২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅন এড়ানো বাংলাদেশের সামনে বড় ব‍্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা

৯ উইকেটে ২৬৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করা বাংলাদেশ এখনও ১৮১ রানে পিছিয়ে।

25 Nov 2024, 03:31 AM

বড় ব‍্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা

ভালো শুরু পেয়েছিলেন বেশ কয়েকজন ব‍্যাটসম‍্যান কিন্তু কেউই পারেননি ইনিংস বড় করতে। দুই অঙ্ক ছুঁতে পারা আট ব‍্যাটস‍ম‍্যানের মধ‍্যে পঞ্চাশ পর্যন্ত যেতে পেরেছেন কেবল দুইজন- মুমিনুল হক ও জাকের আলি। তারাও ফিরেছেন পঞ্চাশ ছুঁয়েই। সবার মিলিত অবদানে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। তবে ব‍ড় ব‍্যবধানে পিছিয়ে পড়া শঙ্কা প্রবলভাবেই আছে।

আলোকস্বল্পতায় এদিনও খেলা শেষ হয়েছে আগেভাগে। ওভাররেটে বেশ পিছিয়ে থাকা ক‍্যরবিয়ানরা সারা দিনে করতে পেরেছে কেবল ৭৮ ওভার।

অ‍্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯। তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৫ রানে ব‍্যাট করছেন।

এখনও ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। চতুর্থ দিন ব‍্যবধান যতটা সম্ভব কমানোর দিকেই থাকবে দুই ব‍্যাটসম‍্যানের নজর।

৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আলজারি জোসেফ। দুটি করে উইকেট নিয়েছেন জেডেন সিলস ও জাস্টিন গ্রেভস।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৪০/২) ৯৮ ওভারে ২৬৯/৯ (মুমিনুল ৫০, শাহাদাত ১৮, লিটন ৪০, মিরাজ ২৩, জাকের ৫৩, তাইজুল ২৫, হাসান ৮, তাসকিন ১১*, শরিফুল ৫*; রোচ ১৫-৪-৩০-১, সিলস ১৭-৭-৪২-২, আলজারি জোসেফ ২৫-৭-৬৯-৩, শামার জোসেফ ১৭-৩-৫৫-১, হজ ৮-০-২১-০, আথানেজ ৫-০-৯-০, গ্রেভস ১১-০-৩৪-২)

25 Nov 2024, 03:06 AM

টিকলেন না হাসান

তৃতীয় দিন শেষ বেলায় হাসান মাহমুদের উইকেট হারাল বাংলাদেশ। এতে সফরকারীদের ইনিংস চলে এলে শেষের কাছে।

জাস্টিন গ্রেভসের অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা মেরে বিপদ ডেকে আনেন হাসান। তৃতীয় স্লিপে ডাইভ দিয়ে নিচু ক‍্যাচ নেন আলিক আথানেজ।

১৬ বলে ৮ রান করেন হাসান।

ক্রিজে গিয়ে দ্বিতীয় বলেই চার মেরেছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশের রান ৯৬ ওভারে ৯ উইকেটে ২৬১।

25 Nov 2024, 02:47 AM

ফলোঅন এড়াল বাংলাদেশ

জাকের আলি ফেরার পরের ওভারেই ফলোঅন এড়াল বাংলাদেশ। আলজারি জোসেফের প্রথম বলে দুই রান নেন হাসান মাহমুদ। দুই বল আবার সীমানার কাছে বল পাঠিয়ে নেন তিন। এতেই নিশ্চিত হয়ে যায়, ফের ব‍্যাটিংয়ে নামতে হবে ক‍্যারিবিয়ানদের।

৯৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৫১।

25 Nov 2024, 02:43 AM

উইন্ডিজের ব‍্যর্থ রিভিউয়ের পর ফিরলেন জাকের

আগের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। হারাল তৃতীয় ও শেষ রিভিউ। বল যেত স্টাম্পের উপর দিয়ে।

জাস্টিন গ্রেভসের পরের বলে বেরিয়ে এসে ছক্কা মারতে চাইলেন জাকের আলি। এড়াতে চাইলেন ফলোঅন। কিন্তু তীব্র বাতাসের জন‍্যই হয়তো সীমানার নাগাল পেলেন না তিনি। পিছিয়ে গিয়ে দারুণ ক‍্যাচ নিলেন জেডেন সিলস।

৮৯ বলে চারটি চারে ৫৩ রান করে ফিরলেন জাকের।

৯২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৪৬। ফলোঅন এড়াতে আরও ৫ রান চাই সফরকারীদের। ক্রিজে হাসান মাহমুদের সঙ্গী তাসকিন আহমেদ।

25 Nov 2024, 02:35 AM

দারুণ ব‍্যাটিংয়ে জাকের পঞ্চাশ

দেড়শ আগেই প্রথম পাঁচ ব‍্যাটসম‍্যানকে হারানো বাংলাদেশ লড়াই করছে জাকের আলির ব‍্যাটে। দারুণ দায়িত্বশীল ব‍্যাটিংয়ে এই কিপার-ব‍্যাটসম‍্যান করেছেন নিজেদের দ্বিতীয় পঞ্চাশ, ৮৫ বলে।

এগিয়ে এসে শামার জোসেফের বলে বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করেন জাকের। সঙ্গে দলকে নিয়ে যান ফলোঅন এড়ানোর আরও কাছে।

৯০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৪০। ৮৫ বলে চারটি চারে ৫০ রানে খেলছেন জাকের। হাসান মাহমুদ খেলেছেন কেবল ১ বল।

25 Nov 2024, 02:30 AM

তাইজুলের বিদায়ে ভাঙল জুটি

সপ্তম উইকেট জুটির প্রতিরোধ ভাঙলেন আলজারি জোসেফ। তাইজুল ইসলামকে ফিরিয়ে বাঁচিয়ে রাখলেন বাংলাদেশকে ফলোঅনে ফেলার আশা।

অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে ভেতরে ঢুকে যাওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি তাইজুল। একটু নিচু হয়ে আঘাত হানে অফ স্টাম্পে। ভাঙে ১১৫ বল স্থায়ী ৬৮ রানের জুটি।

তিন চারে ৬৩ বলে ২৫ রান করেছেন তাইজুল। তার বিদায়ে ক্রিজে এসেছেন হাসান মাহমুদ।

৮৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৩৪। ফলোঅন এড়াতে আরও ১৭ রান চাই সফরকারীদের।

25 Nov 2024, 02:05 AM

জাকের-তাইজুলের জুটিতে পঞ্চাশ

ফলঅন এড়ানোর লড়াইয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন জাকের আলি ও তাইজুল ইসলাম। সপ্তম উইকেটে দুই জনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৮৬ বলে।

জেডেন সিলসের ওভারে দুটি চারের পর শেষ বলে তিন রান নেন তাইজুল। তাতেই জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।

মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর দ্রুত রান তুলছেন জাকের। জুটিতে অগ্রণী বিশেষজ্ঞ এই ব‍্যাটসম‍্যানই। দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার মহাভার তার কাঁধে।

৮৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২১৮। ফলোঅন এড়াতে এখনও ৩৩ রান প্রয়োজন সফরকারীদের।

25 Nov 2024, 01:49 AM

দ্বিতীয় নতুন বল, বাংলাদেশের দুইশ

৮০ ওভার পূর্ণ হওয়ার পর আর অপেক্ষা করলেন না ক্রেইগ ব্র‍্যাথওয়েট। সঙ্গে সঙ্গেই দ্বিতীয় নতুন বল নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

কিমার রোচের প্রথম বলেই ব‍্যাটের কানায় লেগে চার পেয়েছেন জাকের আলি। বাংলাদেশের সংগ্রহ পৌঁছেছে দুইশ রানে।

ওভারে শেষ বলে বেঁচে গেছেন জাকের। ওভার প্রায় ঘোষণা করেই দিয়েছিলেন আম্পায়ার। তবে তৃতীয় আম্পায়ার নো বল ডাকায় আবার বোলিংয়ে ফিরতে হয় রোচের। বাড়তি এই বলেই মিলতে পারত উইকেট।

তৃতীয় স্লিপে ক‍্যাচ নিতে পারেননি ফিল্ডার। সে সময় ৩১ রানে ছিলেন জাকের।

৮১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২০৩। ফলোঅন এড়াতে এখনও ৪৮ রান চাই সফরকারীদের।

25 Nov 2024, 01:39 AM

জীবন পেলেন তাইজুল

তাইজুল ইসলামকে ফিরিয়ে জুটি ভাঙার একট সুযোগ এসেছিল। কিন্তু উইকেটের পেছনে জশুয়া দা সিলভার ব‍্যর্থতায় হাতছাড়া হয়ে গেল সেটা।

আলিক আথানেজের বলে সজোরে কাট করেছিলেন তাইজুল। কিন্তু ঠিক মতো খেলতে পারেননি বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। ব‍্যাটের কানা ছুঁয়ে যায় যায় কিপারের কাছে। কিন্তু গ্লাভসে জমাতে পারেননি দা সিলভা।

সে সময় ৯ রানে ছিলেন তাইজুল।

৭৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৯২।

25 Nov 2024, 01:15 AM

শর্ট বলেই ফিরলেন মিরাজ

এক প্রান্তে কাভেম হজ করলেন প্রথম ওভার। আরেক প্রান্তে এলেন আলজারি জোসেফ। তার বাউন্সারে মিলল সাফল‍্য। সহজ ক‍্যাচ দিয়ে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ।

ইনিংসের শুরুতে জোসেফ ও জেডেন সিলসের শর্ট বলে খুব ভোগান্তিতে পড়েছিলেন মিরাজ। দুই পেসার আক্রমণ থেকে সরার পর কিছুটা রানও পান এই অলরাউন্ডার।

চা বিরতির পর জোসেফ ফিরলেন শর্ট বলে আবার পরীক্ষায় ফেলার জন‍্য। এই যাত্রায় খুব একটা সুবিধা করতে পারলেন না মিরাজ। ডিফেন্ড করার চেষ্টায় ক‍্যাচ দিলেন শর্ট লেগে। ভাঙল ৬১ বল স্থায়ী ২১ রানের জুটি।

৬৭ বলে তিন চারে ২৩ রান করেন মিরাজ।

৭০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৭। ক্রিজে জাকের আলির সঙ্গী তাইজুল ইসলাম। ফলোঅন এড়াতে এখনও ৮৪ রান প্রয়োজন বাংলাদেশের।

25 Nov 2024, 01:09 AM

মুমিনুল-লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ

দ্বিতীয় সেশনে আরও কমেছে ওয়েস্ট ইন্ডিজের ওভাররেট। তবে বেড়েছে বাংলাদেশের বিপদ। মধ্যাহ্ন বিরতির পর মুমিনুল হক ও লিটন কুমার দাসের উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ।

দিনের দ্বিতীয় সেশনে ২৩ ওভারে ৬০ রান করতে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত ৬৮ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫ রান। স্বাগতিকদের চেয়ে ২৮৫ রানে পিছিয়ে তারা। ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ৮৬ রান।

ওয়েস্ট ইন্ডিজের মাঠে তৃতীয় ও সব মিলিয়ে ক্যারিয়ারের ২১তম ফিফটি করেই ড্রেসিং রুমের পথ ধরেন মুমিনুল। তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে গড়া ৬২ রানের চতুর্থ উইকেট জুটি। 

এরপর লিটনও বেশিক্ষণ টিকতে পারেননি। পুল খেলার চেষ্টায় স্টাম্পে বল টেনে আনেন তিনি ৪০ রান করে।

সেশনের বাকি সময়ে উইকেট পড়তে দেননি মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। মিরাজ ৬১ বলে ২২ ও জাকের ২২ বলে ৫ রানে অপরাজিত। জুটির সংগ্রহ ৫০ বলে ২০ রান।

25 Nov 2024, 12:13 AM

লিটনকে ফেরালেন শামার

প্রান্ত বদল করে নতুন স্পেলে প্রথম বলেই লিটন কুমার দাসের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরাল আবেদন করেছিলেন শামার জোসেফ। সে দফায় সফল না হলেও পরের ওভারে আর হতাশ হতে হয়নি ক্যারিবিয়ান পেসারকে।

অফ স্টাম্পের বাইরে শর্ট ডেলিভারি পুল করার চেষ্টায় স্টাম্পে টেনে এনেছেন লিটন। ৩ চারে ৭৬ বলে ৪০ রান করে ধরেছেন ড্রেসিং রুমের পথ। তার বিদায়ে দেড়শর আগেই প্রথম পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ৩৩ বলে ৭ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।

৬০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান। ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ১০৬ রান।

25 Nov 2024, 12:03 AM

আরেকটি ব‍্যর্থ রিভিউ

শর্ট বলে বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে বেশ ভোগাচ্ছিলেন আলজারি জোসেফ ও জেডেন সিলস। দুই পেসারকেই সরিয়ে কেমার রোচ ও শামার জোসেফকে আক্রমণে আনলেন ক্রেইহ ব্র‍্যাথওয়েট। নতুন স্পেলে শামারের প্রথম বলে এলিবডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন তিনি।

স্টাম্পে পিচ কর ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি লিটন দাস। ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প‍্যাডে। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পয়ার।

প্রথম দেখায় যেটা মনে হচ্ছিল বল ট্র‍্যাকিং নিশ্চিত করে সেটাই। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে। নষ্ট হলো ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় রিভিউ।

৫৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৪৪।

24 Nov 2024, 11:15 PM

পঞ্চাশ করেই আউট মুমিনুল

সাবধানী ব্যাটিং করতে করতে হুট করেই যেন মনোযোগ হারালেন মুমিনুল হক। তাতেই এলো বিপদ। ফিফটি করেই ড্রেসিং রুমে ফিরলেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান।

জেডেন সিলসের মিডল স্টাম্প লাইনের ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাট কিছুটা দেরিতে নামান মুমিনুল। সেই প্রক্রিয়ায় আগেই প্যাডে লেগে যায় ব্যাট। ফলে বলে আর ব্যাট ছোঁয়াতে পারেননি।

প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। লিটন কুমার দাস সঙ্গে সঙ্গে রিভিউয়ের ইঙ্গিত করলে মুমিনুলও রিভিউ নিয়ে নেন। তাতে কোনো লাভ হয়নি। ৩ চারে ১১৬ বলে ৫০ রান করে ফেরেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের মাঠে তৃতীয় ও সব মিলিয়ে মুমিনুলের এটি ২১তম ফিফটি।

24 Nov 2024, 11:10 PM

মুমিনুলের ১০ হাজার

আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভের মতো খেললেন মুমিনুল হক। বলের পিছু ছুটে থামাতে পারলেন না ফিল্ডার। কভার-পয়েন্ট দিয়ে বল চলে গেল সীমানায়, মুমিনুল পৌঁছে গেলেন ১০ হাজারের ঠিকানায়।

এই বাউন্ডারিতে পূর্ণ হয় প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুলের ১০ হাজার রান। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৫২ ম্যাচে ২৬৭ ইনিংসে ২৯ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৪৬টি।

মুমিনুলের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করা অন্য দুজন হলেন তুষার ইমরান (১১ হাজার ৯৭২ রান) ও নাঈম ইসলাম (১০ হাজার ৬২৪ রান)।

24 Nov 2024, 11:00 PM

মুমিনুল-লিটন জুটির পঞ্চাশ

আলজারি জোসেফের ব্যাক অব লেংথ ডেলিভারি চমৎকার পুল শটে বাউন্ডারি মারলেন মুমিনুল হক। ডিপ স্কয়ার লেগ ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানায়। একইসঙ্গে পূর্ণ হলো চতুর্থ উইকেট জুটির পঞ্চাশ রান, ৯০ বলে।

শাহাদাত হোসেনের বিদায়ের পর থেকে সাবলীল ব্যাটিং করছেন মুমিনুল ও লিটন কুমার দাস। প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ দিচ্ছেন না বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

৪৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৭ রান। মুমিনুল ১০৩ বলে ৪১ ও লিটন ৪৫ বলে ২৯ রানে অপরাজিত।

24 Nov 2024, 10:14 PM

প্রথম সেশনে ১ উইকেটে ৬৫

তৃতীয় দিনের প্রথম সেশনের চ্যালেঞ্জ উৎরে গেল বাংলাদেশ। সকালের সেশনে শাহাদাত হোসেনের উইকেট হারিয়ে ২৫ ওভারে তাদের সংগ্রহ ৬৩ রান। 

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সব মিলিয়ে ৪৫ ওভারে ৩ উইকেটে ১০৫ রান করেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩৪৫ রানে পিছিয়ে সফরকারীরা। ফলো-অন এড়াতেও করতে হবে আরও ১৪৬ রান।

তবে প্রথম সেশনের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ফলো-অন এড়ানো এমনকি ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি যাওয়াও তেমন কঠিন হবে না বাংলাদেশের জন্য।

মনোযোগী ব্যাটিংয়ে একপ্রান্ত আগলে রেখেছেন মুমিনুল হক। ৯৮ বলে ৩৮ রানে অপরাজিত অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। শুরু থেকে স্বাচ্ছ্যন্দের সঙ্গে ব্যাটিং করা লিটন কুমার দাস খেলছেন ৩৮ বলে ২১ রানে। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৭৮ বলে ৩৯ রান।

দিনের শুরুটা সাবধানী করেন মুমিনুল ও শাহাদাত হোসেন। আলজারি জোসেফ, শামার জোসেফদের কোনো সুযোগ না দিয়ে এগোতে থাকেন তারা। পানি বিরতির আগের ওভারে এই জুটি ভাঙেন কিমার রোচ।

অফ স্টাম্প ঘেঁষে করা ডেলিভারির লাইনে যেতে পারেননি শাহাদাত। দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন তরুণ ব্যাটসম্যান। ৭১ বলে তিনি করেন ৭৮ রান। তার বিদায়ে ভাঙে ১২৯ বলে ৪৫ রান।

শাহাদাতের উইকেট ছাড়া আর তেমন সুযোগ তৈরি করতে পারেননি স্বাগতিক বোলাররা। উইকেটও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো অবস্থায়ই আছে। মধ্যাহ্ন বিরতির পর তাই দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের ওপরই থাকবে বড় দায়িত্ব।

24 Nov 2024, 10:01 PM

ওয়েস্ট ইন্ডিজের ব‍্যর্থ রিভিউ

জাস্টিন গ্রেভসের বল ছুঁয়ে গেল ব‍্যাটের কানা, বুঝতেই পারলেন না ওয়েস্ট ইন্ডিজের কেউ। তাই এলবিডব্লিউর জোরাল আবদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় ক্রেইগ ব্র‍্যাথওয়েট নিলেন রিভিউ। স্বাভাবিকভাবেই ব‍্যর্থ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে একটুর জন‍্য লাইন মিস করেননি মুমিনুল। বেঁচে গেলেন হয়তো সেটার জন‍্যই। বলে ব‍্যাটের মৃদ‍ু স্পর্শ ওয়েস্ট ইন্ডিজ হারাল একটি রিভিউ।

সে সময় ৩৪ রানে ছিলেন মুমিনুল।

৪৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৯। ৯৮ বলে ৩৮ রানে খেলছেন মুমিনুল। ৩২ বলে লিটন দাসের রান ১৫।

24 Nov 2024, 09:08 PM

শাহাদাতের প্রতিরোধ ভাঙলেন রোচ

অনেকটা সময় মাটি কামড়ে পড়েছিলেন শাহাদাত হোসেন। তরুণ এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের প্রতিরোধ ভাঙলেন কিমার রোচ।

অফ স্টাম্প ঘেঁষে করা ফুল লেংথ ডেলিভারির লাইনে পুরোপুরি যেতে পারেননি শাহাদাত। পা বাড়িয়ে খেলার চেষ্টাতে তাই সফল হননি। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে স্লিপে, কাভেম হজের হাতে।

ভাঙে ১২৯ বলে গড়া ৪৫ রানের জুটি।

৭১ বলে এক চারে ১৮ রান করে একরাশ হতাশা নিয়ে ফেরেন শাহাদাত।

৩৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৯। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী লিটন দাস।

24 Nov 2024, 08:43 PM

বাংলাদেশের সাবধানী শুরু

নতুন দিনের শুরুতে সতর্কতার সঙ্গে ব্যাটিং করছেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন। দিনের প্রথম ৮ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি তারা, যোগ করেছেন ২৪ রান।

আলজারি জোসেফ ও শামার জোসেফ মিলে শুরুতে করেন ৬ ওভার। দুই ব্যাটসম্যানের মনে তেমন প্রশ্নের জন্ম দিতে পারেননি তারা। আত্মবিশ্বাস নিয়েই খেলেন মুমিনুল ও শাহাদাত।

২৭তম ওভারে আক্রমণে আসেন কিমার রোচ। তিনিও প্রথম ওভারে তেমন কিছু করতে পারেননি। শামারের পরের ওভার থেকে একটি বাউন্ডারিসহ ৮ রান নেন মুমিনুল।

২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৪ রান। মুমিনুল ৪৬ বলে ২১ ও শাহাদাত ৫৭ বলে ১৮ রানে অপরাজিত।

24 Nov 2024, 08:10 PM

শুরুতে আক্রমণে দুই জোসেফ

তৃতীয় দিনের সকালে আলজারি জোসেফ ও শামার জোসেফের হাতে বল তুলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েট।

প্রথম ২ ওভারে এসেছে কেবল ১ রান। আলজারির ওভার মুমিনুল হক মেডেন দেওয়ার পর শামারের শেষ বলে সিঙ্গেল নিয়েছেন শাহাদাত হোসেন।

24 Nov 2024, 07:42 PM

বড় রানের সন্ধানে বাংলাদেশ

দুটি নব্বইছোঁয়া ইনিংস, একটি সেঞ্চুরি আর দুটি প্রায় দেড়শ রানের জুটিতে বড় সংগ্রহ গড়া ওয়েস্ট ইন্ডিজ এরই মধ‍্যে চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে। স‍্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই দলের সবশেষ দুটি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে তারা আউট করেছিল ৪৩ ও ১০৩ রানে। লড়াইয়ে থাকতে হলে এমন কিছুর পুনরাবৃত্তি এড়িয়ে বড় দলীয় ইনিংসই গড়তে হবে সফরকারীদের। 

অ‍্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৪১০ রানে পিছিয়ে তারা। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ২১১ রান।

২৩ বলে ৭ রানে খেলছেন মুমিনুল হক। ১ চারে ৩১ বলে ১০ রান করে অপরাজিত প্রায় সাত মাস পর খেলতে নামা শাহাদাত হোসেন।

উইকেটে বোলারদের জন‍্য এখনও সহায়তা আছে। ভালো জায়গায় টানা বল করে বাংলাদেশের ব‍্যাটসম‍্যানদের বেশ ভুগিয়েছেনও ক‍্যারিবিয়ান পেসাররা। তবে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে ব‍্যাট করলে এখানে টিকে থাকা সম্ভব, বড় রানও করা সম্ভব।

তৃতীয় দিন সেই মানসিকতা নিয়েই খেলবে হবে সফরকারী ব‍্যাটসম‍্যানদের। বড় আশা হয়ে টিকে আছেন মুমিনুল, এখনও ব‍্যাটিংয়ে নামা বাকি লিটন কুমার দাসের। ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি যেতে হলেও অভিজ্ঞ দুই ব‍্যাটসম‍্যানের নিতে হবে বাড়তি দায়িত্ব।

24 Nov 2024, 07:42 PM

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে. 

বাংলাদেশ ১ম ইনিংস: ২০ ওভারে ৪০/২ (জয় ৫, জাকির ১৫, মুমিনুল ৭*, শাহাদাত ১০*; রোচ ৪-০-৬-০, সিলস ৬-৪-১৫-১, আলজারি জোসেফ ৫-৩-২-১, শামার জোসেফ ৩-১-৮-০, হজ ১-০-৩-০, আথানেজ ১-০-৪-০)