- ৫ উইকেটে বাংলাদেশের হার
- ওমারজাই-শাহিদির জুটিতে পঞ্চাশ
- মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড গুরবাজ
- গুরবাজের পঞ্চাশের পর ফিরলেন রেহমাত
- ৬৮ বলে রেহমাতের পঞ্চাশ
- গুরবাজ-রেহমাতের জুটিতে পঞ্চাশ
- তানজিমের বলে তানজিদের দুর্দান্ত ক্যাচ
- তানভিরের দারুণ ডেলিভারিতে স্টাম্পড ইব্রাহিম
- শুরুর জুটিতে আফগানিস্তানের পঞ্চাশ
- আফগানিস্তানের ভালো শুরু
- চার-ছক্কার পর স্টাম্পড তানভির
- ছক্কার চেষ্টায় অক্কা তানজিম
- দ্রুত ফিরলেন হাসান
- টিকলেন না সোহান
- আফগানিস্তানের ব্যর্থ রিভিউ
- রাশিদের গুগলিতে বিভ্রান্ত জাকের
- মিরাজকে ফিরিয়ে রাশিদের দুইশ
- রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ
- হৃদয়ের রান আউটে ভাঙল জুটি
- হৃদয়-মিরাজ জুটিতে একশ
- ৭৪ বলে মিরাজের পঞ্চাশ
- ছক্কায় হৃদয়ের পঞ্চাশ
- ২৬ ওভারে বাংলাদেশের একশ
- আফগানিস্তানের ব্যর্থ রিভিউ
- উইকেট ছুঁড়ে এলেন সাইফ
- পাওয়ার প্লেতে ২ উইকেট হারাল বাংলাদেশ
- টিকলেন না শান্ত
- দ্রুত ফিরলেন তানজিদ
- ওয়ানডেতে বাশিরের অভিষেক
- সাইফের অভিষেক, নেই মুস্তাফিজ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- র্যাঙ্কিংয়ে চোখ রেখে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
09 Oct 2025, 01:48 AM
৫ উইকেটে বাংলাদেশের হার
ব্যাটিংয়ে শেষে ধসের পর বোলিংয়ে লড়াই করলেও পেরে উঠল না বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান।
২২২ রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলল হাশমাতউল্লাহ শাহিদির দল। দলকে জয়ের বন্দরে নিয়েই ফেরন অধিনায়ক। ৪৬ বলে তিনি অপরাজিত থাকেন ৩৩ রানে। ছক্কায় ম্যাচ শেষ করেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি (৮ বলে ১১)।
পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা দুই ব্যাটসম্যান রেহমাত শাহ ও রাহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু আজমাতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গে অধিনায়ক শাহিদির চমৎকার জুটিতে ম্যাচ থেকে মিরাজদের ছিটকে দেয় আফগানিস্তান। সেখান থেকে আর কক্ষপথে ফিরতে পারেনি বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (সাইফ ২৬, তানজিম ১০, শান্ত ২, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, সোহান ৭, সাকিব ১৭, হাসান ৫, তাসকিন ৪*, তানভির ১১; বাশির ৪-০-২৫-০, ওমারজাই ৯-০-৪০-৩, গাজানফার ৯.১-১-৫৫-৩, খারোটে ১০-১-৩২-১, রাশিদ ১০-০-৩২-৩, নাবি ৬-০-২৭-০)
আফগানিস্তান: ৪৭.১ ওভারে ২২৬/৫ (গুরবাজ ৫০, ইব্রাহিম ২৩, সেদিকউল্লাহ ৫, রেহমাত ৫০, শাহিদি ৩৯*, ওমরজাই ৪০, নাবি ১১*; তাসকিন ৮-০-৫০-০, হাসান ৮-০-৪০-০, তানভির ১০-০-৪২-১, তানজিম ৭-১-৩১-৩, মিরাজ ১০-১-৩২-১, সাইফ ৩.১-০-২৪-০, শান্ত ১-০-৪-০)
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
09 Oct 2025, 01:20 AM
ওমারজাই-শাহিদির জুটিতে পঞ্চাশ
দ্রুত ২ উইকেট হারানোর পর দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েছেন আজমাতউল্লাহ ওমারজাই ও হাশমাতউল্লাহ শাহিদি।
তানজিম হাসানের ওভারে দ্বিতীয় বাউন্ডারিতে জুটির রান পঞ্চাশে নিয়ে যান ওমারজাই। পরের দুই বলে আরও দুটি বাউন্ডারি মারেন তিনি।
তবে ওভারের শেষ বলে মধুর প্রতিশোধ নেন তানজিম। তার স্লোয়ারে তানভির ইসলামের হাতে ধরা পড়েন ওমারজাই। ভাঙে ৭০ বল স্থায়ী ৫৯ রানের জুটি।
৪৪ বলে এক ছক্কা ও ছয়টি চারে ওমারজাই করেন ৪০ রান।
৪৩ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১৯৫। ক্রিজে হাশমাতউল্লাহ শাহিদির সঙ্গী মোহাম্মদ নাবি।
09 Oct 2025, 12:37 AM
মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড গুরবাজ
এক প্রান্ত আগলে রেখে পঞ্চাশ ছোঁয়ার পার আর এগোতে পারলেন না রহমানউল্লাহ গুরবাজ। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন আফগান ওপেনার।
স্পিন করে ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন গুরবাজ। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। তার প্রত্যাশার বেশ টার্ন করে ব্যাটের কানা এড়িয়ে ছোবল দেয় লেগ স্টাম্পে।
৭৬ বলে একটি করে ছক্কা ও চারে ৫০ রান করেন গুরবাজ।
এক বল পর রিভিউ নিয়ে বাঁচেন আজমাতউল্লাহ ওমারজাই। মিরাজের বলে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু বলে ব্যাট ছোঁয়াতেই পারেননি আফগান অলরাউন্ডার।
৩২ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ১৩৬।
09 Oct 2025, 12:31 AM
গুরবাজের পঞ্চাশের পর ফিরলেন রেহমাত
আগের বলে সিঙ্গেল নিলেন রাহমানউল্লাহ গুরবাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ বলে পঞ্চাশ স্পর্শ করলেন আফগান ওপেনার।
পরের বলে ক্যাচ তুলে দিলেন রেহমাত শাহ। বাউন্সারে ঠিকঠাক পুল করতে পারলেন না তিনি। শর্ট মিড উইকেটে ক্যাচ নিলেন মেহেদী হাসান মিরাজ। ভাঙল ১১১ বল স্থায়ী ৭৮ রানের জুটি।
নতুন ব্যাটসম্যান হাশমাতউল্লাহ শাহিদি প্রথম বলেই একটুর জন্য ক্যাচ আউট হলেন না। বেঁচে গেলেন বোলার তানজিমের একটু সামনে বল পড়ায়।
৩১ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ১৩৬।
09 Oct 2025, 12:31 AM
৬৮ বলে রেহমাতের পঞ্চাশ
শুরুতে অনেকটা সময় নেওয়া রেহমাত শাহ আগে পৌঁছালেন পঞ্চাশে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ক্যারিয়ারের ৩২তম পঞ্চাশ ছুঁতে লাগল ৬৮ বল।
মূলত এক-দুই নিয়ে খেলছেন রেহমাত। পঞ্চাশ ছোঁয়ার পথে মেরেছেন কেবল দুটি চার।
৩০ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ১৩৫।
09 Oct 2025, 12:02 AM
গুরবাজ-রেহমাতের জুটিতে পঞ্চাশ
তৃতীয় উইকেটে আফগানিস্তানকে টানছেন রাহমানউল্লাহ গুরবাজ ও রেহমাত শাহ। দায়িত্বশীল ব্যাটিংয়ে তাদের জুটিতে এসেছে পঞ্চাশ, ৮১ বলে।
২৬ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ১১০। ৫৪ বলে ৩২. রানে খেলছেন রেহমান। ৬২ বলে গুরবাজের রান ৪৩।
08 Oct 2025, 11:07 PM
তানজিমের বলে তানজিদের দুর্দান্ত ক্যাচ
আগের ওভারে একটুর জন্য কয়েকবার বেঁচে যান সেদিকউল্লাহ আতাল। অল্পের জন্য তানজিম হাসানের বল তার ব্যাটের কানা নেয়নি। পেসারের পরের ওভারে আর বাঁচলেন না তিনি। স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন তানজিদ হাসান।
তানজিমের দারুণ বাউন্ডার খেলার পথই বুঝে উঠতে পারেননি সেদিকউল্লাহ। কোনোমতে লেগে খেলার চেষ্টায় সফল হননি তিনি। ব্যাটের বাইরের কানায় লেগে দ্রুত গতিতে যায় স্লিপের মাথার উপর দিয়ে। সেখানে দুর্দান্ত রিফ্লেক্সে ক্যাচ নেন তানজিদ।
১৬ বলে সেদিকউল্লাহ করেন ৫ রান।
১৩ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ৫৮। ক্রিজে রাহমানউল্লাহ গুরবাজের সঙ্গী রেহমাত শাহ।
08 Oct 2025, 10:52 PM
তানভিরের দারুণ ডেলিভারিতে স্টাম্পড ইব্রাহিম
পেসাররা তেমন কিছু করতে পারছেন না কিন্তু ভোগাচ্ছেন তানভির ইসলাম। বাঁহাতি এই স্পিনারের চমৎকার ডেলিভারিতে স্টাম্পড হয়ে গেলেন ইব্রাহিম জাদরান।
পাওয়ার প্লের শেষ ওভারে ভাঙল আফগানিস্তানের শুরুর জুটি। তানভিরের বলে বেরিয়ে এসে খেলার চেষ্টায় লাইনে যেতে পারেননি। বল গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন নুরুল হাসান সোহান। ফেরার কোনো সুযোগই ছিল না ইব্রাহিমের। ভাঙে ৫৭ বল স্থায়ী ৫২ রানের জুটি।
২৫ বলে চারটি চারে ২৫ রান করেন ইব্রাহিম।
১০ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৫৩। ক্রিজে রাহমানউল্লাহ জাদরানের সঙ্গী সেদিকউল্লাহ আতাল।
08 Oct 2025, 10:44 PM
শুরুর জুটিতে আফগানিস্তানের পঞ্চাশ
বাংলাদেশের পেসারদের সহজেই খেলছে আফগানিস্তান। অনায়াসেই বাড়ছে তাদের রান। সাবলীল ব্যাটিংয়ে শুরুর জুটি স্পর্শ করেছে পঞ্চাশ, ৫০ বলে।
নবম ওভারে তানজিদকে চার মারেন রাহমানউল্লাহ গুরবাজ। তাকে জুটি রান স্পর্শ করে পঞ্চাশ।
৯ ওভারে আফগানিস্তানের রান বিনা উইকেটে ৫১।
08 Oct 2025, 10:30 PM
আফগানিস্তানের ভালো শুরু
স্পিনারদের জন্য বেশ সহায়তা আছে উইকেটে। দ্বিতীয় ইনিংসে সেটা আরও বাড়বে বলেই ধারণা রাশিদ খানের। তবে আফগানিস্তানের মতো স্পিনে এতো বিকল্প নেই বাংলাদেশের। মূল স্পিনার কেবল দুই জন- মেহেদী হাসান মিরাজ ও তানভির আহমেদ।
এর বাইরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বোলিং করেন সাইফ হাসান। টুকটাক বোলিং করতে পারেন নাজমুল হোসেন শান্ত।
তিন পেসার নিয়ে খেলা বাংলাদেশ প্রথম ৫ ওভারে দিয়েছে ৩০ রান, নিতে পারেননি কোনো উইকেট।
টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন জাকের আলি। ওয়ানডেতে কিপিং করছেন নুরুল হাসান সোহান।
৩ ওভারে ১৭ রান দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। হাসান মাহমুদের ২ ওভারে এসেছে ১২ রান।
08 Oct 2025, 09:40 PM
চার-ছক্কার পর স্টাম্পড তানভির
চার ও ছক্কা মেরে দলকে ২২০ রানে নিয়ে গেলেন তানভির ইসলাম। বেরিয়ে এসে ছক্কার চেষ্টায় স্টাম্পড হলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৭ বল বাকি থাকতেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এক সময়ে আড়াইশ ছাড়ানো রানের সম্ভাবনা জাগানো দলটি শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৪৬ রানে।
তিনটি উইকেট নিয়েছেন রাশিদ খান ও আজমাতউল্লাহ ওমারজাই। এএম গাজানফার নিয়েছেন দুটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (সাইফ ২৬, তানজিম ১০, শান্ত ২, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, সোহান ৭, সাকিব ১৭, হাসান ৫, তাসকিন ৪*, তানভির ১১; বাশির ৪-০-২৫-০, ওমারজাই ৯-০-৪০-৩, গাজানফার ৯.১-১-৫৫-৩, খারোটে ১০-১-৩২-১, রাশিদ ১০-০-৩২-৩, নাবি ৬-০-২৭-০)
08 Oct 2025, 09:34 PM
ছক্কার চেষ্টায় অক্কা তানজিম
স্পিনে রান আসছে না, তাই পেসার আজমাতউল্লাহ ওমারজাইয়ের উপর চড়াও হওয়ার চেষ্টা করলেন তানজিম হাসান। সেটা কাজে এলো না। বরং ছক্কার চেষ্টা লং অনে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ওমারজাই পেলেন ম্যাচে নিজের তৃতীয় উইকেট।
২৩ বলে এক ছক্কায় ১৭ রান করেন ওমারজাই।
৪৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২১১। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী তানভির আহমেদ।
08 Oct 2025, 09:29 PM
দ্রুত ফিরলেন হাসান
বড় শটের চেষ্টায় টাইমিং করতে পারলেন না হাসান মাহমুদ। ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন এএম গাজানফার।
স্লগের চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি হাসান। অফে সহজ ক্যাচ নেন ইব্রাহিম জাদরান।
৯ বলে হাসান করেন ৫ রান।
৪৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২০৫। ক্রিজে তানজিম হাসানের সঙ্গী তাসকিন আহমেদ।
08 Oct 2025, 09:25 PM
টিকলেন না সোহান
শেষ দিকে ঝড় তোলার দিকে যার দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ, নিজের শেষ ওভারে সেই নুরুল হাসান সোহানকে বিদায় করলেন রাশিদ খান।
রাশিদের গুগলি বুঝতে পারেননি সোহানও। ব্যাটের কানা এড়িয়ে বল প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ না নিয়েই ফিরে যান সোহান। ১৪ বলের অস্বস্তিতে ভরা ইনিংসে তিনি করেন ৭ রান।
৪৫ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯৭। ক্রিজে তানজিম হাসানের সঙ্গী হাসান মাহমুদ।
08 Oct 2025, 09:16 PM
আফগানিস্তানের ব্যর্থ রিভিউ
তানজিম হাসানের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হারাল আফগানিস্তান। ইনিংসের বাকি সময়ের জন্য তাদের আর কোনো রিভিউ থাকল না।
রাশিদ খানের গুগলি বুঝতে পারলেও ব্যাটে খেলতে পারেননি তানজিম। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন হাশমাতউল্লাহ শাহিদি। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৮৫। ৬ রানে খেলছেন নুরুল হাসান সোহান। তানজিমের রান ৩।
08 Oct 2025, 09:03 PM
রাশিদের গুগলিতে বিভ্রান্ত জাকের
রাশিদ খানের গুগলি বুঝতেই পারলেন না জাকের আলি। তাই ডিফেন্স করার চেষ্টায় বলের লাইনের ধারে কাছেও যেতে পারলেন না তিনি।
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ না নিয়েই হাঁটা ধরেন জাকের। বল লাগত মিডল স্টাম্পে।
১৬ বলে এক চারে ১০ রান করেন জাকের।
৪১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৭৮। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী তানজিম হাসান।
08 Oct 2025, 08:58 PM
মিরাজকে ফিরিয়ে রাশিদের দুইশ
মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রাশিদ খান।
আফগান লেগ স্পিনারের গুগলি ঠিকঠাক খেলতে পারেননি মিরাজ। ডিফেন্স করার চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি তিনি।
আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মিরাজ। তাতে কাজ হয়নি। বল আঘাত হানত লেগ স্টাম্পে। তাতে নষ্ট হল বাংলাদেশের প্রথম রিভিউ।
৩৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭৫। ক্রিজে জাকের আলির সঙ্গী নুরুল হাসান সোহান।
08 Oct 2025, 08:48 PM
রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিলেন মেহেদী হাসান। তাতে টিকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
নানগেয়ালিয়া খারোটের বলে সুইপ করার চেষ্টায় সফল হননি মিরাজ। আফগানদের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
নন স্ট্রাইকার ব্যাটসম্যান জাকের আলিকে ইশারায় মিরাজ জিজ্ঞেস করেন, লেগ স্টাম্প মিস করবে কিনা। ইশারায় রিভিউ নিতে বলেন জাকের। ব্যাটসম্যানদের ধারণাই ঠিক, বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
সে সময় ৫৬ রানে ছিলেন মিরাজ।
৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৫।
08 Oct 2025, 08:40 PM
হৃদয়ের রান আউটে ভাঙল জুটি
দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়। ভাঙল বাংলাদেশের শতরানের জুটি।
নানগেয়ালিয়া খারোটের বল কাভারে খেলেন হৃদয়। ডাইভ দিয়ে হাশমাতউল্লাহ শাহিদিকে বল ফেরাতে দেখাতে ফিরে আসেন মেহেদিী হাসান মিরাজ। কিন্তু বল দূরে সরে যাওয়ায় রানের জন্য ছুটেন। কিন্তু তাতে সাড়া দেননি মিরাজ।
শাহিদি বল ধরে কিপারের কাছে ছুঁড়েন। এতো দূর চলে গিয়েছিলেন হৃদয় যে ফেরার কোনো সুযোগ ছিল না। ভাঙে ১৪২ বল স্থায়ী ১০১ রানের জুটি।
৮৫ বলে তিন ছক্কা ও এক চারে ৫৬ রান করেন হৃদয়।
৩৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৬। ক্রিজে মিরাজের সঙ্গী জাকের আলি।
08 Oct 2025, 08:35 PM
হৃদয়-মিরাজ জুটিতে একশ
চতুর্থ উইকেটে শতরানের জুটিতে বাংলাদেশকে টানছেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।
১৩৮ বলে একশ ছুঁয়েছে দুটি মিডল অর্ডার ব্যাটসম্যানের জুটির রান। আফগানিস্তানের বিপক্ষে চতুর্থ উইকেটে এটাই বাংলাদেশের প্রথম একশ রানের জুটি।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫৩।
08 Oct 2025, 08:26 PM
৭৪ বলে মিরাজের পঞ্চাশ
ক্রিজে যাওয়ার পর থেকে আস্থার সঙ্গে খেলছেন মেহেদী হাসান মিরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ৭৪ বলে।
নানগেয়ালিয়া খারোটের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশে পৌঁছান মিরাজ।
৩৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৭। ৭৪ বলে একটি করে ছক্কা ও চারে মিরাজের রান ৫০। ৮০ বলে তিন ছক্কা ও এক চারে তাওহিদ খেলছেন ৫৫ রানে।
08 Oct 2025, 08:17 PM
ছক্কায় হৃদয়ের পঞ্চাশ
কঠিন সময়ে মাটি কামড়ে পড়েছিলেন তাওহিদ হৃদয়। সময় নিয়েছেন অনেক। থিতু হয়ে যাওয়ার পর নিজের শট খেলতে শুরু করেছেন তিনি। তাতে বাড়ছে রানের গতি।
মোহাম্মদ নাবিকে ছক্কা মেরে পঞ্চাশ স্পর্শ করেছেন হৃদয়, ৭৫ বলে। আরেক প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
৩১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩৯। ৭৫ বলে তিন ছক্কা ও এক চারে ৫২ রানে খেলছেন হৃদয়। ৬১ বলে একটি করে ছক্কা ও চারে ৪৫ রানে ব্যাট করছেন মিরাজ। ১১৬ বলে তাদের জুটিতে এসেছে ৮৬ রান।
08 Oct 2025, 07:54 PM
২৬ ওভারে বাংলাদেশের একশ
স্পিন দিয়ে বাংলাদেশকে বেশ চেপে ধরেছে আফগানিস্তান। সহজে আসছে না রান। ১০ ওভারে পঞ্চাশ ছোঁয়া বাংলাদেশের একশ এলো ২৬তম ওভারে।
প্রথম ২৫ ওভারে ৯৮ রান করে বাংলাদেশ।
পরের ওভারে রাশিদ খানের প্রথম বলে দুই রান নিয়ে দলকে একশ রানে নিয়ে যান তাওহিদ হৃদয়। এই ওভারেই মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার জুটির রান ছুঁয়েছে পঞ্চাশ, ৮২ বলে।
২৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৬। ৫৭ বলে ৩৪ রানে খেলছেন হৃদয়। ৪৮ বলে মিরাজের রান ৩১।
08 Oct 2025, 07:26 PM
আফগানিস্তানের ব্যর্থ রিভিউ
নানগেয়ালিয়া খারোটের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হল আফগানিস্তান।
বাঁহাতি স্পিনারের বলে সুইপের চেষ্টায় সফল হননি মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। তাতে অবশ্য কোনো কাজ হয়নি।
খারোটের বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। তাতে প্রথম রিভিউ হারাল আফগানিস্তান।
স্পিন দিয়ে বাংলাদেশকে বেশ চেপে ধরেছে আফগানিস্তান। কমে গেছে রানের গতি, আসছে না রান।
১৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭১। ২২ বলে ৯ রানে খেলছেন মিরাজ। ৪১ বলে তাওহিদ হৃদয়ের রান ২২।
08 Oct 2025, 07:04 PM
উইকেট ছুঁড়ে এলেন সাইফ
অভিষেকে ব্যাটিংয়ে ভালো করতে পারলেন না সাইফ হাসান। অনেকটা সময় নিলেও ঠিক থিতু হতে পারলেন না তিনি। আক্রমণে আসা নতুন স্পিনার নানগেয়ালিয়া খারোটেকে ছক্কা মারার চেষ্টায় ফিরলেন ক্যাচ দিয়ে।
বাঁহাতি স্পিনারকে ইনসাইড-আউটে ছক্কা মারতে চেয়েছিলেন সাইফ। টাইমিং করতে পারেননি তিনি। সীমানার কাছ থেকে ক্যাচ নেন রাশিদ খান। ভাঙে ৪১ বল স্থায়ী ২৮ রানের জুটি।
৩৭ বলে পাঁচ চারে ২৬ রান করেন সাইফ।
১২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৩। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
08 Oct 2025, 06:56 PM
পাওয়ার প্লেতে ২ উইকেট হারাল বাংলাদেশ
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হল না বাংলাদেশের। পাওয়ার প্লেতে তারা হারাল দুই উইকেট।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫১। ১৪ বলে একটি করে ছক্কা ও চারে ১১ রানে খেলছেন তাওহিদ হৃদয়। অভিষিক্ত ওপেনার সাইফ হাসান ৩২ বলে পাঁচ চারে ব্যাট করছেন ২৬ রানে।
দুই অঙ্ক ছুঁয়েই ফিরেছেন ওপেনার তানজিদ। নাজমুল হোসেন টিকেছেন কেবল ৫ বল।
আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে দুই বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ের পর প্রতিরোধ গড়েছেন সাইফ ও হৃদয়। দুই জনে খেলছেন আস্থার সঙ্গে।
08 Oct 2025, 06:36 PM
টিকলেন না শান্ত
পরপর দুই ওভারে উইকেট পেলেন আজমাতউল্লাহ ওমারজাই। তানজিদ হাসানের পর আরেক বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তরে বিদায় করলেন তিনি।
অফ স্টাম্পের বাইরের বলে দ্বিধা নিয়ে খেলে মিড অফে সহজ ক্যাচ দেন শান্ত। সেখানে কোনো ভুল করেননি হাশমাতউল্লাহ শাহিদি।
৫ বলে ২ রান করেন শান্ত।
৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৭। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
08 Oct 2025, 06:32 PM
দ্রুত ফিরলেন তানজিদ
জীবন পেয়েও ইনিংস বড় করতে পারলেন না তানজিদ হাসান। এক বল পরেই ফিরে গেলেন কট বিহাইন্ড হয়ে।
আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে স্কয়ার লেগে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। সেটা ধরতে পারেননি রেহমাত শাহ। সে সময় ৪ রানে ছিলেন তানজিদ।
ব্যাটের নিচের কানায় লেগে স্টাম্পের কাছ দিয়ে চলে যায় বাউন্ডারিতে। ভাগ্যের সহায়তা আর পাননি তিনি। পরের বল ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক রাহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে।
১০ বলে ২ চারে ১০ রান করেন তানজিদ।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
08 Oct 2025, 05:58 PM
ওয়ানডেতে বাশিরের অভিষেক
গত ফেব্রুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া বাশির আহমাদের এবার ওয়ানডেতেও অভিষেক হচ্ছে। বাঁহাতি এই পেসার এখন পর্যন্ত ৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন।
একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নানগেয়ালিয়া খারোটে এবং রহস্য স্পিনার এএম গাজানফার।
সবশেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব, বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ ও পেসার ফাজালহাক ফারুকি। এই তিনজনের কেউই নেই বাংলাদেশ সিরিজের দলে।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ।
08 Oct 2025, 05:51 PM
সাইফের অভিষেক, নেই মুস্তাফিজ
ওয়ানডে দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিলেন টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং করা সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে খেলা সবশেষ ওয়ানডের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে না খেলা অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান নেই এই ম্যাচেও। বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান শামীম হোসেন ও পারভেজ হোসেন। পারভেজ অবশ্য ওয়ানডে দলেই নেই। তবে মোহাম্মদ নাঈম শেখ ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায় দলের সঙ্গে আছেন এই ওপেনার।
২০২৩ সালের পর ওয়ানডে খেলবেন নুরুল হাসান। তার সঙ্গে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
08 Oct 2025, 05:40 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের সবশেষ দুই ম্যাচের মতো এবারও টস ভাগ্য সহায় হলো বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টসের সময় মিরাজ বললেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে তার। ২৮০ রানকে ভালো স্কোর বলেছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের ছন্দ ওয়ানডেতেও ধরে রাখার আশা করেছেন বাংলাদেশ অধিনায়ক।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
08 Oct 2025, 05:23 PM
র্যাঙ্কিংয়ে চোখ রেখে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে সময় ভালো কাটছে না বাংলাদেশের। পেছাতে পেছাতে র্যাঙ্কিংয়ে নেমে এসেছে ১০ নম্বরে। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে জেগেছে সংশয়। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের সিরিজে খেলছে মেহেদী হাসান মিরাজের দল।
আবু ধাবিতে বুধবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকা বাংলাদেশ থেকে বেশি এগিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজ (৮০ পয়েন্ট নিয়ে নবম)। ৮৮ পয়েন্ট নিয়ে আটে আছে ইংল্যান্ড। ৯১ পয়েন্ট নিয়ে সাতে আফগানিস্তান।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। টেস্ট খেলুড়ে দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা ছয় নম্বরে থাকায় সেরা নয়ে থাকলেই বাছাইপর্ব এড়াতে পারবে বাংলাদেশ।
এবারের সিরিজে নিজেদের নয়ে নেওয়ার সুযোগ থাকছে মিরাজদের সামনে। এর জন্য জিততে হবে ৩-০ ব্যবধানে। সবচেয়ে বাজ ফল করলে, অর্থাৎ ৩-০ ব্যবধানে হারলে বাংলাদেশের পয়েন্ট কমে হবে ৭৬।