঁহাতি ওপেনার। বোল্ড হয়ে ফিরলেন অ্যাডাম মিল্নের বলে।

ওভার প্রথম বলটি মিড-অন দিয়ে উড়িয়ে খেলার চেষ্টা করেন শান্ত। কিন্তু ব্যাটে-বলে হয়নি ঠিকঠাক। ওই পজিশনে থাকা টিম সাউদি হালকা লাফিয়ে লুফে নিতে চান ক্যাচ। কিন্তু তার হাত ফসকে যায় বল, আসে একটি সিঙ্গেল। ১০ রানে জীবন পান শান্ত।

এক বল পরে এই পেসারের লেংথ বল স্লগ করে বলের লাইন পুরোপুরি মিস করেন শান্ত। বল ছোবল দেয় তার স্টাম্পে। বিদায় নেন তিনি ২ চারে ১১ রান করে।

৪ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ২৯। লিটন দাস খেলছেন ১৫ রানে, নতুন ব্যাটসম্যান দলে ফেরা সৌম্য সরকার।

12 Oct 2022, 10:18 AM

নিউ জিল্যান্ডের ব্যর্থ রিভিউ

অ্যাডাম মিল্নের ওই ওভারে আরেকটি উইকেটের চেষ্টা চালায় নিউ জিল্যান্ড। সৌম্য সরকারকে বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নেয় তারা। কিন্তু সাফল্য মেলেনি।

ওভারের পঞ্চম বলটি ফ্লিক করতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি সৌম্য। নিউ জিল্যান্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক টিম সাউদি। পরে রিপ্লেতে দেখা যায় বল পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে।

12 Oct 2022, 10:20 AM

লিটনকেও হারাল বাংলাদেশ

ব্যাট হাতে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন লিটন দাস। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না ডানহাতি ওপেনার। পাওয়ার প্লেতে ফিরলেন দলকে বিপদে ফেলে।

পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসেই দলে সাফল্য এনে দেন মাইকেল ব্রেসওয়েল। তার পঞ্চম বলটি টেনে লেগ সাইডে খেলে ডিপ মিডউইকেটে মার্টিন গাপটিলের হাতে ধরা পড়েন লিটন।

১ ছক্কা ও ৩ চারে ১৬ বলে ২৩ রান করেন তিনি।

12 Oct 2022, 10:29 AM

পাওয়া প্লেতে ২ উইকেট নেই বাংলাদেশের

বিশাল রান তাড়ায় শুরুটা খুব একটা ভালো হলো না বাংলাদেশের। পঞ্চাশের বেশি রান এলেও পাওয়ার প্লেতে তারা হারিয়ে বসেছে ২ ওপেনারকে।

প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫২। ৬ রানে খেলছেন সৌম্য সরকার। সাকিব আল হাসানের রান ৫।

দুইবার জীবন পেয়েও ব্যর্থ হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। দারুণ কিছুর আভাস দেওয়া লিটন দাসও বড় করতে পারেননি ইনিংস।

পাওয়ার প্লেতে ৬ চার ও একটি ছক্কা মারে বাংলাদেশ। যেখানে তিনটি বাউন্ডারি ও একমাত্র ছক্কাটি আসে লিটনের ব্যাট থেকে। দুটি চার হাঁকান শান্ত। সাকিব মারেন একটি।

12 Oct 2022, 10:36 AM

বেঁচে গেলেন সাকিব

নিউ জিল্যান্ডের ফিল্ডিং ব্যর্থতায় জীবন পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক তখন খেলছিলেন ১১ রানে।

অষ্টম ওভারে মাইকেল ব্রেসওয়েলের প্রথম বলটি জায়গা বানিয়ে লেগ সাইডে খেলেন সাকিব। বাউন্ডারি লাইনে জায়গা মতোই ছিলেন গ্লেন ফিলিপস।

অনেক সময় পেলেও বলের নিচে ঠিকমতো যেতে পারেননি ফিল্ডার। তার হাতে লেগে উল্টো ছক্কা হওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত অবশ্য চারই হয়।

12 Oct 2022, 10:43 AM

সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিল্ন

ফেরার ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারলেন না সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যান বিদায় নিলেন ৩ চারে ২৩ রান করে।

যে ফাঁদ পেতেছিলেন অ্যাডাম মিল্নে সেখানেই ধরা পড়লেন সৌম্য। অফ স্টাম্পের বাইরের শর্ট বলটি থার্ডম্যান দিয়ে খেলার চেষ্টায় ব্যাটের ফেইস উন্মুক্ত করে দেন তিনি। বল সরাসরি যায় ওই পজিশনে থাকা ফিল্ডার ট্রেন্ট বোল্টের হাতে।

জমে উঠেছিল সাকিব আল হাসানের সঙ্গে তার জুটি। সৌম্যর বিদায়ে ভাঙল তাদের ৪৩ রানের প্রতিরোধ।

১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯০। ২৬ রানে খেলছেন সাকিব। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।

12 Oct 2022, 10:52 AM

ব্যর্থ আফিফ

আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। দলকে আরও বিপদে ফেলে বিদায় নিলেন আফিফ হোসেন।

দ্বাদশ ওভারের দ্বিতীয় বলটি ঝুলিয়ে দেন মাইকেল ব্রেসওয়েল। উইকেট ছেড়ে অনেকটা বেরিয়ে এসে খেলতে চান আফিফ। শেষ মুহূর্তে ডিফেন্স করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে।

৪ বলে ৪ রান করে ফেরেন বাঁহাতি আফিফ।

১২ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেট হারিয়ে ১০০। ৩১ রানে খেলা সাকিব আল হাসানের সঙ্গে নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

12 Oct 2022, 11:09 AM

সোহানের বিদায়

বিপদে পড়া দলের হাল ধরতে পারলেন না নুরুল হাসান সোহান। বাংলাদেশ সহ-অধিনায়ক সাজঘরে ফিরলেন ৬ বলে স্রেফ ২ রান করে।

সোহানকে বিদায় করে তৃতীয় উইকেট তুলে নিলেন পেসার অ্যাডাম মিল্ন।

পঞ্চদশ ওভারের দ্বিতীয় বলটি ফুল লেংথ করেন মিল্ন। ব্যাটের নিচের বল মিডউইকেট ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারতে চান সোহান। কিন্তু ব্যাটে খেলতে পারেননি ঠিক মতো। বল যায় সরাসরি গ্লেন ফিলিপসের হাতে।

১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১২২। নতুন ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি।

12 Oct 2022, 11:09 AM

সাকিবের ফিফটি

টিম সাউদির লেংথ বলটি লেগ সাইডে খেলে একটি সিঙ্গেল নেন সাকিব আল হাসান। এরই সঙ্গে পা রাখেন তিনি পঞ্চাশে, ৩৩ বলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার একাদশ ফিফটি।

নিউ জিল্যান্ডের ২০৮ রান তাড়ায় বাংলাদেশকে একাই টানছেন সাকিব। দারুণ সব শট খেলে দলকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক।

12 Oct 2022, 11:16 AM

ছক্কার চেষ্টায় অক্কা ইয়াসির

টিম সাউদির ফুল লেংথ বলটি ব্যাটে-বলে ঠিকঠাকই করলেন ইয়াসির আলি চৌধুরি। শুরুতে মনে হচ্ছিল বাউন্ডারি ছাড়িয়ে যাবে বল। কিন্তু শেষ পর্যন্ত ডিপ মিডউইকেট বাউন্ডারি লাইনে ধরা পড়লেন তিনি।

১ চারে ৬ বলে ৬ রান করে বিদায় নিলেন ইয়াসির।

১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩৫। জয়ের জন্য তাদের চাই ২৪ বলে ৭৪ রান।

12 Oct 2022, 11:18 AM

বাঁচলেন সাকিব

আরও একবার জীবন পেলেন সাকিব আল হাসান। ট্রেন্ট বোল্টের বলে ৬৭ রানে ফিরতে পারতেন বাংলাদেশ অধিনায়ক।

১৮তম ওভারের প্রথম বলটি হাটু গেড়ে স্লগ করে ব্যাট-বলে করতে পারেননি সাকিব। ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়।

শর্ট থার্ডম্যানে থাকা বদলি ফিল্ডার ব্লেয়ার টিকনার উল্টো দিকে দৌড়ে বলের নিচে যান ঠিকই। কিন্তু কঠিন ক্যাচটি জমাতে পারেননি হাতে।

12 Oct 2022, 11:26 AM

শেষ হলো সাকিবের লড়াই

দারুণ এক ফিফটি উপহার দিয়ে বিদায় নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ১ ছক্কা ও ৮ চারে ৭০ রান করে ফেরেন তিনি।

১৯তম ওভারের দ্বিতীয় বলটি ওয়াইড লাইন সোজা করেন টিম সাউদি। তার নাকল ডেলিভারিটি খেলার চেষ্টায় উইকেটের পেছনে ধরা পড়েন সাকিব।

সাকিবের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের পরও বড় হারের পথে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে তাদের চাই ৫৪ রান।

12 Oct 2022, 11:30 AM

বড় ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশের বোলাররা পারলেন না নিজেদের মেলে ধরতে। নিউ জিল্যান্ড গড়ল দুইশ ছাড়ানো পুঁজি। বিশাল এই লক্ষ্য তাড়ায় আবারও বাজে ব্যাটিং করল বাংলাদেশ। সাকিব আল হাসানের ফিফটির পরও তারা হারল বড় ব্যবধানে।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দেখায় ৪৮ রানে হারাল বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে প্রথম ম্যাচে তারা হেরেছিল ৮ উইকেটে।

টানা তিন ম্যাচ হেরে সিরিজের ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের।

ডেভন কনওয়ে ৩ ছক্কা ও ৫ চারে ৬৪ রানের ইনিংসের পর ঝড় তোলেন গ্লেন ফিলিপস। ৫ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৬০ রান করেন তিনি। তাতে ৫ উইকেটে ২০৮ রান তোলে নিউ জিল্যান্ড।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। সাকিবের লড়াইয়ে শেষ পর্যন্ত তারা করতে পারে ৭ উইকেটে ১৬০ রান।

১ ছক্কা ও ৮ চারে ৪৪ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব। লিটন দাস ও সৌম্য সরকার দুইজনই করেন ২৩ রান করে।

নিউ জিল্যান্ডের হয়ে দারুণ বোলিংয়ে স্রেফ ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন অ্যাডাম মিল্ন। দুটি করে শিকার ধরেন মাইকেল ব্রেসওয়েল ও টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২০৮/৫ (অ্যালেন ৩২, কনওয়ে ৬৪, গাপটিল ৩৪, ফিলিপস ৬০, চ্যাপম্যান ২, নিশাম ৬*, ব্রেসওয়েল ০*; সাইফ ৪-০-৩৭-২, শরিফুল ৪-০-৪১-১, ইবাদত ৪-০-৪০-২, সাকিব ৪-০-৪০-০, সৌম্য ২-০-২১-০, মোসাদ্দেক ২-০-২৪-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১৬০/৭ (শান্ত ১১, লিটন ২৩, সৌম্য ২৩, সাকিব ৭০, আফিফ ৪, সোহান ২, ইয়াসির ৬, মোসাদ্দেক ৯*, সাইফ ৩*; বোল্ট ৪-০-২২-০, সাউদি ৪-০-৩৬-২, মিল্ন ৪-০-২৪-৩, ব্রেসওয়েল ৪-০-৩৯-২, সোধি ৪-০-৩৩-০)