- ম্যাচ সেরা হাসান
- লাইভ ব্লগের সমাপ্তি
- বাংলাদেশের ইতিহাস গড়া জয়
- শূন্যতেই শেষ তানজিদ
- মিরাজের ৫ উইকেটে ৫৭ রানের লক্ষ্য
- গ্রিনের প্রতিরোধ ভাঙলেন হাসান
- ১৯২ বলে গ্রিনের সেঞ্চুরি
- কঠিন ক্যাচ ছাড়লেন তাসকিন
- স্টার্কের প্রতিরোধ ভাঙলেন তাসকিন
- মিরাজের দারুণ বোলিংয়ে বাংলাদেশের ভালো সেশন
- দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ
- কামিন্সকেও ফেরালেন মিরাজ
- প্রথম ঘণ্টায় ২ উইকেট
- ওয়েবস্টারকে দ্রুত ফেরালেন মিরাজ
- ১০৯ বলে গ্রিনের পঞ্চাশ
- জুটি ভাঙলেন মিরাজ
- গ্রিন-কেয়ারির জুটিতে পঞ্চাশ
- চোখে অনেক স্বপ্ন নিয়ে নামছে বাংলাদেশ
- লাইভ ব্লগে স্বাগত
16 Aug 2026, 11:29 AM
ম্যাচ সেরা হাসান
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর এবার ৩ উইকেট নিলেন হাসান মাহমুদ। সেঞ্চুরিয়ান তানজিদ হাসান ও অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল মেহেদী হাসান মিরাজকে পেছনে ফেলে তিনি জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
চোট কাটিয়ে গত জুনে টেস্ট ক্রিকেটে ফেরেন হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ২৫ ওভারে ১০২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। বাংলাদেশ ম্যাচ হেরেছিল ইনিংস ব্যবধানে।
এবার স্বরূপে ফিরলেন হাসান। দুই ইনিংস মিলিয়ে ১১১ রানে নিলেন ৯ উইকেট। ক্রিকেটে বাংলাদেশ পেল নিজেদের শ্রেষ্ঠতম জয়।
16 Aug 2026, 11:29 AM
লাইভ ব্লগের সমাপ্তি
ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
16 Aug 2026, 11:11 AM
বাংলাদেশের ইতিহাস গড়া জয়
টানা চার দিনের দুর্দান্ত ক্রিকেটে বাংলাদেশের হাতে ধরা দিল ক্রিকেটের সবচেয়ে বড় জয়ের একটি। ২৩ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে সফরকারীরা গড়ল ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে তারা হারাল অস্ট্রেলিয়াকে।
ডারউইন টেস্টে ৯ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ৫৭ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ১৪.২ ওভারে।
সব মিলিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
তানজিদ হাসানের দ্রুত বিদায়ের পর বাকিটা অনায়াসে সারেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। একটু নড়বড়ে ছিলেন সাদমান। ব্যাটের কানায় লেগে দুটি বাউন্ডারি পান তিনি।
শুরু থেকে সাবলীল ছিলেন মুমিনুল। বাউ ওয়েবস্টারের বলে তার বাউন্ডারিতেই আসে টেস্টে বাংলাদেশের ইতিহাসের সেরা জয়।
৩৯ বলে দুই চারে ৩০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। ৪২ বলে চার চারে ২৫ রান করেন সাদমান। তাদের জুটিতে ৫৩ রান আসে ৭৫ বলে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৬
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৮৪
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫৭) ১৪.২ ওভারে ৫৭/১ (সাদমান ২৫*, তানজিদ ০, মুমিনুল ৩০*; স্টার্ক ৪-০-১৫-০, হেইজেলউড ৩-১-৫-১, লায়ন ৫-০-২৩-০, ওয়েবস্টার ২.২-০-১২-০)
16 Aug 2026, 10:27 AM
শূন্যতেই শেষ তানজিদ
দ্বিতীয় ওভারে ভাঙল বাংলাদেশের শুরুর জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসানকে এবার শূন্য রানে ফেরালেন জশ হেইজেলউড।
স্টাম্পে থাকান ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন তানজিদ। কিন্তু লাইনে যেতে পারেননি তিনি। বল আঘাত হানে অফ স্টাম্পের চূড়ায়। বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।
16 Aug 2026, 10:22 AM
মিরাজের ৫ উইকেটে ৫৭ রানের লক্ষ্য
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ইতি টানলেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের পাঁচ উইকেটের ২৮৪ রানে অলআউট হলো স্বাগতিকরা। ডারউইনে ইতিহাস গড়তে বাংলাদেশ পেল ৫৭ রানের লক্ষ্য।
মিরাজের বলে সুইপ করার চেষ্টায় বলের লাইন মিস করেন লায়ন। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। অবশ্য কোনো কাজ হয়নি। বল আঘাত হানত মিডল স্টাম্পে।
২৭ বলে ১৫ রান করেন লায়ন। শূন্য রানে অপরাজিত থেকে যান জশ হেইজেলউড।
৬৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। পেসার হাসান ৩ উইকেট নেন ৫৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৬
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ১৬১/৪) ৯৫.১ ওভারে ২৮৪ (গ্রিন ১০৪, কেয়ারি ৩০, ওয়েবস্টার ৫, কামিন্স ৮, স্টার্ক ১৮, লায়ন ১৫, হেইজেলউড ০*; তাসকিন ১৮-৩-৬৬-১, হাসান ১৯-৩-৫৬-৩, ইবাদত ৮-০-৩৮-০, তাইজুল ১৭-১-৫১-১, মিরাজ ৩৩.১-৬-৬৬-৫)
16 Aug 2026, 09:57 AM
গ্রিনের প্রতিরোধ ভাঙলেন হাসান
তিন অঙ্ক ছুঁয়ে বেশি দূর যেতে পারলেন না ক্যামেরন গ্রিন। হাসান মাহমুদের একটু নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন এই অলরাউন্ডার।
অফ স্টাম্পে তাক করে করা ডেলিভারি একটু নিচু হয়ে যাওয়ায় ঠিকঠাক ডিফেন্স করতে পারেননি গ্রিন। ব্যাটের নিচের অংশে লেগে, আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৭ বল স্থায়ী ২৮ রানের জুটি।
২০১ বলে চার চার ও এক ছয়ে ১০৪ রান করেন গ্রিন। তিনি ম্যাচে হাসানের নবম শিকার।
৯৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২৭৮। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার লিড ৫০।
16 Aug 2026, 09:48 AM
১৯২ বলে গ্রিনের সেঞ্চুরি
ভাগ্যকে পাশে পাওয়া ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করলেন ১৯২ বলে। টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম।
২০২৪ সালের পর টেস্টে এটাই তার প্রথম সেঞ্চুরি।
এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন গ্রিন। আগের দিন বল স্টাম্পে লাগার পরও তিনি আউট হননি। এবার ৯৫ রানে ফিরতে পারতেন তিনি। কিন্তু কঠিন ফিরতি ক্যাচ নিতে পারেননি তাসকিন আহমেদ।
৯১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ২৭৪। ১৯৬ বলে এক ছয় ও চার চারে ১০২ রানে ব্যাট করছেন গ্রিন। ১১ বলে ৮ রানে খেলছেন ন্যাথান লায়ন।
16 Aug 2026, 09:39 AM
কঠিন ক্যাচ ছাড়লেন তাসকিন
ছক্কা হজমের পরের বলেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। কিন্তু ক্যামেরন গ্রিনের কঠিন ফিরতি ক্যাচ নিতে পারেননি অভিজ্ঞ এই পেসার।
স্ট্রেইট ড্রাইভে ক্যাচ দেন গ্রিন। হাত বাড়িয়ে দিয়ে মুঠোয় নেওয়ার আশা জাগান তাসকিন। কিন্তু শেষ পর্যন্ত মুঠোয় রাখতে পারেননি তিনি।
সে সময় ৯৫ রানে ছিলেন গ্রিন।
আগের ওভারে দুবার ‘বেঁচে’ যান ন্যাথান লায়ন। দ্বিতীয় স্লিপ না থাকায় ক্যাচ হয়নি, উল্টো দুই রান পান তিনি। নাজমুল হোসেন শান্তর প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে, তিনি আরেকটি স্লিপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন আগেই।
পরের বলে হাসান মাহমুদের থ্রো সরাসরি স্টাম্পে লাগলে রান আউট হতে পারতেন লায়ন। পা দিয়ে বল স্টাম্পে নেওয়ার চেষ্টায় উল্টো ব্যথা পান মিরাজ।
৯০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ২৬৭।
16 Aug 2026, 09:33 AM
স্টার্কের প্রতিরোধ ভাঙলেন তাসকিন
আগের বলে ব্যাটের কানায় লেগে চার পেলেন মিচেল স্টার্ক। পরের বলে জায়গা দাঁড়িয়ে খেলতে গিয়ে তিনি ধরা পড়লেন লিটন দাসের গ্লাভসে।
তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের ছেড়ে দিতে পারতেন স্টার্ক। সেটা না করে ব্যাট বাড়িয়ে দেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে আসা বল সহজেই গ্লাভসে নেন কিপার।
তিনটা রিভিউ থাকাতেই হয়তো রিভিউ নেন স্টার্ক। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ভাঙে ৭৭ বল স্থায়ী ৪৩ রানের জুটি।
৩৪ বলে দুই চারে ১৮ রান করেন স্টার্ক।
৮৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ২৫১। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী ন্যাথান লায়ন।
16 Aug 2026, 08:38 AM
মিরাজের দারুণ বোলিংয়ে বাংলাদেশের ভালো সেশন
চতুর্থ দিন প্রথম সেশনে ৩১ ওভার বোলিং করে তিন উইকেট নিয়েছে বাংলাদেশ। তিন ব্যাটসম্যানকেই বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ।
লাঞ্চে যাওয়ার সময় দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ২৪৩। ১৭২ বলে চার চারে ৮৫ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন। ২৬ বলে এক চারে ১৪ রানে খেলছেন মিচেল স্টার্ক।
তাদের জুটিতে ৬০ বলে এসেছে ৩৬ রান। অস্ট্রেলিয়া নিয়েছে ১৫ রানের লিড।
এক প্রান্তে আগলে রেখেছেন গ্রিন। তাকে সঙ্গ দিচ্ছেন স্টার্ক।
চমৎকার বোলিংয়ে অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সের উইকেট নিয়েছেন মিরাজ। লক্ষ্য যতটা সম্ভব ছোট রাখতে দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দিতে চাইবে সফরকারীরা।
16 Aug 2026, 08:20 AM
দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্তন আনলেন তিনি। আক্রমণে ফেরালেন পেসার হাসান মাহমুদকে।
৮০ ওভারে ৭ উইকেটে ২২৮ রান করে অস্ট্রেলিয়া। অর্থাৎ দ্বিতীয় বল নেওয়ার সময় স্বাগতিকদের রান কার্যত শূন্য রানে ৭ উইকেট।
হাসানের ওভারে লেগ বাই থেকে আসে একটি সিঙ্গেল।
অস্ট্রেলিয়ার রান ৮১ ওভারে ৭ উইকেটে ২২৯। ৭৬ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন। ৯ রানে খেলছেন মিচেল স্টার্ক।
16 Aug 2026, 08:00 AM
কামিন্সকেও ফেরালেন মিরাজ
চমৎকার বোলিং করে যাওয়া মেহেদী হাসান মিরাজের হাত ধরে এলো আরেকটি সাফল্য। অধিনায়ক প্যাট কামিন্সকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিপদ বাড়ল আরও।
মিরাজের প্রতি বলেই কিছু না কিছু হচ্ছে। তাকে সামলাতে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে ব্যাটসম্যানদের। সেই পরীক্ষায় এবার ব্যর্থ হলেন কামিন্স।
অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করেন তিনি। ব্যাটের কানায় লেগে, প্যাড ছুঁয়ে ক্যাচ যায় শর্ট লেগে। সেখানে কোনো ভুল করেননি সাদমান ইসলাম।
অধিনায়কের বিদায়ে ভাঙে ৪৮ বল স্থায়ী ১৪ রানের জুটি।
৩২ বলে ৮ রান করেন কামিন্স। তিনি মিরাজের চতুর্থ শিকার।
৭৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ২০৭। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী মিচেল স্টার্ক।
16 Aug 2026, 07:35 AM
প্রথম ঘণ্টায় ২ উইকেট
মেহেদী হাসান মিরাজের হাত ধরে চতুর্থ দিন প্রথম ঘণ্টায় দুটি উইকেট পেয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন অ্যালেক্স কেয়ারি ও বাউ ওয়েবস্টার।
পানি পানের বিরতির সময় ৬৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৯৫। এখনও স্বাগতিকরা ৩৩ রানে পিছিয়ে।
১২৬ বলে দুই চারে ৫৯ রানে খেলছেন ক্যামেরন গ্রিন। ৮ বলে ১ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স।
১২ ওভার পর নতুন বল নিতে পারবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ঘণ্টায় সেরা বোলার নিশ্চিতভাবেই মিরাজ। খারাপ করেননি হাসান মাহমুদ ও তাইজুল ইসলামও।
16 Aug 2026, 07:31 AM
ওয়েবস্টারকে দ্রুত ফেরালেন মিরাজ
দুর্দান্ত ডেলিভারিতে আরেকটি উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। ভাঙল অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি।
বাউ ওয়েবস্টার ঠিক স্বস্তিতে ছিলেন না। বিশেষ করে মিরাজের বলে খুব ভুগছিলেন এই অলরাউন্ডার। আউট হলেন তিনি অফ স্পিনারের দারুণ ডেলিভারিতেই
অফ স্টাম্পে পড়ে সোজা যাওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে অফ স্টাম্পের উপরের দিকে। ভাঙে ৪০ বল স্থায়ী ১৫ রানের জুটি।
২১ বলে এক চারে ৫ রান করেন ওয়েবস্টার।
৬৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৯৩। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী অধিনায়ক প্যাট কামিন্স।
16 Aug 2026, 07:11 AM
১০৯ বলে গ্রিনের পঞ্চাশ
আগের দিন বল স্টাম্পে লাগার পরও বেঁচে যাওয়া ক্যামেরন গ্রিন পঞ্চাশ ছুঁয়েছেন ১০৯ বলে। এই মুহূর্তে তিনিই বাংলাদেশের সবচেয়ে বড় বাধা।
বাউ ওয়েবস্টারকে নিয়ে ধীরে ধীরে ব্যবধান কমানোর চেষ্টা করছেন গ্রিন। তাদের সহজে রান করতে দিচ্ছেন না সফরকারী বোলাররা।
দুই অলরাউন্ডারের জুটি ভাঙতে উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই জুটি ভাঙলে এক প্রান্তে বোলারদের পাবে তারা।
৬১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৮১।
16 Aug 2026, 07:01 AM
জুটি ভাঙলেন মিরাজ
অ্যালেক্স কেয়ারিকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার উপর বাড়ল চাপ।
অফ স্পিনারের চমৎকার ডেলিভারিতে পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। শরীর থেকে দূরে খেলতে গিয়ে মাঝব্যাটে নিতে পারেননি তিনি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ১৩৩ বল স্থায়ী ৫৬ রানের জুটি।
৭২ বলে পাঁচ চারে ৩০ রান করেন কেয়ারি।
৬০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৭৮। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী বাউ ওয়েবস্টার।
16 Aug 2026, 06:54 AM
গ্রিন-কেয়ারির জুটিতে পঞ্চাশ
দিনের শুরুতে তিন জন বোলার ব্যবহার করলেন নাজমুল হোসেন শান্ত। তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ পারলেন না সাফল্য এনে দিতে। বাংলাদেশকে হতাশ করে পঞ্চম উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়লেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেয়ারি, ১২০ বলে।
হাসানের বলে একটা সুযোগ এসেছিল। কিন্তু সেটা নিতে পারেননি লিটন দাস। লেগের দিকে সরে যাচ্ছিলেন কিপার। অ্যালেক্স কেয়ারির ব্যাটের কানায় লেগে আসা বলের নাগাল পাননি তিনি। জায়গায় থাকলে হয়তো বল তার গ্লাভসেই জমা পড়ত।
৫৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৭৩। এখনও ৫৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।
16 Aug 2026, 06:33 AM
চোখে অনেক স্বপ্ন নিয়ে নামছে বাংলাদেশ
টানা তিন দিনের দারুণ পারফরম্যান্সে ডারউইন টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। জাগিয়েছে অভাবনীয় এক জয়ের আশা। চতুর্থ দিন সেই পথে এগিয়ে যাওয়ার হাতছানিতে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্তরা।
চতুর্থ দিনের খেলা শুরু হবে রোববার সাড়ে ৬টায় (এএম)।
৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করবে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন দুই চারে ৮৬ বলে ব্যাট করছেন ৪৩ রানে। কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি ৫০ বলে তিন চারে ব্যাট করছেন ১৯ রানে।
একবার বল স্টাম্পে লাগার পরও বেঁচে যাওয়া গ্রিনের সঙ্গে কেয়ারির জুটিতে ৩৯ রান এসেছে ৯৪ বলে।
এখনও ৬৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
এখনও যে কোনো ফলই সম্ভব। তবে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই হয়তো এই মুহূর্তে একটু বেশি। দিনের প্রথম সেশন ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে সফরকারীদের জন্য। প্রয়োজন হলে ২৭ ওভার পর তারা নিতে পারবে দ্বিতীয় নতুন বল।
উইকেট এখন পর্যন্ত ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। বল নরম হয়ে এসেছে। ব্যাটসম্যানরা নিজেদের যথাযথ প্রয়োগ করলে বড় ইনিংস খেলা সম্ভব। তবে বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপে রেখেছেন স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৬
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫৩ ওভারে ১৬১/৪ (হেড ১৭, ওয়েদেরল্ড ০, লাবুশেন ৩১, স্মিথ ৪৪, গ্রিন ৪৩*, কেয়ারি ২৩*; তাসকিন ১২-৩-৩৮-০, হাসান ১১-২-৩৩-২, ইবাদত ৮-০-৩৮-০, তাইজুল ৯-০-২৮-১, মিরাজ ১৩-৪-২০-১)
16 Aug 2026, 05:13 AM
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ডারউইন টেস্টের চতুর্থ দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।