- লাইভ ব্লগের সমাপ্তি
- শরিফুলের ৬ উইকেটের পরও অস্ট্রলিয়ার বড় লিড
- ৮০ বলে গ্রিনের পঞ্চাশ
- স্টার্ককে ফিরিয়ে শরিফুলের ছয়
- আবার শরিফুলের জোড়া আঘাত
- এসেই মিরাজের আঘাত
- শরিফুলের দারুণ ডেলিভারিতে ফিরলেন স্মিথ
- ৫৫ বলে স্মিথ-গ্রিনের জুটিতে পঞ্চাশ
- লিড নিল অস্ট্রেলিয়া
- বোলিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ
- শরিফুলের জোড়া আঘাত
- শুরুতেই রেনশকে ফেরালেন তাসকিন
- ৬৪ রানে থামল বাংলাদেশ
- দ্রুত ফিরলেন তাসকিন
- উইকেট শিকারে হেইজেলউডও
- উইকেট ছুঁড়ে এলেন মিরাজ
- দুঃস্বপ্নের সেশনে মিরাজ-হাসানের প্রতিরোধ
- মুশফিকের প্রতিরোধ ভাঙলেন কামিন্স
- রিভিউয়ে ব্যর্থ অস্ট্রেলিয়া
- বাংলাদেশের দুঃস্বপ্নের ১ ঘণ্টা
- শূন্যতে শেষ লিটনও
- টিকলেন না মুমিনুলও
- স্টার্কের জোড়া আঘাত
- প্রথম বলেই ফিরলেন সাদমান
- বাংলাদেশ দলেও ১ পরিবর্তন
- অস্ট্রেলিয়া দলে ১ পরিবর্তন
- সিরিজ জয়ে চোখ রেখে ম্যাকাইয়ে নামছে বাংলাদেশ
- টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
- লাইভ ব্লগে স্বাগত
22 Aug 2026, 01:45 PM
লাইভ ব্লগের সমাপ্তি
ম্যাকাইয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
22 Aug 2026, 01:40 PM
শরিফুলের ৬ উইকেটের পরও অস্ট্রলিয়ার বড় লিড
১৮ উইকেট পতনের দিনে শরিফুল ইসলামের নৈপুণে লড়ছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে অবশ্য বেশ পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্রেফ ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দুর্দান্ত বোলিংয়ে ছয় উইকেট নেন মিচেল স্টার্ক।
৪০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৮১ বলে আট চারে ৫১ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন। ২৮ বলে দুই চারে ১০ রানে খেলছেন ন্যাথান লায়ন।
স্বাগতিকরা এখন ১০১ রানে এগিয়ে।
আরও বড় লিডের সম্ভাবনা জাগিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্যারিয়ার সেরা বোলিংয়ে তাদের দ্রুত গুটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছেন শরিফুল। চোট কাটিয়ে ফেরার ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন শরিফুল। এর আগে ১১ নম্বরে নেমে তিনিই করেছেন দলের সর্বোচ্চ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪০ ওভারে ১৬৫/৮ (হেড ২২, রেনশ ৮, লাবুশেন ৪, স্মিথ ৪২, গ্রিন ৫১*, কেয়ারি ৫, ওয়েবস্টার ০, কামিন্স ০, স্টার্ক ১, লায়ন ১০*; তাসকিন ১১-১-৪১-১, হাসান ১২-৩-৫৬-০, শরিফুল ১১-২-৩৫-৬, তাইজুল ৫-০-১৩-০, মিরাজ ১-০-৪-১)
22 Aug 2026, 01:28 PM
৮০ বলে গ্রিনের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়াকে টানছেন ক্যামেরন গ্রিন। ৮০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার লিড স্পর্শ করেছে একশ।
৩৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৬৪। গ্রিন ৫০ রানে ব্যাট করছেন। ন্যাথান লায়ন ১০ রানে খেলছেন।
22 Aug 2026, 01:05 PM
স্টার্ককে ফিরিয়ে শরিফুলের ছয়
টেস্টে এর আগে কখনও ইনিংসে তিন উইকেটের বেশি পাননি শরিফুল ইসলাম। এবার এক ইনিংসেই পেলেন ছয়টি!
বল হাতে বাংলাদেশকে দারুণ ভোগানো মিচেল স্টার্ককে বিদায় করলেন শরিফুল।
স্টাম্প ছেড়ে সরে গিয়ে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটের কানা এড়িয়ে বল আঘাত হানে স্টাম্পে!
৬ বলে ১ রান করে ফেরেন স্টার্ক।
৩৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৫১। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী ন্যাথান লায়ন।
22 Aug 2026, 01:00 PM
আবার শরিফুলের জোড়া আঘাত
চোট কাটিয়ে ফেরার ম্যাচে দারুণ বোলিং করছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দ্বিতীয়বার জোড়া শিকার ধরেছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন তিনি পাঁচ উইকেটে উষ্ণ ছোঁয়া।
ওভারের তৃতীয় বলে বাউ ওয়েবস্টারকে এলবিডব্লিউ করেন শরিফুল। অনেকটা স্টিভেন স্মিথকে আউট করা ডেলিভারির মতোই ছিল সেটা। তবে এবার আরেকটু ভেতরে ছিল বল।
আম্পায়ার আউট দিলে রিভিউ নেন ওয়েবস্টার। কাজ হয়নি, অফ স্টাম্পে পিচ করে অফ স্টাম্পেই আঘাত হানত বল।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান ওয়েবস্টার।
এক বল পর দারুণ বাউন্সার সামলাতে না পেরে কট বিহাইন্ড হন প্যাট কামিন্স। দুই পা শূন্যে তুলে ডিফেন্স করতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। তার গ্লাভস ছুঁয়ে উঠে যায় উপরে। অনায়াসে গ্লাভসে নেন লিটন দাস।
২ বল খেলে রানের দেখা পাননি কামিন্স।
৩২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৪৬। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী মিচেল স্টার্ক।
22 Aug 2026, 12:52 PM
এসেই মিরাজের আঘাত
৩১তম ওভারে প্রথমবার বল হাতে পেলেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের বলে বড় শটের চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন অ্যালেক্স কেয়ারি।
বেরিয়ে এসে খেলতে গিয়ে শরীরের খুব কাছের বলে টাইমিং করতে পারেননি কিপার-ব্যাটসম্যান। বল উঠে যায় বেশ উঁচুতে। মিড অনে আস্থার সঙ্গে ক্যাচ নেন হাসান মাহমুদ। ভাঙে ৩১ বল স্থায়ী ২৭ রানের জুটি।
৮ বলে পাঁচ রান করেন কেয়ারি।
৩১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৪৫। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী বাউ ওয়েবস্টার।
22 Aug 2026, 12:22 PM
শরিফুলের দারুণ ডেলিভারিতে ফিরলেন স্মিথ
সাবলীল গতিতে এগিয়ে যাওয়া জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন স্টিভেন স্মিথ।
অফ স্টাম্পে পিচ করে সোজা যাওয়া ডেলিভারি শাফল করে খেলার চেষ্টায় সফল হননি স্মিথ। তিনি বলের লাইনে মিস করলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন ব্যাটসম্যান, তবে কাজ হয়নি।
ইম্প্যাক্ট ও স্টাম্পে হিট ছিল আম্পায়ার্স কল! তাই একরাশ হতাশা নিয়ে ফেরেন স্মিথ। ভাঙে ১১২ বল স্থায়ী ৭৭ রানের জুটি।
৭৪ বলে ছয় চারে ৪২ রান করেন স্মিথ।
২৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১১৮। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী অ্যালেক্স কেয়ারি।
22 Aug 2026, 11:47 AM
৫৫ বলে স্মিথ-গ্রিনের জুটিতে পঞ্চাশ
ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেটে ৫৫ বলে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি।
১৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৯৭। ৪৫ বলে চার চারে ২৬ রানে ব্যাট করছেন স্মিথ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রিন তিন চারে ২১ বলে খেলছেন ১৮ রানে।
22 Aug 2026, 11:31 AM
লিড নিল অস্ট্রেলিয়া
আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। ১৫তম ওভারেই লিড নিয়েছে স্বাগতিকরা।
১৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৭৩। লিড এখন ৯ রান।
৩১ বলে দুই চারে ১৫ রানে ব্যাট করছেন স্টিভেন স্মিথ। ১৭ বলে এক চারে ৭ রানে খেলছেন গ্রিন।
22 Aug 2026, 10:52 AM
বোলিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ
দ্বিতীয় সেশনে শেষ চার উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বোলিংয়ে। চা-বিরতির আগে ১০ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রথম তিন উইকেট।
১০ ওভারে স্বাগতিকদের রান ৩ উইকেটে ৫০। ১১ বলে ৬ রানে খেলছেন স্টিভেন স্মিথ। ৭ বলে ১ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন।
২ ওভারে ৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ৫ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। লাইন ও লেন্থে ধারাবাহিক নন অভিজ্ঞ এই পেসার। এরই মধ্যে চারটি 'নো' বল করেছেন তিনি।
22 Aug 2026, 10:39 AM
শরিফুলের জোড়া আঘাত
চোট কাটিয়ে ফেরার ম্যাচে ব্যাট হাতে অবদান রাখলেন শরিফুল ইসলাম। ১১ নম্বরে নেমে করলেন দলের সর্বোচ্চ রান। এবার বোলিংয়ে নিজের প্রথম ওভারে তিনি নিলেন দুই উইকেট।
বাঁহাতি পেসারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান ট্রাভিস হেড। অফ স্টাম্পের বাইরের বল তার ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে আঘাত হানে স্টাম্পে। সিরিজে তৃতীয়বার এভাবে আউট হয়ে নিজের উপর বেশ ক্ষেপে যান বাঁহাতি ওপেনার। ভাঙে ২৬ বল স্থায়ী ১৮ রানের জুটি।
২৭ বলে চার চারে ২২ রান করেন হেড।
স্ট্রাইক পেয়ে পঞ্চম বলে বোল্ড হয়ে যান প্রবল চাপে থাকা মার্নাস লাবুশেন। লেগ স্টাম্পে থাকা ডেলিভারি শাফল করে ঠিকঠাক খেলতে পারেননি তিনি। প্যাড ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে! একরাশ হতাশা নিয়ে ফেরেন লাবুশেন।
৯ বলে চার রান করেন লাবুশেন। একমাত্র রান আসে ব্যাটের কানায় লেগে, তৃতীয় স্লিপের পাশ দিয়ে বাউন্ডারি থেকে।
৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৪১। ক্রিজে স্টিভেন স্মিথের সঙ্গী মার্নাস লাবুশেন।
22 Aug 2026, 10:09 AM
শুরুতেই রেনশকে ফেরালেন তাসকিন
ইতিবাচক শুরু করা অস্ট্রেলিয়া শুরুতেই হারাল উইকেট। তিন বছর পর টেস্ট খেলতে নামা ম্যাট রেনশকে দ্রুত ফেরালেন তাসকিন আহমেদ।
অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থ ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন রেনশন। ব্যাটের মুখ আগেই ক্লোজ করে ফেলেন তিনি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় তৃতীয় স্লিপে, তানজিদ হাসানের হাতে।
১০ বলে এক চারে ৮ রান করেন রেনশ।
৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ২২। ক্রিজে ট্রাভিস হেডের সঙ্গী মার্নাস লাবুশেন।
22 Aug 2026, 09:44 AM
৬৪ রানে থামল বাংলাদেশ
শঙ্কা ছিল আরও কম রানে গুটিয়ে যাওয়ার। তবে শেষ জুটির দৃঢ়তায় ৬৪ রান পর্যন্ত যেতে পারল বাংলাদেশ।
শরিফুল ইসলামকে কট বিহাইন্ড করে সফরকারীদের ইনিংসের ইতি টানেন মিচেল স্টার্ক।
অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কিপারের গ্লাভসে ধরা পড়েন শরিফুল। ভাঙে ৩৫ বল স্থায়ী ২৫ রানের জুটি। ইনিংসে এটাই বাংলাদেশের সেরা জুটি।
১৯ বলে তিন চারে ১৪ রান করেন শরিফুল। ১১ নম্বরে নেমে ইনিংসে সর্বোচ্চ রান বাঁহাতি এই ব্যাটসম্যানের।
টেস্টে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো ইনিংসে সর্বোচ্চ রান এলো ১১ নম্বর ব্যাটসম্যানের হাত ধরে। প্রথমবার করেন তালহা জুবায়ের, ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেউ করলেন প্রথমবার।
২৬ বলে দুই চারে ১১ রানে অপরাজিত থাকেন তাইজুল।
১০ ওভারে স্রেফ ১২ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার স্টার্ক।
টেস্টে বাংলাদেশের এর চেয়ে কম রানের ইনিংস আছে তিনটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই তাদের সর্বনিম্ন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ৬৪ (সাদমান ০, তানজিদ ০, মুমিনুল ৯, শান্ত ০, মুশফিক ৫, লিটন ০, মিরাজ ১১, হাসান ১০, তাইজুল ১১*, তাসকিন ১, শরিফুল ১৪; স্টার্ক ১০-৬-১২-৬, হেইজেলউড ১১-২-১৮-১, কামিন্স ১০-৪-২৫-৩, ওয়েবস্টার ৩-০-৮-০)
22 Aug 2026, 09:13 AM
দ্রুত ফিরলেন তাসকিন
আগের ওভারেই আউট হতে পারতেন তাসকিন আহমেদ। কোনোমতে বেঁচে যাওয়া বাঁহাতি ব্যাটসম্যান ফিরলেন দ্রুতই। প্যাট কামিন্সের বলে বড় শটের চেষ্টায় তিনি ধরা পড়লেন ম্যাট রেনশর হাতে।
শর্ট বলে ছক্কার চেষ্টায় সফল হননি তাসকিন। অনেক উপরে উঠে যাওয়া ক্যাচ নেন স্কয়ার লেগ ফিল্ডার রেনশ।
৭ বলে ১ রান করেন তাসকিন।
এক বল শরিফুল ইসলামের চারে টেস্টে নিজেদের সর্বনিম্ন রান স্পর্শ করে বাংলাদেশ।
২৯ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪৩। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।
22 Aug 2026, 09:03 AM
উইকেট শিকারে হেইজেলউডও
আঁটসাঁট বোলিং করে যাওয়া জশ হেইজেলউডও পেলেন উইকেট। তার শর্ট বলে লেগ স্লিপে ধরা পড়লেন হাসান মাহমুদ।
শরীর তাক করে করা ডেলিভারিতে লেগ গ্লান্স করে ন্যাথান লায়নের হাতে ধরা পড়েন হাসান। ৩৬ বলে এক চারে ১০ রান করেন তিনি। মেহেদী হাসান মিরাজের বাইরে কেবল তিনিই দুই অঙ্ক স্পর্শ করেন।
২৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৬। ক্রিজে তাইজুল ইসলামের সঙ্গী তাসকিন আহমেদ।
22 Aug 2026, 08:58 AM
উইকেট ছুঁড়ে এলেন মিরাজ
দ্বিতীয় সেশনের শুরুতে উইকেট হারাল বাংলাদেশ। প্যাট কামিন্সের বলে স্লিপে ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজ।
অস্ট্রেলিয়া অধিনায়কের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন মিরাজ। মাঝ ব্যাটে নিতে পারেননি এই অলরাউন্ডার। ব্যাটের কানায় লেগে বল যায় তৃতীয় স্লিপে। ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ নেন বাউ ওয়েবস্টার। ভাঙে ৫৫ বল স্থায়ী ১৫ রানের জুটি।
৫১ বলে এক চারে ১১ রান করেন মিরাজ।
২৫ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৬। ক্রিজে হাসান মাহমুদের সঙ্গী তাইজুল ইসলাম।
22 Aug 2026, 08:49 AM
দুঃস্বপ্নের সেশনে মিরাজ-হাসানের প্রতিরোধ
নতুন বলে মিচেল স্টার্ককে সামলানোর কোনো পথই যেন জানা ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। স্রেফ চার ওভারের মধ্যে পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের নাড়িয়ে দিলেন বাঁহাতি পেসার। পরের ঘণ্টায় মুশফিকুর রহিমের প্রতিরোধ ভাঙলেন প্যাট কামিন্স। তবে এরপর হাসান মাহমুদকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতির সময় বাংলাদেশের রান ২৩ ওভারে ৬ উইকেটে ৩৫। ৪৮ বলে এক চারে ১১ রানে খেলছেন মিরাজ। ম্যাচে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্ক স্পর্শ করেছেন তিনি। ১২ বলে এক চারে ৮ রানে ব্যাট করছেন হাসান।
অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৪৫ বলে ১৪ রানের জুটি গড়েছেন মিরাজ ও হাসান। আগের ছয় জুটির কোনোটিই দুই অঙ্ক স্পর্শ করেনি।
শূন্য রানে ফেরেন চার জন- সাদমান ইসলাম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সাদমান ও শান্ত। দুই বল টেকেন তানজিদ, একবার জীবন পাওয়া লিটন পাঁচ বল।
চতুর্থবারের মতো বাংলাদেশের দুই ওপেনার টেস্টে কোনো ইনিংসে শূন্য রানে আউট হলেন।
আস্থার সঙ্গে শুরু করলেও বেশিক্ষণ টেকেননি মুমিনুল হক। অনেক সময় টিকলেও কম রানেই ফেরেন মুশফিক।
ম্যাচের প্রথম বলে উইকেট নিয়ে শুরু করেন স্টার্ক। পরের ওভারে ধরেন জোড়া শিকার। তৃতীয় ওভারে নেন লিটনের উইকেট। সব মিলিয়ে স্রেফ ২২ বলে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে খাদের কিনারায় ঠেলে দেন অভিজ্ঞ বাঁহাতি পেসার।
মিরাজ ও মুশফিকের প্রতিরোধ গড়া জুটি ভাঙেন কামিন্স।
শুরুর আর্দ্রতা আর নেই, বলও আর ততটা নতুন নেই। ব্যাটিং এখন বেশ সহজ হয়ে গেছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে এখান থেকে দলকে যতটা সম্ভব এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মিরাজের সামনে।
22 Aug 2026, 07:35 AM
মুশফিকের প্রতিরোধ ভাঙলেন কামিন্স
মনে হচ্ছিল কঠিন সময় পার করে ফেলেছে বাংলাদেশ। এবার ইনিংস পুনর্গঠনের পালা। কিন্তু এমন সময়ে মুশফিকুর রহিমকে বোল্ড করে দিলেন প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া অধিনায়কের বলের লাইনে যেতে পারেননি মুশফিক। ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৫৪ বল স্থায়ী ৯ রানের জুটি।
এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জুটি দুই অঙ্ক স্পর্শ করেনি। কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি।
৪২ বলে পাঁচ রান করেন মুশফিক।
১৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৩। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হাসান মাহমুদ।
22 Aug 2026, 07:22 AM
রিভিউয়ে ব্যর্থ অস্ট্রেলিয়া
দ্বিতীয় ঘণ্টায় প্যাট কামিন্সের সঙ্গে বোলিং শুরু করেছেন বাউ ওয়েবস্টার। এই অলরাউন্ডারের বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করার চেষ্টায় সফল হননি মুশফিকুর রহিম। তবে একটা শব্দ আত্মবিশ্বাসী করে তোলে উইকেটরক্ষক অ্যালেক্স কেয়ারিকে। তার উৎসাহ দেখে রিভিউ নেন কামিন্স।
বলের লাইনে যেতে পারেননি মুশফিক। ব্যাট লেগেছিল প্যাডে, তাতেই হয়েছিল শব্দ। এতে প্রথম রিভিউ হারাল অস্ট্রেলিয়া।
১৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০।
22 Aug 2026, 07:12 AM
বাংলাদেশের দুঃস্বপ্নের ১ ঘণ্টা
টস হেরে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের দারুণ বোলিংয়ে ম্যাকাই টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। অবশ্য সফরকারীদের শট সিলেকশনে ভুল ও রক্ষণে দুর্বলতার দায়ও কম নেই।
প্রথম ঘণ্টায় ১১ ওভার বোলিং করতে পেরেছে অস্ট্রেলিয়া। এই সময়ে ৫ উইকেটে কেবল ১৫ রান করেছে বাংলাদেশ। ২৭ বলে দুই রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। ১৪ বলে তিন রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ।
পাঁচটি উইকেটই নিয়েছেন স্টার্ক। তার বোলিং ফিগার ৬-৪-৫-৫!
22 Aug 2026, 06:53 AM
শূন্যতে শেষ লিটনও
আগের বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেলেন লিটন দাস। থার্ড স্লিপে ক্যাচ নিতে পারলেন না বাউ ওয়েবস্টার। পরের বলেই রিভিউয়ে সফল হলো অস্ট্রেলিয়া। স্রেফ চার ওভারের মধ্যে পাঁচ উইকেট নিলেন মিচেল স্টার্ক!
ডারউইনে স্বপ্নময় চার দিন কাটানো বাংলাদেশের জন্য ম্যাকাই টেস্টের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের চারজনই রানের খাতা খুলতে পারেননি!
লেগ স্টাম্পে থাকা ডেলিভারির লাইন মিস করেন লিটন। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন প্যাট কামিন্স। তাতে পাল্টায় সিদ্ধান্ত।
ছয় বল খেলেও রান করতে পারেননি লিটন। ডারউইনে নিজের একমাত্র ইনিংসেও শূন্য রানে ফিরেছিলেন তিনি।
স্রেফ ২২ বলে পাঁচ উইকেট নিলেন স্টার্ক। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি কেবল ১৫ বলে।
৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১২। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
22 Aug 2026, 06:38 AM
টিকলেন না মুমিনুলও
ক্রিজে গিয়ে দুটি চার মেরেছিলেন মুমিনুল হক। খেলছিলেন আস্থার সঙ্গে। তবে তিনিও টিকলেন না বেশিক্ষণ। মিচেল স্টার্কের ব্যাটে বল চালিয়ে দিয়ে আউট হলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
অনেকটা তানজিদ হাসানের মতো করে আউট হলেন মুমিনুল। অফ স্টাম্পের বাইরের প্রায় ইয়র্কার লাইনের বলে ব্যাট পেতে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল যায় গালিতে। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন বাউ ওয়েবস্টার।
নিজের প্রথম তিন ওভারে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানকে ফেরালেন স্টার্ক। মহাবিপদে পড়ে গেল সফরকারীরা।
১৬ বলে দুই চারে ৯ রান করেন মুমিনুল।
৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী লিটন দাস।
22 Aug 2026, 06:28 AM
স্টার্কের জোড়া আঘাত
প্রথম ওভারে সাদমান ইসলামকে বিদায় করার পর এবার পরপর দুই বলে দুই উইকেট নিলেন মিচেল স্টার্ক। তানজিদ হাসানের পর ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত।
অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দিয়ে তৃতীয় স্লিপে বাউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তানজিদ হাসান। প্রায় ইয়র্কার লেন্থের বল নাও খেলতে পারতেন বাঁহাতি এই ওপেনার।
ডারউইনে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন তানজিদ। এবার দুই বল খেলে কোনো রান করতে পারলেন না তিনি।
পরের বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হয়ে যান নাজমুল হোসেন শান্ত। এই ইনিংসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন তিনি।
স্টার্কের ফুল লেন্থ ডেলিভারি ডিফেন্স করার চেষ্টায় সফল হননি বাংলাদেশ অধিনায়ক। তিনি বলের লাইন মিস করলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার কুমার ধার্মাসেনা। স্রেফ ছুঁয়ে যেত লেগ স্টাম্প! তাই ফিরে যেতে হয় শান্তর, তবে টিকে থাকে বাংলাদেশের রিভিউ।
এ নিয়ে টেস্টে তৃতীয়বার বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের তিন জন ফিরলেন শূন্য রানে।
স্টার্কের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন মুশফিকুর রহিম। বিপদে পড়ে যাওয়া বাংলাদেকে টেনে তোলার দায়িত্ব দেশের সফলতম দুই টেস্ট ব্যাটসম্যানের কাঁধে।
৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯।
22 Aug 2026, 06:10 AM
প্রথম বলেই ফিরলেন সাদমান
ম্যাকাইয়ের টেস্ট অভিষেকের উপলক্ষ চমৎকার ডেলিভারিতে রাঙালেন মিচেল স্টার্ক। ম্যাচের প্রথম বলে বাঁহাতি এই পেসার নিলেন উইকেট।
স্টাম্পে থাকা ফুল লেংথ ডেলিভারি পিচ করার পর বেরিয়ে যাচ্ছিল। লেগে খেলার চেষ্টায় আগেভাগেই ব্যাটের মুখ ক্লোজ করে ফেলেন সাদমান ইসলাম। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি ক্যামেরন গ্রিন।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সাদমান। টেস্টে ম্যাচের প্রথম বলে আউট দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। হান্নান সরকার আউট হন তিনবার।
প্রথম বোলার হিসেবে চারবার টেস্টের প্রথম বলে উইকেট নিলেন স্টার্ক। ছাড়িয়ে গেলেন তিনি তিনবার প্রথম বলে উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের পেড্রো কলিন্সকে।
টেস্টের প্রথম ওভারে এ নিয়ে নয় বার উইকেট নিলেন স্টার্ক। ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনকে (৮) পেছনে ফেলে এখানেও সবার ওপরে বাঁহাতি এই পেসার।
এছাড়া টেস্টে কোনো ইনিংসের প্রথম বল হিসেব করলে এ নিয়ে পাঁচ বার উইকেট পেলেন স্টার্ক। এখানে তার উপরে আছেন শুধু রিচার্ড হ্যাডলি (৬)। আর টেস্ট ইনিংসের প্রথম ওভারে স্টার্কের উইকেট হলো মোট ২৯টি। এখানে অ্যান্ডারসনকে (২৮) পেছনে ফেলেছেন তিনি।
প্রথম বলে আউট হওয়ায় একটি বিরল তালিকায় উঠেছে সাদমানের নাম। কোনো মাঠের অভিষেক টেস্টে কেবল চতুর্থবার প্রথম বলে গেল উইকেট।
১৯৮৩ সালে জালান্ধারে গান্ধী স্টেডিয়ামে প্রথম বলে আউট হন মহসিন খান। বোলার ছিলেন কপিল দেব। চার বছর পর জয়পুরে সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে এই অভিজ্ঞতা হয় সুনিল গাভাস্কারের। তিনি ফেরেন ইমরান খানের বলে। ২০১০ সালে পাল্লেকেলে স্টেডিয়ামে সুরঙ্গা লাকমলের বলে আউট হন ক্রিস গেইল।
ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী মুমিনুল হক।
22 Aug 2026, 05:56 AM
বাংলাদেশ দলেও ১ পরিবর্তন
অস্ট্রেলিয়ার মতো একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট থেকে সেরে ওঠা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন ইবাদত হোসেন।
দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ ইনিংসে তাদের থাকতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
22 Aug 2026, 05:43 AM
অস্ট্রেলিয়া দলে ১ পরিবর্তন
বরাবরের মতোই ম্যাচ শুরুর আগের দিনই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত টিকে গেছেন অফ স্পিনার ন্যাথান লায়ন।
একটি পরিবর্তন অনিবার্য ছিল, হলো সেটাই। ওপেনার জেইক ওয়েদরল্ডের জায়গায় খেলছেন ম্যাট রেনশ। ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নামছেন তিনি। ২০১৮ সালের প্রথমবার খেলবেন ওপেনিংয়ে।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড।
22 Aug 2026, 05:38 AM
সিরিজ জয়ে চোখ রেখে ম্যাকাইয়ে নামছে বাংলাদেশ
ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের রেশ সম্ভবত কাটেনি এখনও। সেই ম্যাচে ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পর, নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সামনে আরও বড় ইতিহাসের হাতছানি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জয়!
প্রথম ম্যাচে অভাবনীয় জয়ের পর সেই সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। এর জন্য দ্বিতীয় টেস্টে হার এড়াতে হবে সফরকারীদের। শনিবার ম্যাকাইয়ে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৬টায় (এএম)।
প্যাট কামিন্সদের বিপক্ষে আরেকটি জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে আসবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দ্বাদশ টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের এটা অভিষেক ম্যাচ। উপলক্ষ রাঙিয়ে রাঙতে দাপুটে জয় চান অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স।
আগের ম্যাচ এখন ইতিহাস। সেটা নিয়ে আর ভাবতে চান না নাজমুল হোসেন শান্ত। ম্যাকাইয়ে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
22 Aug 2026, 05:38 AM
টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
আবারও টস জিতলেন প্যাট কামিন্স। এবার অস্ট্রেলিয়া অধিনায়ক নিলেন ফিল্ডিং। ডারউইন ব্যাটিং নিয়ে প্রথম টেস্ট হেরেছিলেন তিনি।
ম্যাকাইয়ে প্রথমবারের মতো হচ্ছে টেস্ট। এটি অস্ট্রেলিয়ার দ্বাদশ টেস্ট ভেন্যু।
ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন কামিন্স। তিনি বলেছেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। এখানে কোনো আর্দ্রতা থাকলে সেটা থাকতে সকালেই।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশাবাদী, ডারউইনে চমৎকার সপ্তাহ কাটিয়ে আসা সতীর্থরা সেই ধারা ও প্রক্রিয়া বজায় রাখবেন ম্যাকাইয়েও।
22 Aug 2026, 05:02 AM
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাকাই টেস্টের প্রথম দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।