২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফক্সক্রফট ঝড় থামিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজুর রহমানের ৫ উইকেটের সৌজন‍্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে সহজ জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

23 Apr 2026, 07:41 PM

লাইভ ব্লগের সমাপ্তি

বাংলাদেশ ও নিউ জিল‍্যান্ডের সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডে নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন‍্য ধন‍্যবাদ।

23 Apr 2026, 07:36 PM

মিরাজের নেতৃত্বে টানা ৩ জয়

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশের পঞ্চম অধিনায়ক হিসেবে টানা তিনটি সিরিজ জিতলেন এই অলরাউন্ডার। আগের চার জন হলেন- হাবিবুল বাশার, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা (দুইবার) ও তামিম ইকবাল।

চতুর্থ সেঞ্চুরির জন‍্য ম‍্যাচ সেরার পুরস্কার জিতেছেন নাজমুল হোসেন শান্ত। ৩ ম‍্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। 

23 Apr 2026, 07:31 PM

ফক্সক্রফট ঝড় থামিয়ে ৫৫ রানের জয়

মেহেদী হাসান মিরাজের ঘটনাবহুল ওভারে সমাপ্তি হলো সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের। ৪৪.৫ ওভারে নিউ জিল‍্যান্ডকে ২১০ রানে থামিয়ে ৫৫ রানের জয় পেল বাংলাদেশ।

প্রথম ম‍্যাচে হারার পর টানা দুই ম‍্যাচ জিতল বাংলাদেশ। নিউ জিল‍্যান্ডের বিপক্ষে তৃতীয়বার সিরিজ জিতল তারা।

মিরাজের ওভারের প্রথম বল ছক্কায় ওড়ান ডিন ফক্সক্রফট। পরের বল একটুর জন‍্য যায় লং অন ফিল্ডারের হাতে।

তৃতীয় বলে পেছনে ছুটে গিয়ে ক‍্যাচ নিতে পারেননি মিরাজ। বেঁচে যান ফক্সক্রফট।

পরের বলে বেন লিস্টর নেন সিঙ্গেল। দশম উইকেট ৩০ বলে ৫০ স্পর্শ করে জুটির রান।

পরের বলে চমৎকার ক‍্যাচে ম‍্যাচের সমাপ্তি টানেন সাইফ হাসান। অফ স্টাম্পের বাইরের বলে টাইমিং করতে পারেননি ফক্সক্রফট। সামনের দিকে এগিয়ে চমৎকার ডাইভিং ক‍্যাচ নেন সাইফ।

৭২ বলে সাত ছক্কায় ৭৫ রান করেন ফক্সক্রফট। ৭ বলে ২ রানে অপরাজিত থাকেন লিস্টার।

বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২-১ ব‍্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ০, তানজিদ ১, সৌম‍্য ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩*, মিরাজ ২২, শরিফুল ১, তানভির ০, মুস্তাফিজ ৩*; ও’রোক ৭-১-৩২-৩, স্মিথ ৯-০-৫০-০, লিস্টার ১০-০-৬২-২, আব্বাস ৫-০-১৬-০, ক্লার্কসন ৩-০-১৯-০, লেনক্স ১০-০-৫০-২, ফক্সক্রফট ৬-০-৩৫-১)

নিউ জিল‍্যান্ড: ৪৪.৫ ওভারে ২১০ (নিকোলস ৪, কেলি ৫৯, ইয়াং ১৯, ল‍্যাথাম ৫, আব্বাস ২৫, ফক্সক্রফট ৭৫,  ক্লার্কসন ৬, স্মিথ ২, লেনক্স ২, ও’রোক ১, লিস্টার ২*; শরিফুল ৭-০-১৯-১, মুস্তাফিজ ৯-২-৪৩-৫, নাহিদ ১০-১-৩৬-২, তানভির ১০-০-৭০-০, মিরাজ ৮.৫-০-৩৬-২)

23 Apr 2026, 07:01 PM

ও’রোককে ফিরিয়ে মুস্তাফিজের ৫

ফেরার ম‍্যাচ ৫ উইকেট নিয়ে রাঙালেন মুস্তাফিজুর রহমান। প্রথম পেসার হিসেবে চট্টগ্রামের কোনো মাঠে ওয়ানডেতে ৫ উইকেট নিলেন তিনি।

মুস্তাফিজের সামনে উইল ও’রোককে স্ট্রাইক দিতে যেন দ্বিধা করছিলেন ডিন ফক্সক্রফট। শেষ পর্যন্ত দিলেন। আর ও’রোককে আউট করতে বাঁহাতি পেসারের লাগল কেবল এক বল।

স্টাম্পে থাকা বলের লাইনে যেতে পারেননি ও’রোক। বল এলোমেলো করে দেয় স্টাম্প। ওয়ানডেতে ষষ্ঠবার ৫ উইকেট নিলেন মুস্তাফিজ।

৫ বলে ১ রান করেন ও’রোক।

৪০ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৯ উইকেটে ১৬০। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।

23 Apr 2026, 06:47 PM

এবার হৃদয়ের দারুণ ক‍্যাচ

মুস্তাফিজুর রহমানের বলে আরেকটি দারুণ ক‍্যাচে উইকেট পেল বাংলাদেশ। দল পৌঁছে গেল জয়ের আরও কাছে।

বাঁহাতি পেসারের শর্ট বলে পুল করেন জেডেন লেনক্স বল যায় মিড উইকেটে। মাথার উপর দিয়ে যাওয়া বল দুই হাতে মুঠোয় নেন তাওহিদ হৃদয়।

৭ বলে ২ রান করেন লেনক্স। তিনি মুস্তাফিজের চতুর্থ শিকার।

৩৮ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৮ উইকেটে ১৫৪। ক্রিজে ডিন ফক্সক্রফটের সঙ্গী উইল ও’রোক।

23 Apr 2026, 06:41 PM

মিরাজের দুর্দান্ত ক‍্যাচ

আরও একটি উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। শর্ট মিড উইকেটে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন মেহেদী হাসান মিরাজ।

মুস্তাফিজের স্লোয়ার বুঝতে পারেননি ন‍্যাথান স্মিথ। ব‍্যাট চালিয়ে দেন আগেভাগেই। ক‍্যাচ যায় শর্ট মিড উইকেটের দিকে। শূন‍্য ঝাঁপিয়ে অসাধারণ এক ক‍্যাচ নেন মিরাজ।

৪ বলে ২ রান করেন স্মিথ।

৩৬ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৭ উইকেটে ১৫০। ক্রিজে ডিন ফক্সক্রফটের সঙ্গী জেডেন লেনক্স।

23 Apr 2026, 06:28 PM

নাহিদের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড ক্লার্কসন

আগের বলে ডিন ক্লার্কসনের কঠিন ক‍্যাচ নিতে পারলেন না লিটন দাস। গ্লাভসে লেগে বেরিয়ে গেল বল।

পরের বলে দুর্দান্ত ইয়র্কারে লেগ স্টাম্প উপড়ে ফেললেন নাহিদ রানা। নিজের অষ্টম ওভারেই গতিময় সব ডেলিভারি করেছেন তরুণ এই পেসার।

মূলত তার পেসের জন‍্যই বলের নাগাল পাননি। ঘণ্টায় ১৪৮.৬ কিলোমিটার গতির বলের লাইনেই যেতে পারেননি ক্লার্কসন। উড়ে যায় লেগ স্টাম্প।

১০ বলে ৬ রান করেন ক্লার্কসন।

৩৩ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৬ উইকেটে ১৩৭। ক্রিজে ফক্সক্রফটের সঙ্গী ন‍্যাথান স্মিথ। জয়ের জন‍্য সফরকারীদের চাই ১২৯ রান।

23 Apr 2026, 06:13 PM

আব্বাসকে ফেরালেন শরিফুল

চমৎকার বোলিংয়ের পুরস্কার পেলেন শরিফুল ইসলাম। তার বল স্টাম্পে টেনে আনলেন মুহাম্মদ আব্বাস।

লেগে খেলতে চেয়েছিলেন আব্বাস। কিন্তু পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৩৬ বলে এক চারে ২৫ রান করেন আব্বাস।

৩০ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৫ উইকেটে ১২৪। ক্রিজে ডিন ফক্সক্রফটের সঙ্গী জশ ক্লার্কসন।

23 Apr 2026, 05:47 PM

কেলির প্রতিরোধ ভাঙলেন মুস্তাফিজ

লেগে সরে গিয়ে মুস্তাফিজুর রহমানের উপর চড়াও হতে চাইলেন না নিক কেলি। তাকে অনুসরণ না করে অফ স্টাম্পের বেশ বাইরে বল করলেন বাঁহাতি পেসার। অনেক দূরের বল তাড়া করতে গিয়ে ঠিকঠাক খেলতে পারলেন না কেলি। ক‍্যাচ দিয়ে একরাশ হতাশা নিয়ে মাঠ চাড়লেন বাঁহাতি ওপেনার।

মুহাম্মদ আব্বাসের সঙ্গে জমে গিয়েছিল কেলির জুটি। সেটা ভাঙতে মুস্তাফিজকে আক্রমণে ফেরান মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় ওভারে ৫১ বল স্থায়ী ৪৭ রানের জুটি ভাঙলেন মুস্তাফিজ।

স্লোয়ার বল ঠিকঠাক বুঝতেই পারেননি কেলি। আগেই ব‍্যাট চালিয়ে দেন তিনি। কাভারে ক‍্যাচ নেন তানজিদ হাসান।

৮০ বলে এক ছক্কা ও ছয় চারে ৫৯ রান করেন কেলি।

২৬ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৪ উইকেটে ১০৯। ক্রিজে আব্বাসের সঙ্গী ডিক ফক্সক্রফট। জয়ের জন‍্য সফরকারীদের চাই আরও ১৫৭ রান।

23 Apr 2026, 05:25 PM

৬৮ বলে কেলির পঞ্চাশ

১১ রানে আম্পায়ার্স কলে বেঁচে যাওয়ার পর দায়িত্বশীল ব‍্যাটিংয়ে এগোচ্ছেন নিক কেলি। তার ব‍্যাট থেকেই এসেছে সফরে নিউ জিল‍্যান্ডের প্রথম ছক্কা।

শরিফুল ইসলামের ওভারে সিঙ্গেল নিয়ে সিরিজে দ্বিতীয়বার পঞ্চাশ ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার, ৬৮ বলে।

২২ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৩ উইকেটে ৮৯। ক্রিজে কেলির সঙ্গী মুহাম্মদ আব্বাস। জয়ের জন‍্য সফরকারীদের চাই আর ১৭৭ রান।

23 Apr 2026, 04:59 PM

ল‍্যাথামকে টিকতে দিলেন না মিরাজ

ভালো বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের উপর চড়াও হওয়ার চেষ্টায় ক‍্যাচ দিলেন টম ল‍্যাথাম। 

স্টাম্পে থাকা ডেলিভারিতে ঠিকঠাক সুইপ করতে পারেননি নিউ জিল‍্যান্ড অধিনায়ক। ব‍্যাটের কানায় লেগে উপরে উঠে যাওয়া বল সহজেই শর্ট ফাইন লেগে মুঠোয় নেন শরিফুল ইসলাম। 

১৩ বল খেলে ৫ রান করেন ল‍্যাথাম। 

১৭ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৩ উইকেটে ৬১। ক্রিজে নিক কেলির সঙ্গী মুহাম্মদ আব্বাস।

23 Apr 2026, 04:45 PM

জুটি ভাঙলেন নাহিদ

প্রান্ত বদল করে সাফল‍্য পেলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন উইল ইয়াং।

অফ স্টাম্পের বাইরে গতিময় ডেলিভারি (ঘণ্টা প্রতি ১৪৬ কিলোমিটার) ঠিকঠাক খেলতে পারেননি ইয়াং। যেতে পারেননি বলের লাইন। ব‍্যাটের নিচের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৬১ বল স্থায়ী ৪৬ রানের জুটি।

দুই চারে ২৫ বলে ১৯ রান করেন ইয়াং।

১৪ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ৫৭। ক্রিজে নিক কেলির সঙ্গী টম ল‍্যাথাম। জয়ের জন‍্য আর ২০৯ রান চাই সফরকারীদের।

23 Apr 2026, 04:27 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন কেলি

এলবিডব্লিউর জোরাল আবদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিলেন মেহেদী হাসান। আম্পায়ার্স কলে টিকে গেলেন বাঁহাতি ওপেনার নিক কেলি।

বাঁহাতি স্পিনার তানভির ইসলামের বলের লাইনেই যেতে পারেননি তিনি। বল আঘাত হানতো স্টাম্পে। তবে ইম্প‍্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় বেঁচে যান কেলি।

সে সময় ১১ রানে ছিলেন কিউই ওপেনার।

১০ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ৩৩। জয়ের জন‍্য আরও ২৩৩ রান চাই সফরকারীদের।

23 Apr 2026, 03:51 PM

শুরুতেই মুস্তাফিজের আঘাত

হাটুর চোটে দুই ম‍্যাচ বাইরে থাকার পর একাদশে ফেরা মুস্তাফিজুর রহমানের হাত ধরে এলো প্রথম সাফল‍্য। বাঁহাতি পেসারের চমৎকার বাউন্সারে ফিরলেন হেনরি নিকোলস।

এতোটা গতি আশা করেননি নিকোলস। একটু চমকে গিয়ে তড়িঘড়ি করে খেলেন শট। টাইমিং করতে পারেনি। ব‍্যাটের কানায় লেগে সহজ ক‍্যাচ নেন লিটন দাস।

১০ বলে ৪ রান করেন নিকোলস।

৪ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ৮। ক্রিজে নিক কেলির সঙ্গী উইল ইয়াং।

23 Apr 2026, 03:15 PM

শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ২৬৫

শেষ ২ ওভারে রান এলো না তেমন একটা। তাওহিদ হৃদয় ক্রিজে থাকার পরও বাংলাদেশ করতে পারল কেবল ৮ রান। তবে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন দাসের সঙ্গে তার চমৎকার জুটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করেছে বাংলাদেশ।

২৯ বলে এক ছক্কা ও দুই চারে ৩৩ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ৫ বলে ৩ রান করেন মুস্তাফিজুর রহমান।

নবম ওভারে ৩২ রানে টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের বিদায়ের পর দলকে পথ দেখান শান্ত ও লিটন। ১৬০ রানের চমৎকার জুটি উপহার দেন দুই ব‍্যাটসম‍্যান।

১১৯ বলে দুই ছক্কা ও নয় চারে ১০৫ রানের ইনিংস খেলেন শান্ত। ৯১ বলে এক ছক্কা ও তিন চারে ৭৬ রান করেন লিটন।

বাংলাদেশকে শুরুতে নাড়িয়ে দেন উইল ও’রোক। ৩২ রানে তিনি নেন সাইফ হাসান, তানজিদ হাসান ও সৌম‍্য সরকারের উইকেট। দুটি করে উইকেট নেন জেডেন লেনক্স ও বেন লিস্টার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ০, তানজিদ ১, সৌম‍্য ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩*, মিরাজ ২২, শরিফুল ১, তানভির ০, মুস্তাফিজ ৩*; ও’রোক ৭-১-৩২-৩, স্মিথ ৯-০-৫০-০, লিস্টার ১০-০-৬২-২, আব্বাস ৫-০-১৬-০, ক্লার্কসন ৩-০-১৯-০, লেনক্স ১০-০-৫০-২, ফক্সক্রফট ৬-০-৩৫-১)

23 Apr 2026, 02:53 PM

লিস্টারের জোড়া আঘাত

মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর ১ যোগ করতে ২ উইকেট হারাল বাংলাদেশ। দলে ফেরা বেন লিস্টর নিজের শেষ ওভারে নিলেন শরিফুল ইসলাম ও তানভির ইসলামের উইকেট।

অফ স্টাম্পের বাইরের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন শরিফুল। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় নিউ জিল‍্যান্ড।

২ বলে ১ রান করেন শরিফুল।

দুই বল ডট খেলার পর বড় শটের আশায় মিড অনে ধরা পড়েন তানভির।

৪৯ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৬০। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

23 Apr 2026, 02:47 PM

ছক্কার চেষ্টায় থামলেন মিরাজ

দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মেহেদী হাসান মিরাজ ফিরলেন ডিন ফক্সক্রফটের অফ স্পিনে ক‍্যাচ দিয়ে। ভাঙল ২০ বল স্থায়ী ৩৫ রানের জুটি।

ফক্সক্রফটের ওভারের প্রথম বলে চার মারেন মিরাজ। তৃতীয় বলে তাওহিদ হৃদয় হাঁকান ছক্কায়।

পঞ্চম বলে আরেকটি বড় শটের চেষ্টায় ক্রেইগ ইয়াংয়ের হাতে ধরা পড়েন মিরাজ। দুই চারে ১৮ বলে বাংলাদেশ অধিনায়ক করেন ২২ রান।

৪৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৫৭। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শরিফুল ইসলাম।

23 Apr 2026, 02:31 PM

সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন শান্ত

তিন অঙ্ক ছুঁয়ে বেশি দূর যেতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। বড় শটের চেষ্টায় সীমানায় ধরা পড়লেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

জেডেন লেনক্সের বল স্লটেই পেয়েছিলেন শান্ত। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। সীমানায় ক‍্যাচ নেন ন‍্যাথান স্মিথ। ১১৯ বলে দুই ছক্কা ও নয় চারে ১০৫ রান করেন শান্ত।

৪৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২২১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

23 Apr 2026, 02:25 PM

দারুণ ব‍্যাটিংয়ে শান্তর সেঞ্চুরি

দুই বছরের বেশি সময় পর ওয়ানডেতে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন শান্ত। জেডেন লেনক্সের ওভারে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান, ১১৪ বলে।

ওয়ানডেতে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি। ২০২৪ সালের মার্চে সবশেষ চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেন তিনি। সেটাও ওয়ানডেতে তার সর্বোচ্চ।

৪১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০৮। ১১৪ বলে দুই ছক্কা ও নয় চারে ১০০ রানে ব‍্যাট করছেন শান্ত। ৮ বলে এক চারে ৮ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

23 Apr 2026, 02:11 PM

লিটনের বিদায়ে ভাঙল জুটি

জেডেন লেনক্সের বল স্টাম্প ছেড়ে খেলতে চেয়েছিলেন লিটন। পিছিয়ে গিয়ে বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানা এগিয়ে আঘাত হানে লেগ স্টাম্পে।

শুরুতে নিজেকে বেশ গুটিয়ে রেখেছিলেন লিটন। তবে ৬০তম বলে প্রথম বাউন্ডারি পাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। এরপর খেলেন চমৎকার কিছু শট।

আরও একটি বড় শটের চেষ্টায় বোল্ড হলেন তিনি, ভাঙল ১৭৮ বল স্থায়ী ১৬০ রানের জুটি।

৯১ বলে তিন চার ও এক ছক্কায় ৭৬ রান করেন লিটন।

৩৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯৮। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।

23 Apr 2026, 02:06 PM

লিটন-শান্তর জুটিতে দেড়শ

সাবধানী শুরুর পর রানের গতি বাড়াতে শুরু করেছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে দেড়শ রান এসেছে ১৭৫ বলে।

তাদের জুটিতে পঞ্চাশ এসেছিল ৭১ বলে, ১৩০ বলে একশ।

তারপর রানের গতি বেড়েছে আরও।

উইল ও’রোকের বলে লিটনের চারে জুটির রান দেড়শ স্পর্শ করে। পরের বলে কিপার-ব‍্যাটসম‍্যান মারেন ছক্কা।

৩৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯২। ৯০ বলে লিটনের রান ৭৬। ১০৫ বলে শান্তর রান ৯২।

23 Apr 2026, 01:40 PM

সাবধানী ব‍্যাটিংয়ে লিটনের পঞ্চাশ

ডিন ফক্সক্রফটের বলে সিঙ্গেল নিলের লিটন দাস। ১৯ ইনিংস পর ওয়ানডেতে এই কিপার-ব‍্যাটসম‍্যান পেলেন পঞ্চাশের দেখা, ৭১ বলে।

ওয়াডেতে এটি লিটনের ত্রয়োদশ পঞ্চাশ।

শুরুতে বেশ সাবধানী ছিলেন লিটন। প্রথম ৫৯ বলে খেলেন কেবল এক-দুই নিয়ে। ৬০তম বলে মারেন প্রথম বাউন্ডারি। পরে মারেন আরেকটি।

লিটন পঞ্চাশ ছোঁয়ার আগে কঠিন সুযোগ দিয়েও বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। ন‍্যাথান স্মিথের বলে সজোরে ফ্লিক করেন তিনি। কোনোমতে হাত ছোঁয়াতে পারেন কেবল ফিল্ডার। গতি একটু কমলেও ব‍্যাটসম‍্যান পেয়ে যান বাউন্ডারি।

৩৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫৭। ৯২ বলে ৮১ রানে ব‍্যাট করছেন শান্ত। ৭৩ বলে লিটন খেলছেন ৫২ রানে।

23 Apr 2026, 01:26 PM

শান্ত-লিটনের জুটিতে একশ

ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তাদের জুটিতে একশ রান এসেছে ১৩০ বলে। তাদের জুটিতে পঞ্চাশ এসেছিল ৭১ বলে।

আগের ওভারে জেডেন লেনক্সের বলে নিজের ইনিংসে প্রথম বাউন্ডারি পান লিটন দাস। পরের ওভারে বেন লিস্টারের বলে তার বাউন্ডারিতে জুটির রান স্পর্শ করে তিন অঙ্ক।

৩০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩৫। ৬৬ বলে ৪৫ রানে ব‍্যাট করছেন লিটন। ৮১ বলে ৬৬ রানে খেলছেন শান্ত।

23 Apr 2026, 01:22 PM

৬০ বলে লিটনের প্রথম বাউন্ডারি

এক-দুই নিয়ে খেলা লিটন দাসের ব‍্যাটে প্রথম বাউন্ডারি এলো ৬০তম বলে। বাঁহাতি স্পিনার জেডেন লেনক্সের বলে মিড উইকেটের উপর দিয়ে চার মারেন লিটন। পরের বলে সিঙ্গল নিয়ে ধরে রাখেন স্ট্রাইক।

২৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৯।

23 Apr 2026, 01:12 PM

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে লিটনের পঞ্চাশ

টানা দুই ম‍্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে হাতে ও পায়ে ক্র‍্যাম্প করায় পঞ্চাশ ছুঁয়েই মাঠ ছাড়েন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। এবার তার কাছে দলের চাওয়া বড় ইনিংস।

সিঙ্গেল নিয়ে ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করেন শান্ত। এই সময়ে তার ব‍্যাট থেকে এসেছে চারটি চার ও একটি ছক্কা।

টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের দ্রুত বিদায়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। শান্ত ও লিটন দাসের পর ব‍্যাটসম‍্যান কেবল দুইজন- তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।

সে কারণে একটু বেশি সাবধানী লিটন। কোনো ঝুঁকি নিচ্ছেন না তিনি। তবে মাঝেমাঝে কিছুটা ঝুঁকি নিচ্ছেন শান্ত। এখন পর্যন্ত সেগুলো কাজে লেগেছে।

২৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭। ৭১ বলে শান্তর রান ৫১। ৫২ বলে লিটনের রান ৩২।

23 Apr 2026, 12:46 PM

শান্ত-লিটনের জুটিতে পঞ্চাশ

টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৭১ বলে।

সাবলীল ব‍্যাটিং করছেন দুই ব‍্যাটসম‍্যান। মূলত এক-দুই নিয়ে খেলছেন দুই অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান। বাজে বল পেলে মারছেন বাউন্ডারি। জশ ক্লার্কসনের বলে শান্তর তেমনই এক বাউন্ডারিতে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।

২০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৪। ৪৯ বলে এক ছক্কা ও তিন চারে ৩৭ রানে ব‍্যাট করছেন শান্ত। ৩৮ বলে ২৩ রানে খেলছেন লিটন।

23 Apr 2026, 11:51 AM

সৌম‍্যকেও ফেরালেন ও’রোক

নতুন বলে বাংলাদেশকে ভোগাচ্ছেন উইল ও’রোক। নয় ওভারের মধ‍্যে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে দিয়েছেন এই ওপেনার।

তানজিদ হাসানের মতো সৌম‍্য সরকারও অফ স্টাম্পের বাইরের বল টেনে এনেছেন স্টাম্পে।

মাঝ ব‍্যাটে চমৎকার কিছু শট খেলেন সৌম‍্য। পাশাপাশি ব‍্যাটের কানাও নেয় কিছু বল। ব‍্যাটের কানা নেওয়া একটি বল গেল স্টাম্পে। ভাঙল ৩৮ বল স্থায়ী ২৩ রানের জুটি।

২৬ বলে তিন চারে ১৮ রান করেন সৌম‍্য।

৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩২। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।

23 Apr 2026, 11:28 AM

টিকলেন না তানজিদ

পরের ওভারে ফিরে অন‍্য ওপেনার তানজিদ হাসানকেও ফেরালেন উইল ও’রোক।

অফ স্টাম্পের বাইরের আপাত সাদামাটা বল স্টাম্পে টেনে আনলেন তানজিদ। বাউন্সের উপরে গিয়ে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। ঠিক মতো পারেননি, নিচের কানায় লেগে এলোমেলো করে দেয় স্টাম্প।

৫ বলে ১ রান করেন তানজিদ।

৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯ রান। ক্রিজে সৌম‍্য সরকারের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

23 Apr 2026, 11:22 AM

নিউ জিল‍্যান্ডের ব‍্যর্থ রিভিউ

দ্বিতীয় ওভারে একটি রিভিউ হারাল নিউ জিল‍্যান্ড। ন‍্যাথান স্মিথের বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে!

স্মিথের বলের লাইনে যেতে পারেননি তানজিদ হাসা ন। ব‍্যাটের কানা এড়িয়ে বল ছোবল দেয় প‍্যাডে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে ব‍্যর্থ হন নিউ জিল‍্যান্ড অধিনায়ক টম ল‍্যাথাম।

২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৯।

23 Apr 2026, 11:13 AM

শুরুতেই ফিরলেন সাইফ

প্রথম ম‍্যাচে জীবন পেয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা সাইফ হাসান পরের দুই ম‍্যাচেই ফিরলেন দ্রুত। এবার তো রানই করতে পারলেন না এই ওপেনার।

উইল ও’রোকের প্রথম বল ডট খেলেন সাইফ। পরের বলে ধরা পড়েন কিপার টম ল‍্যাথামের গ্লাভসে।

অফ স্টাম্পের বাইরের লেংথ বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি সাইফ। ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। প্রায় প্রথম স্লিপের কাছাকাছি গিয়ে ক‍্যাচ নেন ল‍্যাথাম।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী সৌম‍্য সরকার।

23 Apr 2026, 10:42 AM

নিউ জিল‍্যান্ড দলে ১ পরিবর্তন

প্রথম দুই ওয়ানডেতে একই দল নিয়ে খেলা নিউ জিল‍্যান্ড একটি পরিবর্তন এনেছে। ব্লেয়ার টিকনারের জায়গায় দলে ফিরেছেন বেন লিস্টার। ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন তিনটি ওয়ানডে।

নিউ জিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, বেন লিস্টার, উইল ইয়াং।

23 Apr 2026, 10:39 AM

বাংলাদেশ দলে ২ পরিবর্তন

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।

বাদ পড়েছেন তাসিকন আহমেদ ও রিশাদ হোসেন।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম‍্য সরকার, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

23 Apr 2026, 10:35 AM

টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

টানা তিন ম‍্যাচে টসে হারলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ঢাকায় দুই ম‍্যাচে ব‍্যাটিং নিয়েছিলেন নিউ জিল‍্যান্ড অধিনায়ক টম ল‍্যাথাম, এবার নিলেন ফিল্ডিং।

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে আগের চার ম‍্যাচের তিনটিতে বাংলাদেশ জিতেছিল রান তাড়া করে।

23 Apr 2026, 10:28 AM

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামের প্রতিটি ঘাস যেমন পানির জন্য অপেক্ষায় আছে, বাংলাদশ দলও প্রতিটি পয়েন্টের জন্য একইরকম উন্মুখ! সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে র্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। 

চট্টগ্রামে বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল ১১টায়। 

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন নাহিদ রানা। তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর দুটি ফিফটিতে অনায়াস জয় পায় স্বাগতিকরা। 

23 Apr 2026, 10:12 AM

লাইভ ব্লগে স্বাগত

নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।