- লাইভ ব্লগের সমাপ্তি
- বাংলাদেশের দারুণ দিন
- দ্বিতীয় নতুন বল নিল পাকিস্তান
- ৯১ রানে থামলেন মুমিনুল
- মুমিনুল-মুশফিকের জুটিতে পঞ্চাশ
- পাকিস্তানের ব্যর্থ রিভিউ
- সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন শান্ত
- মুমিনুলের পঞ্চাশ, জুটির রেকর্ড
- শান্ত-মুমিনুলের জুটিতে একশ
- দারুণ ব্যাটিংয়ে শান্তর পঞ্চাশ
- শতরানের সেশনে আক্ষেপ ২ উইকেট
- মুমিনুল-শান্তর জুটিতে পঞ্চাশ
- প্রথম ঘণ্টায় ২ উইকেট
- টিকলেন না সাদমান
- জীবন পেয়েও ব্যর্থ জয়
- জীবন পেলেন জয়
- পাকিস্তান দলে ২ অভিষিক্ত
- ৩ পেসার, ২ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের সন্ধানে নামছে বাংলাদেশ
- লাইভ ব্লগে স্বাগত
08 May 2026, 05:43 PM
লাইভ ব্লগের সমাপ্তি
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
08 May 2026, 05:40 PM
বাংলাদেশের দারুণ দিন
প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত মিরপুর টেস্টের প্রথম দিন নিজেদের করে নিল। এতে বড় ভূমিকা রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে তিনি করলেন সেঞ্চুরি। ৯১ রানের দায়িত্বশীল ইনিংস খেললেন মুমিনুল হক।
৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। ১০৪ বলে ছয় চারে ৪৮ রানে খেলছেন মুশফিকুর রহিম। ৩৫ বলে ৮ রানে ব্যাট করছেন লিটন দাস।
শেষ বেলা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দেওয়া দুই ব্যাটসম্যানের দিকে তাকিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে তাদের যে কোনো একজনের বড় ইনিংষ খেলা জরুরি।
দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জুটিতে ২৫ রান এসেছে ৭০ বলে।
এদিন বোলিংয়ে আসা পাঁচ বোলারের চারজন একটি করে উইকেট নিয়েছেন। উইকেট থেকে বেশ সহায়তা পাওয়া মোহাম্মদ আব্বাস কঠিন পরীক্ষা নিয়েছেন ব্যাটসম্যানদের। এই পেসার করেছেন দুটি ‘নো’ বল। বিস্ময়করভাবে বাঁহাতি স্পিনার নোমান আলি করেছেন ছয়টি ‘নো’ বল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩০১/৪ (জয় ৮, সাদমান ১৩, মুমিনুল ৯১, শান্ত ১০১, মুশফিক ৪৮*, লিটন ৮*; আফ্রিদি ১৯-৫-৬৭-১, আব্বাস ২২-৭-৫১-১, হাসান ১৮-৩-৫৪-১, সালমান ৬-০-২৫-০, নোমান ২০-০-৮০-১)
08 May 2026, 05:12 PM
দ্বিতীয় নতুন বল নিল পাকিস্তান
৮০ ওভার শেষ হওয়ার পর দুটি বল পুরোনো বল দিয়েই করালেন শান মাসুদ। দ্বিতীয় বলটির বাউন্স চমকে দিয়ে লিটন দাসকে।
এরপরই বলে পাল্টে ফেললেন পাকিস্তান অধিনায়ক। নিলেন দ্বিতীয় নতুন বল।
৮১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৯২। ৯১ বলে ৪৪ রানে ব্যাট করছেন মুশফিক। ২৩ বলে ৫ রানে খেলছেন লিটন দাস।
08 May 2026, 04:46 PM
৯১ রানে থামলেন মুমিনুল
দুই বছরের মধ্যে প্রথম সেঞ্চুরি আশা জাগিয়েও পারলেন না মুমিনুল হক। ৯১ রান করে এলবিডব্লিউ হয়ে গেলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
বাঁহাতি স্পিনার নোমান আলির বল পিচ করে লেগ স্টাম্পে। একটু নিচু হয়ে সোজা যাওয়া বল লেগে খেলতে চেয়েছিলেন মুমিনুল। কিন্তু বলের লাইনে যেতে পারেননি।
ব্যাটের কানা এড়িয়ে বল প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলে রিভিউ নেন মুমিনুল। তাতে কোনো কাজ হয়নি। ভাঙে ১৩০ বল স্থায়ী ৭৫ রানের জুটি। সঙ্গে বাংলাদেশ হারায় একটি রিভিউ।
২০০ বলে ১০ চারে ৯১ রান করেন মুমিনুল। ক্যারিয়ারে প্রথমবার নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি।
ওই ওভারের প্রথম বলে মুশফিকের বিরুদ্ধেও রিভিউ নিয়েছিল পাকিস্তান। কিন্তু নোমানের ষষ্ঠ ‘নো’ বলের জন্য ওই রিভিউ বাতিল হয়ে যায়!
৭৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৭৭। ক্রিজে মুশফিকের সঙ্গী লিটন দাস।
08 May 2026, 04:06 PM
মুমিনুল-মুশফিকের জুটিতে পঞ্চাশ
নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর বাংলাদেশকে টানছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। বাংলাদেশের দুই সাবেক অধিনায়কের জুটিতে পঞ্চাশ এসেছে ৭৯ বলে।
নোমান আলির বলে মুশফিকের সিঙ্গেল জুটির রান পঞ্চাশে যায়। পরের বলে চমৎকার শটে বাউন্ডারি মারেন মুমিনুল।
টেস্টে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের একটি পঞ্চাশ রানের পঞ্চম জুটি। তাদের একশ রানের জুটি আছে ছয়টি।
৬৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৫৫। ১৮৩ বলে ১০ চারে ৮৫ রানে খেলছেন মুমিনুল। ৪০ বলে দুই চারে ১৯ রানে ব্যাট করছেন মুশফিক।
08 May 2026, 03:16 PM
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
খুব একটা আবেদন করলেন না বোলার মোহাম্মদ আব্বাস। কিন্তু উইকেটের পেছনে আবেদন হল জোরাল। তাতেই হয়তো রিভিউ নিলেন শান মাসুদ এবং ব্যর্থ হলেন।
মোহাম্মদ আব্বাস শুরু থেকেই বাড়তি বাউন্স পাচ্ছেন। সেই বাড়তি বাউন্সের জন্যই পাকিস্তান হারাল প্রথম রিভিউ। বল যেত স্টাম্পের উপর দিয়ে।
আব্বাসের চমৎকার ডেলিভারির লাইনে যেতে পারেননি মুমিনুল। ব্যাটের কানা এড়িয়ে বল লাগে বক্সে। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মাসুদ।
৫৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১৩।
08 May 2026, 02:48 PM
সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন শান্ত
চমৎকার শটে বাউন্ডারি পেলেন নাজমুল হোসেন শান্ত। স্পর্শ করলেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি, ১২৯ বলে। পরের বলে এলবিডব্লিউর সফল রিভিউয়ে বাংলাদেশ অধিনায়ককে বিদায় করল পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনও পঞ্চাশ পর্যন্ত যেতে পারেননি শান্ত। প্রথমবার পঞ্চাশের দেখা পেয়েই সেটাকে সেঞ্চুরিতে পরিণত করলেন তিনি।
মোহাম্মদ আব্বাসের পরের বল শাফল করে লেগে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান মাসুদ।
তাতে পাল্টায় সিদ্ধান্ত। বল আঘাত হানত মিডল স্টাম্পে। ভাঙে ২৫৭ বল স্থায়ী ১৭০ রানের জুটি।
১৩০ বলে দুই ছক্কা ও ১২ চারে ১০১ রান করেন শান্ত। টেস্টে সবশেষ আট ইনিংসে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন শান্তর। মুশফিকুর রহিম ৬১ ইনিংসে করেছিলেন চার সেঞ্চুরি। ৩০ ইনিংসে শান্তর সেঞ্চুরি হল পাঁচটি।
আব্বাসের ওভারের বাকি চারটি বল কাটিয়ে দেন নতুন ব্যাটসম্যান মুশফিক।
চা-বিরতির আগে এটাই ছিল শেষ ওভারে। এই সেশনে বাংলাদেশ একমাত্র উইকেট হারাল ওই ওভারেই। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১০০ রান যোগ করেছে স্বাগতিকরা।
১৩৯ বলে সাত চারে ৬৪ রানে ব্যাট করছেন মুমিনুল হক।
08 May 2026, 02:05 PM
মুমিনুলের পঞ্চাশ, জুটির রেকর্ড
নাজমুল হোসেন শান্তর পর পঞ্চাশ ছুঁয়েছেন মুমিনুল হক। অভিজ্ঞ এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের পঞ্চাশ এসেছে ১০২ বলে।
কোনো তাড়া নেই মুমিনুলের। দেখেশুনে খেলছেন তিনি। ডটের পর ডট খেলে যাচ্ছেন। বাজে বল পেলে মারছেন বাউন্ডারি।
শান্তর সঙ্গে মুমিনুলের জুটিতে এসেছে ১৩৩ রান। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ।
আগের সেরা জুটি ছিল ১৩০ রানের। ২০০৩ সালে পেশাওয়ারে ওই জুটি গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর।
সব মিলিয়ে তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি ২৪২ রাানের। ২০২১ সালে পাল্লেকেলে এই রান করেছিলেন শান্ত ও মুমিনুল।
08 May 2026, 01:33 PM
শান্ত-মুমিনুলের জুটিতে একশ
শাহিন শাহ আফ্রিদির বলে চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারি মারলেন নাজমুল হোসেন শান্ত। মুমিনুল হকের সঙ্গে তার জুটি স্পর্শ করল একশ, ১৪৮ বলে।
তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটিতে পঞ্চাশ এসেছিল ৭০ বলে।
রানের গতি একটু কমেছে। লাঞ্চের পর লাইন ও লেংথে বেশ ধারাবাহিক পাকিস্তানের বোলাররা। দায়িত্বশীল ব্যাটিংয়ে কঠিন সময় পার করছেন শান্ত ও মুমিল। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার তাদের জুটিতে এলো একশ। এর আগের একমাত্র তিন অঙ্ক ছোঁয়া জুটিতে এসেছিল ২৪২ রান।
৩৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩২। ৮১ বলে ৬১ রানে খেলছেন শান্ত। সমান বলে ৩৯ রানে ব্যাট করছেন মুমিনুল।
08 May 2026, 01:11 PM
দারুণ ব্যাটিংয়ে শান্তর পঞ্চাশ
লাঞ্চের পর কমে এসেছে রানের গতি। চমৎকার লাইন ও লেংথে বোলিং করছেন সফরকারীরা। এই সময়ে কোনো ঝুঁকি নিচ্ছেন না নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
হাসান আলির বলে একটা সুযোগ এলো বাউন্ডারির। দারুণ পুলে চার মারলেন শান্ত। ৭১ বলে বাংলাদেশ অধিনায়ক স্পর্শ করলেন পঞ্চাশ।
লাঞ্চের পর ৫ ওভারে এসেছে কেবল ১৩ রান।
৩১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৪। ৭১ বলে ৫১ রানে খেলছেন শান্ত। ৬৭ বলে ৩১ রানে ব্যাট করছেন মুমিনুল।
08 May 2026, 12:12 PM
শতরানের সেশনে আক্ষেপ ২ উইকেট
প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারানো বাংলাদেশ দারুণ দৃঢ়তা দেখিয়েছে দ্বিতীয় ঘণ্টায়। তাতে মিরপুর টেস্টের প্রথম সেশন ভালোই কেটেছে স্বাগতিকদের।
মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ২৬ ওভারে ২ উইকেটে ১০১।
৫০ বলে এক ছক্কা ও চারটি চারে ৩৯ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭ বলে চারটি চারে ৩১ রানে খেলছেন মুমিনুল হক।
তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটিতে ৯৫ বলে এসেছে ৭০। প্রথম দুই জুটির কোনোটিই বিশের ঘর পর্যন্ত যায়নি।
একবার জীবন পেয়েও ৮ রানে থেমেছেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার সাদমান ইসলাম করেছেন ১৩ রান।
একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি। ৮ ওভারের দীর্ঘ স্পেলে কেবল ১৩ রান দিয়েছেন মোহাম্মদ আব্বাস। তার বাড়তি বাউন্স ও সুইং বেশ পরীক্ষা নিয়েছে ব্যাটসম্যানদের।
প্রথম সেশনে ২৬ ওভার বোলিং করাতে ৫ বোলার ব্যবহার করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
শুরুতে কিছুটা সময় নেন অভিজ্ঞ মুমিনুল। থিতু হয়ে যাওয়ার পর নিজের মতো করে খেলে যাচ্ছেন তিনি। ক্রিজে যাওয়ার পর থেকে সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছেন শান্ত। রানের গতি বাড়ানোর দিকে বেশি মনোযোগ বাংলাদেশ অধিনায়ক।
অফ স্পিনার সালমান আলি আগার বলে তিনি মেরেছেন ম্যাচের প্রথম ছক্কা।
বিরতির পর জমে যাওয়া জুটিকে আরও বড় করার দায়িত্ব সাবেক ও বর্তমান অধিনায়কের কাঁধে।
08 May 2026, 11:52 AM
মুমিনুল-শান্তর জুটিতে পঞ্চাশ
প্রথম ঘণ্টায় দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটি ছুঁয়েছে পঞ্চাশ, ৭০ বলে।
শুরুতে বেশ সময় নিয়েছেন মুমিনুল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শট খেলতে শুরু করেছেন অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটসম্যান।
শুরু থেকে সাবলীল ব্যাটিং করছেন শান্ত।
২১তম ওভারে প্রথমবারের মতো কোনো স্পিনারকে আক্রমণে এনেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। নোমান আলি নয়, দুই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য আক্রমণে এসেছেন সালমান আলি আগা।
২২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৩। ৩৮ বলে চারটি চারে শান্তর রান ২৬। ৪৫ বলে চারটি চারে মুমিনুলেরও রান ২৬।
08 May 2026, 11:04 AM
প্রথম ঘণ্টায় ২ উইকেট
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় দুই উইকেট হারাল স্বাগতিকরা।
১২ ওভারে দুই ওপেনারকে হারিয়ে ৩৭ রান করেছে বাংলাদেশ। ১৬ বলে ৬ রানে খেলছেন মুমিনুল হক। ৭ বলে নাজমুল হোসেন শান্তর রান ২।
একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি। চমৎকার বোলিংয়ে ভীতি ছড়ালেও কোনো উইকেট পাননি মোহাম্মদ আব্বাস।
আফ্রিদির বলে স্লিপে জীবন পাওয়া মাহমুদুল হাসান বাঁহাতি পেসারের বলেই কট বিহাইন্ড হয়েছেন। হাসান আলির প্রথম বলে স্লিপে ধরা পড়েছেন আরেক ওপেনার সাদমান ইসলাম।
08 May 2026, 11:00 AM
টিকলেন না সাদমান
বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল্য পেলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। একাদশ ওভারে আক্রমণে এসেই উইকেট পেলেন হাসান আলি।
স্টাম্পে থাকা ডেলিভারি একটু বেরিয়ে যাচ্ছিল। ঠিকঠাক লাইনে যেতে পারেননি সাদমান ইসলাম। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে স্লিপে, সালমান আলি আগার হাতে।
দুই চারে ৩০ বলে সাদমান করেন ১৩ রান।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৬। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
08 May 2026, 10:37 AM
জীবন পেয়েও ব্যর্থ জয়
সুযোগ কাজে লাগাতে পারলেন না মাহমুদুল হাসান জয়। জীবন পেয়েও ব্যর্থ এই ওপেনার।
শাহিন শাহ আফ্রিদির আগের ওভারে স্লিপে জীবন পান জয়। পরের ওভারে প্রায় একই ধরনের বলে কট বিহাইন্ড হন তিনি।
বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে যাওয়া বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন জয়। সেটা না করে পা বাড়িয়ে খেলতে চাইলেন তিনি। বলের লাইনে যেতে পারলেন না পুরোপুরি। কানা ছুঁয়ে জমা পড়ল মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।
দুই চারে ১৯ বলে ৮ রান করেন জয়। জীবন পান তিনি ৪ রানে।
ক্রিজে গিয়ে প্রথম বলে সিঙ্গেল নেন মুমিনুল হক।
৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৩। সাদমান ইসলাম ৬ ও মুমিনুল ১ রানে ব্যাট করছেন।
08 May 2026, 10:26 AM
জীবন পেলেন জয়
প্রথম বলে চার দিয়ে শুরু করেন মাহমুদুল হাসান জয়। পরে আর লম্বা সময় রান পাননি তিনি। বিদায় নিতে পারতেন ওই রানেই। কিন্তু বেঁচে গেলেন স্লিপ ফিল্ডারের ব্যর্থতায়।
শাহিন শাহ আফ্রিদির করা পঞ্চম ওভারের প্রথম বল ঠিকঠাক খেলতে পারেননি জয়। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে একটু লেট সুইংও ছিল। স্বাগতিক ওপেনারের ব্যাটের কানা ছুঁয়ে যায় প্রথম স্লিপে।
দ্বিতীয় স্লিপ থেকে হাত বাড়ান সালমান আলি আগা। তবে বল যায় সোজা আব্দুল্লাহ ফাজালের হাতে। আপাত সহজ ক্যাচ নিতে পারেননি তিনি।
সেই ওভারে আফ্রিদিকে আরেকটি চার মারেন জয়।
৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৮। ১৮ বলে ৮ রানে খেলছেন জয়। ১২ বলে সাদমান ইসলামের রান ৬।
08 May 2026, 10:01 AM
পাকিস্তান দলে ২ অভিষিক্ত
নতুন দুই ব্যাটসম্যান নিয়ে খেলছেন নামছে পাকিস্তান। অভিষেক হচ্ছে ওপেনার আজান আওয়াইস ও টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল্লাহ ফাজালের।
দীর্ঘ সময় পর দলে ফেরা অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস আছেন একাদশেও। অন্য দুই পেসার হলেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।
বিশেষজ্ঞ স্পিনার একজন- নোমান আলি। জায়গা হয়নি সাজিদ খানের।
পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, হাসান আলি, ইমাম-উল-হাক, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, নোমান আলি, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
08 May 2026, 09:44 AM
৩ পেসার, ২ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ
মিরপুর টেস্টে পাঁচ বোলার নিয়ে নামছে বাংলাদেশ। পেসার তিন জন নাহিদ রানা, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিনার দুই জন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, ইবাদত হোসেন।
08 May 2026, 09:44 AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম টেস্টে টস জিতলেন শান মাসুদ। পাকিস্তান অধিনায়ক নিলেন ফিল্ডিং।
08 May 2026, 09:18 AM
টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের সন্ধানে নামছে বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনও কোনো জয় পায়নি বাংলাদেশ। দুটি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তর দল ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে মিরপুর টেস্ট দিয়ে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু শুক্রবার সকাল ১০টায়।
সিরিজের আগে বারবারই ঘুরেফিরে এসেছে দুই দলের সবশেষ টেস্ট সিরিজের স্মৃতি। আগে কখনোই টেস্টে পাকিস্তানের সঙ্গে জিততে না পারা বাংলাদেশ ২০২৪ সালে রাওয়ালপিন্ডি থেকে সিরিজ জিতে ফিরেছিল ২-০ ব্যবধানে।
দুই দলই যদিও বারবার বলেছে, সেই সিরিজ এখন অতীত এবং তারা বর্তমানে থাকতে চান, তবে সেই সুখস্মৃতির দোলা নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের জন্য প্রেরণার। পাশাপাশি প্রত্যাশার পারদও ওপরে উঠে গেছে ওই সাফল্যের কারণেই।
08 May 2026, 09:18 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুরে প্রথম টেস্টের প্রথম দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।