সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১১৭
বাংলাদেশ: ১৪.৩ ওভারে ১১৯/২
02 Dec 2025, 04:55 PM
অনায়াস জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রেইগ ইয়াংয়ের ওভারের প্রথম বল ছক্কায় ওড়ালেন তানজিদ হাসান। ৩৫ বলে বাঁহাতি ওপেনার স্পর্শ করলেন পঞ্চাশ।
স্ট্রাইক পেয়ে এক বল পর বাউন্ডারিতে ম্যাচের ইতি টেনে দিলেন পারভেজ হোসেন। তুই বাঁহাতি ব্যাটসম্যানের ঝড়ো ইনিংসে ৩৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল বাংলাদেশ।
তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লিটন দাসের দল।
৩৬ বলে তিন ছক্কা ও চারটি চারে ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ। চারে নেমে ২৬ বলে তিন ছক্কা ও এক চারে ৩৩ রান করেন পারভেজ। তাদের জুটিতে ৫০ বলে আসে ৭৩ রান।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে তিন বিভাহেই ভালো করল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১১৭ (স্টার্লিং ৩৮, টিম টেক্টর ১৭, হ্যারি টেক্টর ৫, টাকার ১, ক্যাম্ফার ৯, ডকরেল ১৯, ডেলানি ১০, অ্যাডায়ার ৮, হামফ্রিজ ১, ইয়াং ২*, হোয়াইট ৫; মেহেদি ৪-০-২৪-১, শরিফুল ৩-০-২১-২, সাইফ উদ্দিন ৩.৫-০-৩১-১, মুস্তাফিজ ৩-০-১১-৩, রিশাদ ৪-০-২১-৩, সাইফ হাসান ২-০-৮-০)
বাংলাদেশ: ১৩.৪ ওভারে ১১৯/২ (তানজিদ ৫৫*, সাইফ ১৯, লিটন ৭, পারভেজ ৩৩*; হামফ্রিজ ২-০-১৫-০, অ্যাডায়ার ১-০-১১-০, ইয়াং ২.৪-০-৩০-১, ডেলানি ২-০-২৫-০, হ্যারি টেক্টর ৩-০-১৭-১, হোয়াইট ৩-০-২১-০)
02 Dec 2025, 04:39 PM
তানজিদ-পারভেজের জুটিতে পঞ্চাশ
দ্রুত ২ উইকেট হারালেও দলকে কক্ষপথে রেখেছেন তানিজদ হাসান ও পারভেজ হোসেন। তৃতীয় উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৩৩ বলে।
গ্যারেথ ডেলানির ওভারে চারের পর জোড়া ছক্কা মেরেছেন তানজিদ। পরে তার সিঙ্গেলে জুটির রান স্পর্শ করেছে পঞ্চাশ।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৬। ২৫ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪৪ রানে ব্যাট করছেন তানজিদ। ২১ বলে দুই ছক্কায় ২১ রানে খেলছেন পারভেজ।
02 Dec 2025, 04:15 PM
উইকেট ছুঁড়ে এলেন লিটন
বেশিক্ষণ টিকলেন না লিটন দাস। হ্যারি টেক্টরের বলে ছক্কার চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়লেন বাংলাদেশ অধিনায়ক।
হ্যারি টেক্টরের শর্ট বলে লেগে যে কোনো জায়গায় পাঠাতে পারতেন লিটন। তিনি খুঁজে নিলেন লেগে সীমানায় থাকা একমাত্র ফিল্ডার কার্টিস ক্যাম্ফারকে!
৬ বলে ৭ রান করেন লিটন।
৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৮। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী পারভেজ হোসেন। এমনিতে ওপেনিংয়ে নামলেও আর চারে খেলছেন পারভেজ।
02 Dec 2025, 04:09 PM
সাইফের বিদায়ে ভাঙল জুটি
ক্রেইগ ইয়াংকে ছক্কার পর চার মারলেন সাইফ হাসান। সেখানে না থেমে আরেকটি বড় শটের চেষ্টায় বিপদ ডেকে আনলেন তিনি। ধরা পড়লেন মার্ক অ্যাডায়ারের হাতে।
ক্রস সিম ডেলিভারি বেরিয়ে এসে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন ওপেনিংয়ে ফেরা সাইফ। টাইমিং করতে পারেননি তিনি। পিছিয়ে গিয়ে চমৎকার ক্যাচ নেন অ্যাডায়ার। ভাঙে ২৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
১৪ বলে এক ছক্কা ও দুই চারে সাইফ করেন ১৯ রান।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৮। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী লিটন দাস।
02 Dec 2025, 03:53 PM
উদ্বোধনী জুটিতে পরিবর্তন
তৃতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করেছেন সাইফ হাসান। আগের দুই ম্যাচে তিনি নেমেছিলেন চারে।
ম্যাথু হামফ্রিজের করা ইনিংসের প্রথম ওভারে ৩ রান নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার।
02 Dec 2025, 03:44 PM
৫ ক্যাচে তানজিদের কীর্তি
গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচ নিলেন তানজিদ হাসান। তাতে একটা কীর্তি গড়া হয়ে গেল তার। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসেবে তিনি টি-টোয়েন্টিতে নিলেন পাঁচটি ক্যাচ।
সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আউট ফিল্ডে পাঁচটি ক্যাচ নিলেন তানজিদ। অন্য দুই জন হলেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক।
02 Dec 2025, 03:40 PM
১১৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
পল স্টার্লিংয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ১২০ রানও করতে পারল না। প্রথম ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান করা সফরকারীরা ১ বল বাকি থাকতে থেমে গেল ১১৭ রান।
সিরিজ জিততে বাংলাদেশ পেল ১১৮ রানের ছোট লক্ষ্য।
দারুণ বোলিং করলেও মুস্তাফিজুর রহমানকে শেষ ওভারে আক্রমণে আনেননি লিটন দাস। সেই ওভার করতে এসে বেন হোয়াইটকে ফিরিয়ে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
সীমানায় আরেকটি ক্যাচ নেন তানজিদ হাসান।
তিনটি করে উইকেট নেন মুস্তাফিজ ও রিশাদ হোসেন। শুরুর জুটির পর আর তেমন কোনো জুটি পায়নি আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১১৭ (স্টার্লিং ৩৮, টিম টেক্টর ১৭, হ্যারি টেক্টর ৫, টাকার ১, ক্যাম্ফার ৯, ডকরেল ১৯, ডেলানি ১০, অ্যাডায়ার ৮, হামফ্রিজ ১, ইয়াং ২*, হোয়াইট ৫; মেহেদি ৪-০-২৪-১, শরিফুল ৩-০-২১-২, সাইফ উদ্দিন ৩.৫-০-৩১-১, মুস্তাফিজ ৩-০-১১-৩, রিশাদ ৪-০-২১-৩, সাইফ হাসান ২-০-৮-০)
02 Dec 2025, 03:35 PM
ছক্কার চেষ্টায় অক্কা ডকরেল
শরিফুল ইসলামের বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন জর্জ ডকরেল।
বাঁহাতি পেসারের স্লোয়ারে টাইমিং করতে পারেননি তিনি। লং অফে কিছুটা এগিয়ে এসে ক্যাচ নেন তানজিদ হাসান। ম্যাচে এটি তার চতুর্থ ক্যাচ।
অনেকটা সময় ক্রিজে থাকা ডকরেল ২৩ বলে দুই চারে করেন ১৯ রান।
১৯ ওভারে আয়ারল্যান্ডের রান ৯ উইকেটে ১১৪। ক্রিজে ক্রেইগ ইয়াংয়ের সঙ্গী বেন হোয়াইট।
02 Dec 2025, 03:27 PM
মুস্তাফিজের জোড়া আঘাত
আক্রমণে ফিরে কেবল ২ রান দিয়ে দুটি উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপদ বাড়ল আরও।
প্রথম দুটি বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি মার্ক অ্যাডায়ার। তৃতীয় বলে কোনোমতে ব্যাটে-বলে করেন তিনি। সেটা যায় সোজায় তানজিদ হাসানের হাতে!
৯ বলে ৮ রান করেন অ্যাডায়ার।
ওভারের শেষ বলে প্রায় একই ধরনের শট খেলে তানজিদের হাতে ধরা পড়েন ম্যাথু হামফ্রিজ। ২ বলে তিনি করেন ১ রান।
এই উইকেটে ইশ সোধিকে (১৫৭) ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ (১৫৮)। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল টিম সাউদি ও রাশিদ খানের।
১৮ ওভারে আয়ারল্যান্ডের রান ৮ উইকেটে ১১০। ক্রিজে জর্জ ডকরেলের সঙ্গী ক্রেইগ ইয়াং
02 Dec 2025, 03:16 PM
ডেলানিকে ফেরালেন রিশাদ
নিজের শেষ ওভারে আরেকটি উইকেট নিলেন রিশাদ হোসেন। গ্যারেথ ডেলানিকে ফেরালেন এই লেগ স্পিনার।
স্লগ সুইপের চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি ডেলানি। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় পয়েন্টে, তানজিদ হাসানের হাতে।
১২ বলে ১০ রান করেন ডেলানি। ম্যাচে তিনি রিশাদের তৃতীয় শিকার। চট্টগ্রামে দ্বিতীয়বার কোনো ম্যাচে ৩ উইকেট নিলেন তরুণ লেগ স্পিনার।
১৬ ওভারে আয়ারল্যান্ডের রান ৬ উইকেটে ৯৯। ক্রিজে জর্জ ডকরেলের সঙ্গী মার্ক অ্যাডায়ার।
02 Dec 2025, 02:59 PM
স্টার্লিংকে থামালেন রিশাদ
এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছিলেন পল স্টার্লিং। রিশাদ হোসেনের গুগলিতে ক্যাচ দিয়ে থামলেন আয়ারল্যান্ড অধিনায়ক।
আগের বলে লং অন দিয়ে চার পান স্টার্লিং। পরের বলে তিনি ছিলেন ছক্কার সন্ধানে। কিন্তু স্লগ সুইপে টাইমিং করতে পারেননি তিনি, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন সাইফ হাসান।
২৭ বলে এক ছয় ও পাঁচ চারে ৩৮ রান করেন স্টার্লিং।
১২ ওভারে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ৭৪। ক্রিজে জর্জ ডকরেলের সঙ্গী গ্যারেথ ডেলানি।
02 Dec 2025, 02:50 PM
রিশাদের দারুণ ডেলিভারিতে বোল্ড ক্যাম্ফার
প্রথম ৫ ওভারে ৫০ রান করা আয়ারল্যান্ড পরের ৫ ওভারে যোগ করতে পারল কেবল ১৬ রান!
দশম ওভারের শেষ বলে তারা হারাল আরেকটি উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসেনের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন কার্টিস ক্যাম্ফার।
জায়গা করে নিয়ে খেলার চেষ্টায় বলের লাইন ও লেংথ মিস করেন ক্যাম্ফার। এর মাশুল দেন আউট হয়ে। ১৬ বলে তিনি করেন ৯ রান।
১০ ওভারে আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ৬৬। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী জর্জ ডকরেল।
02 Dec 2025, 02:41 PM
টাকারকে দ্রুত ফেরালেন মেহেদি
ম্যাচের প্রথম ওভারে ১৩ রান দেওয়ার পর পাওয়ার প্লেতে আর বল হাতে পাননি শেখ মেহেদি হাসান। সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই তিনি পেলেন সাফল্য। এলবিডব্লিউ হয়ে ফিরলেন লর্কান টাকার।
অফ স্পিনারের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি ব্যাটসম্যান। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন লিটন দাস। তাতে পাল্টায় সিদ্ধান্ত। বল লাগত লেগ স্টাম্পে।
৫ বলে ১ রান করেন টাকার।
৭ ওভারে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ৫৫। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী কার্টিস ক্যাম্ফার।
02 Dec 2025, 02:35 PM
এসেই মুস্তাফিজের আঘাত
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। তার চমৎকার স্লোয়ারে বোল্ড হয়ে গেলেন হ্যারি টেক্টর।
বাঁহাতি পেসারের বল ঠিক মতো খেলতে পারেননি ব্যাটসম্যান। বল স্টাম্পের দিকে যাচ্ছে দেখে দ্রুত লাথি দিয়ে সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল পর্যন্ত যায়নি তার পা, উল্টো নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। স্টাম্পে লেগে বেল পড়ে গেলে উইকেটের আনন্দে মাতেন ফিল্ডাররা।
৬ বলে হ্যারি টেক্টর করেন ৫ রান।
৬ ওভারে আয়ারল্যান্ডের রান ২ উইকেটে ৫১। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী লর্কান টাকার।
02 Dec 2025, 02:26 PM
শুরুর জুটি ভাঙলেন শরিফুল
প্রথম দুই বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না টিম টেক্টর। পরপর তিনটি বাজে বল দিলেন শরিফুল ইসলাম, সেগুলো কাজে লাগালেন হ্যারি টেক্টর। দুই চারের পর মারলেন ছক্কা। তবে শেষ হাসি হাসলেন বাঁহাতি পেসারই। তার চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন টেক্টর।
স্লোয়ার বল বুঝতেই পারেননি আইরিশ ওপেনার। বলের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে মিডল-অফ স্টাম্পে। ভাঙে ২৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করেন টিম টেক্টর।
৪ ওভারে আয়ারল্যান্ডের রান ১ উইকেটে ৩৮। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী হ্যারি টেক্টর।
02 Dec 2025, 02:19 PM
স্টার্লিংকে জীবন দিলেন সাইফ উদ্দিন
তৃতীয় ওভারে আক্রমণে এসে সাফল্য পাওয়ার খুব কাছে ছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তবে নিজের বলে পল স্টার্লিংয়ের ক্যাচ নিতে পারলেন না তিনি।
সাইফের অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে পুল করেন স্টার্লিং। শট ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় বোলারের পেছনে। ছুটে গিয়ে হাত ছোঁয়ালেও বল মুঠোয় নিতে পারেননি সাইফ। সে সময় ১৫ রানে ছিলেন স্টার্লিং।
৩ ওভারে আয়ারল্যান্ডের রান বিনা উইকেটে ২৪।
02 Dec 2025, 01:52 PM
আয়ারল্যান্ড একাদশেও ৩ পরিবর্তন
বাংলাদেশের মতো তিনটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ডও। দলে ফিরেছেন কার্টিস ক্যাম্ফার। সিরিজে প্রথমবার খেলছেন ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট।
বাদ পড়েছেন বেন কালিৎজ, জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়াং, বেন হোয়াইট, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার।
02 Dec 2025, 01:52 PM
বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে নিজেদের সবশেষ ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে এসেই একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন। ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বাদ পড়েছেন নুরুল হাসান সোহাস, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই খেলা হলো না মাহিদুল ইসলামের।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
02 Dec 2025, 01:35 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তাতে সিরিজের কোনো ম্যাচেই আগে ব্যাট করা হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক লিটন দাস।
02 Dec 2025, 01:10 PM
সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ ম্যাচ, একই সঙ্গে সিরিজ নির্ধারণী লড়াইও। সব মিলিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ এক ম্যাচ লিটন দাসের দলের জন্য। নিজেদের গুছিয়ে নেওয়া, সম্ভাব্য একাদশের ছবি আঁকা, নিখুঁত এক ম্যাচ খেলা সঙ্গে সিরিজ জয়- প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি এক বিন্দুতে মেলানোর চ্যালেঞ্জ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুপুরের ম্যাচের সঙ্গে মানিয়ে নিতে মঙ্গলবার চট্টগ্রামে লড়াই শুরু হবে বেলা দুইটায়।
প্রথম ম্যাচে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে একটা সময়ে সহজ জয়ের পথে থাকলেও শেষটায় তালগোল পাকায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফ উদ্দিনের ছোট্ট কিন্তু কার্যকর এক ইনিংসে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। অন্তত শেষটায় নিখুঁত এক ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ।
