16 Dec 2022, 09:43 AM
চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের চ্যালেঞ্জে ভারতের মুখোমুখি বাংলাদেশ
16 Dec 2022, 09:43 AM
ফলো-অনের শঙ্কা নিয়ে দিন শুরু
ভারতের ৪০৪ রানের জবাব দিতে নেমে ১৩৩ রানে নেই ৮ উইকেট। দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় বাংলাদেশ। ফলো-অনের চোখ রাঙানি সাকিব আল হাসানের দলের সামনে।
ভারতকে আবার ব্যাটিংয়ে পাঠাতে এখনও ৭২ রান চাই স্বাগিতকদের। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী ইবাদত হোসেন। নবম উইকেটে এরই মধ্যে তারা গড়েছেন ৩১ রানের জুটি। ব্যাটিং বাকি কেবল সৈয়দ খালেদ আহমেদের।
উইকেটে বোলারদের জন্য সহায়তা এখন প্রবল। টার্ন বেড়েছে, বাউন্স আরও অসমান হয়েছে। মোহাম্মদ সিরাজের পেস যেমন ভোগাচ্ছে স্বাগতিকদের, কুলদিপ যাদবের বাঁহাতি রিস্ট স্পিনও ততটা পরীক্ষা নিচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৩৩/৮ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, লিটন ২৪, মুশফিক ২৮, সাকিব ৩, সোহান ১৬, মিরাজ ১৬*, তাইজুল ০, ইবাদত ১৩*; সিরাজ ৯-১-১৪-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১০-৩-৩৩-৪, আকসার ৭-৩-১০-০)।
16 Dec 2022, 09:59 AM
কুলদিপের পাঁচে ভাঙল জুটি
স্পিন করে লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বলে খোঁচা মেরে কিপারের হাতে ধরা পড়লেন ইবাদত হোসেন। ভাঙল নবম উইকেট জুটির প্রতিরোধ। পঞ্চম উইকেট পেলেন কুলদিপ যাদব।
বাঁহাতি রিস্ট স্পিনারের ওভার দিয়েই শুরু হয় দিন। অন্য প্রান্তে শুরু করেন মোহাম্মদ সিরাজ। এই পেসারের বলে একটি বাউন্ডারি মারেন ইবাদত। তবে পারলেন না কুলদিপের স্পিন খেলার চ্যালেঞ্জ নিতে। তার বিদায়ে ভাঙল ৪২ রানের জুটি।
৩৭ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করেন ইবাদত।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৪৪। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।
16 Dec 2022, 10:26 AM
ভারতের ব্যর্থ, খালেদের সফল রিভিউ
পাঁচ বলের মধ্যে দুই দল রিভিউয়ে পেল দুই রকমের ফল। আকসার প্যাটেলের দ্বিতীয় বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো ভারত। ইম্প্যাক্ট ও স্টাম্পে বলের স্পর্শ ছিল আম্পায়ার্স কল। তাই বেঁচে যান সৈয়দ খালেদ আহমেদ।
ওভারের শেষ বলে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। এবার তিনি নেন রিভিউ। আল্টাএজে ধরা পড়ে, প্যাডে লাগার আগে ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।
৫৪ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৪৯। ৭১ বলে দুই চার ও এক ছক্কায় ২৪ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে খালেদের রান শূন্য।
16 Dec 2022, 10:26 AM
১৫০ রানে শেষ বাংলাদেশ
তৃতীয় দিন সকালে এক ঘণ্টাও টিকল না বাংলাদেশের ইনিংস। মেহেদী হাসান মিরাজকে বিদায় করে স্বাগতিকদের ১৫০ রানে থামিয়ে দিলেন আকসার প্যাটেল।
বাঁহাতি স্পিনারের বল বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন মিরাজ। বলের নাগাল পাননি এই অফ স্পিনিং অলরাউন্ডার। এত দূর এগিয়ে গিয়েছিলেন যে ফেরার কোনো সুযোগই ছিল না। বাকিটা অনায়াসে সারেন রিশাভ পান্ত।
২৫৪ রানের লিড পাওয়া ভারতের সামনে সুযোগ ছিল ফলো-অন করানোর। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন দেখেনি ভারত। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ১৩৩/৮) ৫৫.৫ ওভারে ১৫০ (মিরাজ ২৫, ইবাদত ১৭; সিরাজ ১৩-২-২০-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১৬-৬-৪০-৫, আকসার ৮.৫-৪-১০-০)।
16 Dec 2022, 10:50 AM
রিভিউ নিয়ে বাঁচলেন গিল
তাইজুল ইসলামের বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন শুবমান গিল। লেগ স্টাম্পে পিচ করা বল ব্যাটে খেলতে পারেননি এই ওপেনার। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। সে সময় ৩ রানে খেলছিলেন গিল।
৪ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১১।
16 Dec 2022, 10:53 AM
বোলিংয়ে আরও শক্তি হারাল বাংলাদেশ
কাঁধের সমস্যায় প্রথম দিনের পর আর বোলিং করেননি অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় দিন ব্যাটিং করলেও 'পিঠের সমস্যায়' বোলিং করছেন না পেসার ইবাদত হোসেন চৌধুরি।
16 Dec 2022, 11:39 AM
২৯০ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে ভারত
১৫ ওভার বোলিং করে ভারতের দুই ওপেনারকে বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ। সাবধানী ব্যাটিংয়ে লোকেশ রাহুল ও শুবমান গিল তুলেছেন ৩৬ রান।
প্রথম ইনিংসে ২৫৪ রানের বড় লিড পাওয়া ভারত এগিয়ে ২৯০ রানে। ৪৩ বলে ২০ রানে খেলছেন রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া রাহুল। রিভিউ নিয়ে একবার বেঁচে যাওয়া গিলের রান ৪৭ বলে ১৫।
প্রথম সেশনে বল হাতে নেননি অধিনায়ক সাকিব আল হাসান। কাঁধের সমস্যায় দ্বিতীয় দিন বোলিং করেননি বাঁহাতি এই স্পিনার। প্রথম দিন করেছিলেন কেবল ১২ ওভার।
পিঠের সমস্যায় মাঠে নেই পেসার ইবাদত হোসেন। কার্যত এখন তিন বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।
খালেদ আহমেদ ৬ ওভারে দিয়েছেন ১৭ রান। তাইজুল ইসলামের ৭ ওভারে এসেছে ১০ রান। মেডেন দিয়ে শুরু করা মেহেদী হাসান মিরাজ লাঞ্চের আগে শেষ ওভারে হজম করেছেন দুটি বাউন্ডারি।
এর আগে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শুরু করে প্রথম ঘণ্টায় বাংলাদেশের ইনিংস থমকে যায় ১৫০ রানে।
16 Dec 2022, 12:40 PM
ভারতের 'সেরা' উদ্বোধনী জুটি
চলতি বছর ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেলেছেন লোকেশ রাহুল ও শুবমান গিল। গত মার্চে মোহালি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ রান যোগ করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মা। এ দুটি ছাড়া এ বছর আর কোনো পঞ্চাশ রানের উদ্বোধনী জুটি পায়নি ভারত।
২০ ওভার শেষে সফরকারীদের রান বিনা উইকেটে ৬৩।
16 Dec 2022, 12:55 PM
রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙলেন খালেদ
শর্ট বল দিয়ে উইকেটের আশায় ছিলেন সৈয়দ খালেদ আহমেদ। সফল্যও পেলেন এই পেসার। লোকেশ রাহুলকে ফিরিয়ে ভাঙলেন ভারতের উদ্বোধনী জুটি।
লেগ স্টাম্পে থাকা শর্ট বলে পুল করেন রাহুল। ফাইন লেগে কিছুটা সরে গিয়ে লাফিয়ে ক্যাচ নেন তাইজুল ইসলাম। ভাঙে ৭০ রানের জুটি।
তিন চারে ৬২ বলে রাহুল করেন ২৩ রান।
২৩ ওভারে ভারতের রান ১ উইকেটে ৭০। ৭৬ বলে পাঁচ চারে শুবমান গিলের রান ৪৪। ক্রিজে তার সঙ্গী চেতেশ্বর পুজারা।
16 Dec 2022, 01:04 PM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
মেহেদী হাসান মিরাজের বলে শুবমান গিলের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, অফ স্পিনারের বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
পরের বলেই চার মেরে ফিফটির পথে আরেকটু এগিয়ে যান গিল। ৮২ বলে তিনি খেলছেন ৪৮ রানে। ২ বলে চেতেশ্বর পুজারা খুলতে পারেননি রানের খাতা।
২৪ ওভারে ভারতের রান ১ উইকেটে ৭৪।
16 Dec 2022, 01:17 PM
গিলের ফিফটি
মেহেদী হাসান মিরাজের বলে সিঙ্গেল নিলেন শুবমান গিল, পৌঁছে গেলেন পঞ্চাশে। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি এলো ৮৪ বলে।
এই সময়ে ভারতীয় ওপেনার মেরেছেন ছয়টি বাউন্ডারি।
২৬ ওভারে ভারতের রান ১ উইকেটে ৮৩। গিল ৫৫ ও চেতেশ্বর পুজারা ২ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ২৫৪ রানের লিড পাওয়া ভারত এগিয়ে ৩৩৭ রানে।
16 Dec 2022, 01:34 PM
ভারতের একশ
সাবধানী শুরুর পর শট খেলতে শুরু করেছেন শুবমান গিল। বাড়তে শুরু করেছে রানের গতি। ২৯তম ওভারে ভারতের রান স্পর্শ করেছে তিন অঙ্ক। লিড ছাড়িয়েছে সাড়ে তিনশ।
সাকিব আল হাসান ও ইবাদত হোসেন বল করতে পারছেন না। তাই বোলার নিয়েও বেশ সঙ্কটে আছে বাংলাদেশ। প্রথম ২৯ ওভারে বোলিং করেছেন কেবল সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
২৯ ওভারে ভারতের রান ১ উইকেটে ১০৩।
16 Dec 2022, 01:48 PM
ডিআরএস অফলাইনে!
একটি টেস্ট উইকেট হয়তো পেতে পারতেন ইয়াসির আলি চৌধুরি। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন সাকিব আল হাসান।
স্পিন করে ভেতরে ঢোকা বল শুবমান গিল ব্যাটে খেলতে পারেননি। ইম্প্যাক্ট কোথায় সেটাই হয়তো দেখার ছিল আম্পায়ারের। কিন্তু তৃতীয় আম্পায়ার জানান, ডিআরএস অফলাইনে থাকায় পরীক্ষা করতে পারছেন না তিনি!
ভীষণ হতাশ দেখায় বোলার ইয়াসির, অধিনায়ক সাকিবকে। সে সময় ৭০ রানে ছিলেন গিল।
৩২ ওভারে ভারতের রান ১ উইকেটে ১১৮।
16 Dec 2022, 02:18 PM
শতরানের সেশনে চারশর কাছে ভারতের লিড
আরও একটি হতাশার সেশন কাটল বাংলাদেশের। ভাঙতে পারল কেবল ভারতের উদ্বোধনী জুটি।
২৪ ওভারে ১০৪ রান যোগ করেছে ভারত। এর ৭০ রান এসেছে শুবমান গিল ও চেতেশ্বর পুজারার জুটিতে।
চা-বিরতিতে যাওয়ার সময় ভারতের রান ১ উইকেটে ১৪০। ১২০ বলে আট চার ও এক ছক্কায় ৮০ রানে খেলছেন গিল। ৫৫ বলে চারটি চারে চেতেশ্বর পুজারার রান ৩৩।
ভারত এগিয়ে ৩৯৪ রানে। প্রথম ইনিংসে তারা নিয়েছিল ২৫৪ রানের লিড।
সাকিব আল হাসান ও ইবাদত হোসেন বোলিং করতে পারছেন না। তাদের অনুপস্থিতিতে হাত ঘুরাচ্ছেন ইয়াসির আলি চৌধুরি। গিলের উইকেট হয়তো পেতেও পারতেন তিনি। কিন্তু শেষ সময়ে ডিআরএস অফলাইনে থাকায় রিভিউ পরীক্ষাই করতে পারেননি তৃতীয় আম্পায়ার।
16 Dec 2022, 02:37 PM
বোলিংয়ে লিটন
তৃতীয় সেশনের শুরুতেই চমক। লিটন দাসের হাতে বল তুলে দিলেন সাকিব আল হাসান!
আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোলিং করলেন লিটন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে তিন ওভার বোলিং করেছিলেন লিটন। ১৪ রান দিয়েছিলেন, কোনো উইকেট পাননি।
অফ স্পিনে লিটন প্রথম ওভারে দেন ২ রান।
৪০ ওভারে ভারতের রান ১ উইকেটে ১৪২।
16 Dec 2022, 03:14 PM
গিলের প্রথম সেঞ্চুরি
৯৫ থেকে মেহেদী হাসান মিরাজকে চার মেরে ৯৯ রানে পৌঁছে গেলেন শুবমান গিল। এরপর ডট খেললেন দুটি বল। মিরাজের পরের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং-অন দিয়ে আরেকটি চার মেরে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখলেন ভারতীয় এই ব্যাটসম্যান।
১৪৭ বলে সেঞ্চুরি স্পর্শ করার পথে ২ ছক্কা ও ১০ চার হাঁকান গিল। ১২ টেস্টের ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে নবম।
টেস্টে গিলের আগের সেরা ছিল ৯১। গত বছর ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ওই ইনিংস। বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরির স্বাদ পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে তেমন কিছু করতে পারেননি গিল। আউট হয়ে যান ২০ রান করে।
16 Dec 2022, 03:19 PM
সেঞ্চুরিয়ান গিলকে ফেরালেন মিরাজ
সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারলেন না শুবমান গিল। দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেওয়া এই ব্যাটসম্যানকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজের আগের ওভারেই দুই চার মেরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন গিল। পরের ওভারে এই অফ স্পিনারকে ছক্কায় স্বাগত জানান তিনি। এক বল পরই শোধ তুলে নেন মিরাজ।
ঝুলিয়ে দেওয়ার বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে উড়িয়ে মারেন গিল। কিন্তু টাইমিং করতে পারেননি ঠিকঠাক। ডিপ মিডউইকেটে বদলি ফিল্ডার মাহমুদুল হাসান জয় ধরেন ক্যাচ।
৩ ছক্কা ও ১০ চারে ১৫২ রান করে ফেরেন গিল। ভাঙে চেতেশ্বর পুজারার সঙ্গে তার ১১৩ রানের জুটি।
ভারতের রান ২ উইকেটে ১৮৩। পুজারার সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।
16 Dec 2022, 03:19 PM
পুজারার আরেকটি ফিফটি
প্রথম ইনিংসের পর দ্বিতীয়ভাগেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন চেতেশ্বর পুজারা। মেহেদী হাসান মিরাজকে চার মেরে ৮৭ বলে ফিফটি স্পর্শ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
৯৭ টেস্টের ক্যারিয়ারে এটি পুজারা ৩৫তম ফিফটি। প্রথম ইনিংসে অল্পের জন্য পাননি তিনি সেঞ্চুরির স্বাদ। আউট হয়ে যান ৯০ রানে।
16 Dec 2022, 03:35 PM
পুজারা-কোহলির জুটিতে পঞ্চাশ
দ্রুত রান তুলছেন দুই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। ৪৮ বলে তাদের জুটি ছুঁয়েছে পঞ্চাশ।
পুজারার সেঞ্চুরির জন্য অপেক্ষা করছেন লোকেশ রাহুল। এরপর হয়তো ইনিংস ঘোষণা করে দেবেন ভারত অধিনায়ক।
সে কারণেই ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে এগোচ্ছেন পুজারা।
16 Dec 2022, 03:57 PM
পুজারার সেঞ্চুরি, বাংলাদেশের সামনে রান পাহাড়
তাইজুল ইসলামের বলে বাউন্ডারি মারলেন চেতেশ্বর পুজারা। পৌছে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কে। ৫২ ইনিংস পর পেলেন সেঞ্চুরি, ১৩০ বলে। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করল ভারত।
২০১৯ সালের জানুয়ারিতে সিডনি টেস্টের পর থেকে তিন অঙ্কের দেখা ছিল না পুজারার ব্যাটে। এ সময়ের মধ্যে ২৯ ম্যাচ খেলে ফিফটি পেরিয়েছেন ১৪ বার। ৮০ পেরিয়েও সেঞ্চুরি করতে পারেননি তিন ইনিংসে।
এবার ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে পেলেন সেঞ্চুরি। বিরাট কোহলির সঙ্গে ৭৫ রানের জুটি গড়লেন ৭৩ বলে।
১৩ চারে পুজারার রান ১৩০ বলে ১০২। কোহলি ২৯ বলে অপরাজিত ১৯ রানে।
২ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। প্রথম ইনিংসে ২৫৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ পেল ৫১৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্য।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ২য় ইনিংস: ৬১.৪ ওভারে ২৫৮/২ ইনিংস ঘোষণা (রাহুল ২৩, গিল ১১০, পুজারা ১০২*, কোহলি ১৯*; খালেদ ১৩-০-৫১-১, তাইজুল ২৩.৪-৩-৭১-০, মিরাজ ১৪-১-৮২-০, ইয়াসির ৬-০-২৮-০, লিটন ২-০-১৩-০, শান্ত ৩-০-১২-০)
16 Dec 2022, 04:49 PM
শেষের কঠিন চ্যালেঞ্জে জয়ী শান্ত-জাকির
সামনে লক্ষ্য ৫১৩ রান। তৃতীয় দিনের শেষ বেলার ১২ ওভারের পর বাকি আরও দুটি দিন। সময় আছে যথেষ্টই!
এমন তো কতই হয়েছে, শেষ বেলার অল্প কয়েক ওভারে দ্রুত কিছু উইকেট হারিয়ে আগেভাগেই লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এবার তেমন কিছু হতে দিলেন না নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।
প্রথম ইনিংসে দৃঢ়তা দেখানো জাকির খেলছেন দেখেশুনে। অভিষিক্ত ওপেনার ২৮ বলে তিন চারে খেলছেন ২০ রানে।
আগেরবার প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হওয়া শান্ত বেশ আত্মবিশ্বাসী। ৪২ বলে তিন চারে তার রান ২৫।
১২ ওভারে পাঁচ বোলার ব্যবহার করে শুরুর জুটি ভাঙতে পারেননি লোকেশ রাহুল। বাংলাদেশ বিনা উইকেটে করেছে ৪২ রান।
জয়ের জন্য শেষ দুই দিনে স্বাগতিকদের চাই ৪৭১ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো দুটি দিন। দুটি ভীষণ কঠিন সাকিব আল হাসানের দলের জন্য।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ২য় ইনিংস: ২৫৮/২ ইনিংস ঘোষণা
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৩) ১২ ওভারে ৪২/০ (শান্ত ২৫*, জাকির ১৭*; সিরাজ ৩-০-১১-০, উমেশ ১-১-০-০, অশ্বিন ৫-১-২৩-০, আকসার ২-০-৪-০, কুলদিপ ১-০-৪-০)
16 Dec 2022, 05:33 PM
অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ
নিজেদের ইতিহাসে কখনও ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের চতুর্থ ইনিংসে কখনও করতে পারেনি ৪১৩ রানের বেশি। সর্বোচ্চ খেলতে পেরেছে ১৪২ ওভার।
সাকিব আল হাসানের সামনে এসব রেকর্ড নতুন করে লেখার চ্যালেঞ্জ। চট্টগ্রাম টেস্টে জেতার জন্য তাদের চাই ৫১৩ রান। তৃতীয় দিন শেষ বেলায় দুই ওপেনার গড়েছেন ৪২ রানের জুটি।
শেষ দুই দিনে আরও ৪৭১ রান চাই স্বাগতিকদের। ম্যাচ বাঁচাতে খেলতে হবে তিন দিন মিলিয়ে ১৯২ ওভার।