২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত‍্যাশিত জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

তাসকিন আহমেদের দারুণ বোলিং, লিটন দাসের আগ্রাসী ব‍্যাটিং ও সাইফ হাসানের অলরাউন্ড নৈপুণ‍্যে প্রথম টি-টোয়েন্টিতে সহজেই নেদারল‍্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ।

30 Aug 2025, 09:08 PM

৮ উইকেটের অনায়াস জয়

দারুণ বোলিংয়ে লক্ষ‍্যটা নাগালে রাখলেন তাসকিন আহমেদ। আগ্রাসী ব‍্যাটিংয়ে দলকে পথ দেখালেন লিটন দাস। অলরাউন্ড নৈপুণ‍্যে নিজেকে মেলে ধরলেন সাইফ হাসান। প্রত‍্যাশিত জয়ে তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। নেদারল‍্যান্ডসের ১৩৬ রান তাড়া পেরিয়ে গেছে ৩৯ বল বাকি থাকতে।

২৯ বলে ছয় চার ও দুই ছক্কায় ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন। তার সঙ্গে মাত্র ২৬ বলে ৪৬ রানের জুটি গড়া সাইফ ১৯ বলে খেলেন ৩৬ রানের জুটি। তার ইনিংস গড়া ১ চার ও তিন ছক্কা। শেষ দুটি ছক্কায় চতুর্দশ ওভারে ম‍্যাচ শেষ করে দেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল‍্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (ও’ডাউড ২৩, ভিক্রামজিৎ ৪, নিদামানুরু ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫, ক্রোস ১১, ক্লেইন ৯, প্রিঙ্গল ১৬, আরিয়ান ১৩*; মেহেদি ৪-০-২১-০, শরিফুল ৪-১-৩০-০, তাসকিন ৪-০-২৮-৪, মুস্তাফিজ ৪-০-১৯-১, রিশাদ ২-০-১৬-০, সাইফ ২-০-১৮-২)

বাংলাদেশ: ১৩.৩ ওভারে ১৩৮/২ (পারভেজ ১৫, তানজিদ ২৯, লিটন ৫৪*, সাইফ ৩৬*; আরিয়ান ৩-০-৩০-১, ক্লেইন ২-০-২৬-০, ডোরাম ৩-০-২৩-০, মিকেরেন ২-০-১৭-০, শারিজ ১-০-১২-০, প্রিঙ্গল ২-০-১৬-১, ভিক্রামজিৎ ০.৩-০-১৪-০)

30 Aug 2025, 08:59 PM

২৬ বলে লিটনের পঞ্চাশ

দারুণ ব‍্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করলেন লিটন দাস, ২৬ বলে। ড‍্যানিয়েল ডোরামের বলে চার মারার পর ক‍্যারিয়ারের ত্রয়োদশ পঞ্চাশে যান বাংলাদেশ অধিনায়ক।

তার বাউন্ডারিতে তিন অঙ্কে যায় স্বাগতিকদের রান।

১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০২। ২৬ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫০ রানে ব‍্যাট করছেন লিটন। ৭ বলে ৪ রানে খেলছেন সাইফ হাসান।

30 Aug 2025, 08:55 PM

ফুলটসে ফিরলেন তানজিদ

টিম প্রিঙ্গলের ফুলটস বলে সীমানায় ধরা পড়লেন তানজিদ হাসান। এই বলে আউট হলেন, বাঁহাতি ওপেনারের নিজেরও বিশ্বাস হচ্ছিল না।

অনেকটা সময় ক্রিজে থাকলেও নিজের শটগুলো খেলতে পারছিলেন না তানজিদ। প্রিঙ্গলের সাদামাটা ফুলটসে সুযোগ পেয়েছিলেন গা ঝাড়া দেওয়ার। উল্টো সেই বলে তুলে দিলেন ক‍্যাচ। ভাঙল ৩৯ বল স্থায়ী ৬৬ রানের জুটি।

২৪ বলে দুই চারে ২৯ রান করে ফিরলেন তানজিদ।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৫। ক্রিজে লিটন দাসের সঙ্গী সাইফ হাসান।

30 Aug 2025, 08:37 PM

লিটন-তানজিদের জুটিতে পঞ্চাশ

রান তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। তানজিদ হাসানের সঙ্গে দ্বিতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক, ৩১ বলে।

অষ্টম ওভারে শারিজ আহমাদকে পরপর দুই বলে দুটি চার মারেন লিটন। দ্বিতীয় বাউন্ডারিতে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।

৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৭। ২০ বলে এক ছয় ও পাঁচ চারে ৩৮ রাানে খেলছেন লিটন। ১৯ বলে এক চারে ওপেনার তানজিদ হাসানের রান ২২।

30 Aug 2025, 08:27 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৭/১

পারভেজ হোসেনের বিদায়ের কোনো প্রভাব দলের উপর পড়তে দেননি লিটন দাস। ক্রিজে গিয়েই ঝড় তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। আরেক প্রান্তে সাবধানী ব‍্যাটিং করছেন তানজিদ হাসান।

আরিয়ান দত্তকে পরপর দুই বলে দুটি দারুণ বাউন্ডারিতে ডানা মেলেন লিটন। পরের ওভারে ড‍্যানিয়েল ডোরামকে মারেন চার ও ছক্কা। পাওয়ার প্লেতে পঞ্চাশ স্পর্শ করে বাংলাদেশের রান।

৬ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৫৭। ১৪ বলে তিন চার ও এক ছক্কায় ২৭ রানে খেলছেন লিটন। ১৩ বলে এক চারে তানজিদের রান ১৩।

30 Aug 2025, 08:15 PM

শুরুতেই ফিরলেন পারভেজ

ইনিংসের প্রথম তিন বলে ১৪ রান নেওয়া পারভেজ হোসেন যেতে পারলেন না বেশি দূর। আরিয়ান দত্তের স্টাম্পে রাখা ডেলিভারির লাইন মিস করে হলেন বোল্ড।

একটু দ্রুত গতির বল জায়গা দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন পারভেজ। কিন্তু যেতে পারেননি বলের লাইনে। দ্রুত ভেতরে ঢুকে আঘাত হানে স্টাম্পে। ভাঙে বাংলাদেশের শুরুর জুটি।

৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৯। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী লিটন দাস।

30 Aug 2025, 08:01 PM

১৪ রানের ওভার

আরিয়ান দত্তর করা প্রথম ওভারে ১৪ রান নিলেন পারভেজ হোসেন। বাংলাদেশ পেল উড়ন্ত শুরু।

অফ স্পিনারের প্রথম বল ছিল শর্ট, অনায়াসে বাউন্ডারি মারেন পারভেজ। পরের বলে পয়েন্ট দিয়ে মারেক আরেকটি।

তৃতীয় বল ছিল অফ স্টাম্পের বাইরে, ফুল লেংথের। সেটা অনায়াসে ছক্কায় ওড়ার পারভেজ। পরের তিনটি বল বাঁহাতি এই ওপেনার ডট খেলেন।

30 Aug 2025, 07:51 PM

১৩৭ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

নিয়মিত উইকেট নিয়ে নেদারল‍্যান্ডসকে বড় সংগ্রহ গড়তে দিল না বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নিয়ে সফরকারীদের ১৩৬ রানে থামাল তারা।

শরিফুল ইসলামের শেষ ওভারে এসেছে ১২ রান। শেষ বলে ২ রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে ফিরেছেন টিম প্রিঙ্গল। ১৪ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রান করেছেন তিনি।

৮ বলে এক চারে ১৩ রানে অপরাজিত ছিলেন আরিয়ান দত্ত।

নেদারল‍্যান্ডসের কেউ ৩০ ছুঁতে পারেননি। সর্বোচ্চ ২২ রান তেজা নিদামানুরুর।

বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল‍্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (ও’ডাউড ২৩, ভিক্রামজিৎ ৪, নিদামানুরু ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫, ক্রোস ১১, ক্লেইন ৯, প্রিঙ্গল ১৬, আরিয়ান ১৩*; মেহেদি ৪-০-২১-০, শরিফুল ৪-১-৩০-০, তাসকিন ৪-০-২৮-৪, মুস্তাফিজ ৪-০-১৯-১, রিশাদ ২-০-১৬-০, সাইফ ২-০-১৮-২)

30 Aug 2025, 07:34 PM

তাসকিনের চতুর্থ শিকার ক্রোস

নিজের প্রতি ওভারে একটি করে উইকেট পাওয়ার ধারা ধরে রাখলেন তাসকিন আহমেদ। চতুর্থবারের মতো আক্রমণে এসে তিনি নিলেন নোয়হ ক্রোসের উইকেট।

অভিজ্ঞ পেসারের স্লোয়ার বুঝতে পারেননি ক্রোস। বেরিয়ে এসে তুলে মারেন তিনি। টাইমিং হয়নি একদমই। এক্সট্রা কাভারে সহজ ক‍্যাচ নেন সাইফ হাসান।

১৩ ওভারে এক চারে ১১ রান করেন ক্রোস।

১৮ ওভারে নেদারল‍্যান্ডসের রান ৭ উইকেটে ১১৭। ক্রিজে টিম প্রিঙ্গলের সঙ্গী আরিয়ান দত্ত।

30 Aug 2025, 07:24 PM

তাসকিনের স্লোয়ারে ফিরলেন ক্লেইন

তিনবার আক্রমণে এলেন তাসকিন, প্রতিবারই পেলেন একটি করে উইকেট। অভিজ্ঞ এই পেসারের শিকার এবার কাইল ক্লেইন।

তাসকিনের স্লোয়ার বুঝতে পারেননি ব‍্যাটসম‍্যান। ক‍্যাচ তুলে দেন আকাশে। অনায়াসে মুঠোয় নেন তাওহিদ হৃদয়।

১২ বলে এক চারে ৯ রান করেন ক্লেইন।

১৬ ওভারে নেদারল‍্যান্ডসের রান ৬ উইকেটে ১০২। ক্রিজে নোয়াহ ক্রোসের সঙ্গী টিম প্রিঙ্গল।

30 Aug 2025, 07:07 PM

শারিজকে টিকতে দিলেন না মুস্তাফিজ

শূন‍্যতে বেঁচে যাওয়ার পর দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন শারিজ আহমাদ। তবে তাকে বেশি দূর যেতে দিলেন না মুস্তাফিজুর রহমান।

বাঁহাতি পেসারের ব‍্যাখ অব লেংথ ডেলিভারিতে পুল করেন শারিজ। টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। মিডউইকেটে সহজ ক‍্যাচ নেন জাকের আলি।

১৪ বলে এক চারে ১৫ রান করেন শারিজ।

১৩ ওভারে নেদারল‍্যান্ডসের রান ৫ উইকেটে ৮৭। ক্রিজে নোয়াহ ক্রোসের সঙ্গী কাইল ক্লেইন।

30 Aug 2025, 07:00 PM

দুটি উইকেট, একটি সুযোগ

দশম ওভারে আক্রমণে এসে স্কট এডওয়ার্ডস ও আনিল তেজা নিদামানুরুর উইকেট নিলেন সাইফ হাসান। লিটন দাস স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া না করলে তার উইকেট হতে পারত তিনটি!

প্রথম তিন বলে ৬ রান দেন প্রায় দুই বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামা সাইফ।

অফ স্পিনারের পরের বলে মিলে উইকেট। লেগ স্টাম্পের বলে প‍্যাডেল সুইপ করে সীমানায় ক‍্যাচ দেন এডওয়ার্ডস। কিছুটা দৌড়ে লং লেগে দারুণ ডাইভিং ক‍্যাচ নেন জাকের আলি। ভাঙে ১৫ বল স্থায়ী ২৮ রানের জুটি।

৭ বলে ডাচ অধিনায়ক এক চারে করেন ১২ রান।

ওয়াইড করার পরের বলে মিলতে পারত শারিজ আহমাদের উইকেট। ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বলের নাগাল পাননি তিনি। উইকেটের পেছনে বল ধরতে পারেননি লিটনও। বেঁচে যান ডাচ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

পরের বলে সীমানায় সামনের দিকে ঝাঁপিয়ে চমৎকার ক‍্যাচ নেন তাওহিদ হৃদয়। ফিরে যান নিদামানুরু। তিনি তিন চার ও এক ছক্কায় ২৬ বলে করেন ২৬ রান।

১০ ওভারে নেদারল‍্যান্ডসের রান ৪ উইকেটে ৬৮। ক্রিজে শারিজের সঙ্গী নোয়াহ ক্রোস।

30 Aug 2025, 06:41 PM

ভিক্রামজিৎকেও ফেরালেন তাসকিন

আক্রমণে ফিরে আরেকটি উইকেট পেলেন তাসকিন আহমেদ। আগেরবারের মতো এবারও নিজের প্রথম বলেই মিলল সাফল‍্য।

মাক্স ও’ডাউডের পর ভিক্রামজিৎ সিংকেও বিদায় করলেন তাসকিন।

অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের একটু বাইরের শর্ট লেংথ ডেলিভারি পুল করে লং অন দিয়ে সীমানার বাইরে পাঠাতে চেয়েছিলেন ভিক্রামজিৎ। টাইমিং করতে পারেননি একেবারেই। সহজ ক‍্যাচ নেন পারভেজ হোসেন।

১১ বলে ৪ রান করেন ওপেনার ভিক্রামজিৎ।

ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার মারেন আনিল তেজা নিদামানুরু। ক্রিজে তার সঙ্গী অধিনায়ক স্কট এডওয়ার্ডস।  

৮ ওভারে নেদারল‍্যান্ডসের রান ২ উইকেটে ৪৯।

30 Aug 2025, 06:32 PM

পাওয়ার প্লেতে নেদারল‍্যান্ডস ৩৪/১

মাক্স ও’ডাউডের বিদায়ের পর কমেছে নেদারল‍্যান্ডসের রানের গতি। প্রথম ৩ ওভারে ২৫ রান করা সফরকারীরা পরের ৩ ওভারে করতে পেরেছে কেবল ৯ রান।

পাওয়ার প্লেতে ৬ ওভারে ১ উইকেটে নেদারল‍্যান্ডসের রান ৩৪।

১২ বলে এক চারে ৭ রানে ব‍্যাট করছেন আনিল তেজা নিদামানুরু। ওপেনার ভিক্রামজিৎ সিং ৯ বলে খেলছেন ৩ রানে।

30 Aug 2025, 06:21 PM

শুরুর জুটি ভাঙলেন তাসকিন

চতুর্থ ওভারে আক্রমণে এসেই আঘাত হানলেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ পেসারের বলে ক‍্যাচ দিয়ে ফিরলেন মাক্স ও’ডাউড।

দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামকে তিনটি চার মেরেছিলেন ও’ডাউড। পরের ওভারে শেখ মেহেদি হাসানকে উড়িয়েছিলেন ছক্কায়।

তাসকিন আহমেদের লেগ-মিডল স্টাম্পের বল লেগে খেলার চেষ্টায় সফল হননি ডাচ ওপেনার। ব‍্যাটের কানায় লেগে সহজ ক‍্যাচ যায় জাকের আলির হাতে। ভাঙে ২৫ রানের জুটি।

১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করেন ও’ডাউড।

৩.১ ওভারে নেদারল‍্যান্ডসের রান ১ উইকেটে ২৩। ক্রিজে ভিক্রামজিৎ সিংয়ের সঙ্গী আনিল তেজা নিদামানুরু।

30 Aug 2025, 06:03 PM

অলরাউন্ডারসহ ৭ বোলার নিয়ে নেদারল‍্যান্ডস

দুই ওপেনার ও উইকেটরক্ষকের বাইরে বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যান কেবল একজন। দুই অলরাউন্ডার ও পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে নেদারল‍্যান্ডস। তাতে বোলিংয়ে যথেষ্ট বিকল্প থাকছে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের হাতে।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল।

30 Aug 2025, 05:42 PM

দুই বছর পর টি-টোয়েন্টিতে সাইফ হাসান

২০২৩ সালের পর প্রথমবার টি-টোয়েন্টিতে দলে ফেরা মোহাম্মদ সাইফ হাসান জায়গা পেয়ে গেলেন একাদশেও। নেই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান শামীম হোসেন।

স্পিনে শেখ মেহেদি হাসানের সঙ্গে আছেন রিশাদ হোসেন। প্রয়োজনে হাত ঘুরাতে পারবেন সাইফ।

একাদশে পেসার তিন জন- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

30 Aug 2025, 05:37 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি নিলেন ফিল্ডিং।

30 Aug 2025, 05:12 PM

মান ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগকেই বড় করে দেখছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেদারল্যান্ডসের মান নিয়ে খুব একটা ভাবছে না স্বাগতিকরা। তাদের ভাবনা নিজেদের নিয়েই, নিজেদের মান ধরে রাখা নিয়ে। 

সিলেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। 

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ফেভারিট হলেও, জয় নিশ্চিত ধরে নেওয়ার উপায় নেই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়েছিল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সগৌরব উপস্থিতি থাকে নিয়মিতই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা হারিয়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের তেতো স্মৃতি আছে বাংলাদেশ। শক্তিতে ওই দুই দলের চেয়ে এগিয়ে নেদারল্যান্ডস।

ডাচদের বিপজ্জনক হিসেবেই দেখছেন স্বাগতিকদের প্রধান কোচ ফিল সিমন্স। 

“তারা গত দুটি বিশ্বকাপে খেলেছে। বিশ্বকাপে ভালো করেছে। আমরা কোনো দলকেই খাটো করে দেখি না। এখন বিশ্ব ক্রিকেটে কাউকে খাটো করে দেখার উপায় নেই। সবাই ভালো খেলছে, সবাই জেতার জন্য খেলে। আমাদেরকেও তাই সেই মানটাই মেলে ধরতে হবে, যেভাবে আমরা চালিয়ে যেতে চাই।”

সেই ‘মান’ আসলে কোনটি, তা জানিয়ে রাখলেন সিমন্স।

“শ্রীলঙ্কায় যে মান আমরা মেলে ধরেছি, সেটিই ধারে রাখতে চাইব আমি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের কিছুটাও বয়ে নিতে চাইব, যদিও ওই সিরিজে মিরপুরের উইকেট শ্রীলঙ্কার মতো অতটা ভালো ছিল না। শ্রীলঙ্কায় আমাদের ওই স্ট্যান্ডার্ড বজায় রাখতে চাই।”