সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য ইনিংস: ২৯৭/৪ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯) ৫৪ ওভারে ১৭৬/৬
22 Nov 2025, 04:57 PM
তাইজুলের রেকর্ড গড়ার দিনে জয়ের আরও কাছে বাংলাদেশ
৫০৯ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য দিয়ে মিরপুর টেস্টের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ।
চতুর্থ দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের রান ৬ উইকেটে ১৭৬। ৯৩ বলে ৩৪ রানে খেলছেন কার্টিস ক্যাম্ফার। ১৩ বলে দুই চারে ১১ রানে ব্যাট করছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
জয়ের জন্য শেষ দিনে ৪ উইকেট চাই বাংলাদেশের।
আয়ারল্যান্ডের প্রয়োজন ৩৩৩ রান। ম্যাচ বাঁচাতে পুরো একটি দিন। উইকেট থেকে যেমন সহায়তা মিলছে দুটিই প্রায় অসম্ভব।
সাকিব আল হাসানকে ছাড়িয়ে এককভাবে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তাইজুল। ৫৫ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। আর একটি উইকেট হলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেট নেবেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯) ৫৪ ওভারে ১৭৬/৬ (বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*, টাকার ৭, ডোহেনি ১৫, ম্যাকব্রাইন ১১*; ইবাদত ৭-১-২৪-০, তাইজুল ২০-২-৫৫-৩, খালেদ ৭-০-২৪-১, মিরাজ ৮-৩-২১-০, মুরাদ ১২-৪-৩৫-২)
22 Nov 2025, 04:34 PM
তাইজুলই পেলেন ডোহেনির উইকেট
কয়েক ওভার আগে তাইজুল ইসলামের বলে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন স্টিভেন ডোহেনি। এবার সেই বাঁহাতি স্পিনারের বলেই এলবিডব্লিউ হলেন তিনি।
মিডল স্টাম্পে পড়ে সোজা যাওয়া ডেলিভারি ভুল লাইনে খেলেন ডোহেনি। ব্যাটের কানা এড়িয়ে বল প্যাডে লাগলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার।
কার্টিস ক্যাম্ফারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে রিভিউ নেন ডোহেনি। তাতে কোনো কাজ হয়নি, বল লাগত মিডল স্টাম্পে। আয়ারল্যান্ড হারায় দ্বিতীয় উইকেট।
৫০ ওভারে আয়ারল্যান্ডের রান ৬ উইকেটে ১৬৩। ক্রিজে ক্যাম্ফারের সঙ্গী অ্যান্ডি ম্যাকব্রাইন।
22 Nov 2025, 04:24 PM
ডোহেনির ক্যাচ ছাড়লেন ইবাদত
তাইজুল ইসলামের বলে একটা সুযোগ এসেছিল জুটি ভাঙার। সেটা কাজে লাগাতে পারলেন না ইবাদত হোসেন। ডিপ মিউইকেটে তিনি ছেড়ে দিলেন স্টিভেন ডোহেনির ক্যাচ।
বাঁহাতি স্পিনারের বলে স্লগ সুইপ করেন ডোহেনি। টাইমিং করতে পারেননি তিনি, ক্যাচ যায় ইবাদতের হাতে। সেখানে বল মুঠোয় রাখতে পারেননি তিনি।
৪৬ ওভারে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ১৫৭।
22 Nov 2025, 04:09 PM
রিভিউ হারাল বাংলাদেশ
তাইজুল ইসলামের বলে কটবিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ হারাল প্রথম রিভিউ।
সুইপ করার চেষ্টায় বলে ব্যাট ছোঁয়াতে পারেননি স্টিভেন ডোহেনি।
সেই ওভারের শেষ বলে উইকেটের পেছনে ডোহেনির কঠিন ক্যাচ নিতে পারেননি লিটন দাস। তার গ্লাভস ছুঁয়ে যায় বল।
৪৪ ওভারে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ১৫৪। ৬৮ বলে ২৯ রানে খেলছেন কার্টিস ক্যাম্ফার। ৩০ বলে ডোহেনির রান ১৪।
22 Nov 2025, 03:38 PM
খালিদই পেলেন টাকারের উইকেট
সৈয়দ খালেদ আহমেদের আগের ওভারে একটুর জন্য বেঁচে গিয়েছিলেন লর্কান টাকার। এবার আর রক্ষা হলো না তার। খালেদের দুর্দান্ত ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন আয়ারল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন টাকার। এবার তিনি ফিরলেন ১৬ বলে ৭ রান করে।
খালেদের আগের ওভারে লিটন দাসের ঠিক সামনে বল পড়ায় বেঁচে যান টাকার। এবার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে।
৩৭ ওভারে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ১৩০। ক্রিজে কার্টিস ক্যাম্ফারের সঙ্গী স্টিভেন ডোহেনি।
22 Nov 2025, 03:23 PM
পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন টেক্টর
আগের ওভারে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করলেন হ্যারি টেক্টর, ৭৮ বলে। পরের ওভারে বেরিয়ে এসে ছক্কার চেষ্টায় মুশফিকুর রহিমের হাতে ধরা পড়লেন তিনি। হাসান মুরাদ পেলেন নিজের দ্বিতীয় উইকেট।
বাঁহাতি স্পিনারের বলে অহেতুক বড় শটের চেষ্টায় বিপদ ডেকে আনেন টেক্টর। লং অফ থেকে সামনে এসে ডাইভ দিয়ে চমৎকার কেন মুশফিক। ভাঙে ৮৫ বল স্থায়ী ৪১ রানের জুটি।
৮০ বলে সাত চারে টেক্টর করেন ৫০ রান।
৩৪ ওভারে আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ১২০। ক্রিজে কার্টিস ক্যাম্ফারের সঙ্গী লর্কান টাকার।
22 Nov 2025, 02:05 PM
প্রথম বলেই মুরাদের উইকেট
২০তম ওভারে আক্রমণে এলেন হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনার চ্যাড কারমাইকেলের উইকেট পেলেন নিজের প্রথম বলেই।
বাঁহাতি স্পিনারের বলের লাইন বুঝতেই পারেননি কারমাইকেল। ভুল লাইনে খেলার মাশুল দেন এলবিডব্লিউ হয়ে। হ্যারি টেক্টরের সঙ্গে কথা বলে ফিরে যান রিভিউ না নিয়েই। ভাঙে ৬৮ বল স্থায়ী ৫১ রানের জুটি।
২৫ বলে এক চারে ১৯ রান করেন কারমাইকেল।
২০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৭। ক্রিজে টেক্টরের সঙ্গী কার্টিস ক্যাম্ফার।
22 Nov 2025, 02:00 PM
কারমাইকেল-টেক্টরের জুটিতে পঞ্চাশ
তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছে আয়ারল্যান্ড। চ্যাড কারমাইকেল ও হ্যারি টেক্টরের জুটিতে পঞ্চাশ এসেছে ৬৩ বলে।
সাবধানী ব্যাটিং করছেন টেক্টর। আরেক প্রান্তে দ্রুত রান তোলার চেষ্টা করছেন কারমাইকেল।
১৯ ওভারে আয়ারল্যান্ডের রান ২ উইকেটে ৭৭। ২৪ বলে ১৯ রানে খেলছেন কারমাইকেল, ৪৪ বলে ২৪ রানে খেলছেন টেক্টর।
22 Nov 2025, 01:18 PM
স্টার্লিংকেও ফেরালেন তাইজুল
পরপর দুই ওভারে উইকেট পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে শর্ট লেগে পল স্টার্লিংয়ের দারুণ ক্যাচ নিলেন মাহমুদুল হাসান জয়।
তাইজুলের ফুল লেংথ ডেলিভারিতে ফ্লিক করেন স্টার্লিং। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট লেগে। দুর্দান্ত রিফ্লেক্সে বল মুঠোয় জমান জয়।
২৭ বলে এক চারে ৯ রান করেন স্টার্লিং।
৮ ওভারে আয়ারল্যান্ডের ২ উইকেটে ২৬। ক্রিজে চ্যাড কারমাইকেলের সঙ্গী হ্যারি টেক্টর।
22 Nov 2025, 01:10 PM
বালবার্নিকে ফিরিয়ে সাকিবকে ছাড়িয়ে তাইজুল
ষষ্ঠ ওভারে ভাঙল আয়ারল্যাান্ডের উদ্বোধনী জুটি। ভেতরে ঢোকা ডেলিভারি ভুল লাইনে খেলে এলবিডব্লিউ হয়ে গেলেন অ্যান্ডি বালবার্নি।
জোরাল-প্রলম্বিত আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন অধিনায়ক। তাতে কাজ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে।
১৯ বলে দুই চারে ১৩ রান করেন বালবার্নি।
আয়ারল্যান্ড অধিনায়ককে ফিরিয়ে সাকিব আল হাসানকে (২৪৬) ছাড়িয়ে গেলেন তাইজুল। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট এখন তারই।
৬ ওভারে আয়ারল্যান্ডের রান ১ উইকেটে ২৩। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী চ্যাড কারমাইকেল।
22 Nov 2025, 12:35 PM
৮৭ রানে থামলেন মুমিনুল
লাঞ্চের পর কেবল ৩ ওভার খেলল বাংলাদেশ। মুমিনুল হক আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
লেগ স্পিনার গ্যাভিন হোয়ের স্টাম্পে থাকা ডেলিভারি সিলি মিড অফে কার্টিস ক্যাম্ফারের হাতে ধরা পড়েন মুমিনুল। ভাঙে ১৬৭ বল স্থায়ী ১২৩ রানের জুটি।
১১৮ বলে ১০ চারে ৮৭ রান করেন মুমিনুল। ৮১ বলে এক ছক্কা ও দুই চারে ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
৬৯ ওভারে ৪ উইকেটে ২৯৭ রানে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। আয়ারল্যান্ড পেল ৫০৯ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১৫৬/১) ৬৯ ওভারে ২৯৭/৪ ডিক্লে. (সাদমান ৭৮, মুমিনুল ৮৭, শান্ত ১, মুশফিক ৫৩*; নিল ৯-১-৪৮-১, হামফ্রিজ ১৫-০-৫৪-০, ম্যাকব্রাইন ২৬-২-৮২-১, হোয়ে ১৭-০-৮৪-২, টেক্টর ২-০-১২-০)
22 Nov 2025, 12:32 PM
শতকের পর মুশফিকের পঞ্চাশ
ব্যাট হাতে নিজের শততম টেস্ট রাঙিয়ে রাখছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার করেছেন ফিফটি, ৭৮ বলে।
লাঞ্চের পর দ্রুত রান করার চেষ্টা করছে বাংলাদেশ। প্রথম দুই ওভারে এসেছে দুটি বাউন্ডারি।
৬৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯৪। লিড এখন ৫০৫ রান।
৭৯ বলে এক ছক্কা ও দুই চারে ৫১ খেলছেন মুশফিক। ১১৪ বলে ১০ চারে ৮৬ রানে ব্যাট করছেন মুমিনুল হক।
22 Nov 2025, 11:39 AM
মুমিনুল-মুশফিকের জুটিতে একশ
চতুর্থ দিনের প্রথম সেশনে ২৯ ওভারে ১২৪ রান যোগ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে পরপর দুই ওভারে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর শতরানের জুটি গড়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক, ১৪৪ বলে।
৯২ বলে এসেছিল জুটির পঞ্চাশ। পরের পঞ্চাশ এলো কেবল ৫২ বলে।
লাঞ্চে যাওয়ার সময় ৬৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮০ রান। শেষ ১০ ওভারে এসেছে ৫৭ রান।
১১১ বলে নয় চারে ৭৯ রানে ব্যাট করছেন মুমিনুল হক। ৭০ বলে একটি করে ছক্কা ও চারে ৪৪ রানে খেলছেন মুশফিকুর রহিম।
১৪৯ বলে তাদের জুটিতে এসেছে ১০৬ রান। আগের ইনিংসেও শতরানের জুটি গড়েছিলেন তারা।
বাংলাদেশ এখন এগিয়ে ৪৯১ রানে। মিরপুর টেস্টে এখনও বাকি ৫ সেশন। যথেষ্ট সময় বাকি ম্যাচের।
22 Nov 2025, 11:32 AM
আয়ারল্যান্ডের ব্যর্থ রিভিউ
এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হল আয়ারল্যান্ড। ম্যাথু হামফিজের বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে।
বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে খেলেন মুশফিকুর রহিম। ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি, আঘাত হানে প্যাডে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন অ্যান্ডি বালবার্নি।
তাতে কোনো কাজ হয়নি। স্পিন করে বেরিয়ে যেত বল। আয়ারল্যান্ড হারায় প্রথম রিভিউ।
৬৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৭০। ১০৪ বলে নয় চারে ৭৬ রানে খেলছেন মুমিনুল হক। ৬৫ বলে একটি করে ছক্কা ও চারে ৪১ রানে ব্যাট করছেন মুশফিক।
22 Nov 2025, 10:58 AM
মুমিনুল-মুশফিকের জুটিতে পঞ্চাশ
পরপর দুই ওভারে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর বাংলাদেশকে টানছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৯২ বলে।
তেমন একটা ঝুঁকি নিচ্ছেন না দুই ব্যাটসম্যান। দেখেশুনেই খেলছেন, খুব দ্রুত রান তোলার চেষ্টাও নেই তাদের। মূলত এক, দুই নিয়ে খেলছেন তারা।
৫৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২২৫।
22 Nov 2025, 10:52 AM
মুমিনুলের আরেকটি পঞ্চাশ
প্রথম ইনিংসের পর আবারও পঞ্চাশ করলেন মুমিনুল হক, ৭৬ বলে। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন প্রথম তিন ব্যাটসম্যানের সবাই।
সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন মুমিনুল। বোলারদের কেউই খুব একটা ভাবাতে পারছেন না তারা। নিজের মতো করে খেলে যাচ্ছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।
৫৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১৯। স্বাগতিকদের লিড এখন ৪৩০ রান।
৭৭ ব্ররে ছয় চারে ৫০ রানে খেলছেন মুমিনুল। ৩৮ বলে এক চারে ২১ রান করেন মুশফিকুর রহিম।
22 Nov 2025, 10:39 AM
প্রথম ঘণ্টায় ৫৩ রান
দুই উইকেট হারিয়ে প্রথম ঘণ্টায় ১৫ ওভারে ৫৩ রান যোগ করল বাংলাদেশ।
পানি বিরতির সময় স্বাগতিকদের রান ৩ উইকেটে ২০৯। বাংলাদেশের লিড এখন ৪২০ রান।
৬৫ বলে ছয় চারে ৪১ রানে খেলছেন মুমিনুল হক। ৩২ বলে এক চারে ২০ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
মিরপুরে সফরকারী কোনো দল চতুর্থ ইনিংসে ২৪৪ রানের বেশি করতে পারেনি।
22 Nov 2025, 10:39 AM
জীবন পেলেন মুশফিক
অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে একটি সুযোগ দিয়েছিলেন মুশফিকুর রহিম, সেটি কাজে লাগাতে পারেননি চ্যাড কারমাইকেল।
অফ স্পিনারের বলে স্লগ সুইপ করেন মুশফিক। টাইমিং হয়নি, ক্যাচ যায় ডিড ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। সীমানা থেকে কিছুটা এগিয়ে এসে সহজ ক্যাচ নিতে পারেননি কারমাইকেল।
সে সময় ১৬ রানে ছিলেন মুশফিক।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২০৫। লিড এখন ৪১৬ রান।
22 Nov 2025, 10:01 AM
টিকলেন না শান্ত
জর্ডান নিলের বাড়তি বাউন্সে চমকে গিয়ে ক্যাচ দিলেন নাজমুল হোসেন শান্ত। পরপর দুই ওভারে দুটি উইকেট হারাল বাংলাদেশ।
বাঁহাতি ব্যাটসম্যানদের অফ স্টাম্পের বাইরের ফুট মার্কে বল পড়লে বাড়তি বাউন্স করছেন, বেশ দ্রুত ভেতরে ঢুকছে। নিলের ওই ডেলিভারির ক্ষেত্রেও সেটাই ঘটেছে।
কোনোমতে ব্যাটে খেলতে গিয়ে গালিতে অ্যান্ডি বালবার্নিকে সহজ ক্যাচ দিয়েছেন শান্ত। তিনি টেস্টে পেস বোলিং অলরাউন্ডার নিলের প্রথম শিকার।
৫ বলে ১ রান করেন শান্ত।
৪২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৬। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি।
22 Nov 2025, 09:55 AM
সাদমানের বিদায়ে ভাঙল জুটি
পা বাড়িয়ে খেলার পরিবর্তে জায়গা দাঁড়িয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন সাদমান ইসলাম। অ্যান্ডি ম্যাকব্রাইনের একটু নিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন বাঁহাতি এই ওপেনার।
অফ স্পিনারের বলের লাইনে যেতে পারেননি সাদমান। বলের লেংথও বুঝতে পারেননি তিনি। বল প্যাডে লাগার পর তেমন একটা আবেদনও করেননি বোলার। আউট দেন আম্পায়ার। ভাঙে ৫৫ বল স্থায়ী ৫৪ রানের জুটি।
রিভিউ না নিয়েই ফেরেন সাদমান। নিলেও লাভ হতো না। ১১৯ বলে সাত চারে ৭৮ রান করেন সাদমান।
৪১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৭৪। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
22 Nov 2025, 09:48 AM
সাদমান-মুমিনুলের জুটিতে পঞ্চাশ
দ্রুত রান আসছে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটিতে। সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিতে পঞ্চাশ এসেছে ৪৯ বলে।
আগের দিন শেষ বেলায় দ্রুত করছিলেন সাদমান ও মুমিনুল। চতুর্থ দিন সকালেও সেই ধারা ধরে রেখেছেন তারা।
৪০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৭২।
22 Nov 2025, 09:08 AM
বড় লিডের লক্ষ্যে নামছে বাংলাদেশ
ফলোঅন না করিয়ে তৃতীয় দিন লিড অনেকটা বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন সংগ্রহ আরও বাড়িয়ে লক্ষ্যটা আয়ারল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চায় স্বাগতিকরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। স্বাগতিকরা এখন এগিয়ে ৩৬৭ রানে।
১১০ বলে পাঁচ চারে ৬৯ রানে খেলছেন ওপেনার সাদমান ইসলাম। ২১ বলে চারটি চারে মুমিনুল হকের রান ১৯। তাদের জুটিতে ৩৭ রান এসেছে ৩৫ বলে।
উইকেট থেকে আগে থেকেই স্পিনারদের জন্য বেশ সহায়তা রয়েছে। ফুট মার্ক থেকেও এখন সহায়তা পাচ্ছেন তারা। তবে এরপরও তৃতীয় দিন ৩৭ ওভার বোলিং করে কেবল একটি উইকেট নিতে পেরেছেন আয়ারল্যান্ডের বোলাররা।
চতুর্থ দিন ব্যাটিং আরও কঠিন হতে পারে। তবে হাতে ৯ উইকেট থাকায় বাংলাদেশের লিড পাঁচশ রানের কাছাকাছি যাওয়া অসম্ভব কিছু নয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭ ওভারে ১৫৬/১ (জয় ৬০, সাদমান ৬৯*, মুমিনুল ১৯*; নিল ৪-০-২৭-০, হামফ্রিজ ৬-০-২৫-০, ম্যাকব্রাইন ১৫-২-৪০-০, হোয়ে ১২-০-৫৬-১)
