২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

তাইজুলের ৪ উইকেট এবং সাদমান-জয়ের পঞ্চাশে চালকের আসনে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

 

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৬৫

 

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭ ওভারে ১৫৬/১

21 Nov 2025, 04:44 PM

বাংলাদেশের আরেকটি ভালো দিন

তৃতীয় দিন আয়ারল‍্যান্ড ব‍্যাটিংয়ে বেশ ভালো করলেও তাইজুল ইসলামের ৪ উইকেটে ২১১ রানের বড় লিড নিল বাংলাদেশ। পরে দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল ইসলামের পঞ্চাশ এবং তাদের শতরানের জুটির সৌজন‍্যে মিরপুর টেস্টে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করল তারা।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫৬। ১১০ বলে পাঁচ চারে ৬৯ রানে খেলছেন সাদমান ইসলাম। ২১ বলে চারটি চারে মুমিনুল হকের রান ১৯। তাদের জুটিতে ৩৭ রান এসেছে ৩৫ বলে।

৯ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ এগিয়ে ৩৬৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৬৫

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭ ওভারে ১৫৬/১ (জয় ৬০, সাদমান ৬৯*, মুমিনুল ১৯*; নিল ৪-০-২৭-০, হামফ্রিজ ৬-০-২৫-০, ম‍্যাকব্রাইন ১৫-২-৪০-০, হোয়ে ১২-০-৫৬-১)

21 Nov 2025, 04:19 PM

শুরুর জুটি ভাঙলেন হোয়ে

অফ স্টাম্পে পিচ করে সোজা যাওয়া বল ভুল লাইনে খেলার মাশুল দিলেন মাহমুদুল হাসান জয়। এলবিডব্লিউ হলেন এই ওপেনার, ভাঙল ১৮৭ বল স্থায়ী ১১৯ রানের উদ্বোধনী জুটি।

গ‍্যাভিন হোয়ের ডেলিভারিত হাত থেকে পড়তে পারেননি জয়। লেগ স্পিন ভেবে খেলেন ভুল লাইনে। বল আঘাত হানে প‍্যাডে। সাদমান ইসলামের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফেরেন জয়।

বল ট্র‍্যাকিং অনুযায়ী সোজা গিয়ে অফ স্টাম্পে আঘাত হানত বল।

৯১ বলে ছয়টি চারে ৬০ রান করেন জয়।

৩২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১২৩। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

21 Nov 2025, 03:56 PM

জয়ের পর সাদমানের পঞ্চাশ, জুটির একশ

আগের ওভারে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করলেন মাহমুদুল হাসান জয়, ৭৫ বলে। পরের ওভারে ২ রান নিয়ে পঞ্চাশে গেলেন সাদমান ইসলাম। সঙ্গে সিরিজে দ্বিতীয়বার শতরানের জুটি উপহার দিলেন তারা, ১৫২ বলে।

নতুন বলে দ্রুত তোলায় মনোযোগী ছিলেন দুই ব‍্যাটসম‍্যান। আপাতত এক-দুই নিয়ে খেলছেন তারা। খুব বেশি ডট খেলছেন না, বোলারদের চেপে ধরার সুযোগ দিচ্ছেন না।

উইকেটে স্পিনারদের জন‍্য যথেষ্ট সুবিধা আছে। কখনও আচমকা বিশাল টার্ন করছে, হুট করে বল নিচু হয়ে যাচ্ছে। কখনও বাড়তি বাউন্স কঠিন পরীক্ষা নিচ্ছে। সব ঠাণ্ডা মাথায় সামাল দিচ্ছেন দুই ব‍্যাটসম‍্যান।

টানা দুই ম‍্যাচে শতরানের উদ্বোধনী জুটি কেবল দ্বিতীয়বার দেখল বাংলাদেশ। টানা তিন ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি হলো চারবার। আগের তিনবার এই যাত্রা থেমেছিল তিন ইনিংসেই।

২৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০৩। ৭৮ বলে ছয় চারে ৫১ রানে খেলছেন জয়। ৭৮ বলে পাঁচ চারে সাদমান ব‍্যাট করছেন ৫২ রানে।

21 Nov 2025, 03:11 PM

জীবন পেলেন জয়

লেগ স্পিনার গ‍্যাভিন হোয়ের বলে দ্বিতীয় স্লিপে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন মাহমুদুল হাসান জয়।

বাড়তি বাউন্স করা ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ক‍্যাচ দেন জয়। দ্বিতীয় স্লিপ ফিল্ডারের আঙুল ছুঁয়ে প্রথম স্লিপে থাকা ফিল্ডারের নাগালের বাইরে গিয়ে পড়ে বল। সে সময় ৩২ রানে ছিলেন জয়।

১৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৭০।

21 Nov 2025, 02:53 PM

জয়-সাদমানের জুটিতে পঞ্চাশ

টানা তিন ইনিংসে পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটি উপহার দিলেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

মিরপুর টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে তাদের জুটির পঞ্চাশ এসেছে ৫৮ বলে।

বড় লিড নিয়ে ইনিংস শুরু করা স্বাগতিকরা রান তুলছে দ্রুত। প্রথম ১০ ওভারে এসেছে আটটি বাউন্ডারি।

১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৩। ৩১ বলে জয়ের রান ২৮। ২৯ বলে সাদমানের রান ২৫।

21 Nov 2025, 02:20 PM

জয়-সাদমানের ব‍্যাটে বাংলাদেশের ভালো শুরু

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

চা বিরতির আগে খেলা ৭ ওভারে এসেছে ৪১ রান। লিড ছাড়িয়েছে আড়াইশ।

২৩ বলে চারটি চারে ২৩ রানে ব‍্যাট করছেন জয়। এই ইনিংসের পথে টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

১৯ বলে তিন চারে ১৮ রানে খেলছেন সাদমান।

প্রথম ইনিংসে ২১১ রানের লিড নেওয়া স্বাগতিকরা এখন ২৫২ রানে এগিয়ে।

21 Nov 2025, 01:46 PM

সাকিবকে ছুঁলেন তাইজুল

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় এখন সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে তাইজুল ইসলাম। এই সংস্করণে দুই বাঁহাতি স্পিনারেরই উইকেট ২৪৬টি।

ম‍্যাথু হামফ্রিজকে বিদায় করে সাকিবকে স্পর্শ করেন তাইজুল। সঙ্গে আয়ারল‍্যান্ডের প্রথম ইনিংস ২৬৫ রানে থামিয়ে বাংলাদেশকে এনে দেন ২১১ রানের বড় লিড।

তাইজুলের বলে রিভার্স সুইপ করে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে সৈয়দ খালেদ আহমেদের হাতে ধরা পড়েন হামফ্রিজ। ১৪ বলে তিনি করেন ৪ রান।

১৭১ বলে ৭ চারে ৭৫ রানে অপরাজিত থাকেন লর্কান টাকার।

৭৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল। দুটি করে উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মুরাদ। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ৯৮/৫) ৮৮.৩ ওভারে ২৬৫ (টাকার ৭৫*, ডোহেনি ৪৬, ম‍্যাকব্রাইন ০, নিল ৪৯, হোয়ে ৪, হামফ্রিজ ৪; ইবাদত ১২-১-৪৭-১, খালেদ ৮-০-৩৯-২, তাইজুল ৩৫.৩-৬-৭৬-৪, মুরাদ ২১-৩-৫৩-২, মিরাজ ৯-১-৩৮-১, মুমিনুল ৩-১-৫-০)

21 Nov 2025, 01:25 PM

আক্রমণে এসেই সফল খালেদ

দ্বিতীয় দিন প্রথমবার আক্রমণে এসেই সাফল‍্য পেলেন সৈয়দ খালেদ আহমেদ। তার চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন অভিষিক্ত গ‍্যাভিন হোয়ে।

হার্ড লেংথের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন ব‍্যাটসম‍্যান। পুরোপুরি লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

জোরাল আবদনে আম্পায়ার সাড়া দিলে ফিরে যান ব‍্যাটসম‍্যান। ১০ বলে হোয়ে করেন ৪ রান।

৮৬ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৯ উইকেটে ২৫৬। ফলোঅন এড়াতে এখনও ২১ রান চাই সফরকারীদের।

ক্রিজে লর্কান টাকারের সঙ্গী মাথু হামফ্রিজ।

21 Nov 2025, 01:09 PM

নিলকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত

দ্বিতীয় নতুন বলের তৃতীয় ওভারে মিলল সাফল‍্য। ইবাদত হোসেনের শর্ট বলে চমকে গিয়ে ক‍্যাচ দিলেন জর্ডান নিল।

এক বল আগেও অবশ‍্য ফিরতে পারতেন আইরিশ অলরাউন্ডার। অনেক সময় পেলেও থ্রো স্টাম্পে রাখতে পারেননি বোলার ইবাদত। রান আউট হওয়া থেকে বেঁচে যান নিল।

এক বল পর খেলবেন না ছাড়বেন এ নিয়ে দ্বিধায় ঠিক মতো খেলতে পারেননি ব‍্যাটসম‍্যান। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় কাভারে। একটু সরে গিয়ে ক‍্যাচ নেন মুমিনুল হক। ভাঙে ১৪৫ বল স্থায়ী ৭৪ রানের জুটি।

৮৩ বলে নয় চারে ৪৯ রান করেন নিল।

৮৩ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৮ উইকেটে ২৫১। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী গ‍্যাভিন হোয়ে।

21 Nov 2025, 12:58 PM

দ্বিতীয় নতুন বল নিলেন শান্ত

৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভার করলেন ইবাদত হোসেন।

পরের ওভারে আক্রমণে এলেন তাইজুল ইসলাম। আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ দ্বিতীয় দিন বোলিং পাননি এখনও।

৮২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ২৪৮।

21 Nov 2025, 12:38 PM

টাকার-নিলের জুটিতে পঞ্চাশ

অষ্টম উইকেটে প্রতিরোধ গড়েছেন লর্কান টাকার ও জর্ডান নিল। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ১০৩ বলে।

তাইজুল ইসলাম তিন বলের মধ‍্যে স্টিভেন ডোহেনি ও অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনকে ফিরিয়ে দিলে জুটি গড়েন টাকার ও নিল। তাদের ব‍্যাটে ফলো অন এড়াতে লড়ছে আয়ারল‍্যান্ড।

৭৬ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ২২৬। ৬২ বলে ৩২ রানে খেলছেন নিল। ১৪১ বলে টাকারের রান ৬১।

21 Nov 2025, 11:38 AM

আয়ারল‍্যান্ডের ভালো সেশনে তাইজুলের ২ উইকেট

তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ২ উইকেটে ১১৩ রান যোগ করেছে আয়ারল‍্যান্ড। দুটি উইকেটই নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

লাঞ্চে যাওয়ার সময় আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ২১১। ১২০ বলে ছয় চারে ৫৬ রানে খেলছেন লর্কান টাকার। ৪১ বলে পাঁচ চারে ২৪ রানে ব‍্যাট করছেন জর্ডান নিল।

তাদের জুটিতে ৬৩ বলে এসেছে ৩৬ রান। ফলো অন এড়াতে আরও ৬৬ রান চাই সফরকারীদের।

তিন বলের মধ‍্যে স্টিভেন ডোহেনি ও অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনকে বোল্ড করেন তাইজুল।  

21 Nov 2025, 11:29 AM

আম্পায়ার্স কলে বাঁচলেন টাকার

হাসান মুরাদের বলে রিভিউ নিয়ে সফল হলেন না নাজমুল হোসেন শান্ত। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন ব‍্যাটসম‍্যান লর্কান টাকার।

মুরাদের আর্ম বল ব‍্যাটে খেলতে পারেননি ব‍্যাটসম‍্যান। এলবিডব্লিউর জোরাল আবেদন করে বাংলাদেশ, তাতে সাড়া দেননি আম্পায়ার।

কিপার লিটন দাস ও বোলার মুরাদের সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন শান্ত। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প। আম্পায়ার আউট না দেওয়ায় টিকে যান ব‍্যাটসম‍্যান। আম্পায়ার্স কলের জন‍্য টিকে যায় বাংলাদেশের রিভিউ।

৬৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২০৪।

21 Nov 2025, 11:19 AM

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে টাকারের পঞ্চাশ

মেহেদী হাসান মিরাজের ওভারে বাউন্ডারি পঞ্চাশ করলেন লর্কান টাকার, ১০৪ বলে।

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে আয়ারল‍্যান্ডকে এগিয়ে নিচ্ছেন এই উইকেটরক্ষক-ব‍্যাটসম‍্যান। এক প্রান্ত আগলে রেখেছেন তিনি। স্টিভেন ডোহনির সঙ্গে ৮১ রানের জুটি গড়ার পর জর্ডান নিলের সঙ্গে গড়েছেন প্রতিরোধ।

ফল-অন বাঁচানোর লড়াইয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আয়ারল‍্যান্ড। সেই ওভারে নিলের বাউন্ডারিতে সফরকারীদের রান ছুঁয়েছে দুইশ।

৬৪ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ২০২। ৫১ রানে খেলছেন টাকার। নিল ব‍্যাট করছেন ২০ রানে।

21 Nov 2025, 11:06 AM

তাইজুলের জোড়া আঘাত

সকাল থেকে টানা বোলিং করে যাওয়া তাইজুল ইসলামের হাত ধরেই এলো সাফল‍্য। দারুণ এক ডেলিভারিতে স্টিভেন ডোহেনিকে বোল্ড করে দিলেন বাঁহাতি এই স্পিনার। ভাঙলেন ১৫০ বল স্থায়ী ৮১ রানের জুটি।

এক বল পর আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনকেও বোল্ড করলেন তাইজুল।

একটু ঝুলিয়ে দেওয়া বলের লাইনে যেতে পারেননি ডোহেনি। বল স্পিন করে আঘাত হানে অফ স্টাম্পে।

৭৭ বলে চারটি চারে ৪৬ রান করে ফেরেন অভিষিক্ত ডোহেনি।

এক বল পর রক্ষণ করার চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি নতুন ব‍্যাটসম‍্যান ম‍্যাকব্রান। ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে আঘাত হানে মিডল স্টাম্পে।

২ বল খেলে রানের দেখা পাননি ম‍্যাকব্রাইন।

৫৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ১৭৫। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী জর্ডান নিল।

21 Nov 2025, 10:50 AM

ভূমিকম্পের বাগড়া

ম‍্যাচের মাঝপথে বাগড়া দিল ভূমিকম্প। কিছুক্ষণ বন্ধ থাকল খেলা। আবার শুরু হওয়ার পর মেহেদী হাসান মিরাজের বলে লেট কাট করে বল বাউন্ডারিতে পাঠালেন লর্কান টাকার।

৫৬ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ১৬৯। ৭০ বলে স্টিভেন ডোহেনির রান ৪২। ৯২ বলে টাকারেরও রান ৪২।

21 Nov 2025, 10:36 AM

উইকেটশূন‍্য প্রথম ঘণ্টা

শুরুতে একটা সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাতে পারেননি মাহমুদুল হাসান জয়। জীবন পেয়ে পাল্টা আক্রমণে দ্রুত এগিয়েছেন স্টিভেন ডোহেনি। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন লর্কান টাকার। তাদের জুটিতে প্রথম ঘণ্টায় ১৬ ওভারে ৬৪ রান যোগ করেছে আয়ারল‍্যান্ড।

পানি বিরতির সময় আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ১৬২ রান।

এক প্রান্তে টানা ৮ ওভার করেছেন তাইজুল ইসলাম। অন‍্য প্রান্তে ৮ ওভার করেছেন ইবাদত হোসেন, হাসান মুরাদ ও মেহেদী হাসান মিরাজ।

৬৯ বলে ৪১ রানে খেলছেন অভিষিক্ত ডোহেনি। ৮১ বলে ৩৬ রানে খেলছেন টাকার।

21 Nov 2025, 10:15 AM

টাকার-ডোহেনির জুটিতে পঞ্চাশ

তৃতীয় দিন সকালে দ্রুত করলেন লর্কান টাকার ও স্টিভেন ডোহেনি। তাদের জুটি পঞ্চাশ স্পর্শ করেছে ৮৭ বলে।

ইবাদত হোসেনের জায়গায় আক্রমণে আসা হাসান মুরাদের পরপর দুই বলে দুটি বাউন্ডারিতে জুটির রান পঞ্চাশে নিয়ে যান ডোহেনি।

৪৮ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ১৪৪। ৬৬ বরে ২৬ রানে খেলছেন টাকার। ৪৮ বলে অভিষিক্ত ডোহেনি ব‍্যাট করছেন ৩৩ রানে।

21 Nov 2025, 09:58 AM

জীবন পেলেন ডোহেনি

ইবাদত হোসেনের বলে গালিতে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন স্টিভেন ডোহেনি। ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি মাহমুদুল হাসান।

তৃতীয় দিন সকালে তাইজুল ইসলাম ও ইবাদতকে আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইবাদতের করা দিনের চতুর্থ ওভারে আসে প্রথম সুযোগ। অফ স্টাম্পের বাইরে বলে ড্রাইভ করতে চেয়েছিলেন ডোহেনি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় গালিতে। সেখানে সুযোগ কাজে লাগাতে পারেননি জয়।

সে সময় ১২ রানে ছিলেন ডোহেনি।

৪২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ১১৬।

21 Nov 2025, 09:25 AM

বড় লিডের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রানের সংগ্রহ গড়া বাংলাদেশ চেপে ধরেছে আয়ারল‍্যান্ডকে। হাসান মুরাদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের স্পিন আশা জাগিয়েছে বড় লিডের। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৯৮।  ৩৩ বলে ১১ রানে খেলছেন লর্কান টাকার। ২১ বলে ২ রানে ব‍্যাট করছেন অভিষিক্ত স্টিভেন ডোহেনি। 

ফলোঅন এড়াতে এখনও ১৭৯ রান চাই সফরকারীদের। 

প্রথম দিন থেকেই উইকেটে স্পিনারদের জন‍্য যথেষ্ট সহায়তা রয়েছে। দিন দিন সেটা বাড়ছে। তাই তৃতীয় দিন আইরিশ ব‍্যাটসম‍্যানদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। 

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬ 

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক‍্যাম্ফার ০, টাকার ১১*, ডোহেনি ২*; ইবাদত ৫-১-১০-০, খালেদ ৬-০-৩০-১, তাইজুল ১২-১-৩২-১, মুরাদ ১০-৩-১০-২, মিরাজ ৩-০-১১-১, মুমিনুল ১-১-০-০)