- দিনের শেষ বলে বাঁচলেন মিরাজ
- দ্বিতীয় রিভিউ হারাল অস্ট্রেলিয়া
- ১১ ওভার পরেই স্পিন
- মুশফিককেও হারাল বাংলাদেশ
- শূন্যতেই শেষ লিটন
- শান্তর বিদায়ে ভাঙল জুটি
- দ্বিতীয় নতুন বল নিল অস্ট্রেলিয়া
- আক্রমণে অস্ট্রেলিয়ার অষ্টম বোলার!
- মুশফিক-শান্তর জুটিতে পঞ্চাশ
- ১০১ রানে থামলেন তানজিদ
- তানজিদের সেঞ্চুরি, শান্তর ফিফটি
- লিড নিল বাংলাদেশ
- শান্ত-তানজিদের জুটিতে পঞ্চাশ
- বাংলাদেশের চমৎকার সেশন
- জীবন পেলেন তানজিদ
- ভাঙল শতরানের জুটি
- তানজিদের ‘প্রথম’ পঞ্চাশ
- রিভিউ হারাল অস্ট্রেলিয়া
- মুমিনুলের বাউন্ডারিতে বাংলাদেশের একশ
- আরেকটি ভালো দিনের অপেক্ষায় বাংলাদেশ
- লাইভ ব্লগে স্বাগত
14 Aug 2026, 02:13 PM
দিনের শেষ বলে বাঁচলেন মিরাজ
মার্নাস লাবুশেন সফল হয়েই যাচ্ছিলেন। কিন্তু ক্যামেরন গ্রিন পারলেন না সুযোগ কাজে লাগাতে। দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ ছেড়ে দিলেন এই অলরাউন্ডার।
লাবুশেনের একটু বাড়তি বাউন্স করা বলে ঠিকঠাক কাট করতে পারেননি মিরাজ। বল যায় সরাসরি গ্রিনের হাতে। কিন্তু নিচু ক্যাচ নিতে পারেননি তিনি। সেখানেই দিনের খেলার সমাপ্তি ঘটে।
১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। সফরকারীরা এখন ১৫৩ রানে এগিয়ে। শুক্রবার ৮৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান যোগ করেছে তারা।
৭৩ বলে তিন চারে ৩২ রানে ব্যাট করছেন মিরাজ। ৭৬ বলে দুই চারে ১৩ রানে ব্যাট করছেন হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও এতো বল টেকেননি তিনি।
দ্বিতীয় নতুন বলে বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ১১ রানের মধ্যে ফিরিয়ে দিয়েছিল নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমকে। তবে এরপর দারুণ দৃঢ়তা দেখান মিরাজ ও হাসান। তাদের জুটিতে ৪৩ রান আসে ১৪৭ বলে।
২০০৬ সালে ফতুল্লায় দেড়শ রানের লিড নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এবার আরও বড় লিডের পথে আছে তারা।
এশিয়ার মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়া নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেন তানজিম। সম্ভাবনা জাগিয়েও পারেননি শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৯৬/১) ১১০ ওভারে ৩৫১/৬ (তানজিদ ১০১, মুমিনুল ৪৯, শান্ত ৮৪, মুশফিক ৩৬, লিটন ০, মিরাজ ৩২*, হাসান ১৩*; স্টার্ক ২১-২-৬৮-২, হেইজলেউড ২০-৩-৬৮-২, গ্রিন ৮-২-২৬-০, কামিন্স ২০-৩-৫০-১, লায়ান ২৫-১-৯২-১, ওয়েবস্টার ১০-১-২৮-০, হেড ২-০-৩-০, লাবুশেন ৪-১-৪-০)
14 Aug 2026, 01:07 PM
দ্বিতীয় রিভিউ হারাল অস্ট্রেলিয়া
মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের জমে যাওয়া জুটি ভাঙার চেষ্টায় রিভিউ নিয়ে ব্যর্থ হলো অস্ট্রেলিয়া।
ন্যাথান লায়নের অফ স্টাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাওয়া ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি হাসান। তবে প্যাড স্পর্শ তার ব্যাট। সেই শব্দ থেকে কট বিহাইন্ডের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন কিপার অ্যালেক্স কেয়ারি।
প্যাট কামিন্স রিভিউ নেওয়ার পর স্পষ্ট হয়, ব্যাটে-বলে স্পর্শ ছিল না। তাতে অস্ট্রেলিয়া হারায় দ্বিতীয় রিভিউ।
দ্বিতীয় নতুন বলে ১১ রানে দুই থিতু ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সঙ্গে লিটন দাসকে হারায় বাংলাদেশ। এরপর থেকে ধীরে হলেও দলের লিড এগিয়ে নিচ্ছেন মিরাজ ও হাসান।
৯৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৩০। ৩৭ বলে ১০ রানে খেলছেন হাসান। ২৮ বলে ১৪ রানে ব্যাট করছেন মিরাজ।
14 Aug 2026, 12:43 PM
১১ ওভার পরেই স্পিন
দ্বিতীয় নতুন বলে পেস বোলিং অলরাউন্ডারদের আগে ন্যাথান লায়নকে আক্রমণে আনলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ লড়াই করছে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ব্যাটে। কামিন্স, স্টার্ক, হেইজেলউডদের আক্রমণ থেকে সরে যাওয়া ব্যাটসম্যানদের জন্য স্বস্তিরই হওয়ার কথা।
এই ওভারে এক রান দিয়েছেন লায়ন।
৯২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩২৩। ২১ বলে ৬ রানে খেলছেন হাসান। ২০ বলে ১১ রানে ব্যাট করছেন মিরাজ।
14 Aug 2026, 12:19 PM
মুশফিককেও হারাল বাংলাদেশ
অস্ট্রেলিয়া দ্বিতীয় নতুন বল নেওয়ার পর যেন পাল্টে গেল চিত্র। এখন যে বোলিং মনে হচ্ছেল ধারহীন, সেটাই হয়ে গেল ভয়ঙ্কর। অল্প সময়ের মধ্যে তিনটি উইকেট হারাল বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের পর ফিরে গেলেন মুশফিকুর রহিম।
প্যাট কামিন্সে বল খেলবেন নাকি ছাড়বেন এ নিয়ে দ্বিধায় শেষে খোঁচা মেরে বসেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। বল যায় দ্বিতীয় স্লিপে, স্টিভেন স্মিথের হাতে।
টেস্টে ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের তালিকায় ইংল্যান্ডের জো রুটের পাশে বসলেন স্মিথ। দুই ব্যাটিং গ্রেট নিয়েছেন ২১৮ ক্যাচ।
৮৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩১২। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হাসান মাহমুদ।
14 Aug 2026, 12:13 PM
শূন্যতেই শেষ লিটন
চোটে কাটিয়ে ফেরার ম্যাচের শুরুতে ব্যর্থ লিটন দাস। দ্বিতীয় নতুন বলে নাজমুল হোসেন শান্তর পর তার উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ।
নতুন বল নেওয়ার পর দারুণ বোলিং করছেন অস্ট্রেলিয়ার পেসাররা। ব্যাটসম্যানদের বেশ পরীক্ষা নিচ্ছেন তারা।
ক্রিজে যাওয়ার পর ঠিক স্বস্তিতে ছিলেন না লিটন। টাইমিং করতে পারছিলেন না অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। মিচেল স্টার্কের বলে খোঁচা মেরে শেষ হয় তার ইনিংস।
অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কানা ছুঁয়ে জমা পড়ে স্টিভেন স্মিথের হাতে। ১২ বল খেলে কোনো রান করতে পারেননি লিটন।
৮৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩০৭। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
14 Aug 2026, 11:55 AM
শান্তর বিদায়ে ভাঙল জুটি
দ্বিতীয় নতুন বল নেওয়ার দুই ওভারের মধ্যে সাফল্য পেল অস্ট্রেলিয়া। ভাঙল বাংলাদেশের চমৎকার জুটি।
জশ হেইজেলউডের বল ভালোভাবেই সামাল দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু একটু বাড়তি বাউন্স করা ডেলিভারি তার জন্য কাল হলো।
পা বাড়িয়ে ঠিকঠাক ডিফেন্স করতে পারেননি বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। সেখানে কোনো ভুল করেননি স্টিভেন স্মিথ। ভাঙে ৯৮ বল স্থায়ী ৬৬ রানের জুটি।
১২৬ বলে এক ছয় ও সাত চারে ৮৪ রান করেন শান্ত।
৮২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৯৭। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী কিপার-ব্যাটসম্যান লিটন দাস।
সফরকারীদের লিড এখন ৯৯ রান।
14 Aug 2026, 11:44 AM
দ্বিতীয় নতুন বল নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সঙ্গে বোলিংয়ে আনলেন পরিবর্তন।
মার্নাস লাবুশেনের জায়গায় আক্রমণে ফিরলেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
প্রথম বল ছিল দুর্দান্ত। দেরিতে সুইং করা ইয়র্কার, বেরিয়ে যায় অফ স্টাম্প ঘেঁষে। একটুর জন্য বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। পরের বলে তিনি নেন সিঙ্গেল। বাকি চারটি বল ডট খেলেন মুশফিকুর রহিম।
৮১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯০।
14 Aug 2026, 11:38 AM
আক্রমণে অস্ট্রেলিয়ার অষ্টম বোলার!
নতুন বোলার নিয়ে তৃতীয় সেশনে শুরু করল অস্ট্রেলিয়া। আক্রমণে এলেন মার্নাস লাবুশেন।
মূল চার বোলারের বাইরে দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার বোলিং করেছেন। চা-বিরতির আগে হাত ঘুরিয়েছেন ট্রাভিস হেড।
এবার মিডিয়াম পেস নিয়ে হাজির হয়েছেন লাবুশেন। লেগ স্পিনও করতে পারেন তিনি। তার ওভার থেকে এসেছে দুটি সিঙ্গেল।
14 Aug 2026, 11:20 AM
মুশফিক-শান্তর জুটিতে পঞ্চাশ
টানা তিন উইকেটে পঞ্চাশ ছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ।
তানজিদ হাসানের বিদায়ের পর বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে সাবেক ও বর্তমান অধিনায়কের জুটিতে পঞ্চাশ এসেছে ৬৭ বলে।
ব্যাটসম্যানদের দৃঢ়তায় আরও একটি দারুণ সেশন কাটিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন চা-বিরতিতে যাওয়ার সময় ৭৮ ওভারে সফরকারীদের রান ৩ উইকেটে ২৮৬।
প্রথম সেশনে ২৭ ওভারে ৮৫ রান করেছিল বাংলাদেশ, এবার ২৭ ওভারে তারা যোগ করল ১০৫ রান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়া সফরকারীরা এখন ৮৮ রানে এগিয়ে।
১১৪ বলে সাত চার ও এক ছয়ে ৭৯ রানে ব্যাট করছেন শান্ত। সাবলীল ব্যাটিং করছেন বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান মুশফিকও। ৩৫ বলে চার চারে তিনি খেলছেন ২৬ রানে।
তাদের জুটিতে ৭৫ বলে এসেছে ৫৫ রান।
দ্বিতীয় নতুন বলের দিকে তাকিয়ে আছে অস্ট্রেলিয়া। আর দুই ওভার পরেই নতুন বল নিতে পারবেন প্যাট কামিন্স।
স্বাগতিক পেসাররা তেমন একটা প্রভাব রাখতে পারছেন না। রান খরচ করছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন।
14 Aug 2026, 10:34 AM
১০১ রানে থামলেন তানজিদ
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে ফিরে গেলেন তানজিদ হাসান। ন্যাথান লায়নের বলে বড় শটের চেষ্টায় মিচেল স্টার্কের হাতে ধরা পড়লেন তিনি।
অফ স্টাম্পে ঘেঁষা ফুল লেংথ ডেলিভারি লং অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি তিনি। কিছুটা এগিয়ে এসে ক্যাচ নেন স্টার্ক। ভাঙে ১৫৭ বল স্থায়ী ৯৩ রানের জুটি।
এক প্রান্ত আগলে রেখে ১৯৭ বলে আট চার ও এক ছয়ে ১০১ রান করেন তানজিদ। শূন্য ও ৬২ রানে দুইবার জীবন পান বাঁহাতি এই ব্যাটসম্যান।
৬৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৩৩। ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম। সুদীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট খেলছেন সাবেক অধিনায়ক।
14 Aug 2026, 10:20 AM
তানজিদের সেঞ্চুরি, শান্তর ফিফটি
ন্যাথান লায়নের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিলেন নাজমুল হোসেন শান্ত। ৭৪ বলে বাংলাদেশ অধিনায়ক স্পর্শ করলেন পঞ্চাশ।
পরের চার বল ডট খেলে, শেষ বলে সিঙ্গেল নিলেন তানজিদ হাসান। বাঁহাতি ওপেনার স্পর্শ করলেন প্রথম শতক, ১৮৮ বলে।
পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩০ রান করতে পেরেছিলেন তানজিদ। এবার তিনি খেলছেন বড় ইনিংস।
নব্বইয়ে গিয়ে একটু চাপে পড়ে গিয়েছিলেন তানজিদ। সেই চাপ জয় করেই নিজের দ্বিতীয় টেস্টে তিনি পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এটাই বাংলাদেশের কারও প্রথম সেঞ্চুরি।
তানজিদ ও শান্তর জুটিতে ৯২ রান এসেছে ১৪৮ বলে।
৬৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৩০। ১৮৮ বলে আট চার ও এক ছয়ে ১০০ রানে খেলছেন তানজিদ। ৭৪ বলে পাঁচ চারে ৫০ রানে ব্যাট করছেন শান্ত।
বাংলাদেশের লিড এখন ৩২।
14 Aug 2026, 09:37 AM
লিড নিল বাংলাদেশ
সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটিতে বাড়ছে বাংলাদেশের রান।
মিচেল স্টার্কের বলে পয়েন্ট নিয়ে চমৎকার এক শটে বাউন্ডারি পেলেন তানজিদ হাসান। বাংলাদেশের সংগ্রহ স্পর্শ করল দুইশ। সঙ্গে প্রথম ইনিংসে লিড নিল সফরকারীরা।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার উপলক্ষ চমৎকার পারফরম্যান্সে রাঙিয়ে রাখছে বাংলাদেশ। স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউড ও ন্যাথান লায়নদের অনায়াসে সামলাচ্ছেন সফরকারী ব্যাটসম্যানরা।
উইকেটে বোলারদের জন্য তেমন একটা সহায়তা নেই। লাইন ও লেন্থে ধারাবাহিক নন স্টার্ক, হেইজেলউডরা। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে বাংলাদেশ।
৫৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২০১। ১৬২ বলে ৮৮ রানে খেলছেন তানজিদ। ৪৬ বলে ৩৩ রানে ব্যাট করছেন শান্ত।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করতে পেরেছিল ১৯৮ রান।
14 Aug 2026, 09:25 AM
শান্ত-তানজিদের জুটিতে পঞ্চাশ
মুমিনুল হকের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান। দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৭৪ বলে।
লাঞ্চের পর প্রথম ওভার করেন জশ হেইজেলউড। দ্বিতীয় বলে চমৎকার শটে কাভার দিয়ে বাউন্ডারি পান তানজিদ। পরের বলে নেন দুই। জুটির রান যায় পঞ্চাশে।
৫২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৮৯। ৪০ বলে তিন চারে ২৮ রানে ব্যাট করছেন অধিনায়ক শান্ত।
১৫০ বলে এক ছয় ও সাত চারে ৮২ রানে খেলছেন তানজিদ। অস্ট্রেলিয়ায় টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ। আগের সেরা ছিল ২০০৩ সালে কেয়ার্নসে হান্নান সরকারের ৭৬।
14 Aug 2026, 08:46 AM
বাংলাদেশের চমৎকার সেশন
ডারউইন টেস্টে আরও একটি দারুণ সেশন কেটেছে বাংলাদেশের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান যোগ করেছে সফরকারীরা।
লাঞ্চে যাওয়ার সময় ৫১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৮১। ৪০ বলে তিন চারে ২৮ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ১৪৪ বলে এক ছয় ও ছয় চারে ৭৪ রানে খেলছেন ওপেনার তানজিদ হাসান।
তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যান ৭০ বলে যোগ করেছেন ৪৩ রান।
শুরুতে নিজেকে কিছুটা গুটিয়ে রাখা অধিনায়ক শান্ত শট খেলতে শুরু করেছেন। আরেক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করছেন তানজিদ।
মুমিনুল হককে (৯৫ বলে ৪৯) ফিরিয়ে ১০২ রানের জুটি ভেঙেছে অস্ট্রেলিয়া। তানজিদের উইকেটও পেতে পারত তারা। কিন্তু স্লিপে ক্যাচ নিতে পারেননি স্টিভেন স্মিথ।
প্রথম ইনিংসে লিড নেওয়ার বেশ কাছেই পৌঁছে গেছে বাংলাদেশ। সফরকারীরা পিছিয়ে আছে কেবল ১৭ রানে। হাতে আছে ৮ উইকেট।
14 Aug 2026, 08:09 AM
জীবন পেলেন তানজিদ
দ্বিতীয় দিন নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন ন্যাথান লায়ন। অভিজ্ঞ অফ স্পিনারের বলে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন তানজিদ হাসান।
শরীরের খুব কাছে থাকা বলে ঠিকঠাক কাট করতে পারেননি বাঁহাতি ওপেনার। ব্যাটের কানায় লেগে দ্রুত যায় উইকেটের পেছনে। দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেননি কিপার অ্যালেক্স কেয়ারি। তার কনুইয়ে লেগে বল যায় প্রথম স্লিপে। সেখানে ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি স্টিভেন স্মিথ!
সে সময় ৬২ রানে ছিলেন তানজিদ।
এর আগে প্রথম দিন শূন্য রানে লায়নের হাতে জীবন পান এই ওপেনার।
৪৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৪৯। ১২৪ বলে পাঁচ চার ও এক ছয়ে ৬৩ রানে ব্যাট করছেন তানজিদ। ১২ বলে ৭ রানে খেলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
14 Aug 2026, 07:55 AM
ভাঙল শতরানের জুটি
আগের ওভারে বেরিয়ে এসে বাউ ওয়েবস্টারকে ছক্কায় ওড়ালেন তানজিদ হাসান। মুমিনুল হকের সঙ্গে তার জুটি স্পর্শ করল একশ, ১৮৩ বলে।
পরের ওভারে অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়ায় কট বিহাইন্ড হলেন মুমিনুল। ভাঙল ১৮৯ বল স্থায়ী ১০২ রানের চমৎকার জুটি।
আপাত সাদামাটা এক ডেলিভারিতেই উইকেট পেলেন জশ হেইজেলউড। অনায়াসে ছেড়ে দিতে পারতেন মুমিনুল। বেশ বাইরে বল পেয়ে গায়ের জোরে শট গিয়ে গড়বড় করে ফেলেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে অ্যালেক্স কেয়ারির গ্লাভসে।
৯৫ বলে আট চারে ৪৯ রান করেন মুমিনুল।
৪০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩৮। ক্রিজে তানজিদের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
14 Aug 2026, 07:39 AM
তানজিদের ‘প্রথম’ পঞ্চাশ
শূন্য রানে বেঁচে যাওয়ার পর থেকে দায়িত্বশীল ব্যাটিং করছেন তানজিদ হাসান। ১০২ বলে ছুঁয়েছেন পঞ্চাশ। বাঁহাতি ওপেনারে ক্যারিয়ারে এটাই প্রথম পঞ্চাশ।
৩২ রান নিয়ে দিন শুরু করেন তানজিদ। দ্বিতীয় দিন বেশ সাবলীল তিনি। কোনো বোলারই খুব একটা ভাবাতে পারছে না তাকে।
জশ হেইজেলউডের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশে যান তানজিদ। খুব একটা দূরের নন মুমিনুল হকও।
প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ১৩ ওভারে ৩৩ রান যোগ করেছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
৩৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১২৯। ১০৪ বলে পাঁচ চারে ৫১ রানে ব্যাট করছেন তানজিদ। ৯১ বলে আট চারে ৪৮ রানে খেলছেন মুমিনুল।
14 Aug 2026, 07:14 AM
রিভিউ হারাল অস্ট্রেলিয়া
উইকেটের জন্য মরিয়া অস্ট্রেলিয়া দিনের শুরুতেই হারাল একটি রিভিউ।
মিচেল স্টার্কের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি তানজিদ হাসান। প্যাড ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।
কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শেষ মুহূর্তে রিভিউ নেন অধিনায়ক প্যাট কামিন্স।
রিপ্লেতে দেখা যায়, বল ছিল লেগ স্টাম্পের বাইরে। বল ও ব্যাটের মাঝে ছিল স্পষ্ট ব্যবধান।
৩৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১১৮।
14 Aug 2026, 06:47 AM
মুমিনুলের বাউন্ডারিতে বাংলাদেশের একশ
দিনের শুরুতেই চমক। প্রথম ওভার করলেন পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টার! দ্বিতীয় বলে প্রান্ত বদল করলেন মুমিনুল হক। এক বল পর দুই রান নিলেন তানজিদ হাসান।
পরের ওভারে আক্রমণে এলেন অধিনায়ক প্যাট কামিন্স। ফ্লিক করে চার মেরে দলকে একশ রানে নিয়ে গেলেন অভিজ্ঞ মুমিনুল।
স্রেফ এক ওভারই করতে পারেন ওয়েবস্টার। তার জায়গায় আক্রমণে ফেরেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
২৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০৫। ৫৮ বলে সাত চারে ৪১ রানে খেলছেন মুমিনুল। ৭৫ বলে চার চারে ৩৫ রানে ব্যাট করছেন তানজিদ।
জুটিতে এসেছে ৬৯ রান। বাংলাদেশ এখনও ৯৩ রানে পিছিয়ে।
14 Aug 2026, 06:34 AM
আরেকটি ভালো দিনের অপেক্ষায় বাংলাদেশ
স্বপ্নের মতো দিন কাটিয়ে আরও সামনের দিকে তাকিয়ে বাংলাদেশ। দ্বিতীয় দিন যতটা সম্ভব বড় লিড নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
ডারউইন টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়ে সবচেয়ে বড় অবদান হাসান মাহমুদের। দুটি করে উইকেট নিয়ে দারুণ সঙ্গ দেন ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
পরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৯৬ রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। এখনও ১০২ রানে পিছিয়ে সফরকারীরা।
শূন্য রানে একবার জীবন পাওয়া তানজিদ হাসান ৬৭ বলে চারটি চারে খেলছেন ৩২ রানে। ৪৯ বলে ছয়টি চারে ৩৫ রানে খেলছেন অভিজ্ঞ মুমিনুল হক। দুই বাঁহাতি ব্যাটসম্যান অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৯৬ বলে যোগ করেছেন ৬০ রান।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪ ওভারে ৯৬/১ (সাদমান ২০, তানজিদ ৩২*, মুমিনুল ৩৫*; স্টার্ক ৭-১-২৮-১, হেইজলেউড ৭-২-১৯-০, গ্রিন ৩-১-১২-০, কামিন্স ৪-০-১৪-০, লায়ান ৩-০-১৬-০)
14 Aug 2026, 06:16 AM
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ডারউইন টেস্টের দ্বিতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।