20 Apr 2026, 06:40 PM
৬ উইকেটের জয়
নাজমুল হোসেন শান্ত মাঠ ছাড়ার পর বাকিটা অনায়াসে সারলেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক একটু বেশিই সাবধানী ছিলেন। শেষ ২ রান নিতে খেলেন ৯ বল।
দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের ১৯৮ রান ৮৭ বল বাকি থাকতে ছাড়িয়ে গেছে স্বাগতিকরা।
৩ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের নিষ্পত্তি হবে চট্টগ্রামের তৃতীয় ওয়ানডেতে।
আগুনে বোলিংয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ভিত গড়ে দেন গতিময় পেসার নাহিদ রানা। ভালো বোলিং করেন অন্যরাও।
রান তাড়ায় দলকে পথ দেখান তানজিদ হাসান ও শান্ত। তাদের ১২০ রানের আগ্রাসী জুটির পর জয়ের জন্য খুব একটা ভাবতে হয়নি স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৪৮.৪ ওভারে ১৯৮ (নিকোলস ১৩, কেরি ৮৩, ইয়াং ২, ল্যাথাম ১৪, আব্বাস ১৯, ফক্সক্রফট ১৫, ক্লার্কসন ৬, স্মিথ ১৮*, টিকনার ১২, লেনক্স ০, ও’রোক ৬; তাসকিন ৯.৪-১-৪৬-১, শরিফুল ১০-১-৩২-২, নাহিদ ১০-১-৩২-৫, সৌম্য ৪-০-২৭-১, মিরাজ ১০-০-৩৮-০, রিশাদ ৫-০-২১-১)
বাংলাদেশ: ৩৫.৩ ওভারে ১৯৯/৪ (সাইফ ৮, তানজিদ ৭৬, সৌম্য ৮, শান্ত আহত অবসর ৫০*, লিটন ৭, হৃদয় ৩০*, মিরাজ ৮*; স্মিথ ৭-১-৪৬-১, ও’রোক ৭-০-৪১-১, টিকনার ৫-০-৩৫-০, ফক্সক্রফট ৫.৩-০-২৬-০, লেনক্স ৯-২-৩৬-২, ক্লার্কসন ২-০-১১-০)
৩১ বলে পাঁচ চারে ৩০ রানে অপরাজিত থাকেন হৃদয়। ৮ রান করতে মিরাজ খেলেন ২৫ বল।
20 Apr 2026, 06:09 PM
৭১ বলে পঞ্চাশ ছুঁয়ে মাঠ ছাড়লেন শান্ত
ওয়ানডেতে ১৩ ইনিংস পর ফিফটি করলেন নাজমুল হোসেন শান্ত। গত বছর ফেব্রুয়ারিতে সবশেষ ফিফটি তিনি করেছিলেন নিউ জিল্যান্ডের বিপক্ষে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
সিঙ্গেল নিয়ে ৭১ বলে পঞ্চাশ স্পর্শ করেন শান্ত। ক্র্যাম্প বেশ ভোগাচ্ছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে। হাতেও ক্র্যাম্প করায় মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি।
সৌম্য সরকার তিনে খেলা এই ম্যাচে চারে ব্যাট করছেন শান্ত। তানজিদ হাসানের বিদায়ের পর লিটন দাস দ্রুত আউট হওয়ায় একটু চাপে আছে বাংলাদেশ। শান্তও মাঠ ছাড়ায় বাকি পথটুকু পাড়িয়ে দেওয়ার দায়িত্ব তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের কাঁধে।
২৮.১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৭।
20 Apr 2026, 05:45 PM
শততম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ লিটন
নিজেদের শততম ওয়ানডের উপলক্ষ্য ব্যাট হাতে রাঙিয়ে রাখতে পারলেন না লিটন দাস। জেডেন লেনক্সের বলে মিডউইকেটের উপর দিয়ে খেলতে গিয়ে সহজ ক্যাচ দিলেন এই কিপার-ব্যাটসম্যান।
বাঁহাতি স্পিনারের বলে টাইমিং করতে পারেননি লিটন। মিডউইকেটে সহজ ক্যাচ নেন ডিন ফক্সক্রফট। ১১ বলে ৭ রান করেন লিটন।
২৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৫। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।
জয়ের জন্য শেষ ২৫ ওভারে ৪৪ রান চাই বাংলাদেশের।
20 Apr 2026, 05:36 PM
তানজিদের বিদায়ে ভাঙল জুটি
আগের বল বেরিয়ে এসে ছক্কায় ওড়ালেন তানজিদ হাসান। পরের বলে একই চেষ্টায় শট ঠিকঠাক খেলতে পারলেন না তিনি। পিছিয়ে গিয়ে লং অফে চমৎকার নিলেন হেনরি নিকোলস।
আগের ম্যাচে বাংলাদেশকে বেশ ভোগানো বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স ভাঙলেন ১১০ বল স্থায়ী ১২০ রানের জুটি।
৫৮ বরে ১০ চার ও ৪ ছক্কায় ৭৬ রান করে ফিরলেন তানজিদ।
২৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪২। নিজেদের শততম ওয়ানডেতে উইকেটের পেছনে দারুণ এক দিন কাটানো লিটন দাস নেমেছেন ব্যাটিংয়ে। তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত এগিয়ে যাচ্ছেন পঞ্চাশের পথে।
20 Apr 2026, 05:25 PM
তানজিদ-শান্তর জুটিতে একশ
জশ ক্লার্কসনকে চার বলের মধ্যে দুটি চার মারলেন তানজিদ হাসান। বাঁহাতি ওপেনারের দ্বিতীয় চারে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটি স্পর্শ করল একশ, ৯৯ বলে।
থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান খেলছেন অনায়াসে। কোনো ঝুঁকি নিচ্ছেন না। প্রায় প্রতি ওভারে একটি-দুটি করে বাউন্ডারি পাচ্ছেন। তাতে দ্রুত বাড়ছে বাংলাদেশের রান।
২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২৪।৫২ বলে ১০ চার ও ৩ ছক্কায় তানজিদের রান ৬৭। ৫১ বলে এক ছক্কা ও চারটি চারে শান্তর রান ৩২।
20 Apr 2026, 05:10 PM
৩৩ বলে তানজিদের পঞ্চাশ
প্রথম ম্যাচে দ্রুত ফেরা তানজিদ হাসান এবার চড়াও হয়েছেন নিউ জিল্যান্ডের বোলারদের উপর। আগ্রাসী ব্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি ৩৩ বলে।
ডিন ফক্সক্রফটের বলে স্লগ সুইপ করে ছক্কা মারেন তানজিদ। এই ছক্কায় তার রান স্পর্শ করে পঞ্চাশ। তিন বল মারেন বাউন্ডারি। পরের বলে সিঙ্গেল নিয়ে ধরে রাখেন স্ট্রাইক।
১৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৫। ৩৮ বলে তিন ছক্কা ও সাত চারে তানজিদের রান ৫৫। ৩৫ বলে তিন চারে শান্তর রান ২১।
জয়ের জন্য শেষ ৩৫ ওভারে আরও ১০৪ রান চাই স্বাগতিকদের।
20 Apr 2026, 04:48 PM
তানজিদ-শান্তর জুটিতে পঞ্চাশ
যেন ভিন্ন উইকেটে ব্যাট করছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। অন্য ব্যাটসম্যানদের যেখানে রান করতে বেগ পেতে হয়েছে, সেখানে অনায়াসে এগিয়ে যাচ্ছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
তৃতীয় উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৪২ বলে। ডিন ফক্সক্রফটের বলে ডিপ মিডউইকেট দিয়ে তানজিদের চমৎকার বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করেছে তাদের জুটি।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭২।
20 Apr 2026, 04:44 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশ ৬৭/২
সাইফ হাসান ও সৌম্য সরকারের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটে পাওয়ার প্লেতে দ্রুত তুলেছে বাংলাদেশ।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৭। ২৫ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৩ রানে ব্যাট করছেন ওপেনার তানজিদ। চারে নেমে তিন চারে ১৮ বলে ১৫ রান করেছেন শান্ত।
নিউ জিল্যান্ডের পেসারদের বিপক্ষে সাবলীল ব্যাট করছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। চমৎকার শটও খেলেছেন তারা। তাতে দ্রুত বাড়ছে বাংলাদেশের রান।
20 Apr 2026, 04:14 PM
টিকলেন না সৌম্য
সাইফ হাসানের পর সৌম্য সরকারকেও হারাল বাংলাদেশ। আপার কাটের চেষ্টায় স্লিপে ধরা পড়লেন বাঁহাতি এই ওপেনার।
ওভারের শুরুতে উইল ও’রোককে চমৎকার শটে ডিপ কাভারের উপর দিয়ে ছক্কা মারেন সৌম্য। শেষ বলে আপার কাট করেন তিনি। যতটা ভেবেছিলেন, ততটা বাউন্স ও গতি ছিল না। টাইমিং হয়নি একেবারেই, সহজ ক্যাচ নেন ডিন ফক্সক্রফট।
১১ বলে সৌম্য ফেরেন ৮ রানে।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
20 Apr 2026, 03:58 PM
প্রথম ওভারেই ফিরলেন সাইফ
ন্যাথান স্মিথের প্রথম বলে ব্যাটের কানায় লেগে স্লিপের পাশ দিয়ে বাউন্ডারি পান সাইফ হাসান। এক বল পর চমৎকার ব্যাকফুট কাভার ড্রাইভে পান আরেকটি বাউন্ডারি। কিন্তু দুই বল পর বোল্ড হয়ে বিদায় নেন তিনি।
জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় সফল হননি সাইফ। একটু নিচু হওয়া বলের লাইনে যেতে পারেননি তিনি। বল ছোবল দেয় অফ স্টাম্পে।
৬ ওভারে দুই চারে ৮ রান করেন সাইফ।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৮। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী সৌম্য সরকার।
20 Apr 2026, 03:34 PM
ডেথ ওভারে এবার সফল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে শেষ ১০ ওভারে ভালো করতে পারেননি বাংলাদেশ। এবার ৪০ রানে শেষ ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে দুইশ রানের নিচে থামিয়েছে তারা।
৪০ ওভারে নিউ জিল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১৫৮। ক্রিজে ছিলেন ডিক ফক্সক্রফট ও ন্যাথান স্মিথ। এক প্রান্ত আগলে রাখেন স্মিথ। কিন্তু অন্য প্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।
20 Apr 2026, 03:18 PM
১৯৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
দুইশ রানের নিচেই নিউ জিল্যান্ডকে থামাতে পারল বাংলাদেশ। তাসকিন আহমেদের চলে উইল ও’রোকের চমৎকার ক্যাচ নিলেন তাওহিদ হৃদয়। ৪৮৪ ওভারে ১৯৮ রানে থামল নিউ জিল্যান্ড।
১১ বলে ৬ রান করেন ও’রোক। ২৩ বলে ১ চারে ১৮ রানে অপরাজিত থাকেন ন্যাথান স্মিথ।
ওপেনার নিক কেলি ছাড়া নিউ জিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান বিশ পর্যন্ত যেতে পারেননি।
৩২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদ রানা। সমান রানে ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৪৮.৪ ওভারে ১৯৮ (নিকোলস ১৩, কেরি ৮৩, ইয়াং ২, ল্যাথাম ১৪, আব্বাস ১৯, ফক্সক্রফট ১৫, ক্লার্কসন ৬, স্মিথ ১৮*, টিকনার ১২, লেনক্স ০, ও’রোক ৬; তাসকিন ৯.৪-১-৪৬-১, শরিফুল ১০-১-৩২-২, নাহিদ ১০-১-৩২-৫, সৌম্য ৪-০-২৭-১, মিরাজ ১০-০-৩৮-০, রিশাদ ৫-০-২১-১)
20 Apr 2026, 03:18 PM
কঠিন সুযোগ হাতছাড়া
চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেছে, এখনও শেষ হয়নি নিউ জিল্যান্ডের ইনিংস। স্লো ওভার রেটের জন্য শেষ তিন ওভারে বাউন্ডারিতে এক জন কম ফিল্ডার রাখার শাস্তি পেল বাংলাদেশ।
৪৮তম ওভারে নিউ জিল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে কাভারে ন্যাথান স্মিথের কঠিন ক্যাচ নিতে পারলেন না তাওহিদ হৃদয়।
৪৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ৯ উইকেটে ১৯৬। শেষ জুটির দৃঢ়তায় দুইশ রানের আশা বাঁচিয়ে রেখেছে সফরকারীরা।
20 Apr 2026, 03:18 PM
লেনক্সকে ফিরিয়ে নাহিদের ৫
আগের ম্যাচে খরুচে বোলিং করা নাহিদ এবার ফিরলেন স্বরূপে। দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার পেলেন ৫ উইকেট।
জেডেন লেনক্সকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট নেন নাহিদ। জায়গা করে নিয়ে খেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন লেনক্স। দূর থেকে খেলার চেষ্টায় বলের লাইনেই যেতে পারেননি তিনি।
৪ বল খেলেও রানের দেখা পাননি লেনক্স।
গত মাসে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই ওয়ানডেতে প্রথমবার ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ। পরেরটির জন্য বেশিদিন অপেক্ষা করতে হলো না তার।
পরের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ।
৪৬ ওভারে নিউ জিল্যান্ডের রান ৯ উইকেটে ১৮৪। ক্রিজে ন্যাথান স্মিথের সঙ্গী উইল ও’রোক।
20 Apr 2026, 03:18 PM
শরিফুলের বাউন্সারে ফিরলেন টিকনার
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা ব্লেয়ার টিকনারকে থামালেন শরিফুল ইসলাম। নিখুঁত বাউন্সারে বাঁহাতি এই পেসার পেলেন নিজের দ্বিতীয় উইকেট।
অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করেন টিকনার। টাইমিং করতে পারেননি তিনি। এগিয়ে এসে চমৎকার ক্যাচ নেন বদলি ফিল্ডার আফিফ হোসেন।
১১ বলে দুই চারে টিকনার করেন ১২ রান।
৪৫ ওভারে নিউ জিল্যান্ডের রান ৮ উইকেটে ১৮৩। ক্রিজে ন্যাথান স্মিথের সঙ্গী জেডেন লেনক্স।
20 Apr 2026, 02:45 PM
ফক্সক্রফটকে ফিরিয়ে নাহিদের চার
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের বলে স্কয়ার লেগে ধরা পড়লেন ডিন ফক্সক্রফট।
অফ স্টাম্পের বাইরের শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি ফক্সক্রফট। কিছুটা এগিয়ে থাকা তাওহিদ হৃদয় তালগোল প্রায় পাকিয়েই ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত বল মুঠোতেই রাখেন তিনি।
প্রথম ওয়ানডেতে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা ফক্সক্রফট এবার ফিরলেন ৩৫ বলে ১৫ রান করে। ইনিংসে সেই কোনো বাউন্ডারি।
৪৩ ওভারে নিউ জিল্যান্ডের রান ৭ উইকেটে ১৭৫। ক্রিজে ন্যাথান স্মিথের সঙ্গী ব্লেয়ার টিকনার।
20 Apr 2026, 02:24 PM
ক্লার্ককে দ্রুত ফেরালেন রিশাদ
আগের বলে কাভার ড্রাইভে চার পেলেন জশ ক্লার্কসন। পরের বলে স্কয়ার কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন এই অলরাউন্ডার। লেগ স্পিনার রিশাদ হোসেন পেলেন নিজের প্রথম উইকেট।
দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন ক্লার্কসন। লম্বা সময় পর আক্রমণে ফেরা রিশাদের উপর চড়াও হতে চেয়েছিলেন তিনি। বাউন্ডারি হজম করলেও পরে শেষ হাসি হাসলেন রিশাদই।
ক্লার্কসন ৫ বলে করেন ৬ রান।
৩৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ৬ উইকেটে ১৫৩। ক্রিজে ডিন ফক্সক্রফটের সঙ্গী ন্যাথান স্মিথ।
20 Apr 2026, 02:19 PM
৮৩ রানে থামলেন কেলি
এক প্রান্ত আগলে রেখে নিউ জিল্যান্ডকে এগিয়ে নেওয়া নিক কেলি থামলেন ৮৩ রানে।
শরিফুল ইসলামের স্লোয়ার ঠিকঠাক বুঝতে পারেননি তিনি। শট খেলেন আগেভাগেই। টাইমিং করতে পারেননি বাঁহাতি ওপেনার। ক্যাচ যায় মিড উইকেটে, তাওহিদ হৃদয়ের হাতে। ভাঙে ৪৯ বল স্থায়ী ৩৭ রানের জুটি।
১০২ বলে ১৪টি চারে ৮৩ রান করেন কেলি।
৩৭ ওভারে নিউ জিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪৬। ক্রিজে ডিন ফক্সক্রফটের সঙ্গী জশ ক্লার্কসন।
20 Apr 2026, 01:42 PM
লিটনের আরেকটি দুর্দান্ত ক্যাচ
জমে যাওয়া জুটি ভাঙতে নাহিদ রানাকে আক্রমণে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। সফল হলো অধিনায়কের বোলিং পরিবর্তন। তবে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়ে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন লিটন দাস।
নাহিদের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করেন মুহাম্মদ আব্বাস। টাইমিং করতে পারেননি তিনি। ফাইন লেগের দিকে যাওয়া বল ছুটে গিয়ে ডাইভ দিয়ে গ্লাভসে জমান কিপার লিটন। ভাঙে ৬৬ বল স্থায়ী ৫৬ রানের জুটি।
৩৪ বলে এক চারে ১৯ রান করেন আব্বাস।
২৯ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ১০৮। ক্রিজে কেলির সঙ্গী গত ম্যাচের নায়ক ডিন ফক্সক্রফট।
20 Apr 2026, 01:29 PM
কেলির পঞ্চাশ, জুটিরও পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে পঞ্চাশ ছুঁয়েছেন নিক কেলি, ৬৬ বলে। মুহাম্মদ আব্বাসের সঙ্গে তার জুটিতে পঞ্চাশ এসেছে ৫৩ বলে।
তাদের জুটিতে ধীরে ধীরে বাড়ছে নিউ জিল্যান্ডের রান। সঙ্গে মাঝের ওভারে উইকেটের জন্য বাংলাদেশের অপেক্ষার প্রহরও বাড়ছে।
২৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ১০৭। ৬৮ বলে ৫২ রানে খেলছেন কেলি। ৩৩ বলে ১৯ রানে খেলছেন আব্বাস।
20 Apr 2026, 01:29 PM
মাঝপথে নিউ জিল্যান্ড ৯৭/৩
মন্থর শুরুর পর রানের গতি বাড়াতে শুরু করেছে নিউ জিল্যান্ড। ২৫ ওভারে দলটির সংগ্রহ ৩ উইকেটে ৯৭।
২৫তম ওভারে তাসকিন আহমেদের বলে তিনটি চার মেরেছেন নিক কেলি। ৬১ বলে তিনি খেলছেন ৪৭ রানে। তার সঙ্গে মুহাম্মদ আব্বাসের জুটিতে ৪৫ রান এসেছে ৪৫ বলে।
আব্বাস ২২ বলে খেলছেন ১৪ রানে।
20 Apr 2026, 01:14 PM
উইকেটের পেছনে লিটনের দুর্দান্ত ক্যাচ
নিজের শততম ওয়ানডেতে উইকেটের পেছনে দারুণ কার্যকারিতা দেখাচ্ছেন লিটন দাস। সবসময় তৎপর থাকা কিপার নিয়েছেন টম ল্যাথামের দারুণ এক ক্যাচ।
ছয় মাসের মধ্যে প্রথমবার ওয়ানডে খেলতে নামা সৌম্য সরকারকে দিয়ে বোলিং করাচ্ছেন মেহেদঅ হাসান মিরাজ। সাফল্য এসেছে সৌম্যর বলেই।
সৌম্যর বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে যায় ব্যাটের কানা। মনে হচ্ছিল একটু সামনে পড়েছে বল। তবে ডাইভ দিয়ে সামনের দিকে হাত বাঁড়িয়ে গ্লাভসে জমান লিটন। কয়েকবার রিপ্লে দেখে আউট দেন তৃতীয় আম্পায়ার।
৩৫ বলে এক চারে ১৪ রান করেন ল্যাথাম।
১৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ৫৩। ক্রিজে নিক কেলির সঙ্গী মুহাম্মদ আব্বাস।
20 Apr 2026, 11:59 AM
ইয়াংকে টিকতে দিলেন না নাহিদ
নিজের পরের ওভারের প্রথম বলে আরেকটি উইকেট পেলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের গতি ও বাউন্সে সৌম্য সরকারের হাতে ধরা পড়লেন উইল ইয়াং।
ঘণ্টায় প্রায় ১৪৭ কিলোমিটার গতির ডেলিভারির জবাব জানা ছিল না ইয়াংয়ের। তাকে চমকে দিয়ে বাড়তি বাউন্স করা বল ব্যাট ছুঁয়ে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। সহজ ক্যাচ মুঠোয় জমান সৌম্য।
৭ বল খেলে ইয়াং করেন ২ রান।
১০ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ২৮। ক্রিজে নিনক কেলির সঙ্গী টম ল্যাথাম।
পাওয়ার প্লেতে বেশি রান করতে পারল না নিউ জিল্যান্ড। উইকেট হারাল দুটি, দুটিই নিলেন নাহিদ।
20 Apr 2026, 11:49 AM
প্রথম বলেই নাহিদের উইকেট
বোলিংয়ে পরিবর্তন কাজে লেগে গেল। নাগিদ রানার প্রথম বলেই মিলল উইকেট।
গতিময় পেসারের অফ স্টাম্পের বল লেগে খেলতে চেয়েছিলেন হেনরি নিকোলস। তবে গতির সঙ্গে লড়াইয়ে পারেননি তিনি। বল ছোবল দেয় প্যাডে।
আম্পায়ার আউট দেওয়ার পর নিক কেলির সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফেরেন নিকোলস। ভাঙে ৪৪ বল স্থায়ী ২৫ রানের উদ্বোধনী জুটি।
২৬ বরে ২ চারে ১৩ রান করেন নিকোলস।
৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ২৬। ক্রিজে কেলির সঙ্গী উইল ইয়াং।
20 Apr 2026, 11:32 AM
শরিফুল-তাসকিনের আঁটসাঁট বোলিং
নতুন বলে নিউ জিল্যান্ডের দুই ওপেনারকে সহজে রান দিচ্ছেন না শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। প্রথম ৫ ওভারে কেবল ১২ রান করতে পেরেছে নিউ জিল্যান্ড। এর মধ্যে ৮ রান এসেছে তাসকিনের ওভারের শেষ দুই বলে।
১৮ বলে ৩ রানে খেলছেন হেনরি নিকোলস। প্রথম ১১ বল ডট খেলা নিক কেলি ১৩ বলে ব্যাট করছেন ৮ রানে।
20 Apr 2026, 11:04 AM
রুবেলকে সম্মাননা জানাল বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পেসার রুবেল হোসেনকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের চিরচেনা উইকেট স্পর্শ করে দীর্ঘ পথ চলার সমাপ্তি টেনেছেন তিনি।
তামিম ইকবালসহ বিসিবির অ্যাডহক কমিটির কয়েকজন সদস্য রুবেলের হাতে একটি ক্রেস্ট তুলে দিয়েছেন। তিন সংস্করণের তিনটি জার্সিতে লেখা রুবেলের বোলিং পরিসংখ্যান। ছেলেকে নিয়ে সম্মাননা গ্রহণ করে নিজের সব কোচ, সতীর্থ, ফিজিও, গ্রাউন্ডসম্যানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুবেল।
বাবা-মার পাশাপাশি বন্ধু, স্বজন ও ভক্তদের কথা স্মরণ করেছেন সাবেক এই পেসার।
20 Apr 2026, 10:43 AM
অপরিবর্তিত নিউ জিল্যান্ড
প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতা নিউ জিল্যান্ড খেলছে একই একাদশ নিয়ে। তাদের নিয়ে আগের ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান অধিনায়ক টম ল্যাথাম।
নিউ জিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
20 Apr 2026, 10:39 AM
আফিফের জায়গায় সৌম্য
টানা ব্যর্থতায় একাদশে জায়গা হারালেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
একাদশে টপ অর্ডার ব্যাটসম্যানের ছড়াছড়ি। আগে থেকেই আছেন তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওয়ানডেতে টসের আগে চোট পাওয়া মুস্তাফিজুর রহমান খেলছেন না এই ম্যাচেও। টিকে গেছে নাটকীয়ভাবে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করা শরিফুল ইসলাম।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
20 Apr 2026, 10:35 AM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা দুই ম্যাচে টস জিতলেন টম ল্যাথাম। আগের মতো এবারও তিনি নিলেন ব্যাটিং।
আবারও রান তাড়ার চ্যালেঞ্জ নিতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে।
20 Apr 2026, 10:01 AM
সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ
হার দিয়ে সিরিজ শুরু করার পর টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। জয়ে ফেরার লক্ষ্যে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১১টায়।
আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় এই সিরিজে নিয়মিত খেলোয়াড়দের পাচ্ছে না নিউ জিল্যান্ড। নতুন চেহারার এক দল নিয়ে খেলতে এসেছে তারা। অন্যদিকে বাংলাদেশ পাচ্ছে পূর্ণ শক্তির দল। তারপরও প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছে মিরাজের দল।
ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা ভাবাচ্ছে বাংলাদেশকে। রান নেই লিটন দাস, নাজমুল শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে। তবে বোলারদের চমৎকার ছন্দ আশা দেখাচ্ছে স্বাগতিকদের।