19 Nov 2025, 04:40 PM
৯৯ রানে অপরাজিত মুশফিক, ৪৭ রানে লিটন
যে গতিতে বোলিং করছিল আয়ারল্যান্ড তাতে প্রথম দিন ৯০ ওভারের বেশিই করার পথে ছিল। কিন্তু শেষ দিকে গিয়ে মন্থর হয়ে পড়ল তারা, নিশ্চিত করল যেন বাড়তি ওভার না পান ব্যাটসম্যানরা। তাতে নিজের শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থাকলেন মুশফিকুর রহিম। তার সঙ্গে চমৎকার জুটি উপহার দেওয়া লিটন দাস অপরাজিত ৪৭ রানে।
প্রথম দিন ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান করেছে বাংলাদেশ।
প্রথম সেশনে ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছিল ১০০ রান। দ্বিতীয় সেশনে ৩১ ওভারে বিনা উইকেটে যোগ করে ৯২ রান। তৃতীয় সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ১০০ রান।
মুশফিকের ১৮৭ বলের ইনিংস গড়া পাঁচটি চারে। তার সঙ্গে ১৬০ বলে ৯০ রানের জুটি গড়েছেন লিটন। তার ৮৬ বলের ইনিংস সাজানো দুটি চারে।
প্রথম তিন ব্যাটসম্যানের সবাই ভালো শুরু পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। দুই অঙ্ক ছুঁতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিজের শততম টেস্টের উপলক্ষ্য রাঙাচ্ছেন মুশফিক। শুরু থেকে আস্থার সঙ্গে খেলে দলকে নিয়ে এসেছেন ভালো অবস্থানে। নিজে পৌঁছে গেলেন ৯৯ রানে।
চারটি উইকেটই নিয়েছেন অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৪ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ৯৯*, লিটন ৪৭*; নিল ৮-০-৩৭-০, ক্যাম্ফার ৮-০-২৮-০, ম্যাকব্রাইন ২৬-২-৮২-৪, হামফ্রিজ ২৬-০-৮৩-০, হোয়ে ১৯-১-৪৮-০, টেক্টর ৩-০-১০-০)
19 Nov 2025, 03:57 PM
দ্বিতীয় নতুন বল নিল আয়ারল্যান্ড
৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। দুই পেস বোলিং অলরাউন্ডারদের কাউকে শুরুতে আক্রমণে আনেননি তিনি। প্রথম ওভারটি করেন বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ এবং পরেরটি করেন অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।
৮২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৬৭।
19 Nov 2025, 03:43 PM
লিটনের সঙ্গে মুশফিকের জুটিতে পঞ্চাশ
মুমিনুল হকের বিদায়ের পর লিটন দাসের সঙ্গে চমৎকার জুটি গড়েছেন মুশফিকুর রহিম। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৮৩ বলে।
ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রান তোলার চেষ্টা করছেন লিটন। রানের গতি কিছুটা বাড়িয়েছেন মুশফিকও। তাদের বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
৭৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৫৪।
19 Nov 2025, 03:36 PM
আয়ারল্যান্ডের ব্যর্থ রিভিউ
বোলারের আত্মবিশ্বাস দেখেই হয়তো শেষ মুহূর্তে রিভিউ নিলেন অ্যান্ডি বালবার্নি। তবে তাতে কাজ হলো না, লিটন দাসের ব্যাটের কানা নেয়নি গ্যাভিন হোয়ের বল।
লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে খেলার চেষ্টায় সফল হননি লিটন। স্পিন করে ব্যাটের কানা এড়িয়ে জমা পড়ে লর্কান টাকারের গ্লাভসে। আবেদন নয়, একরকম উদযাপনই শুরু করেন অভিষিক্ত হোয়ে।
রিপ্লেতে দেখা গেছে বলে কোনো স্পর্শ ছিল না ব্যাটের।
৭৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৫১। ১৭২ বলে ৭৬ রানে খেলছেন মুশফিকুর রহিম। ৫৩ বলে ৩০ রানে ব্যাট করছেন লিটন। তিনি ক্রিজে যাওয়ার পর রান আসছে দ্রুত।
19 Nov 2025, 02:44 PM
মুমিনুলের বিদায়ে ভাঙল জুটি
দুর্ভাগ্যজনক ক্যাচে ফিরলেন মুমিনুল হক। ভাঙল জমে যাওয়া চতুর্থ উইকেট জুটি।
অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সুইপ করেন মুমিনুল। ব্যাটের কানা ছুঁয়ে, বুটে লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন অ্যান্ডি বালবার্নি। ভাঙে ২১৪ বল স্থায়ী ১০৭ রানের জুটি।
১২৮ বলে এক চারে ৬৩ রান করেন মুমিনুল।
৬৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০৪। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী লিটন দাস।
19 Nov 2025, 02:40 PM
মুশফিকের পঞ্চাশ, জুটির একশ
চা-বিরতির পর প্রথম বলে বাউন্ডারিতে জুটির রান তিন অঙ্কে নিয়ে গেলেন মুশফিকুর রহিম। সঙ্গে নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে করলেন পঞ্চাশ।
২০৭ বলে এসেছে জুটির একশ। মুশফিক পঞ্চাশ ছুঁয়েছেন ১০৯ বলে। ওই ওভারে ম্যাথু হামফ্রিজকে আরেকটি বাউন্ডারি মারেন মুশফিক।
টেস্টে এটি তার ২৮তম ফিফটি, অভিজ্ঞ এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের সেঞ্চুরি আছে ১২টি।
৬৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২০২।
19 Nov 2025, 02:23 PM
মুমিনুল-মুশফিকের জুটিতে চমৎকার সেশন
দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। প্রথম সেশনে তিন উইকেট হারানো স্বাগিতকরা লাঞ্চের পরের সময়টুকু কাটিয়ে দিয়েছে নির্বিঘ্নে।
চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯২। দ্বিতীয় সেশনে ৩১ ওভারে এসেছে ৯২ রান।
১২৫ বলে ৬২ রানে খেলছেন মুমিনুল। নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে মুশফিক ১০৮ বলে ব্যাট করছেন ৪৮ রানে। তাদের জুটিতে ২০৬ বলে এসেছে ৯৭ রান।
এই সেশনে ভাগ্যের কিছুটা সহায়তা পেয়েছেন দুই ব্যাটসম্যান। কঠিন দুটি সুযোগ নিতে পারেননি ফিল্ডাররা। কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি বল।
19 Nov 2025, 01:35 PM
৯২ বলে মুমিনুলের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন মুমিনুল হক। দায়িত্বশীল ব্যাটিংয়ে অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটসম্যান ৯২ বলে ছুঁয়েছেন পঞ্চাশ।
টেস্টে এটি মুমিনুলের ২৪তম পঞ্চশ, আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয়। সিলেটে করেছিলেন ৮২ রান।
ধৈর্য হারিয়ে একবার বড় শট খেলত চেয়েছিলেন মুমিনুল। ডিপ স্কয়ার লেগে সেবার একটুর জন্য ক্যাচ নিতে পারেননি ফিল্ডার। ২৩ রানে বেঁচে গিয়ে দেখেশুনে খেলছেন মুমিনুল। মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন চমৎকার জুটি।
৫১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৬০। ৯৩ বলে এক চারে ৫০ রানে ব্যাট করছেন মুমিনুল। ৭৪ বলে এক চারে ৩০ রানে খেলছেন মুশফিক।
19 Nov 2025, 01:17 PM
মুমিনুল-মুশফিকের জুটিতে পঞ্চাশ
প্রথম সেশনে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ১১৮ বলে।
দুই ব্যাটসম্যানই জীবন পেয়েছেন একবার করে। ডিপ স্কয়ার লেগের ফিল্ডার ধরতে পারেননি মুমিনুলের ক্যাচ। সে সময় ২৩ রানে ছিলেন তিনি।
২২ রানে জীবন পান মুশফিক। তার ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক।
৪৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৬। ৮২ বলে ৪৩ রানে খেলছেন মুমিনুল। ৬৭ বলে মুশফিকের রান ২৩।
19 Nov 2025, 01:14 PM
জীবন পেলেন মুশফিক
অভিষেকে মুশফিকুর রহিমের উইকেট পেতে পারতেন গ্যাভিন হোয়ে। কিন্তু তার বলে কঠিন ক্যাচ নিতে পারেননি আইরিশ উইকেটরক্ষক।
লেগ স্টাম্পের বলে জায়গায় দাঁড়িয়ে খেলেন মুশফিক। পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় লর্কান টাকারের কাছে। কিন্তু গ্লাভসে জমাতে পারেননি তিনি।
সে সময় ২২ রানে ছিলেন মুশফিক। এর আগে ব্যক্তিগত ২৩ রানে কঠিন সুযোগ দিয়ে বেঁচে যান মুমিনুল হক।
৪৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৩।
19 Nov 2025, 11:48 AM
ম্যাকব্রাইনের স্পিনে চাপে বাংলাদেশ
বিশেষজ্ঞ কোনো পেসার নেই আয়ারল্যান্ড দলে। নতুন বলে বোলিং করেন দুই পেস বোলিং অলরাউন্ডার জর্ডান নিল ও কার্টিস ক্যাম্ফার। তাদের ওভারগুলোতে রান আসে সহজেই।
অষ্টম ওভারে প্রথম আক্রমণে আসেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এই অফ স্পিনার বেশ ভোগাচ্ছেন বাংলাদেশকে। প্রথম সেশনে তুলে নিয়েছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর উইকেট।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১০০। ১৮ বলে ৩ রানে খেলছেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে আবারও দলকে উদ্ধার করার দায়িত্ব তার কাঁধে। ২৯ বলে মুমিনুল হক খেলছেন ১৭ রানে।
প্রথম সেশনেও উইকেট থেকে যথেষ্ট সহায়তা পেয়েছেন স্পিনাররা। তাদের বলে রান নেওয়া ক্রমেই কঠিন হচ্ছে।
19 Nov 2025, 11:43 AM
ছক্কার পর অক্কা শান্ত
আগের বল বেরিয়ে এসে ছক্কায় ওড়ালেন নাজমুল হোসেন শান্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনের পরের বল কীভাবে খেলবেন তা নিয়ে যেন দ্বিধায় পড়ে গেলেন বাংলাদেশ। এর মাশুল দিলেন বোল্ড হয়ে।
আগের বল ঝুলিয়ে দিয়েছিলেন আইরিশ অফ স্পিনার। পরের বল ছিল বেশ গতিময়। তড়িঘড়ি করে পিছিয়ে ডিফেন্ড করতে গিয়ে টার্নের নাগাল পাননি শান্ত। ব্যাট-প্যাডের মাঝের বিশাল ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে।
১১ বলে ১ ছক্কায় ৮ রান করে ফিরলেন শান্ত।
২৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৫। তিনটি উইকেটই নিয়েছেন অভিজ্ঞ ম্যাকব্রাইন।
ক্রিজে মোমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম। নিজের শততম টেস্ট বেশ চাপের সময়ে ব্যাটিংয়ে নেমেছেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
19 Nov 2025, 11:17 AM
উইকেট ছুঁড়ে এলেন জয়
রানের গতি একটু কমেছে, তাতেই যেন নিজের দায়িত্ব ভুলে গেলেন মাহমুদুল হাসান জয়। বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টায় বিলিয়ে এলেন নিজের উইকেট।
পেসারদের যত সহজে খেলছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, ততটা সহজ হচ্ছে না স্পিনারদের খেলা। প্রথম দিনের উইকেটেও বেশ টার্ন ও বাউন্স মিলছে। সেটা কাজে লাগাচ্ছেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও ম্যাথু হামফ্রিজ।
রান যে একেবারেই আসছে না, তা নয়। তবে এই গতিতে যেন ঠিক সন্তুষ্ট ছিলেন না জয়। তাই ম্যাকব্রাইনের বলে বেরিয়ে এসে ছক্কার চেষ্টা করতে গেলেন। টাইমিং হলো না একেবারেই। মিড অফে ক্যাচ নিলেন বদলি ফিল্ডার ব্যারি ম্যাককার্থি। ভাঙল ৬৯ বল স্থায়ী ৩১ রানের জুটি।
৮৬ বলে দুই চারে ৮৬ বলে জয় ফিরলেন ৩৪ রান করে।
২৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৬। ক্রিজে মোমিনুল হকের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
19 Nov 2025, 10:37 AM
আয়ারল্যান্ডের দারুণ রিভিউ
আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নিলেন অ্যান্ডি বালবার্নি। তাতে মিলল প্রথম সাফল্য। সাদমান ইসলামের বিদায়ে ভাঙল বাংলাদেশের শুরুর জুটি।
অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের ওভারের দ্বিতীয় বলে তিন রান নিয়ে জুটির পঞ্চাশ পূর্ণ করেন মাহমুদুল হাসান জয়।
এক বল পর পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি সাদমান। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দেননি। তবে বালবার্নি রিভিউ নিলে পাল্টায় তার সিদ্ধান্ত। বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে। ভাঙে ৮৪ বল স্থায়ী ৫২ রানের জুটি।
৪৪ বলে ছয় চারে ৩৫ রান করেন সাদমান।
১৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫২। ক্রিজে জয়ের সঙ্গী মুমিনুল হক।
19 Nov 2025, 10:16 AM
অষ্টম ওভারে স্পিন
মিরপুর টেস্টে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ে। নতুন বলে দুই অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার ও জর্ডান নিলকে অনায়াসে খেলেছেন তারা।
অষ্টম ওভারে বোলিংয়ে পরিবর্তন এনেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। অ্যান্ডি ম্যাব্রাইনের ওভারে ২ রান নিয়েছেন জয়।
৮ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩৯। ২৩ বলে পাঁচ চারে সাদমান ব্যাট করছেন ২৭। ২৫ বলে দুই চারে জয় খেলছেন ১২ রানে।
19 Nov 2025, 09:37 AM
মুশফিককের জন্য বিশেষ আয়োজন
২০০৫ সালে অভিষেকে মুশফিকুর রহিমকে টেস্ট টুপি দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক হাবিবুল বাশার, তিনিই শততম টেস্ট উপলক্ষ্যে এক সময়ের সতীর্থকে বিশেষ টুপি পরিয়ে দিলেন। পরে মুশফিকের হাতে ক্যাপ ক্যাসকেট দেন আকরাম খান, তিনি দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী।
মুশফিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন মাঠে। লর্ডসের সেই ম্যাচের একাদশে থাকা ক্রিকেটারদের কয়েকজনও ছিলেন সংক্ষিপ্ত আয়োজনে। ছিলেন আইরিশ ক্রিকেটাররাও।
মুশফিককে বিশেষ ক্রেস্ট উপহার দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরে মুশফিকের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার এবং বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন বিশেষ টেস্ট জার্সি।
19 Nov 2025, 09:23 AM
আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ডোহেনি-হোয়ের
বাংলাদেশের মুশফিকুর রহিমের শততম টেস্ট আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে স্টিভেন ডোহেনি ও গ্যাভিন হোয়ের। বাদ পড়েছেন ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।
ব্যাটিংয়ে শক্তি বেশ বাড়িয়ে এই ম্যাচে খেলছে আয়ারল্যান্ড। দলে নেই কোনো বিশেষজ্ঞ পেসার, নতুন বল হাতে নেবেন দুই পেস বোলিং অলরাউন্ডার জর্ডান নিল ও কার্টিস ক্যাম্ফার।
দুই পেসারের জায়গা বদলি আসা দুই জনের মধ্যে ডোহেনি কিপার-ব্যাটসম্যান। হোয়ে একজন লেগ স্পিনার।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার
19 Nov 2025, 09:13 AM
বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন
সিলেটে ইনিংস ও ৪৭ রানে জেতা একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিরপুর টেস্টে খেলা হচ্ছে না দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের। তাদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।
গত জুনে দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন গতিময় পেসার ইবাদত। আরেক পেসার সবশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
19 Nov 2025, 09:07 AM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর টেস্টে টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং।
19 Nov 2025, 08:33 AM
মুশফিকের শততম টেস্ট রাঙিয়ে রাখতে নামছে বাংলাদেশ
একটি প্রথমের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। মিরপুর টেস্টে একাদশে থাকলেই একটি কীর্তি গড়া হয়ে যাবে মুশফিকুর রহিমের। এই সংস্করণে বাংলাদেশের হয়ে প্রথম কেউ খেলবেন একশ ম্যাচ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। নয়টায় হবে টস।
সিলেটে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে আলোচনার সবটা জুড়ে কেবলই মুশফিকের শততম ম্যাচ। এই উপলক্ষ্য চমৎকার পারফরম্যান্স দিয়ে রাঙিয়ে রাখতে চায় বাংলাদেশ।
২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। গত ২০ বছরেরও বেশি সময়ে তিনি খেলতে পেরেছেন ৯৯ ম্যাচ। এই সময়ে ১২ সেঞ্চুরি এবং ২৭ ফিফটিতে করেছেন ৬ হাজার ৩৫১ রান। সর্বোচ্চ অপরাজিত ২১৯। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি, একমাত্র উইকেটরক্ষক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি তার।